২৪. জহ্লাদ
শিজিজুয়েং, হাবেই প্রভিন্স, উত্তর চিন। এপ্রিল, ২০২১
সময় চলে যাচ্ছে। সেটা নিজেও ভাল বুঝতে পারছেন প্রফেসর ওয়াং লি। কিন্তু তাও সেই প্রশ্নটা করা হয়ে ওঠেনি তাঁর-
তিনি শয়তান না দেবদূত?
এখন প্রায় রোজই ইউনিভার্সিটিতে গিয়ে গবেষণার কাজ করতে হচ্ছে বলে নিয়ম করে বিকেলের দিকটায় আর পার্কে আসা হচ্ছে না প্রফেসরের। কিন্তু তার মধ্যেও বেশ কয়েকবার মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল তাঁর। মেয়েটার নামও জেনেছেন তিনি—
চিং! যার মানে হল শান্তি।
কিন্তু প্রশ্নটা করার সাহস পাননি তিনি। যদি মেয়েটা তাঁকে রাক্ষস ভেবে বসে? একেই তো এই করোনাভাইরাস দুনিয়াটা তছনছ করে দিচ্ছে। তার উপরে যদি আর একটা মারণ ভাইরাসের জন্ম নেওয়ার কথা শোনে চিং, তা হলে যে কী প্রতিক্রিয়া হবে, ভাবতে পারছিলেন না প্রফেসর।
যত সময় গিয়েছে মেয়েটির প্রতি একটা আকর্ষণ অনুভব করছেন তিনি। সন্তানের প্রতি এক পিতার ভালবাসা ফুটে ওঠে যে আকর্ষণের মধ্যে। কখনও পিতৃত্বের স্বাদ না পাওয়া প্রফেসরের মনে ভীষণ ভাবেই জায়গা করে নিয়েছে চিং। সেই চিংয়ের মনে তাঁর প্রতি বিতৃষ্ণা জাগিয়ে তোলার ঝুঁকি নিতে চান না প্রফেসর লি
দ্বিতীয় কারণটা আরও মারাত্মক। চিংকে এই ভাইরাসের কথাটা বলা মানে মেয়েটাকেও বিপদের মধ্যে ফেলা। কে জানে, কোথা থেকে কী ফাঁস হয়ে যায়। চিয়াং ভাইরাসের কথাটা মুখ ফস্কে তাঁর এক ভারতীয় ছাত্রকে বলে ফেলেছিলেন প্রফেসর। তারপরে চিন্তিত হয়ে পড়েন তিনি। বাঁচোয়া যে কোভিডের ধাক্কায় সেই ছাত্র দেশে ফিরে গিয়েছে। অতএব ওকে নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু চিংকে বিপদে ফেলার কথা তিনি ভাবতেই পারেন না।
অপেক্ষা করার সিদ্ধান্তই নিলেন প্রফেসর। প্রশ্নটা তাই আর তাঁর করা হয়ে ওঠেনি এখনও।
তারপরে আবার প্রফেসরের ডাক পড়ল বেজিংয়ে। এমএসএস হেডকোয়ার্টার্সে।
মাত্র দু’জন ছিল এ দিনের মিটিংয়ে। একজনকে আগে দেখেছিলেন তিনি। নাম না জানলেও আন্দাজ করেছিলেন, এমএসএসের কোনও বড় মাথা হবে। দ্বিতীয় লোকটাকে প্রথম দেখলেন। ছিপছিপে, লম্বা চেহারা। চিনাদের মধ্যে এই রকম উচ্চতার লোক খুব বেশি দেখা যায় না। দেখলে অ্যাথলিট, অ্যাথলিট মনে হয়। কিন্তু লোকটার চোখ দু’টো বড় মারাত্মক। ঠান্ডা, নৃশংস একটা দৃষ্টি। যেন বুকটা ফুঁড়ে মনের ভিতরে কী চলছে, তা দেখে নিতে পারে।
ঘরটা শীতাতপ নিয়ন্ত্রিত হলেও ঘেমে উঠছিলেন প্রফেসর। প্রফেসরের অস্বস্তি দ্বিগুণ বাড়িয়ে প্রশ্ন করলেন এমএসএস চিফ, ‘আপনার ভাইরাস কি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে?’
প্রফেসর একবার কেশে নিলেন। তারপরে একটু দ্বিধাভরে বলতে থাকলেন, ‘ভাইরাস তৈরি তো প্রধান লক্ষ্য নয়। লক্ষ্যটা হল, এই ভাইরাসের উপরে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে দেখা, কী ভাবে এই জীবাণু বা এই ধরনের জীবাণুকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়। সেই কাজটা চলছে।’
‘পেলেন কিছু? এমন কোনও ওষুধ, যা এই ভাইরাসকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিতে পারে, মানে প্রতিষেধক?’
‘না। সেই জন্যই কাজটা চলছে। কাজ ফুরোয়নি,’ মনের সমস্ত শক্তিটুকু একত্রিত করে জবাব দিলেন প্রফেসর।
তাঁর দিকে কয়েক মুহূর্ত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে চেয়ার ছেড়ে উঠে পড়লেন এমএসএস চিফ। ধীর পায়ে এসে দাঁড়ালেন প্রফেসরের পিছনে। তার পরে চিবিয়ে চিবিয়ে বললেন, ‘আমি খুব সহজ একটা প্রশ্নটা করছি। ভেবেচিন্তে উত্তর দেবেন। এই চিয়াং ভাইরাস যদি এই মুহূর্তে মানুষের শরীরে ঢুকে যায়, তা হলে ফলটা কী হবে?’
প্রফেসরের ঘাড়ের রোমগুলো খাড়া হয়ে উঠল প্রশ্নটা শুনে। শিরদাড়া দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কোনওমতে জবাব দিলেন, ‘আমি তো প্রথম দিনই সেটা বলেছিলাম। ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়বে লোকে। মৃত্যুও প্রায় অবশ্যম্ভাবী।’
‘কারও শরীরে ভাইরাসটা ঢুকলে, কতদিনের মধ্যে সেটা বোঝা যাবে?’
প্রফেসর লম্বা একটা শ্বাস নিলেন। তার পরে জবাব দিলেন, ‘খুব বেশি হলে তিনদিন।’
‘আর মৃত্যু হবে কতদিনের মধ্যে?’
‘তিনদিনের মধ্যে ভাইরাসের আক্রমণের লক্ষণ ফুটে উঠবে শরীরে। আর তার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হবে। শরীরের সুস্থ কোষগুলোকে আক্রমণ করবে ভাইরাস। নষ্ট করে দেবে দ্রুত।’ কথাগুলো বলতে বলতে প্রফেসরের মনে হচ্ছিল, বুকের মধ্যে একটা হাতুড়ি পড়ছে। নিজেকে ভয়ঙ্কর একটা জহ্লাদ বলে মনে হচ্ছিল তাঁর।
ধীরে ধীরে আবার চেয়ারে এসে বসলেন এমএসএস চিফ। তাঁর ঠোঁটের কোনায় হাসি গোছের কিছু একটা লক্ষ্য করলেন প্রফেসর।
‘গুড, গুড।’ কিছুটা আপনমনেই বললেন চিফ। তার পরে প্রফেসরের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, ‘তার মানে শরীরে রোগের লক্ষণ ফুটে ওঠার ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু নিশ্চিত?’
‘অনেকটাই তাই,’ ঢোক গিলে বললেন প্রফেসর।
.
মিনিটখানেক কেউ কোনও কথা বললেন না। একটা ভয়ানক অস্বস্তিকর নীরবতার চাদরে যেন ঢাকা পড়ে গিয়েছিল ঘরটা। এমএসএস চিফ কিছু একটা ভাবছিলেন। তার পরে প্রশ্নটা করেই ফেললেন, ‘এই ভাইরাস যদি একটা দেশ থেকে অন্য একটা দেশে নিয়ে যেতে হয়, তা হলে সেটা কী ভাবে করা যাবে?’
ভয়ঙ্কর একটা আতঙ্কে প্রফেসরের গলাটা শুকিয়ে এল। এত দিন তাঁর মনে যে আশঙ্কাটা দানা বাঁধছিল, সেটাই আজ প্রকাশ্যে চলে এসেছে।
বায়োওয়ার। বায়োটেররিজম। ভয়ঙ্কর কিছু ঘটাতে চাইছে তাঁর দেশ। প্রফেসর এ দিক-ও দিক তাকিয়ে দেখলেন। যদি একটা জলের গ্লাস পাওয়া যায়। কিন্তু সামনের টেবিলে ও সব কিছুই রাখা ছিল না। উল্টোদিক থেকে দু’জোড়া চোখ যেন ছুরির মতো এসে ছিন্নভিন্ন করছিল তাঁকে।
কোনওমতে একটা ঢোক গিললেন প্রফেসর। তার পরে বললেন, ‘এই ভাইরাসটা কিন্তু এয়ারবোর্ন নয়। ফলে…।’
এমএসএস চিফ বুঝতে পারলেন, প্রফেসর কী ইঙ্গিত করছেন। করোনাভাইরাসের মতো চিয়াং ভাইরাসও হাওয়ার মাধ্যমে ছড়াবে না। ফলে টেররিস্ট অ্যাটাকের ক্ষেত্রে এই ভাইরাস ততটা কার্যকর হবে না।
চিফের মনে পড়ে যাচ্ছিল, ১৯৯৫ সালে টোকিয়ো সাবওয়ে সিস্টেমে আউম শিনরিকো গোষ্ঠীর আক্রমণের ঘটনাটা। ওই জঙ্গিহানায় সারিন গ্যাস ব্যবহার করা হয়। যে গ্যাস হাওয়ায় ছড়িয়ে যাওয়ার ফলে প্রচুর মানুষ আক্রান্ত হয়।
‘কী ভাবে ছড়াবে না, আমি সেটা জানতে চাইনি প্রফেসর। কী ভাবে ভাইরাসকে বাঁচিয়ে রেখে অন্য দেশে নিয়ে যাওয়া যাবে, সেটা বলুন।’
ঠান্ডা গলাটা যেন প্রফেসরের জীবনীশক্তি কেড়ে নিচ্ছিল। তাও কোনওমতে শক্তি সঞ্চয় করে তিনি বললেন, ‘ভাইরাস তো কোনও জীবিত প্রাণী নয়, তাই সে ভাবে বলা যায় না। ভাইরাসকে এফেক্টিভ থাকতে গেলে একটা কেরিয়ার দরকার। কেরিয়ারের মাধ্যমে নিয়ে যাওয়া যেতে পারে। তা ছাড়া ফ্রিজারে রেখেও নিয়ে যাওয়া যেতে পারে। ঠান্ডায় ভাইরাসের ক্ষতি হয় না, গরমে হয়।
একটু চুপ করলেন প্রফেসর। তার পরে বললেন, ‘চিয়াং ভাইরাসটা ছড়ায় বডি ফ্লুইডের মাধ্যমে। তাই বডি ফ্লুইড সংরক্ষিত করেও ভাইরাসটা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া যায়।’
এমএসএস চিফ একটু ভাবলেন। তার পরে জানতে চাইলেন, ‘কেরিয়ারের মাধ্যমেও নিয়ে যাওয়া যায় বলছেন?’
‘হ্যাঁ, তবে…।’ প্রফেসর থেমে গেলেন।
‘তবে?’
‘তবে সংক্রমিত হওয়ার তিনদিনের মধ্যে যা করার করতে হবে। তিনদিন পরে ওই কেরিয়ারের শরীরে ভাইরাস আক্রমণের চিহ্ন ফুটে উঠবে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই সম্ভবত মৃত্যু।’
প্রফেসর থামলেন। তাঁর আর কিছু বলার ছিল না।
এমএসএস চিফ এক বার তাঁর সঙ্গীর দিকে তাকালেন। তার পরে প্রফেসরের দিকে ফিরে বললেন, ‘গুড, গুড প্রফেসর। আপনি খুব ভাল কাজ করছেন। এবার তাড়াতাড়ি প্রতিষেধকটা বানিয়ে ফেলুন। পার্টি আর দেশ কখনও আপনার কথা ভুলবে না।’
তারপরে ইশারায় বেরিয়ে যেতে বললেন প্রফেসরকে।
এমএসএস হেডকোয়ার্টার্স থেকে যখন বেরিয়ে আসছেন প্রফেসর ওয়াং লি, তিনি তাঁর অনুচ্চারিত প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন।
তিনি শয়তান, দেবদূত নন!
.
প্রফেসর বেরিয়ে যাওয়ার পরে জিয়ানের দিকে ফিরলেন এমএসএস চিফ, ‘কী মনে হচ্ছে তোমার?’
‘খুবই দুর্বল মনের লোক। ভয় পাচ্ছে। এই রকম লোককে ভরসা করা মুস্কিল।
‘শুধু তাই নয়, প্রতিষেধক নিয়ে সব কথা বলল না আমাদের। আমি খবর নিয়ে দেখেছি, ওই প্রতিষেধক বানানোর কাজটাও অনেক দূর এগিয়ে গিয়েছে।’ একটু থামলেন চিফ। তার পরে বললেন, ‘লোকটার উপরে বেশি দিন ভরসা রাখতে হবে না। অপারেশন চিয়াং শুরু হওয়া পর্যন্ত ওকে আমাদের লাগবে। মানে আরও কয়েকটা মাস। তার পরে আর প্রয়োজন হবে না।’
কথা শেষ করে এক বার প্রফেসরের শূন্য চেয়ারটার দিকে তাকালেন এমএসএস চিফ। তার পরে সঙ্গীর দিকে প্রশ্নটা ছুড়ে দিলেন-
‘তুমি নজর রাখার কাজটা করছ তো?’
‘হ্যাঁ, আমার টিম ওর উপরে সারাক্ষণ নজর রাখছে। স্ত্রী মারা যাওয়ার পরে ফ্ল্যাটে একাই থাকে। একজন বোমু আসে প্রতিদিন।’ বোমু অর্থাৎ, মহিলা কাজের লোক। যে এসে ঘর পরিষ্কার করা, রান্না করা, বাচ্চা দেখাশোনার কাজটা করে।
‘তাই? ওই বোমুর ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে?’
‘হ্যাঁ। অনেকদিন ধরে আসছে। আপনি চিন্তা করবেন না। ওই বোমু আমাদের হয়েই কাজ করছে এখন। প্রফেসরের খবর দিচ্ছে।’ জবাবটা দিয়ে বাকি কথাটা শেষ করল জিয়ান, ‘ইউনিভার্সিটি থেকে সোজা বাড়ি ফিরে যায়। ছুটির দিনে মাঝেমধ্যে সামনের পার্কে বসে পায়রাদের খাওয়ায়। বন্ধুবান্ধব বলে কেউ নেই। মাঝেমধ্যে পার্কে আসা লোকেদের সঙ্গে টুকরো-টাকরা কথা বলে। একটা মেয়েও আছে তার মধ্যে। তবে পার্ক থেকে বেরিয়ে যাওয়ার পরে কারও সঙ্গে যোগাযোগ রাখে না। এ ছাড়া সুপার মার্কেটে গিয়ে টুকটাক কেনাকাটা করে।’
ব্রিফিংটা শুনলেন চিফ। তার পরে বললেন, ‘ফোনের ব্যাপারটাও নিশ্চয়ই খেয়াল রেখেছ।’
‘মোবাইল ট্যাপ করা আছে। একটাই মোবাইল। আর কথাবার্তাও খুব সাধারণ। সন্দেহ করার মতো কিছু পাইনি।’
‘ঠিক আছে। নজর রেখে যাও। আর তো ক’টা মাস।’
থামলেন এমএসএস চিফ। বসের দিকে তাকিয়ে জিয়ান বলে উঠল, ‘আমি একটা কথা ভাবছিলাম।’
ভ্রুটা কুঁচকোলেন এমএসএস চিফ।
‘ভাইরাস কতটা বিপজ্জনক, সেটার তো কোনও প্রমাণ আমরা পাইনি। প্রফেসরের কথার উপরেই ভরসা করে আছি। আর প্রফেসরও নিশ্চয়ই কোনও মানুষের উপরে এই ভাইরাস ব্যবহার করেনি। ওই প্রাণীগুলোর উপরে করেছে। যদি মানুষের উপরে ভাইরাসের প্রভাব অতটা মারাত্মক না হয়…।’ কথাটা শেষ করল না জিয়ান।
তার দিকে তাকিয়ে চিফ বলে উঠলেন, ‘ঠিকই বলেছ। আমাদের নিশ্চিত হতে হবে, মানুষের শরীরে এই ভাইরাস কী খেলা দেখাবে।’
.
দিন কাটতে লাগল। সময় বয়ে যেতে লাগল। ইউনিভার্সিটিতে কাজে ডুবে থেকেও ভয়ঙ্কর দুঃস্বপ্নের হাত থেকে বাঁচতে পারছিলেন না প্রফেসর। সব সময় মনে হয়, অদৃশ্য কেউ নজর রেখে চলেছে তাঁর উপরে। প্রফেসর ওয়াং লি বুঝতে পারছিলেন, এই ভাবে চললে তিনি পাগল হয়ে যাবেন। এমনিতেও যে কাজ তাঁকে করতে হচ্ছে, তা সুস্থ মানুষকে মানসিক ভাবে অসুস্থ করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
প্রফেসর দ্বিধায় পড়ে গিয়েছিলেন প্রতিষেধক বানানো নিয়ে। এক দিকে, প্রতিষেধকটা যে রকম জরুরি, অন্য দিকে, এই প্রতিষেধকই বড় অস্ত্র হয়ে উঠতে পারে চিনের হাতে। যে কারণে তিনি ঠিক করে ফেলেছিলেন, তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে এগোবেন। প্রতিষেধক হাতে না পাওয়া পর্যন্ত ওরা নিশ্চয়ই ভয়ঙ্কর কোনও কাণ্ড ঘটানোর সাহস পাবে না।
প্রফেসরের জানার কথা নয় যে, তাঁর সহকারীদের মধ্যে এক জন নিয়মিত যোগাযোগ রেখে চলেছে এমএসএস চিফের কাছে। সেই লোকের সর্বশেষ রিপোর্ট বলছে—
‘প্রতিষেধক বানানোর কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। প্রফেসরের নোটস আর ফর্মুলাও হাতে চলে এসেছে। সে রকম হলে প্রফেসর ছাড়াও প্রতিষেধক তৈরি করা যেতে পারে।’ পাপবোধে ডুবে থাকা প্রফেসর তখন পার্কে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। কী করে মুখ দেখাবেন কন্যাসম ওই মেয়েটিকে। কী করে বলবেন, কী ভয়ঙ্কর নারকীয় কাজ করতে চলেছেন তিনি!
চিনের সবচেয়ে ঘন বসতিপূর্ণ প্রভিন্সগুলোর মধ্যে ছ’নম্বর জায়গায় থাকবে হাবেই। প্রায় আট কোটি মানুষ বসবাস করে এখানে। একটা বিশেষত্ব আছে এই অঞ্চলে। তুলনামূলক ভাবে এখানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অনেক বেশি। চিনে বেশির ভাগ অবসরপ্রাপ্ত মানুষ তাদের পরিবারের সঙ্গে বাস করে ঠিকই, কিন্তু কিছু মানুষকে চলে যেতে হয় ওল্ড পিপল’স হোমে। সোজা কথায়, বৃদ্ধাশ্রমে।
সে রকমই একটা বৃদ্ধাশ্রমের নাম লি পেং ওল্ডেজ হোম। কোভিডের সময় খুব খারাপ অবস্থা হয়েছিল এই জায়গাগুলোর। মারা গিয়েছিলেন অনেক বৃদ্ধ-বৃদ্ধাই। কাজ ছেড়ে চলে গিয়েছিল অনেক স্টাফ। কিছু কিছু ওল্ডেজ হোম বন্ধও হয়ে গিয়েছিল।
তারপরে শুরু হয়েছে ঘুরে দাঁড়ানোর লড়াই। নতুন স্টাফ নিয়ে কয়েকটা ওল্ডেজ হোম কাজ শুরু করে দিয়েছে। সে রকমই একটা হোমের নাম লি পেন হোম। এখানেই কাজ করে চিং।
তবে সে শিজিজুংয়ের বাসিন্দা নয়। তার বাড়ি বেজিংয়ে। মাস আটেক আগে সে এই হাবেই প্রভিন্সে এসেছে ওল্ডেজ হোমে কাজ নিয়ে। কাজটা তার দরকার। তা ছাড়া যে টাকাটা এই কাজের জন্য সে পাচ্ছে, সেটা তার মায়ের ব্যয়বহুল চিকিৎসার খরচে লাগছে। তবে শুধু ওল্ডেজ হোমে কাজ করার জন্য অত টাকা পাচ্ছে না চিং। সে আরও একটা কাজ করছে। সেই কাজটার জন্যই তার শিজিজুয়েং আসা।
কাছেই একটা অ্যাপার্টমেন্টে রুম শেয়ার করে থাকে চিং। সকালে চলে যায় হোমে। ছুটি হতে হতে বিকেল। তাদের হোম থেকে চাংচেং নর্থ অ্যাভেনিউটা বেশি দূরে নয়। হেঁটেই চলে যাওয়া যায়। মাঝে মাঝে সে দিকটায় যায় চিং। ওখানে একটা পার্কের বেঞ্চে বসে পায়রাদের দানা খাওয়ায়। আর এক বয়স্ক মানুষের সঙ্গে গল্প করে।
তারপরে ফিরে যায় নিজের অ্যাপার্টমেন্টে। এই ভাবেই জীবন চলছে তার। অবশ্য মাঝে মাঝে আর একটা কাজ করতে হয় তাকে।
কখনও কখনও ঘরে ফেরার আগে স্থানীয় একটি মলে যায় চিং। অল্পসল্প কেনাকাটা করে, কখনওসখনও ফুডকোর্টে বসে টুকটাক খেয়েও নেয়। খুবই স্বাভাবিক ঘটনা।
আর এই স্বাভাবিক ঘটনা ঘটার ফাঁকেই মাঝেমাঝে সে একটা অস্বাভাবিক কাজও করে। খাওয়া হয়ে যাওয়ার পরে ন্যাপকিনটা বদলে দেয় চিং। নিজের কাছে আনা একটা ন্যাপকিন টেবিলে রেখে দেয় দলা পাঁকিয়ে। বিশেষ এক জন কর্মচারী এসে সেই টেবিলটা পরিষ্কার করে দেয়। তুলে নিয়ে যায় ন্যাপকিনটা। ওই কর্মচারীকে দেখতে পেলে তবেই ন্যাপকিনটা বদলায় চিং।
এই লোকটার নাম সে জানে না। প্রথম দিন তাকে শুধু চিনিয়ে দেওয়া হয়েছিল লোকটাকে। নাম না জানলেও সে বুঝেছিল, লোকটা ভারতীয়। এই রকম দেশ-বিদেশের অনেক লোকই ছোটখাটো কাজ করে এখানে। এতেও অবাক হওয়ার কিছু নেই।
আজও সেই অস্বাভাবিক কাজটা করল চিং। ন্যাপকিনটা বদলে দিল।
লোকটা এসে খাবারের প্লেটের সঙ্গে তুলে নিল ন্যাপকিনটাও।
রাতে সেই ন্যাপকিনে লেখা কোডেড মেসেজটা পৌঁছে গেল নায়ারের কাছে। বার্তাটা সংক্ষিপ্ত, কিন্তু উদ্বেগজনক। লেখা রয়েছে-
পায়রা আর দানা খেতে আসছে না!
