১৪. আঘাত
আগ্রা, উত্তরপ্রদেশ। মাৰ্চ, ২০২১
গাড়িটা হাসপাতালের পার্কিংয়ে রেখে মহিলাকে নিয়ে সুপারের কেবিনের দিকে এগোল অমৃতা।
আজ একটু তাড়াতাড়ি এসেছে অমৃতা। কোনও ঝুঁকি নিতে চায়নি সে। সঙ্গে রয়েছে তাদের এনজিও-র গাড়ি। ছেলেটাকে এখান থেকে বার করে তার পরিচিত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোভিড পরীক্ষার পাশাপাশি দেখতে হবে, শরীরের অর্গ্যানগুলো সব অক্ষত আছে কি না।
একটা অস্বস্তি যে হচ্ছিল না অমৃতার, তা নয়। ছেলেটাকে যদি ছেড়েই দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, তা হলে বুঝতে হবে সব ঠিক আছে। ছেলেটার কোনও ক্ষতি হয়নি। অপরাধের প্রমাণ নিশ্চয়ই বাইরে নিয়ে যেতে দেবে না অপরাধীরা। সে ক্ষেত্রে ছেলেটা বেঁচে যাবে, কিন্তু অমৃতার সামনে রাস্তা থাকবে না এই কেসটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করার।
আর যদি ছেলেটাকে ছাড়তে না চায় আজও, তা হলে বুঝতে হবে সমস্যা আছে। গত কাল হাসপাতাল থেকে ফিরেই আইনজীবীর সঙ্গে কথা বলে অমৃতা। প্রয়োজনে আইনের দ্বারস্থ হতে হবে।
বাইরে মিনিট পাঁচেক অপেক্ষা করার পরে ডেকে পাঠালেন সুপার। অমৃতাদের ঘরে ঢুকতে দেখেই গম্ভীর মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ডক্টর ত্রিপাঠী। তার পরে রতনের মায়ের দিকে তাকিয়ে বললেন, ‘আপনার কোনও কনট্যাক্ট নম্বর নেই বলে যোগাযোগ করতে পারছিলাম না। অপেক্ষা করেছিলাম, কখন আসেন।’
‘কেন বলুন তো?’ প্রশ্নটা করল অমৃতা। তার বুক দুরুদুরু করছে।
একবার অমৃতা আর একবার রতনের মায়ের উপরে চোখ বুলিয়ে ডক্টর ত্রিপাঠী গম্ভীর গলায় বলে উঠলেন, ‘আই অ্যাম সরি। রতন আর বেঁচে নেই। আমরা অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু কোভিড শেষ পর্যায় চলে গিয়েছিল। ফুসফুস ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ভোর চারটে নাগাদ মারা গিয়েছে রতন।’
প্রথমে কেউ যেন কিছু বুঝতে পারল না। তারপরে বুকফাটা চিৎকার করে ঘরের মেঝেয় লুটিয়ে পড়ল ঝুমরি। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল অমৃতা। তার মাথা ঘুরছে। মেয়েটা যেন বিশ্বাস করতে পারছে না, হাসপাতাল সুপার কী বলছেন!
সুপারই প্রথম কথা বললেন। একজন নার্সকে ডেকে পাঠিয়ে নির্দেশ দিলেন রতনের মাকে ঘর থেকে নিয়ে গিয়ে শুশ্রূষা করতে। তারপরে অমৃতার দিকে ফিরে বললেন, ‘সবই কপাল বুঝলেন। না হলে এই অল্প বয়সে চলে যায়। কে বলতে পারে কার ভাগ্যে কী আছে।’
ডক্টর ত্রিপাঠীর মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে নিজের উত্তেজনায় রাশ টানল অমৃতা। এখন উত্তেজিত হওয়ার সময় নয়। মাথা গরম করলে হবে না। অমৃতা ধীরে ধীরে বলল, ‘ছেলেটার বডি একবার দেখতে চাই।’
‘পাগল নাকি?’ ভ্রু কুঁচকে বলে উঠলেন ত্রিপাঠী, ‘আপনি পড়ালেখা জানা মহিলা সরকারি নির্দেশ তো জানেন। কোভিডে মারা গেলে বডি দেওয়া যাবে না। সরকারের তরফেই সৎকারের ব্যবস্থা করা হবে।’
‘এই ছেলেটার বডি দেখাটা খুবই প্রয়োজন। আপনার হাসপাতালের নামে অনেক অভিযোগ আছে। প্রয়োজনে আমাকে আইনের সাহায্য নিতে হবে।
একটুও ঘাবড়ালেন না ত্রিপাঠী। একটু বাঁকা হেসে বললেন, ‘আপনি আইন, পুলিশ, যার ইচ্ছে সাহায্য নিতে পারেন। ভয় নেই। আমরাও সম্পূর্ণ আইন মেনেই কাজ করব।’
বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন সুপার। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অমৃতা। তার মনে হচ্ছে, রতনের মৃত্যুর জন্য সে-ই দায়ী। সে এসে যদি খোঁচাখুঁচি না করত, তা হলে ছেলেটা হয়তো বেঁচে যেত।
এর পাশাপাশি আরও একটা আশঙ্কা ঘনীভূত হচ্ছে অমৃতার মনে। আশঙ্কা নয়, অন্ধকারে থাকা এক সত্য আলোয় আসছে। অমৃতা বুঝে গিয়েছে, প্রদীপ যা অভিযোগ করেছিল, তা সত্যিই। কোভিডকে সামনে রেখে ভয়ঙ্কর এক ব্যবসা চলছে এখানে। আর শুধু এখানেই বা কেন! হয়তো গোটা দেশেই। অর্গ্যান ট্র্যাফিকিং তো আর কোনও নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে না।
কাঁপতে কাঁপতে আবার চেয়ারে বসে পড়ল অমৃতা।
রতনের মাকে হাসপাতাল থেকে সরানো কঠিন হয়ে গেল। ছেলের মুখ একবার না দেখে সে যাবে না।
অনেক বোঝানোয় কাজ না হওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিল। শুধু রতনের মাকে বডির কাছাকাছি আসতে দেওয়া হবে। তাও খুব কাছে নয়। সেখান থেকে একবার দেখে চলে যেতে হবে। আর কাউকে সামনে যেতে দেওয়া হবে না।
তাতেই রাজি হল ঝুমরি। দু’জন ওয়ার্ড বয়ের সঙ্গে চলে গেল সে। বাইরে নিথর হয়ে দাঁড়িয়ে রইল অমৃতা।
আধঘণ্টা পরে ফিরিয়ে আনা হল রতনের মাকে। সে তখন শোকে পাথর হয়ে গিয়েছে। চোখের জল শুকিয়ে গিয়েছে। স্খলিত পায়ে হেঁটে এসে দাঁড়াল অমৃতার সামনে।
তারপরে ঠাস করে একটা চড় কষিয়ে দিল মেয়েটার গালে। ‘ডাইন, তোর জন্য আমার ছেলেটাকে হারালাম। তুই যদি এই সব না করতিস, তা হল আমার রতন আজ বেঁচে থাকত।’ বলেই উদভ্রান্তের মতো ছুটতে ছুটতে হাসপাতাল থেকে বেরিয়ে গেল ঝুমরি।
অমৃতা নড়তে ভুলে গিয়েছিল। শুধু তার দু’টো চোখ ভিজে উঠল কান্নায়।।
মিনিট পাঁচেক না এক ঘণ্টা, কতটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে ছিল অমৃতা, তা সে নিজেও বলতে পারবে না। তারপরে হুঁশ ফিরতে ধীর পায়ে এগিয়ে গেল পার্কিং লটের দিকে। প্রথমে এনজিও-র গাড়ির ড্রাইভারকে ফিরে যেতে বলল। তারপরে গিয়ে উঠল নিজের গাড়িতে।
অমৃতার আই-টোয়েন্টি যখন হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে, মেয়েটার চোখের দৃষ্টি বদলে গিয়েছে। ভেজা চোখে আগুন জ্বলছে। হাতের মুঠো দু’টো স্টিয়ারিংয়ে চেপে বসেছিল সজোরে। নিজের মনেই প্রতিজ্ঞা করল অমৃতা। এর শেষ দেখে ছাড়বে সে।
কিন্তু কোথা থেকে শুরু করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না অমৃতা। উদ্ভ্রান্তের মতো খানিকটা সময় এ দিক-ও দিক গাড়ি চালাল সে। তারপরে ঠিক করল এই হাসপাতালটা যে থানা এলাকায় পড়ছে, সেখানে যাবে। থানার দু’একজন অফিসারের সঙ্গে তার আলাপ আছে।
অমৃতার ভাগ্য ভাল, পরিচিত এসএইচও থানায় ছিলেন। কিন্তু ওই পর্যন্তই। তার পরে কানা গলিতে এসে আটকে গেল অমৃতা।
পুরো অভিযোগ শোনার পরে পুলিশ অফিসার বললেন, ‘আপনি তো মারাত্মক অভিযোগ করছেন। কিন্তু কোনও ভিক্টিমের পরিবার এসে যদি এফআইআর না করে, তা হলে আমরা কী করতে পারি বলুন? আমরা তো আর দুম করে হাসপাতালে ঢুকে তল্লাশি চালাতে পারব না। সেটা সম্ভবও নয় এই কোভিডের বাজারে।’
অমৃতা ঘাবড়াল না। সে পাল্টা বলল, ‘সুয়োমোটো কেস তো আপনারা করতে পারেন।’
সব সময় যে অভিযোগকারীর ডায়েরির ভিত্তিতেই কেস গ্রহণ করা হয়, তা নয়। মাঝে মাঝে পুলিশ নিজে থেকেও কেস করতে পারে। যদি তাদের কাছে কোনও কিছু খুবই সন্দেহজনক ঠেকে বা অপরাধের আভাস পায় পুলিশ। আইন তাদের এই ক্ষমতা দিয়েছে। এই সব কেসই পড়ে সুয়োমোটো কেসের মধ্যে।
অফিসার একটু সময় ভ্রুটা কুঁচকে রইলেন। তারপরে বললেন, ‘ম্যাডাম, রাজ্যের একটা বড় হাসপাতালকে কাঠগড়ায় তোলা হচ্ছে। ওখানে অনেক কোভিড পেশেন্ট আছে। অন্যান্য রোগীর কথা তো আমি ছেড়েই দিলাম। এই অবস্থায় শুধু আপনার কথার উপরে ভিত্তি করে আমরা তদন্ত করতে পারি না।
একটু থামলেন অফিসার। তারপরে অমৃতার দিকে তাকিয়ে ফের বললেন, ‘সুয়ো মোটো কেস করার মতো শক্তপোক্ত কোনও কারণও নেই হাতে। যদি ওই হাসপাতালে কোনও বডি পাওয়া যায়, যার শরীর থেকে কিডনি বা অন্য কোনও অর্গ্যান কেটে নেওয়া হয়েছে, তা হলে অন্য কথা। তা হলে কেউ অভিযোগ না করলেও সুয়োমোটো কেস করা যেতে পারে। কিন্তু তার আগে…।’ অফিসার কথা শেষ করলেন না।
অমৃতা বুঝল, পুলিশের থেকে বিশেষ সাহায্য সে পাবে না। এটা অনেক বড় কেস। শুধু শুধু ঝামেলায় জড়াবে না পুলিশ। তাকে আরও প্রমাণ সংগ্রহ করতে হবে।
অমৃতার মুখের দিকে তাকিয়ে অফিসার একটু প্রবোধ দেওয়ার চেষ্টা করলেন, ‘দেখুন মিস সেনয়, এইটুকু বলতে পারি, আমরা চোখকান খোলা রাখব। তারপরে দেখা যাক কী হয়।’
অমৃতা উঠে পড়ল। তার সামনে এখন অনেক কাজ।
.
ঘণ্টাখানেক পরে লোহামান্ডিতে ‘উই কেয়ার’ এনজিও-র ছোট ঘরটায় বসে চিন্তায় ডুবে গিয়েছিল অমৃতা
তার ফর্সা গালটা এখনও লাল হয়ে আছে। রতনের মায়ের চড়টা তার গালে পড়লেও আঘাত এসে লেগেছে সোজা বুকে। এখনও এক মায়ের আর্তনাদটা ভুলতে পারছে না অমৃতা। ভুলতে পারছে না তার কথাগুলো—
‘ডাইন, তোর জন্য আমার ছেলেটাকে হারালাম।’
চোখ দু’টো আবার ভিজে উঠল অমৃতার। একটা ভয়ঙ্কর চক্র যে কাজ করছে, সে বুঝতে পেরে গিয়েছে। প্রদীপ ঠিকই বলেছে। এরা মারাত্মক লোক। না হলে তরতাজা একটা ১০-১২ বছরের ছেলেকে এই ভাবে কেউ সরিয়ে দিতে পারে! সবচেয়ে বড় কথা, এর নেপথ্যে কত বড় চক্র কাজ করছে, তা ভাবতেই গা শিউড়ে উঠল অমৃতার। তার ভয় করছিল প্রদীপের জন্য। ছেলেটা না এবার প্রাণ হারায়।
বাকি সময়টা নিজের অফিস ঘরে বসেই টুকটাক কাজ সেরে নিল অমৃতা। কিন্তু কিছুতেই নিজের মনের ভিতরে ওঠা ঝড়টাকে শান্ত করতে পারছিল না।
ছ’টা বেজে গিয়েছে। সন্ধ্যা হয়ে আসছে। মোবাইলটা হাতে নিল অমৃতা। মনের কথা কাউকে খুলে না বলতে পারলে সে শান্ত হতে পারছে না। সুরেশ নিশ্চয়ই এখন ফাঁকা আছে। ওকেই বলতে হবে। যার সঙ্গে আর কয়েক মাস পরে তার বিয়ে, তাকে মনের কথা না বলতে পারলে, কাকে বলবে।
সুরেশকে তো সে আজ থেকে দেখছে না। ছেলেটা তাকে বড্ড ভালবাসে। সুরেশ জানে, তার প্রেমিকা খুব ডাকাবুকো। যেসব কাজ করে, তা আর পাঁচটা সাধারণ মেয়ে করতে পারবে না। কর্মসূত্রে সে দূরে থাকে। অমৃতার পাশে সব সময় থাকা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু বলে রেখেছে, কোনও সমস্যা হলে ফোন করতে।
এতদিন নিজের সমস্যা নিজেই সামলেছে অমৃতা। কিন্তু এইবার মনে হচ্ছে, কাউকে পাশে পাওয়া দরকার। অন্তত মানসিক ভাবে। এবার যে ধাক্কাটা সে খেয়েছে, তা আগে কখনও খায়নি।
বার তিনেক রিং হতেই উল্টো দিক থেকে সুরেশের গলা ভেসে এল।
মনের মধ্যে পুষে রাখা যন্ত্রণাটা উগরে দিল অমৃতা। চুপ করে সব শুনল সুরেশ। তার পরে বলল, ‘মনে হচ্ছে, এদের হাত অনেক লম্বা। না হলে এই রকম চক্র চালানো সহজ নয়। কে জানে, সরকারের ওপর মহলের লোকও জড়িয়ে কিনা।’
‘সেটা থাকা খুবই স্বাভাবিক,’ বলে উঠল অমৃতা, ‘অনেকেই জড়িত। আমার তো ডক্টর ত্রিপাঠীকেও সন্দেহ হচ্ছে।’
‘হাসপাতালের সুপার?’
‘হ্যাঁ। ওর কাছে যাওয়ার একদিনের মধ্যে ছেলেটা মারা গেল। আর ত্রিপাঠী কী করে জানল, রতন এসেছে তাজগঞ্জের বস্তি থেকে?’
সুরেশ একটু ভাবল। ‘সেটাই স্বাভাবিক। হাসপাতালে এত বড় চক্র চললে সুপার তো জানবেই।’
‘পুলিশও বিশেষ সাহায্য করবে বলে মনে হল না।’ একটু চুপ করে থেকে অমৃতা বলল, ‘জানো সুরেশ, আমি অনেক কেস হ্যান্ডল করেছি। কিন্তু এই কেসটা আমায় ভীষণ ধাক্কা দিয়েছে। মানুষ কতটা নীচে নামতে পারলে কোভিডের আড়ালে এই রকম একটা ভয়ঙ্কর ব্যবসা শুরু করতে পারে, ভাবা যায় না। অর্গ্যান ট্র্যাফিকিংকে এরা অন্য জায়গায় নিয়ে গিয়েছে। এদের ছাড়া যাবে না।’
চুপ করে অমৃতার কথা শুনল সুরেশ। তারপরে বলল, ‘একটু সতর্ক থেকো অমৃতা। মাথা গরম করে কিছু কোরো না। আমি দেখি এর মধ্যে ছুটি জোগাড় করতে পারি কিনা। তা হলে এক বার তোমার ওখানে আসছি।’
‘আরে তুমি চিন্তা কোরো না। এই সব ঝামেলা সামলে নিতে পারব আমি,’ হবু স্বামীকে আশ্বস্ত করে মোবাইলটা নামিয়ে রাখল অমৃতা।
এবার অফিস বন্ধ করে তাকে বাড়ি ফিরতে হবে।
দয়ালবাগ অঞ্চলে নিজের কমপ্লেক্সে ফিরতে একটু রাতই হয়ে গেল অমৃতার। সিকিউরিটি গেট খুলে দেওয়ার পরে তার নীল রংয়ের আই ২০ ঢুকে গেল কমপ্লেক্সে।
সারাদিন এতটাই উত্তেজিত ছিল অমৃতা যে, সে খেয়ালও করেনি সেই হাসপাতাল থেকে তার পিছু পিছু একটা নীল মারুতি জেনও ঘুরেছে সারা দিন। সে যেখানে যেখানে গিয়েছিল, গাড়িটাও সেখানে সেখানে হাজির হয়েছিল।
রাস্তার ওপার থেকে অমৃতার গাড়িটা কমপ্লেক্সের ভিতরে মিলিয়ে যাওয়ার পরে গাড়ির ড্রাইভার তার সঙ্গীর দিকে ফিরে বলল, ‘মেয়েটা তা হলে এখানেই থাকে।’
সিরাজের কথার কোনও জবাব দিল না ইরশাদ।
সে শুধু পকেটে রাখা খুরটায় হাত বুলিয়ে নিল একবার!
