২২. প্রত্যাঘাত
লখনউ-মোরাদাবাদ। মাৰ্চ, ২০২১
জানকী বাজার, আমিনাবাদ। সন্ধ্যা ৭.২২।
একটু দূরে মজিদের পানের দোকানের সামনে দু’-এক জন খরিদ্দার দাঁড়িয়ে। ইরশাদের গাড়িটা দাঁড়িয়ে রাস্তা ঘেঁষে। সারা দিনে বার দু’য়েক বেরিয়েছিল ছেলে দু’টো। রাতের খাবার কিনতে এখনও বার হয়নি।
হাতের ঘড়িটা এক বার দেখে নিয়ে ধীর পায়ে উপরে ওঠার সিঁড়িটার দিকে এগিয়ে গেল অভিমন্যু। কোলাপসিবল গেটে এই সময় তালা দেওয়া থাকে না।
বিড়ালের মতো নিঃশব্দে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এল প্যারা স্পেশাল ফোর্স রেজিমেন্টের প্রাক্তন কমান্ডো। বাইরে থেকে দেখে সে যতটা বুঝেছে, গোটা দু’য়েক ঘর আছে উপরে। সঙ্গে বাথরুম এবং একটা হয়তো কিচেন। দোতলার সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে, সেখানে ছোট্ট একটা ল্যান্ডিং। আর তারপরেই দরজা। যেটা ভিতর থেকে বন্ধ।
দরজার সামনে দাঁড়িয়ে আলতো করে দু’টো টোকা দিয়ে একটু পিছিয়ে এল সে। ভিতর থেকে রুক্ষ গলায় কেউ প্রশ্ন করল, ‘কে রে ওখানে?’
গলার স্বর কিছুটা ভারী করে অভিমন্যু জবাব দিল, ‘মজিদ। কুছ জরুরি কাম থা।’
.
দিলারি গ্রাম। সন্ধ্যা ৭.২৫।
খুব দ্রুত ছায়ামূর্তিগুলো ঘিরে ফেলল বাড়িটা। তাদের মধ্যে থেকে একজন একটা লক-কাটার বার করে কয়েক সেকেন্ডের মধ্যে কেটে ফেলল বাইরের গেটে লাগানো তালাটা।
দু’জন দাঁড়িয়ে রইল গেটের সামনে। বাকি তেরোজন ঘিরে ফেলল বাড়িটাকে। চারজনের একটা টিম চলে গেল বাড়িটার পিছনে। বাকিরা এগিয়ে চলল বাড়ির বড় দরজাটার দিকে।
তখনই ভিতর থেকে আওয়াজ করে খুলে গেল দরজাটা।
.
জানকী বাজার, আমিনাবাদ। সন্ধ্যা ৭.২৪।
মজিদ নামটা বললে যে কাজ হবে, সেটা আন্দাজ করেছিল অভিমন্যু। মজিদের গলার স্বর যতটা সম্ভব নকল করে জবাবটা দিয়েছিল সে। ইরশাদদের পক্ষে হঠাৎ করে গলার স্বরটা চেনা সম্ভব নাও হতে পারে। আর তারপরেও যদি সমস্যা হয়, তাহলে সেই সমস্যা সামলানোর ক্ষমতা আছে অভিমন্যুর।
তার আর প্রয়োজন হল না। ভিতর থেকে কে বলে উঠল, ‘আরে মজিদ ভাই, কী ব্যাপার, হঠাৎ?’
বলার সঙ্গে সঙ্গে দরজা খোলার আওয়াজটা কানে গেল অভিমন্যুর। সে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে গুটিয়ে নিল স্প্রিংয়ের মতো।
দরজাটা সামান্য ফাঁক হল। ভিতর থেকে এক চিলতে আলো এসে পড়ল সিঁড়ির ল্যান্ডিংয়ে। আর তখনই লাথিটা মারল অভিমন্যু।
তার ছ’ফুট এক ইঞ্চির, ছিপছিপে কিন্তু ইস্পাতের মতো শরীরের পুরো জোরটা ছিল ওই লাথিটার মধ্যে। সশব্দে দরজাটা হাট করে খুলে যাওয়ার পাশাপাশি সিরাজের শরীরটা উড়ে গিয়ে পড়ল ঘরের মাঝে
টেবিলের সামনে গ্লাস হাতে বসে ছিল ইরশাদ। বিস্ফারিত দৃষ্টিতে সে দেখল, একটা লম্বা চেহারা এসে ঢুকল ঘরে!
.
দিলারি গ্রাম। সন্ধ্যা ৭.২৮।
দরজা খুলে বেরিয়ে এসেছিল মহম্মদ বেগ। সঙ্গে এক তরুণ। দু’জনেই প্রথমে বুঝতে পারেনি, কী ঘটছে। তারপরে চেঁচিয়ে উঠল তরুণটি, ‘পালাও! পুলিশ!’
ওই মুহূর্তে বেগ বুঝে গেল, তার মুখোশ খসে পড়েছে। লোকগুলো পুলিশ কি না, সে ব্যাপারে সন্দেহ ছিল বেগের। বারান্দার আলোতে সে দেখে নিয়েছিল লোকগুলোর হাতের আগ্নেয়াস্ত্রগুলোকে। ইউপি পুলিশের হাতে সাধারণত এই রকম অস্ত্র থাকে না।
ভাবতে যে কয়েক সেকেন্ড সময় নিল বেগ, তাতেই পরিস্থিতি চলে গেল হাতের বাইরে। তরুণটি দৌড়নোর চেষ্টা করেছিল। কিন্তু অস্ত্র হাতে দু’জন লাফিয়ে পড়ে মাটিতে ঠেসে ধরল তাকে। বেগ কিছু বলার আগেই দু’টো নল এসে লাগল তার কপালের দু’পাশে।
বেগ বুঝে গেল, প্রতিরোধ করে কোনও লাভ হবে না। তার সঙ্গীটি ‘পুলিশ, পালাও, ‘ বলেই কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। লোকগুলোকে আর থামানো যাবে না।
থামানো সম্ভবও ছিল না এনআইএ টিমকে। দ্রুততার সঙ্গে পিছমোড়া করে হাতকড়া লাগিয়ে দেওয়া হল বেগকে। তারপরে এনআইএ অফিসাররা ঢুকে এল মহম্মদ বেগের ডেরায়।
.
জানকী বাজার, আমিনাবাদ। সন্ধ্যা ৭.২৫।
হতচকিত হয়ে কয়েক মুহূর্ত স্থাণুবৎ হয়ে গিয়েছিল ইরশাদ। ওই কয়েক সেকেন্ডই যথেষ্ট ছিল অভিমন্যুর কাছে। সে তিনটে পদক্ষেপে চলে এল ইরশাদের সামনে।
ইরশাদ একবার মরিয়া চেষ্টা করল টেবিলের ড্রয়ার খোলার। ওখানেই রয়েছে তার পিস্তলটা। কিন্তু ততক্ষণে অভিমন্যু পৌঁছে গিয়েছে স্ট্রাইকিং ডিসটান্সে।
তার ডানহাতের বজ্রমুষ্টিটা আছড়ে পড়ল ইরশাদের পাঁজর আর পেটের সংযোগস্থলে। যাকে বলা হয়, সোলার প্লেক্সাস। ইরশাদের মনে হল, একটা চলন্ত ট্রেনের ধাক্কায় শরীর থেকে সমস্ত হাওয়া বেরিয়ে গেল। দম নেওয়ার অবস্থায় ছিল না সে। অভিমন্যুর রাইট আপার কাটটা এবার আছড়ে পড়ল ইরশাদের বাঁ চোয়ালে। ওই একটা ঘুসিই যথেষ্ট ছিল। ইরশাদের শরীরটা মাটিতে পড়ার আগেই সে জ্ঞান হারিয়েছিল।
সেকেন্ড পাঁচেকের মধ্যে ইরশাদকে অজ্ঞান করে অভিমন্যু ফিরে তাকাল সিরাজের দিকে।
ইন্ডিয়ান মুজাহিদিনের দ্বিতীয় এজেন্ট তখন স্খলিত পায়ে উঠে দাঁড়িয়েছে। চট করে ইরশাদের দিকে তাকিয়ে সিরাজ বুঝে গেল, তার সঙ্গী কোনও সাহায্য করতে পারবে না তাকে। যা করতে হবে, নিজেকেই।
সিরাজের একটা অভ্যাস হল, সব সময় সুইচব্লেডটা তার জিন্সের পকেটেই রাখে। শোওয়ার সময়টা ছাড়া। অভিমন্যুর দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে পকেট থেকে সেই সুইচব্লেডটা বার করে আনল সিরাজ।
সুইচব্লেড আবার নানা ধরনের হয়। কোনওটার ফলা বোতাম টিপলে বেরিয়ে আসে। কোনওটার ফলা আবার টেনে হাতলের সাইড থেকে খুলতে হয়। সিরাজের হাতের ছুরিটা দ্বিতীয় ধরনের। ডান হাতে ধরা ছুরিটার ফলা বাঁ হাতে হাতল থেকে টেনে বার করল সিরাজ। তারপরে একটা গালাগালি দিয়ে এগিয়ে গেল অভিমন্যুর দিকে।
অভিমন্যু ঠান্ডা চোখে মেপে নিল সিরাজকে। তার প্যান্টের কোমরের কাছে একটা বড়ো পকেটে রাখা আছে কে বার নাইফটা। অভিমন্যুর প্রিয় অস্ত্র। কিন্তু এ ক্ষেত্রে সেই ছুরিটা বার করার কোনও প্রয়োজন দেখল না অভিমন্যু। ধীর পায়ে সে এগিয়ে গেল সিরাজের দিকে।
সিরাজের চোখ দু’টো তখন লাল হয়ে গিয়েছে। উত্তেজনায় দম নিতেও ভুলে গিয়েছে সে। একটা হুঙ্কার দিয়ে অভিমন্যুর দিকে তেড়ে এল সিরাজ।
তার প্রথম ভুল। উত্তেজনায় দম বন্ধ করে রাখার মানেই হল, শরীরে অক্সিজেন যাবে না। সামান্য হলেও শ্লথ হয়ে যাবে শরীরের নড়াচড়া। যা জীবন-মৃত্যুর মাঝে পার্থক্য তৈরি করে দিতে পারে।
সিরাজ ছুরিটা ধরেছিল ‘আউট’ পজিশনে। মানে বুড়ো আঙুলটা হাতলের উপরে, বাকি চারটে আঙুল হাতলের নীচে। ফলাটা সামনের দিকে। আরও কয়েক পা এগিয়ে এসে অভিমন্যুর পেটের বাঁ দিক লক্ষ্য করে ছুরিটা চালাল সিরাজ।
সেকেন্ডের ভগ্নাংশে নিজের কোমরটা ডান দিকে সরাল অভিমন্যু। সিরাজের ডান হাতটা তার কোমরের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে বাঁ হাতের বজ্রমুষ্টিতে চেপে ধরল ছুরি ধরা কব্জিটা। মরিয়া হয়ে হাতটা ছাড়ানোর চেষ্টা করল সিরাজ। ওই মুহূর্তে কোনও দিকে লক্ষ্য ছিল না তার। ওই একটা সেকেন্ডই যথেষ্ট ছিল অভিমন্যুর কাছে। তার ডান হাতের লোহার মতো চেটোটা গিয়ে আঘাত করল সিরাজের গলায়। কোঁক করে আওয়াজ বেরোল লোকটার গলা থেকে।
অভিমন্যু যে আঘাতটা করেছিল, মার্শাল আর্টসের ভাষায় তাকে বলা হয় নাইফহ্যান্ড স্ট্রাইক। জাপানিরা বলে শুটো-উচি। পশ্চিম দুনিয়ায় এই আঘাতের নাম ক্যারাটে চপ। অল্প জোরের সঙ্গে ক্যারাটে চপ মারলে প্রতিদ্বন্দ্বী বেঁহুশ হয়ে পড়ে। কিন্তু প্রচণ্ড জোরের সঙ্গে মারলে প্রাণও চলে যায়।
মারাত্মক জোরের সঙ্গে কারও গলায় ‘নাইফহ্যান্ড স্ট্রাইক’ মারলে, তার গলার সামনে যে আপেলের মতো (অ্যাডামস অ্যাপেল) অংশটা আছে, তা ভিতরে ঢুকে যায়। ফলে শ্বাস নিতে পারে না। শিকার কয়েক মুহূর্ত ছটফট করে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
অভিমন্যু ক্যারাটে চপটা মেরেছিল নিজের সর্বশক্তি প্রয়োগ করে। সাধারণত এতটা জোরে সে প্রতিপক্ষকে আঘাত করে না। সে জানে, এই রকম জোরের সঙ্গে মারা একটা আঘাত ঠিক জায়গায় লাগলে প্রতিপক্ষের মৃত্যু নিশ্চিত। কিন্তু সিরাজকে মারার সময় কোনও হিসেবই কষেনি অভিমন্যু। ফলে তার মারা ক্যারাটে চপটা মৃত্যুদূতের মতোই এসে আঘাত করল সিরাজের গলায়। ভিতরে ঢুকে গেল অ্যাডামস অ্যাপেলটা। শরীরটা অবশ হয়ে পড়ে গেল মাটিতে।
মুখ হাঁ করে দম নেওয়ার চেষ্টা করল ছেলেটা। কিন্তু সেটাও সম্ভব হচ্ছিল না উইন্ডপাইপটা ভেঙে যাওয়ায়। চোখ দু’টো বড়ো বড়ো হয়ে উঠল সিরাজের। একবার অক্ষম চেষ্টা করল অভিমন্যুকে ধরার। মুখ থেকে গার্গল করার মতো কয়েকটা শব্দ করল সে। তারপরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ইন্ডিয়ান মুজাহিদিনের এজেন্ট।
সিরাজের আক্রমণ করা থেকে ধরলে লড়াইটা চলেছিল মেরেকেটে ৫০ সেকেন্ড! মৃত শরীরটাকে একবার দেখে নিয়ে অভিমন্যু ফিরল ইরশাদের দিকে। এনআইএ-র দেওয়া ছবি দুটো তার মাথায় গেঁথে আছে। ছেলে দু’টোর মুখ আরও এক বার ভাল করে দেখে নিল সে। এরাই মুজাহিদিনের এজেন্ট। এরাই মেরেছিল ওই বাচ্চাটাকে। ধরে নেওয়া যেতে পারে অমৃতাকেও।
কিন্তু অভিমন্যুর জানা ছিল না হাসপাতালের ওই বাচ্চাটা বা অমৃতাকে মারণ আঘাতটা করেছিল কে। তবে মোটর ভেহিকেলসের ফাইল থেকে যে ছবিটা তাকে পাঠানো হয়েছিল, তা আগেই দেখায় কোনটা ইরশাদ, সেটা বুঝতে সমস্যা হল না অভিমন্যুর।
ইরশাদ তখনও অচৈতন্য। অভিমন্যু এগিয়ে এসে ঘরের দরজাটা আটকে দিল। তার পরে খুঁজে দেখল ঘরগুলো। রান্নাঘরেই পেয়ে গেল কাঙ্খিত বস্তুটা। একটা লম্বা দড়ি। দ্রুত ইরশাদের হাত-পা পিছমোড়া করে বেঁধে ফেলল অভিমন্যু। তারপরে আরও এক বার ভাল করে দেখে নিল ঘরটা।
ড্রয়ারের মধ্যে থেকে জার্মানির তৈরি লুগার পিস্তলটা বার করে আনল অভিমন্যু। টেবিলে একটা ল্যাপটপ রয়েছে। আর কয়েকটা খবরের কাগজের কাটিং। ইন্ডিয়ান মুজাহিদিনের অপারেশন সংক্রান্ত খবর রয়েছে যেসব কাটিংয়ে।
কয়েক মুহূর্ত ভেবে পকেট থেকে মোবাইলটা বার করল অভিমন্যু।
‘স্যার, এনআইএ টিমকে আগে জানকী বাজার পাঠান। লোকেশনটা পাঠাচ্ছি। ইরশাদ এখনও বেঁচে আছে। ঘরে একটা ল্যাপটপ আর কিছু কাগজপত্র আছে। ইরশাদকে গ্রেফতার করলে নৌশাদ মির্জার বিরুদ্ধে কেস সাজাতে সুবিধে হবে।’
একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন নিশান্ত অরোরা। প্রতিশোধের আগুন বুকে নিয়েও কর্তব্যটা ভোলেনি তার এজেন্ট। এই ট্রেনিংটাই তো দেওয়া হয় সবাইকে। ব্যক্তিগত অনুভূতির চেয়ে সব সময় প্রাধান্য পাবে দেশের স্বার্থ। অরোরা ভয় পেয়েছিলেন, উত্তেজনা আর রাগের বশে সেই শিক্ষা হয়তো সাময়িক ভুলে যাবে অভিমন্যু!
‘এখনই পাঠাচ্ছি। ওরা আসার আগে তুমি বেরিয়ে এসো। শুধু শুধু ইন্টার ডিপার্টমেন্ট ঝামেলা আর চাইছি না।’
‘ওকে স্যার,’ বলে মোবাইলটা রেখে দিল অভিমন্যু।
একবার তার মনে হয়েছিল, ল্যাপটপটা সঙ্গে নিয়ে যাবে। কিন্তু অকুস্থল থেকে ল্যাপটপ সরানো মানে ওই কম্পিউটারে পাওয়া কোনও তথ্যকে আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যাবে না। ‘র’ এই অপারেশনে কোনও ভাবেই জড়িত নয়। সবচেয়ে বড় কথা, ‘র’ এজেন্ট হিসেবে তো তার কোনও অস্তিত্বই নেই। যার অস্তিত্ব নেই, তার দেওয়া প্রমাণ আদালতে গ্রাহ্যই হবে না।
ঘরের মধ্যে আরও এক বার চোখ বুলিয়ে বেরিয়ে এল অভিমন্যু। বাইরে থেকে দরজাটাকে টেনে দিয়ে নীচে নেমে গেল সে।
.
মিনিট দশেক পরে ভাইব্রেট করে উঠল অভিমন্যুর মোবাইল। অরোরা ফোন করেছেন।
‘শোনো, এনআইএ-র টিম রওনা দিয়ে দিয়েছে। আই এম এজেন্টদের কথা বলে দেওয়া হয়েছে। আর মোরাদাবাদেও রেইড কমপ্লিট। বেগ এবং ওর কয়েক জন সঙ্গীকে অ্যারেস্ট করা হয়েছে। এখন পুরোদমে তল্লাশি চলছে।’
অভিমন্যু ফোনটা নামিয়ে রাখল। সাফল্যের আনন্দে নয়, তার মনটা ভারাক্রান্ত হয়ে আছে এক তরুণীর মৃত্যুতে। কিন্তু অমৃতার মৃত্যুটা বিফলে যায়নি। অমৃতা খুন না হলে তার এখানে আসার কথাই ছিল না। তা হলে ইন্ডিয়ান মুজাহিদিনের এই দু’টো ঘাঁটির কথা জানা যেত না। হয়তো অমৃতার মৃত্যু মুজাহিদিনের কোনও বড় অপারেশন ব্যর্থ করে দিল!
একটা দীর্ঘশ্বাস ফেলে আবার মোবাইলটা তুলে নিল অভিমন্যু। এবার ফোনটা গেল বিশেষ একজনের কাছে। কোনও রকম ভূমিকা না করে অভিমন্যু নির্দেশ দিল, ‘আর ওই লোকটাকে দরকার নেই। ওকে জাহান্নামে পৌঁছে দিতে পারো।’
আগ্রার ওই পরিত্যক্ত ট্যানারিটা গত তিনদিন ধরে পাহারা দিচ্ছিল যে দু’জন, তাদের একজন ফোনটা পকেটে রেখে ইশারা করল সঙ্গীকে।
সঙ্গী ছেলেটা বুঝে গেল, কী করতে হবে তাকে। পাঞ্জাবির পকেট থেকে একটা ক্ষুর বার করে চেয়ারে বাঁধা ত্রিপাঠীর দিকে এগিয়ে গেল ছেলেটা।
আতঙ্কগ্রস্ত, বিধ্বস্ত ত্রিপাঠীর চোখ দুটো তখন বন্ধ ছিল। ছেলেটা এসে ঠাস করে একটা চড় কসাল হাসপাতাল সুপারের গালে।
ধড়মড় করে মাথাটা তুলে আতঙ্কিত দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালেন ত্রিপাঠী।
ছেলেটা একটু হেসে বলল, ‘অনেক জ্বালিয়েছিস। যা তোকে মুক্তি দিলাম।’
বলেই ক্ষুরের এক টানে ছিন্নভিন্ন করে দিল ত্রিপাঠীর গলার নলিটা।
বাঁধা অবস্থায় কয়েক মুহূর্ত ছটফট করার পরে স্থির হয়ে গেল ত্রিপাঠীর দেহ।
ধীরে ধীরে ভূতুরে ট্যানারিটা ছেড়ে বেরিয়ে গেল ছেলে দু’টো। পড়ে রইল দিন তিনেক হল নিখোঁজ হয়ে যাওয়া আগ্রা হাসপাতালের এক সুপারের মৃতদেহ!
উল্টো দিকের পার্কিং লটে আরও মিনিট কুড়ি অপেক্ষা করতে হল অভিমন্যুকে। তারপরে দেখতে পেল, দুটো গাড়ি এসে থামল সামনের রাস্তাটায়। জনা আটেক লোক গাড়িটা থেকে নেমে দৌড়ে গেল ইরশাদদের বাড়িটার দিকে।
আর অপেক্ষা করল না সে। বাইকে স্টার্ট দিয়ে অন্ধকারে মিশে গেল অভিমন্যু সিং রানা। ভারতীয় নাগরিক হিসেবে যার কোনও অস্তিত্বই নেই!
