প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৪৩. মুখোমুখি

৪৩. মুখোমুখি

অ্যাপোস্টলিক প্যালেস, ২৬ অক্টোবর, ২০২১

উত্তেজিত কথাবার্তার আওয়াজটা আসছিল একটা বন্ধ ঘরের মধ্যে থেকে। ওই ঘরটায় কে আছে, সে জানে। কিন্তু এই সময় দ্বিতীয় ব্যক্তি কে এল! ভাইরাসের ভায়ালটা তোষকের নীচে ঢুকিয়ে দিল সে। এই ঘরে আর কেউ ঢোকে না। কেউ দেখবে না।

সে এগিয়ে গিয়ে চলল ঘরের দিকে। দরজার সামনে এসে একবার ভাবল, ঘরে না ঢুকে চলে যাবে। তারপরে মনে হল, তারও তো একটা দায়িত্ব আছে। কী হচ্ছে দেখা উচিত। সে আর দ্বিধা না করে উঁকি মারল ঘরের মধ্যে!

তিন জোড়া চোখের দৃষ্টি সার্চ লাইটের মতো এসে বিঁধল তার মুখে।

লোকটাও প্রথমে ঘাবড়ে গিয়েছিল সবাইকে দেখে। তারপরে নজর পড়ল ব্রুনো আর্মানি আর টেবিলে ছড়িয়ে থাকা ছবিগুলোর উপরে।

মুহূর্তে চোখের দৃষ্টি বদলে গেল লোকটার। একরাশ ঘৃণা যেন নরকের আগুন হয়ে ঝড়ে পড়তে লাগল দু’টো চোখ দিয়ে। তারপরে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল লরেঞ্জো!

পাওলো লুইজ্জির সহকারী! পোপের সহকারী বাটলার!

সবার আগে ছিটকে উঠল অভিমন্যু।

তিনটে মানুষের অভিব্যক্তি তাকে একটা ব্যাপার বুঝিয়ে দিয়েছে।

পাওলো লুইজ্জি নয়, এই মুহূর্তে যে লোকটা ঘরে উঁকি মেরে পালাল, টার্গেট সে-ই। লোকটার সোনালি চুলটা এখনও চোখে ভাসছে অভিমন্যুর।

মুহূর্তের মধ্যে সম্বিৎ ফিরে পেলেন আর্মানিও। অভিমন্যুকে ঘর থেকে বেরোতে দেখে আর দেরি করলেন না তিনি। দ্রুত পিছু নিলেন দু’জনের।

হতভম্ব হয়ে বসে রইলেন পাওলো লুইজ্জি। গত দশ মিনিটে ঠিক কী ঘটল, সেটা বুঝে উঠতে পারছিলেন না পোপের খাস বাটলার।

ব্রুনো আর্মানি আর টেবিলে পড়ে থাকা ছবিগুলো দেখা মাত্র লরেঞ্জো টের পেয়ে গিয়েছিল, তার পরিচয় আর গোপন নেই। দরজার সামনে থেকে এক ঝলক দেখেই সে বুঝে যায়, ছবিগুলো কাদের।

পাগলের মতো লরেঞ্জো যখন নিজের ঘরের দিকে ছুটছে, তার মনটা যন্ত্রণায় দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যাচ্ছিল।

কুড়িটা বছর ধরে যে লক্ষ্যে পৌঁছনোর জন্য তৈরি হয়েছিল সে, সেই লক্ষ্যের একেবারে কাছে এসে সব কিছু শেষ হয়ে গেল।

ওই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছিল না লরেঞ্জো। কোনওমতে ঘরে ঢুকে দরজাটা আটকাতে গেল। কিন্তু পারল না। তার আগেই অভিমন্যুর একটা লাথিতে খুলে গেল দরজাটা। ছিটকে পড়ল লরেঞ্জো।

ঘরে ঢুকে এল অভিমন্যু। পিছন পিছন আর্মানি। ততক্ষণে নিজেকে সামলে উঠে দাঁড়িয়েছে লরেঞ্জো। তারপরে ঝাঁপিয়ে পড়ল খাটে। তোষকের তলায় হাত ঢুকিয়ে বার করে আনল ভায়ালের কেসটা।

লোকটার চোখ দুটো বড়ো বড়ো হয়ে উঠেছে। সোনালি চুলের গুচ্ছ এসে পড়েছে মুখে। ভায়ালের কেসটা শূন্যে তুলে বিকৃত সুরে লরেঞ্জো বলে উঠল, ‘এক পা এগোলে আছাড় মারব। সব ধ্বংস হয়ে যাবে।’

লরেঞ্জো আর অভিমন্যুর মধ্যে হাত চারেকের দূরত্ব। অভিমন্যুর পাশে আর্মানি। লরেঞ্জোর চোখে চোখ রেখে অভিমন্যু বলে উঠল, ‘তাতে কোনও লাভ হবে না। ওই কেসটা আছাড় মারলেও ভায়ালটা ভাঙবে না। তা ছাড়া এই ভাইরাস হাওয়ায় ছড়ায় না। আপনি আর কিছু করতে পারবেন না। কেসটা আমার হাতে দিন।’

পাশ থেকে প্রায় করজোড়ে আর্মানি বলে উঠলেন, ‘লরেঞ্জো, আমার কথাটা শোনো। এটা কোরো না। সেড্রিক কখনওই এটা চাইত না। কয়েকজনের উপরে প্রতিশোধ নিতে গিয়ে হাজার হাজার মানুষ মারতে পারো না তুমি।’

লরেঞ্জোর ঘৃণা ভরা দৃষ্টি ঘুরে গেল আর্মানির দিকে। তারপরে হিসহিস করে বলল, ‘বিশ্বাসঘাতক। সব কিছুর জন্য তুমিই দায়ী। তোমার জন্যই সেড্রিককে হারিয়েছি। তুমি আজ বেঁচে গেলে, কিন্তু কোনও না কোনও দিন এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে।’

ততক্ষণে দরজার সামনে চলে এসেছেন লুইজ্জি। তিনি স্তম্ভিত হয়ে লরেঞ্জোর কথা শুনছিলেন। এবার কোনওমতে বলতে পারলেন, ‘কী বলছ এ সব লরেঞ্জো? তোমার হাতে ওটা কী?’

কোনও জবাব দিল না লরেঞ্জো। তিনজনের মুখের দিকে তাকাল শূন্য দৃষ্টিতে। তিনজন নয়, সে যেন চতুর্থ কাউকেও দেখতে পেল দরজার সামনে দাঁড়িয়ে থাকতে!

ওই তো সেড্রিক দাঁড়িয়ে। তাকে কী যেন বলতে চাইছে! কিন্তু ওর মুখটা এত বিষণ্ণ লাগছে কেন?

ভিজে উঠল লরেঞ্জোর চোখের পাতা। ঝাপসা হয়ে আসছে সব কিছু।

তারপরে সে ভায়ালের কেসটা ছুড়ে দিল শূন্যে!

লরেঞ্জোর প্রতিটা নড়াচড়া তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল অভিমন্যু। লরেঞ্জো আছাড় মারেনি কেসটা, শূন্যে ছুড়ে দিয়েছিল। তাই অনেকটাই সময় পেয়ে গেল অভিমন্যু। বিদ্যুৎগতিতে তার শরীরটা সরে গেল ডান দিকে। আর মাটিতে পড়ার আগেই লুফে নিল কেসটা।

কিন্তু বাকিরা কোনও সময় পেল না। আর্মানি এবং লুইজ্জির দৃষ্টি ঘুরে গিয়েছিল অভিমন্যুর দিকে। আর এই সুযোগটাই চেয়েছিল লরেঞ্জো।

ছোট্ট ঘরটার একপাশে কাঠের টেবিলটা। যার উপরে রাখা রয়েছে একটা খাতা আর পেন। ডট পেন নয়, শক্তপোক্ত পয়েন্টেড নিবের পেন।

বাকিদের দৃষ্টি যখন ঘরের অন্য দিকে, ক্ষিপ্রতার সঙ্গে টেবিলের সামনে চলে এল লরেঞ্জো এবং একই রকম ক্ষিপ্রতার সঙ্গে খুলে ফেলল পেনের ক্যাপটা।

তারপরে ঘুরে তাকাল বাকিদের দিকে।

তিনজনই তখন তাকিয়ে তার দিকে।

লরেঞ্জো একটু হাসল। ব্যর্থ মানুষের বিষণ্ণ হাসি। তারপরে কলমের নিবটা বিঁধিয়ে দিল নিজের গলায়। আর একটানে ছিন্ন করে দিল নলিটা।

ধীরে ধীরে মাটিতে বসে পড়ল লরেঞ্জো। একটা হেঁচকি তোলার মতো আওয়াজ বেরিয়ে এল মুখ দিয়ে। রক্তে ভিজে গিয়েছে গলার কাছটা। তারপরে এলিয়ে পড়ল তার শরীর।

.

ধীর পায়ে এগিয়ে এল অভিমন্যু। একবার দেখলেই বোঝা যায়, লোকটার শরীরে আর প্ৰাণ নেই।

পাশে এসে দাঁড়ালেন আর্মানি। কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, ‘ভাইরাসটা ঠিক আছে তো?’

অভিমন্যু কিছু বলার আগেই পিছন থেকে আতঙ্কিত গলায় বলে উঠলেন লুইজ্জি, ‘এ সব কী হচ্ছে আর্মানি? কীসের ভাইরাস? লরেঞ্জো এই রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাল কেন?’

অভিমন্যুর দিকে এক বার আড়চোখে তাকিয়ে লুইজ্জির দিকে ফিরলেন আর্মানি, ‘আমি আপনাকে সব বলছি। তার আগে আমার কয়েক জন লোককে ডাকতে হবে এখানে। লরেঞ্জোর ব্যাপারটা যেন কোনও ভাবেই এই ঘরের বাইরে না যায়।’

আধঘন্টা পরে কিছুটা স্বাভাবিক হল পরিস্থিতি। খুব গোপনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লরেঞ্জোর দেহটা। ভাইরাসের ভায়ালটা নিজের কাছেই রেখেছে অভিমন্যু। লুইজ্জিকে যতটা যা বলার বলা হয়েছে, তবে সবটা নয়। পোপের সঙ্গে যা কথা বলার আপাতত লুইজ্জিই বলবেন।

ঝড় একটু শান্ত হলে আর্মানি এসে দাঁড়ালেন অভিমন্যুর সামনে। ‘কী করতে চান এখন?’

‘আপনারা কী করবেন?

‘কার্ডিনাল এখনও ভ্যাটিকান সিটিতেই রয়েছে। ওকে আমরা তুলে নেব। কিন্তু এর বাইরে আর কিছু করা সম্ভব নয়। চিনের কারও গায়ে আমরা হাত দিতে পারব না। একে ওরা ইটালিতে রয়েছে, তার উপরে দূতাবাসের কর্মী। আর আমাদের কাছে এমন কোনও প্রমাণ নেই যা দেখিয়ে কিছু করা যায়।’

একটু থেমে প্রশ্নটা করলেন আর্মানি, ‘ভাইরাসের ভায়ালটা কী করবেন?’

‘আমার দূতাবাসে পৌঁছে দেব। ওখান থেকে নিরাপদে ভারতে পৌঁছে যাবে। ভাইরাস নিয়ে আপনাকে ভাবতে হবে না।’

মাথা নাড়লেন আর্মানি। ভাইরাস নিয়ে তিনি আর মাথা ঘামাতেও চান না। তাঁর সামনে এখন সবচেয়ে বড় চিন্তা, এই লরেঞ্জো আর কার্ডিনালের কেলেঙ্কারিটা কী ভাবে চাপা দেবেন।

‘সবার আগে কার্ডিনালকে তুলে আনুন। ওর সঙ্গে আগে কথা বলতে হবে। তার পরে দেখা যাক, কী করা যায়,’ অভিমন্যুর কথায় চটকা ভাঙল আর্মানির।

ঘড়িতে তখন দুপুর দেড়টা।

.

চারটে নাগাদ ফোনটা গেল চিনা দূতাবাসের রেমন্ডের কাছে। করেছেন কার্ডিনাল আলেসান্দ্রো।

গত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার। আগের বার ফোনে জানিয়েছিলেন, প্যাকেজ ঠিক লোককে পৌঁছে দেওয়া হয়েছে।

‘আমি আজই ভ্যাটিকান আর ইটালি ছেড়ে চলে যেতে চাই। প্রতিষেধকটা আজ‍ই লাগবে।’

কাঁপা কাঁপা শোনাচ্ছিল কার্ডিনালের গলাটা। লোকটা যে রকম লোভী, সে রকমই ভীতু। কিন্তু তাদের কাজে লাগে। এই রকম লোককে তাই বাধ্য হয়ে বরদাস্ত করতে হয়। কার্ডিনালকে কিছুটা শান্ত করার চেষ্টা করল রেমন্ড, ‘ঠিক আছে, আপনি টেনশন করবেন না। কোথায়, কখন দেখা করবেন?’

সামান্য সময়ের নীরবতা। তার পরে জবাব এল, ‘কলোসিয়ামে। আমি সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে যাব। টুরিস্টদের সঙ্গে ভিতরে ঢুকে স্টার্ন গেটের কাছে চলে যাব। একটু ফাঁকা জায়গা দেখে দেখা করে নেন। যা করার ওখানেই করতে হবে।’

।‘কলোসিয়ামে কেন?’ একটু অবাকই হল রেমন্ড। তারা কোনওদিনও ওখানে দেখা করেনি।

‘মনে হয়, আমার পিছনে লোক লেগেছে। ঠিক বুঝতে পারছি না। তাই টুরিস্টের ভিড়ে মিশে ওখানে যাব।’

রেমন্ড বুঝল, কার্ডিনাল ভয়ঙ্কর টেনশনে আছে। সেটা অবশ্য স্বাভাবিক। যে কাজটা ও করেছে, তাতে টেনশনে পড়ে যাওয়াই স্বাভাবিক। এখনও অপারেশনের তিনদিন বাকি। তার আগে কার্ডিনাল ভয় পেয়ে গেলে বড় সমস্যা। কী করে বসবে, কে জানে। তাই আর ঝামেলা বাড়াল না রেমন্ড। বলল, ‘ঠিক আছে। কোনও সমস্যা নেই। পৌঁছে যাব ঠিক সময়ে।’

ফোনটা কাটার আগে কার্ডিনাল বলে উঠলেন, ‘আপনাদের দু’জনের সঙ্গে জরুরি কথাও আছে। মনে করে চলে আসবেন।’

কেটে গেল ফোনটা

কার্ডিনালের শেষ কথাটায় ভ্রু কুঁচকে গেল রেমন্ডের। আবার কী গুরুত্বপূর্ণ কথা? লোকটা কি কিছু চাইবে? অপারেশনের আগে চাপ দিয়ে টাকা আদায় করবে? কিছুই বিশ্বাস নেই। কার্ডিনালের মতো লোভী লোক সব করতে পারে।

এখন জিয়ানকে সব জানাতে হবে।

.

সকাল সাড়ে আটটায় কলোসিয়াম খুলে যায়। বন্ধ হয় সূর্যাস্তের সময়। ফলে বন্ধ হওয়ার সময়টা বদলে যায় মাঝে মাঝে। অক্টোবর মাসে কলোসিয়াম বন্ধ হয় সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ। একঘণ্টা আগে পর্যন্ত টিকিট দেওয়া হয়। তার মানে সাড়ে পাঁচটার মধ্যে ঢুকতে হবে। মোবাইলটা তুলে নিল রেমন্ড।

পাঁচটা কুড়ি নাগাদ দু’টো টিকিট কেটে মেন এন্ট্রান্সের দিকে এগিয়ে চলল রেমন্ড। একটু পরেই সে বুঝতে পারল, জিয়ান হাঁটছে তার পাশে।

তারা একসঙ্গে কলোসিয়ামে আসেনি। জিয়ানের পিছনে লোক লেগেছে, তার পিছনে নয়। জিয়ানের পাশে হাঁটতে হাঁটতে চাপা গলায় রেমন্ড জিজ্ঞেস করল, ‘কোনও সমস্যা হয়নি তো?’

‘না। যে লোকটা পিছু নিয়েছিল, তার কাজে একদম মন নেই। ওকে ঝেড়ে ফেলতে সমস্যা হয়নি। কিন্তু…।’

‘কিন্তু কী?’ জিয়ানের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল রেমন্ড

‘এই কার্ডিনাল বেশি ঝামেলা করলে ওকে চুপ করিয়ে দিতে হবে। ওর চেয়ে আমাদের বেশি দরকার ভারতীয় প্রধানমন্ত্রীর মৃত্যু। ওই অপারেশন নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। ‘

‘ঠিক আছে। আমি একটা ভিটামিনের ইঞ্জেকশন নিয়ে এসেছি। দেখা যাক, প্রতিষেধকের নামে ওটা দেওয়ার পরে কী বলে কার্ডিনাল। ‘

দু’জনেই ঢুকে এল কলোসিয়ামের ভিতরে। সময় শেষ হয়ে আসছে। টুরিস্টরা বেরিয়ে যাচ্ছে। জায়গাটা ফাঁকা হয়ে আসছে।

তাদের কাছে এরিনা ফ্লোরের টিকিট আছে। যে কারণে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে স্টার্ন গেটের কাছে চলে যাওয়া যাবে।

স্টার্ন গেটের নাম এক সময় ছিল গ্ল্যাডিয়েটর গেট। এই গেট দিয়েই লড়াইয়ের ফ্লোরে এসে নামত গ্ল্যাডিয়েটররা। তারপরে লিপ্ত হত জীবন-মরণ রক্তক্ষয়ী সংগ্রামে! এখন আর স্টার্ন গেট দিয়ে সাধারণ লোককে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে স্টার্ন গেটের কাছে চলে যাওয়া যায়। যদি এরিনা ফ্লোরের স্পেশাল অ্যাকসেস টিকিট থাকে।

এরিনা ফ্লোর—অর্থাৎ, যেখানে একে অন্যের জীবন নিতে নেমে পড়ত গ্ল্যাডিয়েটররা। প্রায় ফাঁকা হয়ে যাওয়া এরিনা ফ্লোরের সামনে যখন এসে দাঁড়াল দুই চিনা, ছ’টা বেজে গিয়েছে।

তখনই বেজে উঠল রেমন্ডের মোবাইল।

‘আমি ডানদিকের আন্ডারগ্রাউন্ড টানেলে আছি। আপনারা ওখানে চলে আসুন।’

একবার মুখ চাওয়াচায়ি করে আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে এগিয়ে চলল রেমন্ড আর জিয়ান।

এরিনা ফ্লোর থেকেই চলে যাওয়া যায় এই আন্ডারগ্রাউন্ড এরিয়ায়। কলোসিয়ামের এই আন্ডারগ্রাউন্ড অঞ্চলটা ভরা সুড়ঙ্গ আর ওয়েটিং চেম্বারে। লড়াইয়ে নামার আগে এই সব চেম্বারেই অপেক্ষা করতে হত গ্ল্যাডিয়েটরদের। তারপরে টানেল দিয়ে বেরিয়ে এসে তারা পা রাখত ফ্লোর এরিনায়।

ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে এগিয়ে চলল রেমন্ড আর জিয়ান।

ডানদিকের ফাঁকা হয়ে যাওয়া টানেলটা দিয়ে অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় পৌঁছল জিয়ানরা। তারপরে রেলিং দেওয়া একটা ছোট্ট ব্রিজ পেরিয়ে আন্ডারগ্রাউন্ড এরিয়ায় এসে দাঁড়াল তারা।

দু’পাশে কত শত বছর আগে তৈরি হওয়া কলোসিয়ামের দেওয়াল। আর মাঝে একটা রাস্তা। খুব যে চওড়া বলা যাবে না। সেই রাস্তাটার শেষ প্রান্তে দাঁড়িয়ে একটা ছায়ামূর্তি।

জিয়ানদের থেকে মূর্তিটার দূরত্ব খুব বেশি হলে তিরিশ মিটার। কার্ডিনালকে চিনতে অসুবিধে হল না কারও।

এক পা এগিয়ে গিয়ে রেমন্ড বলল, ‘কী ব্যাপার কার্ডিনাল? কী হয়েছে? কী বলতে চান আপনি?

‘কার্ডিনাল কিছু বলবে না। বলব আমি!’

কথাটা শোনা মাত্র সাপের মতো ক্ষিপ্র গতিতে ঘুরে দাঁড়াল জিয়ান।

আর মুখোমুখি হল একটা লম্বা লোকের।

আলো-আঁধারিতে ঠিক মতো বোঝা যাচ্ছিল না লোকটার মুখ। আরও দু’পা এগিয়ে এল ছায়ামূর্তিটা। সামান্য আলো এসে পড়ল ছায়ামূর্তির মুখে। আর জিয়ানের মনে পড়ে গেল, এই মুখটা কোথায় দেখেছে সে।

চিনা দূতাবাসে রেমন্ডের দেওয়া একটা ছবিতে!

এই লোকটাই তার খোঁজ করছিল। এই লোকটাই সেই ভারতীয় এজেন্ট।

আরও এক পা এগিয়ে এসে অভিমন্যু সিংহ রানা বলল, ‘হ্যালো জিয়ান! অবশেষে আমাদের দেখা হল!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *