প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২৮. লুকোচুরি

২৮. লুকোচুরি

চিন-মিয়ানমার সীমান্ত। জুলাই, ২০২১

৪৫ মিনিট আগে। ইয়ংপিং।

টেনশনের মাঝেও চোখটা বুজে এসেছিল প্রফেসরের। বাসে তাঁর সিটটা পড়েছিল করিডরের ধারে। ফলে ঝিমুনি এলে বারবার টলে পড়ছিলেন তিনি।

প্রায় ঘণ্টাখানেক চলার পরে বাসটা এসে থামল কোনও একটা জায়গায়। বাইরেটা বেশ অন্ধকার। লোকজনের আওয়াজ পেয়ে প্রফেসর বুঝলেন, বাস স্টপ জাতীয় কিছু। লোকে ওঠা-নামা করছে।

চোখটা আপনা থেকে বন্ধ হয়ে এল প্রফেসরের।

হঠাৎই দু’টো টোকা পড়ল কাঁধে। চোখটা কোনওমতে খুলে চমকে উঠলেন প্রফেসর। পাশে একটা লোক নিচু হয়ে দাঁড়িয়ে। লোকটার মুখ প্রায় তাঁর কানের সামনে। দুম করে চটকা ভাঙায় প্রফেসরের গুলিয়ে গিয়েছিল, তিনি কোথায় আছেন। তারপরেই বাঁধভাঙা জলের তোড়ের মতো সব কিছু এসে আঘাত করল তাঁর মস্তিষ্কে।

আতঙ্কে চোখ দু’টো বড় বড় হয়ে গেল প্রফেসারের। কিন্তু তিনি মুখ খোলার আগেই টুপি পরা লোকটা অল্প হেসে ফিসফিস করে বলল, ‘চিন্তা করবেন না প্রফেসর লি। আমাকে চিং পাঠিয়েছে। আমি আপনাকে ভারতে নিয়ে যেতে এসেছি।’

প্রফেসরের মনে হল, বুক থেকে একমন ওজনের পাথর নেমে গেল। তিনি জামার হাতা দিয়ে কপালটা মুছে কোনওমতে ফিসফিস করে বললেন, ‘আমরা এখন কী করব?’

‘আমার সঙ্গে বাস থেকে নেমে আসুন।’

‘সে কী? রুইলি যাব না?’

‘যাব। তবে অন্য ভাবে। আর দেরি করবেন না। নেমে পড়ুন।’ প্রফেসর আর কথা না বাড়িয়ে উঠে পড়লেন সিট থেকে।

দু’জনে চলে এলেন গেটের সামনে। কন্ডাক্টর ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘আপনার টিকিট তো রুইলি পর্যন্ত। এখানে নেমে যাচ্ছেন যে বড়?’

‘কাজ আছে,’ বলে দ্রুত নেমে পড়লেন প্রফেসর। ঠিক তাঁর পিছন পিছন লম্বা লোকটি।

বাস থেকে নেমে লোকটা ইশারা করে এগিয়ে গেল অন্ধকারের দিকে। পিছনে পিছনে প্রফেসর।

সামান্য হাঁটার পরে দু’জনে গিয়ে থামলেন একটা গাড়ির সামনে। প্যাসেঞ্জার সিটের দরজাটা খুলে দিয়ে লোকটা বলল, ‘উঠে পড়ুন। আমাদের আগে বেরিয়ে যেতে হবে।’ প্রফেসর ওঠার পরেই গর্জে উঠল নিসান সিলফির ইঞ্জিন। তারপরে মিলিয়ে গেল অন্ধকারে। বাসটা তখনও স্ট্যান্ডে দাঁড়িয়ে।

প্রফেসর জানতেন, তিনি একটা গোলকধাঁধায় পা রেখেছেন। তবে এইটুকু নিশ্চিত ছিলেন যে লোকটা মিথ্যে বলছে না। উচ্চারণের টানটা ভারতীয়দের মতোই। বড়জোর পাকিস্তানি হতে পারে। যে কারণে তিনি আর দ্বিধা না করে নেমে আসেন বাস থেকে। একটা দীর্ঘশ্বাস ফেলে প্রফেসর ওয়াং লি জিজ্ঞেস করলেন, ‘আপনার নামটা তো জানা হল না।’

‘ভৈরব।’

.

…চিন থেকে প্রফেসরকে গোপনে বার করে আনার একটাই রাস্তা ছিল। আর সেই রাস্তাতেই হাঁটা ঠিক করল অভিমন্যু।

চিনের রুইলি (Ruili) থেকে মিয়ানমারের মিউস (Muse)। মিউস থেকে তাকিলেক (Tachileik)। সেখান থেকে সীমান্ত পার হয়ে থাইল্যান্ডের চিয়াং রাই প্রভিন্সের মা সাই (Mae Sai) শহর। এই ছিল চিন থেকে প্রফেসরকে বার করে আনার রুটম্যাপ।

অভিমন্যু জানত, একবার প্রফেসরকে থাইল্যান্ডে নিয়ে আসতে পারলে আর সমস্যা হবে না। সবচেয়ে কঠিন রাস্তা হবে রুইলি থেকে শান স্টেটের মিউস সীমান্ত পার করা। তারপরে অতটা সমস্যার কিছু নেই। মিয়ানমারে তার যথেষ্ট কন্ট্যাক্ট আছে। যাদের সাহায্যে থাইল্যান্ডে পা রাখতে সমস্যা হবে না।

অভিমন্যু অবশ্য থাইল্যান্ড দিয়ে মিউসে আসেনি। ভারত-মিয়ানমার সীমান্ত পার করে, মিয়ানমারের শান স্টেটে পা রেখেছিল অভিমন্যু। বছর ছয়েক আগে এই শান স্টেটেই একটা অপারেশনে আসতে হয়েছিল তাকে। তারপরে অংশ নিতে হয়েছিল সেই ‘অপারেশন হট পারসুট’-এ।

বছর দেড়েক আগেও মিউস থেকে রুইলি শহরে হাজার হাজার মিয়ানমারবাসী পা রাখত নিয়মিত। রুইলির কলকারখানায় কাজ করার জন্য। এত কম মজুরিতে চিনেও লেবার পাওয়া যায় না। মিয়ানমারের লোকজন অনেক কম পয়সায় খাটতে প্রস্তুত ছিল। ফলে ট্র্যাফিকিংটা চলত। বৈধ উপায় ছাড়াও স্মাগলারদের টাকা খাইয়ে অবাধে চলত সীমান্ত পারাপার। কোভিডের পরে ছবিটা বদলে যায়। সীমান্তে কড়াকড়ি বেড়ে যায়।

২৬ কিলোমিটার ধরে রুইলি-মিউস সীমান্ত দিয়ে বয়ে চলেছে রুইলি নদী। যার অন্য একটা নামও আছে। ‘নাম মাও’ (Nam Mao) নদী। রুইলিকে আন্তর্জাতিক পোর্টের তকমাও দিয়েছিল চিন সরকার। কিন্তু এখন সেই পোর্টও বন্ধ করে দেওয়া হয়েছে কোভিডের কারণে।

কিন্তু তা বলে অবৈধ সীমান্ত পারাপার বন্ধ হয়ে যায়নি। কোভিড অনেকেরই অন্নসংস্থান কেড়ে নিয়েছে। ফলে হাজার ডলার হাতে গুঁজে দিলেই অনেকে তৈরি হয়ে যায় সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে নদী এপার-ওপার করিয়ে দেওয়ার জন্য। বা জঙ্গলের মধ্যে দিয়ে পড়শি দেশটায় নিয়ে যেতে।

রাতের অন্ধকারে নদী পেরিয়েই রুইলিতেই পা রেখেছিল অভিমন্যু। মিয়ানমার থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল গাড়িটার। নকল কাগজপত্র সঙ্গেই ছিল অভিমন্যুর। চিনা মিলিটারি এখন একটু বেশি টহল দেয় রুইলির রাস্তায়। এমনকি, বাড়ি বাড়ি গিয়েও তল্লাশি নেয় অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বার করার জন্য।

রুইলি শহরে মিয়ানমারবাসীদের পা রাখার অন্যতম কারণ হল এখানকার ফ্যাক্টরি। বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে শহরটা জুড়ে। যেখানে কাজ করে হাজার হাজার লেবার। এই ফ্যাক্টরির ভিতরে পুলিশ তল্লাশি চালায় না। রুইলিতে পা দেওয়ার পরে সে রকমই একটা ফ্যাক্টরিকে কয়েক ঘণ্টার জন্য নিজের ডেরা বানিয়ে নিয়েছিল অভিমন্যু। তার পরে গাড়িটা নিয়ে চলে যায় ইয়ংপিং। ঘণ্টাখানেক ইয়ংপিংয়ের বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে হয়েছিল অভিমন্যুকে। তার পরেই দেখতে পেয়েছিল রুইলি আসার বাসটাকে।

.

… ভৈরব!

নামটা শুনে প্রফেসর কী বুঝলেন, কে জানে। কিন্তু কিছু বললেন না। তবে মিনিট খানেক পরে আরও একটা প্রশ্ন করলেন—

‘বাস থেকে নামিয়ে আনলেন কেন?’

‘ইয়ুনান থেকে আপনার পালিয়ে আসার খবরটা ফাঁস হয়ে গিয়েছে। আপনার অ্যাপার্টমেন্টে এমএসএস এজেন্টরা হানা দিয়েছিল। আপনি যে দালি আসছেন, এটা জানা কোনও ব্যাপার নয়। আর বর্ডার ক্রসিংয়ের জন্য রুইলিই যে আদর্শ জায়গা, সেটা ওরা জানে। তাই একটু সতর্ক হওয়া।’

প্রফেসর আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। বাঁচার আশা তিনি ছেড়েই দিয়েছেন। কিন্তু এখন মরলে একটা আক্ষেপ থেকেই যাবে। প্রতিষেধকটা তৈরি করা হবে না।

আরও একটা প্রার্থনা করছিলেন প্রফেসর। যেন কোনও ভাবেই এমএসএস-এর হাতে ধরা না পড়েন। পড়লে যে ভয়ঙ্কর পরিণতি হবে তাঁর, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না প্রফেসরের।

আরও মিনিট দশেক পরে বোশান শহরে ঢুকে পড়ল অভিমন্যুর গাড়ি। হাইওয়ে দিয়ে যাওয়ার সময় দেখা গেল, গোটা কয়েক পুলিশের গাড়ি এগিয়ে আসছে।

ঘড়িতে তখন রাত ৮.২০।

.

বোশান ঢোকার আগেই খবর পেয়ে গেল জিয়ান। আর তখনই বুঝে গেল, প্রতিপক্ষ তার চেয়ে এক পা এগিয়ে রয়েছে।

চোখ বন্ধ করে পরিস্থিতিটা এক বার ভেবে নিল জিয়ান। লোকটার কাছে নিশ্চয়ই গাড়ি ছিল। ইয়ংপিংয়ে প্রফেসরকে বাস থেকে নামিয়ে গাড়িতে তুলে নেয়। বাসটা বোশানে ঢোকার আগেই ক্রস করে বেরিয়ে গিয়েছে। বোশান থেকে রুইলির দূরত্ব মোটামুটি ২৩০-২৪০ কিলোমিটার। খুব বেশি হলে ঘণ্টা তিনেক লাগবে পৌঁছতে। তার মানে, রাত বারোটার মধ্যে পৌঁছে যাবে।

সবচেয়ে বড় কথা, প্রফেসর এখন আর একা নয়। সঙ্গে এমন কেউ আছে যে তাদের সঙ্গে টক্কর দিতে পারে। যার সঙ্গে এস্পিওনাজ দুনিয়ার খুব ভাল রকম পরিচিতি আছে। যে চিন থেকে গোপনে বেরিয়ে যাওয়ার রাস্তা জানে।

প্রফেসরের সঙ্গের লোকটার পরিচয় না জানলেও একটা ধারণা করতে পারছিল জিয়ান। ভারত নিশ্চয়ই তার অন্যতম সেরা এজেন্টকে চিনে পাঠিয়েছে প্রফেসর ওয়াং লি-কে বার করে নিয়ে যাওয়ার জন্য।

এই দু’জনকে যদি একসঙ্গে ধরা যায়, তা হলে তার কেরিয়ারে লাগা কালো দাগটা পুরোপুরি মুছে ফেলা যাবে।

আবার মোবাইলটা বার করল জিয়ান। রুইলিতে ফোন করতে হবে। সে নিশ্চিত, আর অপেক্ষা করবে না লোকটা। রাতের অন্ধকারেই রুইলি সীমান্ত পার করে ঢুকে যাবে মিউসে। চিন থেকে মিয়ানমারে। তার আগেই আটকাতে হবে শিকারকে। জীবন্ত ধরতে হবে।

একটা নম্বর ডায়াল করল জিয়ান। তবে এবার পুলিশ নয়, অন্য কারও সাহায্য লাগবে।

কোভিডের পর থেকে রুইলি শহরটা যেন অদ্ভুত এক বিষণ্ণতায় ঢাকা পড়ে গিয়েছে। অতীতের রমরমা নেই। অনেক কলকারখানা বন্ধ করে দিয়েছে চিন সরকার। সীমান্তে কড়াকড়ির জন্য মিয়ানমার থেকে লোক আসা কমে গিয়েছে। ফলে অল্প পয়সার শ্রমিক ও আর পাওয়া যাচ্ছে না চট করে।

অভিমন্যুর গাড়িটা যখন রুইলিতে ঢুকল, তখন শহরটা পুরোপুরি ঘুমিয়ে। অন্ধকার রাস্তায় কিছুটা এগিয়ে গাড়িটা থামাল অভিমন্যু। এখান থেকে তাদের যেতে হবে রুইলি ব্রিজের কাছে। সীমান্তের এ পার-ও পারের দুই শহরকে জুড়ে দিয়েছে এই ব্রিজ। যা আদতে ফোর লেনের একটা হাইওয়ে। মিউসে গিয়ে যে রাস্তার নামকরণ হয়েছে হাইওয়ে থ্রি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার ক্রসিং পয়েন্ট ছিল এই ব্রিজটা। কিন্তু কোভিডের কারণে এখন বন্ধ।

অভিমন্যুর অবশ্য ব্রিজে ওঠার দরকার ছিল না। তাকে নামতে হবে নদীর পারে। যেখানে অপেক্ষা করে থাকবে তার পরবর্তী ট্রান্সপোর্ট।

গাড়ি থেকে দু’জনে নামার পরে অভিমন্যু বলল, ‘আর কিছুটা এগিয়ে গেলে পড়বে রুইলি ব্রিজ। ব্রিজে ওঠার আগে একটা সরু রাস্তা ধরে আমরা নদীর পাড়ে নেমে যাব। সেখানে আমাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকবে।’

প্রফেসর একটা ঢোক গিলে বললেন, ‘নদী পার হতে হবে? ‘

‘হ্যাঁ। বোটের ব্যবস্থা আছে।’

প্রফেসরকে ইঙ্গিত করে অন্ধকারে এগিয়ে চলল অভিমন্যু।

মিনিট দশেকের মধ্যেই দেখা গেল ব্রিজটা। ফাঁকা রাস্তায় কেউ কোথাও নেই। আর একটু কাছে এগোতেই অভিমন্যু দেখতে পেল সরু রাস্তাটা। এই রাস্তা ধরেই সে রুইলিতে পা রেখেছিল। এখন প্রফেসরকে নিয়ে ছোট্ট, মেঠো পথটা ধরে নেমে গেল রুইলি নদীর ধারে।

নদীটা চওড়ায় বেশি নয়। খুব বেশি হলে দু’শো মিটার হবে। এই দূরত্বটা সাঁতরে পার হওয়া অভিমন্যুর কাছে কোনও ব্যাপারই নয়। কিন্তু সঙ্গে প্রফেসর আছে। আর সে স্থানীয় লোকেদের সঙ্গে কোনও ঝামেলায় যেতে চায় না। ও-পারের এজেন্টের কথামতোই এ পারে এসে চিনা লোকেদের হাতে ডলার গুঁজে দিয়েছে অভিমন্যু। চিন ছাড়ার সময় বাকি পেমেন্টটা করে দেবে।

দু’জনে মিলে ধীরে ধীরে নেমে এল নদীর পাড়ে। নদীর দু’ধারেই বেশ ঘন জঙ্গল। সেই জঙ্গলের আড়ালে ছায়ার মতো এগিয়ে যেতে লাগল অভিমন্যু। তবে প্রফেসরের আসতে বেশ সমস্যাই হচ্ছিল। শরীরের ধাক্কায় গাছের ডালে সরসর আওয়াজ হতে লাগল, শুকনো পাতা মচমচ করে উঠল বার দু’য়েক।

অভিমন্যুর কিছু করার ছিল না। এক জন ষাটোর্ধ্ব মানুষ যে আসতে পারছেন তাল মিলিয়ে, সেটাই অনেক।

তার পরে বোটটা দেখতে পেল অভিমন্যু। নদীর পাড়ে লাগানো। বোটে বসে একটি ছায়ামূর্তি।

.

জিয়ান যখন ফোনটা করেছিল, রাত প্রায় ন’টা। একটা স্পষ্ট নির্দেশ দিয়েছিল এমএসএস এজেন্ট-

‘টার্গেট দু’ থেকে তিন জন হতে পারে। রাত বারোটা নাগাদ রুইলি পৌঁছবে সম্ভবত। এদের মধ্যে একজন বয়স্ক। তাকে জীবন্ত ধরতে হবে। এ ছাড়া জনা দুই ভারতীয় থাকতে পারে। তাদের একজনকে অন্তত জীবন্ত চাই।’

সঙ্গে অবশ্য একটা সতর্কবার্তাও দিয়েছিল সে-

বুড়ো লোকটার সঙ্গীরা বিপজ্জনক। খুব সম্ভবত অস্ত্র আছে। সতর্কতার সঙ্গে কাজটা করতে হবে।

ফোনটা কোনও পুলিশ অফিসারকে করেনি জিয়ান। করেছিল স্থানীয় গ্যাংয়ের এক কন্ট্যাক্টকে। জিয়ানের ফোনটা পাওয়ার পরেই কাজে নেমে গেল তারা।

রুইলির বাসিন্দারা সবাই মোটামুটি জানে, দু’ভাবে লুকিয়ে সীমান্ত পারাপার করা যায় এখান থেকে। জঙ্গলের মধ্যে দিয়ে আর নদীপথে। এত রাতে জানা সম্ভব নয়, কোন পথে পালাচ্ছে লোকগুলো। তাই দু’টো রাস্তাতেই পাহারা লাগাতে হবে।

দু’টো টিম দু’জায়গায় পাঠানোর সিদ্ধান্ত নিল গ্যাংলিডার। এক একটা দলে পাঁচ জন। সবার হাতেই অস্ত্র থাকবে। চিনের গ্যাংস্টারদের প্রিয় অস্ত্র দু’টো। ওয়াটারমেলন নাইফ এবং ব্ল্যাক স্টার পিস্তল।

ওয়াটারমেলন নাইফ অনেকটা চপারের মতো দেখতে। তবে ফলাটা চওড়া নয়, লম্বা। টিম লিডারের কাছে থাকবে ব্ল্যাক স্টার পিস্তল। আর বাকিদের হাতে ছোড়া।

চিনে সাধারণ লোকের হাতে বন্দুক-পিস্তল প্রায় দেখাই যায় না। গ্যাংস্টারদের কথা আলাদা। এই গ্যাংস্টারদের মধ্যে একটা বেশ মিল আছে। এদের প্রায় সবারই পছন্দের পিস্তলের নাম ব্ল্যাক স্টার। যা আদতে রাশিয়ায় তৈরি টোকারেভ টিটি-৩ পিস্তলের নকল। চিনে তৈরি এই পিস্তলের নামই হয়ে গিয়েছিল ৫৪ ব্ল্যাক স্টার! হাতলে কালো পাঁচতারা আঁকা থাকার কারণে। সেমিঅটোমেটিক এই পিস্তলে সাত রাউন্ড বা আট রাউন্ড ম্যাগাজিন থাকে। মোটামুটি ৫০ গজ পর্যন্ত নির্ভুল লক্ষ্যে গুলি করা যায়।

কাজ বুঝে নিয়ে দু’টো টিম বেরিয়ে পড়ল দু’দিকে। সময় তখন রাত সওয়া দশটা!

…বোটটাকে দেখতে পেয়ে ইশারায় প্রফেসরকে থামতে বলল অভিমন্যু। তারপরে পকেট থেকে বার করে আনল গগলসের মতো দেখতে একটা বস্তু।

পিএনভিজি! প্যাসিভ নাইট ভিশন গগলস।

ভারতীয় সেনাদের হেলমেটে এই গগলসটা ফিট করা থাকে রাতের অপারেশনের সময়। উরি সার্জিক্যাল স্ট্রাইকের সময় এই পিএনভিজি-র সাহায্যই নিয়েছিল ভারতীয় আর্মির জওয়ানরা। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি নাইট ভিশন গগলস। ছোট, কিন্তু কাজের।

গগলসটা পরে এক বার দূরের বোটটার দিকে ভাল করে তাকাল অভিমন্যু। একটা মূর্তি বসে আছে বোটে। একটু উসখুস করছে। এ দিক-ও দিক তাকাচ্ছে। সেটা অবশ্য স্বাভাবিক। অভিমন্যু চট করে একবার সময়টা দেখে নিল। রাত ১২.২৫। লোকটাকে সময় দেওয়া আছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে।

বোটের ধারে পৌঁছতে গেলে জঙ্গল থেকে বেরিয়ে অন্তত ৫০ গজ মতো খোলা জায়গা পেরোতে হবে। যদি কেউ অপেক্ষা করে থাকে, তা হলে তারা হেঁটে গিয়ে ফাঁদে পা দেবে।

সেকেন্ড দশেক ভাবল অভিমন্যু। তার পরে প্রফেসরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ‘আপনার নতুন মোবাইলটা দিন।

একটু অবাক হলেও পকেট থেকে মোবাইলটা লোকটার হাতে তুলে দিলেন প্রফেসর। একই রকম নিচু স্বরে অভিমন্যু বলল, ‘আপনি এখানে অপেক্ষা করুন। যাই ঘটুক, নড়বেন না, শব্দ করবেন না।’

বলেই অন্ধকারে মিশে গেল অভিমন্যুর শরীর। সে দিকে তাকিয়ে আর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাসের উপরে ধীরে ধীরে বসে পড়লেন প্রফেসর।

.

ঠিক পাঁচ মিনিট পরে, প্রফেসরের থেকে ২০-২৫ মিটার দূরে হঠাৎ বেজে উঠল একটা মোবাইল। সেকেন্ড পাঁচেকের জন্য। তারপরে থেমে গেল আওয়াজ।

ওই একটা শব্দ যেন হঠাৎ করে জাগিয়ে দিল জঙ্গলকে। শব্দটা থেমে গেলেও মোবাইল রিংটোনের প্রতিধ্বনিটা ভেসে বেড়াতে লাগল অন্ধকারে।

আরও পাঁচটা মিনিট কাটল। তার পরে জঙ্গলের মধ্যে শোনা গেল মৃদু খসখস আওয়াজ। খুব তীক্ষ্ণ শ্রবণশক্তি না হলে সেই আওয়াজ ধরা মুস্কিল। সামান্য নড়ে উঠল গাছের ডালপালা। তার পরে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এল চারটে ছায়ামূর্তি।

কেউ কোনও কথা বলছিল না। চার জনের একজনের হাতে পিস্তল, বাকি তিন জনের হাতে ছুরি।

পিস্তল হাতে লোকটা একটু এগিয়ে গেল সামনে। এই জমাট অন্ধকারে লোকটা ঠিক বুঝতে পারছিল না, শব্দের উৎসটা ঠিক কোথায়? সে চাপা স্বরে জিজ্ঞেস করল, ‘এই দিক থেকেই শব্দটা এসেছিল না? ‘

‘হ্যাঁ,’ একই রকম চাপা স্বরে জবাব দিল ঠিক পিছনের লোকটা।

তিনজনে আবার ভাল করে দেখার চেষ্টা করল, সামনে কিছু আছে কি না।

তিনজনে, কারণ চতুর্থজন তখন দেখার মতো অবস্থায় ছিল না।

সবার পিছনে থাকা লোকটা কিছুই টের পায়নি। লোহার মতো একটা হাত এসে চেপে ধরল তার মুখটা। আর একটা ছুরির ফলা টুকরো করে দিল তার গলার ক্যারোটিড আর্টারিটা। ক্যারোটিড ছিন্নভিন্ন হওয়ার পরে মোটামুটি কুড়ি সেকেন্ড লাগে প্রাণ বেরিয়ে যেতে। পঁচিশ সেকেন্ড পরে লোকটার লাশ মাটিতে শুইয়ে দিয়ে এগিয়ে গেল অভিমন্যু।

ঠিক যেমন করে একটা বিড়াল এগিয়ে যায় শিকারের দিকে। ক্ষিপ্র কিন্তু নিঃশব্দে। বিড়ালের থাবা গায়ে পড়া পর্যন্ত পাখি বুঝতেও পারে না, মৃত্যু কত কাছে। লোক দু’টোও পারল না।

অভিমন্যু গিয়ে দাঁড়াল লোক দু’টোর মাঝে। সেকেন্ডের ভগ্নাংশে তার ডান হাতে ধরা ছুরির ফলাটা গিয়ে বিঁধল ডান পাশে থাকা লোকটার কানের নীচে। এক টানে গলা পর্যন্ত ছিন্নভিন্ন করে দিয়ে ছুরি ধরা হাতটা বৃত্তকারে এসে আঘাত করল বাঁ পাশে থাকা লোকটার গলার ঠিক নিচের অংশে। একটানে ছুরির ফলাটা লোকটার থুতনি পর্যন্ত টেনে দিল অভিমন্যু। ডানদিকের লোকটা মুখ থেকে চাপা শব্দ বার করতে পেরেছিল। বাঁদিকের লোকটা তাও পারল না। ঠিক তিন সেকেন্ডের মধ্যে আরও দু’টো প্রাণহীন দেহ লুটিয়ে পড়ল রুইলি নদীর পাশের জঙ্গলে।

পিছনে একটা চাপা শব্দ শুনেছিল লিডার। কিন্তু তার ঘুরতে সময় লেগে গেল প্রায় ছ’সেকেন্ড। বাড়তি তিন সেকেন্ডটাই জীবন আর মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিয়ে গেল।

লোকটা চকিতে ঘুরেই স্থির হয়ে গেল। তার ঠিক একহাতের মধ্যে দাঁড়িয়ে একটা লম্বা মূর্তি। চোখে অদ্ভুত একটা গগলস। কয়েক মুহূর্তের জন্য লিডার ভুলে গেল নিজের পিস্তলটার কথা। ওই কয়েক মুহূর্তই যথেষ্ট ছিল অভিমন্যুর জন্য। সে প্রথমে আঘাত করল লোকটার পিস্তল ধরা হাতে। ছুরির আঘাতে ছিন্নভিন্ন করে দিল ফোরআর্মের পেশিটা। ওই পেশি ছিন্ন করে দেওয়া মানেই আঙুলের ওপর থেকে সব নিয়ন্ত্রণ চলে যাবে। ঠিক তাই হল। অবশ হয়ে যাওয়া হাত থেকে পিস্তলটা পড়ে গেল মাটিতে।

পিস্তলটা মাটি ছোঁয়ার আগেই অবশ্য অভিমন্যুর হাতটা আরও একবার উঠেছিল। দ্বিতীয় আঘাত এল লোকটার গলায়।

সব মিলিয়ে ৫৫ সেকেন্ডের মধ্যে চারটে মানুষের প্রাণহীন দেহ পড়ে রইল মাটিতে। জঙ্গলের শান্তি আর নিস্তব্ধতা বিন্দুমাত্র ভঙ্গ না করে।

আরও মিনিট খানেক অপেক্ষা করল অভিমন্যু। কেউ এল না। এখন একজনই রয়েছে। বোটে বসা লোকটা।

অভিমন্যু অবশ্য নিশ্চিত নয়, লোকটা এই দলের না বোট চালক।

ধীরে ধীরে প্যান্টের পকেট থেকে গ্লক সেমিঅটোমেটিক পিস্তলটা বার করে আনল অভিমন্যু। আর অন্য পকেট থেকে সাউন্ড সাপ্রেসরটা। কয়েক সেকেন্ডের মধ্যে পিস্তলের নলে সাউন্ড সাপ্রেসরটা লাগিয়ে জঙ্গলের ধারে গিয়ে দাঁড়াল অভিমন্যু।

বোটে বসে থাকা লোকটা তখন একদৃষ্টে তাকিয়ে আছে জঙ্গলের দিকে। আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করে জঙ্গলের বাইরে বেরিয়ে এসে একটা চাপা শিস দিল অভিমন্যু।

লাফিয়ে উঠে দাঁড়াল লোকটা। নাইট ভিশন গগলসের মধ্যে দিয়ে অভিমন্যু দেখে নিল লোকটার ডান হাতে লম্বা মতো একটা অস্ত্র ধরা। লোকটা কী একটা বলে উঠতে গেল। কিন্তু বলা হল না। নাইন এমএম বুলেটটা তার মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে তত ক্ষণে। সাউন্ড সাপ্রেসর থাকার কারণে একটা ‘হুইপিং সাউন্ড’ ছাড়া আর কোনও শব্দ পাওয়া গেল না।

চিতার ক্ষিপ্রতায় পঞ্চাশ মিটার দূরত্বটা পার করে বোটের সামনে পৌঁছে গেল অভিমন্যু।

বোটের মধ্যে পড়ে রয়েছে দু’টো লাশ। এক জনকে কয়েক সেকেন্ড আগে গুলি করে মেরেছে অভিমন্যু। দ্বিতীয় জনের গলাটা কাটা। বুঝতে সমস্যা হল না, গলা কাটা লোকটাই বোটের চালক।

সময় নষ্ট না করে জঙ্গলের দিকে ফিরে চাপা স্বরে ডাক দিল অভিমন্যু, ‘কাম আউট প্রফেসর। কোস্ট ইজ ক্লিয়ার।’

মিনিট দু’য়েক পরে জবুথবু ভঙ্গিতে বেরিয়ে এল প্রফেসর। তার পরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন বোটটার দিকে। অভিমন্যু আবার বলে উঠল, ‘তাড়াতাড়ি আসুন প্রফেসর। একদম সময় নেই।’

প্রফেসর এবার দৌড়তে শুরু করলেন।

প্রফেসর যখন বোটের কাছে এসে পৌঁছেছেন, লাশ দুটো জমিতে নামিয়ে রেখেছে অভিমন্যু। এই বোটগুলোয় যান্ত্রিক মোটর আছে। কিন্তু নিঃশব্দে যাতায়াত করার জন্য দু’টো বৈঠাও রাখা থাকে।

প্রফেসরকে তুলে দিয়ে নিজেও বোটে উঠে বসল অভিমন্যু। তার পরে শক্তিশালী দু’টো হাতের সাহায্যে দ্রুতগতিতে দাঁড় বাইতে লাগল।

.

মিনিট পনেরো সময় লাগল নদীটা পেরিয়ে ওপারে পৌঁছতে। বোটটাকে পাড়ে ভিড়িয়ে নেমে পড়ল অভিমন্যু। সঙ্গে প্রফেসর।

তারপরে দু’টো শরীর মিলিয়ে গেল মিয়ানমারের জঙ্গলে।

একজন, ইন্ডিয়ান র এজেন্ট।

অন্যজন, চিনের এক বিজ্ঞানী!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *