প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২৫. গিনিপিগ

২৫. গিনিপিগ

সোজুতান জেল, সোজুতান ডিসট্রিক্ট, শেনইয়াং, নর্থইস্ট চিন। মে, ২০২১

সোজুতান জেলের যে বিশেষ অংশটাতে প্রফেসর ওয়াং লি-কে নিয়ে আসা হয়েছিল, সেটাকে দেখে জেল বলে বোঝার উপায় নেই। কারণ জেলের কুঠিগুলো সবই মাটির তলায়। উপরে রয়েছে সোজুতান হাসপাতাল!

বেজিং থেকে শেনইয়াংয়ের দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। তবুও প্লেনে নয়, এই রাস্তাটা গাড়িতেই এসেছিলেন প্রফেসর। বা বলা ভাল, তাঁকে নিয়ে আসা হয়েছিল।

এমএসএস হেডকোয়ার্টার্স থেকে ফেরার দিন পনেরো পরের ঘটনা।

আগের সকালে তাঁর কাছে নির্দেশ গিয়েছিল, আবার বেজিংয়ে আসতে হবে। তবে এবার এমএসএস হেডকোয়ার্টার্সে নয়, একটা হোটেলে থাকতে বলা হয়েছিল প্রফেসরকে। নির্দেশ অমান্য করার কোনও প্রশ্ন ছিল না। নির্দিষ্ট সময়ই ওই হোটেলে এসে উঠেছিলেন প্রফেসর লি। পরের নির্দেশও পেয়ে যান হোটেলে এসে। পরের দিন ভোরে তৈরি থাকতে হবে। তাঁকে নিয়ে যাওয়া হবে বিশেষ একটি জায়গায়।

গাড়িতে ওঠার পরেও প্রফেসরের কোনও ধারণা ছিল না তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গাড়ি ছুটে চলল ঘণ্টার পর ঘণ্টা। ইয়েলো সি-র পাশ দিয়ে। অবশেষে প্রফেসর বুঝতে পারলেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

শেনইয়াং!

আর বোঝার পরেই ঠান্ডা একটা স্রোত বয়ে গেল প্রফেসরের শরীরে। তিনি আন্দাজ করতে পারছিলেন, কেন তাঁকে নিয়ে আসা হয়েছে এই জায়গায়।

উত্তর পূর্ব চিনের এই জায়গাটা একটা কারণে কুখ্যাত হয়ে আছে অনেকের কাছে। এই শেনইয়াংয়ের সোজুতান প্রভিন্সে রয়েছে সোজুতান জেল। যা নিয়ে পশ্চিম দেশগুলোর অভিযোগের অন্ত নেই।

পশ্চিমের অভিযোগ, এই জেলের কয়েদিদের অর্গ্যান কেটে তা বিক্রি করে দেওয়া হয়ে বড়লোকদের কাছে। মোদ্দা কথায়, এই জেলের কয়েদিদের নিয়ে চলে অর্গ্যান ট্রেডিং! মৃত কয়েদিদের নিয়ে নয়, জীবন্ত কয়েদিদের শরীর থেকেই কেটে বার করে নেওয়া হয় অঙ্গ-প্রত্যঙ্গগুলো। তারপরে হত্যা করা হয় তাদের।

তবে সব কয়েদিকে নয়। বিশেষ একটা সম্প্রদায়ের কয়েদিদেরই টার্গেট করা হয় বেছে বেছে। এই সম্প্রদায়ের নাম ফালুন গং সম্প্রদায়।

ফালুন গং সম্প্রদায় চিনের একটি আধ্যাত্মিক সংগঠন। এই সংগঠনের জন্মলগ্নে কোনও সমস্যা ছিল না। কিন্তু এর সদস্যসংখ্যা ধীরে ধীরে বাড়তে লাগল। ক্ষমতা বৃদ্ধি পেতে লাগল। আর অশনি সঙ্কেত দেখতে লাগল চিনের কমিউনিস্ট সরকার। ১৯৯৯ সালে নিষিদ্ধ করে দেওয়া হল ফালুন গং সম্প্রদায়কে। শুধু নিষিদ্ধ করেই ঝামেলা মিটে যায়নি। শুরু হয়ে গেল ধরপাকড়। এই সম্প্রদায়ের সদস্যদের তুলে এনে জেলে ভরে দেওয়া হত। লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হত।

আর শরীর থেকে অর্গ্যান কেটে বিক্রি করে দেওয়া হত!

প্রফেসর শুনেছেন, শেনইয়াংয়ের এই সোজুতান জেলেই নাকি বন্দি করে রাখা হয়েছে বেশিরভাগ ফালুন গং সদস্যকে। এও শুনেছেন, এই জেলের একটা অংশ রয়েছে মাটির নীচে। সেখানে কী কাজ হয়, সেটা ভাবতেও আতঙ্কিত হয়ে পড়ছিলেন তিনি। কোনও হোটেলে নয়, প্রফেসরকে নিয়ে গাড়িটা এসে দাঁড়াল সোজুতান হাসপাতালের সামনে।

গাড়ির চালক না নামলেও সঙ্গী লোকটা নেমে ইশারায় বেরিয়ে আসতে বলল প্রফেসরকে। তারপরে দু’জনে গিয়ে ঢুকলেন হাসপাতালের ভিতরে। নিরাপত্তারক্ষীরা কেউ কোনও বাধা দিল না। সম্ভবত সবাই এই লোকটিকে চেনে। লম্বা একটা করিডর দিয়ে কিছুটা হেঁটে একটা লিফ্টের সামনে এসে দাঁড়ালেন প্রফেসর এবং ওই লোকটি।

লিফ্টের সামনে বড় করে লেখা— খারাপ।

লোকটা সেই খারাপ লিফ্টের বাটন টিপতেই দরজাটা খুলে গেল। তারপরে দু’জনে গিয়ে ঢুকলেন ভিতরে। প্রফেসর বুঝলেন, লিফ্টটা নীচে নামছে। ৪০ সেকেন্ড মতো পরে থেমে গেল লিফ্ট। দরজা খোলার পরে প্রথমে বেরোল প্রফেসরের সঙ্গী। তারপরে প্রফেসর। আর বাইরে বেরিয়েই তিনি বুঝে গেলেন যে, দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে।

করিডরের শেষ প্রান্তে দাঁড়িয়ে এমএসএস প্রধান এবং আগের দিনের সেই লোকটা।

‘প্রফেসর লি, ওয়েলকাম,’ বলে উঠলেন এমএসএস চিফ, ‘আপনাকে এই ভাবে নিয়ে আসার জন্য দুঃখিত। কিন্তু উপায় ছিল না। ভিতরে আসুন, কথা আছে।’

সঙ্গের লোকটি পাশের দরজাটা খুলে দিল। চিফের ইশারায় ভিতরে ঢুকে এলেন প্রফেসর। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটা কাচের পার্টিশন দিয়ে আলাদা করা। ও পাশের ঘরটা সম্পূর্ণ সিল করা। শুধু একটা দরজা। তবে কাচের পার্টিশন হওয়ার কারণে দেখতে সমস্যা হয় না, ঘরের ভিতরে কী আছে।

টেবিলের উপরে একটা কোল্ড বক্স রাখা। যে রকম বক্সে ইঞ্জেকশনের ভায়াল নিয়ে যাওয়া হয়। পাশে একটা সিরিঞ্জ, মাস্ক আর এক জোড়া মেডিক্যাল গ্লাভস। টেবিলের সামনে রাখা চেয়ারে একটা লোক বসে। বসে বলাটা ঠিক হল না। লোকটা এলিয়ে রয়েছে। যেন অচেতন।

বিস্ফারিত দৃষ্টিতে ঘরের ভিতরটা দেখে নিয়ে প্রফেসর ঘুরে তাকালেন এমএসএস চিফের দিকে।

‘ওই বাক্সে আপনার মহামূল্যবান চিয়াং ভাইরাসের ভায়াল আছে। যা আপনার অনুমতি ছাড়াই এখানে নিয়ে আসা হয়েছে। সিরিঞ্জ আছে। আর পেশেন্ট রয়েছে। লোকটা অবশ্য ঘুমিয়ে। আপনি ভিতরে গিয়ে ভাইরাসটা লোকটার শরীরে ইঞ্জেক্ট করুন। আমরা বাইরে থেকে দেখছি।’

কথাটা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন এমএসএস চিফ। পিছনে পিছনে লম্বা লোকটা

পাথরের মতো দাঁড়িয়ে রইলেন প্রফেসর। তারপরে ধীরে ধীরে কাঁচের দরজাটা খুলে পাশের ঘরে পা রাখলেন। প্রফেসর জানতেন, কাজটা না করে তাঁর উপায় নেই। বাইরে থেকে সিসিটিভিতে সবই দেখতে পাচ্ছেন এমএসএস চিফ। আর এদের বিরুদ্ধে কথা বলার মতো সাহসও তাঁর নেই।

মাস্ক আর গ্লাভস দু’টো পরে কাঁপা কাঁপা হাতে কোল্ড বক্সের ঢাকনাটা খুললেন প্রফেসর। ভিতর থেকে বার করে আনলেন ভাইরাসের ভায়ালটা। তার পরে ভায়ালের তরল পদার্থটা টেনে নিলেন সিরিঞ্জে। সেরকমই কাঁপা কাঁপা হাতে সিরিঞ্জটা ধরে ঘুরলেন চেয়ারে ঢলে থাকা লোকটার দিকে। একবার চোখ দু’টো বন্ধ করলেন। তাঁর স্ত্রীর মুখটা ভেসে উঠল প্রফেসরের মনে। তারপরে সিরিঞ্জটা নিয়ে এগিয়ে গেলেন লোকটার দিকে। ধীরে ধীরে ছুঁচটা ফুঁটিয়ে দিলেন লোকটার হাতে। ঘুমন্ত লোকটা টেরও পেল না কী মারণজীবাণু ঢুকে গেল তার শরীরে।

কাজটা শেষ করে যখন ওই কাচের ঘর থেকে বেরিয়ে এলেন প্রফেসর, তাঁর গোটা শরীর কাঁপছে। মনে হচ্ছে, অজ্ঞান হয়ে যাবেন। সামনের ঘরের দরজাটা খুলে ভিতরে ঢুকে এল হাসপাতালের দুই স্টাফ। তাদের একজন এগিয়ে এসো বলল, ‘আপনার জন্য আলাদা কেবিন আছে। ওখানে তিনদিন থাকতে হবে।’

প্রফেসর বুঝতে পারলেন, তিনদিনের মধ্যে এরা দেখে নিতে চায়, ভাইরাসের কী প্রভাব পড়ছে মানুষের শরীরে। সেটা দেখার ইচ্ছেটা যে প্রফেসরের মনেও উঁকি দেয়নি, তা নয়। প্রাণীর শরীরে ভাইরাস প্রয়োগ করে, তাদের শারীরিক অবস্থা দেখে বৈজ্ঞানিক যুক্তিতে তিনি একটা থিয়োরি তৈরি করেছিলেন যে এই ভাইরাসের সংক্রমণে মানুষের কী হাল হতে পারে। কিন্তু হাতে কলমে সেই ভাইরাস কারও উপরে প্রয়োগ করার কথা তিনি ভাবতেও পারেননি। এখন ভাগ্য তাঁকে এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে যে, তিনি না চাইলেও দেখতে হবে মানুষটার কী হাল হয়।

হাসপাতালের আর একটা ঘরে বসে জিয়ানের দিকে তাকিয়ে এমএসএস চিফ বলে উঠলেন, ‘এখন তিনটে দিনের অপেক্ষা।’

লোকটাকে আলাদা করে যে ঘরে রাখা হয়েছিল, সেটা ছিল কাচের। ফলে বাইরে থেকে দেখতে সমস্যা হচ্ছিল না ভিতরে কী চলছে। দ্বিতীয় দিনের পর থেকেই নির্জীব হতে শুরু করল লোকটা। তৃতীয় দিন সকাল থেকে লোকটা কখনও মাথা, কখনও হাত-পা ধরে আর্তনাদ করতে শুরু করে। প্রফেসর ওয়াং লি একটা ঘরে আটকে থাকলেও চিফের সঙ্গে ছিল প্রফেসরেরই এক সঙ্গী। যে ভাইরাসের কোল্ড কেসটা হাবেই থেকে নিয়ে এসেছে। লোকটা বলল, ‘শরীরে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা, শরীরেও যন্ত্রণা হচ্ছে। খিঁচুনি শুরু হবে এরপর।’

তাই হল। যত সময় যেতে লাগল, লোকটা অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। এরপরে শুরু হল বমি এবং জলের মতো মলত্যাগ। রাতের দিকে শুরু হল রক্তক্ষরণ। চোখ-মুখ-নাক থেকে তো বটেই, মল-মূত্রের সঙ্গেও।

পরের দিন ভোরবেলায় মারা গেল লোকটা। মানে, ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার চতুর্থ দিনের মাথায়।

এরই মধ্যে প্রফেসর লি-র রক্ত পরীক্ষা করে দেখা হয়েছে। তাঁর শরীরে কোনও রকম ভাইরাল ইনফেকশনের চিহ্ন পাওয়া যায়নি।

সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রফেসর লি-র কেবিনে হাজির হলেন এমএসএস চিফ। ‘অভিনন্দন, প্রফেসর। আপনি যে রকম ভেবেছিলেন, ভাইরাস ঠিক সে ভাবেই কাজ করেছে। হয়তো বা তার চেয়ে বেশি ভাল।’

প্রফেসর কিছু না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি ভাবতেও পারছেন না, একটি লোককে খুন করেছেন ঠান্ডা মাথায়।

চিফ বলে চললেন, ‘একটা কথা বলুন তো। মারা যাওয়ার কত দিন পরে শরীরের মধ্যে ওই ভাইরাসটা থেকে যাবে?’

প্রফেসর রোবটের মতো বুঝিয়ে দিতে লাগলেন। যেন ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছেন- বাইরের আবহাওয়া থেকে ভাইরাস সাধারণত দু’রকম ভাবে নিজেদের রক্ষা করে। এক, নিজেদের একটা এনভেলপের মধ্যে রেখে। যাকে বলা হয়, লিপিড বাইলেয়ার মেমব্রেম। এদের বলা হয়, এনভেলপড ভাইরাস। দুই, নিজেকে একটা প্রোটিন শেলের মধ্যে রেখে। অনেকটা পুরনো দিনের গল্ফ বলের ভিতরে লিকুইড থাকার মতো ব্যাপারটা। এদের বলা যেতে পারে ক্যাপসিড ভাইরাস।

এনভেলপড ভাইরাসের এনভেলপটা তৈরি হয় ফ্যাট থেকে। তাই তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যেতে পারে।

‘যেমন এই করোনা ভাইরাস। এটা এনভেলপড ভাইরাস। যে কারণে সাবান দিয়ে হাত ধুলে এই ভাইরাসটা মরে যায়। কিন্তু ক্যাপসিড ভাইরাসের আয়ু অনেক বেশি। সাধারণ সাবান এই ধরনের ভাইরাসের ক্ষতি করতে পারে না। ব্লিচের মতো জোরালো কেমিক্যাল লাগবে।’

বলে একটু দম নিলেন প্রফেসর। ‘একটাই ভাল ব্যাপার যে ভাইরাসকে বেঁচে থাকতে হলে জীবিত কোষের দরকার পরে। মৃতদেহে জীবিত কোষ পায় না ভাইরাস। তখন প্রশ্নটা এসে যায়, সেই পরিস্থিতিতে ভাইরাস কত দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে?’

আবার থামলেন প্রফেসর। চিফ এবার অধৈর্য হয়েই বলে উঠলেন, ‘আমি তো সেই কথাটাই জানতে চাইছি। এই চিয়াং ভাইরাস কত দিন পর্যন্ত একটা মৃত মানুষের শরীরে বেঁচে থাকতে পারে?’

‘সেটাও নানা ফ্যাক্টরের উপরে নির্ভর করে,’ পাঁঠা ছাত্রকে বোঝানোর মতো করে বলতে লাগলেন প্রফেসর, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, কত পরিমাণ ভাইরাস শরীরে প্রবেশ করেছে।’ স্থির দৃষ্টিতে একবার চিফের দিকে তাকিয়ে প্রফেসর ওয়াং লি বলে চললেন, ‘পোলিওভাইরাসের মতোই চিয়াং হল ক্যাপসিড ভাইরাস। চিয়াংয়ের চরিত্র অনেকটা ইবোলার মতো হলেও এখানেই সে আলাদা। ইবোলা এনভেলপড ভাইরাস। চিয়াং ক্যাপসিড। যে কারণে আরও ভয়ঙ্কর। ‘

এমএসএস চিফের মুখের দিকে তাকিয়ে প্রফেসর বলে চললেন, ‘আমরা একটা গড়পড়তা হিসেব বার করেছিলাম। সেই হিসেব অনুযায়ী, একটা মৃতদেহের মধ্যে অন্তত ৩০ দিন বেঁচে থাকতে পারে এই চিয়াং ভাইরাস। যার মানে হল, ওই সময়ের মধ্যে কেউ মৃতদেহ থেকে নিঃসৃত বডি ফ্লুইডের সংস্পর্শে এলে তার শরীরেও চলে যাবে ওই ভাইরাস।’

প্রফেসর এবার পুরোপুরি চুপ করে গেলেন। তার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন চিফ। একটা সহজ উত্তর কতটা জটিল করে দেওয়া যায়, তা এই প্রফেসরগুলো জানে। সে জন্যই তিনি এদের দু’চোখে দেখতে পারেন না।

তবু প্রফেসরের কাঁধ চাপড়ে দিয়ে এমএসএস চিফ বলে উঠলেন, ‘গুড, গুড। এখন টুক করে প্রতিষেধকটা বানিয়ে ফেলুন দেখি।’

কোনও কথা না বলে চোখ নামিয়ে নিলেন প্রফেসর ওয়াং লি। তবে টের পেলেন, সার্চলাইটের মতো দু’টো চোখ তাঁকে এফোঁড়-ওফোঁড় করে ফেলছে।

.

চতুর্থ দিন সকালে গাড়িতে বেজিং ফেরার পথে নিজের সম্পর্কে দু’টো সিদ্ধান্ত নিয়ে ফেললেন প্রফেসর ওয়াং লি।

এক, তাঁর মতো শয়তান বোধ হয় এই পৃথিবীতে জন্মায়নি। এমনকি, হিটলারও লজ্জা পেত তাঁকে দেখলে।

দুই, আর কোনও মানুষের ক্ষতি করার আগে নিজেকে তিনি সরিয়ে দেবেন এই দুনিয়া থেকে। মনুষ্য সমাজে তাঁর আর বেঁচে থাকার কোনও অধিকার নেই!

.

যখন তিনি অবিবাহিত ছিলেন, তখন নিয়মিত ডায়েরি লিখতেন। বিয়ের পরে সেই অভ্যাস চলে গিয়েছিল। কিন্তু শেনইয়াং থেকে ফিরে এসে সেই পুরনো অভ্যাস আবার ফিরিয়ে আনলেন প্রফেসর। নিজের যন্ত্রণার কথা, মানুষ থেকে শয়তানে বদলে যাওয়ার কথা লিখে রাখতে শুরু করলেন ডায়েরিতে। আর ডায়েরিতে চোখ বোলাতে বোলাতে তিনি যেন আসন্ন ভবিষ্যতের আভাস পেয়ে গেলেন।

.

আরও কিছু দিন কাটল। জুন মাসের মাঝামাঝি এসে চিন সরকার ঘোষণা করল, কোভিডের দ্বিতীয় ওয়েভ চলে গিয়েছে। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। প্রফেসর বুঝতে পারছিলেন, যে কোনও দিন ভয়ঙ্কর কিছু ঘটবে এবার।

দিন গড়াতে লাগল। এসে গেল জুলাই মাস।

তারপরে একদিন সকালে উঠে প্রফেসর ঠিক করলেন, আর নয়। এবার নিজের জীবনকে শেষ করে দিতে হবে।

সে দিন ইউনিভার্সিটি বন্ধ। তাঁর পরিচারিকাকে ফোন করে আসতে বারণ করে দিলেন প্রফেসর। আজ আর তাঁর খাদ্যের প্রয়োজন নেই। পুরো সকালটা একটা ছবি হাতে করে বসে রইলেন তিনি। তাঁদের বিয়ের ছবি।

সকাল গড়িয়ে দুপুর হল। পাথরে প্রাণ এল। প্রফেসর ধীরে ধীরে উঠে পড়লেন। তিনি ঠিক করে ফেলেছেন, কী করবেন। তিনি ভীতু মানুষ। কষ্টকে ভয় পান। ঠিক করেছেন, দু’হাতের শিরা কেটে বাথটবে গিয়ে শুয়ে থাকবেন। ঘুমের মধ্যে মৃত্যু এসে তাঁকে হাত ধরে নিয়ে যাবে তাঁর স্ত্রীর কাছে। তার পরেই বিষণ্ণ হাসি হাসলেন তিনি। তাঁর স্থান তো নরকে। সেখানে কোথায় তাঁর স্ত্রী!

.

সূর্যের তেজটা কমে আসছে। বেলা ঢলে পড়ছে। আর তখনই মেয়েটার কথা মনে পড়ল প্রফেসরের। মেয়েটাকে শেষ বারের মতো দেখার জন্য মনটা আকুলিবিকুলি করে উঠল তাঁর। ধীরে ধীরে পোশাকটা বদলে বাইরে বেরিয়ে এলেন প্রফেসর ওয়াং লি। তাঁর অ্যাপার্টমেন্ট থেকে পার্কটা কাছেই। মিনিট দশেকের মধ্যে সেখানে পৌঁছে গেলেন প্রফেসর।

আর দেখতে পেলেন চিংকে। একমনে পায়রাদের খাওয়াচ্ছে। প্রফেসরকে দেখতে পেয়েই হাত তুলে ডাকল মেয়েটা। ধীর পায়ে এগিয়ে এসে বেঞ্চে বসলেন প্রফেসর।

‘আপনি কোথায় ছিলেন এতদিন? শরীর ঠিক আছে তো?’ উদ্বেগ ঝরে পড়ল মেয়েটার গলায়। দু’চোখ জলে ভরে উঠল প্রফেসরের। গলার কাছটা দলা পাকিয়ে উঠল। কোনওমতে বলতে পারলেন, ‘আমি শয়তান, আমি শয়তান।

‘কী বলছেন আপনি?’ বড় বড় হয়ে উঠল চিংয়ের দু’টো চোখ। তার পরে প্রফেসরের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ‘কী হয়েছে, আমাকে সব বলুন। দেখুন, মনটা হালকা হবে।’

.

আর নিজেকে ধরে রাখতে পারলেন না প্রফেসর। মনের ভিতর জমে থাকা যন্ত্রণাটা উগরে দিলেন এক স্বল্প পরিচিত মেয়ের সামনে।

মিনিট পনেরো কথা বলার পরে থামলেন প্রফেসর। তার পরে ধীরে ধীরে বললেন, ‘জানি না, কী হতে চলেছে। কিন্তু এই পাপের ভাগীদার আর হতে পারব না। নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই আমার সামনে।’

চিং দ্রুত চারদিকটা দেখে নিল। তার পরে নিচু গলায় বলল, ‘আপনি এই কথা ঘুণাক্ষরেও ভাববেন না। আপনি নিজেই বলছেন, একটা প্রতিষেধক তৈরি করতে পারেন। আপনি না থাকলে কে তৈরি করবে এই প্রতিষেধক? তখন তো পৃথিবী এমনিতেই ধ্বংস হয়ে যাবে।’

‘কিন্তু প্রতিষেধকটা তো আমি ওদের হাতে তুলে দিতে চাই না,’ প্রায় হাহাকার করে উঠলেন প্রফেসর, ‘এই মূর্খের দল বুঝতেও পারছে না শত্রুর জন্য কেটে রাখা কবরে ওদেরও স্থান হবে। ধ্বংস হয়ে যাবে পুরো পৃথিবী।’

দ্রুত ভেবে নিল চিং। তার পরে বলল, ‘প্রফেসর, আমাকে তিনটে দিন সময় দিন। তিনদিন বাদে এই পার্কে আমরা আবার দেখা করব। কথা দিন, তার মধ্যে আপনি উল্টোপাল্টা কিছু করবেন না।’

‘কী হবে তিনদিনে?’ অবাক হয়ে প্রশ্ন করলেন প্রফেসর।

‘অনেক কিছুই হতে পারে। কিন্তু কথা দিন, আমার সঙ্গে দেখা না করে আপনি কোনও সিদ্ধান্ত নেবেন না।’

প্রফেসর ভাবছিলেন, মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? তার পরে বাচ্চাকে কথা দেওয়ার মতো করে বললেন, ‘ঠিক আছে। কথা দিলাম। তিনদিন পরে আবার এখানে তোমার সঙ্গে দেখা করতে আসব।’

‘খুব ভাল প্রফেসর। এবার আসুন, পায়রাদের দানা খাওয়ান।’ বলে চিং নিজের প্যাকেটটা এগিয়ে দিল প্রফেসরের দিকে।

আরও মিনিট পাঁচেক কথা বলে উঠে পড়লেন প্রফেসর। তার পরে ধীর পায়ে হাঁটা দিলেন নিজের অ্যাপার্টমেন্টের দিকে।

একটু দূর থেকে এক জোড়া চোখ নজর রেখে চলেছিল প্রফেসরের উপরে। সেই চোখের মালিক নোট রাখল-

অনেক দিন বাদে আবার পার্কে এসেছিল প্রফেসর। ওই মেয়েটার সঙ্গে কিছুটা সময় কথা বলে পার্কের বেঞ্চে বসে। পায়রাদের খাবার খাওয়ায়। তারপরে ফিরে যায় ঘরে। রুটিন মাফিক।

.

তিনদিন পরে।

আবার পার্কের ওই বেঞ্চে এসে বসলেন প্রফেসর। চিং আগে থেকেই এসে বসেছিল। প্রফেসর এসে বসতে গিয়ে দেখলেন, একটা খবরের কাগজ রয়েছে বেঞ্চে। তিনি কাগজটার পাশে গিয়ে বসলেন।

তার দিকে ফিরে চওড়া হাসি হেসে চিং বলল, ‘প্রফেসর, খুব মন দিয়ে শুনুন আমার কথা। আপনার পাশে রাখা কাগজটার মধ্যে একটা মোবাইল ফোন আছে। আপনি খুব সন্তর্পণে মোবাইলটা নিজের পকেটে রেখে দিন।’

অবাক হয়ে তাকিয়ে রইলেন প্রফেসর।

‘প্লিজ, যা বলছি করুন। কিন্তু খুব সাবধানে। কেউ যেন না দেখে।’

মেয়েটার গলার সুরে এমন কিছু ছিল যে প্রফেসর কোনও প্রশ্ন করতে পারলন না। খুব সন্তর্পণে কাগজের মধ্যে থেকে মোবাইলটা বার করে পকেটে রেখে দিলেন।

চিং বলে চলল, ‘পৃথিবীর মানুষের জন্য আপনাকে বাঁচতে হবে। ওই প্রতিষেধকটা তৈরি করতে হবে। আমার এক বন্ধু আপনাকে সাহায্য করতে তৈরি। মিনিট দশেক বসার পরে আপনি ঘরে ফিরে যান। ও রাত আটটা নাগাদ আপনাকে ফোন করবে। ভাল থাকবেন, প্রফেসর লি।’

কথা শেষ করে পায়রাগুলোর দিকে কতগুলো বাদাম ছুড়ে দিল চিং। প্রফেসরের মাথাটা ঘুরছিল। চিংয়ের বাড়ানো প্যাকেটটা নিয়ে তিনি প্রায় যন্ত্রের মতো খাওয়াতে শুরু করলেন পায়রাদের।

মিনিট দশেক পরে মেয়েটার কাছে বিদায় নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিলেন প্রফেসর। তত ক্ষণে তাঁর বুক ধুকপুক ধুকপুক করছে। কে এই মেয়েটা? কে তার বন্ধু? কোন রাস্তার কথা বলছে চিং?

.

ঠিক আটটার সময় ভাইব্রেট করে উঠল সাইলেন্সে থাকা প্রফেসরের নতুন মোবাইল।

তিনি স্খলিত কণ্ঠে ‘হ্যালো’ বলার পরে উল্টো দিক থেকে একটি পুরুষ কণ্ঠ বলে উঠল, ‘আমি চিংয়ের বন্ধু বলছি।’

ইংরেজিতে যে কথাগুলো বলল, সে চিনা নয়। প্রফেসরের কান খুব ভাল। উচ্চারণ শুনে মোটামুটি বুঝে নিতে পারেন, কোন দেশের লোক। এই ধরনের উচ্চারণ তিনি আগে শুনেছেন। তাঁর ছাত্রদের মুখে।

লোকটা ভারতীয়, বাংলাদেশি বা পাকিস্তানের কেউ। সম্ভবত দক্ষিণ ভারতীয়।

উল্টো দিকের লোকটা বলে চলল, ‘আপনার খুব বিপদ প্রফেসর। এই পৃথিবীর খুব বিপদ। পৃথিবীকে যদি বাঁচাতে চান, তা হলে আপনাকে চিন থেকে বেরিয়ে আসতে হবে।’

প্রফেসরের গলাটা শুকিয়ে আসছে। কোনওমতে বললেন, ‘কী ভাবে?’

‘আমি সব বলে দেব আপনাকে। দু’দিন বাদে এই সময় ফোন করব। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। শুধু একটা কথা বলুন। আপনি দেশ ছাড়তে রাজি তো?’

একটা দীর্ঘশ্বাস ফেলে প্রফেসর বললেন, ‘রাজি। কিন্তু কোথায় যাব?’

কয়েক সেকেন্ড ভাবল লোকটা। তার পরে জবাব এল—

‘ভারত!’

আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রফেসর লি। তিনি তা হলে ঠিকই ভেবেছিলেন।

অপর প্রান্তের লোকটা বলল, ‘আপনি নিজের রুটিনটা ফলো করে যান। কাউকে কিছু বুঝতে দেবেন না। আর এই ফোনটা বাড়িতে লুকিয়ে রাখুন। আপনার পরিচারিকাও যাতে দেখতে না পায়। আমি ছাড়া আর কেউ এই নম্বরে ফোন করবে না আপনাকে। আপনার নিজের ফোনটা কিন্তু ট্যাপ করা হয়েছে।’

সেই সন্দেহ অবশ্য আগেই হয়েছিল প্রফেসরের। লোকটা ‘শুভরাত্রি’ বলে ফোনটা কেটে দিল।

.

২৪ ঘণ্টা পরে। নয়াদিল্লি

ম্যান্ডারিন ডেস্ক থেকে আসা রিপোর্টটার দিকে একদৃষ্টে তাকিয়ে ছিলেন নিশান্ত অরোরা। সত্যি যদি এট। হয়, তা হলে বিরাট ভিকট্রি হবে তাঁদের।

তিনি মোবাইলে একটা নম্বর ডায়াল করে বললেন, ‘আমাদের এখনই দেখা করতে হবে। ইউজুয়াল মিটিং প্লেস। আমি বেরোচ্ছি।’

.

দিল্লির এক পরিচিত রেস্তোরাঁর সামনে অরোরার গাড়ি এসে থামল আধঘণ্টার মধ্যে। রেস্তোরাঁর এক বিশেষ কেবিন তাঁর জন্য বুক করা আছে। সেখানে গিয়ে দেখলেন, অতিথি আগেই চলে এসেছে।

কোনও ভণিতা না করে নিশান্ত অরোরা বললেন, ‘একটা বিশাল সাফল্য পেতে চলেছি আমরা যদি অপারেশনটা ঠিকঠাক হয়। চিয়াং ভাইরাসের সৃষ্টিকর্তা, প্রফেসর ওয়াং লি ডিফেক্ট করতে রাজি হয়ে গিয়েছে।’

‘লাভলি।’

সামনে ঝুঁকে এলেন র চিফ নিশান্ত অরোরা। তার পরে ফিসফিস করে বললেন, ‘চিন থেকে প্রফেসরকে বার করে আনার অপারেশনের পুরো দায়িত্ব তোমার, অভিমন্যু। মহাভারতের অভিমন্যু পারেনি। কিন্তু তোমাকে পারতে হবে। অপারেশন চক্রব্যূহ তোমাকে সফল করতেই হবে।

একটু হাসল অভিমন্যু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *