1 of 4

৩৯. নর-নারীর চরিত্ররক্ষার উপায়জিজ্ঞাসা

নর-নারীর চরিত্ররক্ষার উপায়জিজ্ঞাসা

যুধিষ্ঠির কহিলেন, “পিতামহ! ইহলোকে পুরুষেরা মোহাবিষ্ট হইয়া সতত কামিনীদিগের প্রতি এবং কামিনীগণ পুরুষদিগের প্রতি একান্ত আসক্ত হইতেছে। এই ব্যাপার প্রত্যক্ষ করিয়া আমার অন্তঃকরণে এই সন্দেহ উপস্থিত হইয়াছে যে, যখন কামিনীগণ অশেষ দোষের আকর, তখন পুরুষেরা কি নিমিত্ত উহাদের সহিত সংসর্গ করে? উহারা যে কোন্ পুরুষের প্রতি অনুরক্ত ও কোন্ পুরুষের প্রতি বিরক্ত হইয়া থাকে, তাহা আমি বুঝিতে পারি না। উহারা ক্রীড়াকৌতুক দ্বারা পুরুষদিগের বিমোহিত করে। উহাদিগের হস্তগত হইলে প্রায় কোন পুরুষই পরিত্রাণলাভ করিতে পারে না। গাভী যেমন নূতন নূতন তৃণভক্ষণ করিতে অভিলাষ করে, তদ্রূপ উহারা নিত্য নূতন নূতন পুরুষের সহিত সংসর্গ করিতে বাসনা করিয়া থাকে।

“শম্বর, নমুচি, বলি ও কুন্তীনসি প্রভৃতি দৈত্যগণ যে যে মায়া বিস্তার করিয়া গিয়াছে, কামিনীগণ তৎসমুদয়ই অবগত আছে। পুরুষে রোদন করিলে, উহারা কপটে রোদন এবং হাস্য করিলে উহারা কপটে হাস্য করিয়া থাকে। আবশ্যক হইলে, উহারা অপ্রিয় ব্যক্তিকেও প্রিয়সম্ভাষণদ্বারা গ্রহণ করে। নীতিশাস্ত্ৰকৰ্ত্তা শুক্রাচার্য্য ও বৃহস্পতির বুদ্ধিও স্ত্রীবুদ্ধি অপেক্ষা প্রশংসনীয় নহে। কামিনীরা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলিয়া প্রতিপন্ন করিতে পারে। আমার বোধ হয়, বৃহস্পতি প্রভৃতি মহাত্মারা কামিনীগণের বুদ্ধির কার্য্যসমুদয় অবলোকন করিয়াই অর্থশাস্ত্র প্রণয়ন করিয়াছেন। যে ব্যক্তি উহাদিগের পূজা করে, আর যে উহাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, উহারা সেই উভয়বিধ পুরুষের প্রতি সমভাবে আসক্ত হইয়া থাকে। ফলতঃ ইদানীন্তন মহিলাগণের আচার ব্যবহার দর্শন করিয়া, পূৰ্ব্বকালীন ধৰ্ম্মপরায়ণ কামিনীগণের পাতিব্রতধৰ্ম্মবিষয়ে আমার মহা সংশয় উপস্থিত হইয়াছে। যাহা হউক, এক্ষণে আমার বোধ হইতেছে, উহাদিগকে পরপুরুষসংসঙ্গে নিবৃত্ত করা নিতান্ত দুঃসাধ্য। অতএব এক্ষণে কি প্রকারে কামিনীগণকে পরপুরুষসংসর্গে নিবৃত্ত করিতে পারা যায়, অথবা যদি কেহ পূর্ব্বে কোন কামিনীকে পরপুরুষসংসর্গে নিবৃত্ত করিয়া থাকেন, তাহা কীৰ্ত্তন করুন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *