প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৩২. মোল হান্টিং

৩২. মোল হান্টিং

নয়াদিল্লি-বেজিং-রোম। আগস্ট-সেপ্টেম্বর, ২০২১

সাউথ ব্লক। নয়াদিল্লি।

প্রত্যেকে চোখ নামিয়ে রেখেছিল টেবিলের উপরে। ঘরে যাঁরা বসে আছেন, তাঁরা এই দেশটার ভাগ্য নিয়ন্ত্রক। কিন্তু এতটা বিধ্বস্ত, এতটা হতাশ তাঁদের আগে দেখায়নি। যেন চোখ তুলে একে অন্যের দিকে তাকাতেও লজ্জা পাচ্ছিলেন তাঁরা। মহাশক্তিশালী লোকগুলোর জীবনীশক্তি যেন শুষে নিয়েছিল কেউ।

‘তা হলে আমরা হেরেই গেলাম,’ নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী।

তাঁর কথাগুলো যেন ছুরির ফলার মতো এসে বিঁধল প্রত্যেকের বুকে। প্রধানমন্ত্রী বলে চললেন-

‘প্রফেসর ওয়াং লি না থাকা মানে আমাদের হাতে প্রতিষেধকও নেই। এই অবস্থায় চিন যদি কোনওমতে ভারতে ওই ভাইরাস ছড়িয়ে দিতে পারে, তা হলে বাঁচার উপায় থাকবে না।’

প্রধানমন্ত্রী থামলেন। তাঁর অনুচ্চারিত প্রশ্নের কোনও জবাব ছিল না কারও কাছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করে আবার কথা বলা শুরু করলেন প্রধানমন্ত্রী-

‘আপনাদের কাছে আমার দু’টো প্রশ্ন আছে। এক, প্রফেসরকে ছাড়া আমরা কি প্রতিষেধকটা তৈরি করতে পারি? দুই, প্রফেসরের খবরটা ওরা পেল কী করে?’

.

…বিএসএফের স্পেশাল টিম বিজওয়াসানে পৌঁছনোর আগেই অবশ্য খবর চলে গিয়েছিল নিশান্ত অরোরা, টি সুদর্শন এবং আরও কারও কারও কাছে।

যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

অরোরা যখন ঘটনাস্থলে পৌঁছলেন, তখন পুলিশ আর প্যারা-মিলিটারি ফোর্স বাংলোটা ঘিরে ফেলেছেন। সুদর্শন এবং আইবি চিফ পৌঁছে গিয়েছিলেন আগেই।

ছ’জন নিরাপত্তারক্ষীই মৃত। কাজের লোকেরা একটা ঘরে আত্মগোপন করে রক্ষা পেয়েছে। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে জেরা করা হবে।

আরও তিনটে দেহ পাওয়া গিয়েছে। একে ৪৭-সহ জঙ্গিদের দেহ। প্রাথমিক অনুমান, লস্কর-ইন্ডিয়ান মুজাহিদিনের মিলিত কোনও টিম আক্রমণটা করেছিল।

তিন ইন্টেলিজেন্স চিফ একটা কোণে দাঁড়িয়ে কথা বলছিলেন। প্রশ্নটা করলেন অরোরা, ‘প্রফেসরের ঘরে এমন কিছু পাওয়া গেল যা কাজে লাগতে পারে?’

একটু ইতস্তত করে জবাব দিলেন সুদর্শন, ‘প্রফেসরের ডায়েরিটা পাওয়া গিয়েছে। ওর মধ্যে কিছু ফর্মুলা লেখা আছে বলে মনে হচ্ছে।’ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির চিফ সব কিছু খুলে বলাই ঠিক করলেন। এই অবস্থায় আর ইন্টার-এজেন্সি ঝামেলা বাড়িয়ে কাজ নেই। তাঁদের সবার মাথাই এখন হাঁড়িকাঠে।

একটা চালে বাজি প্রায় মেরে দিয়েছে চিন!

সামান্য ভেবে নিশান্ত অরোরা বললেন, ‘ডায়েরির খবরটা খুব বেশি লোক না জানাই ভাল। ওটাই আমাদের শেষ তাস। মনে রাখতে হবে, উই হ্যাভ আ মোল ইনসাইড আস। খুব উঁচু জায়গায় চিনের চর না থাকলে প্রফেসরের হদিশ পেত না লস্কররা।’

সবচেয়ে বড় কথা, এই নিয়ে চিনের দিকে একটা আঙুলও তুলতে পারবে না ভারত। প্রফেসরের কোনও অস্তিত্বই যে নেই। আর হামলাটা করেছে পাক সন্ত্রাসবাদীরা। ফলে কোনওভাবেই সামনে আসছে না চিন।

মাস্টারস্ট্রোক! মনে মনে ভাবলেন অরোরা। বাকি দুই ইন্টেলিজেন্স অফিসারও গভীর চিন্তায় ডুবে।

…প্রশ্নটা করে প্রধানমন্ত্রী নীরবে চেয়েছিলেন বাকিদের দিকে। মুখ খুললেন সুদর্শন, ‘প্রফেসরের কিছু নোটস পাওয়া গিয়েছে। সে সব আমরা আমাদের বিজ্ঞানীদের দিয়েছি। ওরা চেষ্টা চালাচ্ছে।’ এই মিটিংয়ে এর বেশি আর কিছু বলতে চাইলেন না সুদর্শন।

‘প্রফেসরের খবরটা ওরা পেল কী করে?’

একে অন্যের মুখের দিকে দেখে নিলেন অরোরা আর সুদর্শন। তার পরে র চিফ জবাব দিলেন, ‘আমাদের মধ্যে কোনও মোল থাকতে পারে। যে বা যারা খবরটা ফাঁস করে দিয়েছে চিনের কাছে।’

আবার নীরবতা। তবে এই নীরবতা যেন পাথরের মতো চেপে বসেছিল সবার বুকে। নীরবতা ভাঙতে হল সেই প্রধানমন্ত্রীকেই, ‘আপনি তা হলে বলতে চান এই ঘরের মধ্যে এমন কেউ আছে, যে চিনের কাছে খবর ফাঁস করে দিচ্ছে?’

কোনও অ্যাটম বোমার চেয়ে কম শক্তিশালী বিস্ফোরক ছিল না প্রধানমন্ত্রীর এই প্রশ্নটায়। অরোরা জবাব দেওয়ার আগে সুদর্শন বলে উঠলেন, ‘ব্যাপারটা ঠিক তা নয়। এই ঘরের সবাই যেমন জানেন, সে রকম বাইরের লোকও অনেকে জানত প্রফেসরের ব্যাপারটা। আমরা তদন্ত করছি।’

প্রধানমন্ত্রী আর কিছু বললেন না। শুধু জানতে চাইলেন, ‘এই অ্যাটাকটা কারা করেছিল? মানে কোন গ্রুপ?’

‘লস্কর। যে তিন জনের মৃত্যু হয়েছে, তারা সবাই লস্করের জঙ্গি। পাশের একটা বাংলোয় পার্টিতে এসেছিল। বাকিদেরও চিহ্নিত করা গিয়েছে। ওদের খোঁজে রেড অ্যালার্ট জারি হয়েছে,’ বললেন এনআইএ চিফ।

‘ঠিক আছে,’ উঠে পড়লেন প্রধানমন্ত্রী, ‘আর একটা কথা ভাবতে শুরু করুন। চিন যদি আমাদের দেশে এই ভাইরাসটা ছড়িয়ে দেয়, তা হলে কী করবেন!’

ভারতের প্রধানমন্ত্রীর এই প্রশ্নেরও জবাব ছিল না কারও কাছে!

.

এক দিন পরে নিজের বাড়িতে অভিমন্যুর সঙ্গে আলোচনায় বসেছিলেন অরোরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে কী হয়েছিল, তা তাঁর এজেন্টকে খুলে বললেন র চিফ। চোয়াল শক্ত করে সবটা শুনল অভিমন্যু। তার পরে চিবিয়ে চিবিয়ে বলল, ‘খুব উঁচু পর্যায়ের কেউ এই কাজটা করেছে। ক’জন জানত প্রফেসরের অ্যাডড্রেসটা?’

অভিমন্যুর মুখের দিকে তাকিয়ে অরোরা বুঝতে পারলেন, প্রফেসরের মৃত্যুটা পার্সোনালি নিয়েছে অভিমন্যু। সাধারণত এই রকম মৃত্যু কোভার্ট অপারেশনের সঙ্গে জড়িয়ে থাকা কাউকে খুব একটা নাড়া দেয় না। কিন্তু এ ক্ষেত্রে অভিমন্যুর মনে ছাপ ফেলে গিয়েছে প্রফেসরের মৃত্যুটা। চিন থেকে প্রফেসরকে বার করে আনার এত অল্প সময়ের মধ্যে যে চিন প্রত্যাঘাত করবে, সেটা কেউ ভাবেনি।

‘অনেকেই জানত,’ বললেন অরোরা, ‘ওই মিটিংয়ের সবাই। তারপরে তারা গিয়ে নিজেদের টিমের কয়েক জনের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করেছে। এ ছাড়া আর কারা কী বলেছে, ঈশ্বরই জানে।

অভিমন্যু বুঝল, চিফ ঠিকই বলেছেন। এটা একেবারে খড়ের গাঁদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাবে। অন্য রাস্তা দেখতে হবে।

‘চিনের সঙ্গে যোগাযোগটা রাখছে কী করে?’ নিজেকেই যেন প্রশ্নটা করল অভিমন্যু।

‘দূতাবাসের মাধ্যমে? ‘

‘হতেই পারে। চিনের সেকেন্ড সেক্রেটারির সঙ্গে অনেকেরই যোগাযোগ আছে। লোকটা তো আমাদের নজরেও আছে।’

অভিমন্যুর কথা শুনে একটু ভাবলেন অরোরা। ‘তা হলে বলছ, ওর সঙ্গে যোগাযোগ রাখছে এই মোল?’

‘হতেই পারে। ওই ব্যাপারটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। মনে হচ্ছে, আমাদের একটা তালিকা বানাতে হবে।’

ভারতের অভ্যন্তরের ঘটনা মানে আইবি, সিবিআই এবং এনআইএ নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে। অরোরা বুঝলেন, বেসরকারি ভাবে তাঁদেরও কাজ শুরু করতে হবে।

এই মোলের কাছে র-এর এজেন্ট নিয়েও খবর থাকতে পারে!

.

বেজিং। এমএসএস হেডকোয়ার্টার্স। আগস্ট।

মাথা তুলে, বুক চিতিয়ে এ বারের মিটিংটায় ঢুকেছেন এমএসএস চিফ। একটা চালে তিনি খেলা ঘুরিয়ে দিয়েছেন।

ক্ষমতাশালী লোকগুলোর দিকে তাকিয়ে চিফ বলতে শুরু করলেন, ‘ভারতের হাতে কোনও তাসই আর নেই। না পারবে ওরা প্রতিষেধক বানাতে, না পারবে চিনকে বেইজ্জত করতে। অপারেশন চিয়াং আবার ঠিক রাস্তায় চলে এসেছে।’ একটু থামলেন চিফ। তার পরে বললেন, ‘সবচেয়ে বড় কথা, প্রতিষেধক প্রায় তৈরি। যদিও প্রতিষেধক ছাড়াও এই অপারেশনটা হত। কিন্তু প্রতিষেধক পাওয়া মানে হাতে একটা ইনসিওরেন্স পলিসি এসে যাওয়া।’

‘অপারেশনের জায়গা আর তারিখটা কী চুড়ান্ত করেছেন?’ জেনারেলের প্রশ্নের জবাব দেওয়ার আগে একটু ভেবে নিলেন এমএসএস চিফ।

একটা খবর না পাওয়া পর্যন্ত অপারেশনের তারিখ আর স্থানটা ঠিক করা যাচ্ছিল না। সেই খবরটাও চলে এসেছে।

‘হ্যাঁ, ঠিক হয়ে গিয়েছে। ভারত ভাবতেও পারবে না কী ভাবে অপারেশনটা হবে!’

‘আর অপারেশনের দ্বিতীয় এবং তৃতীয় পৰ্ব?

‘সব মসৃণ ভাবে এগোচ্ছে। অপারেশনের প্রথম পর্বটা হয়ে গেলেই দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুরু হবে। জোড়া ফলা নয়, ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে যাবে দেশটা। আর আমরা সরকার পাল্টে দেব।’

আত্মতৃপ্তির সঙ্গে সবার মুখ দেখে নিলেন এমএসএস চিফ। তারপরে বললেন, ‘তবে খবর পেয়েছি, ভারত সন্দেহ করছে খুব উঁচু জায়গায় আমাদের চর রয়েছে।’

‘সেটা তো স্বাভাবিক,’ বলে উঠলেন জেনারেল, ‘প্রফেসরের খবর তো আমাদের কাছে হেঁটে হেঁটে আসেনি। কিন্তু এই ব্যাপারে কী করা যেতে পারে?’

‘কিছু একটা করব,’ অভয় দেওয়ার ভঙ্গিতে বললেন এমএসএস চিফ।

গোমড়া মুখগুলোয় অবশেষে দেখা দিল হাসির রেখা!

.

ভ্যাটিকান সিটি। সেপ্টেম্বর।

মোবাইলটা হাতে নিয়ে বসেছিলেন ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের প্রধান ব্রুনো আর্মানি। তাঁর মনে ঝড় উঠছে। এমন একটা ফোন তিনি পেয়েছেন, যা তাঁকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। আবার পাশাপাশি এক ভয়ানক ভবিষ্যতেরও হুঁশিয়ারি দিচ্ছে।

প্রথম যখন ফোনটা এল, আর্মানি নিশ্চিত ছিলেন, প্র্যাঙ্ক কল। তবে তাঁর গোপন নম্বরটা কী করে এই কলারের কাছে গেল, সেটা তাকে একটু অবাক করেছিল।

ফোনটা ধরার পরেই উল্টোদিকের একটা ফ্যাঁসফ্যাসে গলা বলতে লাগল, ‘ভ্যাটিকান সিটি আর পোপের ভয়ঙ্কর বিপদ। ধ্বংস হয়ে যাবে এই দেশ!’

গলাটা ধাতব। যে কোনও ভয়েস মোডুলেশন অ্যাপের মাধ্যমে গলার আওয়াজ বদলে দেওয়াটা এখন ছেলেখেলা। তাই বোঝা যায় না, পুরুষের গলা না মহিলার!

ভ্ৰুটা কুঁচকে আর্মানি পাল্টা জানতে চাইলেন, ‘আপনি কে বলছেন?

‘আমার নামটা গুরুত্বপূর্ণ নয়। আমি যে নামটা বলতে যাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। সেড্রিক রেপন্ডকে আপনার মনে আছে?’

নামটা শোনা মাত্র যেন হাজার ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল আর্মানির শরীর দিয়ে। এক ঝটকায় তিনি পিছিয়ে গেলেন বছর কুড়ি আগে!

উল্টোদিক থেকে বক্তা বলে যেতে লাগল, ‘সেড্রিক রেপন্ড মারা গিয়েছে। কিন্তু তাকে ভালবাসত, এমন কেউ এখনও বেঁচে। সে-ই মানুষটাই পরিকল্পনা করছে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার।’

সেড্রিক রেপন্ড নামটা শোনা মাত্র আর্মানি বুঝে গেলেন, ফোনটা প্র্যাঙ্ক কল নয়। কোনওমতে তিনি বলতে পারলেন, ‘কে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে? আপনি জানলেন কী করে?’

কয়েক মুহূর্ত নীরবতার পরে লোকটা জবাব দিল, ‘আমার কাছে খবর আছে। একটা কথা মন দিয়ে শুনুন। আমি যা খবর পাব, আপনাকে জানাব। কিন্তু আমাকে ট্রেস করার চেষ্টা করবেন না। করে লাভও হবে না! আমি বার্নার ফোন ব্যবহার করছি।

ফোনটা কেটে যাওয়ার পরেও স্তব্ধ হয়ে বসে রইলেন ব্রুনো আর্মানি।

.

সেড্রিক রেপন্ড। বহু বছর বাদে এই নামটা শুনলেন তিনি। এই নামটা তাঁকে এখনও যন্ত্রণা দেয়, ক্ষতবিক্ষত করে। এক দুঃসহ অতীতকে ভোলার জন্য তিনি এই নামটা স্মৃতির গহীন কুঠুরিতে তালাবন্ধ করে রেখেছিলেন এত দিন।

আজ কেউ এক জন তালাটা খুলে সেই স্মৃতিকে আবার জাগিয়ে তুলল।

সেড্রিক রেপন্ডের ঘনিষ্ঠ কেউ প্রতিশোধ নিতে চায় ভ্যাটিকান আর পোপের উপরে? এতদিন পরে! ব্যাপারটা ঠিক বিশ্বাস হচ্ছে না আর্মানির। কিন্তু লোকটার কথাও আবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সাধারণ ফোনের তুলনায় বার্নার ফোন ট্রেস করা সত্যিই কঠিন। বার্নার অ্যাপের মাধ্যমে এই ফোনে রেজিস্ট্রার করা হয়। ফলে গ্রাহক কে, জানা যায় না।

তবে একেবারে অসম্ভব নয়। মোবাইলের লোকেশন ট্র্যাক করা যায়। কিন্তু একবার ব্যবহার করে যদি ফোনটাকে ফেলে দেওয়া হয়, তা হলে ট্র্যাক করা অসম্ভব। ৩০ ইউরোতে এই রকম ফোন পাওয়া যায় ইটালিতে।

আর্মানি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি অপেক্ষা করবেন। দেখা যাক, আর কী খবর পাওয়া যায়।

যদি সত্যি এই রকম কোনও চক্রান্ত হয়ে থাকে, তা হলে তাঁর হাতেও সোর্স দরকার। কথা শুনে মনে হচ্ছে, এই লোকটা তাঁর সোর্স হতে পারে।

পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেললেন আর্মানি। তিনি খোঁজখবর নেওয়া শুরু করবেন। আর এই লোকটাকে খোলা ছেড়ে দেবেন।

মনে হচ্ছে, এই লোকটা তাঁর কাজে আসবে। কোনওরকম চক্রান্ত যদি হয়েই থাকে ‘হিজ হোলিনেস’কে ঘিরে, তা হলে সেই চক্রান্ত যে করে হোক বানচাল করতেই হবে।

আর এই লোকটা হয়ে উঠতে পারে আর্মানির তুরূপের তাস!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *