প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৩৪. দুঃস্বপ্নের শুরু

৩৪. দুঃস্বপ্নের শুরু

নয়াদিল্লি-বেজিং। অক্টোবর, ২০২১

.হটলাইনে ক্রমাগত ফোন বেজেই চলেছে। যুদ্ধকালীন তৎপরতায় যে সব সেন্টার খোলা হয়েছিল দেশজুড়ে, তা প্রায় ভেঙে পড়ার মুখে। প্রতি মিনিটে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। ভারত ক্রমে শ্মশান হয়ে যাচ্ছে!

হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নেই, মৃতদেহ সৎকারের লোক নেই, মারণ ভাইরাসকে আটকানোর ক্ষমতা নেই। এই ভয়ঙ্কর শক্তির সঙ্গে লড়াইয়ের কোনও অস্ত্রই নেই। রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে। শিশু থেকে বয়স্ক, গরিব থেকে বড়লোক— এই মারণ ভাইরাস রেহাই দেয়নি কাউকে। প্রতি মুহূর্তে মৃত্যু থাবা বসিয়ে চলেছে। আর এই মৃত্যু বড় ভয়ঙ্কর, বড় যন্ত্রণার। শরীরের সব অর্গ্যান পচে যাচ্ছে, কয়েকটা দিন অসহ্য নরক যন্ত্রণা সহ্য করার পরে মৃত্যু এসে নিষ্কৃতি দিচ্ছে। যারা এখনও সংক্রমিত হয়নি, তারা মানসিক সুস্থতা হারাচ্ছে প্রিয়জনের ভয়ঙ্কর মৃত্যু দেখতে দেখতে। অনেকেই আবার মারণ ভাইরাসের শিকার হওয়ার আগে স্বেচ্ছামৃত্যুকে বরণ করে নিচ্ছে দু’বার না ভেবে।

বাকি দেশগুলো সম্পর্ক ছিন্ন করে ফেলেছে ভারতের সঙ্গে। বন্ধ হয়ে গিয়েছে সব রকম বিমান পরিষেবা। দেশের ভিতরেও থেমে গিয়েছে যান-চলাচল ব্যবস্থা। কোয়ারেন্টাইনে চলে গিয়েছে পুরো দেশটাই।

বাকি বিশ্বের লক্ষ্য একটাই। ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া। তার জন্য যদি ১৩২ কোটি জনসংখ্যার একটা দেশ নিশ্চিহ্ন হয়ে যায়, যাক। কিন্তু প্রশ্ন হল, তাতেও কি বাঁচা যাবে?

রাষ্ট্রনেতারা পাগল হয়ে যাচ্ছেন, শিল্পপতিরা কোটি কোটি ডলার খরচ করে বাঁচার উপায় খুঁজে চলেছেন। এই পৃথিবীই যদি না থাকে, সাধারণ মানুষই যদি বিলীন হয়ে যায়, তা হলে কাদের ওপরে শাসন চলবে, কাদের নিয়ে ব্যবসা করা হবে।

পৃথিবী যেন শেষের শুরু দেখছে…

৭ লোককল্যাণ মার্গের বাসভবনে তাঁর যে দু’টো বেডরুম আছে, তার একটার বিছানায় উঠে বসলেন প্রধানমন্ত্রী। এই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা তাঁকে ঘুরিয়ে ফিরিয়ে তাড়া করে চলেছে গত ক’দিন ধরে। আর প্রতিদিনই এইভাবে ঘুম ভেঙে যাচ্ছে তাঁর। মনের মধ্যে যেন হাজার টনের পাথর চেপে বসেছে।

১২ একর জুড়ে প্রধানমন্ত্রীর এই বাসস্থানে রয়েছে পাঁচটি বাংলো। যার মধ্যে কোনওটি তাঁর কার্যালয়, কোনওটি তাঁর বাসস্থান। ৫ লোককল্যাণ মার্গের বাংলোটিতেই তিনি এখন রয়েছেন। বাংলোয় অবশ্য দু’টোর বেশি বেডরুম নেই। আর একটা গেস্ট রুম।

সে রকমই একটা বেডরুমে ঘুম ভেঙে উঠে পড়লেন প্রধানমন্ত্রী। ভোর তখনও হয়নি। কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামের ফোটাগুলো মুছে ফেললেন তিনি। তাঁর এই বাংলোটা ঘিরে আছে নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। কিন্তু প্রধানমন্ত্রী জানেন, এই দুঃস্বপ্নের একাংশও যদি সত্যি হয়, তা হলে ধ্বংসের দিকে এগিয়ে যাবে দেশটা। কোনও আর্মি, কোনও প্রযুক্তি, কোনও অস্ত্র বাঁচাতে পারবে না কাউকে।

বিছানায় ঠায় বসে মিনিট কুড়ি ভাবলেন তিনি। তারপরে ঠিক করে ফেললেন, কী করবেন।

সবার আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের সঙ্গে কথা বলতে হবে। তার পরে একটা জরুরি বৈঠক ডাকতে হবে।

সময় ফুরিয়ে আসছে!

.

সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটা ডাকা হয়েছিল বিকেলের দিকে।

কোনও ভণিতা না করে সরাসরি প্রসঙ্গে ঢুকে গেলেন প্রধানমন্ত্রী।

‘আমরা এখনও চিয়াং ভাইরাসের প্রতিষেধক বা অ্যান্টি ভাইরাল ড্রাগ তৈরি করতে পারিনি। সে ক্ষেত্রে আমাদের সামনে রাস্তা একটাই। ওই ভাইরাসকে ভারতে আসা থেকে আটকানো। সেটা কি আদৌ সম্ভব?’

ঘরে উপস্থিত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব, ক্যাবিনেট সচিব, প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীদের পক্ষে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল না। সবাই ঘুরে তাকালেন বিশেষ কয়েকজনের দিকে।

যাঁদের মধ্যে আছেন এনআইএ চিফ, র চিফ, আইবি চিফ, সিবিআই চিফ এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর।

জবাবটা এল টি. সুদর্শনের কাছ থেকে—

একটা লোক যদি শরীরে ভাইরাস বহন করে ভারতে ঢুকতে চায়, তাকে আটকানো প্রায় অসম্ভব। এই মুহূর্তে করোনা ভাইরাসের পরীক্ষা হচ্ছে। কিন্তু সেই পরীক্ষার সাহায্যে চিয়াংকে চিহ্নিত করা যাবে না।

আরও মারাত্মক ব্যাপার হল, এই রকম কেরিয়ার যে সোজা পথে এই দেশে ঢুকবে, তার কী মানে আছে? হাজারটা রাস্তা আছে গোপনে এই দেশে ঢোকার। সব রাস্তা আটকানো সম্ভব নয়। যদি না…

বলে কথা শেষ করলেন সুদর্শন।

‘যদি না কী?’ অসহিষ্ণু শোনাল স্বরাষ্ট্রমন্ত্রীর গলা।

‘যদি না আমাদের কাছে আগাম খবর থাকে বে বিদেশ থেকে কোনও কেরিয়ার ঢুকছে ভারতে।’

সবার চোখ চলে গেল ঘরে উপস্থিত আর একজনের উপরে। র চিফ নিশান্ত অরোরা। ‘আমরা আপাতত জেনেছি চিনের সঙ্গে লস্করের একটা সরাসরি যোগসূত্র তৈরি হয়েছে,’ বলা শুরু করলেন অরোরা, ‘লস্কর জঙ্গিদের কাজে লাগাচ্ছে ওরা। ফলে যদি কোনও পাক জঙ্গিকে কেরিয়ার বানানো হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। বরং সেটা হওয়ারই আশঙ্কা বেশি। সে ক্ষেত্রে চিনের সঙ্গে সরাসরি কোনও যোগ পাওয়া যাবে না।’

অরোরা থামার পরে মুখ খুললেন আইবি চিফ আকাশ মালহোত্রা, ‘এই খবরটা আমাদের আগাম পেতেই হবে। আপনাদের এজেন্টরা যদি একটু সক্রিয় হয়…।’

মালহোত্রাকে কথা শেষ করতে দিলেন না অরোরা, ‘আমাদের এজেন্টরা যথেষ্ট সক্রিয়ই আছে। না হলে প্রফেসর ওয়াং লি-কে চিন থেকে বার করে নিয়ে আসা সম্ভব হত না। যদি শুধু এখানে প্রোটেকশনটা একটু ভাল দেওয়া যেত…।’

এবার অরোরাকে থামিয়ে দিলেন সুদর্শন, ‘প্রোটেকশন ভালই দেওয়া হয়েছিল। কিন্তু খবরটা ফাঁস হয়ে গেলে আর কী হবে।’

হাত তুলে দ্রুত সবাইকে থামালেন প্রধানমন্ত্রী। ‘কী ঘটে গিয়েছে, তা ভেবে আর লাভ নেই। কী করা যেতে পারে, সেটাই ভাবতে হবে।’ সবাই চুপ করে গেলেন। অরোরার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী এবার বলে উঠলেন, ‘আপনাদের এজেন্ট খুবই ভাল কাজ করেছে। চিন থেকে প্রফেসরকে বার করে নিয়ে আসা নিঃসন্দেহে বড় সাফল্য। সেই এজেন্ট বা অন্য কেউ কি আর নতুন কোনও খবর দিতে পারল?’

‘আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে দেখছি। সমস্যা হল, প্রফেসরের খবরটা লিক হয়ে যাওয়ার ফলে চিনে আমাদের অপারেশনটা ধাক্কা খেয়েছে। আমাদের কয়েকজন এজেন্টকে বার করে আনতে হয়েছে। তবু চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী আর চাপাচাপি করলেন না। গম্ভীর মুখে বললেন, ‘তা হলে দেখা যাচ্ছে, এই মুহূর্তে চিনকে সামলানোর জন্য আমাদের হাতে কোনও কংক্রিট প্ল্যান নেই।’

সবাই চোখ নামিয়ে নিলেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের দিকে তাকিয়ে ইশারা করলেন প্রধানমন্ত্ৰী।

মাথাটা এক বার নাড়িয়ে সিকিউরিটি অ্যাডভাইজর বলা শুরু করলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী একটা রাস্তা দেখিয়েছেন। আমারও সেই প্রস্তাবটা মনে ধরেছে। এই রাস্তাটা নিলে অন্তত কিছু দিন সময় পাওয়া যাবে বলে মনে হয়।’

সবাই উৎসুক চোখে তাকিয়ে রইলেন প্রধানমন্ত্রীর দিকে। তিনি বলতে লাগলেন— ‘আমি ঠিক করেছি, জি ২০ সামিটে সরাসরি এই ভাইরাসের কথাটা বাকি রাষ্ট্রনেতাদের জানিয়ে দেব। বলব, আমরা জেনেছি, ল্যাবে এমন একটা ভাইরাস তৈরি করা হয়েছে, যা পৃথিবী থেকে প্রাণের চিহ্ন মুছে দিতে পারে। এমনকী, ভাইরাসটার নামও বলে দেব!’

তিরিশ সেকেন্ড মতো কেউ কোনও কথা বললেন না। তার পরেই হাততালি দিয়ে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ‘ব্রিলিয়ান্ট প্ল্যান। বিশ্বের সামনে ওই ভাইরাসের নাম প্রকাশ্যে চলে এলে চিন কী করে ওই অস্ত্র কাজে লাগায় দেখব।’

পাশ থেকে সিকিউরিটি অ্যাডভাইজর বললেন, ‘এই প্ল্যানটা আমারও পছন্দ হয়েছে। এ ছাড়া কোনও রাস্তা নেই। ওই ভাইরাসের ব্যাপারটা সামনে চলে এলে চিন ব্যাকফুটে চলে যাবে। সাহস পাবে না ভাইরাসকে অস্ত্র বানানোর। তখন নিজেদের বাঁচাতে চিনকে চেপে ধরবে বাকিরা।

আবারও নীরবতা। তার পরে প্রধানমন্ত্রী বলে উঠলেন, ‘এরপরেও যদি চিন ওই ভাইরাসকে বায়োওয়েপন হিসেবে ব্যবহার করে, তা হলে…।’

কথাটা শেষ করলেন না প্রধানমন্ত্রী। কিন্তু তাতেও বাকিদের বুঝতে সমস্যা হল না তিনি কী ইঙ্গিত করছেন। তার পরেও যদি চিন এই ভাইরাসকে অস্ত্র হিসেবে প্রয়োগ করে, তা হলে নিজেদের বাঁচাতে বাকি দেশগুলো আক্রমণ করবে চিনকে। চিনও চুপ করে বসে থাকবে না। জবাব দেবে। যার ফল হতে পারে একটাই—–

তৃতীয় বিশ্বযুদ্ধ!

.

অরোরার মনে হতে লাগল, তারা ভয়ানক এক ট্র্যাপিজের খেলায় নেমেছেন। একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটছেন। একবার পা ফস্কালেই মৃত্যু। আর মৃত্যুটা এ ক্ষেত্রে কোনও ব্যক্তি বা দেশের হবে না। হবে হয়তো সমগ্র মানবজাতির। এই পৃথিবীর!

