৩৭. এক ঢিলে তিন পাখি
বেজিং-রোম, ২৪ অক্টোবর, ২০২১
বেজিং।
হাইকমান্ডের বৈঠক।
এবারের বৈঠকে খুব বেশি লোক নেই। এমএসএস-এর ভারপ্রাপ্ত মন্ত্রী, এমএসএস চিফ, দু’জন জেনারেল, সিসিপি-র দুই শীর্ষস্থানীয় নেতা।
জিয়ান রোমে পা রাখার পর থেকেই নিয়মিত এই বৈঠকটা করা ঠিক হয়েছে। রোমে কী হচ্ছে, তা প্রতিদিন রিপোর্ট করতে হচ্ছে জিয়ানকে। আর সেই রিপোর্ট নিয়ে আলোচনায় বসছে হাই কমান্ড।
‘জিয়ান রিপোর্ট পাঠিয়েছে। কার্ডিনালের সঙ্গে যোগাযোগ হয়েছে। কোনও সমস্যা নেই। ২৯ তারিখ ভাইরাসটা হাত বদল হবে। আর ৩০ তারিখ…।’ বাকিদের দিকে তাকিয়ে বললেন এমএসএস চিফ।
৩০ অক্টোবর! এই তারিখটা আর অপারেশনের জায়গাটা চূড়ান্ত হয় ভারত থেকে খবরটা আসার পরে।
জি ২০ সামিটে যোগ দিতে যাওয়ার আগে ভারতীয় প্রধানমন্ত্রী যাবেন ভ্যাটিকান সিটিতে। দেখা করবেন পোপের সঙ্গে!
আর তখনই একঢিলে তিন পাখি মারার পরিকল্পনা খেলে যায় এমএসএস চিফের মাথায়।
দু’টো পাখি মারার পরিকল্পনা তো অনেক আগে থেকেই ছিল। এবার যোগ হল তিন নম্বর পাখিটা। যার নাম পোপ।
চিন বুঝেছিল, ভারতের এই সরকারকে ফেলে দিতে গেলে সবার প্রথমে সরিয়ে দিতে হবে এই প্রধানমন্ত্রীকে। তা হলেই মাস্তুলবিহীন জাহাজের মতো দিগভ্রান্ত হয়ে পড়বে ক্ষমতাসীন পার্টি।
তখন শুরু হবে দ্বিতীয় পর্ব। দেশজুড়ে সন্ত্রাসহানা। যেখানে কাজে আসবে লস্কর আর ইন্ডিয়ান মুজাহাদিন। দিশাহারা হয়ে পড়বে ভারত। এর মধ্যে চিনের সঙ্গে সীমান্তে ঝামেলাটা তো থাকবেই। সেটা আরও বড় আকার নেবে। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলকে ঠেলে আরও ঢুকিয়ে দেওয়া হবে ভারতের ভিতরে। দখল করে নেওয়া হবে ভারতের জমি।
তারপরে অপারেশন চিয়াংয়ের শেষ এবং চূড়ান্ত পর্ব। সরকারকে ফেলে দেওয়া। সংসদে ‘নো কনফিডেন্স মোশন’ আনা। সেই ‘নো কনফিডেন্স মোশন’ পাস করিয়ে নিতে কোনও সমস্যা হবে না। ভোট কেনাবেচায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হবে। চিন একটা ব্যাপার বুঝেছিল। টাকা দিলে ভারতীয় সাংসদদের কিনে নেওয়া কোনও ব্যাপারই নয়।
এরপরে নতুন করে নির্বাচন হবে। সেখানে জিতে যারা ক্ষমতায় আসবে, তারা হবে চিনেরই পুতুল। ঠিক যে ভাবে মলদ্বীপকে নিয়ন্ত্রণ করত চিন। মলদ্বীপ হাতছাড়া হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তার বদলে হাতে আসবে এক সোনার খনি ভারত!
তিন নম্বর পাখিটা মারার পরিকল্পনা তৈরি হয় ভারতীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত বিদেশসূচি হাতে পাওয়ার পরে। জি ২০ এবং ক্লাইমেট কনফারেন্সে প্রধানমন্ত্রীর যাওয়ার ব্যাপারটা অনেক দিন আগেই ঠিক হয়ে গিয়েছিল।
কিন্তু পোপের সঙ্গে যে ভারতীয় প্রধানমন্ত্রী দেখা করবেন, সেটা ঠিক হয় অনেক পরে।
‘একঢিলে তিন পাখি মারার এ রকম সুযোগ আর পাওয়া যাবে না,’ হাইকমান্ডের সামনে বলেছিলেন এমএসএস চিফ।
‘এই পোপ যে ভাবে কথা বলতে শুরু করেছে, সেটা মোটেই ভাল ব্যাপার নয়। এখানকার আন্ডারগ্রাউন্ড চার্চের ব্যাপারটাও আছে। সবচেয়ে বড় কথা, এরপরে যদি আমাদের কার্ডিনালকে ওই চেয়ারে বসানো যায়, তা হলে তো আর কথাই হবে না। আরও একটা শক্তিশালী বন্ধু পাবে চিন।’
পরিকল্পনাটা খোলসা করে বলেছিলেন এমএসএস চিফ। হাইকমান্ডের বুঝতে অসুবিধে হয়নি, সত্যি এর ফলে এক ঢিলে তিন পাখি মারা যাবে।
আজ সেই এক ঢিলে তিন পাখি মারার পরিকল্পনায় শেষ তুলির টান দিতে এসেছেন এমএসএস চিফ।
‘সব কিছুই নির্ভর করছে একটা ব্যাপারের উপরে,’ মুখ খুললেন পিপলস লিবারেশন আর্মির কমান্ডার, ‘ভাইরাসটা ঠিক মতো সংক্রমিত হবে কি না। মানে এক শরীর থেকে আর এক শরীরে ঠিক মতো ছড়াবে কি না।’
‘ছড়াবে,’ ঘরের সবাইকে আশ্বস্ত করলেন এমএসএস চিফ, ‘প্রফেসর ওয়াং লি যে লোকটাকে ইঞ্জেকশন দিয়েছিল, সে চারদিনের মধ্যে মারা যায়। এর মধ্যে আমরা ওর ছোঁয়া কয়েকটা জিনিস কয়েকজনের হাতে দিয়েছিলাম। ওই লোকটার ঘরেও কয়েক জনকে ঢুকিয়েছিলাম। দেখার জন্য, সংক্রমণের ব্যাপারে প্রফেসর সত্যি কথা বলেছে কি না।’
‘কী হয়েছিল তার ফল?’
‘যারা যারা লোকটার কাছে এসেছিল বা ওর ছোঁয়া জিনিস ধরেছিল, তারাও দিন চারেকের মধ্যে মারা যায়,’ বাকিদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসলেন এমএসএস চিফ, ‘মরার আগে সত্যিই এক ভয়ঙ্কর মারণাস্ত্র তৈরি করে দিয়ে গিয়েছে প্রফেসর ওয়াং লি।’
যে কমান্ডার প্রশ্নটা তুলেছিলেন, তাঁর মনে আরও একটা কাঁটা খচখচ করছিল। একেবারে ফুলপ্রুফ অপারেশন চান তিনি।
‘কিন্তু পোপ যে সেই ভাইরাস-কেরিয়ারের ছোঁয়া জিনিস স্পর্শ করবে তার নিশ্চয়তা কী? আর না হলে সেই ভাইরাসবাহী লোকটাকে একেবারে পোপের কাছে পৌঁছতে হয়। সেটা না হলে তো সংক্রমণ হবে না। আর তার চেয়েও বড় কথা, ভারতীয় প্রধানমন্ত্রীর শরীরেই বা ভাইরাসটা ঢুকবে কী করে?’
মৃদু হাসলেন এমএসএস চিফ। তার পরে বললেন, ‘যে ভাইরাস-কেরিয়ার হবে, সে পোপের খুবই ঘনিষ্ঠ। পোপের সঙ্গেই থাকে। প্রায় ছায়াসঙ্গী বলা যায়। ওকে ছাড়া পোপের চলে না। তাই মুহূর্তের মধ্যে কেরিয়ারের শরীর থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে পোপের শরীরে।’
‘আর ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যাপারটা?’ কমান্ডার একটা না একটা খুঁত বার করার জন্য যেন মরিয়া হয়ে আছেন।
‘অনেক রাস্তা আছে। পোপ আর প্রধানমন্ত্রী যখন একে অন্যকে স্পর্শ করবেন, করমর্দন করবেন, তখন হতে পারে। বা প্রধানমন্ত্রী যখন অ্যাপোস্টলিক প্যালেসের ওই ঘরে বসবেন, তখন হতে পারে। একবার চামড়ার সংস্পর্শে এলেই শরীরে ছড়িয়ে পড়বে ওই ভাইরাস। আর তাতেও যদি না হয়, তা হলে আসল তাসটা তো আছেই।’
আজ হাইকমান্ডের সামনে বুক চিতিয়ে কথা বলতে কোনও সমস্যা হচ্ছিল না এমএসএস চিফের। প্রফেসর ওয়াং লি চিন ছেড়ে পালানোয় যে ধাক্কা তিনি খেয়েছিলেন, তা অনেকটাই সামলে নেওয়া গিয়েছে।
‘কী সেই তুরুপের তাস?’ একাধিক প্রশ্ন ভেসে এল।
‘আমরা জেনেছি, ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি বিশেষ উপহার দেবে পোপ। একটা ব্রোঞ্জের ফলক। যাতে লেখা থাকবে— ‘মরুভূমি একদিন বাগান হবে’। যে মুহূর্তে ওই ফলক হাতবদল হবে, ভাইরাসও সংক্রমিত হয়ে যাবে ভারতীয় প্রধানমন্ত্রীর শরীরে।
চিফ কথা শেষ করে গর্বিত ভাবে তাকালেন সবার দিকে। ঘরে অদ্ভুত এক স্তব্ধতা। তবে এই স্তব্ধতা যে অশনি সঙ্কেত নিয়ে আসছে না, তা বোঝা যায়।
‘আর একটা প্রশ্ন। আমরা জেনেছি, জি ২০ সামিটে এসে ভারতীয় প্রধানমন্ত্রী চিয়াং ভাইরাসের কথাটা ফাঁস করে দেবে। ওই ভাইরাস কাজ করতে করতে অন্তত ৪৮ ঘণ্টা তো লাগবেই। ততক্ষণে তো চিনের দিকে আঙুল উঠে যাবে,’ এবার কথাটা বললেন সিসিপি-র এক সদস্য। কমান্ডারের ভ্রুটা কুঁচকে উঠল। সত্যিই তো, এটা তো একটা বড় ফাঁক থেকে যাচ্ছে।
কিন্তু এবারও ভুল ধরার সুযোগটা দিলেন না এমএসএস চিফ। সব প্রশ্নেরই জবাব আছে তাঁর কাছে।
‘তার আগেই আমরা আর একটা টেক্কা ফেলব। ভারতের প্রধানমন্ত্রী ভ্যাটিকান ছাড়ার আগেই লস্কর ই তৈবার তরফে কয়েকটা সিডি পাঠিয়ে দেওয়া হবে বিশেষ বিশেষ ঠিকানায়। প্রাপকদের মধ্যে যেমন বিদেশি মিডিয়া থাকবে, সে রকম ভ্যাটিকান এবং ইটালির পুলিশ চিফও থাকবে।’ একটু থামলেন চিফ। তার পরে বলতে লাগলেন, ‘ওই সিডিতে বলা হবে, ভারতীয় প্রধানমন্ত্রী এবং পোপ মারণ ভাইরাসে আক্রান্ত। যার পিছনে রয়েছে লস্কর। এখনই দু’জনকে কোয়ারেন্টাইনে না রাখলে লাখ লাখ মানুষের মৃত্যু হবে। ভাইরাস সংক্রান্ত আরও কিছু বৈজ্ঞানিক তথ্য দেওয়া থাকবে ওই সিডিতে। কেউ অবিশ্বাস করতে পারবে না। লস্করদের এই ঘোষণার পরে কী হবে ভাবতে পারেন?
সবার চোখের সামনে ভবিষ্যতের একটা ছবি ফুটে উঠল।
পোপ এবং ভারতের প্রধানমন্ত্রীকে ওই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। শুধু ওই দু’জনকেই নয়, যারা যারা ওখানে আছে, সবাইকে। এর পরে রক্তপরীক্ষা হবে সবার। আর কারও দেহে না হোক, তিনজনের শরীরে মারণ ভাইরাস পাওয়া যাবেই। প্রধানমন্ত্রী, পোপ এবং ওই কেরিয়ারের দেহে। আর ৪৮ ঘণ্টার মধ্যে শুরু হয়ে যাবে ভাইরাসের কাজ। আক্রান্ত কারও আর বাঁচার সম্ভাবনা থাকবে না।
তখন চিনের দিকে আঙুল তুলেও কোনও লাভ হবে না। সব দায় তো লস্করই নিয়ে নিয়েছে। জঙ্গিরা কোথা থেকে ওই ভাইরাস পেল, তা নিয়ে চাপানউতোর চলতে পারে, কিন্তু সাহস করে কেউ কোনও পদক্ষেপ করতে পারবে না। অন্তত চিনের বিরুদ্ধে তো নয়ই।
শুধু ভারত বুঝবে কোথা থেকে কী হল! কিন্তু বুঝেও অসহায়ের মতো সব কিছু দেখতে হবে। দেশের সরকারই তখন টালমাটাল অবস্থায় থাকবে। সেই পরিস্থিতিতে আর কী করতে পারে ভারত! কেউ যদি চিনের বিরুদ্ধে সরবও হয়, অন্য পক্ষ তাদের থামিয়ে দেবে। সেই ব্যবস্থা তো করাই আছে।
‘আরও একটা ব্যাপার হবে,’ আসন্ন সাফল্যটা তারিয়ে তারিয়ে উপভোগ করতে করতে বললেন এমএসএস চিফ, ‘এতে করে ভাইরাসটাও দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে না। ভারতের বাজারও ক্ষতিগ্রস্ত হবে না। অর্থনীতিটাও তো দেখতে হবে আমাদের। ত
‘কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আমাদের। এই প্রতিষেধক বা অ্যান্টি ভাইরাল ড্রাগটা এখন যেন কিছুতেই চিনের বাইরে না যায়।’
‘সময়ের আগে যাবে না। এবার বৈজ্ঞানিকদের ইউনিভার্সিটিতেই আটকে রাখা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী আর পোপের মৃত্যুর আগে ওই প্রতিষেধকের খবর কেউ জানবে না। তারপরে প্রয়োজন হলে অন্য কোনও বিদেশি কোম্পানি মারফত ওষুধগুলো বাজারে আসবে। সেই রকম বিদেশি ফার্মা কোম্পানি আমাদের হাতে আছে। আর সেটা হলে কোটি কোটি ডলার মুনাফা হবে চিনের।
‘ভারত ভাবছে, আমাদের লক্ষ্য ওদের দেশের কোটি কোটি মানুষ মারা। তা তো নয়। আমরা শুধু ভারতের একজনকেই মারতে চাইছি। আর তাতেই কেল্লা ফতে। মরুভূমি বাগান হয়, না বাগান মরুভূমি, তখন দেখব,’ অট্টহাসি হেসে উঠলেন কমান্ডার।
অবশেষে পুরো অপারেশনটা মনে ধরেছে তাঁর
এই অপারেশন সফল না হয়ে যায়ই না।
এমন কেউ নেই যে থামাতে পারবে অপারেশন চিয়াংকে!
.
রোম। ২৪ অক্টোবর, সকাল দশটা।
রোমের লিয়োনার্দো দ্য ভিঞ্চি এয়ারপোর্টে পা রেখে মোবাইলে এক বার চোখ বুলিয়ে নিল অভিমন্যু। নিজের হোটেলে যাওয়ার আগে বিশেষ একজনের সঙ্গে দেখা করতে হবে তাকে।
‘র’ চিফ নিশান্ত অরোরাই সব ব্যবস্থা করে রেখেছেন। এয়ারপোর্টে যে গাড়িটা তাকে নেওয়ার জন্য আসবে, তার নম্বর এবং ড্রাইভারের মোবাইল নম্বরও চলে এসেছে অভিমন্যুর কাছে। সেই মোবাইলে ফোন করে কথা বলে নিল ড্রাইভারের সঙ্গে।
কাস্টমস পার করে নির্দিষ্ট গাড়িতে উঠতে মিনিট ৪৫ লাগল অভিমন্যুর। বলার কিছু ছিল না। ড্রাইভার জানত, কোথায় যেতে হবে।
জানলা দিয়ে রোমের রাস্তায় চোখ রাখতে রাখতে গভীর চিন্তায় ডুবে যাচ্ছিল অভিমন্যু সিংহ রানা।
বেশির ভাগ দেশের মতো ইটালিয়ান সিক্রেট সার্ভিসকেও দু’টো ভাগে ভাগ করা যায়।
একটা, এজেন্সিয়া ইনফর্মাজিওনি সিকিউরেজা এস্তারনা। সংক্ষেপে এআইএসই। এই সংস্থা হল ইটালির ফরেন ইন্টেলিজেন্স।
দ্বিতীয়টার নাম, এজেন্সিয়া ইনফর্মাজিওনি সিকিউরেজা ইন্টার্না বা এআইএসআই। এই সংস্থাকে বলা যায় ইটালির ইন্টার্নাল সিকিউরিটি এজেন্সি। যা দেশের নিরাপত্তাটা দেখে। এই দ্বিতীয় এজেন্সির ডেপুটি ডিরেক্টরের সঙ্গেই এখন দেখা করতে চলেছে অভিমন্যু।
.
আধঘণ্টার মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে গেল অভিমন্যুর গাড়ি। আর তার মিনিট পাঁচেকের মধ্যেই সে হাজির হয়ে গেল মারিনো কনচেত্তির সামনে। এআইএসআইয়ের ডেপুটি ডিরেক্টর।
‘আপনাদের কি মনে হয়, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের উপরে হামলা হতে পারে রোমে? জি ২০ সামিটের সময়?’
অভিমন্যু একটা খাম ঠেলে দিল মারিনোর দিকে।
‘এই ছবিটা দেখুন প্লিজ।’
খাম থেকে জিয়ানের ছবি দু’টো দেখার পরে ভ্রু কুঁচকে অভিমন্যুর দিকে তাকালেন মারিনো।
‘এই লোকটা এমএসএসের এক টপ অ্যাসাসিন। শুধু চিনের বিদেশমন্ত্রীর সিকিউরিটি
দেখার জন্য ও রোমে এসেছে বলে মনে হয় না।’
‘কী নাম এর?’
‘কোডনেম জিয়ান। এখানে কী নাম ব্যবহার করছে, সেটা জানতে নিশ্চয়ই সমস্যা হবে না। তবে নামের চেয়েও আর একটা ব্যাপার জানা দরকার। ‘
আবার ভ্রুটা কুঁচকে উঠল মারিনোর।
‘রোমে পা দেওয়ার পরে লোকটা কার কার সঙ্গে কনট্যাক্ট করেছে। তা হলে অন্তত একটা আভাস পাওয়া যাবে, ওরা কী করতে চাইছে।’
ভাইরাসটা নিয়ে এখনই কোনও কথা জানাতে চাইল না অভিমন্যু।
টেবিলের উপরে ছবিটা রেখে বার কয়েক টোকা বাজালেন মারিনো। তারপরে তুলে নিলেন ডেস্ক ফোনটা।
.
দুপুর বারোটা। ভ্যাটিকান সিটি। ২৪ অক্টোবর, ২০২১।
পাথরের মতো বসেছিলেন ব্রুনো আর্মানি। ভয়ঙ্কর এক দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েছেন ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফ। তিনি বুঝতে পারছেন, সত্যিই এক ঝড় আসছে। যা তাঁর প্রিয় ভ্যাটিকানকে তছনছ করে দিতে পারে।
আর্মানির মস্তিষ্কে এখনও প্রতিধ্বনিত হচ্ছে মিনিট পাঁচেক আগে ফোনে শোনা কথাগুলো।
ফোনটা পেয়ে প্রথমে খুশিই হয়েছিলেন আর্মানি। যদি সেই সোর্স নতুন কোনও খবর দেয়।
মোবাইলটা কানে নিয়ে ‘হ্যালো’ বলা মাত্র অপরপ্রান্তের ধাতব স্বরটা বলতে লাগল— ‘ব্রুনো আর্মানি! কুড়ি বছর আগে যে পাপ করেছিলে, তার মূল্য দেওয়ার জন্য তৈরি হও।’
কথাটা শোনা মাত্র টেনশন বাড়তে লাগল আর্মানির। কিন্তু মুখ খোলার আগে উল্টো দিকের গলাটা বলতে লাগল—
‘সেই পাপের মূল্য যে কী হবে, তা তোমার ধারণাতেই নেই। শেষ হয়ে যাবে তোমার সাধের ভ্যাটিকান সিটি।’
‘কিন্তু এই পোপ তো কোনও দোষ করেননি। সাধারণ মানুষের কী অপরাধ? মারলে আমাকে মারুক। দোষী তো আমি।’ কোনওমতে বলতে পারলেন আর্মানি।
‘দোষী সবাই। এই পোপ না থাকুক, অন্য পোপ তো ছিল। ভ্যাটিকান সিটির লোকগুলো তো তখনও ছিল। এই রকম অন্যায়ের প্রতিবাদ কি কেউ করেছে? শাস্তি পেতে হবে সবাইকে।
কথাগুলো শুনতে শুনতে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল আর্মানির শিরদাঁড়া বেয়ে। তার মধ্যে কোনওমতে বলতে পারলেন—
‘আমি জানি, আপনি সেড্রিক রেপন্ডের সেই বন্ধুকে চেনেন। আমাকে একবার সুযোগ দিন ওর সঙ্গে কথা বলার। আমি ওকে বুঝিয়ে বলব। আমাকে যা শাস্তি দেবে, তা চুপচাপ মেনে নেব।’
উল্টোপ্রান্ত থেকে যে হাসিটা ভেসে এল, তা আর্মানির রক্ত জমিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ‘মূর্খ, আমি সেড্রিক রেপন্ডের বন্ধুকে চিনি না। আমিই সেড্রিক রেপন্ডের সেই বন্ধু! তোমরা ঈশ্বরে বিশ্বাস করো। আমিও। কুড়ি বছর অপেক্ষা করার পরে আমার ঈশ্বর আমাকে একটা সুযোগ দিয়েছেন। তোমাদের ধ্বংস অনিবার্য। আর পাঁচ দিন পরে ঈশ্বরের বজ্র নেমে আসবে পোপ আর এই ভ্যাটিকানের উপরে! পারলে বাঁচিয়ে নাও।’
উল্টো প্রান্তে কোঁ কোঁ আওয়াজে ব্রুনো আর্মানি বুঝলেন ফোনটা কেটে গিয়েছে।
পাথরের মূর্তির মতো বসে থাকতে থাকতে ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফের মনে হচ্ছিল, এক ভয়ানক অন্ধকার ঘূর্ণির মধ্যে তলিয়ে যাচ্ছেন তিনি!
