১৩. খুঁজে পাওয়া
তাজগঞ্জ, আগ্রা, মার্চ, ২০২১
তাজমহল আর তাজগঞ্জ। তাজমহল থেকে ঢিল ছোড়া দূরত্বে এই জায়গাটা কুখ্যাত হয়ে আছে তাজগঞ্জ বস্তির জন্য।
একটি তাজ যদি আলোর উৎস হয়, অন্য তাজটি তা হলে অন্ধকারের। তাজমহল যেখানে যেখানে স্থাপত্য আর ইতিহাসের মেলবন্ধন হয়ে টুরিস্টদের আকৃষ্ট করে, তাজগঞ্জের বস্তি এলাকা টুরিস্টদের দূরে ঠেলে দেয়। এই রকম ঘিঞ্জি, অস্বাস্থ্যকর এলাকা আগ্রায় খুব কমই আছে। কোভিড কালে ভয়ানক চেহারা নিয়েছিল এই অঞ্চল।
এখন আবার অনেকটা সেই পুরনো চেহারায় ফিরে গিয়েছে জায়গাটা। চওড়া পাপোষ রাখার মতো রাস্তা দিয়ে খচ্চর চেপে লোক যাচ্ছে, নর্দমার পাশে বাজার বসেছে। আর কয়েক পা হাঁটতে গেলেই ধাক্কা লেগে যাচ্ছে অন্য কোনও কারও সঙ্গে।
অতি কষ্টে খচ্চর আর মানুষজন এড়িয়ে এগিয়ে যাচ্ছিল অমৃতা। ঘুঁপচি বাড়িগুলোর মধ্যে থেকে তাকে একটা বিশেষ বাড়ি খুঁজে নিতে হবে। বাড়ি বলাটা অবশ্য বাড়াবাড়ি হয়ে গেল। এই এলাকার সব বাড়িই ঘুঁপচি চাওল মতো। কোনওমতে লোক গাদাগাদি করে মাথা ফুঁসে রয়েছে।
এই রকমই একটা ঝুপড়ি মতো ঘরের সামনে এসে দাঁড়াল অমৃতা। এখানে সে একাই এসেছে। তার সংগঠনের কোনও কর্মীকেও আনেনি। সে নিজে আগে দেখে নিতে চায়, প্রদীপ যা বলেছে, তা কতটা ঠিক। এই বাড়ির ঠিকানাটাও সে প্রদীপের কাছ থেকে পেয়েছে। অতি কষ্টে।
…প্রদীপ প্রায় আঁতকে উঠেছিল অমৃতার কথাটা শুনে।
‘কী বলছ, দিদি! তুমি কি পাগল হয়ে গিয়েছ? তোমাকে বললাম না, ওরা ভয়ঙ্কর লোক।’
ছেলেটাকে শান্ত করার চেষ্টা করল অমৃতা। ‘তুই এত টেনশন করিস না। আমি অনেক ভয়ঙ্কর লোকের সঙ্গে লড়াই করেছি। তুই তো জানিস, দুষ্কৃতীদের ডেরা থেকে কত মেয়েকে বাঁচিয়ে এনেছি। এত ঘাবড়ালে চলে?’
অমৃতার কথায় বিন্দুমাত্র স্বস্তি পায়নি প্রদীপ। ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। কোনওমতে প্রদীপ বলল, ‘তুমি বুঝতে পারছ না দিদি। এরা ভীষণ ভয়ঙ্কর লোক। কাউকে রাস্তা থেকে সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।’
অমৃতা বুঝতে পারল, প্রদীপ খুবই ভয় পেয়েছে। এই রকম ভয় পেতে ছেলেটাকে আগে দেখেনি সে। তাও প্রদীপকে বোঝানোর মরিয়া একটা চেষ্টা করল অমৃতা। কিন্তু ছেলেটার ভয় কিছুতেই কাটছিল না। শেষমেশ অমৃতা বলল, ‘তোকে সামনে আসতে হবে না। আমাকে শুধু একটা বাচ্চার বাড়ির ঠিকানা দে। বাকিটা আমি দেখে নেব। এতগুলো বাচ্চাকে নিয়ে আসা হয়েছে আশেপাশের এলাকা থেকে। কাউকে না কাউকে তুই নিশ্চয়ই চিনবি। ‘
অমৃতা বুঝেছিল, যেসব বাচ্চাকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে, তাদের মধ্যে থেকে কাউকে নিশ্চয়ই চিনে ফেলেছিল প্রদীপ। আর সেদিন উত্তেজনার বশে তাকে ডেকে খবরটা ফাঁস করে দেয়। না হলে প্রদীপ মুখই খুলত না।
আরও বেশ খানিকটা চাপাচাপি করতে হল প্রদীপকে। তারপরে ঠিকানাটা দিল ছেলেটা। তাজগঞ্জের এই বস্তি এলাকার ঠিকানা।
.
জনা কয়েককে জিজ্ঞেস করার পরে ওই ঝুপড়িটার সামনে পৌঁছল অমৃতা। বার কয়েক ডাকাডাকির পরে বেরিয়ে এল এক মহিলা। এখন বেলা এগারোটা। ঘরে পুরুষমানুষ না থাকারই কথা। মহিলাকে যে পাওয়া গিয়েছে, সেটাই অনেক
‘আপনার নাম ঝুমরি? আপনার ছেলে হাসপাতালে ভর্তি আছে কোভিড হওয়ায়?’
আশঙ্কার ছায়া খেলে গেল মহিলার মুখে। সে এ দিক-ও দিক তাকিয়ে নিয়ে চাপা গলায় বলল, ‘আপনি কী বলছেন, কিছুই বুঝতে পারছি না।’
কয়েক মুহূর্ত মহিলার দিকে তাকিয়ে রইল অমৃতা। তার পরে বলল, ‘ভিতরে চলুন। আপনার সঙ্গে কথা আছে।’
জীর্ণ ঘরটার একটা কোণে তক্তা জাতীয় কিছু একটা পাতা। একটা ছোট বাচ্চা মেঝেতে বসে। অমৃতা গিয়ে ওই তক্তাটার উপরে বসে বলল, ‘আপনি ঘাবড়াবেন না। আমি আপনাকে সাহায্য করতেই এসেছি। ক্ষতি করতে নয়।’ একটু থেমে মহিলার মুখের উপরে আর একবার চোখ বুলিয়ে নিল অমৃতা। মহিলার মুখে এখনও শঙ্কার মেঘ। অমৃতা বলে চলল, ‘আমি একটা সংগঠন চালাই। যারা গরিব লোকজনের পাশে দাঁড়ায়।’ কথা শেষ করে ব্যাগ খুলে একটা পাঁচশো টাকার নোট মহিলার দিকে এগিয়ে দিল অমৃতা। অবাক চোখে অমৃতার দিকে তাকিয়ে নোটটা নিল মহিলা।
‘আপনার বাড়িতে আর কে থাকে?’
‘আমি আর আমার বাচ্চাটা। বড় ছেলে রতন তো হাসপাতালে। ওদের বাবা চলে গিয়েছে অনেক আগেই। আমি অন্যের বাড়িতে কাজ করে খাই। এক দফা কাজ সেরে ফিরেছি। আবার যাব।’
‘আপনার বড় ছেলের বয়স কত?’
‘এই বারো মতো হবে।’ একটু ভাবল অমৃতা। তার পরে বলল, ‘আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে গেল কে? পুরো ঘটনাটা আমাকে বলুন।’
ঝুমরি এক বার হাতের পাঁচশো টাকার নোটটা দেখে নিল। তারপরে বলতে শুরু করল-
‘ছেলের জ্বর হয়েছিল। কয়েকটা দিন ঘুসঘুসে জ্বরটা ছিল। কাশিও হচ্ছিল। তার পরে এই এলাকার একটা ছেলে এসে বলে, তোমার ছেলেকে একবার পরীক্ষা করে দেখাতে হবে। ও নিজে এসে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। তারপরে জানায়, কোভিড হয়েছে। হাসপাতালে রাখতে হবে কয়েকটা দিন।
বলে মুখে আঁচল চাপা দিল মহিলা। ঠান্ডা গলায় অমৃতা প্রশ্ন করল, ‘আর কী হয়েছিল? আমাকে সব বলুন। কথা দিচ্ছি, আপনার কোনও বিপদ হবে না।’
মহিলা একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত বলল, ‘ছেলেটা আমাকে কিছু টাকা দিয়ে বলেছিল, চুপচাপ থাকতে। ছেলের কোভিড হয়েছে জানলে লোকে এখান থেকে তাড়িয়ে দেবে। আমরা কোথাও মাথা গোঁজার ঠাঁই পাব না।’
অমৃতা বুঝতে পারল, এই ধরনের শিকারকে ফাঁদে ফেলা কোনও কঠিন ব্যাপার নয়। একটু চাপ, কিছু টাকা— ব্যাস, কাজ হাসিল।
উঠে এসে মহিলার সামনে দাঁড়িয়ে তার হাতটা চেপে ধরে অমৃতা বলল, ‘শুনুন, আপনাকে আমার সঙ্গে হাসপাতালে যেতে হবে। ওখানে ডাক্তারের কাছে গিয়ে আপনার ছেলের অবস্থা জানতে চাইবেন। দেখা করার কথা বলবেন।
মহিলা এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ‘কেন বলছেন এ সব কথা? আমি কী করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করব? আমাকে ঢুকতেই দেবে না।’
‘সে সব নিয়ে আপনি ভাববেন না। আমি আপনাকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। আপনি শুধু ছেলেকে দেখতে চাইবেন।’
মহিলার মুখ দেখে মনে হল, তিনি কিছুই বুঝতে পারছেন না। মহিলার চোখের দিকে তাকিয়ে অমৃতা এবার বলে উঠল, ‘আপনার ছেলের ভীষণ বিপদ। ওই হাসপাতালে থাকলে হয়তো বাঁচবে না। ওকে আগে ওখান থেকে বার করে আনতে হবে। তারপরে দেখতে হবে, সত্যি সত্যি কোভিড হয়েছে কি না।’
পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল মহিলা।
.
পরের দিন সকাল দশটা। অমৃতা আবার হাজির হয়েছিল তাজগঞ্জ বস্তির ওই ঝুপড়িতে। আগের দিন ঝুমরিকে আরও অনেকটা সময় বোঝাতে হয়েছিল। এমনকি, অমৃতা এও বলেছিল যে তার ছেলের সম্ভবত কোভিড হয়নি। শেষ পর্যন্ত আশঙ্কাকে হারিয়ে জয় হয় মায়ের ভালবাসাই।
বেলা এগারোটা নাগাদ মহিলাকে নিয়ে অমৃতা এসে পৌঁছল হাসপাতালের সামনে। কোভিডের আতঙ্ককে দূরে ঠেলে দিয়ে জনজীবন নিজস্ব রাস্তায় তখন চলতে শুরু করেছে। কোভিডের দ্বিতীয় ঢেউ তখনও আছড়ে পড়েনি ভারতের বুকে।
এই হাসপাতালে যথেষ্ট পরিচিতি থাকার সুবাদে হাসপাতাল সুপার থেকে শুরু করে নামীদামি চিকিৎসকের কাছে পৌঁছতে সমস্যা হয় না অমৃতার।
সমস্যাটা শুরু হল তার পর থেকে।
হাসপাতাল সুপার ডক্টর ত্রিপাঠীর ঘরে পৌঁছে মহিলা জোরের সঙ্গে দাবি জানাতে থাকল, তার ছেলের সঙ্গে দেখা করতে দিতেই হবে। সুপার বোঝানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু মহিলা মানতে নারজ। পরিবেশ দ্রুত উত্তপ্ত হতে লাগল। এরপরে অমৃতার দিকে তাকিয়ে হাসপাতাল সুপার বলে উঠলেন, ‘এ কাকে নিয়ে এসেছেন আপনি? এবার কিন্তু ঘর থেকে বার করে দিতে বাধ্য হব।’
বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে অমৃতা জবাব দিল, ‘ওর ছেলের কী অবস্থা জানাতে সমস্যা কোথায়? ১০ দিনের ওপর হয়ে গিয়েছে ছেলেটাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও খবর নেই। একজন মা-তো জানতে চাইবেই ছেলের ব্যাপারে।’
সুপারের মুখটা লাল হয়ে উঠছিল। তিনি রাগত স্বরে বলে উঠলেন, ‘আপনি তো জানেন, আমাদের কী রকম চাপের মধ্যে কাজ করতে হচ্ছে। তার উপরে এই সব উটকো ঝামেলা মেনে নেওয়া যায় না। ছেলেটা সুস্থ হয়ে গেলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।’
‘আমি তো আপনাদের কাজ হালকা করে দিতে চাইছি,’ সুপারের দিকে একটু ঝুঁকে এসে বলল অমৃতা, ‘একটা বাচ্চা সুস্থ হয়ে গেলে ওকে ছেড়ে দিলেই তো ভাল হয়। একটা সিট খালি হবে। একটু দেখুন না, স্যার। না হলে এই মহিলাকে এখান থেকে নিয়ে যাওয়া সমস্যা হবে।’
কঠিন হয়ে গেল সুপারের দৃষ্টিটা। নিষ্পলক চোখে অমৃতার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে বললেন, ‘আপনারা বসুন। আমি আগে খোঁজ নিয়ে আসছি।’ তার পরে মহিলার দিকে ফিরে জানতে চাইলেন, ‘আপনার ছেলের নাম কী?’
‘রতন, ডাক্তারসাব।
কোনও কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন ডক্টর ত্রিপাঠী। হাসপাতালের সুপার
দু’জনে বসে রইল সুপারের কেবিনে। প্রায় আধঘণ্টা পরে গম্ভীর মুখে ফিরে এলেন সুপার। তার পরে চিবিয়ে চিবিয়ে বললেন, ‘ছেলেটার কোভিড হয়েছে। অবস্থা সিরিয়াস। আমরা যা করার করছি।’
মা ডুকরে কেঁদে উঠল। চেয়ার ছেড়ে উঠে পড়ল অমৃতা, ‘আমাদের একবার দেখতে দিন।’
‘আপনি পাগল হয়ে গেলেন নাকি? আইসোলেশন ওয়ার্ডে আপনাদের নিয়ে যাওয়ার কোনও প্রশ্নই নেই। ‘
সুপারের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় জবাব দিল অমৃতা, ‘ছেলেটার অবস্থা যদি সিরিয়াসই হয়, তা হলে আমরা ওকে এখান থেকে সরিয়ে প্রাইভেট হসপিটালে নিয়ে যাব। তাতে তো আপনাদের আপত্তি হওয়ার কথা নয়।’
কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে রইল সুপার আর অমৃতা। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে ডক্টর ত্রিপাঠী বললেন, ‘ঠিক আছে। আপনারা কালকে আসুন। আমি সব ব্যবস্থা করে রাখব। ট্রান্সপোর্টের ব্যবস্থাও করবেন। ছেলেটাকে ওই তাজগঞ্জের ঘিঞ্জি বস্তিতে ফিরতে দেওয়া যাবে না। আপনাকে সোজা প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে হবে।’
অমৃতা বুঝল, আপাতত আর কিছু করা যাবে না। যা করার ২৪ ঘণ্টা পরেই করতে হবে। সে মহিলার দিকে তাকিয়ে বলল, ‘চলুন দিদি, কাল এসে রতনকে নিয়ে যাব।’
উঠে পড়ল মহিলা।
হাসপাতাল থেকে বেরোনোর সময় অমৃতার মনে একটা কাঁটা খচখচ করছিল। কিছু একটা তাকে অস্বস্তিতে ফেলছে। কী, সেটা বুঝতে পারছে না।
গাড়িতে তাজগঞ্জ বস্তিতে পৌঁছনোর মুহূর্তে বিদ্যুৎচমকের মতো কথাটা মনে পড়ে গেল অমৃতার।
ডক্টর ত্রিপাঠী কী করে জানল, রতন এই তাজগঞ্জ বস্তিতে থাকে? একজন মহাব্যস্ত সুপারের পক্ষে কি এত সব খোঁজ নেওয়া বা জানা সম্ভব?
একটা ঠান্ডা স্রোত বয়ে গেল অমৃতার শিরদাঁড়া বেয়ে।
.
অমৃতারা চলে যাওয়ার মিনিট পনেরো পরে নিজেকে গুছিয়ে নিয়ে ফোনটা করলেন ডক্টর ত্রিপাঠী।
‘নৌশাদ সাব, একটা সমস্যা হয়েছে।’
‘কী?’
‘একটা বাচ্চার বাড়ির লোক এসে হুজ্জতি করছে। সঙ্গে একটা সোশাল ওয়ার্কার মেয়ে আছে। বলছে, ওর ছেলেকে ছেড়ে দিতে হবে হাসপাতাল থেকে।’
নৌশাদ একটু ভাবলেন। তার পরে বললেন, ‘ঠিক আছে। একটা বাচ্চাকে ছেড়েই দাও। ভুজুং ভাজুং দিয়ে কিছু একটা বলে দিয়ো। একটা বাচ্চার জন্য অপারেশনে ঝামেলা হোক, চাই না।’
সামান্য সময়ের নীরবতা। তারপরে একটা লম্বা শ্বাস নিয়ে ডক্টর ত্রিপাঠী বললেন, ‘ছেলেটাকে ছাড়া একটু মুস্কিল। দু’দিন আগে ওর কিডনি কেটে বার করে নেওয়া হয়েছে। দু’টো কিডনিই। পার্টি রেডি ছিল। ছেলেটা বাঁচবে না। এই মুহূর্তে ছেড়ে দিলে ওর বডি নিয়ে হইচই হতে পারে। বিশেষ করে ওই সোশাল ওয়ার্কার মেয়েটা ঝামেলা করতে পারে।’
নৌশাদ কয়েক সেকেন্ড ভাবলেন। তারপরে বললেন, ‘ঠিক আছে। আমি দু’জন লোক পাঠাচ্ছি তোমার কাছে। ওরা যা করার করবে।’
গম্ভীর মুখে ফোনটা নামিয়ে রাখলেন নৌশাদ। তারপরে আবার মোবাইলটা তুলে নিলেন।
.
সূর্য অস্ত গিয়েছে বেশ কিছু সময় আগে। প্রায় ঘণ্টা ছয়েক আগে নৌশাদকে ফোন করেছিলেন ডক্টর ত্রিপাঠী। কিন্তু এখনও কেউ তাঁর সঙ্গে দেখা করতে এল না। কী যে হবে! টেনশনে বুকটা জ্বালা জ্বালা করতে লাগল হাসপাতাল সুপারের। কাল এসে আবার ঝামেলা করবে ওই অমৃতা। আর এই বাচ্চাটা যদি হাসপাতালের বাইয়ে যায় জীবিত বা মৃত অবস্থায়, তা হলে সর্বনাশ হয়ে যাবে। তাঁর চাকরি তো যাবেই, জেলও হবে নির্ঘাত।
জলের গ্লাসে চুমুক মারলেন ডক্টর ত্রিপাঠী। আর তখনই আর্দালি এসে জানাল, দু’টো লোক এসেছে দেখা করতে।
মুখটা মুছে লোক দু’টোকে ভিতরে পাঠাতে বললেন ডক্টর।
ঘরে এসে ঢুকল দু’টো লোক। এক জন একটু বেঁটে। অন্য জন উচ্চতায় তাঁর মতোই হবে। ওই পাঁচ আট কী নয়। লম্বা লোকটাই কথা বলল, ‘আমাদের নৌশাদ সাব পাঠিয়েছেন।’
ঘরটা পুরো ফাঁকা থাকলেও সুপার গলাটা নামিয়ে জিজ্ঞেস করলেন, ‘কী করতে চান আপনারা?
লোকটা একবার ঘড়ি দেখে নিল। লখনউ এক্সপ্রেসওয়ে ধরে গাড়িতে আগ্রা আসতে তাদের সাড়ে চারঘণ্টা মতো লেগেছে। নৌশাদের কাছ থেকে খবরটা পাওয়ার পরেই বেরিয়ে পড়েছিল ইরশাদরা। এখন প্রায় সাতটা বাজে। ডাক্তারের দিকে তাকিয়ে ইরশাদ বলল, ‘যে ওয়ার্ডে ছেলেটা আছে, সেটা ফাঁকা করে দিন। আর ছেলেটাকে চিনিয়ে দিন।’
নৌশাদকে ফোনটা করার পর থেকে মানসিক ভাবে তৈরি ছিলেন ডক্টর ত্রিপাঠী। ছেলেটা এমনিই মরবে। কয়েকটা দিন আগে-পরে, এই যা। চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি
আইসোলেশন ওয়ার্ডটা পুরো ফাঁকাই ছিল। ছেলে-মেয়েগুলো বেশির ভাগই আচ্ছন্ন অবস্থায় রয়েছে।
বিশেষ ওই বেডটার সামনে লোক দু’টোকে নিয়ে এসে দাঁড়ালেন ডক্টর ত্রিপাঠী। তার পরে ইশারায় দেখিয়ে দিলেন ছেলেটাকে। ওষুধের ঘোরে বাচ্চাটা তখন অচৈতন্য।
ইরশাদ এগিয়ে গিয়ে এক বার ভাল করে দেখে নিল সব কিছু। তারপরে ধীরে সুস্থে ছেলেটার মাথার তলা থেকে নোংরা বালিশটা বার করে নিল। তার আগে অবশ্য গ্লাভস দু’টো পরে নিতে ভোলেনি লোকটা
শেষবারের মতো ছেলেটার মুখের দিকে একবার তাকাল ইরশাদ। তারপরে বালিশটা চেপে ধরল ছেলেটার মুখে। অচৈতন্য অবস্থাতেও অবচেতন মন ছেলেটাকে বাঁচার লড়াই লড়তে বলল। কিন্তু সে লড়াই বড় অসম ছিল। কয়েকবার ছটফট করার পরে ধীরে ধীরে শান্ত হয়ে গেল বাচ্চাটার শরীর।
আরও মিনিট খানেক বালিশটা চেপে রাখার পরে ডক্টর ত্রিপাঠীর দিকে ফিরল ইরশাদ। ‘ডাক্তার সাব, এক বার পরীক্ষা করে দেখে নিন, মালটা মরে গিয়েছে কি না।’
ডক্টর ত্রিপাঠী ঝুঁকে এসে পরীক্ষা করলেন। তারপরে বললেন, ‘আর বেঁচে নেই।’
বেঁচে থাকার কথাও নয়। ইরশাদের শিকার ফস্কায় না।
ধীরে ধীরে গ্লাভস দু’টো খুলে পকেটে পুড়ল ইরশাদ। তারপরে ডক্টর ত্রিপাঠীর দিকে ফিরে জিজ্ঞেস করল, ‘যে মেয়েটা ওর মাকে এখানে নিয়ে এখানে এসেছিল, ওর নাম কী? কোথায় থাকে?’
ডক্টর ত্রিপাঠী একটু ভেবে বললেন, ‘কোথায় থাকে, ঠিক জানি না। ‘উই কেয়ার’ বলে একটা এনজিও চালায়। মেয়েটার কাল হাসপাতালে আসার কথা আছে।’
‘নামটা কী মেয়েটার?’
‘অমৃতা সেনয়।’
কোনও কথা না বলে আইসোলেশন ওয়ার্ড থেকে বেরিয়ে এল ইরশাদ আর তার সঙ্গী সিরাজ!

Please upload complete book