২০. অনড় পোপ
ভ্যাটিকান সিটি। মার্চ, ২০২১
অ্যাপোস্টলিক প্যালেস। ভ্যাটিকান সিটির প্রাণকেন্দ্র।
অ্যাপোস্টলিক প্যালেসের প্রধান এলিভেটর করে চারতলায় উঠলে দেখা যাবে, ডানদিক এবং বাঁদিকে চলে গিয়েছে দু’টো করিডর।
বাঁদিকে ঘুরলে পোপের প্রাইভেট অ্যাপার্টমেন্ট। ডান দিকে ঘুরলে সেক্রেটারিয়াট অব স্টেট-এর অফিস। যেখান থেকে ভ্যাটিকানের সব প্রশাসনিক কাজ হয়ে থাকে।
প্রতিদিন প্রায় দু’শো মানুষ এই এলিভেটর থেকে নেমে ডান দিকের করিডর ধরে সেক্রেটারিয়াট অফিসের দিকে চলে যান। যাঁদের মধ্যে আছেন বিশপ, প্রিস্ট, সেক্রেটারি এবং আরও অনেকে।
সে দিনও ব্যতিক্রম হয়নি। একটা বড় অংশ ডানদিকে ঘুরে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু সে দিন বাঁদিকের করিডর ধরেও কেউ কেউ এগিয়ে গেলেন। পোপের প্রাইভেট অ্যাপার্টমেন্টের দিকে।
যেখানে আজ ডাকা হয়েছে এক জরুরি বৈঠক।
বৈঠকে আছেন কার্ডিনাল সেক্রেটারি অব স্টেট। যার অধীনেই কাজ করে সেক্রেটারিয়েট অব স্টেট। ভ্যাটিকান সিটির কোনও অলিখিত প্রধানমন্ত্রী যদি কেউ থাকেন, তা হলে তিনি এই কার্ডিনাল সেক্রেটারি। পোপের ডান হাত।
এ ছাড়া আছেন দু’জন আর্চবিশপ। প্রথম জনের অধীনে সেক্রেটারিয়েটের প্রথম সেকশন কাজ করে। এই আর্চবিশপকে বলা হয় ‘সাবস্টিটিউট’।
দ্বিতীয় সেকশনের দায়িত্বেও আছেন এক জন আর্চবিশপ। যাঁকে বলা হয়ে থাকে ভ্যাটিকান সিটির বিদেশমন্ত্রী। তাঁর কাজটা হল পোপের বিদেশনীতি গঠনে সাহায্য করা। পোপের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক কোন জায়গায় যাচ্ছে, তা দেখা।
রয়েছেন আরও আটজন কার্ডিনাল। যাদের মধ্যে কেউ কেউ ভ্যাটিকান সিটিতেই থাকেন। কেউ আবার এসেছেন বাইরে থেকে। পোপ যাঁদের নিজের হাতে বেছেছেন চার্চ এবং ভ্যাটিকান সিটির কাজকর্ম সামলানোর জন্য।
আর রয়েছেন বিশেষ দু’জন।
প্রথম জন, ভ্যাটিকানের নিরাপত্তার দায়িত্বে থাকা কোর অব জেনডারমেহরি-র প্রধান, ইন্সপেক্টর জেনারেল জানলুকা ভিয়েরি। সহজ কথায়, ভ্যাটিকান পুলিশের প্রধান।
দ্বিতীয় জন, ভ্যাটিকান সিক্রেট সার্ভিস বা ‘দ্য এনটিটি’-র প্রধান ব্রুনো আর্মানি।
পোপ ইদানীং অ্যাপোস্টলিক প্যালেসে থাকেন না। কিন্তু জরুরি মিটিং করতে বা কারও সঙ্গে দেখা করার জন্য এই প্যালেসকেই বেছে নেন।
সে দিনও এই বৈঠকের জন্য বেছে নিয়েছিলেন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টকে।
.
গত দেড় বছরে অনেক কিছুই বদলে দিয়েছে কোভিড। এই মারণরোগের থাবায় মৃত্যু হয়েছে পোপের ব্যক্তিগত চিকিৎসকের। পোপের অবশ্য দু’দফায় ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে।
কোভিড ছড়িয়ে পড়ার পরে পুরো ইটালির মতো ভ্যাটিকান সিটিকেও ঢেকে দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞার চাদরে। সেই নিষেধাজ্ঞা ধীরে ধীরে উঠছে। দৈনন্দিন কাজও শুরু হয়েছে।
দু’টো কারণে আজ ডাকা হয়েছে এই বৈঠক। এক, ভ্যাটিকানের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে। দুই, ভ্যাটিকান বা পোপের বিদেশ নীতির পর্যালোচনা করতে।
ঠিক সকাল দশটায় আশি পার করা মানুষটির হাত ধরে তাঁকে অ্যাপার্টমেন্টের বড় ঘরে এনে বসিয়ে দিলেন পোপের খাস বাটলার পাওলো লুইজ্জি। তার পরে সম্ভ্রমের সঙ্গে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালেন তিনি। পোপের যাবতীয় দায়িত্ব তাঁর উপরেই।
ঘরে উপস্থিত অতিথিবৃন্দের দিকে এক বার মাথা ঝুঁকিয়ে কথা বলা শুরু করলেন পোপ। মিনিট পনেরো কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করে তাঁর বাটলারের দিকে ফিরে ইঙ্গিতে জলের গ্লাস চাইলেন বয়স্ক মানুষটি।
পোপের ইশারা পাওয়া মাত্র পাওলো হাতটা তুলে ইঙ্গিত করলেন তাঁর সহকারীকে। অ্যাসিস্ট্যান্ট বাটলার লরেঞ্জো মুহূর্তের মধ্যে জলের গ্লাস হাতে এগিয়ে এল। তার পরে তুলে দিল পোপের হাতে।
গ্লাসে একটা চুমুক দিয়ে পোপ বলতে শুরু করলেন, ‘এবার বিদেশনীতি নিয়ে একটু আলোচনা করতে চাই। অক্টোবরে রোমে জি ২০ সামিট হবে। ওই সামিটে আসা কয়েক জন রাষ্ট্রনেতার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা আছে এই ভ্যাটিকান সিটিতে। এর পরেই গ্লাসগোয় ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমার যে বক্তব্য, তা পরিষ্কার করে রাষ্ট্রনেতাদের বুঝিয়ে দিতে চাই।’
ঘরে সামান্য নীরবতা। তার পরে একজন কার্ডিনাল প্রশ্ন করলেন, ‘আপনি কি গ্লাসগোয় ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যাওয়ার কথা ভাবছেন? ‘
মাথা নাড়লেন পোপ, ‘না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে আমি রেকর্ডেড মেসেজ পাঠাব। সেখানেই যা বলার বলে দেব।’
একটু অস্বস্তিকর নীরবতা। তারপরে আর এক কার্ডিনাল জানতে চাইলেন, ‘আপনি কি সরাসরি কোনও দেশকে অভিযুক্ত করতে চান পরিবেশ দূষণের জন্য?’
‘আমি একটা কথা পরিষ্কার বলে দিতে চাই,’ জলের গ্লাসে আর একটা চুমুক দিয়ে বললেন পোপ, ‘পরিবেশ দূষণের জন্য আমরা সবাই দায়ী। এগুলো সবই ম্যানমেড পলিউশন। কিন্তু বেশি করে দায়ী কয়েকটা দেশ। এই দেশগুলো কারা, সেটা তাদের কার্বন ফুটপ্রিন্ট দেখলেই স্পষ্ট হয়ে যায়। এই দেশগুলো যদি সতর্ক না হয়, তা হলে পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে।’
একটু দম নিয়ে নিলেন বৃদ্ধ মানুষটি। তারপরে বললেন, ‘এই দেশগুলোকে সতর্ক করে দিতে হবে। এদের থামাতে হবে। এই মুহূর্তে একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। নতুন কোনও বিপর্যয় এলে সেটা সামলানোর ক্ষমতা কিন্তু থাকবে না।’
পোপ থামলেন। ঘরের সবাই স্পষ্ট বুঝতে পারছিলেন, তাঁদের নেতা কোন দেশটির দিকে প্রধানত ইঙ্গিত করছেন। চিন!
কার্বন ফুটপ্রিন্টের হিসেব করা হয় একটা দেশ থেকে কত কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হচ্ছে, তা দেখে। ওই সময় চিন থেকে বছরে ১১ বিলিয়ন মেট্রিক টনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হচ্ছিল। পৃথিবীর পরিবেশ দূষণের মাত্রাকে যা অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল।
সবার মুখের দিকে তাকিয়ে পোপ তাঁর বক্তব্যের শেষ অংশটি বললেন, ‘শুধু রেকর্ডেড মেসেজ পাঠানোই নয়। আমি ঠিক করেছি, কয়েকটি বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারও দেব এই পরিবেশ দূষণ নিয়ে। সেখানেও সব খোলাখুলি বলব।’
ঘরে আবারও নেমে এল অস্বস্তিকর নীরবতা। এবার নীরবতা ভাঙলেন আর্চবিশপ জিওভানি। যাঁকে বলা হয় ভ্যাটিকানের বিদেশমন্ত্রী।
‘এর ফলে চিনের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক খারাপ হবে। এমনিতেই ওদের আন্ডারগ্রাউন্ড চার্চের ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা চলছে।’
বর্তমানে এক থেকে দেড় কোটি ক্যাথলিক রয়েছে চিনে। এই ক্যাথলিকদের অনেকেই আবার চিনের আন্ডারগ্রাউন্ড চার্চের সঙ্গে যুক্ত। যে অংশটাকে বারবার চিন সরকারের রোষের মুখে পড়তে হচ্ছে।
নিজের টেবিলের দিকে একবার তাকালেন পোপ। টেবিলের উপরে সাজানো রয়েছে একটি নারীর মূর্তি। লেডি অব শিশান। সাংহাইয়ে উচ্চারণ করা হয় জো শান। যার মানে হল, মাদার অব শিশান। চাইনিজ রোমান ক্যাথলিকরা ভার্জিন মেরিকে এই নামেই চিহ্নিত করে থাকেন।
পোপের অনেক দিনের ইচ্ছে একবার সাংহাইয়ে যাওয়া। সেখানকার মানুষের সঙ্গে কথা বলা। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তা আর সম্ভব হবে কি না, কে জানে।
‘আমার মাথায় আছে ব্যাপারটা,’ মূর্তির ওপর থেকে চোখ সরিয়ে জবাব দিলেন পোপ। ‘চিনের ক্যাথলিকরা অনেক যন্ত্রণা সহ্য করেছেন। কিন্তু ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাননি। ওঁদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। কিন্তু তা বলে অন্য কর্তব্যকে অবহেলা করে নয়।’
পোপ কেন এই কথাটা বললেন, তা কারও বুঝতে সমস্যা হল না। গত কয়েক বছরে চিন এবং ভ্যাটিকান সিটির সম্পর্ক উন্নত করার একটা চেষ্টা চলছে দু’পক্ষে। বছর তিনেক আগে ভ্যাটিকান সিটি এবং চিনের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যার মাধ্যমে চিনের চার্চের বিশপ নিয়োগ করতে পারবেন পোপ। চিনের ক্যাথলিকদের পাশে দাঁড়ানোর যে চেষ্টা ভ্যাটিকান দীর্ঘদিন ধরে করে আসছে, এই চুক্তির ফলে তা কিছুটা ফলপ্রসূ হবে বলেই রাজনৈতিক মহলের ধারণা।
কিন্তু পোপ এখন যে রাস্তায় হাঁটতে চাইছেন, তা দু’দেশের সম্পর্ককে যে আবার তলানিতে নিয়ে আসবে, তা নিয়ে সন্দেহ রইল না ঘরে উপস্থিত অতিথিদের।
ধীরে ধীরে উঠে দাঁড়ালেন পোপ। দ্রুত এগিয়ে এলেন খাস বাটলার পাওলো লুইজ্জি। তারপরে পোপের বাড়ানো হাতটা ধরলেন। অতিথিরাও উঠে দাঁড়িয়েছিলেন। তাঁদের দিকে তাকিয়ে পোপ বললেন, ‘আমি আমার দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করে দিলাম। কোন রাস্তায় এগোব, সেটাও বলে দিলাম। আশা করব, আপনারা সবাই আমার পাশে থাকবেন।
বাটলারের হাত ধরে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন পোপ।
.
মিটিং শেষে যে লোকগুলো ঘর থেকে বেরেচ্ছিলেন, তাঁদের প্রত্যেকের মুখই গম্ভীর। এক একজনের মাথায় তখন এক একরকম চিন্তা খেলা করছে।
করিডর দিয়ে আর্চবিশপ জিওভানির পাশে হাঁটতে হাঁটতে সিক্রেট সার্ভিসের প্রধান আর্মানি বলে উঠলেন, ‘আপনার সঙ্গে একটু কথা ছিল।’
আর্চবিশপ দাঁড়িয়ে গেলেন একটা পাশে। জায়গাটা ফাঁকা হতে আর্চবিশপ বলে উঠলেন, ‘কী ব্যাপার আর্মানি? কোনও গুরুত্বপূর্ণ কথা?’
‘আপনি হিজ হোলিনেসকে একটা কথা বোঝানোর চেষ্টা করুন। এই ভাবে চিন বিরোধী নীতি নেওয়া ভ্যাটিকানের পক্ষে ঠিক হবে না।’
আর্চবিশপ একটু হাসলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ওকে চিনি। আমার বন্ধুই বলতে পারো। ওর সিদ্ধান্ত বদলানো যাবে বলে মনে হয় না।’
মুখটা গম্ভীর হয়ে গেল আর্মানির। তার পরে বলল, ‘আন্তর্জাতিক সমীকরণে আমরা কিন্তু একটা কঠিন জায়গায় এসে দাঁড়াব। এই ভাবে চিনের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধাচরণ করা কিন্তু ঠিক হবে না।’
জিওভানি একটু ভাবলেন। তার পরে বললেন, ‘ঠিক আছে, আমি একবার হিজ হোলিনেসকে বোঝানোর চেষ্টা করে দেখব।’
দু’জনে আবার হাঁটা দিলেন করিডর দিয়ে।
কেউ খেয়াল করল না এক জোড়া চোখ ঘৃণা বর্ষণ করে চলেছে পিছন থেকে। যে ঘৃণার লক্ষ্য এক জনই।
ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের প্রধান ব্রুনো আর্মানি!
.
বিকেল পাঁচটা।
সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে দাঁড়ানো দু’টি ছায়ামূর্তি কথা বলছিল গলা নামিয়ে। প্রথমজন হতাশার সঙ্গে বলে উঠল, ‘জানি না, এই পোপ আর কী করবেন। এই ভাবে চললে তো সর্বনাশ হয়ে যাবে।’
দ্বিতীয়জন কোনও জবাব দিল না। সে এই সব রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না। এই কার্ডিনালকেও সে বিশেষ পছন্দ করে না। কিন্তু নিজের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছনোর জন্য সে শয়তানের সঙ্গেও ঘর করতে রাজি।
তার বুকে যে প্রতিহিংসার আগুনটা জ্বলছে, সেটা আজ ওই আর্মানিকে দেখার পরে আরও লেলিহান হয়ে উঠেছে।
এই আগুন নেভার একটাই উপায়। যে করে হোক এই ভ্যাটিকানের উপরে চরম আঘাত হানা। তাতে যদি পোপকে বলি হতে হয়, হবে। তার প্রেমিককেও তো বলি দিয়েছিল এই ভ্যাটিকান। আর কয়েকজন ঘৃণ্য মানুষ। কুড়ি বছর পার হয়ে গেলেও যে ক্ষতের দাগটা এখনও মুছে যায়নি। সে একটা কথাই বিশ্বাস করে—
রিভেঞ্জ ইজ আ ডিশ হুইচ ইজ বেস্ট সার্ভড কোল্ড।
যত সময় যাবে, প্রতিশোধের আগুন তত লেলিহান হবে। সেই আগুনেই ভ্যাটিকানকে পুড়িয়ে মারতে চায় সে।
‘আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে?’ তার গলা থেকে যেন আর্তি ঝরে পড়ল।
চারদিকটা চট করে দেখে নিয়ে সামনে দাঁড়ানো মূর্তির হাতটা চেপে ধরলেন কার্ডিনাল। তার পরে জবাব দিলেন, ‘খুব শিগগরিই সুযোগ আসবে। ভ্যাটিকানের বুকে আমরা এমন আঘাত হানব, যা কেউ কোনওদিন ভুলবে না।’
.
বেশ কয়েক বছর আগে, এক আবেগঘন রাতে, এক দুর্বল মুহূর্তে হঠাৎ করে সত্যটা জেনে ফেলেছিলেন কার্ডিনাল। আর তার পরেই এক মারাত্মক অস্ত্রের সন্ধান পেয়ে যান তিনি।
১৯৯৮ সালে সেড্রিক রেপন্ডের মৃত্যুটাই তুরূপের তাস হয়ে গিয়েছিল কার্ডিনাল আলেসান্দ্রোর কাছে। সেই তাসেই এখন বাজিমাত করতে চান তিনি।
চট করে সঙ্গীর সোনালি চুলে হাত বুলিয়ে দিলেন কার্ডিনাল। তারপরে কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, ‘আর কিছু দিন অপেক্ষা করো, ডার্লিং। তারপরে…
.
দু’দিন পরে। ব্রুকসেলেস, রোম।
ব্রুকসেলেসের চিনা দূতাবাস থেকে খুব দূরে নয় রেস্তরাঁটা। রোমে এলে মাঝে মাঝেই এখানে খেতে আসেন কার্ডিনাল। আর আসেন বিশেষ একজনের সঙ্গে দেখা করতে।
আজও সেই লোকটার সঙ্গে দেখা করার জন্যই এসেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে কার্ডিনাল বললেন, ‘এই পোপ যা শুরু করেছে, তাতে কিন্তু আপনাদের দেশ বড় সমস্যায় পড়ে যাবে।’
‘পুরো ব্যাপারটা খুলে বলুন,’ পাথরের মতো মুখ করে বলল চিনা দূতাবাসের কর্মী রেমন্ড লি। সব শোনার পরে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘আপনার সঙ্গে আমাদের কী কথা হয়েছে, সেটা ভোলেননি নিশ্চয়ই।’
‘ভুললে কী আর আপনাকে এই সব কথা বলতাম?’ ভ্রুটা উপরে তুলে বললেন কার্ডিনাল
কার্ডিনাল আলেসান্দ্রোর জীবনে কয়েকটা চাহিদা আছে। অর্থ, ক্ষমতা এবং যৌনসংসর্গ। চিনের সঙ্গে হাত মেলালে যে তাঁর প্রথম দু’টো চাহিদা পূরণ হবে, সেটা খুব ভাল করেই জানতেন কার্ডিনাল। তৃতীয়টার ব্যবস্থা তখন তিনি নিজেই করে নিতে পারবেন।
তবে চিনের সঙ্গে যোগাযোগ হওয়ার স্মৃতিটা মোটেই মধুর নয় কার্ডিনালের। সেই সময়ের কথা ভাবলে এখনও কেঁপে ওঠেন তিনি।
এমন কিছু ছবি এই চিনা লোকটার হাতে এসে পৌঁছেছিল যা বাইরে ছড়িয়ে পড়লে কার্ডিনাল এবং ভ্যাটিকানের মুখ লুকনোর জায়গা থাকত না। চিন দু’টো রাস্তা দিয়েছিল তাঁকে। হয় তাঁদের সঙ্গে হাত মেলাও। নয় লজ্জায় আত্মহত্যা করো।
স্বাভাবিকভাবেই কার্ডিনাল হাত মেলোনোটা পছন্দ করেছিলেন। ভ্যাটিকানে একজন নিজেদের লোক দরকার ছিল চিনের। কার্ডিনাল আলেসান্দ্রো সেই দায়িত্বটা নিয়ে নিলেন। তারপরে দেখলেন, এই দেশটার সঙ্গে হাত মিলিয়ে তাঁর লাভই হয়েছে।
কার্ডিনালও স্বপ্ন দেখতে শুরু করলেন। আরও ধনী হওয়ার, আরও ক্ষমতাবান হওয়ার। ক্যাথলিক দুনিয়ার একেবারে মাথায় ওঠার স্বপ্ন।
কেন পারবেন না তিনি? বর্তমান পোপের থেকে তিনি কোন অংশ পিছিয়ে? নিজেই নিজেকে প্রশ্ন করেছিলেন কার্ডিনাল।
নিয়ম অনুসারে যে কোনও ক্যাথলিক পুরুষই পোপ হতে পারেন। কিন্তু বাস্তবে ব্যাপারটা অত সোজা নয়। ভোটাভুটির মাধ্যমে পোপ বেছে নেওয়া হয় কলেজ অব কার্ডিনালসের থেকে। সেই ১৩৭৯ সালের পর থেকে প্রত্যেক পোপকে বেছে নেওয়া হয়েছে কার্ডিনালদের মধ্যে থেকেই। সবাই জানে, একজন কার্ডিনালের পক্ষেই পোপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কার্ডিনাল নিজেও জানেন, তিনি যে স্বপ্নটা দেখছেন, তা মোটেই অবাস্তব নয়। চিনের মতো একটা শক্তিশালী দেশ যদি পিছন থেকে কলকাঠি নাড়ে, তা হলে তিনিও ওই চেয়ারটায় বসতে পারেন। কার্ডিনালদের ভোটে প্রভাব ফেলার ক্ষমতা চিনের আছে। সেটা হলে দু’পক্ষেরই লাভ।
কিন্তু বর্তমান পোপ যতদিন পর্যন্ত চেয়ারে আছেন, সেটা সম্ভব নয়।
তারপরেই এক দুর্বল মুহূর্তে সেড্রিক রেপন্ডের মৃত্যুর ব্যাপারটা জানতে পারেন কার্ডিনাল। জানতে পারেন, সেই মৃত্যু কী ভাবে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখেছে একজনের বুকে। আর তখনই চিনকে গিয়ে এই গোপন অস্ত্রের কথা বলেছিলেন কার্ডিনাল। এমন একজন আছে, যে প্রতিশোধ নিতে যে কোনও কাজ করতে তৈরি।
প্রয়োজনে পোপকে হত্যা করতেও দু’বার ভাববে না সে!
লাঞ্চের ফাঁকে আর একটাই প্রশ্ন করল রেমন্ড, ‘আপনার সেই গোপন অস্ত্র কী অবস্থায় আছে? মত বদলায়নি তো?’
‘না, না। উল্টে অধৈর্য হয়ে পড়ছে। মারণ আঘাত হানার আর তর সইছে না।’ উল্টো দিকের লোকটাকে আশ্বস্ত করলেন কার্ডিনাল।
‘আর একটু ধৈর্য ধরতে বলুন। ঠিক সময়ে ওকে কাজে লাগানো হবে।
.
আধঘণ্টা বাদে লাঞ্চ শেষ করে কার্ডিনাল বেরিয়ে যাওয়ার পরেও কিছুটা সময় বসে রইল রেমন্ড। সে বুঝতে পেরেছে, কার্ডিনাল ভুল কিছু বলেনি।
পোপ বড্ড বাড়াবাড়ি করে ফেলছে।
কিছু একটা করতেই হবে। এবং, দ্রুত। সময় শেষ হয়ে আসছে।
