৩৮. অভিঘাত
ভ্যাটিকান সিটি-রোম, ২৫ অক্টোবর, ২০২১
অ্যাপোস্টলিক প্যালেস। ভ্যাটিকান সিটি। ২৫ অক্টোবর, সকাল ৯.০০।
ছবিতে বা ভিডিয়োয় অ্যাপোস্টলিক প্যালেসকে যে রকম দেখা যায়, তার থেকে বহুগুণ সুন্দর এই প্রাসাদ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্যালেসই ছিল পোপের বাসভবন। এখানেই দেশ-বিদেশের অতিথি, রাষ্ট্রনেতা এবং ভিভিআইপিদের সঙ্গে দেখা করেন পোপ।
হাজারটারও বেশি ঘর আছে এই প্রাসাদে। এখানে রয়েছে পোপের ব্যক্তিগত লাইব্রেরি, সিস্টিন চ্যাপেল, রাফায়েল রুম এবং আরও সব অ্যাপার্টমেন্ট।
বিদেশি অতিথিদের সঙ্গে দেখা করার জন্য নিজের ব্যক্তিগত লাইব্রেরিকেই বেছে নিয়েছেন পোপ। এই সাক্ষাৎকে বলা হয়ে থাকে পোপের ‘প্রাইভেট অডিয়েন্স’।
বিশাল এই লাইব্রেরিতে ১৬ লাখের ওপরে বই, ৭৫ হাজারের উপরে ম্যানুসক্রিপ্ট আছে। এর মধ্যে একটা ঘরেই বিদেশি অতিথিদের সঙ্গে দেখা করেন পোপ।
সেই ঘরটার মাঝে দাঁড়িয়ে সব দিকে চোখ বুলিয়ে নিচ্ছিলেন পাওলো লুইজ্জি। পোপের খাস বাটলার। বছর ৫২ বয়স হবে তাঁর।
নিজস্ব বাটলারকে সব সময় বেছে নেন পোপরাই। লুইজ্জিকেও ঠিক এই ভাবে বেছে নিয়েছিলেন এই পোপ।
লুইজ্জির ওপর দায়িত্ব অনেক। পোপের প্রায় সব কিছুই সামলাতে হয় তাঁকে। ভীষণ ভাবে তাঁর ওপর নির্ভরশীল পোপ। পোপের পোশাক-আশাক ঠিক করে দেওয়া, তাঁর খাবার দেওয়া, ব্যক্তিগত স্বাচ্ছন্দের উপরে নজর রাখা, জামাকাপড় গুছিয়ে দেওয়া- সব কিছুই করতে হয় প্যাপাল বাটলারকে।
এ ছাড়াও পোপের চিঠিপত্র দেওয়া-নেওয়ার দায়িত্বে থাকে এই চিফ বাটলার। আরও একটা দায়িত্ব সামলাতে হয়ে তাঁকে। চার্চ এবং ভ্যাটিকান সিটির অনেক গোপন খবর জেনে যায় বাটলাররা। সেই খবর যাতে আর কারও কাছে না পৌঁছয়, সেটা নিশ্চিত করার দায়িত্বও প্রধান বাটলারের।
তাই অত্যন্ত বিশ্বাসযোগ্য কাউকে ছাড়া এই দায়িত্ব দেওয়া হয় না।
কিন্তু বিশ্বাসযোগ্যরাও কখনও কখনও বিশ্বাসঘাতকতা করে!
যেমন ২০১২ সালে করেছিল পোপ বেনেডিক্ট সিক্সটিনের বাটলার পাওলো গ্যাব্রিয়েল। ভ্যাটিকানের গোপন খবর ফাঁস করে দিয়েছিল সে। যে কারণে তাকে গ্রেফতারও করা হয়। পরে ৫৪ বছর বয়সে মৃত্যু হয় গ্যাব্রিয়েলের।
সেই বাটলার-কেলেঙ্কারি বড় ধাক্কা দিয়েছিল ভ্যাটিকানকে। তারপর থেকে সতর্কতা আরও বেড়ে গিয়েছে। অনেক বছর ধরে বর্তমান পোপের সঙ্গে থাকার পরে এই দায়িত্ব পেয়েছেন লুইজ্জি।
এই মুহূর্তে লুইজ্জি ভয়ানক ব্যস্ত। আগামী কয়েক দিন পোপের সঙ্গে দেখা করতে অ্যাপোস্টলিক প্যালেসে আসবেন বিশ্বের তাবড় তাবড় কয়েকজন নেতা। প্রথমে মার্কিন প্রেসিডেন্ট। তার পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। এবং শেষে ভারতের প্রধানমন্ত্রী।
সব কিছু যেন নিখুঁত থাকে, সেটা দেখতে উঠে পড়ে লেগেছেন লুইজ্জি। ঠিক তাঁর পিছনে দাঁড়িয়ে সহকারী বাটলার লরেঞ্জো। ঘরের কোণে বিশাল টেবিলটার দিকে ইঙ্গিত করে লুইজ্জি ফিরলেন তাঁর সহকারীর দিকে, ‘ওই টেবিলে বসে পোপ কথা বলবেন অতিথিদের সঙ্গে। টেবিলটা যেন একেবারে টিপটপ থাকে।
লরেঞ্জো দ্রুত মাথা নাড়ল।
লুইজ্জির হঠাৎ কী মনে পড়ে গেল। লরেঞ্জোর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ‘আচ্ছা, ভারতীয় প্রধানমন্ত্রীকে যে ব্রোঞ্জের ফলকটা উপহার দেওয়া হবে, সেটা তৈরি আছে তো?’
‘আপনি কিছু ভাববেন না। সব ঠিক আছে। আমি নিজে দেখে রেখেছি।’
‘ওকে,’ একটু নিশ্চিন্ত হলেন লুইজ্জি। এই লরেঞ্জো ছেলেটা বেশ করিৎকর্মা। ওর উপরে ভরসা করা যায়। ভরসা করা যায় বলেই বেশ কয়েকজনের মধ্যে থেকে লরেঞ্জোকে বেছে নিয়েছিলেন তিনি। কেউ কেউ আবার আড়ালে বলে থাকে, লরেঞ্জোর সঙ্গে তাঁর একটা বড়ো মিল থাকায় লুইজ্জি তার পেয়ারের লোকটিকে এই দায়িত্ব দিয়েছেন। সেটা যে নিছক মজা করেই বলা, সেটা জানেন লুইজ্জি। তাই কিছু মনে করেন না তিনি।
ঘরটায় আরও এক বার চোখ বুলিয়ে নিলেন পাওলো লুইজ্জি। তার পরে কোণে রাখা একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বটা দেখে নিলেন। ঠিকই আছে সব কিছু। শুধু চুলটা তাঁর বড় এলোমেলো হয়ে যায়।
হাত দিয়ে ভাল করে নিজের সোনালি চুলটা ঠিক করে নিলেন পোপের খাস বাটলার পাওলো লুইজ্জি!
.
রোম, ২৫ অক্টোবর। দুপুর বারোটা।
ফোনটা এল মারিনো কনচেত্তির কাছ থেকে।
‘আপনার হোটেলের বাইরে গাড়িটা দাঁড়িয়ে আছে। আমার অফিসে চলে আসুন। খবর আছে।’
মিনিট পাঁচেকের মধ্যেই গাড়িতে উঠে পড়ল অভিমন্যু।
‘আপনার ভাগ্য ভাল, কাজটা যে এত দ্রুত হয়ে যাবে, তা ভাবিনি,’ চেয়ারে বসার পরে অভিমন্যুর দিকে তাকিয়ে বললেন মারিনো।
দিন কয়েক আগে এয়ারপোর্ট থেকে জিয়ান আর তার সঙ্গীকে যে চিনা দূতাবাসের গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, সেই খবর আগেই এসে গিয়েছিল মারিনোর কাছে। বিদেশি দূতাবাসের কর্মীরা কে কখন পা রাখছে ইটালিতে, তা সবার আগে জেনে যায় ইটালির ইন্টার্নাল সিকিউরিটির অন্যতম বস। এই রিপোর্টটা তাঁদের রাখতেই হয়।
‘আপনি যাকে জিয়ান বলছেন, সে এখানে এসেছে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে। নাম মিং ঝাও। দু’দিন আগে চিনা দূতাবাসের এক কর্মীর সঙ্গে সে দুপুরের দিকে বেরিয়েছিল।
চুপ করে শুনছিল অভিমন্যু। সে দিনের ঘটনাটা বলে যেতে লাগলেন মারিনো—
ওই দিন চিনা দূতাবাসের সামনে একটা বড় প্রোটেস্ট হচ্ছিল। যে কারণে আমাদের পুলিশও সতর্ক ছিল। সামনের এবং পিছনের, দু’টো গেটের উপরেই নজরদারি ছিল। দুপুরের দিকে জিয়ান আর দূতাবাসের এক কর্মীকে পিছনের গেট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে উঠতে দেখা যায়। গাড়িটা চিনা দূতাবাসের নয়। রোমের ট্যাক্সি সার্ভিসের গাড়ি। ফোন করে ডেকে আনা যায় এই ট্যাক্সিকে। মাঝে মাঝে দূতাবাসের কর্মীরা রেন্টাল কার বা ট্যাক্সি ব্যবহার করে থাকে। এই গাড়িটা সে রকমই একটা।
দূতাবাসের বাইরে থাকা ক্যামেরায় ধরা পড়েছে গাড়িটা এবং তার প্যাসেঞ্জাররা। যে ফুটেজ থেকে চিহ্নিত করা গিয়েছে জিয়ানকে 1
এর পরে গাড়িটাকে ট্র্যাক করার কাজ শুরু হয়। খুব একটা সমস্যা হয়নি গাড়ির ড্রাইভারকে খুঁজে পেতে। তাকে জেরা করে জানা গিয়েছে, রোমা টার্মিনিতে গিয়েছিল যাত্রী দু’জন। সেখানে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাকে। তারপরে দু’জনে আবার ফিরে আসে দূতাবাসে।
এই পর্যন্ত বলে থামলেন মারিনো।
অভিমন্যু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল।
‘এর পরেই কিন্তু ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে পড়ে,’ অভিমন্যুর দিকে তাকিয়ে বলে উঠলেন ডেপুটি ডিরেক্টর।
‘কার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেটা জানা গিয়েছে?’
‘সে জন্যই তো বললাম, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। টার্মিনির ক্যামেরায় ওদের দু’জনকে স্টেশন চত্বরে ঢুকতে দেখা গিয়েছিল। তারপরে আর একটি ক্যামেরায় দেখা যায়, স্টেশনেরই একটা রেস্তরাঁয় ঢুকতে। সেই রেস্তরাঁয় অপেক্ষা করে ছিল তৃতীয় ব্যক্তি।
এই পর্যন্ত বলে ড্রয়ার থেকে একটা খাম বার করে আনলেন মারোনি। তারপরে ভিতরের ছবিটা এগিয়ে দিলেন অভিমন্যুর দিকে।
ছবিটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল অভিমন্যু। পিছন থেকে হলেও জিয়ানকে চিনতে তার সমস্যা হল না। জিয়ানের পাশের লোকটা যে চিনা দূতাবাসের কর্মী, সেটাও আন্দাজ করা যায়। প্রশ্ন হল, উলটোদিকে বসা লোকটা কে?
সেই প্রশ্নটাই মারিনোকে করল অভিমন্যু, ‘তৃতীয় লোকটাকে চেনেন আপনারা?’
‘চিনি। লোকটি এক জন কার্ডিনাল। ভ্যাটিকান সিটির বাসিন্দা। কিন্তু এই চিনাদের সঙ্গে ওর সম্পর্কটা কী, সেটা বুঝতে পারছি না।’
জবাবটা শোনা মাত্র গম্ভীর হয়ে উঠল অভিমন্যুর মুখ। এই অফিসারের হয়তো জানা নেই, কিন্তু সে তো জানে ভ্যাটিকান সিটির গুরুত্ব হঠাৎ কেন বেড়ে গিয়েছে ভারতের কাছে।
২০ বছর পরে ভারতের কোনও প্রধানমন্ত্রী যাবেন ভ্যাটিকান সিটিতে।
তীক্ষ্ণ চোখে অভিমন্যুর মুখের দিকে তাকিয়ে মারিনো প্রশ্ন করলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর ভ্যাটিকান যাওয়ার কথা আছে না?’
মাথা নাড়ল অভিমন্যু।
সামান্য সময় ভাবলেন মারিনো। তার পরে বললেন, ‘কিন্তু একজন কার্ডিনাল এর সঙ্গে কী ভাবে জড়িত থাকবে, বোঝা যাচ্ছে না! আরও একটা ব্যাপার। চিন যদি বড় কোনও অপারেশনের প্ল্যান করে তা হলে ওদের এজেন্ট এইভাবে খোলামেলা ঘুরবে?’
‘জিয়ান জানে না, ওর পরিচয় ফাঁস হয়ে গিয়েছে। বা ভারতীয় ইন্টেলিজেন্সের কাছে ওর ছবি চলে এসেছে। রোমে ওর উপরে নজর রাখার কোনও কারণ ঘটেনি।’
‘তা হলে এখন কী করতে চান?’
একটু ভাবল অভিমন্যু। তারপরে জবাব দিল, ‘কোনও ভাবে এই কার্ডিনালকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা যাবে না?’
‘পাগল নাকি আপনি?’ চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন মারিনো, ‘ভ্যাটিকান সিটি একটা আলাদা দেশ। ইটালির পুলিশের সেখানে কোনও ক্ষমতা নেই। এক জন কার্ডিনালকে আটক করতে গেলে আগে ভ্যাটিকানের অনুমতি লাগবে। দু’জন চিনার সঙ্গে কথা বলেছে, এই কারণ দেখালে ভ্যাটিকান উড়িয়েই দেবে ব্যাপারটা। আর সেই রাস্তায় এগনোর সময়ও আমাদের হাতে নেই।’
অভিমন্যু জানত, এইরকম উত্তরই আসবে। একই ভাবে জিয়ানকেও গ্রেফতার করতে পারবে না ইটালির পুলিশ। ওর ডিপ্লোমাটিক পাসপোর্ট। তা ছাড়া কারও বিরুদ্ধে কোনও অভিযোগও নেই। স্রেফ সন্দেহের বশে কোনও দেশের পুলিশ এই ধরনের পদক্ষেপ করবে না।
‘একটা অনুরোধ আপনার কাছে।’
মারিনো জবাব না দিয়ে শুনে যেতে লাগলেন।
‘জিয়ানের উপরে যদি নজর রাখা যায়। ও আবার কার সঙ্গে দেখা করছে, সেটা জানা খুব জরুরি।’
একটু ভেবে মারিনো জবাব দিলেন, ‘ঠিক আছে। ওর পিছনে লোক লাগাচ্ছি। এম্ব্যাসিতেও নজর রাখা হবে। আবার জিয়ান যে হোটেলে উঠছে, সেখানেও লোক রাখব।’
‘অনেক ধন্যবাদ আপনাকে। আমার বসের সঙ্গে এবার একবার কথা বলতে হবে,’ চেয়ার ছেড়ে উঠে পড়ার পরে ছবিটার দিকে ইঙ্গিত করল অভিমন্যু, ‘এটা রাখতে পারি?’
মাথা নেড়ে সম্মতি দিলেন মারিনো।
.
হোটেলে ফেরার আগে ফোনটা করল না অভিমন্যু। এই নম্বরটাও তার বসের দেওয়া। এই লোকটিকেও বলা আছে অভিমন্যুর কথা
দু’বারের চেষ্টায় ব্রুনো আর্মানিকে ফোনে পেল অভিমন্যু। নিজের পরিচয় দেওয়ার পরে সংক্ষেপে বলল, ‘আপনার সঙ্গে দেখা করতে হবে। আমি এখনই ভ্যাটিকানে আসছি।’
‘খুব দরকার কী? আমি আসলে একটু ব্যস্ত।’
আর্মানিকে থামিয়ে দিয়ে অভিমন্যু বলল, ‘ব্যাপারটা অত্যন্ত গুরুতর। আমাদের প্রাইম মিনিস্টারের সিকিউরিটির ব্যাপার। ত
প্রায় পনেরো সেকেন্ডের নীরবতা। অভিমন্যু একবার ভাবল, লাইনটা বোধ হয় কেটে গিয়েছে। তারপরে শোনা গেল আর্মানির কথা—
‘ভ্যাটিকানে ত্রেকাফে বলে একটা কাফে আছে। চারটের সময় আমি ওখানে থাকব। চলে আসুন। আপনি আমাকে চিনতে পারবেন তো?’
‘সমস্যা হবে না,’ বলে ফোন রেখে দিল অভিমন্যু।
.
ভ্যাটিকান সিটি। ২৫ অক্টোবর, বিকেল ৪.১০।
ব্রুনো আর্মানির ছবি আগে দেখে থাকার ফলে এই অফিসারকে চিনতে সমস্যা হয়নি অভিমন্যুর। লোকটাকে দেখে তার মনে হচ্ছিল, প্রচণ্ড টেনশনে আছে।
সময় নষ্ট না করে সরাসরি কাজের কথায় চলে এল অভিমন্যু, ‘আমরা আশঙ্কা করছি, প্রাইম মিনিস্টারের উপরে কোনও অ্যাটাক হতে পারে।’
একটু অবাক হয়ে আর্মানি বলে উঠলেন, ‘এখানে?’
একটা গভীর শ্বাস নিয়ে পুরো ঘটনাটা খুলে বলল অভিমন্যু। ‘আমাদের কাছে খবর আছে চিন একটা অপারেশন লঞ্চ করেছে। যে অপারেশনের টার্গেট ভারত এবং দেশের প্রধানমন্ত্রী।
অভিমন্যুর কথা শুনতে শুনতে মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর্মানির। অভিমন্যু চুপ করার পরে বললেন, ‘কার্ডিনালের ব্যাপারটা আপনি নিশ্চিত কি?
কোনও কথা না বলে রোমা টার্মিনিতে তোলা ছবিটা এগিয়ে দিল অভিমন্যু।
ছবিটা দেখার পরে আরও ফ্যাকাশে হয়ে গেল আর্মানির মুখ। ব্যাপারটা নজর এড়ায়নি অভিমন্যুর। সে এবার সরাসরি জিজ্ঞেস করল-
‘কী ব্যাপার বলুন তো? আপনি কোনও কারণে ভীষণ টেনশনে আছেন মনে হচ্ছে।’
আর্মানি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কথাটা আর গোপন করার কোনও মানে নেই। ধরেই নিতে হবে সেড্রিক রেপন্ডের বন্ধু সত্যি কথা বলছে। তার মানে আর দিনচারেক হাতে আছে তাদের। তারপরেই ভ্যাটিকানে কিছু একটা হবে। আর হবে যেদিন ভারতের প্রধানমন্ত্রীর এই দেশে আসার কথা।
‘ভ্যাটিকানেরও খুব বিপদ,’ কাঁপা কাঁপা গলায় বললেন আর্মানি।
অবাক চোখে তাকিয়ে রইল অভিমন্যু।
আরও মিনিট দশেক সময় নিয়ে সব কিছু খুলে বললেন আর্মানি। তারপরে প্রশ্ন করলেন, ‘আপনাদের আর আমাদের বিপদের মধ্যে কি কোনও যোগসূত্র আছে? কিন্তু চিন কী করে এর মধ্যে আসবে?’
‘আসবে নয়, এসেছে,’ অভিমন্যু বুঝে গেল চিন এই খেলায় অনেকটা এগিয়ে গিয়েছে, ‘এক ঢিলে দুই পাখি মারতে চাইছে চিন। ওই সেড্রিক রেপন্ডের বন্ধুকে কাজে লাগিয়ে অ্যাটাকটা করার। তাতে চিনেরই শত্রুর মৃত্যু হবে।’
‘কিন্তু কী এমন অস্ত্র আছে যা দিয়ে পুরো ভ্যাটিকান ধ্বংস করে দেওয়া যায়? আমার তো মাথায় কিছু ঢুকছে না।’
‘একটা মারণ ভাইরাস। যা চিনের হাতে আছে,’ কয়েক সেকেন্ড চুপ করে থেকে জবাব দিল অভিমন্যু।
আতঙ্কিত চোখে তার দিকে তাকিয়ে রইলেন ব্রুনো আর্মানি।
সব শোনার পরে ধাতস্থ হতে কিছুটা সময় নিলেন আর্মানি। তারপরে ভাঙা ভাঙা গলায় বললেন, ‘আমাদের এখনই রাষ্ট্রপ্রধানদের সব জানাতে হবে। আপনি আপনার প্রধানমন্ত্রীকে জানান, আমি পোপকে।’
‘তাতে কোনও লাভ হবে না,’ শান্ত স্বরে জবাব দিল অভিমন্যু, ‘কোনও প্রমাণ ছাড়া এই পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী বা পোপ বাতিল করবেন না। আর ধরুন, আমাদের প্রধানমন্ত্রী ভ্যাটিকানে এলেন না। কিন্তু তারপরেও আপনি পোপকে রক্ষা করবেন কী করে? পোপের ওপর তো যে কোনও সময় আক্রমণ হতে পারে।’
অভিমন্যুর প্রতিটা কথা এসে আঘাত করল আর্মানির মস্তিষ্কে। আরও আতঙ্কিত হয়ে পড়লেন দ্য এনটিটি-র চিফ।
‘তা হলে কী করা যায়? কার্ডিনালের ছবিটা দেখিয়ে যদি বলি!
অভিমন্যু একটু ভাবল। তারপরে বলল, ‘আমাদের হাতে কয়েকটা দিন আছে। প্রধানমন্ত্রী ৩০ তারিখ আসছেন। তার আগে একবার চেষ্টা করে দেখা যাক, ওদের থামানো যায় কি না। আর না পারলে তখন শেষ রাস্তা হিসেবে প্রধানমন্ত্রী আর পোপকে সব বলা যাবে।’
এই রাস্তাটা তাও মন্দের ভাল মনে হল আর্মানির। কিন্তু একটা কাঁটা ভীষণ ভাবে খচখচ করছে তাঁর মনে। শেষমেশ আশঙ্কার কথাটা বলেই ফেললেন, ‘কিন্তু ওই ভাইরাস যদি ইতিমধ্যেই সংক্রমিত হয়ে যায় অ্যাপোস্টলিক প্যালেসে?’
‘মনে হয় না,’ মাথা নাড়ল অভিমন্যু, ‘দিন তিনেকের মধ্যে ভাইরাসের লক্ষণ ধরা যাবে শরীরে। মানে ভারতের প্রধানমন্ত্রীকে যদি টার্গেট বানাতে হয়, তা হলে ২৯ তারিখের আগে ওই ভাইরাস ছড়ানো হবে বলে মনে হয় না। ওটাই সেফ ডেট। এর আগে ছড়ালে ভ্যাটিকান জুড়ে মহামারী শুরু হয়ে যাবে। তা ছাড়া তার আগে অন্যান্য রাষ্ট্রনেতারা আসবেন। মনে হয় না, চিন বিশ্বজুড়ে এই বায়ো-অ্যাটাক করতে চায়। তা হলে ওরাও বাঁচবে না।’
ভারতীয় এজেন্টের কথায় স্বস্তি পাবেন না, আতঙ্কিত হবেন, ঠিক বুঝে উঠতে পারছিলেন না আর্মানি।
‘তা হলে কী করতে বলেন এখন?’
একটু ভেবে জবাব দিল অভিমন্যু, ‘ওই কার্ডিনালকে যদি তুলে আনা যায়, তা হলে কিছু জানা যেতে পারে। ও-ই হয়তো ভাইরাস-কেরিয়ার। বা ভাইরাসটা নিয়ে যাবে পোপের কাছে।’
‘সেটা কী করে সম্ভব?’ এপাশ-ওপাশ মাথা নাড়লেন আর্মানি, ‘কার্ডিনাল তো অ্যাপোস্টলিক প্যালেসে থাকে না। ওখানে যায়ও না। আগামী কয়েক দিনের অনুষ্ঠানে আমন্ত্রিতও নয়। ওই কার্ডিনাল এখন অ্যাপোস্টলিক প্যালেসে ঢুকতে পারবে না।’
দু’জনেই চুপ করে রইলেন। তারপরে অভিমন্যু বলে উঠল—
‘তার মানে ওই প্যালেসে আরও একজন আছে। যে পোপের ঘনিষ্ঠ। এবং, আপনাকে ফোনগুলো করেছিল।’
‘হ্যাঁ।’
‘বেঁচে থাকলে সেড্রিক রেপন্ডের বয়স এখন কত হত? ‘
‘এই আমারই মতো। ধরুন, ৪৫-৪৬।’
একটু ভাবল অভিমন্যু। তার পরে বলল, ‘তা হলে ওর প্রেমিকার বয়সও আশেপাশেই হবে। মধ্য চল্লিশের কোন মহিলা আছে ওই প্যালেসে, যে পোপের একেবারে কাছে পৌঁছতে পারবে?’
অভিমন্যুর চোখে আশার আলো জ্বলে উঠল, ‘এই মহিলাকে খুঁজে পাওয়া তো এমন কোনও কঠিন ব্যাপার নয়। ক’জন মধ্যবয়সি মহিলা এখন আছে পোপের প্যালেসে?’
আর্মানির দিকে ঝুঁকে পড়ে প্রশ্ন করল অভিমন্যু।
বিষণ্ণ হাসি হাসলেন প্যাপাল সিক্রেট সার্ভিসের চিফ, ‘আমার বন্ধু সম্পর্কে একটা কথা আমি জানি, যা আপনি জানেন না।
‘কী কথা?’ ব্যাপারটা ভাল ঠেকছিল না অভিমন্যুর।
‘আমার বন্ধু সমকামী ছিল! হি ওয়াজ আ গে!
ওই ক’টা শব্দের অভিঘাত এই রকম হতে পারে, ধারণা ছিল না অভিমন্যুর।
আর্মানি তখন যেন অন্য কোথাও চলে গিয়েছিলেন। শূন্য দৃষ্টি নিয়ে বিড়বিড় করে উঠলেন—
‘সেড্রিক আমার কাছে ব্যাপারটা বলেছিল। কিন্তু কার সঙ্গে ওর সম্পর্ক ছিল, সেটা কখনও বলেনি।’
বিস্ফারিত দৃষ্টিতে টেবিলের উল্টো দিকে বসে থাকা ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফের দিকে তাকিয়ে রইল অভিমন্যু।
