১৯. বাঘবন্দি খেলা
লখনউ, মার্চ, ২০২১
সকাল এগারোটা নাগাদ খারাপ খবরটা পেলেন নৌশাদ মির্জা।
ডক্টর ত্রিপাঠীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
খবরটা দিল আগ্রা হাসপাতালেরই এক ডক্টর। যা শুনলেন, তা মোটেই ভাল লাগল না নৌশাদ সাহেবের
যে পানশালায় নিয়মিত যেত ত্রিপাঠী, সেখানে আগের রাতেও গিয়েছিল। কিন্তু তার পর থেকে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না লোকটার। দু’টো মোবাইলই বন্ধ। ত্রিপাঠীর স্ত্রী পুলিশে ডায়েরি করেছে। এবং, উপরমহলেও চাপ তৈরি করছে স্বামীকে খুঁজে বার করার জন্য।
চোয়ালটা কঠিন হয়ে গেল নৌশাদের। ব্যাপারটা খুবই জটিল হয়ে পড়ছে। পুলিশ জড়িয়ে পড়া মানে আগ্রা হাসপাতাল নিয়েও খোঁজখবর শুরু হবে। কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে পড়ে!
কপালের ঘাম মুছে দ্রুত নির্দেশ দিলেন তিনি—
‘এখনই আগ্রার অপারেশন বন্ধ করো। হাসপাতালে যে ক’টা সুস্থ বাচ্চা আছে, তাদের বাড়ি পাঠিয়ে দাও। কোনও ভাবেই যেন এই অপারেশনের ব্যাপারটা পুলিশ টের না পায়।’
ফোনটা নামিয়ে রাখার পরে নৌশাদ বুঝতে পারলেন, তাঁর রক্তচাপ আবার বাড়তে শুরু করেছে। চাকরকে ডেকে এক গ্লাস জল দিতে বলে মোবাইলটা তুলে নিলেন তিনি। ইরশাদদের ডেকে পাঠাতে হবে। ব্যাপারটা খুবই ঘোরালো হয়ে উঠেছে। ফোনে কথা বললে হবে না। যা বলার, সামনাসামনিই বলতে হবে।
নৌশাদের ফোন কলটা শেষ হওয়ার দশ মিনিটের মধ্যে অভিমন্যুর কাছে খবরটা চলে এল।
আগ্রা থেকে ফোন গিয়েছিল নৌশাদের কাছে। করেছিল আগ্রা হাসপাতালের জনৈক ডাক্তার। তার ঠিক পরে নৌশাদ ফোনটা করে লখনউয়ের একটা নম্বরে।
কল দু’টোর ট্রান্সক্রিপ্টও চলে এল অভিমন্যুর ই-মেলে।
২০১১ সালের আগে আইনত র-এর কোনও উপায় ছিল না সন্দেহভাজনদের ফোন ট্যাপ করার। ফোন ট্যাপ হলেও সেই কথোপকথনের রেকর্ডিং গ্রাহ্য হত না আদালতে। কিন্তু ২০০৮ সালের মুম্বই আক্রমণের পরে ধীরে ধীরে ছবিটা বদলাতে থাকে।
২০১১ সালে কেন্দ্রীয় সরকার আইন করে জানিয়ে দেয়, সিবিআই, আইবি, ইডি-র মতো এজেন্সিগুলোর পাশাপাশি রিসার্চ অ্যান্ড অ্যানালিসি উংয়েরও ক্ষমতা থাকবে কোনও ফোন বা ই-মেল ট্যাপ করার। দেশে জরুরি প্রয়োজনে এই ক্ষমতা প্রয়োগ করতে পারে ‘র’। মাসে মোটামুটি দশ হাজারেরও বেশি ফোন ট্যাপ করে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সিগুলো। নিয়ম অনুযায়ী, ফোন ট্যাপ করতে গেলে কেন্দ্রীয় গৃহমন্ত্রক বা রাজ্য গৃহমন্ত্রকের অনুমতি নিতে হয়। তবে গুরুত্বপূর্ণ কেসে অনুমতি ছাড়াও ৭২ ঘণ্টা পর্যন্ত এই ফোন ট্যাপিং চলতে পারে। অনুমতি না মিললে ৪৮ ঘণ্টার মধ্যে ফোন কলের সমস্ত রেকর্ড নষ্ট করে ফেলতে হয়। আর অনুমতি মিললে সেই ফোন রেকর্ড আদালতে পেশ করতে কোনও সমস্যা হয় না।
তবে আইনের ছাড়পত্র পেলেও কাজটা সব সময় সহজ হয় না। মোবাইল সার্ভিস প্রোভাইডাররা অনেক ক্ষেত্রেই প্রচুর সময় নিয়ে নেয় ফোন ট্যাপ করতে। যা নিয়ে ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি এবং এই সব মোবাইল সার্ভিস প্রোভাইডারের মধ্যে টুকটাক ঝামেলা লেগেই থাকে। তাই যেখানে সোজা আঙুলে ঘি ওঠে না, সেখানে আঙুল বেঁকাতেই হয়। অথাৎ, মোবাইল সার্ভিস প্রোভাইডারের ভিতরেই এমন সব সোর্স তৈরি করে রাখতে হয়, যাদের সাহায্যে দ্রুত কাজটা করা যাবে।
সে রকমই একটা সোর্সকে কাজে লাগিয়েছিল অভিমন্যুর টিম।
নৌশাদের ফোন কলের ট্রান্সক্রিপ্টে চোখ বোলাতে বোলাতে অভিমন্যু বুঝতে পারল, তার দু’টো অনুমানই সঠিক।
এক, আগ্রার হাসপাতালের বাচ্চাগুলো আপাতত নিরাপদ। দুই, নৌশাদ কাউকে ডেকে পাঠিয়েছে যে এই ধরনের ঝামেলা সামলে দেয়। এমন কিছু কথা বলার আছে, যা ফোনে বলতে পারবে না।
দ্রুত আর একটা নির্দেশ পাঠালো অভিমন্যু। নৌশাদ যে নম্বরে কল করেছিল, তার ঠিকুজি-কুষ্ঠি চাই। ওই নম্বর থেকে কোথায় ফোন গিয়েছে বা কারা ফোন করেছে, সব জানতে হবে। আর গত সাতদিনের ফোনের লোকেশন।
লখনউয়ের ইন্দিরা নগর এলাকাটাকে বেশ ‘পশ’ এলাকা বলা চলে। তাবড় তাবড় বড়লোকের বাড়ি রয়েছে এখানে।
নৌশাদ মির্জার বাড়িটা যেখানে, সেটা খুবই জমজমাট এলাকা। সামনেই অনেকটা জায়গা জুড়ে লেখরাজ মার্কেট। সব সময় ভিড় লেগেই থাকে। এক দিকে, লেখরাজ মার্কেট মেট্রো স্টেশন, অন্য পাশে লেখরাজ নাগিনা মল। বেলা এগারোটাতেই ভিড়ে ভিড়াক্কার।
এই ভিড়ে মিশে উল্টো দিকের নৌশাদ মির্জার বাড়ির উপরে নজর রাখতে কোনও সমস্যাই হচ্ছিল না অভিমন্যুর। তার বাইকটা সামনেই পার্ক করা। যাতে প্রয়োজনে দ্রুত বেরিয়ে যাওয়া যায়। মাঝে মাঝে মোবাইলটা তুলে টেলিফোটো জুম লেন্সটা ব্যবহার করে বাড়ির গেটের মুখটা ভাল করে দেখে নিচ্ছিল অভিমন্যু। ভিতর থেকে কোনও গাড়ি বেরোলে সামনের সিটে বসে থাকা লোকেদের ছবি পেতে সমস্যা হবে না। যাকে বা যাদের নৌশাদ ডেকেছে, তারা গাড়িতে এলেও নিশ্চয়ই ড্রাইভার আনবে না। আর অন্য কোনও যানবাহন ব্যবহার করলেও বোঝা যাবে।
মির্জা ভবনের গেটটা বন্ধ থাকল মিনিট কুড়ি। কেউ বাইরে গেল না, কেউ ভিতরে এল না।
তারপরে বাড়ির গেটের সামনে এসে দাঁড়াল একটা মারুতি জেন। মিনিট খানেকের মধ্যেই খোলা গেটের ওপাশে চলে গেল গাড়িটা। ততক্ষণে অবশ্য গাড়িটার নম্বর প্লেটটা ধরা পড়ে গিয়েছে অভিমন্যুর ক্যামেরায়।
নম্বর প্লেটের ছবিটা তার টিমের কাছে পাঠিয়ে অপেক্ষা করতে লাগল অভিমন্যু।
অভিমন্যুর লখনউ পৌঁছনোর আগের দিন বিকেল। নয়াদিল্লির একটি সাততারা হোটেলের সুইট।
ঘরে যে চার ব্যক্তি উপস্থিত হয়েছে, তাদের একসঙ্গে বাইরে খুব কমই দেখা যায়। চারজনের একজন বিশাল এক ব্যবসায়ী, একজন ক্ষমতাশালী মন্ত্রী, একজন বিরোধী পক্ষের উচ্চাসীন এক নেতা এবং চতুর্থজন ভারতীয় প্রশাসনের উচ্চপদস্থ আমলা।
চারজনের গ্রুপটা এই প্রথম জড়ো হচ্ছে না। গত কয়েক বছর ধরে, ধীরে ধীরে এই গ্রুপটা ক্রমে ক্ষমতাশালী হয়ে উঠছে। অক্টোপাসের মতো শুঁড় ছড়িয়ে দিচ্ছে দেশের নানা প্রান্তে। নিজেদের ‘কনসর্টিয়াম এক্স’ বলতেই পছন্দ করে এরা। তবে এদেরকে পৃথিবীজোড়া ‘কনসর্টিয়াম এক্স’-এর একটা ব্র্যাঞ্চ বলা যেতে পারে। এদের হাতটা এখন এতটাই লম্বা যে, কেন্দ্রীয় সরকারের উচ্চতম পর্যায়ে কী চলছে, তার হদিশও পেয়ে যায়।
এদের মধ্যে এক জনই যোগাযোগ রাখে চিনের সঙ্গে। তার মারফতেই নির্দেশ যা আসার আসে।
সেই লোকটিই মুখ খুলল প্রথমে, ‘চিন যে আইডিয়াটা দিয়েছিল, সেই রাস্তায় হেঁটে কিন্তু আমাদের হাতে প্রচুর টাকা আসছে।’
সে ব্যাপারে কারও সন্দেহ ছিল না। কিন্তু তাদের চাহিদার শেষ নেই। টাকা এবং ক্ষমতা। এই দুইয়ের পিছনে দৌড়তে দৌড়তে এই চারজনই বুঝে গিয়েছিল, তারা আর থামতে পারবে না। যেদিন থামবে, সেদিনই তাদের সরিয়ে দেওয়া হবে। বিকল্প কেউ চলে আসবে এই কনসর্টিয়ামে।
‘ভ্যাকসিনের ব্যাপারটা কী হল?’
‘আগে থেকেই খবরটা দিয়ে দেওয়ার ফলে ভ্যাকসিনের কোনও সমস্যা হয়নি। ভ্যাকসিন কোম্পানির সিন্দুকে দু’ থেকে আড়াই হাজার কোটি টাকা হাসতে হাসতে ঢুকে যাবে।’ সেখান থেকে যে একটা অংশ চলে আসবে তাদের কাছে, এটা চারজনই জানে।
‘আর অপারেশনটা?’ প্রশ্ন উড়ে এল আর একজনের কাছ থেকে।
সামান্য সময় নীরবতা নেমে এল ঘরের মধ্যে। তারপরে মুখ খুলল কনসর্টিয়াম এক্স-এর লিডার।
‘অপারেশনের পুরো ডিটেল আমি জানি না। প্রয়োজন হলে ওরা আমাকে জানাবে। কিন্তু আমাদের তৈরি থাকতে বলা হয়েছে।’
এর আগের মিটিংয়েই একটা আভাস দিয়ে গিয়েছিল লিডার। সেই ব্লু ধরেই অন্য এক জন প্রশ্নটা করল, ‘সরকার বদলের ব্যাপারটা কী দাঁড়াল?’
‘যতটুকু যা বুঝেছি, এই সরকার ফেলে দেওয়ার একটা খেলা খেলছে চিন। কী ভাবে, আমাকে বলেনি। আমি জানতেও চাইনি। শুধু বলেছে, যখন সময় হবে, তখন আন্দোলন শুরু করতে। রাজনীতির খেলায় সরকার ফেলে দেওয়ার জন্য যা যা করা দরকার, তখন করতে হবে। হর্স ট্রেডিং হবে। ফান্ডের কোনও সমস্যা হবে না।’
ফান্ডের যে সমস্যা হবে না, তা সবাই জানে। ঘরে বাইরে দু’দিক থেকেই টাকা আসছে এবং আসবে। ইতিমধ্যেই অর্গ্যান ট্র্যাফিকিং আর ভ্যাকসিন বিজনেসের একটা মোটা অংশ চলে যাচ্ছে এই ফান্ডে। যাদের থেকে টাকা যাচ্ছে, তারা জানেও না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। পুরো অপারেশনটাই ছুটে চলেছে একটা মসৃণ হাইওয়ে দিয়ে।
লোকগুলো পরস্পরের দিকে তাকিয়ে নিল একবার। লিডার বলে চলল, ‘সরকার আসবে, যাবে। আমরাই সরকার গড়ব, আবার প্রয়োজনে ফেলে দেব। আমরা একটা দেশের সরকারের চেয়েও ক্ষমতাশালী হয়ে উঠব। গোটা ভারতকে নিয়ন্ত্রণ করব।’
বাকি তিনজনের মুখের উপরে একবার ভাল করে চোখ বুলিয়ে নিল লিডার। তিনজনের চোখেমুখেই ঠিকরে বেরোচ্ছে লোভ-লালসা। এ তো কোনও কোম্পানি টেক ওভার নয়। এ তো পুরো একটা দেশের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে ওঠা। সেই সঙ্গে ১৩০ কোটির বেশি মানুষেরও।
লিডার এবার হুইস্কির গ্লাসটা তুলে ধরল, ‘তবে আমরা সব সময় পিছনে থেকে খেলাটা খেলব। কনসর্টিয়াম এক্স-এর হাতে সব ক্ষমতা থাকবে অথচ আমাদের কথা কেউ জানবে না। ‘
একটা লম্বা চুমুক দিয়ে গ্লাসটা নামিয়ে রাখল লিডার। তার পরে ধীরে ধীরে বলল- ‘আমরাই হয়ে উঠব এই দেশটার ভাগ্যবিধাতা।’
.
…নৌশাদের বাড়ির বাইরে প্রায় আধঘণ্টা অপেক্ষা করতে হল অভিমন্যুকে। তারপরে বার হয়ে আসতে দেখল সেই নীল মারুতি জেনটাকে।
গেটটা ক্রস করার মুহূর্তে স্বাভাবিক ভাবেই গাড়ির গতি কমে গেল কিছুটা। সেই কয়েক সেকেন্ডই যথেষ্ট ছিল অভিমন্যুর জন্য। তার মোবাইলের টেলিফোটো লেন্সে বন্দি হয়ে গেল গাড়ির সামনে বসা দু’টো লোকের মুখ।
গাড়িটা রাস্তায় উঠতে না উঠতেই অভিমন্যু চলে এল তার পার্ক করা বাইকের সামনে।
মোটামুটি দুশো মিটার দূর থেকে মারুতি জেনটার পিছু নিল অভিমন্যু। লোহিয়াপথ রাস্তাটা ধরে আধঘণ্টা চলার পরেই জেনটা পৌঁছে গেল আমিনাবাদে।
এই অঞ্চলটাও জমজমাট, তবে ঘিঞ্জি। বেশ কয়েকটা মসজিদ রয়েছে। রাস্তার দু’পাশে প্রচুর দোকান। চিকনের কাজ করা শাড়ি থেকে লখনউ পাঞ্জাবি— সবই মেলে এই জায়গাটায়। তারপরে রয়েছে সারি সারি কাবাবের দোকান।
ভিড়-রাস্তায় অনেকটাই কমে গিয়েছিল গাড়ির গতি। কিছুটা দূর থেকে নজর রাখতে কোনও সমস্যাই হচ্ছিল না অভিমন্যুর।
আরও মিনিট দশেক চলার পরে, বাজার অঞ্চলটা পার করে গাড়িটা এসে থামল একটা দোতলা বাড়ির সামনে। গাড়িটাকে রাস্তার একটা পাশে থামতে দেখেই বাইক থেকে নেমে পড়েছিল অভিমন্যু। বাইকটা রাস্তার পাশে রেখে সে অপেক্ষায় রইল আরোহীদের ভাল করে দেখার।
মিনিট খানেকের মধ্যেই গাড়ির দরজা খুলে নেমে এল দুই আরোহী। রাস্তার উপরে দাঁড়িয়ে সিগারেট ধরাল একজন। তারপরে ঢুকে গেল বাড়ির মধ্যে।
অভিমন্যুর মোবাইল এবং মন ক্যামেরায় তত ক্ষণে গেঁথে গিয়েছে লোক দু’টোর মুখ। সে বুঝে গিয়েছে, ত্রিপাঠী এই লোক দু’টোর কথাই বলেছিল। এরাই মেরেছে হাসপাতালের ওই বাচ্চাটাকে।
এবং, খুব সম্ভবত অমৃতাকেও।
আরও মিনিট পাঁচেক অপেক্ষা করল অভিমন্যু। তারপরে বাইকের মুখ ঘুরিয়ে রওনা দিল তার হোটেলের দিকে। তার আগে মোবাইলের ছবিগুলো পাঠিয়ে দিল নির্দিষ্ট জায়গায়।
আজ অ্যাকশনের দিন নয়। আরও একটু খবর দরকার। এই লোক দু’টোকে দেখে একেবারেই সহজসরল মনে হচ্ছে না। এদের সম্পর্কে আরও জানতে হবে।
কিছু দূর এগোনোর পরেই অভিমন্যুর মোবাইল জানান দিল, বিশেষ একটা ই-মেল ঢুকেছে যন্ত্রে।
বাইকটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দ্রুত মোবাইল স্ক্রিনে চোখ বোলাল র-এর এজেন্ট। মেলটা পাঠিয়েছে তার ইউনিটের অফিসারই। ছোট্ট কিন্তু ধাক্কা দেওয়ার মতো একটা মেসেজ-
যে লোক দু’জনের ছবি পাঠানো হয়েছিল, তারা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সন্দেহভাজন তালিকায় আছে। বর্তমান ঠিকানা জানা নেই। নাম মুর্শেদ এবং আলি। সন্দেহভাজন তালিকায় রাখার একমাত্র কারণ, এনআইএ মনে করে এই দু’জনের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের যোগ আছে!
ই-মেলটায় আরও একটা খবর রয়েছে। যে মারুতি জেন গাড়িটার লাইসেন্স প্লেটের ছবি পাঠানো হয়েছিল, তা ইরশাদ খানের নামে নথিভুক্ত। ঠিকানা, ৩/২১ জানকী বাজার, আমিনাবাদ, লখনউ, উত্তরপ্রদেশ।
যে ঠিকানায় মিনিট দশেক আগে এসে থেমেছে মারুতি জেনটা
বাইকটা স্টার্ট করার সময়ই অভিমন্যু নিশ্চিত হয়ে গেল, এই অর্গ্যান ট্র্যাফিকিং চক্রের আড়ালে আরও বড় একটা চক্র কাজ করছে। আরও বড় কোনও পরিকল্পনার জন্ম হচ্ছে লখনউয়ের গলিতে!
