প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২১. জয়েন্ট অপারেশনস

২১. জয়েন্ট অপারেশনস

লখনউ-মোরাদাবাদ, উত্তরপ্রদেশ। মার্চ, ২০২১

মোরাদাবাদ থেকে দিলারির রাস্তায় ১৫ কিলোমিটার সোজা এলে পড়ে একটা চৌমাথা। যেখান থেকে সামনের তিনটে রাস্তা চলে গিয়েছে তিন দিকে। এই চৌমাথা থেকে আরও চার-পাঁচ কিলোমিটার সোজা এগোলে পৌঁছনো যাবে দিলারি গ্রামে।

পিচের রাস্তাটা যথেষ্ট চওড়া। কিছুটা এগোলেই একটা বড় মার্কেট। তার পরেই দিলারি থানা। দিলারি থানার সামনে দিয়ে যখন পর পর তিনটে ‘ছোটা হাতি’ বা ছোট ম্যাটাডর চলে গেল, গেটের সামনে দাঁড়ানো দু’জন কনস্টেবল সে দিকে তাকানোর

প্রয়োজনও মনে করল না।

আর তাকালেও অবাক হওয়ার মতো কিছু দেখতে পেত না তারা। তিনটে ম্যাটাডর বোঝাই লোক। দেখেই বোঝা যায়, এরা লেবার শ্রেণির। কোথাও কাজ শেষ করে দল বেঁধে সন্ধ্যায় বাড়ি ফিরছে। এই ভাবেই গ্রাম থেকে যায় এরা, কাজ শেষ করে ফিরে আসে। দূর থেকে দেখলে খুবই স্বাভাবিক একটা দৃশ্য।

কেউ যদি ম্যাটাডরে চড়েও বসত, তা হলেও বিশেষ অবাক হওয়ার মতো কিছু পেত না। তবে দেখতে পেত, ম্যাটাডরের মেঝেয় যে বড় চাদরটা বিছোনো, তা জায়গায় জায়গায় উঁচু হয়ে আছে। কিন্তু ধাক্কাটা খেত সেই চাদরটা তুলে নীচে উঁকি মারলে চাদরের নীচে সারি দিয়ে পরপর সাজানো বেশ কিছু স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র!

.

৭২ ঘণ্টা আগে। লখনউ।

হোটেলের ঘরে ফিরে অরোরাকে ফোনে সব কিছু খুলে বলল অভিমন্যু।

তাঁর এজেন্টের আগ্রা যাওয়ার ব্যাপারটা জানতেন নিশান্ত অরোরা। কিন্তু এত সব ব্যাপার যে ঘটে গিয়েছে, তা জানা ছিল না।

ইরশাদদের ব্যাপারটা শোনার পরে অরোরা প্রশ্ন করলেন, ‘ইন্ডিয়ান মুজাহিদিন? তুমি সিওর তো?’

‘এনআইএ-র লিস্ট সেটাই বলছে। নাম বদলে ফেলেছে, কিন্তু সন্দেহভাজন তালিকায় আছে। আর এই কেসটায় যে ভাবে জড়িয়ে পড়েছে এই দু’জন, তাতে এখন নিশ্চিত হওয়াই যায়।’ একটু থামল অভিমন্যু। তারপরে বলল, ‘অমৃতাকেও সম্ভবত এরাই মেরেছে। আর পুরো প্রফেসনাল হিট। গাড়িটা আর পাওয়া যাবে বলে মনে হয় না।’

অরোরা বুঝলেন, অভিমন্যু ঠিকই বলছে।

‘এবার কী করতে চাও?’

‘টিমকে দু’টো জিনিস করতে বলেছি। গত এক সপ্তাহে ইরশাদের মোবাইল লোকেশন ট্র্যাক করা। আর ফোন কলগুলোর রেকর্ডিং জোগাড় করা। তা হলে আমরা কাজ অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারব।’

ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডট) এবং প্রাইভেট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে যে চুক্তি আছে, তাতে বলা হয়েছে, সমস্ত গ্রাহকের কল রেকর্ডিং এবং ইন্টারনেট ব্যবহারের তথ্য এক বছরের জন্য সংরক্ষিত করে রেখে দিতে হবে। সিকিউরিটি এজেন্সিগুলো চাইলে, সেই সব তথ্য দিতে হবে (২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে নতুন নিয়ম অনুযায়ী, এক বছরটা দু’বছর হয়ে গিয়েছে)।

চুক্তি থাকলেও সব সময় দ্রুত এই কল রেকর্ডিং পাওয়া সম্ভব হয় না। তাই বসকে অনুরোধটা করল অভিমন্যু, ‘আপনি যদি ইনফর্মেশনগুলো তাড়াতাড়ি জোগাড় করে দিতে পারেন, তা হলে অপারেশনে নামা যাবে দ্রুত।’

‘ঠিক আছে। আমি যা করার করছি।’

.

ফোনটা নামিয়ে রেখে অভিমন্যু ঠিক করে নিল তার পরবর্তী পদক্ষেপ। শিকারকে চোখে চোখে রাখা।

মিনিট চল্লিশেক পরে আমিনাবাদের জানকী বাজারের সামনে এসে যখন অভিমন্যুর বাইকটা থামল, তখনও নীল রংয়ের মারুতি জেনটা ওখানে দাঁড়িয়ে।

বাইকটা পার্ক করে সামনের বাড়িটা ভাল করে খুঁটিয়ে দেখে নিল অভিমন্যু। সবুজ রংয়ের দোতলা বাড়ি। দোতলায় ওঠার সিঁড়িটা বাড়ির বাঁ দিকে। একটা কোলাপসিবল গেট আছে। তবে তালা লাগানো নয়। নীচের তলার অংশটা আলাদা। মনে হয়, এখানে আলাদা একটা পরিবার থাকে। উপরের তলায় ইরশাদরা।

হয় ইরশাদরা এখানে ভাড়া থাকে, না হয় ওরা ভাড়া দিয়েছে। বাড়িটা থেকে কয়েক পা হাঁটলেই একটা পান-সিগারেটের দোকান। সেই দোকানটার সামনে এসে দাঁড়াল অভিমন্যু। তার পরে একটা দামি সিগারেটের প্যাকেট অর্ডার দিয়ে নরম সুরে বলল, ‘আমি শুনেছিলাম, ওই বাড়িতে একটা ঘর ভাড়া পাওয়া যাবে। কিন্তু এখন তো দেখছি, পুরো ভর্তি।

পানের দোকানদার সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ‘হ্যাঁ, ওই বাড়িতে তো ভাড়াটে রয়েছে বেশ কয়েক মাস ধরে।’

একটা পাঁচশো টাকার নোট এগিয়ে দিয়ে অভিমন্যু বলল, ‘দেখে তাই মনে হল। ক’টা ভাড়াটে আছে বাড়িটায়?’

হিসেব করে টাকা ফেরত দিয়ে দোকানি জবাব দিল, ‘নীচের তলায় একটা ফ্যামিলি থাকে। আর দোতলায় দু’টো লোক ভাড়া নিয়ে আছে।

টাকাটা ফেরত নিয়ে অভিমন্যু বলল, ‘আপনার দোকানের খদ্দের বুঝি?’

লোকটা হেসে বলল, ‘ঠিক ধরেছেন। ওই দু’জন প্রায়ই আমার দোকান থেকে পান-সিগারেট কেনে। ওই সামনে নীল রংয়ের গাড়িটা দেখছেন না, ওটা ওদেরই। আমার সঙ্গে খুব ভাল আলাপ। আমাকে তো মজিদ ভাই বলে ডাকে।’

অভিমন্যু বুঝদারের মতো মাথা নাড়ল। তারপরে বলল, ‘আপনি খুব ভাল মানুষ, মজিদ ভাই। একটু দেখুন না, যদি এই চত্বরে কোনও বাড়ি ভাড়ার সন্ধান পান। আমি কয়েক দিন পরে এসে খোঁজ নিয়ে যাব। আর ভাড়া পেয়ে গেলে আপনাকেও খুশি করে দেব।’

লোকটা এক গাল হেসে জবাব দিল, ‘ঠিক আছে। আপনি দিন তিনেক বাদে আসুন। আমি খোঁজ লাগাচ্ছি।’

‘ঠিক আছে, মজিদ ভাই। আবার দেখা হবে,’ বলে রাস্তার ও-পাশে চলে এল অভিমন্যু। সিগারেটের প্যাকেটটা ঢুকিয়ে রাখল প্যান্টের পকেটে। পরে ফেলে দিতে হবে।

সন্ধ্যা পর্যন্ত ওখানেই ঘুরে বেড়াল অভিমন্যু। কিন্তু বাড়িটা কখনও চোখের আড়ালে যেতে দেয়নি।

রাত সাড়ে আটটার সময় নেমে এল একটা লোক। মিনিট পনেরো পরে ফিরে এল একটা খাবারের প্যাকেট হাতে নিয়ে।

অভিমন্যু বুঝল, খুব প্রয়োজন ছাড়া লোক দু’টো বাইরে বেরোতে চায় না।

মিনিট পাঁচেক পরেই অভিমন্যুর মোবাইলে ঢুকল এনক্রিপ্টেড ই-মেলটা। ইরশাদের ফোনের লোকেশন এবং কল রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট-সহ।

.

সাড়ে আটটা নাগাদ হোটেলে ফিরে ভাল করে ই-মেলটা দেখল অভিমন্যু।

গত এক সপ্তাহে লখনউয়ের বাইরে দু’টো জায়গায় গিয়েছে ইরশাদ। প্রথম বার, আগ্রায়। দ্বিতীয় বার, মোরাদাবাদের দিলারি গ্রামে।

গত সাতদিনের হিসেবে ইরশাদের এই ফোনে বেশিরভাগ কল এসেছে নৌশাদ মির্জা মোবাইল থেকে। ই-মেলে পাঠানো রিপোর্ট অনুযায়ী, প্রতিবারই নৌশাদ মির্জা বেশ উত্তেজিত ভাবে কথা বলেছেন। আগ্রার ব্যাপারটা যখন বলেন, তখন তো উত্তেজনায় রীতিমতো কাঁপছিল নৌশাদ মির্জার গলা। ইরশাদ জবাবে বলেছিল, ‘যা করার আমি করছি। আপনি ওই হাসপাতালের সুপারকে জানিয়ে রাখুন, দু’জন লোক যাচ্ছে। তারা যা করার করবে।’ আর একটা ফোন এসেছিল মোরাদাবাদ থেকে। দু’পক্ষের কথাবার্তাটা এই রকম—

‘তোমাদের দু’জনকে মোরাদাবাদে আসতে হবে। খুব জরুরি দরকার।’

‘মোরাদাবাদ? ওখানে আমাদের কী দরকার?’

‘দরকার আছে। শুধু তোমরাই নও। আরও কয়েকজন আসবে। শাদির নিমন্ত্রণ বাড়ির মালিক বড় দাওয়াতের ব্যবস্থা করেছে।’

‘তুমি থাকবে?’

‘হ্যাঁ। আমি মোরাদাবাদে অপেক্ষা করব। ওখান থেকে দিলারি যেতে হবে। আমি নিয়ে যাব।’

এরপরে সময় আর জায়গাটা ঠিক করে ফোনটা রেখে দেয় ইরশাদ।

অভিমন্যু আবারও চোখ বুলিয়ে নিল ট্রান্সক্রিপ্টের উপরে। দিলারিতে তা হলে একটা ঘাঁটি আছে। ওখানেই বেশ কয়েক জন জড়ো হয়েছিল ওই বিশেষ দিনটায়। নিশ্চয়ই বড়ো কিছুর প্ল্যান হচ্ছে।

মোবাইলে আবার অরোরাকে ধরল অভিমন্যু।

‘স্যার, মনে হচ্ছে দিলারিতে একটা বড়ো ঘাঁটি আছে ইন্ডিয়ান মুজাহিদিনের।’

‘সে রকমই মনে হচ্ছে। কী করতে চাও এখন?’

