৩৬. নিশানায়
রোম, ২৩ অক্টোবর, ২০২১
ব্রুকসেলেসের দোতলা হলুদ বাড়িটার সামনে তখন ভিড় জমিয়েছে লোকগুলো। সবার পরনে হলুদ টি-শার্ট। হাতে চিনা ভাষায় লেখা কিছু পোস্টার।
বাড়িটা হচ্ছে রোমে চিনের দূতাবাস। আর সামনে দাঁড়ানো লোকগুলো প্রতিবাদ জানাচ্ছিল ফালুন গংয়ের উপরে চিনের অত্যাচারের।
দোতলার কালো কাচের জানলা দিয়ে রাস্তায় দাঁড়ানো লোকগুলোকে দেখতে দেখতে বিতৃষ্ণায় নাক-মুখ কুঁচকে উঠল জিয়ানের। এটা যদি চিন হত, তা হলে ওই লোকগুলো আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারত না। এতক্ষণে যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়ে যেত। কিন্তু এটা ইটালি, তাই মুখ বুজে সব সহ্য করতে হচ্ছে।
ধীর পায়ে জিয়ানের পাশে এসে দাঁড়াল একটা লোক, ‘চলো, সময় হয়েছে যাওয়ার।’ লোকগুলোকে আর একবার দেখে নিয়ে জিয়ান বলল, ‘চলো।
দূতাবাসের সামনের গেট দিয়ে না বেরিয়ে দু’জনে চলে এল পিছনের কালো গেটটার সামনে। তারপরে উঠে পড়ল রাস্তায় অপেক্ষমাণ একটা গাড়িতে। গাড়ি ছুটে চলল রোমা টার্মিনি স্টেশনের দিকে।
পিছনের সিটে শরীরটাকে এলিয়ে দিয়ে রেমন্ড লি বলল, ‘কার্ডিনালের সঙ্গে আজ অন্য একটা জায়গায় দেখা করব। রোমা টার্মিনি স্টেশনে।
রোমা টার্মিনি। রোমের বৃহত্তম রেল স্টেশন। শুধু ইটালির বিভিন্ন প্রান্তে নয়, এই স্টেশন থেকে ইউরোপের বিভিন্ন প্রান্তেও ক্রমাগত ছুটে চলেছে একটার পর একটা হাইস্পিড ট্রেন।
‘এই কার্ডিনাল কতটা বিশ্বাসযোগ্য? শেষ মুহূর্তে গণ্ডগোল করবে না তো?’
জিয়ান জানে এই অপারেশনটা সুইস ক্লকের মতোই চলার কথা। কিন্তু সুইস ক্লকের সমস্যা হল, সামান্য কোনও যন্ত্রাংশে যদি সমস্যা হয়, তা হলে পুরো ঘড়িটাই বিকল হয়ে যাবে।
এই অপারেশনটাও তাই। বিশেষ করে প্রথম পার্টটা। এই প্রথম পার্টের সে রকম কোনও প্ল্যান বি বা সি নেই। বাকি দু’টো পার্টে কোনও সমস্যা দেখা দিলে সামলে নেওয়া যাবে। সেই সময় হাতে থাকবে।
কিন্তু প্রথম পার্টে সামান্য গণ্ডগোল হয়ে গেলে পুরো অপারেশনই ভেস্তে যাবে। সামান্য ভুল করলে চলবে না এখানে। যে কারণে এমএসএস তাকে পাঠিয়েছে রোমে। অপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা যাতে ঠিকমতো উতরে যায়, সেটা নিশ্চিত করতে।
‘বিশ্বাসযোগ্য কি না, জানি না,’ জিয়ানের প্রশ্নে বলতে লাগল তার সঙ্গী, ‘তবে লোকটা প্রচণ্ড লোভী আর উচ্চাকাঙ্ক্ষী। নিজেকে পোপের চেয়ারে দেখতে চায়। তা ছাড়া আরও একটা ব্যাপার আছে।’
নীরবে রেমন্ডের দিকে তাকাল জিয়ান।
‘লোকটা পিডোফাইল। বাচ্চাদের উপরে যৌন নির্যাতন করতে ভালবাসে। আমরা যখন ভ্যাটিকানের ভিতরে কাউকে প্ল্যান্ট করার কথা ভাবছিলাম, তখন এই লোকটার খোঁজ পাই। আমাদের হাতে কয়েকটা ছবি চলে আসে। যেখানে বেশ কিছু বাচ্চার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে দেখা যাচ্ছে এই কার্ডিনালকে। তারপর থেকে ও আমাদের হাতের পুতুল।’ এক মুহূর্ত থামল রেমন্ড। তার পরে বলল, ‘তবে এই সমঝোতায় লোকটা খুশিই হয়েছে। পোপের কী হবে, তাতে ওর কিছু যায় আসে না। নিজে ওই আসনটা পেলেই হল।’
জিয়ান একটু ভাবল। তার পরে বলল, ‘কিন্তু ওকেও তো সব বলা যাবে না। প্রতিষেধকটা এখনও যে আমাদের হাতে এসে পৌঁছয়নি, সেটা যেন ওই কার্ডিনাল কিছুতেই জানতে না পারে।’
রেমন্ড লি-র মনে পড়ে যাচ্ছিল, তার সঙ্গে কী কথা হয়েছিল কার্ডিনাল আলেসান্দ্রোর।
‘এর চেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র আর কিছু হতে পারে না,’ প্ল্যানটা বুঝিয়ে দিয়ে বলেছিল রেমন্ড, ‘পোপের শরীরে যদি এক বার ওই ভাইরাস ঢুকে যায়, তা হলে বাঁচার কোনও উপায় নেই।’
‘কিন্তু সেই ভাইরাস তো পুরো ভ্যাটিকানেই ছড়িয়ে যেতে পারে। কোভিডের মতো। তখন সামলাবেন কী করে?’ একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কার্ডিনাল।
‘ওই নিয়ে আপনি চিন্তা করবেন না। আমাদের হাতে প্রতিষেধক আছে, আবার অ্যান্টি ভাইরাল ড্রাগও আছে। মানে সহজ কথায়, বিষের অ্যান্টিডোট। এই অ্যান্টিডোট ব্যবহার করলে বা প্রতিষেধক আগে থেকে নিয়ে রাখলে ভাইরাস কারও ক্ষতি করতে পারবে না।’ যে ভাবে তাকে বলে দেওয়া হয়েছিল, সে ভাবেই কার্ডিনালকে বুঝিয়ে দিল রেমন্ড।
তাও নিশ্চিন্ত হতে পারছিলেন না কার্ডিনাল। তাঁর এক বার মনে হচ্ছিল, আগুন নিয়ে খেলতে গিয়ে না নিজেও পুড়ে যান।
‘আপনি চিন্তা করবেন না,’ কার্ডিনালের মনের ভাবটা বুঝেই বলে ওঠে রেমন্ড, ‘প্রতিষেধক আপনাকে আগে থেকেই দিয়ে রাখব আমরা। ওই ভাইরাস আপনার কোনও ক্ষতি করতে পারবে না।’
‘আর বাকিদের? যখন ভাইরাসটা ছড়িয়ে পড়বে।’
‘পোপ আক্রান্ত হওয়ার পরেই যখন ভাইরাসটার কথা জানা যাবে, তখন এক বিদেশি ফার্মা কোম্পানি এগিয়ে আসবে প্রতিষেধক নিয়ে। পোপ ততদিনে মারা যাবে। সঙ্গে আরও কিছু মানুষ। তারপরে প্রতিষেধকটা বাজারে আসবে। এরমধ্যে কাজটা হয়ে যাবে। সিংহাসন পেতে গেলে তো কয়েকজনকে বলি চড়াতেই হবে।’
এই প্ল্যানটাও বেরিয়েছিল এমএসএস চিফের মাথা থেকে। শত্রু নিধনের পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ চলে আসবে চিনের পকেটে। বেনামে ওই ভ্যাকসিন আর ওষুধ বিক্রি করে!
কার্ডিনাল বুঝলেন লোকটা ঠিক কথাই বলছে। তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে এই ঝুঁকিটা তো নিতেই হবে। কিছু করার নেই।
শেষ পর্যন্ত লোভেরই জয় হল!
কার্ডিনালকে বোঝাতে পারলেও রেমন্ড লি-র মনে একটা কাঁটা খচখচ করেই যাচ্ছে। জিয়ানের দিকে তাকিয়ে সে বলল, ‘প্রতিষেধক বা অ্যান্টি ভাইরাল— ওই দু’টো কী অবস্থায় আছে? যে ভাবে প্ল্যান করা হয়েছে, সে ভাবেই কাজটা এগোবে তো?’
‘তোমার চিন্তা করার কিছু নেই। প্রতিষেধক তৈরি হয়ে গিয়েছে। খুব সম্ভবত অ্যান্টি ভাইরাল ড্রাগও। প্রফেসরের সহকারীরা কাজটা করতে পেরেছে বলে খবর পেয়েছি। যে কারণে অপারেশনের ফলআউট নিয়ে আর চিন্তা নেই। তবে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে প্রতিষেধকটা হাতে পেতে। কিন্তু কার্ডিনালকে সে ব্যাপারটা জানানোর প্রয়োজন নেই। পরে দরকার হলে ওষুধ দেওয়া যাবে।’
আরও মিনিট দশেক চলার পরে গাড়ি এসে থামল রোমা টার্মিনি স্টেশনের বাইরে। ভিড়ে ঠাসা স্টেশনের বাইরে সার দিয়ে একটার পর একটা খাবার জায়গা। জিয়ানকে নিয়ে সে রকমই একটা খাবার দোকানের দিকে এগিয়ে গেল রেমন্ড।
ভ্যাটিকানের বাইরে এলে কার্ডিনাল আর পাঁচটা লোকের মতোই সাধারণ পোশার পরে থাকেন। তাঁর কালো-লাল ক্যাসোক বা লাল স্কাল ক্যাপ তখন ওয়ার্ডরোবেই ঝোলানো থাকে।
দূর থেকে কার্ডিনাল আলেসান্দ্রোকে দেখতে পেয়ে টেবিলটার দিকে এগিয়ে গেল রেমন্ড। সঙ্গে জিয়ান।
দু’পক্ষের বেশি কথা হল না। রেমন্ড দ্রুত বুঝিয়ে দিল পরিস্থিতিটা।
‘চিন থেকে ভাইরাসের ভায়ালটা এসে গিয়েছে। আপনি আপনার সেই সঙ্গীকে নিয়ে আসবেন। পরের বার ওর হাতে ভায়ালটা তুলে দেওয়া হবে।’
জিয়ান চুপ করে শুধু মেপে যাচ্ছিল কার্ডিনালকে। রেমন্ড বলে চলল, ‘ওই দিনই আপনাদের দু’জনকে প্রতেষেধকের ইঞ্জেকশনও দেওয়া হবে। যার ফলে ভাইরাস আপনাদের কোনও ক্ষতি করতে পারবে না।’
কার্ডিনাল একটু হাসলেন, ‘আমার সঙ্গী ওই প্রতিষেধক নেবে বলে মনে হয় না। ওকে এই ব্যাপারে কিছু না জানানোই ভাল।’
‘কেন?’ একটু অবাক হয়েই প্রশ্ন করল রেমন্ড।
‘ও চায়, ভ্যাটিকানের ধ্বংস। তার জন্য মরতেও প্রস্তুত। ওকে আপনারা সুইসাইড বম্বার হিসেবেই দেখতে পারেন। যে নিজে মৃত্যুবরণ করে পোপ এবং ভ্যাটিকান সিটিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়।’
জিয়ান জানতে চাইল না, কেন সেই মানুষটি পোপ বা ভ্যাটিকানকে এত ঘৃণা করে। কারণ জেনে তার কোনও লাভ নেই। এইরকম যে কাউকে পাওয়া গিয়েছে, এটা বিশাল ভাগ্যের ব্যাপার।
কফির কাপে একটা লম্বা চুমুক দিয়ে কার্ডিনাল জানতে চাইলেন, ‘তা হলে অপারেশনটা হচ্ছে কবে?’
‘২৯ তারিখ আমরা দেখা করব। সেখানেই ভায়ালটা দেব।’
‘২৯? তার মানে ৩১ তারিখের আগে পোপের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়বে না। তার মধ্যে অনেকের শরীরেও ছড়িয়ে যাবে ভাইরাস।’ তার পরেই হঠাৎ কী মনে পড়তে ভীষণ চমকে উঠলেন কার্ডিনাল। তারপরে কোনওমতে বললেন-
‘কিন্তু ৩০ অক্টোবর তো…।’ কথাটা আর শেষ করতে পারলেন না কার্ডিনাল। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাঁর সামনে বসে থাকা চিনের দু’জন লোকের দিকে।
.
২৩ অক্টোবর। দুপুর দু’টো। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা তখন রানওয়ে দিয়ে দৌড় শুরু করেছে। বিজনেস ক্লাস সিটে গা এলিয়ে দিয়ে ‘টপ সিক্রেট’ ফাইলটা খুলল অভিমন্যু।
প্রধানমন্ত্রীর ইউরোপ সফরসূচির পূর্ণাঙ্গ ফাইল।
একটা দিন লেগে গেল তাঁর কভারটা ঠিক করতে। শেষ পর্যন্ত অভিমন্যু যাচ্ছে প্রধানমন্ত্রীর সিকিউরিটি টিমের অঙ্গ হিসেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এসপিজি টিম পৌঁছবে পরে। ইটালিতে কয়েক দিন আগে পৌঁছে অভিমন্যু সরেজমিন সব খতিয়ে দেখবে।
এই অপারেশনের নামটাও ঠিক করে দিয়েছেন ‘র’ চিফ। অপারেশন ড্রাগন হান্ট। অপারেশনের নামটা অভিমন্যুকে জানিয়ে নিশান্ত অরোরা বলেছিলেন, ‘তুমি চক্রব্যূহ ভেঙেছ। এবার ড্রাগন শিকারটাও করে এসো।’
ফাইলটা সে আগেও দেখেছে। এই ফাইলে সময়ের হিসেব করে বলা আছে ২৯ তারিখ ইটালিতে পা দেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী কী কী করবেন।
ইটালিতে থাকবেন দু’টো রাত। ২৯-৩০ অক্টোবর। ৩১ তারিখ রাতেই আবার রওনা দেবেন স্কটল্যান্ড। যেখানে হবে ইউনাইটেড নেশনসের ক্লাইমেট চেঞ্চ কনফারেন্স।
রোমে জি ২০ সামিট রয়েছে ৩০-৩১ অক্টোবর।
২৯ তারিখ সকালে রোমে এসে পৌঁছবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
দুপুরে দেখা করবেন ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে।
বিকেল পাঁচটা নাগাদ গান্ধী পিয়াজ্জায় গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করবেন। পিয়াজ্জা কথাটার অর্থ হল কোনও চক বা স্কোয়ার জাতীয় এলাকা। সহজ কথায়, রোমের গান্ধী চকে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দেখা করবেন রোমে বসবাসকারী ভারতীয়দের একটি গ্রুপের সঙ্গেও।
৩০-৩১ দু’দিন হবে মহাগুরুত্বপূর্ণ জি ২০ সামিট।
তার আগে অবশ্য আরও একটা প্রোগ্রাম আছে প্রধানমন্ত্রীর। সংক্ষিপ্ত এবং সৌজন্যমূলক সাক্ষাৎকার হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা হবে পরিবেশদূষণ নিয়ে। গত ২০ বছরে দু’ তরফে এই সৌজন্যমূলক সাক্ষাৎকারটা হয়নি। ভারতের এই প্রধানমন্ত্রীরও এই দেশে আগে আসা হয়নি।
.
৩০ অক্টোবর, সকাল ন’টার সময় ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে দেখা করতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী!
