৩৫. গোলকধাঁধা
ভ্যাটিকান সিটি-বেজিং-করাচি-নয়াদিল্লি, অক্টোবর, ২০২১
ভ্যাটিকান সিটি। ১৫ অক্টোবর।
সরকারি ভাবে তাঁর পদমর্যাদা কোর অব জেনডারমেহরি-র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কারণ সরকারি ভাবে ‘দ্য এনটিটি’-র কোনও অস্তিত্বই নেই! তাই দ্য এনটিটি-র প্রধান হিসেবে ব্রুনো আর্মানিরও কোনও অস্তিত্ব নেই!
ষোলোশো শতাব্দীতে জন্ম নিয়েছিল এই ‘দ্য এনটিটি’ বা পোপের সিক্রেট সার্ভিস। অনেক সময় যাকে বলা হয়ে থাকে সেক্রেড সিক্রেট সার্ভিস। বলা হয়, মেরি কুইন তাব স্কটকে সাহায্য করতে এই সিক্রেট সার্ভিস তৈরি করেছিলেন পোপ পঞ্চম পায়াস।
তারপরে অনেক জল গড়িয়েছে। পোপের গুপ্তচরদের চেহারা বদলেছে। ফরাসি বিপ্লব থেকে শুরু করে রাশিয়ার মাটিতে আন্ডারগ্রাউন্ড চার্চ তৈরিতেও হস্তক্ষেপ করেছে এই সিক্রেট সার্ভিস। পরের দিকে সিআইএ-র থেকেও প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এসেছিল পোপের গুপ্তচরেরা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইন্টেলিজেন্স সার্ভিস যে ভাবে কাজ করে, দ্য এনটিটিও সেই রাস্তাতেই হাঁটে। অর্থাৎ, ভ্যাটিকান সিটির ডিপ্লোম্যাটরাই অনেক ক্ষেত্রে গুপ্তচরবৃত্তি করে থাকেন পোপের হয়ে। গুপ্তচরদের দুনিয়ায় একটা কথা প্রায়ই বলা হয়— দ্য এনটিটি-র মতো ক্ষমতাশালী এবং দক্ষ সিক্রেট সার্ভিস পৃথিবীতে আর নেই বললেই চলে।
বছর তিনেক হল এই প্যাপাল সিক্রেট সার্ভিসের দায়িত্বটা সামলাচ্ছেন আর্মানি। তার আগে তিনিও অনেক দেশে ঘুরেছেন। বিভিন্ন দেশের সিক্রেট সার্ভিসের সঙ্গে তাঁর সখ্য গড়ে উঠেছে। সেই তালিকায় যেমন আছে আমেরিকার সিআইএ, সে রকম আছে ভারতের ‘র’।
তাঁর গুপ্তচর জীবনে অনেক চ্যালেঞ্জই সামলে আসতে হয়েছে আর্মানিকে। কিন্তু বর্তমান পরিস্থিতিটা তাঁকে মানসিক ভাবে যে ধাক্কাটা দিয়েছে, সে রকম ধাক্কা আগে কখনও খাননি তিনি। তার কারণ ওই একটা নাম—
সেড্রিক রেপন্ড!
সেই ছোট থেকে একটা স্বপ্ন বুকে নিয়ে বড় হয়ে উঠেছিল তারা দু’জনে। পোপ এবং ভ্যাটিকান সিটিকে সেবা করার স্বপ্ন। পোপের সেবা করা এবং শত্রুর হাত থেকে পোপ ও ভ্যাটিকান সিটিকে রক্ষা করা।
ইটালীয় বংশোদ্ভূত হলেও তাদের দু’জনেরই জন্ম সুইৎজারল্যান্ডে। দু’জনেই সুইস নাগরিক। দু’জনেরই লক্ষ্য ছিল সুইস গার্ড হওয়া। তার জন্য প্রয়োজনীয় মিলিটারি ট্রেনিংও নিয়েছিল দুই বন্ধু। নিয়মমতো ১৭৬ ঘণ্টার বিশেষ ট্রেনিং পর্ব শেষ করার পরে দু’জনকেই সুইস গার্ডের অংশ করে নেওয়া হয়।
কোর অব জেনডারমেহরি-র দায়িত্ব ভ্যাটিকান সিটির আইন রক্ষা করা। খুব সহজ ভাষায় বললে এরা ভ্যাটিকানের পুলিশ। আর সুইস গার্ডদের বলা যেতে পারে পোপের নিরাপত্তারক্ষী।
তারপরে হঠাৎ এক দিন আর্মানি বদলি হয়ে যায় অন্য এক বিভাগে। যে বিভাগের কোনও অস্তিত্বই নেই খাতায়-কলমে। আর রেপন্ড থেকে যায় সুইস গার্ড হিসেবে। পরে বন্ধুর মুখে দ্য এনটিটি-র কথা শুনেছিল রেপন্ড।
এইভাবে আরও কয়েকটা বছর গড়ায়। দুই বন্ধু কারও কাছেই কোনও কথা গোপন করত না। হঠাৎ এক দিন আর্মানি সঙ্গে নিয়ে আসে দু’জন লোককে। সিক্রেট সার্ভিসের দুই অফিসার। এর পরে যে প্রস্তাব তারা রেপন্ডকে দেয়, তা শুনে ছেলেটার অন্তরাত্মা কেঁপে যায়।
এ কী বলছে ওরা! সুইস গার্ডের দায়িত্বপ্রাপ্ত কমান্ডারকে মারতে হবে!
প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না রেপন্ড। তার পরে আর্মানি তাকে বোঝায়, চার্চ, পোপ এবং ভ্যাটিকান সিটিকে রক্ষা করতে গেলে এই কাজটা করতেই হবে। রেপ সহজেই পৌঁছতে পারবে ওই কমান্ডারের কাছে।
এরপরে আসে ১৯৯৮ সালের ৪ মে-র ওই ভয়ঙ্কর রাত। যে রাতটা কোনওদিনই ভুলতে পারবে না আর্মানি। খবরটা শোনার পরে সে বুঝে গিয়েছিল, রেপন্ডের সঙ্গে তার বন্ধুত্বের খবরটা সিক্রেট সার্ভিসের কাছে ছিল বলেই তাদের দু’জনকে কাজে লাগানো হয়েছিল। রেপন্ডকে বোঝানোর দায়িত্বটা আর্মানির হাতেই ছেড়ে দিয়েছিল সিক্রেট সার্ভিস।
ওই সময় দু’টো রাস্তা ছিল আর্মানির সামনে। এক, প্রেসের কাছে গিয়ে সব বলে দেওয়া। এমন এক অর্গানাইজেশনের দিকে আঙুল তোলা, যার কোনও অস্তিত্বই নেই। দুই, চুপ করে থাকা
আর্মানি বুঝেছিল, সে যদি মুখ খুলতে যায়, তার দশাও হবে সেড্রিক রেপন্ডের মতো। তার চেয়েও বড় কথা, পোপ এবং ভ্যাটিকানের ভাবমূর্তিতে এমন দাগ লাগবে, যা আর কোনওদিনও মুছবে না।
চুপ করে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রুনো আর্মানি। তিনি বুঝেছিলেন, ভয়ঙ্কর পাপ করলেন, বিশ্বাসঘাতকতা করলেন বন্ধুর সঙ্গে। কিন্তু বুঝতে পারেননি, ২০ বছর পরে সেই পাপের শাস্তি পেতে হবে তাঁকে।
আবারও ফোনটা এসেছিল। সে রকমই সংক্ষিপ্ত বার্তা। সত্যি হলে বার্তাটা ভয়ঙ্কর। উল্টো দিকে থাকা লোকটা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলেছিল—
‘পরিকল্পনা চূড়ান্ত। এই মাসেই আঘাত নেমে আসবে ভ্যাটিকানের বুকে। আমি জেনেছি, সেই ভয়ঙ্কর আঘাতে ভ্যাটিকানই নিশ্চিহ্ন হয়ে যাবে।
শুনতে শুনতে কেঁপে উঠেছিলেন আর্মানি। তাঁর মনে হচ্ছিল, লোকটা সত্যি বলছে। অন্তত লোকটা বিশ্বাস করে, যা বলছে, সেটা সত্যি।
‘কী সেই চক্রান্ত? কী সেই আঘাত? কিছু তো বলুন আমাকে,’ কাতর আবেদনই করে উঠেছিলেন আর্মানি।
‘এর বেশি আমি কিছু জানতে পারিনি। যে দিন জানব, আপনাকে জানাব।’
‘সেড্রিকের ভালবাসার মানুষটি কে? একটা কোনও ইঙ্গিত দিন।’
‘সেই নামও এখনও জানতে পারিনি। যা খবর পেয়েছি, আপনাকে জানিয়ে দিলাম। আর কিছু জানতে পারলে, অবশ্যই বলব।’
ফোনটা কেটে গিয়েছিল। আর্মানি বুঝতে পারছিলেন না, লোকটা মিথ্যে বলছে কি না। কিন্তু লোকটার কথার মধ্যে এমন কিছু ছিল, যা হালকাভাবে নেওয়া যায় না। তা ছাড়া সেড্রিক রেপন্ডের নামটা কী ভাবে জানল এই লোকটা? কী করে জানল তাঁর সঙ্গে সেড্রিকের সম্পর্কটা?
চিন্তায় ডুবে গেলেন আর্মানি। তলিয়ে গেলেন অতীতে। সেড্রিকের ভালবাসার মানুষ! তার কাছে কোনও কিছুই গোপন করত না বন্ধু। কিন্তু এই বিশেষ ভালবাসার মানুষটির কথা কখনও বলেনি।
কার সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠেছিল সেড্রিক রেপন্ডের?
ব্রুনো আর্মানি বুঝে গেলেন, খুব দ্রুত এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে হবে তাঁকে। পাশাপাশি আরও একটা কাজ করতে হবে।
কোর অব জেনডারমেহরি প্রধান জানলুকা লুইজির সঙ্গে কথা বলতে হবে। ভ্যাটিকানের নিরাপত্তা বাড়াতে হবে, পোপের নিরাপত্তা বাড়াতে হবে।
কী এমন অস্ত্র থাকতে পারে একটা লোকের হাতে যা দিয়ে পুরো ভ্যাটিকানকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়?
একমাত্র পরমাণু বোমা ছাড়া তো আর কিছু মাথায় আসছে না আর্মানির। সেড্রিক রেপন্ডের ভালবাসার মানুষের পক্ষে কী করে পরমাণু অস্ত্র সংগ্রহ করা সম্ভব?
এক অন্ধকার গোলকধাঁধায় ক্রমে হারিয়ে যাচ্ছেন দ্য এনটিটি-র বস। যে গোলকধাঁধার কোনও সীমা-পরিসীমা নেই!
.
১৬ অক্টোবর, বেজিং। হাইকমান্ডের মিটিং।
এমএসএস চিফই আজ মিটিংয়ের প্রধান আকর্ষণ। তাঁর হাতেই রয়েছে আসল টেক্কা যা দিয়ে খেলাটা জেতা যাবে।
সবার দিকে তাকিয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে নিলেন চিফ। তার পরে বলা শুরু করলেন—
অপারেশন চিয়াংয়ের শেষ ধাপে এসে পড়েছি আমরা। সমস্ত পরিকল্পনা চূড়ান্ত। অপারেশনের তারিখ ঠিক হয়ে গিয়েছে। এজেন্ট ঠিক হয়ে গিয়েছে।
প্রথম পর্ব শেষ হওয়া মাত্র দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে। যেখানে ভারতের বুকে একের পর এক জঙ্গিহানা ঘটবে। তছনছ হয়ে যাবে দেশটা। বিপর্যস্ত হয়ে পড়বে প্রশাসন। ততদিনে ওদের সরকার পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাবে। প্রশাসন ভেঙে পড়বে। জঙ্গিদের সামলাবে না দেশকে, তা ভেবেই কূলকিনারা পাবে না।
এরপরে শুরু হবে অপারেশনের তৃতীয় ধাপ। সরকার বিরোধী আন্দোলন। পার্লামেন্টে আনা হবে নো-কনফিডেন্স মোশন। পাল্টে যাবে সরকার। অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেবে প্রেসিডেন্ট। সেই সরকার চলবে আমাদের নির্দেশে। এর পরে নির্বাচনে জিতেও ভারতে ক্ষমতায় আসবে আমাদের লোকেরাই। তখন ভারতের চেয়ে চিনের বড় বন্ধু আর কেউ হবে না। চিন যা বলবে, ভারত তাই করবে। চিনের সঙ্গে সব রকম চুক্তিতে সই করবে ভারত। হয়ে উঠবে চিনের হাতের পুতুল।
আর প্রথমে এশিয়ার, তারপরে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে উঠে আসবে একটা দেশই—
পিপলস রিপাবলিক অব চায়না! যাকে ভয় পাবে আমেরিকা-রাশিয়াও!
‘আর একটা কথা বলতে চাই,’ অপারেশনের ব্রিফিং শেষ করে, একটু দম নিয়ে বললেন এমএসএস চিফ, ‘খুব দ্রুত আমাদের হাতে প্রতিষেধক এসে যাবে। সঙ্গে অ্যান্টি ভাইরাল ড্রাগও। প্রফেসরের সহকারীরা কাজ শেষ করে এনেছে। একবার প্রতিষেধক হাতে চলে এলে আর কোনও চিন্তা নেই।’ সবার মুখের দিকে তাকিয়ে নিলেন চিফ। দর্শকদের মুখে একটা প্রশংসাসূচক অভিব্যক্তি দেখতে পাচ্ছিলেন তিনি। তারপরে বললেন, ‘অপারেশন চিয়াংয়ের প্রথম পর্বটার দায়িত্বে আছে আমাদের সেরা এজেন্ট। তাই নিশ্চিন্ত থাকুন, অপারেশন সফল হচ্ছেই।’
জীবনে যে অভিজ্ঞতা তাঁর কোনওদিন হয়নি, কথা শেষ করার পরে সেটাই হল এমএসএস চিফের।
ঘরে বসে থাকা লোকগুলো হাততালি দিয়ে উঠল একসঙ্গে!
.
করাচির কোনও এক জায়গা। ১৮ অক্টোবর, ২০২১।
সামনে বসে থাকা পাঁচ লস্কর নেতার দিকে তাকিয়ে শাহিদ মাহমুদ বলল, ‘ভারতের বুকে চরম আঘাত হানার এর চেয়ে ভাল সুযোগ আর পাওয়া যাবে না। আমাদের ক’টা টিম তৈরি আছে?’
‘পাঁচটা টিমের হাতে অস্ত্র, গোলাবারুদ সব পৌঁছে গিয়েছে জনাব,’ উত্তর দিল একজন, ‘ওদের কাছে নির্দেশ গেলেই ওরা আক্রমণ শুরু করবে। শুধু একটা টিম…।’ লোকটা থেমে গেল।
শাহিদ বুঝল, কোন টিমটার কথা বলছে লোকটা। মহম্মদ বেগের টিম। ওই টিমের কেউ কেউ ধরা পড়ে গিয়েছে। বেগও ভারতীয় ইন্টেলিজেন্সের হেফাজতে। কতটা কী বলেছে, বোঝা যাচ্ছে না। তবে বেগ সব কিছু জানে না। অন্য টিমগুলো কোথায়, কবে আক্রমণ করবে, সেটা ওর জানা নেই। ফলে অপারেশনে সে ভাবে কোনও ধাক্কা লাগেনি। ভারতীয় ইন্টেলিজেন্স সতর্ক হয়ে যাবে নিশ্চয়ই, কিন্তু আগাম খবর পাবে না। আর সতর্ক হয়েও লাভ নেই। তাদের সুইসাইড অ্যাটাক হবে পাবলিক প্লেসে। টার্গেট কোনও ভিআইপি নয়, কোনও বিশেষ জায়গা নয়। টার্গেট সাধারণ মানুষ। সাধারণ মানুষকে আর কত নিরাপত্তা দেবে ভারতীয় পুলিশ!
‘আর একটা কাজ আমাদের করতে হবে। নির্দেশ এসে গেলেই কয়েকজনের কাছে একটা সিডি পৌঁছে দিতে হবে। তবে সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। সেই কাজটা করবে আমাদের ইউরোপের এজেন্ট।’
এবার কেউ কোনও কথা বলল না। কারণ, এই ব্যাপারটা তাদের জানা নেই।
কথা ঘুরিয়ে শাহিদ বলল, ‘সময় এলে আমি তোমাদের নির্দেশ দেব। আর তোমরা তোমাদের টিমকে। নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভারতের বুকে রক্তগঙ্গা বইয়ে দিতে হবে।’
‘জি জনাব,’ একসঙ্গে বলে উঠল পাঁচটা লোক।
.
নয়াদিল্লি, ২১ অক্টোবর, ২০২১।
দু’টো ছবির প্রিন্টের দিকে একমনে তাকিয়ে ছিলেন নিশান্ত অরোরা। দু’টো দুই দেশের এয়ারপোর্টের ছবি। একটা চিনের, অন্যটা ইটালির। গত দেড়দিনের মধ্যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ছবি দু’টো।
দু’দেশের এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই ছবি দু’টো পাওয়ার জন্য কম খরচ করতে হয়নি তাঁদের।
দু’টো ছবিতেই দেখা যাচ্ছে একটা লোককে। বেজিং ছাড়তে আর রোমে পৌঁছতে। লোকটাকে ভাল করেই চেনেন র চিফ। আসল নাম না জানলেও কোডনেমটা জানেন—
জিয়ান!
প্রফেসর ওয়াং লি তাঁদের এই লোকটার কথাই বলে গিয়েছিলেন। এই মুখটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন!
মোবাইলটা হাতে নিয়ে বিশেষ একটা নম্বরে ফোন করলেন অরোরা, ‘এখনই দেখা করতে হবে। খেলা অন্যদিকে গড়াচ্ছে।’
আধঘণ্টা পরে র চিফের সামনে বসে ছবি দু’টো দেখছিল অভিমন্যু।
‘জিয়ান রোমে? ওখান তো জি ২০ সামিট?’
‘ঠিক। সে জন্যই তো রোমের এয়ারপোর্টের উপরে আমাদের নজর ছিল।
‘কোন পরিচয়ে ইটালি গিয়েছে, জানা গেল?’
‘হ্যাঁ। চিনা দূতাবাসের কর্মী হিসেবে। যে কারণে ভিসা নিয়ে কোনও সমস্যা হয়নি। একেবারে বৈধ ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ইটালিতে চলে এসেছে লোকটা।’
ভ্রু কুঁচকে অভিমন্যু বলল, ‘যত দূর জানি, চিনের প্রেসিডেন্ট এই সামিটে যাচ্ছে না!’
‘ঠিকই জানো। চিনের প্রেসিডেন্ট অনলাইনে যোগ দেবে। রোমে যাচ্ছে ওদের বিদেশমন্ত্রী।
দু’জনেই সামান্য সময় চুপ করে রইলেন। তার পরে অভিমন্যু বলল, ‘বিদেশমন্ত্রীর নিরাপত্তা দেখভাল করার জন্য নিশ্চয়ই জিয়ানের মতো এজেন্টকে রোমে পাঠাচ্ছে না এমএসএস!’
‘আমারও তাই মনে হয়।’
‘তা হলে রোমে কী করছে জিয়ান?’
বন্ধ ঘরটার মধ্যে যেন প্রতিধ্বনিত হতে লাগল অভিমন্যুর প্রশ্নটা।
র চিফ এবং তাঁর এজেন্ট— দু’জনেই দু’জনের দিকে কয়েক মুহূর্ত নীরবে তাকিয়ে রইলেন।
দু’জনের চোয়ালই কঠিন হয়ে গিয়েছে। দু’জনের মনেই ঝড় বইছে—
কেন জিয়ান রোমে?
তারপরে কথা বললেন অরোরা-
‘ফরগেট শাহিদ। ওকে ভুলে যাও। রোমে যাওয়ার জন্য তৈরি হও। ব্যাপারটা আমার একেবারেই ভাল লাগছে না।’
‘রাইট,’ বলে উঠে দাঁড়াল অভিমন্যু।
দরজার কাছে গিয়ে আবার পিছনে ফিরল সে-
‘একটা কথা স্যার। আমি যে রোমে যাচ্ছি বা জিয়ানকে যে রোমে দেখা গিয়েছে, এই খবরটা যেন এই ঘরের বাইরে না যায়।
কথা শেষ করে বসের ঘর থেকে বেরিয়ে গেল অভিমন্যু সিংহ রানা!
