প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৩৩. অন্তরালে

৩৩. অন্তরালে

এমইএ কমপ্লেক্স, চাণক্যপুরি, নয়াদিল্লি, সেপ্টেম্বর, ২০২১

থরথর করে কাঁপছিল লোকটা। সামনে রাখা হুইস্কির বোতলটা প্রায় ফাঁকা করে এনেছে সে। পাশের ঘরে স্ত্রী আর মেয়ে ঘুমিয়ে পড়ার পরে সে উঠে এসেছে ড্রয়িংরুমে। দু’ঘণ্টা ধরে মদ খেয়ে চলেছে লোকটা। সে এত সাহসী নয় যে ঠান্ডা মাথায়, প্রকৃতিস্থ অবস্থায় কাজটা করতে পারবে। অ্যালকোহলই পারে তাকে দিয়ে এই কাজটা করাতে।

টেবিলে রাখা প্যাকেটটা থেকে সে বার করে এনেছে ছবিগুলো।

বছরখানেক আগের ছবি। দু’টো লোক একান্তে কথা বলছে। দু’জনের মুখই বোঝা যাচ্ছে পরিষ্কার। একজন, সে নিজে। অন্যজন, এক লস্কর অপারেটিভ। কিছুদিন আগে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে।

ছবিগুলো দেখলেই বোঝা যায়, তারা দু’জনে গভীর আলোচনায় ডুবে। এই একটা ছবিই তাকে অনেক বছরের জন্য জেলে পাঠিয়ে দিতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। গোটা তিনেক ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে। তার স্ত্রী এবং শ্যালকের নামে। যেখানে নিয়মিত ব্যবধানে ভাল পরিমাণ অর্থ জমা পড়েছে। আলাদা করে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখলে হয়তো কিছু বোঝা যাবে না, কিন্তু ছবিটা আর এই স্টেটমেন্ট পাশাপাশি রাখলে সব পরিষ্কার হয়ে যাবে। একটু খোঁড়াখুঁড়ি করলেই বেরিয়ে আসবে সত্যটা।

আর তারপরে আছে সেই হুঁশিয়ারিটা—

‘অক্ষরে অক্ষরে আমাদের কথা মেনে চলো। না হলে এই ছবি আর ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশের কাছে চলে যাবে। তখন লজ্জায় এমনিতেই তোমায় আত্মহত্যা করতে হবে। আর তোমার বউ-মেয়ের লাশ পড়ে থাকবে দিল্লির রাস্তায়। আর যদি আমাদের কথা মতো চলো, তোমার বউ-মেয়ের কোনও ক্ষতি হবে না।’

কথাগুলো শুনতে শুনতে সে বুঝে গিয়েছিল, এই দাবা খেলায় তাকে একটা বোড়ের মতোই ব্যবহার করা হচ্ছে। রাজা-রানিকে রক্ষা করার জন্য একজন দাবাড়ু বিনা দ্বিধায় বোড়েকে বলি দিয়ে দেবে। ম্যাচ জেতার জন্য একটা বোড়ের বলিদান খুবই মামুলি ব্যাপার!

সে বুঝেছিল, তার সামনে আর কোনও রাস্তা নেই। এদের কথা না শুনলে চরম লজ্জা আর অপমানের শিকার হয়ে তাকে জেলে যেতে হবে। এও জানত, এরপরে তার বউ এবং মেয়ের লাশটা সত্যিই পড়ে থাকবে দিল্লির কোনও রাস্তায়। এরা ভয়ঙ্কর লোক। এদের হাত থেকে তাকে বাঁচানোর মতো কেউ নেই।

ওদের ব্যাপারে তার কাছে এমন কোনও খবরও নেই যে ভারত সরকার আগ্রহী হবে তাকে প্রোটেকশন দিতে। সে প্রায় কিছুই জানে না ওদের সম্পর্কে। শুধু টাকার বিনিময়ে কিছু খবর এ পাশ থেকে ও পাশ করেছে।

সে বুঝে গিয়েছিল, রাস্তা একটাই। সে রাস্তায় হাঁটলে অন্তত বউ-মেয়ের জীবন বাঁচবে। না হলে সবাইকেই মরতে হবে কোনও না কোনও ভাবে। আর যখন তার কুকীর্তি ফাঁস হয়ে যাবে, তখন সে কী করে গিয়ে দাঁড়াবে বৌ-মেয়ের সামনে! বউ- মেয়েকে ভাল রাখতেই তো তার বাড়তি টাকার প্রয়োজন হয়ে পড়েছিল।

আর ভাবতে পারল না লোকটা। বোতলের শেষ সোনালি তরল পদার্থটা ঢেলে দিল গ্লাসে। তার পরে মুখ বিকৃত করে এক চুমুকে ফাঁকা করে দিল গ্লাসটা।

টেবিলের উপরে রাখা প্যাড আর পেনটা টেনে নিয়ে খসখস করে কয়েকটা কথা লিখল লোকটা। যেগুলো তাকে লিখতে বলা হয়েছে। তারপরে টলমল পায়ে এগিয়ে চলল ব্যালকনির দিকে। একবার ভেবেছিল, বউ-মেয়েকে শেষবার দেখে নেয়। কিন্তু সেই সাহস আর হল না। ওদের মুখ দেখলে যদি শক্তিটা হারিয়ে ফেলে, তা হলে? তা হলে কী ভয়ঙ্কর পরিণতি হবে, সেটা ভাবতেও পারছিল না লোকটা।

টলমল পায়ে এগিয়ে এসে দরজাটা খুলল সে। তারপরে এসে দাঁড়াল খোলা ব্যালকনিটায়। কোমর পর্যন্ত রেলিং দেওয়া। তার ওপরটা খোলা। সেই বারান্দায় দাঁড়িয়ে একবার বুক ভরে শ্বাস নিল লোকটা। জল গড়িয়ে পড়ল দু’চোখ বেয়ে।

তারপরে চারতলার ব্যালকনির ওপর থেকে ছুড়ে দিল শরীরটা!

.

পরের দিন ভোরের আলো ফোটার অল্প পরেই খবরটা পৌঁছে গেল নিশান্ত অরোরার কাছে। ক্যাবিনেট সেক্রেট্যারিয়াটের সঙ্গে যুক্ত এক আইএএস অফিসার আত্মহত্যা করেছে। সন্দেহ করা হচ্ছে, লোকটা লস্করদের খবর পাচার করত।

মিনিট পাঁচেকের মধ্যেই সুদর্শনকে ফোনে পেয়ে গেলেন অরোরা। এনআইএ চিফ আরও একটু বিশদে বলতে পারলেন ব্যাপারটা।

ঘটনাটা ঘটেছে গত কাল রাত দু’টো নাগাদ। ওই সময় আওয়াজ পেয়ে দৌড়ে যায় নিরাপত্তারক্ষীরা। তখনই জানা যায় ব্যাপারটা।

ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে সুইসাইড করেছে এক আমলা।

‘এই কি সেই মোল? যে চিনকে খবর পাচার করছিল?’

‘হতে পারে,’ অরোরার প্রশ্নে জবাব দিলেন সুদর্শন, ‘যে র‍্যাঙ্কে চাকরি করছিল, তাতে অনেক কিছু খবর জোগাড় করা সম্ভব ছিল লোকটার পক্ষে। এবার সব ভাল করে দেখতে হবে। ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে।’

‘সুইসাইড করল কেন?’ অরোরার প্রশ্নের উত্তর দিতে একটু সময় নিলেন সুদর্শন, ‘ওর ঘরে কয়েকটা ছবি পাওয়া গিয়েছে। লস্করের এক অপারেটিভের সঙ্গে। ব্যাঙ্ক স্টেটমেন্টও পেয়েছি। আর একটা সুইসাইড নোট যাতে লেখা— ‘বিশ্বাসঘাতকতার বোঝাটা আর নিতে পারছি না।’

‘কেউ ব্ল্যাকমেল করছিল?’

‘এখনও পরিষ্কার নয়। দেখা যাক।’

.

পরের সাত দিনে আরও খবর সামনে আসতে লাগল। লোকটার পার্সোনাল ল্যাপটপে আরও কিছু তথ্য পাওয়া গেল। ক্যাবিনেট সেক্রেটারি স্বীকার করলেন, মৃত ব্যক্তিটি তাঁর খুবই ঘনিষ্ঠ ছিল এবং লোকটির পক্ষে তাঁর পার্সোনাল কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করা খুব কঠিন নয়। তবে তিনি এটাও জানালেন, প্রফেসরকে কোথায় রাখা হয়েছে, সেটা তিনি এই লোকটির সঙ্গে আলোচনা করেননি।

মিডিয়ায় অবশ্য এতসব কথা লেখা হয়নি। সেখানে শুধু লেখা হয়েছে, একজন আইএএস অফিসার আত্মহত্যা করেছেন। কারণ স্পষ্ট নয়। সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে ঘটনাটা আত্মহত্যাই বলে জানিয়েছে পুলিশ।

পুরো ঘটনাটা অভিমন্যুকে শুনিয়ে প্রশ্ন করলেন অরোরা, ‘কী মনে হচ্ছো তোমার?’

‘চিনের সঙ্গে লোকটার কোনও যোগসূত্র পাওয়া গেল?’

‘না। তবে লস্করের সঙ্গে আছে। লোকটা যে খবর পাচার করত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দুটো ব্যাঙ্কের অ্যাকাউন্টে বেনামে প্রচুর টাকা ঢুকেছে।’

অভিমন্যু চুপ করে রইল সামান্য সময়। তারপরে বলল, ‘কিন্তু লোকটা সুইসাইড করল কেন? আপনারা বলছেন, ব্ল্যাকমেল করছিল কেউ। সেটা যদি হয়, তবে লস্করের কেউ নিশ্চয়ই নয়। করলে লোকটার পরিচিত কেউ করবে। যে লোকটার থেকে টাকা হাতানোর প্ল্যানে ছিল। ‘

‘সে রকমই তো মনে হচ্ছে।’

‘আরও একটা প্রশ্ন,’ অভিমন্যুর ভ্রু দুটো কোঁচকানোই আছে। ‘ব্ল্যাকমেল করলে টাকা দিয়ে দিলেই তো পারত। একেবারে সুইসাইড করল!’

অরোরাও চুপ করে থাকলেন। তাঁর মনেও একটা কাঁটা বিঁধছে।

প্রসঙ্গে বদলে অভিমন্যু বলে উঠল, ‘প্রফেসরকে যে দু’জনের ছবি দেখানো হয়েছিল, তাদের চিহ্নিত করা গিয়েছে?’

‘ও হ্যাঁ, তোমাকে বলা হয়নি,’ বলে ড্রয়ার থেকে একটা খাম বার করে অভিমন্যুর দিকে এগিয়ে দিলেন অরোরা। ‘এর মধ্যে একজনকে তুমিও চিনবে।

আগে ছবি দুটো দেখেনি অভিমন্যু। খাম থেকে বার করে চোখ বুলিয়ে নিয়ে বলল, ‘একজন তো এমএসএস চিফ। অন্যজন কে জানা গেল?’

একটা দীর্ঘশ্বাস ফেলে অরোরা জবাব দিলেন, ‘ম্যান্ডারিন ডেস্ক থেকে খবর পাঠিয়েছে। দ্বিতীয় লোকটা হল এমএসএসের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসাসিন। সবচেয়ে মারাত্মক টর্চারার। সবচেয়ে দামি এজেন্ট। ওর আসল নাম কেউ জানে না। কোডনেম জিয়ান। ‘

‘জিয়ান? মানে ওদের ভাষায় তলোয়ার?’

‘দু’মুখোওয়ালা!’ জবাব দিলেন অরোরা। তারপরে বললেন, ‘প্রফেসর ওয়াং লি-র কথা মতো এই জিয়ান পুরো ব্যাপারটা জানে। কে বলতে পারে, ও-ই হয়তো অপারেশন চিয়াংকে লিড করছে।

অভিমন্যু কোনও জবাব দিল না। তার চোখের সামনে শুধু ভেসে উঠল প্রফেসরের মুখটা।

.

দিল্লি গল্ফ ক্লাব।

জনাতিনেক লোকের সঙ্গে এ দিন দেখা করতে এসেছিলেন চিনের সেকেন্ড সেক্রেটারি। তবে নিতান্তই কার্টসি ভিসিট। দু’দেশের সম্পর্কের হাল যাই হোক না কেন, কূটনৈতিক মহলে মাঝে মাঝে দু’পক্ষকে এই ধরনের যোগাযোগ রাখতেই হয়।

ঘণ্টাখানেক চলল আড্ডাটা। তারপরে বিদায় নিয়ে চলে গেল দু’জন।

তিন নম্বর লোকটার দিকে তাকিয়ে সেকেন্ড সেক্রেটারি বললেন, ‘আপাতত এটাই আমাদের শেষ দেখা। প্ল্যান তো আপনারা সব জানেনই। তৈরি থাকবেন। নিজেরাই বুঝে যাবেন, কখন প্ল্যান কাজে লাগাতে হবে।’

লোকটা একটা লম্বা চুমুক দিল মদের গ্লাসে। তার পরে বলল, ‘একজন আইএএস অফিসার সুইসাইড করেছে। ভারত সন্দেহ করছে, ওই লোকটাই খবর পাচার করত।’ খুব কমই হাসেন সেকেন্ড সেক্রেটারি। এ দিন সামান্য হাসলেন, ‘দাবা খেলায় বোড়েকে স্যাক্রিফাইস না করলে গেম কি জেতা যায়?’

‘তা তো বটেই, তা তো বটেই,’ দ্রুত মাথা নাড়লেন ভারতীয়টি। তারপরে বললেন, ‘প্রফেসরের মৃত্যুতে ভারত কিন্তু কেঁপে গিয়েছে। ওরা বুঝতেই পারছে না, কোথা দিয়ে আক্রমণ আসবে। ভয়ঙ্কর এক মহামারীর আশঙ্কায় ওদের ঘুম ছুটে গিয়েছে। এটাই সময় চরম আঘাত হানার।’

‘ঠিক সময়ই আঘাতটা আসবে,’ সামান্য হেসে বললেন চিনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি।

‘আমাদের ব্যাপারটা মনে আছে তো? আমাদের কোনও ক্ষতি হবে না তো?’

‘পাগল নাকি! এত বড় বাজারের ক্ষতি আমরা করতে পারি নাকি! মনে রাখবেন, রাজনীতির সঙ্গে ইকোনমি এখন সব দিক দিয়ে জড়িয়ে গিয়েছে। বরং বলা ভাল, অর্থনীতি পিছনে ফেলে দিয়েছে রাজনীতিকে।’

কথা শেষ করে সামনের লোকটার দিকে একবার তাকালেন সেকেন্ড সেক্রেটারি। তার পরে একটু সামনে ঝুঁকে এসে গলাটা আরও নামিয়ে বললেন, ‘ভারত ভাবতেও পারবে না, আক্রমণ কোন দিক থেকে আসবে।’

স্বস্তির শ্বাস ফেলল লোকটা। আর সময় নষ্ট করলেন না সেকেন্ড সেক্রেটারি। উঠে পড়লেন তিনি। বেশ কয়েক মাস এই দিল্লি গল্ফ ক্লাবে আর আসা হবে না তাঁর।

গাড়িতে ওঠার সময় ওই ভারতীয় লোকটার একটা কথা তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছিল—

‘ইটস টাইম টু স্ট্রাইক। এটাই সময় চরম আঘাত হানার।’

সময় সত্যি এসে গিয়েছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *