প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২৭. শিকারের সন্ধানে

২৭. শিকারের সন্ধানে

বেজিং-ইয়ুনান, জুলাই, ২০২১

বেজিং। রবিবার। দুপুর দুটো।

রাগে মুখটা লাল হয়ে গিয়েছিল জিয়ানের। তার কেরিয়ারে এই রকম কালো দাগ আগে কখনও লাগেনি। তার শিকার আগে কখনও এই ভাবে পালায়নি!

মিনিট পাঁচেক আগে তার এজেন্ট জানিয়েছে, প্রফেসরের ফ্ল্যাটে কেউ নেই। মানেটা বুঝতে সমস্যা হল না জিয়ানের। পাখি উড়ে গিয়েছে!

শিজিজুয়েং থেকে বেরোতে গেলে ট্রেনে, গাড়িতে বা প্লেনে পালাতে হবে প্রফেসরকে। সবচেয়ে সহজ উপায় প্লেন। সকালের দিকে যদি প্লেন ধরে, তা হলে এতক্ষণে অনেকটা দুর চলে গিয়েছে প্রফেসর।

যা নির্দেশ দেওয়ার দিয়ে জিয়াং রওনা দিল এয়ারপোর্টের দিকে। বেজিং থেকে শিজিজুয়েং পৌঁছতে প্রায় পাঁচ ঘণ্টা লেগে যাবে। এর মধ্যে অবশ্য শিজিজুয়েংয়ের ট্রেন স্টেশন, বাস টার্মিনাস এবং এয়ারপোর্টে লোক চলে গিয়েছে। বিশেষ করে এয়ারপোর্টে জোর দিতে বলেছে জিয়ান। খবরটা ওখান থেকেই আসার সম্ভাবনা বেশি।

শিজিজুয়েংয়ের প্লেন ধরার আগেই খবরটা চলে এল জিয়ানের কাছে। তার সন্দেহই ঠিক। শিজিজুয়েং এয়ারপোর্ট থেকেই প্লেনে উঠেছেন প্রফেসর ওয়াং লি। গন্তব্য ইয়ুনানের দালি শহর।

খবরটা পেয়েই মুখটা কঠিন হয়ে গেল জিয়ানের। সে বুঝে গিয়েছে, কোন রাস্তা দিয়ে চিন থেকে প্রফেসরকে বার করে নিয়ে যেতে চায় ভারত।

চট করে সময়টা এক বার দেখে নিল জিয়ান। দু’টো দশ। সকাল দশটার মধ্যে দালি পৌঁছে গিয়েছেন প্রফেসর। কিন্তু সেখানেই তাঁর রাস্তা শেষ হবে না। প্রফেসর যাবেন আরও দূরে। যাবেন রুইলিতে।

দালি থেকে রুইলিতে যাওয়ার রাস্তাটা সহজ নয়। কোনও সরাসরি প্লেন নেই। অনেক ঘুরে যেতে হবে। গাড়ি বা বাসে যাওয়া যায়। প্রায় সাড়ে চারশো কিলোমিটার রাস্তা। দশ ঘণ্টা মতো সময় লাগে। ট্রেন রুট তৈরি হচ্ছে। হয়তো আগামী বছর চালু হয়ে যাবে। কিন্তু এখন আপাতত শহর থেকে বেরনোর রাস্তা একটাই।

অর্থাৎ, প্রফেসর যদি সকাল এগারোটার সময়ও দালি ছাড়েন, তা হলে তার রুইলি পৌঁছতে পৌঁছতে রাত ন’টা-দশটা হবে। প্রশ্ন হল, অত রাতে কি সীমান্ত পার হবেন প্রফেসর? নাকি ভোর হওয়ার অপেক্ষা করবেন?

ইয়ুনান প্রভিন্সের রুইলি হল সেই শহর, যার একেবারে গা ঘেঁষে রয়েছে চিন- মিয়ানমার সীমান্ত। সড়ক পথ ছাড়াও সীমান্ত পার করার আরও রাস্তা রয়েছে।

যেমন ঘন জঙ্গলের মধ্য দিয়ে। এ ছাড়া রয়েছে নদীপথ। যে ‘নান মাও’ নদীর একপাশে রুইলি, অন্য পাশে মিয়ানমার। সড়ক পথে সীমান্তে পাহারা আছে। পাসপোর্ট- ভিসা না পরীক্ষা করে কাউকে যেতে দেওয়া হয় না। ট্রাক চলাচল করে এই পথে। কিন্তু জঙ্গল বা নদীপথে কে আর কত পাহারা দেবে! শুধু তাই নয়, রুইলিতে এমন অনেকে আছে, যারা টাকার বিনিময়ে লোক পাচার করে থাকে সীমান্তের ওপারে। যে কারণে চিন থেকে পালানোর একটা ভাল রাস্তা হল এই রুইলি সীমান্ত।

গত বছর কোভিডের পর থেকে ছবিটা অবশ্য কিছুটা বদলেছে। ওই সময় এই সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে বহু মানুষ ঢুকে এসেছিল চিনে। যাদের মধ্যে অনেকের শরীরে পাওয়া যায় কোভিড ভাইরাস। তার পরে দু’দেশের মধ্যে আলোচনায় ঠিক হয়েছে, সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। আগে ৪৮টা চেক পয়েন্ট ছিল এই সীমান্ত জুড়ে। সেই চেক পয়েন্টের সংখ্যা এখন প্রায় দু’শো। নদীপথটাও আটকে দেওয়া হয়েছে। ফেরিঘাট বন্ধ হয়ে গিয়েছে।

কিন্তু এত সব পদক্ষেপ সত্ত্বেও সবাই জানে, সীমান্ত পারাপার বন্ধ হয়নি। আরও কঠিন হয়ে গিয়েছে কাজটা, কিন্তু থেমে যায়নি। দু’পক্ষকেই মানতে হয়েছে প্রায় ১৭০ কিলোমিটার লম্বা এই সীমান্তের সবটা আটকানো সম্ভব নয়। বিশেষ করে যে সীমান্ত চলে গিয়েছে জঙ্গলের মধ্য দিয়ে। এখনও বেআইনি ভাবে সীমান্ত পারাপার করে লোকেরা। রুইলি পার হয়ে চলে যায় মিয়ানমারের মিউস (Muse) শহরে।

জিয়ান নিশ্চিত হয়ে গেল, হয় জঙ্গলের মধ্যে দিয়ে না হলে নদীপথে প্রফেসরকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভারত।

নিজের গন্তব্যস্থল বদলে ফেলল জিয়ান। আর শিজিজুয়েং নয়। এবার তাকে যেতে হবে দালি।

প্লেনটা ছাড়ার পরে চোখ বন্ধ করে সিটে শরীরটা এলিয়ে দিল এমএসএসের ঘাতক। সে এখন বদলে গিয়েছে রক্তের গন্ধ পাওয়া ব্লাড হাউন্ডে। তার নার্ভটা শান্ত হয়ে গিয়েছে। কিন্তু একটা অদ্ভুত উত্তেজনা বয়ে চলেছে শিরা-উপশিরায়।

শিকারকে তাড়া করার উত্তেজনা। শিকারকে ফাঁদে ফেলার উত্তেজনা। আর সবশেষে শিকারকে তিলে তিলে হত্যা করার উত্তেজনা!

.

দালি। রবিবার। সকাল পৌনে দশটা।

বিমানবন্দরে নেমে একটা গভীর শ্বাস নিলেন প্রফেসর। মুক্তির শ্বাস। তার পরে ভাবতে বসলেন, কী করবেন এখন।

প্রফেসরকে আরও একটা নির্দেশ দেওয়া ছিল। দুটো মোবাইলই বন্ধ রাখার। প্লেনে স্বাভাবিক ভাবেই মোবাইল অন করার উপায় ছিল না। তাঁকে বলা আছে, দালি এয়ারপোর্টে নামার পরে নতুন মোবাইলটা অন করতে। ভুলেও যেন তাঁর পুরনো মোবাইলটা অন না করা হয়।

প্রফেসর যতই শিক্ষকতার জগতে বাস করুন না কেন, এইটুকু সাধারণ জ্ঞান আছে যে তাঁর পুরনো মোবাইলটা অন করলে তাঁকে ট্র্যাক করা যাবে।

নতুন মোবাইলটা অন করার মিনিট পাঁচেকের মধ্যে বেজে উঠল যন্ত্রটা।

আবার সেই ভারতীয়ের কণ্ঠস্বর, ‘ওয়েল ডান। আর একটা দিন। তার পরেই আপনি গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। আপনার মোবাইলে একটা বাস টিকিট পাঠানো হয়েছে। ঘণ্টা দুয়েক পরে ছাড়বে বাসটা। ওই বাস আপনাকে নিয়ে যাবে রুইলি। হ্যাপি জার্নি।’

প্রফেসর কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। এক বার ভাবলেন, পাল্টা ফোন করে দেখবেন কি না। তার পরে কল না করারই সিদ্ধান্ত নিলেন। কল করলেও অবশ্য লাভ হত না। এই মোবাইলটার আউটগোয়িং কল ডিঅ্যাক্টিভেট করা।

এয়ারপোর্টের বাইরে দু-একটা খাবার দোকান চোখে পড়ল প্রফেসরের। বাসে ওঠার আগে কিছু খেয়ে নিতে হবে। উত্তেজনায় এতক্ষণ খিদেটা পায়নি প্রফেসরের। কিন্তু এখন পাচ্ছে। একটা খাবার দোকানের দিকে এগিয়ে গেলেন তিনি।

ঘণ্টাখানেক দোকানে কাটিয়ে বেরিয়ে এলেন প্রফেসর। টিকিটেই বাস স্ট্যান্ডের ঠিকানাটা দেওয়া ছিল। তাই দালি এক্সপ্রেস বাস স্টেশন খুঁজে পেতে সমস্যা হল না প্রফেসরের।

তিনটে নাগাদ প্রফেসরকে নিয়ে বাস রওনা দিল রুইলির দিকে। কন্টাডক্টরের কাছ থেকে প্রফেসর জেনে নিয়েছেন, রুইলি পৌঁছতে প্রায় আটটা-ন’টা হয়ে যাবে।

প্রফেসরের জানার কথা নয় যে, কন্ডাক্টরের কথাটা স্রেফ ছেলেভুলানো। এই সরকারি বাসটা বেশ থেমে থেমে রুইলি যায়। মাঝপথে লোক তুলতে তুলতে। ফলে কখন গন্তব্যস্থলে পৌঁছবে, তা স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না।

জানতেন না বলেই চোখটা বন্ধ করে সিটে শরীরটা এলিয়ে দিলেন প্রফেসর। অনেক দিন বাদে তিনি একটু শান্তি অনুভব করছেন।

.

বেজিং থেকে জিয়ানকে নিয়ে প্লেনটা তখন উড়ে আসছে দালির দিকে।

জিয়ান যখন দালি বিমানবন্দরে নামল, ঘড়িতে সন্ধ্যা ছ’টা কুড়ি।

তাঁর পাঠানো নির্দেশ মতো বিমানবন্দরে চলে এসেছে একটা বিশেষ টিম। বসকে দেখে এগিয়ে এল লোকগুলো। প্রফেসর ওয়াং লি-র ছবিটা টিমের কাছে আগেই পাঠিয়ে দিয়েছিল জিয়ান। লোকগুলোর মুখোমুখি হয়ে সে প্রশ্ন করল, ‘কোনও হদিশ পাওয়া গিয়েছে?’

‘হ্যাঁ, সিয়ানশাং। ছবির এই লোকটা সকাল সওয়া দশটা নাগাদ এয়ারপোর্টে নেমেছে। তার পরে কাছের একটা দোকানে লাঞ্চ করেছে।’

অধৈর্য হয়ে লোকটাকে থামিয়ে দিল জিয়ান, ‘ওই সব ফালতু কথা ছেড়ে বলো প্রফেসর কোথায়?’

লোকটা চোখটা নামিয়ে নিল। তার পরে বলল, ‘খাবার খেয়ে লোকটা বেরিয়ে গিয়েছিল দোকান থেকে। তার পরে আর হদিশ পাচ্ছি না। আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছেন, সেটাও সুইচ অফ রয়েছে।’

জিয়ানের চোয়ালটা শক্ত হয়ে উঠল। তার পরে বলল, ‘আশেপাশে খোঁজ নিয়েছো? ট্যাক্সি স্ট্যান্ডে?’

‘হ্যাঁ সিয়ানশাং, নিয়েছি। কিন্তু কেউ কিছু বলতে পারছে না।’

জিয়ান আপনমনে বলল, ‘এখানে যখন এসেছে, তখন রুইলি দিয়েই পালানোর চেষ্টা করবে। হয় ওর জন্য কেউ গাড়ি নিয়ে অপেক্ষা করে ছিল। নয়তো বাস ধরেছে।’

সামনের লোকটাকে আবার কড়া গলায় প্রশ্ন করল জিয়ান— ‘এখানে বাস স্ট্যান্ড ক’টা?’

‘গোটা তিনেক আছে স্যার। দালি ইস্ট বাস স্টেশন, দালি এক্সপ্রেস বাস স্টেশন আর জিনশেং বাস স্টেশন। সবগুলো থেকেই দূরপাল্লার বাস ছাড়ে। বিমানবন্দর থেকে বেশ দূরে বাস স্টেশনগুলো।’

‘সেগুলোয় খোঁজ নেওয়া হয়েছে?’

লোকগুলো মাথা নিচু করে নিল।

মনে মনে একটা গালাগালি দিয়ে জিয়ান বলল, ‘আমাদের ভাগ করে তল্লাশি চালাতে হবে। তার আগে আরও এক বার ট্যাক্সি স্ট্যান্ডে খোঁজ নেওয়া যাক। হয়তো কেউ দুপুরে বেরিয়ে এখন ফিরেছে।’

সবাই এগিয়ে চলল ট্যাক্সি স্ট্যান্ডের দিকে।

স্ট্যান্ডের কাছে আসতেই একটা লোক চেঁচিয়ে উঠল— ‘এ দিকে আসুন। একটা খবর আছে।’

জিয়ানরা কাছে আসতেই লোকটা বলে উঠল, ‘আপনারা একজন বুড়ো লোকের খোঁজ করছিলেন না দুপুরের দিকে, ওর খবর পেয়েছি। আমাদের একজন ড্রাইভার ও রকম একটা লোককে নিয়ে গিয়েছিল।’

‘কোথায় সেই ড্রাইভার?’ ঠান্ডা গলায় প্রশ্ন করল জিয়ান।

‘এই যে, আমি।’ বলে এগিয়ে এল একটা ছেলে।

জিয়ানের সঙ্গী দ্রুত মোবাইল বার করে প্রফেসরের ছবিটা দেখাল ট্যাক্সি ড্রাইভারকে। ‘এই লোকটাই। দালি এক্সপ্রেস বাস স্টেশনে ছেড়ে এসেছি ওকে। এখান থেকে আধঘণ্টা মতো লাগে যেতে।’

‘ওখানে কি লোকটাকে কোনও বাসে উঠতে দেখেছো?’ জিয়ানের প্রশ্নে ড্রাইভার বলল, ‘আমি তো আর অপেক্ষা করিনি। তবে লোকটার হাবভাব দেখে মনে হচ্ছিল, বাস ধরবে। আসার সময় দেখলাম একটা লোককে মোবাইল দেখাচ্ছে। সম্ভবত টিকিটটা।’

‘ক’টা বেজেছিল তখন? ‘

‘তিনটে। ওই সময় রুইলি যাওয়ার বাস ছাড়ে।’

এক মুহূর্ত সময় নষ্ট করল না জিয়ান। টিমকে ইশারা করে দ্রুত এগিয়ে চলল পার্কিং লটের দিকে। সে আরও একটা ব্যাপার বুঝেছে। প্রফেসর নতুন কোনও মোবাইল ব্যবহার করছে। যার নম্বর তাদের কাছে নেই।

পাঁচ মিনিটের মধ্যেই তিনটে গাড়ি ছুটে চলল দালি এক্সপ্রেস বাস স্ট্যান্ডের দিকে।

আধঘণ্টা নয়, কুড়ি মিনিটের মধ্যেই জিয়ানরা পৌঁছে গেল গন্তব্যস্থলে।

তার মিনিট পাঁচেকের মধ্যে পেয়ে গেল দু’টো খবর।

এক, এই রকম দেখতে একটা লোক তিনটের বাসে উঠেছিল।

দুই, বাসটা রাত দশটার আগে রুইলি পৌঁছবে না।

জিয়ান সময়টা দেখে নিল। সাড়ে সাতটা।

‘বাসটা এখন কোথায় আছে? ড্রাইভারের মোবাইলে যোগাযোগ করে জেনে নাও।’ লোকটা দ্রুত ফোন লাগাল। তার পরে জিয়ানের দিকে ফিরে বলল, ‘ইয়ংপিং ছেড়ে রওনা দিয়েছে। একটু লেটে চলছে।’

‘সামনে কী আসছে?’

‘বোশান।’

জিয়ান চট করে ভেবে নিল। বোশান একটা বড় শহর। ওখানে রেলের কাজ চলছে। ওই শহরে তার চেনা লোকের অভাব নেই।

‘বাসের নম্বরটা দাও। আর কখন বোশান পৌঁছবে?’

লোকটা একটু ভেবে বলল, ‘মিনিট চল্লিশেকের মধ্যে পৌঁছে যাবে।’ তারপরে দ্রুত গিয়ে বাসের নম্বরটা লিখে আনল। লোকটার থেকে কাগজটা নিয়ে ঠান্ডা গলায় জিয়ান বলল, ‘তোমার বাসের ড্রাইভারকে আর কিছু বলার দরকার নেই। ‘

একটু দূরে সরে এসে বোশান থানায় ফোন করল করল জিয়ান। তারপরে বাসের নম্বরটা দিয়ে নির্দেশ দিল, ‘মিনিট চল্লিশেকের মধ্যেই বাসটা পৌঁছে যাবে বোশানে। আমি একটা লোকের ছবি পাঠাচ্ছি। প্রফেসর ওয়াং লি। লোকটাকে অ্যারেস্ট করতে হবে। লোকটা দেশদ্রোহী। কোনও ভুল হলে তোমরা ফায়ারিং স্কোয়াডের সামনে পড়বে।’

ফোনটা রেখে প্রফেসরের ছবিটা লোকটাকে উইচ্যাট মারফত পাঠিয়ে দিল জিয়ান। হোয়াটসঅ্যাপ বন্ধ থাকলেও তার কাজটা চিনের অভ্যন্তরে করে দেয় এই উইচ্যাট অ্যাপ। তার পরে টিমের দিকে ফিরে বলল, ‘চলো, বোশান যেতে হবে।’

ঘড়িতে তখন ৭.৪০। বাসটা অনেক ঢিমে তালে গিয়েছে। তাই সময় লেগেছে। জিয়ান হিসেব করে দেখল, ঘণ্টা দুয়েকের মধ্যে বোশান পৌঁছে যাবে তারা। তত ক্ষণে অবশ্য প্রফেসরের ভাগ্য ঠিক হয়ে যাবে।

.

সাড়ে আটটা নাগাদ বাসটাকে আসতে দেখা গেল বোশানের দিকে। বোশান শহরটা ছবির মতো সুন্দর। এক দিকে মিয়ানমার সীমান্ত, অন্য দিকে ল্যানচাং নদী। চিন থেকে বেরিয়ে যাওয়ার পরে যে নদীর নাম হয়ে গিয়েছে মেকং।

রুইলি থেকে কুনমিং যাওযার যে হাইওয়ে, তাতেই পড়ে এই বোশান। রুইলি-বোশান হাইওয়েটা তৈরি হয়েছিল ২০১৬ সালে। যার ফলে এখন নিয়মিত বাস চলাচল করে এই পথে।

বাসটা এমনিতেই থামত বোশানে। পুরো রাস্তাতেই এই বাস নানা জায়গায় থেমে থেমে লোক তুলতে তুলতে এসেছে। গাড়ি থামানোর আগেই ড্রাইভার দেখে নিয়েছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন-চারটে পুলিশের জিপকে।

বাসটা থামতেই তার টিমকে ইশারা করে লাফিয়ে গাড়িটায় উঠে পড়লেন অফিসার। কনডাক্টরকে পেয়েই তার মুখের সামনে মোবাইলটা তুলে ধরে হুঙ্কার দিলেন—

‘এই লোকটা কোথায়?’

ভাল করে ছবিটা দেখে কন্ডাক্টর একটা চওড়া হাসি হেসে বলল, ‘ওহ, এই বুড়ো লোকটা! ওকে তো আর পাবেন না।

‘মানে?’ অফিসারের হৃপিণ্ডটা যেন লাফিয়ে গলার কাছে চলে এল, ‘কী বাজে বকছিস? এই লোকটা তো তোর বাসে এসেছে!’

‘হ্যাঁ, দালি থেকে লোকটা এই বাসেই উঠেছিল। কিন্তু আগের স্টপেজে নেমে গিয়েছে।’

হাঁ করে কন্ডাক্টরের দিকে তাকিয়ে রইলেন অফিসার।

‘নেমে গিয়েছে মানে? লোকটার কি ওখানে নামার কথা ছিল?’

‘ছিল না তো। টিকিট তো রুইলি পর্যন্ত। তাই আমিও অবাক হয়ে গিয়েছিলাম।

অফিসার বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল কন্ডাক্টরের দিকে। তার পরে কোনওমতে জিজ্ঞেস করল-

‘কোথায় নেমে গিয়েছে?’

‘ইয়ংপিংয়ে।’

‘সঙ্গে আর কেউ ছিল?’ জিজ্ঞেস করলেন অফিসার।

‘হ্যাঁ। ইয়ংপিং থেকে একটা লোক উঠেছিল বাসে। সে গিয়ে ওই বুড়ো লোকটার সঙ্গে কিছু কথা বলে। তার পরে দু’জনে নেমে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম, এখানে কেন নামছেন। লোকটা বলেছিল, কাজ আছে।’ কথা শেষ করে জুলজুল করে অফিসারের দিকে তাকিয়ে রইল কন্ডাক্টর ছেলেটি।

‘লোকটাকে দেখতে কী রকম ছিল?’

পুলিশ অফিসারের প্রশ্নে একটু ভাবল কন্ডাক্টর। তার পরে জবাব দিল—

‘লোকটা বেশ লম্বা। টুপি পরে ছিল। তা ছাড়া বাসের ভিতরটাও তো বেশ অন্ধকার। মুখটা দেখতে পাইনি। তবে চিনা নয়, এইটুকু বলতে পারি।’

আতঙ্কিত দৃষ্টিতে বাস কন্ডাক্টরের দিকে তাকিয়ে রইলেন বোশানের পুলিশ অফিসার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *