৩০. দোলাচলে
নয়াদিল্লি, আগস্ট, ২০২১
সাউথ ব্লক, রাজধানী।
সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকে সে দিন প্রধানমন্ত্রী ছিলেন না। তা ছাড়া উপস্থিত ছিলেন বাকি সবাই। প্রত্যেকের মুখই গম্ভীর। প্রথম কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।
‘তা হলে মিডিয়ার সামনে চিনের মুখোশ খুলে দিতে রাজি নন প্রফেসর?’
‘না, একেবারেই নয়। পরিষ্কার জানিয়ে দিয়েছেন সে কথা।’
‘তা হলে তো প্রধানমন্ত্রীর পুরো পরিকল্পনা বানচাল হয়ে যাবে। চিন তো ভয় পাবে না, হয়তো পিছুও হটবে না। তা হলে এত কষ্ট করে প্রফেসরকে চিন থেকে নিয়ে আসার কী মানে রইল?’ রীতিমতো উত্তেজিত ভঙ্গিতে প্রশ্নটা ছুড়ে দিলেন প্রতিরক্ষা সচিব।
বাকিদের মুখ দেখে মনে হল, একই প্রশ্ন ঘুরছে তাদের মাথাতেও।
সবার মুখের দিকে তাকিয়ে নিয়ে সিকিউরিটি অ্যাডভাইজর বলতে লাগলেন, ‘প্রতিষেধক তৈরির ব্যাপারটা তো আছেই। প্রফেসর সেই প্রতিষেধক তৈরির গবেষণা শুরু করে দিতে চান। এ ছাড়া আর একটা প্রস্তাব দিয়েছেন তিনি।’ একটু থেমে দুদে অফিসার তাঁর কথা শেষ করলেন—
‘প্রফেসর বলেছেন, চিনকে জানিয়ে দিতে যে তিনি প্রতিষেধক তৈরি করে ফেলেছেন। ফলে ওই ভাইরাস কোনও কাজে আসবে না। আর তারপরেও ভাইরাস যদি ছড়িয়ে পড়ে, তাহলে সব কথা মিডিয়ার সামনে ফাঁস করে দেবেন প্রফেসর।’
আবার সামান্য সময়ের নীরবতা। তারপরে প্রতিরক্ষামন্ত্রী বললেন, ‘ব্যাপারটা ঠিক ভাল ঠেকছে না। কোথায় আমাদের কথায় প্রফেসর চলবে, না আমরা চলছি ওঁর কথায়।’
‘প্রতিষেধকটা আমাদের দরকার। চিন কখন যে কী করে বসবে, তার ঠিক নেই,’ চিন্তান্বিত মুখে বললেন র চিফ।
‘পাশাপাশি আর একটা কথা খেয়াল রাখতে হবে,’ এবার কথা বললেন এনআইএ চিফ সুদর্শন, ‘প্রফেসরের হুমকির কথা চিনকে জানাতে গেলে স্বীকার করে নিতে হবে, ভদ্রলোক এখন ভারতে। চিন কিন্তু তখন অন্য খেলা খেলতে পারে। ওই চিকিৎসককেই বায়োটেররিস্ট ঘোষণা করে দিতে পারে। বলতে পারে, আমরাই ওই ভাইরাস লিক করে দিয়েছি।’
এনআইএ চিফের কথাটা কেউ উড়িয়ে দিতে পারলেন না। এটা একটা ভয়ঙ্কর খেলা। প্রতিপক্ষ কী ভাবছে, সেটা বোঝা ভীষণই জরুরি। একটা ভুল চাল মানে খেলা থেকে ছিটকে যওয়া। আর এই খেলায় সেটা হওয়া মানে তখন আর শুধু খেলোয়াড়কে নয়, ফল ভুগতে হয় পুরো দেশকে।
‘তা হলে উপায়?’ একটু অসহায় শোনাল স্বরাষ্ট্রমন্ত্রীর গলা।
‘আপাতত প্রতিষেধক তৈরির কাজটা চলুক। প্রতিষেধকটা পেয়ে গেলে এই লড়াইয়ে আমাদের হাতে একটা বড় অস্ত্র এসে যাবে।’ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের প্রস্তাবটাই গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হল।
তার পরে প্রতিরক্ষা মন্ত্রী জানতে চাইলেন, ‘প্রফেসরকে ঠিক মতো নিরাপত্তা দেওয়া হয়েছে তো?’
‘সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন,’ জবাব দিলেন সুদর্শন, ‘বিজওয়াসানের সেফ হাউসেই রাখা হয়েছে।’
তাঁর কথা শেষ হতেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা বলে উঠলেন, ‘আর একটা ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। ফাইলে সেই সূচি দেওয়া আছে।’
ঘরের সবাই জানেন, এই বছরে দু’টো গুরুত্বপূর্ণ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেটা প্রায় বছর খানেক আগে থেকেই ঠিক হয়ে আছে।
কোভিডের কারণে গত বছর প্রধানমন্ত্রীর সমস্ত বিদেশ সফর বাতিল হয়ে গিয়েছিল। কয়েকটা গুরুত্বপূর্ণ সামিট হয়েছিল অনলাইনে। কিন্তু এই বছর আবার সব শুরু হতে চলেছে।
আসন্ন দু’টো গুরুত্বপূর্ণ সামিট হবে ইউরোপে। ৩০-৩১ অক্টোবর জি ২০ সামিট। যা হবে রোমে। এর পরে ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর গ্লাসগোয় ইউ এন-এর ক্লাইমেট চেঞ্জ সামিট।
সবাই এক বার নিজেদের সামনে রাখা ফাইলটা খুলে দেখে নিলেন। ব্যক্তিগত উপদেষ্টা বলে চললেন, ‘প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর ইটালি পৌঁছবেন। জি ২০ সামিটের আগে ভারতীয় কমিউনিটি এবং বেশ কয়েক জন বিদেশি নেতার সঙ্গে বৈঠক আছে প্রধানমন্ত্রীর। তারপরে জি ২০ সামিট। আর সবশেষে ক্লাইমেট সামিট। পুরো ডিটেল প্রোগ্রাম এই ফাইলে দেওয়া আছে। আপনারা যে যার মতো করে প্রস্তুতি নিতে শুরু করুন।
সবাই একবার চোখ বুলিয়ে নিলেন ফাইলে। প্রস্তুতি নেওয়ার অর্থটাও সবাই জানেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারটা সুনিশ্চিত করা।
মিটিং ওখানেই শেষ হল।
ডিপার্টমেন্টে ফিরে যে যাঁর টিমের সঙ্গে আলাদা করে বসলেন। একে এই প্রফেসরের ব্যাপারটা দেখা। তার উপরে নজর রাখতে হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের উপরেও। অরোরা, সুদর্শনরা বুঝে গেলেন, ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সিদের ওভারটাইম করার সময় এসে গিয়েছে!
.
বেজিং।
দু’ দিন পরে। এমএসএস হেডকোয়ার্টার্স।
হাইকমান্ডের এই মিটিংয়ে প্রিমিয়ার বাদে ছিলেন বাকি সবাই। নয়াদিল্লির সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে হাজির থাকা গম্ভীর মুখগুলোর চেয়েও চিনের হাই কম্যান্ডের মিটিংয়ে উপস্থিত লোকগুলোর মুখ আরও বেশি রকমের গোমড়া। কারণ তারা জানে, এই খেলায় ভারতের থেকে এক পা পিছিয়ে পড়েছে চিন।
এমএসএস চিফই কথা শুরু করলেন। ড্যামেজ কন্ট্রোল তাঁকেই করতে হবে। তাঁর মাথাটাই এখন হাঁড়িকাঠে চড়ানো।
যে কারণে তিনি প্রস্তুত হয়েই এসেছিলেন। প্রফেসরকে হারানোর পরে সবার আগে এমএসএস চিফ যে কাজটা করেছিলেন, সেটা হল, প্রফেসরের সহকারীদের তুলে আনা। তারপরে বিশেষ নজরদারিতে তাদের কাজে লাগিয়ে দেওয়া হয়। কাজ একটাই। যত তাড়াতাড়ি সম্ভব ওই ভাইরাসের প্রতিষেধক আর অ্যান্টি ভাইরাল ড্রাগ তৈরি করা। আজ সেই টিমের কাছ থেকে রিপোর্ট নিয়েই এই মিটিংয়ে এসেছেন চিফ।
‘প্রফেসর লি এখনও প্রতিষেধক তৈরির কাজটা শুরু করেনি। কিন্তু খুব দ্রুত করবে। তবে একটা ব্যাপার আমাদের পক্ষে গিয়েছে।’
চিফের কথা শুনে কেউ বিশেষ উৎফুল্ল হল বলে মনে হল না। চিফ দ্রুত বলতে লাগলেন, ‘প্রফেসরকে ভারত প্রস্তাব দিয়েছিল, মিডিয়ায় এসে চিয়াং ভাইরাসের ব্যাপারটা ফাঁস করে দিতে। এমনকী, বায়োটেররিজমের সঙ্গে চিনের নামটা জড়িয়ে দিতে। কিন্তু প্রফেসর রাজি হয়নি।
কথা শেষ করে সবার মুখের ওপরে চোখ বুলিয়ে নিলেন চিফ। কিন্তু কারও মুখেই কোনও ভাবান্তর দেখা গেল না। উল্টে এক জেনারেল ফোঁস করে উঠলেন, ‘এখন করেনি তো কী হয়েছে। ক’দিন বাদে যে করবে না, কে বলতে পারে। তা ছাড়া ওই ভাইরাসের প্রতিষেধক বা ওষুধ ভারতের হাতে চলে এলে অপারেশন চিয়াংয়ের কোনও মানেই থাকবে না। ভারতে সরকার ফেলে দেওয়ার যে পরিকল্পনাটা করা হয়েছে, সেটাও ভেস্তে যাবে।’
‘যাবে না,’ সবার মুখের উপরে নজর বুলিয়ে নিলেন এমএসএস চিফ। তার পরে চিবিয়ে চিবিয়ে বললেন, ‘প্রতিষেধক তৈরি করার সুযোগ আর পাবে না বিশ্বাসঘাতকটা। প্রফেসর ওয়াং লি-কে ভারত কোথায় লুকিয়ে রেখেছে, আমরা জেনে গিয়েছি।’
চিফের শেষ কথাটায় হাসির রেখা ফুটে উঠল গোমরা মুখগুলোয়। এই লড়াইয়ে এতক্ষণ পিছিয়ে ছিলেন তারা। কিন্তু এমএসএস চিফ এই তাসটা খেলে পুরো ছবিটাই বদলে দিয়েছেন। এখন আর তাঁরা পিছিয়ে নেই। বরং এই ভয়ানক সাপ-লুডোর খেলায় চিন আবার ভারতের চেয়ে এগিয়ে গিয়েছে দু’কদম!
‘কিন্তু আমাদের হয়ে প্রতিষেধকটা তৈরি করবে কে?’ এমএসএস চিফের দিকে উড়ে এল প্রশ্নটা।
‘চিন্তা করবেন না। প্রফেসরের সহকারীদের কাজে লাগানো হয়েছে। ওরা জানে, প্রফেসর কোন পথে এগোচ্ছিল। ফর্মুলা, নোটস— সব আছে। ওরা বলেছে, প্রতিষেধক, এমনকী, অ্যান্টি ভাইরাল ড্রাগও তৈরি করে দিতে পারবে। শুধু একটু সময় চেয়েছে।’
লোকগুলো মাথা নাড়াল।
‘কিন্তু একটা কথা মাথায় রাখবেন,’ ঠান্ডা গলায় বলে উঠলেন সিসিপির শীর্ষস্থানীয় এক সদস্য, ‘এবার যেন বেঁচে না যায় প্রফেসর ওয়াং লি।’
.
আরও দু’দিন পরে। রোম।
ব্রুকসেলসের সেই রেস্তরাঁ। চিনা দূতাবাসের কর্মী রেমন্ড লি-র মুখোমুখি বসে কার্ডিনাল আলেসান্দো।
‘সময় এসে গিয়েছে। পোপ এবং ভ্যাটিকান সিটির উপরে চূড়ান্ত আঘাত হানার জন্য আপনার সেই অস্ত্রকে তৈরি করে ফেলুন। আর কয়েকটা মাস। তারপরে…।’
উত্তেজনায় জ্বলজ্বল করে উঠল কার্ডিনালের দু’টো চোখ। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হবে।
‘কী ভাবে হবে অপারেশনটা?’
‘সময় এলে সব আপনাকে জানিয়ে দেব। শুধু একটা কথা বলুন। আপনার সেই অস্ত্র তৈরি তো প্রাণ দিতে?’
‘প্রাণ দিতে এবং তার চেয়েও বেশি করে প্রাণ নিতে।’
.
রাতে ভ্যাটিকান সিটির অ্যাপোস্টল প্যালেসের একটা ঘরে শুয়ে নিজের ভবিতব্যের কথা ভাবছিল সে। তার অদৃষ্ট অনেক দিন আগেই লেখা হয়ে গিয়েছে। যখন তার প্রেমিককে ষড়যন্ত্রের শিকার বানিয়ে হত্যা করা হয়েছিল। সে শুধু নিজেকে তৈরি করেছে এই সময়টার জন্য।
অবশেষে সময় আসন্ন। কার্ডিনাল তাকে ফোন করেছিল। জানিয়েছে, সময় আসন্ন। সে তৈরি। প্রাণ নিতে এবং প্রাণ দিতে।
কিন্তু তার আগে আর একটা কাজ করতে হবে তাকে।
না হলে আর প্রতিশোধ কীসের!
