৪১. মারণাস্ত্র
অ্যাপোস্টলিক প্যালেস, ভ্যাটিকান সিটি, ২৬ অক্টোবর। সকাল ৯.০০।
ভারতের প্রধানমন্ত্রীর ইটালি সফরের তিন দিন আগে।
অ্যাপোস্টলিক প্যালেসে নিজের ছোট্ট ঘরটায় বসে ছিল সে। হাতের মুঠোয় ধরা বাক্সটা। অনেকটা পেনের বাক্সের মতো দেখতে। সে জানে, এই বাক্সটার মধ্যেই রয়েছে তার মারণাস্ত্র। যার সাহায্যে কুড়ি বছর ধরে লালন করে আসা প্রতিহিংসা চরিতার্থ করবে সে।
.
কুড়িটা বছর…
তার মনে হচ্ছে, এই তো ক’দিন আগেই সে সেড্রিকের ছোঁয়া পেয়েছিল। দু’জনে মিলিত হয়েছিল চরম সুখে।
তারা দু’জনেই জানত, তাদের ভালবাসার কথা সামনে চলে এলে অনেক সমস্যা হবে। ভ্যাটিকান তাদের কিছুতেই মেনে নেবে না। দু’জনকেই হয়তো চলে যেতে হবে ভ্যাটিকান ছেড়ে। সেড্রিক তখন সুইস গার্ড। আর সে যুক্ত হয়েছে ইটালিয়ান ইয়ুথ মিশনারি সার্ভিস (সারমিগ)-এর সঙ্গে। যাদের কাজ হল, তরুণ প্রজন্মকে খ্রিস্টধর্মের হয়ে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করা। দু’জনেই তখন একটা স্বপ্ন দেখছে— পোপ আর ভ্যাটিকানের সেবা করা।
তারপরে এল সেই কালান্তক দিন। তছনছ হয়ে গেল তার জীবনটা। এরপরে কত দিন নিজের জীবন নিয়ে নেওয়ার কথা ভেবেছে সে। কিন্তু তার মনের মধ্যে জ্বলতে থাকা একটা আগুন তাকে থামিয়েছে। সে যে ঈশ্বরকে এত দিন ধরে দেখে এসেছে, সেবা করেছে, সে দূরে সরে গিয়েছে। তার কাছ থেকে সুবিচার পাওয়া যাবে না। কিন্তু সুবিচার না নিয়েও সে মৃত্যুবরণ করবে না।
নিজের কাছে নিজেই শপথটা করেছিল সে। আর তারপরে ডুবে গিয়েছিল লক্ষ্যপূরণের সংগ্রামে। ধীরে ধীরে আরও বেশি করে চার্চের কাজে নিজেকে ডুবিয়ে দিতে লাগল সে। ওয়ার্ল্ড ইউথ ডে-র মতো ইভেন্টে যোগ দিতে অ্যাপোস্টলিক প্যালেসে গিয়েছিল। পোপের সঙ্গে সাক্ষাৎ করেছিল। বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে যুক্ত করত। যে কাজের সঙ্গে জড়িয়ে আছে চার্চ। এবং, প্রকারান্তরে পোপ।
এইভাবে দিন কাটতে লাগল, বছর কাটতে লাগল।
ধীরে ধীরে অ্যাপোস্টলিক প্যালেসে যাতায়াত বাড়তে লাগল তার। এই সময় দু’জনের কৃপাদৃষ্টি পড়েছিল তার উপরে। যা তার জীবন বদলে দেয়।
একজন, যে তাকে এই অ্যাপোস্টলিক প্যালেসের কাজে নিয়োগ করেছিল। দ্বিতীয় জন, ওই কার্ডিনাল। যে তাকে প্রতিহিংসা চরিতার্থ করার রাস্তা দেখিয়েছিল।
২০১৩ সালে বদলে গেল পোপ। কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে আসেনি সে। নিজেকে বোঝাত, তার প্রতিশোধের লক্ষ্য কোনও সাধারণ মানুষ নয়। একটা ইনস্টিটিউশন। যার নাম পোপ, চার্চ এবং ভ্যাটিকান সিটি। কে পোপ হল, সেটা কোনও ব্যাপার নয়।
কিন্তু সময় যত গড়াতে লাগল, তত তার মনে হচ্ছিল, সেড্রিকের মৃত্যুবরণটা বৃথাই যাবে। সে কিছুই করতে পারবে না। এই চার্চ, এই পোপ, এই ভ্যাটিকান সিটি যে বলয়ের মধ্যে রয়েছে, সেই বলয়ের গায়ে আঁচড় কাটারও ক্ষমতা নেই তার।
এরই মধ্যে কার্ডিনালের সঙ্গে নিবিড় হতে লাগল তার সম্পর্কটা। কার্ডিনাল বুঝে গিয়েছিলেন, দু’জনের শারীরিক চাহিদা এক। কার্ডিনালের সঙ্গে মিলিত হতে তারও খুব একটা আপত্তি ছিল না। লোকটাকে পছন্দ করত না সে। কিন্তু জানত, এই লোকটার প্রভাব অনেক। অনেক জায়গায় যোগাযোগ আছে। কোনওসময় কাজে আসতে পারে ভেবে সম্পর্কটা ডানা মেলতে দিয়েছিল সে।
তারপরে এক দুর্বল মুহূর্তে কার্ডিনালের কাছে সেড্রিকের কথাটা বলে দেয় সে। কী ভীষণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে, সেটা বুঝিয়ে দেয় কার্ডিনালকে। সেদিন কিছু বলেনি কার্ডিনাল। পরে একটু ভয় পেয়ে গিয়েছিল সে। কার্ডিনাল কি তার রাস্তায় বাধা হয়ে উঠবে? অবশ্য প্রতিশোধ নেওয়ার ইচ্ছের কথাটা তখনও সে বলেনি।
কিন্তু কার্ডিনালের আচরণে কোনও পরিবর্তন হল না। তাই দেখে শারীরিক সম্ভোগে ডুবে যেতে যেতে মাঝে মাঝে সে সেড্রিকের মৃত্যুর কথাটা তুলত। হয়তো দ্বিতীয় কাউকে বলে নিজের যন্ত্রণা কিছুটা লাঘব করত।
তারপরে একদিন আর নিজেকে আটকাতে পারেনি সে। কার্ডিনালের বুকে মাথা রেখে বলে ফেলেছিল সুপ্ত বাসনাটা। বুঝিয়ে দিয়েছিল, কোন ভয়ঙ্কর আগুন বুকে নিয়ে বেঁচে আছে সে।
তাকে আদর করতে করতে আরও জোরে নিষ্পেষণ করছিল কার্ডিনাল। কিন্তু কিছু বলেনি।
এইভাবে সময় বয়ে যেতে লাগল। সে বুঝে উঠতে পারছিল না, কী ভাবে প্রতিশোধ নেবে। ক্রমশ হতাশায় ডুবে যাচ্ছিল সে। তারপরে খেয়াল করল, কার্ডিনালের আচরণে, কথাবার্তায় বদল আসছে। কার্ডিনাল বারবার জানতে চাইছে, প্রতিশোধ নেওয়ার জন্য কত দূর কী করতে পারে সে।
প্রথমে বলতে দ্বিধা করলেও পরে খোলাখুলি নিজের সুপ্ত ইচ্ছাটাকে তুলে ধরেছিল—
এমন প্রতিশোধ নিতে চায় সে যা এই ভ্যাটিকান সিটি কোনও দিন ভুলবে না। সে চায় পোপের ধ্বংস, ভ্যাটিকানের ধ্বংস।
কার্ডিনাল চুপ করে শুনেছিল তার কথা। এরপরে যেন তার এই গোপন ইচ্ছেকে জাগিয়ে রাখার জন্য ইন্ধন জোগাতে শুরু করল কার্ডিনাল। সে ঠিক বুঝতে পারছিল না, কার্ডিনাল কী চায়। তার সঙ্গে খেলা করছে? তাকে ভোগ করে ছুড়ে ফেলে দেবে? কিন্তু সেটা তো সে এমনিতেই করতে পারে। সে তো স্বেচ্ছায় কার্ডিনালের ভোগ্যবস্তুতে বদলে গিয়েছে। এখন কার্ডিনাল যদি চায়, তাকে ছুড়ে ফেলে দিতেই পারে। সে অকিঞ্চিৎকর মানুষ। কী আর করতে পারবে!
এরপরে হঠাৎ করে বদলে গেল তার জীবনের রেখচিত্র। অ্যাপোস্টলিক প্যালেসে থাকার সুযোগ এসে গেল তার। নতুন এক দায়িত্ব দেওয়া হল তাকে। শুধু অ্যাপোস্টলিক প্যালেসে নয়, পরে যখন পোপ তার অন্য বাসভবনে গিয়ে থাকা শুরু করলেন, তখনও সঙ্গী হয়েছিল সে।
সে প্রায় হয়ে উঠেছিল পোপের ছায়াসঙ্গী!
এতে অত্যন্ত খুশি হয়েছিলেন কার্ডিনাল। তার কানে কানে বলেছিলেন, ‘খুব ভাল হল। তুমি তোমার শত্রুর একেবারে কাছে থাকতে পারবে। সময় হলে আঘাত হানতে সুবিধে হবে। শুধু খেয়াল রেখো, কোনও ভাবেই যেন ওরা তোমাকে সন্দেহ না করে।’
সন্দেহ করতে দেয়নি সে। ধীরে ধীরে হয়ে উঠেছিল পোপের ভরসার পাত্র।
তারপরে এল কোভিড। একটা বছর সব গোলমাল হয়ে গেল। কী ভাবে প্রতিশোধ নেবে, তা বুঝতে পারছিল না সে। একবার ভেবেছিল, নিজেই কিছু একটা করে দেয়। কিন্তু কার্ডিনাল তাকে বারবার বারণ করেছিল। তারপরে একদিন কার্ডিনাল এসে জানায়, প্রতিশোধ নেওয়ার সময় এসে গিয়েছে। এমন ভয়ঙ্কর প্রতিশোধ, যা ভ্যাটিকান ভাবতে পারবে না।
প্রথমদিকে খোলাখুলি কিছু বলা হয়নি তাকে। শুধু ইঙ্গিত দেওয়া হয়েছিল। তার পরে কার্ডিনাল একদিন তাকে ডেকে পুরো পরিকল্পনাটা বলে। শুনে সে চমকে উঠেছিল। এমন ভয়ঙ্কর প্রতিশোধ সে নিজেও ভাবতে পারে না।
কিন্তু একদিন তার মনে হল, কেউ তো জানবে না কেন এ রকম হল। যাদের উপরে প্রতিশোধ নেবে সে, তারা তো সম্পূর্ণ অজ্ঞ থেকে যাবে এই ব্যাপারে। তা হলে সেড্রিকের আত্মা শান্তি পাবে কী করে? ওই লোকগুলোকে তো বুঝতে হবে, কে এই কাণ্ডটা ঘটিয়েছে আর কেন। ভ্যাটিকানের উপরে ভয়ঙ্কর অভিশাপ নেমে আসার আগে তারা যেন আতঙ্কে অর্ধমৃত হয়ে যায়।
সবাই না হোক, অন্তত এক জন। যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। যে বিশ্বাসঘাতকতা করেছিল বন্ধুর সঙ্গে।
ব্রুনো আর্মানি। ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফ!
.
কয়েকটা বার্নার ফোন সংগ্রহ করতে তার সমস্যা হয়নি। তারপরে ভ্যাটিকান সিটির নানা প্রান্ত থেকে সে ফোনগুলো করেছিল আর্মানিকে। আর শেষবার নিজের পরিচয় দিয়েছিল। আর্মানির গলায় আতঙ্কের রেশটা সে উপভোগ করেছিল তারিয়ে তারিয়ে।
এই না হলে প্রতিশোধ। করাল আঘাত নেমে আসার আগে পর্যন্ত মৃত্যুর প্রহর গুনবে ওই আর্মানি। কিন্তু কিছুই করতে পারবে না। অসহায় অবস্থায় দেখবে, কী ভাবে ছাড়খাড় হয়ে যাচ্ছে তার সাধের ভ্যাটিকান। কী ভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ছে পোপ। আর্মানি যদি বেঁচেও যায়, ক্ষতি নেই। মৃত্যুর চেয়ে কম ভয়ঙ্কর হবে না সেই জীবন। চরম আঘাত হানার প্রহর গোনা শুরু হয় এর পরে
তারপরে গত কাল রাতে এসেছিল কার্ডিনালের ফোনটা। আজ সকালেই দেখা করতে হবে। ভাইরাসের ভায়ালটা তার হাতে তুলে দেওয়া হবে। উত্তেজনায় সারা রাত ঘুমোতে পারেনি সে।
আজ ভোরে উঠে ফাঁক বুঝে বেরিয়ে গিয়েছিল সে। দেখা করে এসেছে কার্ডিনালের সঙ্গে। নিয়ে এসেছে সেই কালান্তক ভাইরাসের ভায়াল। কার্ডিনাল তাকে বারবার বুঝিয়ে দিয়েছে কী করতে হবে। এমনকী, এও বলেছে, নিজের শরীরে ওই ভাইরাস ঢোকানোর প্রয়োজন নেই। এমনিতেই সংক্রমিত হবে পোপ।
সে কিছু বলেনি। হেসে চলে এসেছিল। কিন্তু সে জানে, পোপের সঙ্গেই মৃত্যুবরণ করতে হবে তাকেও। যতই সে প্রতিশোধের আগুনে জ্বলে এই কাজটা করুক না কেন, এর ফলে মারা যাবে অনেক নিরপরাধ মানুষও। জীবিত অবস্থায় সেই দৃশ্য সে চোখের সামনে দেখতে চায় না। তা ছাড়া প্রতিশোধ পূর্ণ হলে তার বেঁচে থাকার প্রয়োজনীয়তাও ফুরিয়ে যাবে। কী জন্য আর বেঁচে থাকবে সে!
সিদ্ধান্তটা সে নিয়েই ফেলেছে। পোপের বিছানায়, পোপের পোশাকে এই ভাইরাস ছড়িয়ে দিতে সমস্যা হবে না। আর ওই ব্রোঞ্জের ফলক তো সে-ই দেখভাল করছে। ভাইরাস মিশে যাবে সেই ফলকেও। আর সব শেষে তার শরীরে!
একটা দীর্ঘশ্বাস ফেলল সে। আর তিনটে দিন। তারপরেই কুড়ি বছরের ভয়ঙ্কর যন্ত্রণার শেষ হবে।
ধীরে ধীরে মাথার সোনালি চুলে হাত বুলিয়ে নিল সে!
