১৩শ অধ্যায়
হিংসাপরিত্যাগে উভয়লোকে শুভগতি
যুধিষ্ঠির কহিলেন, “পিতামহ! লোকে কিরূপ আচারসম্পন্ন হইলে উভয়লোকে শ্ৰেয়োলাভ করিতে পারে, তাহা আমার নিকট কীৰ্ত্তন করুন।”
ভীষ্ম কহিলেন, “বৎস! মনুষ্য পরহিংসা, চৌর্য্য ও পরদারাভিমর্ষণ [পরনারী উপভোগ] এই ত্রিবিধ শারীরিক পাপ, অসৎপ্রলাপ, নিষ্ঠুরবাক্যপ্রয়োগ, পরদোষপ্রকাশ ও মিথ্যাকথন এই চতুৰ্ব্বিধ বাচনিক, পাপ এবং পরদ্রব্যাভিলাষ, পরের অনিষ্টচিন্তা ও বেদবাক্যে অশ্রদ্ধা এই ত্রিবিধ মানসিক পাপ পরিত্যাগ করিলে উভয়লোকেই শ্ৰেয়োলাভ করিতে পারে; অতএব কায়মনোবাক্যে অন্যের অনিষ্টচিন্তা না করাই সকলের পক্ষে শ্রেয়ঃ। ফলতঃ ইহলোকে যে ব্যক্তি শুভকার্য্যের অনুষ্ঠান করেন, তিনি শুভফল ও যে ব্যক্তি অশুভকাৰ্য্যের অনুষ্ঠান করেন, তিনি অশুভফল ভোগ করিয়া থাকেন।”
