৩৯. নতুন চাল
রোম-ভ্যাটিকান, ২৫ অক্টোবর, ২০২১
চিনা দূতাবাস, রোম। ২৫ অক্টোবর, সকাল এগারোটা।
তখনও ইটালির ইন্টার্নাল সিকিউরিটির ডেপুটি ডিরেক্টরের ফোনটা পায়নি অভিমন্যু। তখনও কার্ডিনালের কথাটা জানা হয়নি তার। তার আগেই চিনা দূতাবাসে অন্য নাটক শুরু হয়ে গিয়েছে।
ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিল জিয়ান। রাগে দপদপ করছে তার কপালের শিরা।
আবার একটা ভুল পদক্ষেপ করেছে সে। এই ভুলের ধাক্কা কত বড় হবে, বুঝে উঠতে পারছিল না এমএসএস এজেন্ট।
ছবিটার থেকে চোখ তুলে উল্টো দিকে বসে থাকা রেমন্ডের দিকে তাকিয়ে প্রশ্ন করল জিয়ান—
‘কী জানলে এই লোকটা সম্পর্কে?’
সকালেই খবরটা চলে এসেছিল রেমন্ডের কাছে। পাঠিয়েছে রোমের চারটে ‘শ্যাডো চাইনিজ পুলিশ স্টেশন’-এর একটি।
খবরটা হল, জিয়ান সম্পর্কে খোঁজখবর করছে ইটালির ইন্টেলিজেন্স এজেন্সি! এক ভারতীয় দেখা করেছে এজেন্সির ডেপুটি ডিরেক্টরের সঙ্গে। তাকে একটা ছবি দিয়েছে। সেই ছবিটা দেখিয়েই খোঁজখবর নেওয়া শুরু হয়েছে।
দু’টো ছবি তাকে পাঠানো হয়েছে। যার একটা এখন জিয়ানের হাতে।
শ্যাডো চাইনিজ পুলিশ স্টেশন!
বিশ্বজুড়ে এই রকম কত চিনা পুলিশ স্টেশন ছড়িয়ে আছে, তার ইয়ত্তা নেই। এই ‘শ্যাডো চাইনিজ পুলিশ স্টেশন’-এর ব্যাপারটা ফাঁস করে দেয় ‘সেফগার্ড ডিফেন্ডার্স’ বলে একটি স্প্যানিশ মানবাধিকার সংস্থা। তাদের রিপোর্ট অনুযায়ী, পুরো ইউরোপের মধ্যে ইটালিতেই সবচেয়ে বেশি আছে এই চিনা শ্যাডো পুলিশ স্টেশন। ১১টা। রোম, সিসিলি, ভেনিস, বোলজানো, প্রাতোর মতো শহরে ছড়িয়ে আছে চিনাদের ঘাঁটি। গোটা ইউরোপে এখনও পর্যন্ত ৪৮টা এই রকম পুলিশ ঘাঁটির সন্ধান পেয়েছে ওই মানবাধিকার সংস্থা।
দু’দেশের সরকারের সমঝোতার ফলেই এই শ্যাডো পুলিশ স্টেশনগুলো তৈরি হয়। যেমন বলা হচ্ছে, ২০১৬ সালে ইটালি আর চিন সরকারের যৌথ উদ্যোগে এই দেশে তৈরি হয় চিনা পুলিশ স্টেশন। প্রথমটা হয়েছিল মিলানে। তার পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।
এই চিনা শ্যাডো পুলিশ স্টেশনগুলোর প্রাথমিক কাজ হল বিদেশে থাকা চিনাদের উপরে নজরদারি করা। এবং, চাপ সৃষ্টি করে তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া।
দু’দেশের সরকারি মদতে তৈরি হওয়া এই ধরনের পুলিশ স্টেশনে শুধু চিনারাই থাকে না, সংশ্লিষ্ট দেশের পুলিশকর্মীরাও বেসরকারি ভাবে জড়িয়ে যায়।
রোমেও তার ব্যতিক্রম হয়নি। এই শহরে যে শ্যাডো পুলিশ স্টেশন আছে, তার কর্মীদের সঙ্গে ইটালিয়ান পুলিশের বেশ খাতিরও আছে। মোটা অর্থের বিনিময়ে তাদের কেউ কেউ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে থাকে চিনাদের।
সেই শ্যাডো পুলিশ স্টেশনের চিফই পাঠিয়েছে রিপোর্টটা। আর ছবি দু’টো। অরিজিনাল ছবির কপি
যা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ফোন করে জিয়ানকে চলে আসতে বলে রেমন্ড। ব্যাপারটা তার একদমই ভাল লাগছে না। ইন্ডিয়ার একটা লোক কেন জিয়ানের খোঁজ নিচ্ছে! তাও এই সময়ে!
‘লোকটাকে চিনতে পারলে?’ চর মারফত যে খবরটা সে পেয়েছে, সেটা জিয়ানকে জানিয়ে প্রশ্ন করল রেমন্ড।
আরও একবার ঘৃণাভরা দৃষ্টিতে ছবিটার দিকে তাকাল জিয়ান। লোকটাকে সে চেনে না। কিন্তু ওই রকম ঠান্ডা দৃষ্টি, ওই রকম স্কোয়ার চোয়াল দেখে লোকটাকে তার এক্স- মিলিটারি বলে মনে হচ্ছে। যেটা হওয়া খুবই স্বাভাবিক। সম্ভবত ‘র’-এর এজেন্ট। কয়েকটা দিন হাতে থাকলে তার টিমকে কাজে লাগিয়ে লোকটার পরিচয় বার করে ফেলত জিয়ান। কিন্তু এখন আর সেই সময় নেই।
‘চিনি না, কিন্তু আন্দাজ করতে পারছি কে
‘তোমার ছবি ওরা পেল কী করে?’
সেটাও ঠিক বুঝতে পারছিল না জিয়ান। তারপরে বলল, ‘আমার যে ছবিটা লোকটা দিয়েছে, সেটা পাওয়া যাবে?’
ড্রয়ার থেকে দ্বিতীয় ছবিটা বার করে জিয়ানের দিকে এগিয়ে দিল রেমন্ড।
কয়েক মুহূর্ত ছবিটা জরিপ করে নিল জিয়ান। তার পরে চোয়ালটা কঠিন হয়ে গেল এমএসএস এজেন্টের।
ছবিটা সে চিনতে পেরেছে। এটা সেই হাবেইয়ের ছবি। যখন চিং নামের ওই মেয়েটাকে তুলে আনতে নিজে গিয়েছিল সে।
মনে মনে নিজেকেই গালাগালি করল জিয়াং। সে সাধারণত এই ধরনের অপারেশনে যায়ই না। কিন্তু সে সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে, নিজেই চলে গিয়েছিল। নিশ্চয়ই ভারতের এজেন্টরা লক্ষ্য রেখেছিল মেয়েটার উপরে। তার ছবিটাও পেয়ে যায় ওখানে।
‘কী কী জেনেছে লোকটা?’ রেমন্ডের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল জিয়ান।
‘তুমি এখানে কী করছ, কার সঙ্গে দেখা করছ, এই সব নিয়ে খোঁজখবর করেছে ইটালির পুলিশ।’
‘কার্ডিনালের সঙ্গে দেখা হওয়ার ব্যাপারটা কি ওরা জেনে গিয়েছে?’
‘খারাপটাই ধরে নিতে হবে আমাদের,’ গম্ভীর মুখে বলল রেমন্ড। তার মাথায় আরও একটা ভাবনা ঘুরছে। এই ব্যাপারটা এমএসএস চিফকে রিপোর্ট করবে কি না।
‘ঠিক আছে, জানলেও ক্ষতি হবে না। এত অল্প সময়ে কার্ডিনালকে ওরা কিছু করতে পারবে না। কিন্তু আমাদের প্ল্যানটা বদলাতে হবে। ওরা তো আর জানে না, আমাদের কাছে এই খবরটা পৌঁছে গিয়েছে। এবার আর একটা চাল চালতে হবে।’
কোনও জবাব দিল না রেমন্ড। জিয়ান বলে চলল—
‘২৯ নয়, ২৬ তারিখই ভাইরাসের ভায়ালটা কার্ডিনাল ওর সঙ্গীর হাতে তুলে দেবে। এরপরে সেই সঙ্গীর আর বেরনোর প্রয়োজন হবে না অ্যাপোস্টলিক প্যালেস থেকে। আর তুমি কার্ডিনালকে বলে দেবে, কয়েকদিনের জন্য আত্মগোপন করে থাকতে।’
‘কবে ভায়ালটা হ্যান্ডওভার করতে চাও?’
‘আজ বিকেলের মধ্যেই। আর একটা প্ল্যান আছে।’
বলে রেমন্ডের দিকে ঝুঁকে এল জিয়ান। মিনিট পনেরো লাগল পরিকল্পনাটা বোঝাতে। সব শোনার পরে গম্ভীর হয়ে গেল রেমন্ডের মুখ। ব্যাপারটা তার একদমই ভাল লাগছে না। জিয়ান উঠতে যাচ্ছিল, তার আগে রেমন্ড প্রশ্ন করল, ‘আর এই ভারতীয় এজেন্টটার কী করবে? সরিয়ে দেবে?’
একটু ভাবল জিয়ান। তারপরে বলল, ‘এখনই লোকটার কিছু হয়ে গেলে ঝামেলা হতে পারে। সিকিউরিটি বিশাল বেড়ে যাবে। ভ্যাটিকান সফর বাতিল করে দিতে পারে ভারতের প্রধানমন্ত্রী। তখন সমস্যা হয়ে যাবে। তখন টার্গেট করতে হবে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সকে। কিন্তু হাতে সময় প্রায় থাকবেই না।’
‘তা হলে কী করতে চাও?’
‘আপাতত দু’টো লোককে লাগিয়ে দাও নজর রাখার জন্য। কোথায় কী করছে, সব খবর চাই। আর তুমি কার্ডিনালের সঙ্গে যোগাযোগ করে নাও। আমি সব ঠিক করে দু’টো নাগাদ আসছি।’
.
জিয়ান বেরিয়ে যাওয়ার পরে দুটো ফোন করল রেমন্ড। একটা কার্ডিনালকে। সাড়ে চারটের সময় দেখা করতে হবে রোমের একটি নির্দিষ্ট জায়গায়। দ্বিতীয় ফোনটা গেল শ্যাডো পুলিশ স্টেশনের চিফকে। একটা সহজ নির্দেশ দিয়ে।
ভারতীয় এজেন্টের পিছনে লোক লাগিয়ে দাও। কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে— সব রিপোর্ট চাই।
.
আড়াইটে নাগাদ জিয়ান যখন ফিরে এল চিনা দূতাবাসে, তার পিছনে মারিনোর পাঠানো লোক লেগে গিয়েছে। জিয়ানকে সে দূতাবাসে ঢুকতে দেখল, কিন্তু জানল না হাতের কালো ব্রিফকেসটার মধ্যে কী আছে।
‘কখন দেখা করবে কার্ডিনাল?’
‘সাড়ে চারটে।’ জবাব দিল রেমন্ড।
‘ঠিক আছে। সব নির্দেশ তোমার মনে আছে তো?’
মাথা নেড়ে হ্যাঁ বলল রেমন্ড।
‘ফাইন। তিনটের সময় আমি এম্ব্যাসি থেকে বেরিয়ে যাব। তারপরে প্ল্যান মাফিক কাজ করবে তুমি।’
কথা শেষ করে ব্রিফকেসটা খুলে একটা ছোট্ট বাক্স রেমন্ডের দিকে এগিয়ে দিল জিয়ান। কাঁপা হাতে ভায়ালের বাক্সটা নিল রেমন্ড।
‘অত ভয়ের কিছু নেই,’ একটু বাঁকা হেসে বলল জিয়ান, ‘এই বাক্স আর ওই ভায়ালের মধ্যে ভাইরাসটা পুরো সেফ। কারও কোনও ক্ষতি করবে না। দূতাবাসের মেডিসিন ব্যাগের সঙ্গেই চিন থেকে ইটালি এসেছে প্যাকেজটা। কোনও ভয় নেই। এবার প্ল্যানমাফিক কাজ করো।’
.
জিয়ানের প্ল্যানটা খুবই সহজ ছিল। প্রতিপক্ষকে ভুল দিকে ঠেলে দেওয়া।
ঠিক সাড়ে তিনটের সময় দূতাবাসের বড় গেটটা দিয়ে বেরিয়ে এল জিয়ান। হোটেল থেকে সে এসেছিল ট্যাক্সিতে। এ বার হাঁটতে লাগল রাস্তা ধরে।
মিনিট পাঁচেক চলার পরেই জিয়ান বুঝে গেল, পিছনে লোক লেগেছে। লোকটা হয় একেবারেই অপেশাদার বা কাজে মন নেই। নিজেকে গোপন করার বিশেষ চেষ্টাও করছে না। জিয়ান ধীরে ধীরে হাঁটার গতি বাড়িয়ে দিল।
মিনিট দশেক পরে দূতাবাসের পিছনের গেটে গিয়ে দাঁড়াল রেমন্ড। রোমের আবহাওয়াটা এখন বেশ ভাল। তাপমাত্রা ওই ২০-২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আগেই নিজের পোশাক বদলে ফেলেছিল রেমন্ড। পরিচিত কালো স্যুটে নয়, একটা নীল রংয়ের ফুল স্লিভ শার্ট, কালো কার্গো পরে বেরিয়ে এল সে। মাথার সান হ্যাটটা মুখ পর্যন্ত নামানো। সিসিটিভিতে চট করে বোঝা যাবে না, কে যাচ্ছে। তার পরে দ্রুত হাঁটা দিল জিয়ানের উল্টো পথে।
মিনিট দশেক হাঁটার পরেই ফোনটা বেজে উঠল রেমন্ডের। স্টেশন চিফ ফোন করেছে।
‘গাড়িটা রাস্তার বাঁ পাশে রয়েছে। নিশ্চিন্তে উঠে যান। কেউ আপনাকে ফলো করেনি।’
রেমন্ড একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জিয়ানের প্ল্যানটা কাজে দিচ্ছে। শত্রুর নজর অন্যদিকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে জিয়ান।
তাদের হাতে সময় খুব কম। শত্রুপক্ষ ভাল করে খেলতে নামার আগেই বেশ কয়েক পা এগিয়ে যেতে হবে। না হলে এই ম্যাচ জেতা যাবে না।
গাড়িতে উঠে ড্রাইভারকে গন্তব্যস্থলের ঠিকানাটা বলে সিটে হেলান দিল রেমন্ড।
ওরা জিয়ানের পিছনে লোক লাগিয়েছে। সেটা রেমন্তরা জেনে ফেলেছে। কিন্তু রেমন্ড ও যে ওই ভারতীয় এজেন্টের পিছনে লোক লাগিয়েছে, সে খবর নিশ্চয়ই ওদের কানে যায়নি।
সত্যিই খবরটা পৌঁছয়নি অভিমন্যুর কাছে। তার গাড়িটা যখন ভ্যাটিকান সিটিতে ঢুকছে, পিছনে সেঁটে গিয়েছে লাল রংয়ের একটা ফিয়াট।
আরও একটা খবর জানতে পারেনি অভিমন্যু। সে ভ্যাটিকানে আসার আগেই সেখান থেকে রোমের দিকে রওনা দিয়ে দিয়েছেন কার্ডিনাল। অভিমন্যু যখন আর্মানিকে পুরো ঘটনা খুলে বলছে, রোমের একটা কাফেতে মুখোমুখি বসে রেমন্ড এবং কার্ডিনাল আলেসান্দ্রো।
‘খুব গুরুতর কিছু? জরুরি তলব যে? কোনও গণ্ডগোল হল কী?’ দুশ্চিন্তায় কালো হয়ে গিয়েছে কার্ডিনালের মুখ।
তাঁকে আশ্বস্ত করল রেমন্ড।
‘চিন্তার কোনও কারণ নেই। আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাই না। তাই আজই ভাইরাসের ভায়ালটা আপনাকে দিয়ে দেব। আর কাল আপনি সেটা আপনার কন্ট্যাক্টের হাতে তুলে দেবেন।
চমকে উঠলেন কার্ডিনাল। ‘ওই ভাইরাস থেকে যদি আগেই সংক্রমণ ছড়িয়ে পড়ে!’ ‘নিশ্চিন্ত থাকুন, ছড়াবে না। একটা ছোট কিন্তু সিকিওর কেসের মধ্যে আছে ভায়ালটা। কোল্ড কেস। কেসটা পড়ে গেলেও ভাঙবে না। একটা কোড দিয়েই খোলা যাবে। কোডটা আপনাকে জানিয়ে দেব।’
বলে পকেট থেকে ছোট্ট একটা পেনের বাক্সের মতো বাক্স বার করে আনল রেমন্ড। ‘এর মধ্যে ভাইরাসের ভায়ালটা আছে। আর একটা সিরিঞ্জ। আপনার এজেন্টকে কী বলবেন, সেটা মন দিয়ে শুনুন।’
কার্ডিনালকে ভাল করে সব বুঝিয়ে দিল রেমন্ড।
কালকেই ভায়ালটা তুলে দিতে হবে সেই এজেন্টের হাতে। কিন্তু ২৯ তারিখের আগে ব্যবহার করা যাবে না। তার আগে ভাইরাসের প্রকোপ ধরা পড়ে গেলে পুরো প্ল্যান ভেস্তে যাবে।
২৯ তারিখ রাতে পোপের বিছানায়, পোশাকে সিরিঞ্জ দিয়ে ওই ভায়ালের তরল পদার্থটা ছড়িয়ে দিতে হবে। নিজের শরীরেও ইঞ্জেক্ট করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ওই ব্রোঞ্জের ফলকে ভাইরাস সংক্রমিত তরলটা মাখিয়ে দেওয়া। ব্যস, আর কিছু করতে হবে না। সোজা ব্যাপার।
এত কথা শোনার পরেও চিন্তার ছাপটা যাচ্ছিলই না কার্ডিনালের মুখ থেকে। রেমন্ড আবার আশ্বস্ত করল তাঁকে, ‘আপনি চিন্তা করবেন না। আপনার এজেন্টকে ভাইরাসের ভায়ালটা দেওয়ার পরে আপনি রোমে চলে আসবেন। সেখানে আপনাকে প্রতিষেধকের ইঞ্জেকশনটা দেওয়া হবে। তারপরে আপনি ক’দিন ফ্রান্স বা সুইৎজারল্যান্ড ঘুরে আসুন। এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে। ফিরে এসে দেখবেন আপনার পোপ হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে।’
রেমন্ডের শেষ কথাটাই উড়িয়ে দিল কার্ডিনালের অস্বস্তি। সব কিছুকে ছাপিয়ে জিতে গেল লোভ।
টেবিলের তলা দিয়ে হাত বাড়িয়ে দিলেন কার্ডিনাল আলেসান্দ্রো!
আর্মানিকে যা বলার বলে অভিমন্যু যখন ভ্যাটিকান সিটি ছাড়ছে, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। আর্মানি কথা দিয়েছে, এখন থেকে ২৪ ঘণ্টা নজর রাখা হবে কার্ডিনালের উপরে। কিন্তু অভিমন্যু জানতেও পারল না এই ভয়ঙ্কর খেলায় ভারত ইতিমধ্যেই বেশ কয়েক পা পিছিয়ে পড়েছে।
ভাইরাসের ভায়াল তত ক্ষণে চলে এসেছে ভ্যাটিকান সিটিতে!
.
ভ্যাটিকান সিটি থেকে বেরনোর পরে ড্রাইভারের রিয়ার ভিউ উইন্ডোতে আবার দৃশ্যটা দেখতে পেল অভিমন্যু। পিছনের সিটে বসেও দেখতে সমস্যা হল না। তার ট্রেনিং তাকে এই সব খুঁটিনাটির দিকে লক্ষ্য রাখতে শিখিয়েছে।
আবার সেই লাল ফিয়াটটা পিছন পিছন আসছে।
ভ্যাটিকান সিটিতে আসার সময় গাড়িটাকে দেখেছিল অভিমন্যু। কাফে থেকে কিছুটা দূরেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। এখন আবার দেখা গেল। নম্বরটা সে দেখেনি ঠিকই, কিন্তু গাড়িটা চিনতে পেরেছে।
তার ট্রেনিং একটা শিক্ষা দিয়েছে অভিমন্যুকে।
প্রথম ঘটনা হঠাৎ ঘটতে পারে। সেই ঘটনা দ্বিতীয় বার ঘটলে, সেটাকে কাকতালীয় বলাও যেতে পারে। কিন্তু তিন বার যদি একই ঘটনা ঘটে, তা হলে মানে একটাই—
বিপদ!