‘একটা জয়েন্ট অপারেশন। ইরশাদ আর ওর সঙ্গী এখন লখনউয়ে আছে। আমি ওদের দেখছি। দিলারির অপারেশনটা যদি এনআইএ দেখে।

ভারতের বুকে আইনত কোনও অপারেশন র করতে পারে না। প্রধান অ্যান্টি টেররিস্ট ইউনিট হিসেবে কাজ করে এনআইএ। জঙ্গি দমনে ভারতের যে কোনও প্রান্তে রেইড করা এবং সন্দেহভাজনকে গ্রেফতার করার অধিকার আছে এনআইএ টিমের তারজন্য স্থানীয় পুলিশের সাহায্য নেওয়ার কোনও প্রয়োজন পড়ে না তাদের। আইন করেই এই ক্ষমতা দেওয়া হয়েছে এনআইএ-কে।

‘আমি এনআইএ-র সঙ্গে কথা বলছি। দিলারিতে একটু খোঁজ নিতে হবে তার আগে। ওই দিনটায় কোন বাড়িতে লোকগুলো জড় হয়েছিল, সেটা বার করতে হবে। ইরশাদরা যদি গাড়ি নিয়ে যায়, তা হলে ওই গাড়িটারও সন্ধান করা যেতে পারে।’

‘হ্যাঁ, স্যার। গাড়ি নিয়ে গেলে খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি গাড়ির ছবি, লাইসেন্স প্লেট নম্বর সবই টিমের কাছে পাঠিয়ে দিয়েছি।’

একটু চুপ করে থেকে অরোরা বললেন, ‘দিলারি নিয়ে সমস্যা হবে না। কিন্তু লখনউয়ের কেসটা তো বেআইনি হয়ে যাবে।’

‘স্যার, লখনউয়ের কেসটা আলাদা। এটা একটু পার্সোনাল। তবে আপনি চিন্তা করবেন না। যা ইনফর্মেশন জোগাড় করার, তা আমি আগে জোগাড় করে নেব।’

একটা দীর্ঘশ্বাস ফেললেন অরোরা। সাধে কী আর ছেলেটাকে কালভৈরব বলে!

অভিমন্যু কী করতে চাইছে, তা বুঝতে সমস্যা হয়নি র-এর চিফের। অন্য সময় হলে তিনি তার এজেন্টকে বাধা দিতেন। কিন্তু এই ব্যাপারটা অন্য। মেজর সুরেশ মাথুরের সঙ্গে তাঁরও পরিচয় আছে। ওই মিয়ানমারের কেসটার পরেই পরিচয় হয়েছিল। অভিমন্যুই পরিচয় করিয়ে দিয়েছিল।

‘কিন্তু ইরশাদের খবরটা যদি দিলারিতে পৌঁছে যায়, তা হলে পাখি উড়ে যেতে পারে।’

‘সে জন্যই জয়েন্ট অপারেশনের কথা বললাম স্যার। প্রায় একইসঙ্গে দু’টো অপারেশন হবে। এনআইএ রেডি হয়ে গেলে আমাকে জানাবেন। আমি ততক্ষণে শুধু নজর রেখে যাব।’

অরোরা আবারও একটু চুপ করে রইলেন। তার পরে বললেন, ‘একটা কথা মাথায় রেখো। যদি দিলারির ঘাঁটির হদিশ এনআইএ না পায়, তাহলে কিন্তু ইরশাদকে আমাদের দরকার হবে।’

অভিমন্যুর মাথায় ছিল ব্যাপারটা। সে জবাব দিল, ‘বুঝেছি স্যার। এনআইএ অপারেশন লঞ্চ করার আগে আমি কিছুই করব না। শুধু অপেক্ষা করব।’ একটু ভাবল সে। তারপরে বলল, ‘আপনি লখনউয়েও এনআইয়ের একটা টিমকে রেডি থাকতে বলুন। নৌশাদ মির্জার বাড়িতেও তো রেইড করতে হবে।’

‘রাইট। ওখানে কখন হানা দেবে?’

‘ইরশাদদের ওখানে অপারেশনটা হয়ে যাওয়ার পরেই। আমি জানিয়ে দেব আপনাকে।’

.

কয়েক ঘণ্টার মধ্যেই খবর চলে গেল এনআইএ-র কাছে। আর কাজে নেমে পড়ল এনআইএ-র এজেন্টরা।

দিলারিকে ঠিক গ্রাম বলা চলা চলে না। পাকা সড়ক, প্রাইভেট বাস চলাচল করে। বেশ কয়েকটা স্কুল রয়েছে, হাসপাতালও আছে। এই রকম জায়গায় একটা নীল মারুতি জেনকে খুঁজে পাওয়া সোজা কাজ নয়। সন্দেহ না জাগিয়ে খোঁজ করতে গেলে সময় লাগবে। কিন্তু এনআইএ-র হাতে সময় ছিল না।

সেকথা র-কে জানানোর পরে অন্য একটা রাস্তা নেওয়া ঠিক হল। এবার ইমামের লোকেশনটা ট্র্যাক করে জানিয়ে দেওয়া হল এনআইএ টিমকে। সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে মোবাইলের লোকেশন এবং লোকটার ছবি পেতে সমস্যা হল না। এনআইএ- কে তখনও ইরশাদের কথা জানানো হয়নি। একটা সুযোগ তাঁর এজেন্টকে দিতে চেয়েছিলেন অরোরা।

পরের দিনই এনআইএ হদিশ পেয়ে গেল ইমামের। সেই রাতেই তুলে নেওয়া হল ইমামকে। বেশি সময়ও লাগল না লোকটার কাছ থেকে দিলারা গ্রামের ঘাঁটির সন্ধান বার করতে।

চূড়ান্ত হয়ে গেল অপারেশনের তারিখ। পরের দিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা।

.

…দিলারি গ্রাম।

পিচের রাস্তা দিয়ে তিনটি ম্যাটাডর যখন সরস্বতী বিদ্যামন্দির, জুনিয়র হাইস্কুলটা পেরোচ্ছে, ঘড়িতে সন্ধ্যা সওয়া সাতটা। আরও মিনিট পাঁচেক পরে ম্যাটাডর তিনটি পার হয়ে গেল দিলারি সরকারি হাসপাতাল

তারপরেই থেমে গেল রাস্তার পাশে। ডানদিকে একটা গলি চলে গিয়েছে। ইমামের ইনফর্মেশন মতো এই গলি দিয়ে ঢুকে তিনতলা সবুজ-নীল রংয়ের বাড়ি। সামনে একটু বাগান মতো আছে।

সকালেই বাড়িটা একবার রেকি করে গিয়েছে এনআইএ এজেন্ট। বাড়িতে পরিবার নিয়ে থাকেন এক ভদ্রলোক। দীর্ঘদিনের বাসিন্দা। চাঁদা-টাদা দেন বলে এলাকায় যথেষ্ট সুনাম।

ভদ্রলোকের নাম মহম্মদ বেগ। যে নামটা এনআইএ-কে জানিয়ে দিয়েছিল ইমাম তারপরে সারাদিনই বেগের বাড়িতে নজরদারি চলেছে।

যে জায়গায় তিনটে টেম্পো দাঁড়িয়েছিল, সেটা একটু অন্ধকার-অন্ধকার। রাস্তার ল্যাম্প পোস্টে আলো নেই।

ক্ষিপ্রতার সঙ্গে জনা পনেরো লোক নেমে পড়ল টেম্পো তিনটে থেকে। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। তারপরে তারা ঢুকে গেল ডানদিকের গলিটায়।

ঘড়িতে তখন ৭.২৪।

লখনউ। জানকী বাজার আমিনাবাদ।

ঘড়িটা এক বার দেখে নিল সে। সন্ধ্যা ৭.২০। তার কাছে খবর চলে এসেছে, এনআইএ টিম ঢুকে পড়েছে দিলারি গ্রামে।

পার্কিংয়ে রাখা বাইকটার গায়ে এক বার হাত বুলিয়ে রাস্তা পার হয়ে ইরশাদদের বাড়িটার সামনে এসে দাঁড়াল অভিমন্যু সিং রানা।

ঘড়িতে তখন সন্ধ্যা ৭.২২।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *