৪৫. উপসংহার – ছ’মাস পরে…
মুম্বইয়ের কোথাও।
চারজন লোক বসে বিলাসবহুল ফার্মহাউসের সুবিশাল ড্রয়িংরুমে।
তিনজনের মুখ গম্ভীর। চতুর্থজন হুইস্কির গ্লাসটা হাতে দাঁড়িয়ে ছিলেন দেওয়াল জোড়া জানলাটার সামনে।
এবার ঘরের দিকে ঘুরে তিনি বললেন, ‘আপনারা হতাশ হবেন না। একটা অপারেশন ব্যর্থ মানে, সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। আমরা আরও বেশি শক্তি নিয়ে ফিরে আসব।’
গ্লাসে একটা চুমুক দিয়ে সোফায় এসে বসলেন তিনি। ‘মনে রাখবেন, কনসর্টিয়াম এক্স কিন্তু ভারতেই সীমাবদ্ধ নেই। এর শাখা-প্রশাখা ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে। রাজনীতিবিদরা নয়, এখন থেকে বিশ্বকে শাসন করবে বিজনেস টাইকুনরা। যেখানেই অর্থ, সেখানেই ক্ষমতা,’ লোকটার মুখে একটা বিজাতীয় উল্লাস ফেটে পড়ছিল।
‘কিন্তু যদি ধরা পড়ে যাই?’ আমতা আমতা করে বললেন একজন।
‘চিন্তা করবেন না। বিপদে পড়লে আমরা কোনও বোড়েকে ঠিক বলি চড়িয়ে দেব। যেমন দিয়েছিলাম কয়েক মাস আগে।’
গ্লাসটা নামিয়ে রাখলেন কনসর্টিয়াম এক্স-এর লিডার। জ্বলজ্বল করছে তাঁর দু’টো চোখ।
‘নিউ ওয়ার্ল্ড অর্ডার ইজ কামিং। যেখানে বিজনেস টাইকুনদের কথায় চলবে বিশ্বের তাবড় তাবড় রাজনীতিবিদরা। সে আমেরিকা হোক কী ভারত। দিনের শেষে বাজি জিতব আমরাই। কনসর্টিয়াম এক্স!’
.
আরও এক মাস পরে…
কলকাতা। দমদম বিমানবন্দরের কাছে একটা অ্যাপার্টমেন্ট। চারতলার এই অ্যাপার্টমেন্টের বেশ কয়েকটা ফ্ল্যাট ভাড়া দেওয়া হয় মাল্টিন্যাশনাল সংস্থার কর্মীদের। যাদের বদলির চাকরি।
সে রকমই একটা অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে উঠে আসছিল লম্বা মতো একটা ছেলে।
সিঁড়িতেই দেখা হয়ে গেল এক প্রতিবেশীর সঙ্গে। ভদ্রলোক হিন্দিতে জিজ্ঞেস করলেন, ‘নতুন বুঝি? ‘
‘হ্যাঁ, আমার নাম প্রভু চাওলা। ট্র্যান্সফার হয়ে এসেছি।’
‘বুঝেছি। ওই ফ্ল্যাটে যারা আসে, তারা তো বেশি দিন থাকে না। সব বদলির চাকরি,’ হেসে বললেন বয়স্ক ভদ্রলোক।
‘কোম্পানির ভাড়া নেওয়া ফ্ল্যাট। আমাদের ট্র্যান্সফারেবল জব। কয়েক মাসের জন্য আসা। আবার চলে যাওয়া। কী করব বলুন, এটাই কাজের ধরন,’ হেসে জবাব দিল ছেলেটা।
‘স্ত্রী-ছেলেমেয়ে কোথায়?’
‘আর স্ত্রী-ছেলেমেয়ে!’ হাসিটা চওড়া হল ছেলেটার, ‘যে কাজ করি, তাতে নাওয়া- খাওয়ার সময় পাওয়া যায় না, সংসার করব কখন?’
বাঙালি ভদ্রলোক দুঃখিত মুখে মাথা নাড়ালেন। তার পরে চুকচুক আওয়াজ করতে করতে বললেন, ‘সত্যি, এই প্রাইভেট সেক্টরটা এমনই। চাকরি দেওয়ার পরে কর্পোরেট কোম্পানিগুলো সব যেন শুষে নেয়!’
বিষণ্ণ হাসি হেসে, ভদ্রলোকের থেকে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল চাওলা।
নিজের ফ্ল্যাটে ঢুকে ব্যাগটা রাখল টেবিলে। তার পরে বার করে আনল ল্যাপটপটা। প্রথমে টাইপ করল পাসওয়ার্ড। তারপরে ইউজার নেমের জায়গায় লিখল—
কালভৈরব!
(অভিমন্যু ফিরে আসবে)
***

But what about Indian Agent of Consortium X ?