সামনে রাখা জলের গ্লাসে একটা চুমুক দেবেন কি না ভাবছিলেন র চিফ, তার পরে না দেওয়াই ঠিক করলেন।

প্রধান উপদেষ্টা এবার মুখ খুললেন, ‘চিন কিছুতেই ওই ঝুঁকি নেবে না। সব দেশই জানে, ছোটখাটো যুদ্ধ বাঁধানো আর তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আকাশপাতাল তফাত। কেউ চাইবে না, নিজেরাই ধ্বংস হয়ে যাক এই যুদ্ধে।’

যুক্তিটা যে ফেলনা নয়, তা সবাই বুঝতে পারছিলেন। সবাই এবার তাকালেন প্রধানমন্ত্রীর দিকে।

‘আপনাদের দু’টো কাজ করতে হবে। প্রথমটা, ওই ভাইরাস সম্পর্কে যাবতীয় তথ্য আমাকে দেওয়া। যখন জি ২০ বৈঠকে ভাইরাস প্রসঙ্গটা তুলব, তখন যেন সবার মনে হয়, আমি কংক্রিট কিছু বলছি। ব্যাপারটা হাওয়ায় ভাসিয়ে দিচ্ছি না। আর দুই, ৩০ অক্টোবর জি-২০ সামিট শুরু। তার আগে যেন কিছুতেই এই ভাইরাস আমাদের দেশে ঢুকতে না পারে।

একটু থামলেন প্রধানমন্ত্রী। তার পরে বললেন, ‘তার আগে যদি ভাইরাস ছড়িয়ে পড়ে, তা হলে কিন্তু চিন কিছুতেই মানবে না ওই ভাইরাসটা ওদের ল্যাবে তৈরি। পুরোপুরি অস্বীকার করবে। কোভিডের ব্যাপারটা নিশ্চয়ই মাথায় আছে আপনাদের। তাই ভাইরাসের আক্রমণ শুরু হওয়ার আগেই ভাইরাসটা সম্পর্কে জানিয়ে দিতে হবে পুরো বিশ্বকে।’

মনে মনে এই পরিকল্পনার তারিফই করলেন অরোরা। যতই ঝুঁকিই থাক, এ ছাড়া কোনও রাস্তাও নেই। এই সাপ-লুডোর খেলায় চিন অনেকটাই এগিয়ে গিয়েছে। ঝুঁকি না নিলে ওরা এমনিতেই খেলা জিতে যাবে।

উঠে পড়লেন প্রধানমন্ত্রী। আপাতত বৈঠক শেষ। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেষ বারের মতো বললেন-

‘একটা কথা কিন্তু মাথায় রাখবেন। ৩০ অক্টোবরের আগে কিছুতেই যেন ওই ভাইরাস এই দেশে ঢুকতে না পারে। তারপরে আর ঢুকবে না।

.

দু’দিন পরে দিল্লির কোনও এক জায়গায় অভিমন্যুর সামনে বসে সিগারে একটা টান দিয়ে নিশান্ত অরোরা বললেন, ‘মহম্মদ বেগ আর ইরশাদের থেকে আর একটা খবর পাওয়া গিয়েছে। শাহিদের থেকে নির্দেশ এসেছিল, তৈরি থাকার জন্য। যখন বলা হবে, তখনই ভারতের বিভিন্ন জায়গায় হামলা চালাতে হবে। লস্করের বেশ কয়েকটা গ্রুপ এই নির্দেশের অপেক্ষায় আছে। কিন্তু সেই অপারেশন এখনও চূড়ান্ত হয়নি।’

‘একসঙ্গে বড় কিছু করতে চলেছে ওরা,’ শক্ত হয়ে গেল অভিমন্যুর চোয়ালটা, ‘আর সেটা যদি এই অপারেশন চিয়াংয়ের অংশ হয়, তা হলে বুঝতে হবে লস্করও পুরোপুরি এর সঙ্গে জড়িত।’

‘ঠিকই। আমার ওখানেই ভয় করছে। যদি লস্করের কোনও এজেন্ট কেরিয়ার হয়, তা হলে থামাব কী করে? পঞ্জাব, জম্মু-কাশ্মীর, নেপাল, মিয়ানমার, পশ্চিমবঙ্গ— এতগুলো রাস্তা আছে ওদের এই দেশে ঢোকার।’ হতাশ ভঙ্গিতে দু’টো হাত শূন্যে ছুড়ে দিলেন নিশান্ত অরোরা।

কিছু একটা ভাবছিল অভিমন্যু। এবার বলল, ‘আর সময় নষ্ট করা যাবে না। ডেসপারেট টাইমস কল ফর ডেসপারেট মেসার্স। এমন কিছু করতে হবে, যেটা ওরা ভাবতেই পারবে না।’

‘কী করার কথা ভাবছ?’ চোখ দু’টো কুঁচকে প্রশ্ন করলেন অরোরা।

‘লস্করের সঙ্গে চিনের লিঙ্কটা হচ্ছে শাহিদ মাহমুদ। ওকে তুলে আনা যাক। তা হলে ওই চেনটা ভেঙে দেওয়া যাবে, আবার শাহিদের থেকে কিছু খবরও পাওয়া যেতে পারে।

সিগারে আবার একটা লম্বা টান দিলেন অরোরা। তার পরে বললেন, ‘এত অল্প সময়ের মধ্যে এই রকম একটা অপারেশন করা কি সম্ভব?’

‘প্রয়োজন হলে করতে হবে। আমার টিমকে বলছি শাহিদ মাহমুদের লোকেশনটা ট্র্যাক করতে,’ নির্দ্বিধায় জবাব দিল অভিমন্যু।

‘ঠিক আছে। আমিও দেখছি।’ অরোরা বুঝেছিলেন, তাঁদের হাতে বিকল্প রাস্তা খুব কমে আসছে।

উঠে পড়তে যাচ্ছিল অভিমন্যু, তারপরে কী মনে হতে জিজ্ঞেস করল, ‘চিনের দিকটার কী অবস্থা? আমাদের অপারেশন কি একেবারেই বন্ধ?

‘না, এখনও চালু আছে। কিন্তু ওই মিটিংয়ে কিছু বলতে চাইনি। কোনওভাবেই আর ঝুঁকি নেওয়া যাবে না।’

অভিমন্যু বুঝল, বস ঠিকই বলছেন। একটা লোক আত্মহত্যা করেছে বলেই স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনও জায়গা নেই। এদের চর আরও নানা জায়গায় থাকতে পারে।

‘ওখান থেকে কোনও খবরই পাওয়া যায়নি?’

‘এখনও পর্যন্ত নয়। তবে কয়েকটা এক্সিট পয়েন্টের উপরে নজর রেখেছি। চিন ছেড়ে কোনও চেনা মুখ বেরোলে আমরা খবর পেয়ে যাব। এ ছাড়া কিছু পরিচিত মুখের ছবি ডেটাবেসে দেওয়া হয়েছে। এদের যদি চিনের বাইরে স্পট করা যায়, তবে জানতে পারব। আপাতত এই পর্যন্তই।’

কথা শেষ করে সিগারে আর একটা লম্বা টান দিলেন নিশান্ত অরোরা। যত দিন যাচ্ছে, তত তাঁর নার্ভটা অশান্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকটা তাঁর প্রেসার আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সিগার খাওয়ার বদভ্যাসটাও বেড়ে যাচ্ছে।

তিনি এখনও বুঝে উঠতে পারছেন না কী ভাবে ৩০ অক্টোবর পর্যন্ত ওই ভাইরাসটাকে ঠেকিয়ে রাখা যায়!

.

চিনা দূতাবাসের সেকেন্ড সেক্রেটারির কোনও ইচ্ছেই ছিল না আবার লোকটার সঙ্গে দেখা করার। অক্টোবরের মাঝামাঝি চলে এসেছে। এখন একটা ভুল স্টেপ নেওয়া যাবে না। কিন্তু লোকটার মেসেজ দেখে বুঝলেন, খুব জরুরি কোনও ব্যাপার।

ব্রেকফাস্ট করতে নির্দিষ্ট কাফেতে আসার পরে এক মিনিটও সময় নষ্ট করতে চাইলেন না সেকেন্ড সেক্রেটারি।

‘কী ব্যাপার? আপনি চিন্তিত কেন?’

‘একটা বড় খবর পেয়েছি। আমাদের পুরো প্ল্যানই বানচাল হয়ে যেতে পারে।’

‘কী খবর?’ ছোট চোখ দু’টো কুঁচকে আরও ছোট হয়ে গেল সেক্রেটারির।

‘প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা করেছে চিনকে কোণঠাসা করার,’ উত্তেজিত ভাবে বলে উঠলেন কনসর্টিয়াম এক্স-এর লিডার। তার পরে মিনিট দশেক সময় নিলেন পুরো ব্যাপারটা বলতে। ‘জি ২০ সামিটে সব কিছু ফাঁস করে দেবে প্রধানমন্ত্রী। তখন আর ওই ভাইরাস কিছুতেই কাজে লাগাতে পারবে না চিন,’ কথা শেষ করে জলের গ্লাসের দিকে হাত বাড়ালেন তিনি। এত দিনকার পরিকল্পনা ভেস্তে গেলে সর্বনাশ হয়ে যাবে। চিনা লোকটা স্থির দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। তারপরে ঠান্ডা গলায় বললেন—

‘চিন্তা করবেন না। জি ২০ সামিটে আপনাদের প্রধানমন্ত্রী কিছুই বলতে পারবেন না।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *