২৩. আভাস
এনআইএ হেডকোয়ার্টার্স, সিজিও কমপ্লেক্স, লোধী রোড, নয়াদিল্লি। এপ্রিল, ২০২১
লখনউ আর মোরাদাবাদ রেইডের সাত দিন পরে। মহম্মদ বেগ, ইরশাদ খানদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে নৌশাদ মির্জাকেও। জঙ্গিদের সঙ্গে যোগসাজসের অভিযোগে।
কোভিডের দ্বিতীয় ওয়েভ তখন দেশজুড়ে ছড়িয়ে পড়ছে। কিন্তু সেই বিপর্যয়ের মধ্যেও আর এক আসন্ন বিপর্যয়কে আটকানোর লড়াইয়ে নেমে পড়তে হয়েছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সিদের।
এনআইএ-র ডিরেক্টর জেনারেলের কেবিনে হচ্ছিল বিশেষ মিটিংটা। এ ছাড়া ছিলেন এনআইএ-র স্পেশাল ডিরেক্টর জেনারেল, র চিফ নিশান্ত অরোরা এবং মোরাদাবাদ রেইডে টিমকে লিড করা অফিসার। সামনের টেবিলে গুটিয়ে রাখা একটা ম্যাপ এবং দু’টো ফাইল।
প্রথমে কথা বললেন এনআইএ-র চিফ টি. সুদর্শন, ‘মিস্টার অরোরা, আপনাকে অনেক ধন্যবাদ। টিপসটা একেবারে ঠিক ছিল।’
অরোরা কিছু না বলে হাসলেন।
‘তবে আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি,’ বলে চললেন সুদর্শন, ‘এটা ইন্ডিয়ান মুজাহিদিনের হাইডআউট ছিল না। ছিল লস্করের। মহম্মদ বেগ লস্করের বড় এক জন নেতা। অনেক দিন ধরেই ওকে আমরা খুঁজছিলাম।’
‘গুরুত্বপূর্ণ কিছু পাওয়া গেল?’ প্রশ্ন করলেন অরোরা।
‘জেরা চলছে। আমরা বেগ এবং ওর সঙ্গীদের আদালতে প্রডিউস করেছি। ওই ডেরা থেকে বেশ কিছু অস্ত্র পাওয়া গিয়েছে। আর পাওয়া গিয়েছে গোটা দু’য়েক ল্যাপটপ আর সেল ফোন। আমাদের ফরেন্সিক টিম সেগুলো থেকে ডেটা উদ্ধারের কাজ চালাচ্ছে।’
‘আর এইটা?’ টেবিলে গুটিয়ে রাখা ম্যাপটার দিকে ইঙ্গিত করলেন অরোরা।
‘হ্যাঁ, এটাও পাওয়া গিয়েছে বেগের আড্ডায়,’ বলে ম্যাপটাকে টেবিলে বিছিয়ে দিলেন সুদর্শন।
ম্যাপটা ভারতের। কোথাও কোনও দাগ নেই, শুধু মাঝখানে ছাড়া। দেখলে বোঝা যায়, অপটু হাতে একটা বল্লমের ছবি আঁকা হয়েছে। যে বল্লমটা এসে বিঁধেছে ম্যাপে দেখানো মধ্যপ্রদেশে।
বল্লমের ছবিটা দেখে সামান্য চমকে উঠেছিলেন অরোরা। সেটা অবশ্য কারও নজরে পড়ল না। অরোরার ব্যাকগ্রাউন্ড পুলিশের। তিনি মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস অফিসার। তিনি একটা ঘটনা থেকে প্রথমে ব্লু খোঁজেন, তার পরে যুক্তি দিয়ে সেটা সাজান।
বল্লমটা কি কোনও বিশেষ ব্লু? হঠাৎ কেন একটা বল্লম আঁকা হয়েছে ম্যাপটার গায়ে?
‘কী মনে হচ্ছে আপনার? বল্লমটা এঁকে কি কিছু বোঝাতে চাইছে লস্কর?’
সুদর্শনের প্রশ্নে সম্বিৎ ফিরল অরোরার। তিনি ভ্রুটা কুঁচকে বললেন, ‘কোনও অস্ত্রের কথা কি বোঝাচ্ছে? নাকি টার্গেট?’
জবাব দিলেন স্পেশাল ডিজি, ‘বল্লমকে যদি আমরা অস্ত্র হিসেবে দেখি, তা হলে প্রথমেই মাথায় আসবে কোনও মিসাইলের কথা।’
সবার মুখ গম্ভীর হয়ে গেল। ডিজি প্রায় আনমনে বললেন, ‘মিসাইল? নিউক্লিয়ার ওয়ারহেড?’
ডিজির প্রশ্নটা সবার কানে গেলেও কেউ কোনও জবাব দিলেন না। সামান্য সময় পরে অরোরা বললেন, ‘আর যদি টার্গেট হয়?’
সবাই আবার ঝুঁকে পড়লেন ম্যাপের দিকে। তার পরে সুদর্শন বললেন, ‘মধ্যপ্রদেশ টার্গেট? একটু কী রকম যেন লাগছে। ওরা যদি খুব বড় মাপের কোনও অপারেশনের পরিকল্পনা করে, তা হলে মুম্বই বা দিল্লি হওয়া স্বাভাবিক।’
‘আর যদি পুরো ভারত টার্গেট করে?’ প্রশ্নটা এল ঘরের মধ্যে থাকা সবচেয়ে জুনিয়র অফিসারের কাছ থেকে। যে অফিসার মোরাদাবাদ টিমকে লিড করেছিলেন।
‘লেট মি ইন্ট্রোডিউস মিস্টার রাঠোর, ডেপুটি সুপারিন্টেনডেন্ট, এনআইএ। মোরাদাবাদের টিমটাকে রাঠোর লিড করেছিল।
‘আপনার কেন মনে হচ্ছে গোটা ইন্ডিয়াকে বোঝাচ্ছে টার্গেট হিসেবে?’ রাঠোরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন র চিফ।
‘সে রকম কোনও কারণ নেই, স্যার। জাস্ট আ হাঞ্চ বলতে পারেন। মানে, ভারতের একেবারে সেন্টারে বল্লমটা বিঁধে রয়েছে তো, সে জন্য। যেন কারও বুকে বিঁধিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। আর বুকে আঘাত করলে তো মানুষটাই মারা যাবে!
পরস্পরের দিকে একবার তাকিয়ে নিলেন বাকি অফিসাররা। তারপরে অরোরাই প্রশ্ন করলেন, ‘আপনি সেদিন আর কিছু লক্ষ্য করেছিলেন? এমন কিছু যার থেকে ওদের অপারেশন সম্পর্কে কোনও ধারণা পাওয়া যায়?’
রাঠোর একটু ভাবলেন। তার পরে জবাব দিলেন, ‘সে ভাবে তো কিছু দেখতে পাইনি। এই ম্যাপটাই খুঁজে পাওয়া গিয়েছিল। আর ল্যাপটপ-ফোনের মধ্যে কী রয়েছে, তা এখনও জানা যায়নি।’
কয়েক মুহূর্তের নীরবতা। তার পরে সুদর্শন বললেন, ‘ওই মহম্মদ বেগকে ব্রেক করতেই হবে। ও অনেক কিছু বলতে পারে। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, লস্কর আর মুজাহিদিন মিলে এই কোভিডের বাজারে বড় কিছু প্ল্যান করছে। না হলে দু’দলের ওই জমায়েতটা হত না। ইমাম আর ইরশাদ ছেলে দু’টো তো আই এমের।’
কথা শেষ করে অরোরার দিকে ফিরলেন এনআইএ চিফ, ‘আবারও আপনার এজেন্সিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এত ভাল টিপটা না দিলে অপারেশন সফল হত না।’
অরোরাও মিষ্টি করে হাসলেন, ‘এটা তো আমাদের কর্তব্য। আমার এজেন্সি আপনাদের সাহায্য করবে, আর আপনারা আমাদের। আফটার অল, আমরা তো সবাই দেশের জন্যই কাজ করছি।’
‘সে তো বটেই, সে তো বটেই,’ বলে উঠলেন সুদর্শন। তার পরে চোখটা একটু কুঁচকে বললেন, ‘আপনাদের থেকে পাওয়া দ্বিতীয় টিপসটাও কাজে লেগেছে। লখনউয়ের ওই বাড়িটা থেকে আই এমের ওই ইরশাদকে তুলে আনা গিয়েছে। ওই ছেলেটাও আমাদের লিস্টে ছিল।’
সুদর্শন থামলেন। অরোরা কিছু বলার আগেই তিনি বলে উঠলেন, ‘তবে আর এক জনকে জীবিত পাওয়া যায়নি। ও খুন হয়ে গিয়েছিল। ওই ব্যাপারে বোধ হয় আপনাদের কিছু জানা নেই?’
‘না,’ সুদর্শনের চোখে চোখ রেখে জবাব দিলেন অরোরা, ‘আমাদের সোর্স ওদের চিনে ফেলেছিল। আড্ডাটা দেখে নেয়। তারপরে খবর দিয়েছিল। ভিতরে কী হয়েছে, সে জানে না।’
‘তা তো বটেই, তা তো বটেই,’ বলে টেবিলে কয়েকটা টোকা দিলেন সুদর্শন। তার পরে স্মিত হেসে বললেন, ‘খুনটা দারুণ ভাবে করেছে। একটাই আঘাত। গলায় নাইফহ্যান্ড স্ট্রাইক। অ্যাডামস অ্যাপেলটা ভিতরে ঢুকে গিয়েছে। উইন্ডপাইপ ভেঙে গিয়েছে। ট্রেন্ড কিলার, কোনও সন্দেহ নেই।’
অরোরা আবার কী বলতে যাচ্ছিলেন, তার আগে তাঁকে থামিয়ে এনআইএ চিফ বলে উঠলেন, ‘ভালই হয়েছে, মরেছে। একটা টেররিস্ট কমেছে। আমার তাতে কোনও আপত্তি নেই। তবে কে কাজটা করেছে, জানতে পারলে, তাকে একটা ধন্যবাদ দিতাম।’
অপারেশন ড্রাগন হান্ট । ১৬৭
পরস্পরের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন দুই দুদে ইন্টেলিজেন্স অফিসার। তারপরে উঠে দাঁড়ালেন সুদর্শন। সঙ্গে বাকিরাও।
‘অবশ্যই পিএমের কাছে আমাদের রিপোর্ট করতে হবে। আপনাকেও তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসরকে ব্রিফ করতে হবে। মনে হচ্ছে, এরপরে দু’জনকেই একসঙ্গে ডাকা হবে কোনও ইমার্জেন্সি বৈঠকে।’
কথা শেষ করে করমর্দনের জন্য অরোরার দিকে হাত বাড়িয়ে দিলেন সুদর্শন।
.
দু’দিন পরে। নয়াদিল্লির কোথাও।
ঘরের মধ্যে পায়চারি করছিলেন অরোরা। শান্ত ভাবে একটা চেয়ারে বসে ছিল অভিমন্যু। ‘কী মনে হয়, তোমার?’ তাঁর এজেন্টের দিকে ফিরে প্রশ্ন করলেন চিফ, ‘ম্যাপে বল্লমটা কীসের ইঙ্গিত? প্রথমে দেখে তো আমি চমকে গিয়েছিলাম।’
অরোরার মুখে বল্লমের ছবিটার কথা শুনে চমকে উঠেছিল অভিমন্যুও। দু’জনের মনেই একটা শব্দ ভেসে উঠেছিল—
চিয়াং!
অভিমন্যুর দিকে ফিরে অরোরা বললেন, ‘কী মনে হচ্ছে তোমার? আমরা যেটা ভাবছি, সেটা তো নিশ্চয়ই নয়।’
‘আমারও তাই মনে হয়। চিয়াংটা ভাইরাস। বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু লস্কর কী ইন্ডিয়ান মুজাহিদিনের কাছে এর খবর পৌঁছে যাবে, এটা ঠিক মানা যাচ্ছে না। চিন নিশ্চয়ই এতটা মরিয়া হবে না যে, লস্করদের সঙ্গে সরাসরি হাত মেলাবে।’
অভিমন্যুর সঙ্গে একমত হলেন অরোরা, ‘আমারও তাই মনে হচ্ছে। এটা অন্য কোনও ইঙ্গিত। হয়তো বড় কোনও অপারেশনের কথা বলা হচ্ছে।’
‘মিসাইল অ্যাটাক?’ ভ্রুটা কুঁচকে উঠল অভিমন্যুর।
‘মিসাইল হামলা করে লাভ হবে কি? আমাদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ভেঙে লস্করের মিসাইল ভারতের সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না।
কার্গিল যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনীর তূণে আর একটি অস্ত্র যোগ হয়েছিল। বিএমডি প্রোগ্রাম। ইন্ডিয়ান ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স প্রোগ্রাম। এই প্রোগ্রামের কাজ হল, ভারতের উপরে কোনও মিসাইল-হানা হলে তা সামলানো।
বিভিন্ন উচ্চতায় শত্রুপক্ষের মিসাইলকে মাঝপথে ধ্বংস করে দেওয়ার জন্যই ২০০০ সালে সৃষ্টি হয়েছিল বিএমডি প্রোগ্রাম। যে প্রোগ্রামের মধ্যে রয়েছে পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম। যা খুব বেশি উচ্চতায় শত্রুপক্ষের মিসাইল ধ্বংস করে দিতে ব্যবহার করা হয়। আর রয়েছে অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম। যা কম উচ্চতায় আসা মিসাইলকে থামাতে কাজে লাগে।
এ ছাড়াও রয়েছে সোর্ডফিশ রেডার, যা অনেক দূর থেকে মিসাইলকে খুঁজে বার করবে। ফেস টু-তে রয়েছে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। শত্রুপক্ষের ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করে দেওয়ার জন্য জমি থেকে মিসাইল লঞ্চ করার সিস্টেম।
অরোরা এবং অভিমন্যু, দু’জনেই জানত, এই ডিফেন্স সিস্টেম ভেদ করে লস্করদের পক্ষে মিসাইল অ্যাটাক করা সম্ভব নয়।
‘তা হলে?’ অভিমন্যুর দিকে তাকিয়ে প্রশ্ন করলেন র চিফ।
‘ওই মহম্মদ বেগ আর ইরশাদের মুখ খোলানোটা খুব দরকার। সে দিন ওদের মিটিংয়ে কী আলোচনা হয়েছিল, সেটা জানতেই হবে।’
‘ঠিকই,’ মাথা নাড়লেন অরোরা। তার পরেই কী মনে পড়তে বলে উঠলেন, ‘সুরেশের খবর কী? ও ঠিক আছে?’
‘চেষ্টা করছে ভুলে থাকার। নিজেকে কাজে ডুবিয়ে রেখেছে,’ বিষণ্ণ গলায় বলল অভিমন্যু।
তার মনে পড়ে যাচ্ছিল দিনকয়েক আগের ঘটনা।
.
…আগ্রা ফিরে এসে সুরেশের সঙ্গে দেখা করেছিল অভিমন্যু। পুরো ঘটনা জানানোর পরে বলেছিল, ‘তোকে এর মধ্যে জড়াতে চাইনি কোনওভাবে। তুই ইন্ডিয়ান আর্মির মেজর। তোর সঙ্গে দেশের সম্মান জড়িয়ে। তুই কোনও ভাবে এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়লে দেশের সম্মানহানি হবে, আর্মির সম্মানহানি হবে। সেটা হতে দেওয়া যায় না।’
একটু থেমে অভিমন্যু বলে, ‘আমার কথাটা আলাদা। আমার তো প্রায় কোনও অস্তিত্বই নেই। আমি একটা সাধারণ চাকুরিজীবী লোক। হারিয়ে গেলেও কেউ আমার সন্ধান করবে না। কোনও কেলেঙ্কারিতে জড়ালেও কারও সম্মানহানি হবে না। আমি তো স্রেফ একটা ছায়া। যে-কোনও দিন মুছে যেতে পারি।’
নিজের হাতে প্রতিশোধ নিতে না পারার যন্ত্রণার মধ্যেও সুরেশ বুঝেছিল, তার বন্ধু ঠিক কথাই বলছে।
সুরেশের কাঁধে হাত রেখে অভিমন্যু বলেছিল, ‘যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা ধরা পড়েছে। কেউ কেউ শাস্তি পেয়েছে। বাকিরাও পাবে। অমৃতার আত্মা শান্তি পাবে। ওর জন্যই লস্কর আর ইন্ডিয়ান মুজাহিদিনের এই অপারেশনটা সামনে চলে এল।’
‘আর আগ্রা হাসপাতালের ওই বাচ্চাগুলোর কী হল?’
তিনদিন নিখোঁজ থাকার পরে আগ্রা হাসপাতালের সুপারের মৃতদেহ পাওয়া যায় একটা পরিত্যক্ত ট্যানারির মধ্যে। তার গাড়িটাও পাওয়া গিয়েছে। কিন্তু মোবাইল ফোনের হদিশ আর পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, মুখোশধারী দু’টো লোক ত্রিপাঠীকে আক্রমণ করে গাড়িতে তুলছে। তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।
‘খোঁজ নিয়ে দেখা হয়েছিল,’ সুরেশের প্রশ্নের জবাবে বলল অভিমন্যু, ‘চারজন বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়েছে। দু’জনের সত্যিকারের কোভিড হয়েছে। চিকিৎসা চলছে। ওদের গায়ে কেউ আর হাত ছোঁয়াতে পারবে না।’
কথাটা বলে একটু চুপ করে ছিল অভিমন্যু। তারপরে অসহায়ের মতো বলে ফেলে, ‘আগ্রার বাচ্চাগুলোকে হয়তো বাঁচানো গেল। কিন্তু দেশের অন্যান্য জায়গায় যে এই কাণ্ড হচ্ছে না, তা কে বলবে? ওই বাচ্চাগুলোকে তো আমরা বাঁচাতে পারছি না।’
…সুরেশের প্রসঙ্গ ওঠায় অভিমন্যু এবং অরোরা, দু’জনেই সামান্য সময় চুপ করে রইলেন। তার পরে চিফ বললেন, ‘কাল আমাদের সাউথ ব্লকে ডাকা হয়েছে। খুব সম্ভবত প্রাইম মিনিস্টারও থাকবেন। সব কিছু ব্রিফ করতে হবে। দেখা যাক, কোনও নির্দেশ আসে কি না।’
.
পরের দিন সকাল এগারোটা। সাউথ ব্লক। নয়াদিল্লি।
এনআইএ-র চিফ সুদর্শন যে রকম ভেবেছিলেন, সে রকমই হল। দুই এজেন্সির প্রধানকেই ডেকে পাঠানো হল বৈঠকে। প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, দুই দফতরের প্রধান সচিবরা, আইবি চিফ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর।
প্রথমে র-এর অরোরা এবং তার পরে এনআইএ-র সুদর্শন, দু’জনেই নিজের নিজের রিপোর্ট ব্রিফ করলেন কমিটির সামনে।
প্রথম প্রশ্নটা করলেন সিকিউরিটি অ্যাডভাইজর। তাঁর কাছে আগেই সব খবর এসে পৌঁছেছিল। ‘আপনাদের রিপোর্ট অনুযায়ী, লস্কর এবং আই এম মিলে জয়েন্ট কোনও প্ল্যান করছে। তাই তো?’
দু’জনেই মাথা নেড়ে সায় দিলেন।
‘অপারেশনটা কী হতে পারে কোনও আভাস পেয়েছেন? আর ওই বল্লম চিহ্নের অর্থটা কী? কোনও কোড?’
অরোরার দিকে এক বার তাকিয়ে জবাব দিলেন সুদর্শন, ‘আমাদের মনে হচ্ছে, বল্লমটা একটা ইঙ্গিত দিচ্ছে। ভারতের বুকে বড় আঘাত হানার ইঙ্গিত। সেটাই বোঝাতে চেয়েছে।’
সিকিউরিটি অ্যাডভাইজর তাকালের প্রধানমন্ত্রীর দিকে। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভাবলেন। তারপরে বললেন, ‘কোভিডের দ্বিতীয় ওয়েভ সামলাতে হচ্ছে আমাদের। ভ্যাকসিন ড্রাইভও চলছে। স্বাভাবিক ভাবেই আমাদের ফোকাসটা থাকবে এই সমস্যাগুলোর উপরে। এই সুযোগেই টেররিস্টরা আক্রমণ করতে পারে বলে আপনাদের মনে হয়?’
এবার কথা বললেন অরোরা, ‘সে রকম একটা আশঙ্কা থেকেই যায়। তবে এই ধরনের অপারেশনের জন্য খুব শক্তিশালী কোনও ওয়েপন দরকার। একটা দেশকে বিপর্যস্ত করতে গেলে কয়েকটা শহরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হবে না।’
‘মিসাইল?’ প্রশ্নটা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
‘মনে হয় না,’ জবাব দিলেন সিকিউরিটি অ্যাডভাইসর, ‘আমাদের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম ভেঙে কোনও আইসিবিএমও ভারতীয় আকাশসীমায় ঢুকতে পারবে না। তার আগেই ধ্বংস হয়ে যাবে। যদি কোনও মারণাস্ত্র হয়, তা হলে সেটা অন্য কিছু।’
থামলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর। ঘরে একটা অস্বস্তিকর নীরবতা। অরোরা একবার ভাবলেন, চিয়াংয়ের ব্যাপারটা বলবেন। তার পরে ঠিক করলেন, এখনই নয়। আরও কিছু তথ্য হাতে পাওয়া দরকার।
‘তা হলে আমরা একটা বড় জঙ্গিহানার আশঙ্কা করছি,’ শান্ত গলায় বললেন প্রধানমন্ত্রী, ‘যেখানে কোনও মারণাস্ত্র ব্যবহার করা হতে পারে। তাই তো?’ বলে সবার মুখের উপরে একবার চোখ বুলিয়ে নিলেন পিএম। কেউ কোনও জবাব দিল না। প্রধানমন্ত্রী বলে চললেন, ‘তা হলে সেই মতো ব্যবস্থা নিন। দেখুন, কোন দিক থেকে অ্যাটাকটা আসতে পারে। একটা কথা মনে রাখবেন। এই পরিস্থিতিতে ভারতের বুকে যদি সত্যি ভয়ঙ্কর কোনও জঙ্গি আক্রমণের ঘটনা ঘটে, তা হলে দেশটা বিশাল ধাক্কা খাবে। যে করেই হোক, জঙ্গিদের এই অপারেশনটা আটকাতেই হবে।’
উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। সঙ্গে বাকিরা। এক একজনের মনে তখন এক রকম ভাবনা খেলা করে চলেছে।
মিটিং থেকে বেরিয়ে সুদর্শনের কাছে এলেন অরোরা। ‘আপনার সঙ্গে একটু কথা ছিল।’
দু’জনে একটা কোনায় সরে এলেন। গলা নামিয়ে অরোরা বললেন, ‘একটা খবর আছে। আমাদের সোর্স জানিয়েছে, সে দিন মহম্মদ বেগের বাড়িতে ইরশাদও হাজির ছিল।’
স্থির দৃষ্টিতে অরোরার দিকে তাকিয়ে সুদর্শন প্রশ্ন করলেন, ‘আর কিছু? যা আপনারা একটু আগে জানতে পেরেছেন?’
সুদর্শনের কথায় যে খোঁচাটা ছিল, তা অগ্রাহ্য করে অরোরা বলে উঠলেন, ‘এখন পর্যন্ত আর কিছু নয়। কিছু জানতে পারলেই আপনাদের জানাব। আর টেররিস্টরা যদি মুখ খোলে, তা হলে…।’
অরোরাকে কথা শেষ করতে না দিয়ে সুদর্শন বলে উঠলেন, ‘আপনি ঘাবড়াবেন না। সব খবর পৌঁছে যাবে আপনাদের কাছে। আফটার অল, আমরা তো সবাই দেশের জন্যই কাজ করছি, তাই নয়?’
কথাটা বলে মাথাটা একটু ঝুঁকিয়ে হাঁটা দিলেন সুদর্শন। পিছন পিছন অরোরা।
দু’জনেই জানেন, সামনে অনেক কাজ। নিজেদের টিমের সঙ্গে বসতে হবে। আলোচনা করতে হবে প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে। এই পরিস্থিতিতে সামান্য একটা ভুল দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।
ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সির দুই প্রধানই অফিসে ফিরে কিছু ঘনিষ্ঠ লোকের সঙ্গে আলোচনায় ডুবে গেলেন। পরবর্তী পরিকল্পনা করার জন্য।
.
তিন দিন পরে। নয়াদিল্লির চিনা দূতাবাস।
একটা ইংরেজি খবরের কাগজে চোখ বোলাচ্ছিলেন চিনের সেকেন্ড সেক্রেটারি। বিদেশে কাজ করতে যাওয়া চিনের অফিসাররা সবাই ইংরেজিতে যথেষ্ট পারদর্শী হন। নাহলে তো কাজই করা যাবে না। কেউ কেউ ইউরোপের আরও কয়েকটা ভাষাও জানেন।
এই কাগজটা নিয়মিত আসে তাঁদের এম্বাসিতে। আর প্রতিদিন সেটা নিয়ম করে পড়েন সেকেন্ড সেক্রেটারি। খবরের থেকে তাঁর অবশ্য বেশি আগ্রহ থাকে বিজ্ঞাপনের পাতায়। দেখেন, একটা বিশেষ বিজ্ঞাপন বেরিয়েছে কি না!
বিজ্ঞাপনটা দেয় এক জন জ্যোতিষী। মাঝে, মাঝে। যে দিন বিজ্ঞাপনটা বেরোয়, সে দিনের কাগজটা নিজের কাছে আলাদা করে রেখে দেন সেকেন্ড সেক্রেটারি। তার পরে সময় বুঝে বিজ্ঞাপনে থাকা কোডটা পাঠোদ্ধার করেন। এদিনও যেমন করলেন।
কনসর্টিয়াম এক্স-এর সঙ্গে যোগাযোগ রাখার একটা খুব সহজ পদ্ধতি। কিছুটা শিশুসুলভও। আর সেজন্যই বোধ হয় কেউ খেয়াল করে না। ঠিক করাই আছে, কোনও গোপন এবং গুরুতর খবর জানানোর হলে ওরা এই ভাবে বিজ্ঞাপন মারফত জানাবে। তার চেয়েও গুরুতর কিছু থাকলে, বাধ্য হয়ে মেসেজ আদানপ্রদান
মিনিট পাঁচেক লাগল কোডটা ভাঙতে। বার্তাটায় লেখা—
‘লস্কর হাইডআউটে হানা। নেতা বন্দি। অপারেশন বিপদে।’
চিনের অফিসার একটা দীর্ঘশ্বাস ফেললেন।
আবার মনে হচ্ছে দিল্লি গল্ফ ক্লাবে ডিনারে যেতে হবে তাঁকে!
