১৬. শয়তান না দেবদূত
বেজিং, মার্চ, ২০২১
সিপিসি হেডকোয়ার্টার্স, জংনানআই।
বেজিংয়ের তিয়ানানমেন ওয়েস্ট স্টেশনে নেমে সাউথ চায়না সি-র দিকে মুখ করে একশো মিটার মতো এগোলেই দেখা যায় জংনানআই কমপ্লেক্স। যেখানে এক সময় থাকতেন চেয়ারম্যান মাও। এখনও এই কমপ্লেক্সে যাঁরা থাকেন, তাঁদের হাতেই রয়েছে চিনের ভাগ্য। তাঁরাই চিনের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি।
একটা সময় পুরোপুরি লোকচক্ষুর আড়ালে ছিল এই জংনানআই কমপ্লেক্স। কিন্তু ১৯৮০ সালের পরে একটা অংশ টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়। এখন ওই অংশটি একটি চিত্তাকর্ষক টুরিস্ট স্পট। কিন্তু বাকি অংশগুলোয় সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কেউ ভুল করে চলে গেলে কী হবে, সেই প্রশ্ন কেউ করে না। কারণ, সবাই জানে, কী হবে!
সেই অংশেরই একটা ঘরে চিনের সবচেয়ে ক্ষমতাশালী কয়েক জন মিলিত হয়েছিলেন সে দিন। যেখানে বসে প্রথম প্রশ্নটা করলেন চিনের প্রিমিয়ার-
‘লস্কর ই তৈবার প্রধানের ব্যাপারটা কী হল?’
জবাব দিলেন পলিটবুরোর এক সদস্য, ‘শাহিদ মাহমুদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করতে চেয়েছিল ভারত আর আমেরিকা। রাষ্ট্রপুঞ্জে এই নিয়ে ওরা প্রস্তাবও পেশ করেছিল। কিন্তু আমরা আবার সেই প্রস্তাব আটকে দিয়েছি।’
খুশি হয়ে মাথা নাড়লেন প্রিমিয়ার।
শাহিদ মাহমুদ। ২০০৭ সালে করাচির লস্কর গ্রুপের সদস্য হিসেবে আবির্ভূত হয়েছিল শাহিদ। ধীরে ধীরে লস্কর নেতৃত্বের উপরের দিকে উঠতে থাকে এই শাহিদ। ২০১৪ সাল থেকে সে পায় নতুন এক দায়িত্ব। ফালাহ-ই-ফাউন্ডেশন (ফিফ)-এর ভাইস চেয়ারম্যানের দায়িত্ব। এই ফাউন্ডেশন আর কিছুই নয়। লস্করের একটি ফান্ড রেইজিং উইং। যাদের কাজই হল লস্করের অপারেশনের জন্য অর্থ সংগ্রহ করা। সময় যত গড়িয়েছে, শাহিদ তত শক্তিশালী হয়ে উঠেছে। লস্কর নেতৃবর্গের অন্যতম মুখ হয়ে উঠেছে এই শাহিদ মাহমুদ।
লস্কর প্রধান হাফিজ সইদের পাশাপাশি এই শাহিদও ভারতের মাথাব্যথার একটা বড় কারণ হয়ে উঠেছিল বেশ কয়েক বছর আগে থেকে। ধর্মীয় এবং ত্রাণমূলক কাজে অর্থ সাহায্যের নামে ভারতে প্রচুর টাকা পাঠাত ফিফ। যে অর্থ আবার কাজে লাগানো হত ভারতের বুকে লস্করের অপারেশনের জন্য। বিভিন্ন এনজিও এবং নানা সংস্থার মাধ্যমে এই অর্থ ঢুকে যেত ভারতে।
কয়েক বছর ধরেই আমেরিকার সঙ্গে যৌথ উদ্যোগে ভারত চেষ্টা চালিয়েছে ইউনাইটেড নেশনসে একটা প্রস্তাব পাশ করানোর। শাহিদ মাহমুদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করার। সেটা করতে পারলে ফিফ-এর কাজকর্মে বড় একটা ধাক্কা দেওয়া যেত। ভারতে লস্করের ফান্ড আসা পুরোপুরি বন্ধ না হলেও কিছুটা শুকিয়ে যেত।
কিন্তু যতবারই সেই প্রস্তাব আনা হয়েছে, ততবারই ব্যাগড়া দিয়েছে চিন। শাহিদ মাহমুদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে চিহ্নিত হতে দেয়নি। ফলে ভারতের মাটিতে লস্করের প্রভাবও কিছু কমেনি। সঙ্গে তো ছিলই ইন্ডিয়ান মুজাহিদিনের সমর্থন।
‘তা হলে সব কিছুই ঠিকঠাক এগোচ্ছে?’ প্রশ্নটা করলেন প্রিমিয়ারই।
‘একেবারে ঘড়ির কাঁটা মেপে। শাহিদ মাহমুদকে আমরা যে নির্দেশ দেব, ও সেগুলো চোখ বুজে মেনে নেবে,’ আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বললেন এমএসএস-এর ভারপ্রাপ্ত মন্ত্ৰী।
‘ঠিক আছে।’ বলে উঠে পড়লেন প্রিমিয়ার।
তিনি চলে যাওয়ার পরে পলিটব্যুরোর সিনিয়র সদস্য সরাসরি প্রশ্ন করলেন এমএসএস চিফকে, ‘আশা করব, অপারেশন চিয়াং সফল হবে?’
‘না হওয়ার কোনও কারণই নেই,’ রীতিমতো আত্মবিশ্বাসী শোনাল চিফকে।
প্রথম যখন ভাইরাসের কথাটা শোনেন তিনি, তখনই এই পরিকল্পনার বীজটা বপন হয়েছিল চিফের উর্বর মস্তিষ্কে। তারপরে গত কয়েক বছর ধরে জল দিতে দিতে আজ সেই বীজ প্রায় মহীরূহে বদলে গিয়েছে।
‘দু’টো ধাপে অপারেশন এগোচ্ছে। একটা ধাক্কা ভিতর থেকে, অন্যটা বাইরে থেকে আসবে। ভারত মাথা তুলতে পারবে না। ফান্ডও জমা হয়েছে প্রচুর।’
‘অপারেশনের আউটলাইনটা আমাদের আর একবার বলুন,’ বললেন মন্ত্রী।
টেবিলের উপরে ঝুঁকে এসে অপারেশন চিয়াং-এর প্ল্যানটা আরও একবার খোলাখুলি বললেন এমএসএস চিফ-
অপারেশনের দ্বিতীয় পর্বে নভেম্বর মাসের শুরুতেই ভারতের বুকে আছড়ে পড়বে একটা ঝড়। লস্কর ও ইন্ডিয়ান মুজাহিদিন মিলে একটার পর একটা অপারেশন চালাবে ভারতের বুকে। তছনছ করে দেবে দেশটাকে। পুলিশ-প্রশাসন সব বিপর্যস্ত হয়ে যাবে। মৃত্যু হবে হাজার হাজার সাধারণ ভারতবাসীর। শাহিদ মাহমুদকে কাজে লাগানো হবে এই অপারেশনের জন্য। তার মারফতই লস্কর আর ইন্ডিয়ান মুজাহিদিনের জিহাদিদের কাছে পৌঁছে যাবে চিনের নির্দেশ।
তখনই শুরু হবে অপারেশনের তৃতীয় পর্ব। সরকারকে ফেলে দেওয়ার জন্য প্রস্তাব পেশ হবে। বিরোধী তো বটেই, ক্ষমতাশালী পার্টির পক্ষে থাকা অনেকেই সরকার বিরোধী আন্দোলনে যোগ দেবে। হর্স ট্রেডিং চলবে। পার্টি বদল হবে। বিশাল টাকার খেলা হবে। এবং, নিশ্চিতভাবে পতন হবে বর্তমান সরকারের। কারণ ওই সরকারকে নেতৃত্ব দেওয়ার মতো লোকই তো আর খুঁজে পাওয়া যাবে না।
এই বিশাল অপারেশনের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হবে। তার একটা অংশ ইতিমধ্যেই জোগাড় করার কাজ শুরু হয়ে গিয়েছে ভারতে।
পনেরো মিনিট টানা কথা বলে একটু থামলেন এমএসএস চিফ। সামান্য সময়ের নীরবতা। যেন সবাই বুঝে নিতে চাইছিলেন অপারেশন চিয়াংয়ের প্রভাবটা। তার পরে কথাটা বললেন পলিটব্যুরোর এক প্রভাবশালী সদস্য-
‘আপনি বোধ হয় একটু ভুল বলেছেন। ওটা দ্বিতীয় আর তৃতীয় পর্ব হবে না। প্রথম আর দ্বিতীয় পর্ব হবে।’
এমএসএস চিফ হাসলেন। যা খুবই বিরল একটা দৃশ্য বলে মনে করে তাঁর ঘনিষ্ঠ মহল। তার পরে ধীরে ধীরে বললেন –
‘না, আমি ঠিকই বলেছি। ওই দু’টো অপারেশনের দ্বিতীয় এবং তৃতীয় পর্বই। প্রথম পর্বটার কথা আমি আপনাদের বলিইনি। প্রথম পর্বটাই অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রথম পর্বের সাফল্যের উপরেই নির্ভর করে থাকবে পুরো অপারেশনের ভাগ্য। প্রথম পর্বটাই হল আসল অপারেশন চিয়াং!’
এমএসএস চিফ একটু দম নিলেন। তার পরে আবার ঝুঁকে এলেন টেবিলের দিকে। গলাটা নীচে নামিয়ে শুরু করলেন কথা বলতে।
মিনিট কুড়ি পরে তিনি যখন থামলেন, কারও মুখে কথা নেই। অপারেশনের ব্যাপ্তিটা তাঁদের মুখের কথা যেন কেড়ে নিয়েছিল।
প্রথমে কথা বললেন আর্মি জেনারেল। ‘দুর্দান্ত পরিকল্পনা। কিন্তু অপারেশনের জায়গা আর এজেন্ট কে হবে?’
একটা ফাইল ঠেলে দিলেন এমএসএস চিফ।
‘এই ফাইলে দু’টো জায়গার কথা বলা আছে। বছর খানেক আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে জায়গাগুলো। এই দু’টোর মধ্যে একটা জায়গাকে টার্গেট করব আমরা। সেটা কোন জায়গা হবে, তা নির্ভর করবে অন্য একটা ব্যাপারের উপরে।
‘কী সেটা?’
‘আমাদের এজেন্ট কে হবে! আমরা কয়েক জনের নাম শর্টলিস্টেড করেছি। দ্রুতই চূড়ান্ত একটা নাম বেছে নেব। আর তার সঙ্গে জায়গাটা।’
প্রশংসাসূচক ভঙ্গিতে মাথা নাড়লেন জেনারেল। তার পরে বললেন, ‘তবে একটা ব্যাপার মাথায় রাখবেন। ওই ভাইরাসের বিরুদ্ধে আমাদের হাতে একটা ইনসিওরেন্স পলিসি থাকা দরকার। সোজা কথায়, একটা প্রতিষেধক।’
‘ব্যাপারটা মাথায় আছে,’ জবাব দিলেন এমএসএস চিফ, ‘প্রফেসর আর ওর টিম গবেষণা চালিয়ে যাচ্ছে। আমি ওর টিমের কাছ থেকে খবর পেয়েছি, ঠিক দিকেই কাজ এগোচ্ছে। প্রতিষেধক চলে আসবে। তবে..।’
‘তবে কী?’
‘একান্তই যদি প্রতিষেধকটা না পাই, তা হলেও অপারেশনটা করা যেতে পারে। সে ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি থাকবে, কিন্তু ঠিক মতো পরিকল্পনা করলে, সামলে দেওয়া যাবে বলে মনে হয়।’
‘ঝুঁকিটা নেওয়া যেতেই পারে,’ জবাব দিলেন জেনারেল, ‘এমনিতে অপারেশনটা ঠিকই লাগছে। এর মধ্যে আমরা ভারত সীমান্তে চাপ বাড়িয়ে যাব। ওদের নজরটা এই দিকে রাখতে হবে। আর ততদিনে আপনারা অপারেশন চিয়াংকে এগিয়ে নিয়ে যান।
এমএসএস চিফ একটা তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। তিনি যা পরিকল্পনা করেছেন, তা সফল হতেই হবে। কেউ ভাবতেই পারবে না আক্রমণটা আসবে কোন দিক থেকে। ‘একমাত্র ভাগ্য ছাড়া ভারতকে আর কেউ বাঁচাতে পারবে না,’ সামনে বসে থাকা লোকগুলোর মুখের উপরে একবার চোখ বুলিয়ে বলে উঠলেন এমএসএস চিফ।
তাঁর কথা শেষ হওয়া মাত্র উঠে দাঁড়ালেন পলিটব্যুরোর সিনিয়র সদস্য। সঙ্গে বাকিরা। এমএসএস চিফের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় পলিটব্যুরোর সদস্যটি বললেন, ‘আমরা ভাগ্যে বিশ্বাস করি না। অপারেশন চিয়াংকে সফল হতেই হবে।’
এমএসএস চিফ বুঝে গেলেন, কী বার্তা দেওয়া হল তাঁকে। ব্যর্থতার কোনও অজুহাত শোনা হবে না!
.
শিজিজুয়েং, হাবেই প্রভিন্স। উত্তর চিন।
সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে একটা ছবি হাতে বসেছিলেন প্রফেসর ওয়াং লি। ছবিটা তাঁর স্ত্রীর। তাঁরা নিঃসন্তান। স্বামী আর স্ত্রীর সংসারে দু’জনেই ব্যস্ত থাকতেন নিজের নিজের কাজে। প্রফেসর লি-র কাজ ছিল ভাইরাস আর ব্যাক্টেরিয়া নিয়ে। তাঁর স্ত্রী কাজ করতেন একটি সংস্থার হয়ে। যারা দেখভাল করত দুঃস্থ শিশুদের। দু’জনে নিজেদের জগতে ডুবে থাকলেও পরস্পরের প্রতি ভালবাসা একটুও কমেনি।
প্রফেসর লি তো মাঝে মাঝেই স্ত্রীকে বলতেন, ‘তুমি আমার চেয়ে অনেক বেশি মহৎ কাজ করছ। আমি তো জানিই না, আমার কাজে মানুষের উপকার হবে না অপকার। কিন্তু তুমি একটা বাচ্চাকে সুস্থ জীবন দাও প্রতিবার।’
স্বামীর হাতটা ধরে স্ত্রী বলেছিলেন, ‘আমি তোমাকে খুব ভাল করে চিনি। তুমি এমন কিছু করতেই পারো না, যাতে মানুষের ক্ষতি হয়। তুমি শয়তান হতে পারো না, তুমি দেবদূত।’
স্ত্রীর ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রফেসরের মনে পড়ে যাচ্ছিল পুরনো কথাগুলো।
স্ত্রীর অভাবটা এখন বেশি করে টের পাচ্ছেন প্রফেসর। স্ত্রী বেঁচে থাকলে নিশ্চয়ই একটা পথ দেখাতে পারত। বলতে পারত, ‘তুমি যা করছ, তা ঠিক।’ অথবা বলত, ‘তুমি ভুল পথে যাচ্ছ। এই রাস্তায় হাঁটলে মানবসভ্যতার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে। তুমি এই কাজটা কোরো না।’
স্ত্রী পাশে না থাকায় তাঁকে পরামর্শ দেওয়ারও কেউ নেই। কাকে তিনি মনের কথা খুলে বলবেন! পৃথিবী এখন যে দিকে যাচ্ছে, তাতে তাঁর মনে ভয়ঙ্কর একটা আশঙ্কা দানা বাঁধছে। তাঁর হাত দিয়েই কি শেষের সে দিন শুরু হবে?
তিনি এবং তাঁর টিম গবেষণাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবারের ধাপ প্রতিষেধক তৈরি করার। কিন্তু প্রফেসরের মনে একটা কাঁটা খচখচ করছে। হাই কমান্ডের হাতে প্রতিষেধকটা চলে এলে তাদের মতো শক্তিশালী আর কেউ হবে না। একইসঙ্গে শত্রুকে মারার অস্ত্র আর নিজেদের রক্ষা করার বর্ম চলে আসবে তাদের হাতে। যে কারণে প্রতিষেধক তৈরির ব্যাপারে তিনি বিশেষ কথা বলতে চান না ওদের সঙ্গে।
প্রফেসরের জানা ছিল না, তিনি কথা বলতে না চাইলে কী হবে, তার টিমের এক জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এমএসএস চিফের!
যত ভবিষ্যতের কথা ভাবতে লাগলেন প্রফেসর, তত তাঁর মন অন্ধকারে ডুবে যেতে লাগল। মনের মধ্যে যেন হাজার টনের পাথর চেপে বসেছে।
কাকে তিনি মনের কথা খুলে বলবেন? কার থেকে পরামর্শ চাইবেন? তাঁর ডিপার্টমেন্টের কাউকে এই সব কথা বলা মানে নিজের মৃত্যু পরোয়ানায় সই করে দেওয়া। তাঁর ছাত্র-ছাত্রীরাও সব ঘরে বন্দি। কেউ কেউ নিজের দেশে ফিরে গিয়েছে। ইউনিভার্সিটির ক্লাস বন্ধ। শুধু গবেষণাটাই চলছে।
বড় অসহায় লাগছে ষাটোর্ধ্ব প্রফেসরের। বড় একা বোধ করছেন তিনি।
তার পরে মনে হল, এক জন তো আছে যাকে মনের কথাটা খুলে বলা যায়।
যাকে প্রশ্ন করা যায়-
‘আচ্ছা কী মনে হয় তোমার? আমি শয়তান না দেবদূত?’
