প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২৬. মুক্ত বিহঙ্গ

২৬. মুক্ত বিহঙ্গ

শিজিজুয়েং-নয়াদিল্লি। জুলাই, ২০২১

৪৮ ঘণ্টা পরে।

নির্দিষ্ট সময়ে আবার মোবাইলটা বেজে উঠল প্রফেসরের।

সেই একই কণ্ঠস্বর প্রশ্ন করল—

‘আপনি মানসিক ভাবে তৈরি তো প্রফেসর?’

…এই দু’দিন অনেক ভেবেছেন প্রফেসর। দেশকে ছেড়ে চলে যাওয়া মানে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আর যদি থেকে যান চিনে, তা হলে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। তাঁকে একটা রাস্তা বেছে নিতেই হবে।

আরও একটা কথা মনে হচ্ছিল প্রফেসর লি-র। চিং কি এত দিন তাঁর উপরে নজর রেখেছিল? দেখছিল, কোন দিকে যায় প্রফেসরের মন? চিং কি তা হলে ভারতের স্পাই?

অতি দুঃখের সঙ্গে প্রফেসর বুঝতে পারলেন, তাঁর সন্দেহটাই ঠিক। না হলে এত দ্রুত এই ভাবে বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ করা যায় না। যারা তৈরিই আছে তাঁকে দেশ থেকে বার করে নিয়ে যাওয়ার জন্য।

প্রফেসরের বুকের ভিতরটা হুহু করে উঠল। যে মেয়েটাকে কন্যাসম ভেবেছিলেন, সে কি না গুপ্তচর? স্রেফ পেশা এবং অর্থের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল?

একবার ভাবলেন, প্রথমে যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, সেটাই কাজে লাগাবে। অর্থাৎ, হাতের শিরা কেটে মৃত্যুবরণ। তার পরে বুঝলেন, চিং যতই গুপ্তচর হোক না কেন, একটা কথা ঠিকই বলেছে। এই ভাইরাসের প্রতিষেধক শুধু তিনিই বার করতে পারেন। আর সেটা বার করতে না পারলে মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে।

প্রফেসর সিদ্ধান্ত নিয়ে ফেললেন।

…‘আপনি তৈরি তো?’

প্রশ্নটা শুনে শান্ত কণ্ঠে জবাব দিলেন প্রফেসর, ‘হ্যাঁ। কী করতে হবে আমাকে?’

‘কাল বুধবার। সামনের রবিবার ভোরে আপনাকে বেরিয়ে পড়তে হবে। সেই মতো তৈরি থাকবেন। শুক্রবার রাতে আপনাকে সব জানাব। আর এই ক’দিন ইউনিভার্সিটি থেকে ফিরে নিয়মিত পার্কে যান। একদিনও যেন বাদ না পড়ে। তবে চিংকে পাবেন না আর।’

কেটে গেল ফোনটা

নিয়ম মতো বুধ-বৃহস্পতি-শুক্র তিন দিনই পার্কে গেলেন প্রফেসর। চিংকে দেখতে পেলেন না। পুরনো দু’এক জন লোকের সঙ্গে কথা হল। একা একাই বেঞ্চে বসে পায়রাদের খাওয়ালেন। তারপরে অ্যাপার্টমেন্টে ফিরে এলেন।

প্রফেসর না দেখলেও নিয়মিত তাঁর উপরে নজর রাখার কাজটা করে যাচ্ছিল জিয়ানের এজেন্টরা। কিন্তু তারা টের পায়নি, আরও কেউ একজন ছিল, যে তাদের সবার উপরেই নজর রাখছিল।

শুক্রবার সন্ধ্যায় প্রফেসর নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার ঘণ্টাদেড়েক পরে স্থানীয় এক ছোট্ট রেস্তরাঁয় এসে বসল দুই ভারতীয়। এই সব রেস্তরাঁয় সিসিটিভি থাকে না, সেটা তাদের ভালই জানা। যাদের মধ্যে একজনের নাম নায়ার।

দ্বিতীয় যে ছেলেটি তিনদিন ধরে পার্কে ডিউটি করছিল, সে বলে উঠল, ‘আমি নিশ্চিত। দু’জন লোক নজর রাখছে প্রফেসরের উপরে। একজন পার্ক থেকে বাড়ি পর্যন্ত যাচ্ছে। ঘণ্টাখানেক বাড়িটার উপরে নজর রেখে ফিরে যাচ্ছে নিজের ডেরায়। তখন অন্য একজনের ডিউটি শুরু হচ্ছে। সে রাতভর নজর রাখছে অ্যাপার্টমেন্টে। পরের দিন সকালে আবার বদলে যাচ্ছে ডিউটি।’

নায়ার একটু ভাবল। তার পরে বলল, ‘হয়তো বাড়ির ভিতরের খবর নেওয়ার জন্য আর কাউকে কাজে লাগিয়েছে। সম্ভবত পরিচারিকাকে।’ তার পরে প্রশ্ন করল, ‘রাতের লোকটা কি একাই থাকছে?’

‘হ্যাঁ। পাশের রাস্তায় শুয়ে থাকে লোকটা। ভবঘুরের মতো। গেটের দিকে নজর রাখে।’

‘অন্য লোকটা সকালে কখন আসে?’

‘ওই দশটার একটু আগে চলে আসছে। প্রফেসর বেরোলে পিছু নিচ্ছে। প্রফেসর তো হেঁটেই যাতায়াত করে।’

‘ঠিক আছে। রবিবার আমাদের ডেট। শনিবার রাতে ওই ভবঘুরেকে ঘুম পাড়িয়ে দিতে হবে চিরকালের মতো। প্রফেসর হাওয়া হয়ে গেলে এমনিতেই ঝামেলা হবে। এই একটা লোক মরলে বাড়তি কিছু হবে না। দেখতে হবে, ভোরবেলা যখন প্রফেসর বাড়ি থেকে বেরোবে, কেউ যেন বাধা না দেয়।’

লোকটা মাথা নাড়ল। সে বুঝে গিয়েছে, কী করতে হবে।

‘ওকে স্যার।’

.

শুক্রবার রাতে ফোনটা এল প্রফেসরের মোবাইলে। ‘কাল বিকেলে পার্কে যাবেন। যে বেঞ্চে বসেন, তার ডানদিকের কোণে, সিটের নীচে দেখবেন একটা খাম আটকানো আছে আঁঠা দিয়ে। খামটা খুব সতর্কতার সঙ্গে বার করে নেবেন। কেউ যেন না বোঝে। তার পরে পায়রাকে খাইয়ে, খামটা নিয়ে ফিরে আসবেন।’

‘কী আছে খামে?’ উত্তেজিত হয়ে উঠছিলেন প্রফেসর।

‘আপনার প্লেনের টিকিট। রবিবার ভোরে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এয়ারপোর্ট চলে যাবেন। সকালের ফ্লাইট।’

‘কোথায় যেতে হবে আমাকে?’ ‘ইয়ুনান।’

‘তারপরে?’

‘ওখানকার এয়ারপোর্টে আমাদের লোক থাকবে। সে-ই আপনার দায়িত্ব নিয়ে নেবে।’

.

শুক্রবার প্রফেসর ওয়াং লি-র মোবাইলে নায়ারের ফোনটা যাওয়ার ঘণ্টা খানেক আগে ভারতে নিশান্ত অরোরার মোবাইলটা বেজে উঠল।

সময়ের বিচারে ভারতের থেকে চিন ঘণ্টা আড়াই এগিয়ে। বেজিংয়ে যখন সন্ধ্যা সাতটা, ভারতে বিকেল সাড়ে চারটে।

অরোরাকে ফোনটা করেছিলেন সুদর্শন।

‘বেশ কিছুটা সময় লেগে গেল ঠিকই, কিন্তু মহম্মদ বেগের মুখ আমরা খোলাতে পেরেছি,’ তৃপ্তির সঙ্গে বললেন এনআইএ চিফ।

‘দারুণ। কী বলছে বেগ?’ মুখে তারিফ করলেও অরোরা জানতেন, তাদের হাতে বেগকে তুলে দিলে অনেক আগেই কথা বার করে নেওয়া যেত।

‘আপনি চমকে যাবেন। তবে ব্যাপারটা সত্যি কি না, সন্দেহ লাগছে। বেগ হয়তো ভুল জানে। বাস্তবে হয়তো ব্যাপারটা অন্য।’

‘কেন, কী বলেছে বেগ?’

‘এই অপারেশনের পিছনে শাহিদ মাহমুদের হাত আছে। সেটা মানতে কোনও সমস্যা নেই। কিন্তু বলছে, শাহিদের পিছনে নাকি ভারতের বাপ আছে।’

‘ভারতের বাপ?’ মোবাইলটা শক্ত করে চেপে ধরলেন অরোরা।

‘হ্যাঁ। চিন। বলছে, চিন নাকি পিছন থেকে এই অপারেশনে মদত দিচ্ছে। ওই যে বল্লমটা এঁকেছে, ওটা অপারেশনের নাম। একটা চিনা নাম।’

অরোরা চুপ করে শুনে যেতে লাগলেন।

‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, চিনা ভাষায় বল্লম বা বর্শাকে চিয়াং বলা হয়। অপারেশন চিয়াং? কী মানে এর?’

লম্বা একটা শ্বাস নিলেন অরোরা। তার পরে বললেন, ‘আমি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের সঙ্গে কথা বলছি। অনুরোধ করছি, কাল একটা হাইলেভেল মিটিং ডাকতে। আপনিও থাকবেন। যা বলার ওখানেই বলব।’

ফোনটা নামিয়ে রেখে অল্প সময় বসে থাকলেন সুদর্শন। তাঁর ভ্রু কুঁচকে গিয়েছে। কী জানে ‘র’, যা সম্পর্কে তাঁদের কোনও ধারণা নেই?

গম্ভীর হয়ে গিয়েছে অরোরার মুখও। তা হলে চিন এত দূর এগিয়েছে। লস্কর, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছে। আবার ফোনটা তুলে নিলেন অরোরা। সিকিউরিটি অ্যাডভাইজরের সঙ্গে এখনই কথা বলতে হবে। তিনি জানেন, চিয়াং ভাইরাসের কথাটা এতদিন গোপন রাখার জন্য তাঁর মাথাটা হাঁড়িকাঠে চড়ানোও হতে পারে।

আরও এক জনের সঙ্গে কথা বলতে পারলে ভাল হত, কিন্তু সেটা এখন সম্ভব নয়। অভিমন্যু এখন এমন জায়গায় রয়েছে, যেখানে ওর সঙ্গে যোগাযোগ করা যাবে না।

·

শনিবার। সকাল এগারোটা। সাউথ ব্লক।

আবার সেই উচ্চপর্যায়ের মিটিং। আগের দিনে যাঁরা ছিলেন, এ দিনও তাঁরাই উপস্থিত।

কথা বলছিলেন অরোরা-

‘আমাদের কাছে অল্প কিছু দিন আগে একটা খবর আসে। চিনের এক বিজ্ঞানী একটা নতুন ভাইরাস আবিষ্কার করেছে। যা ইবোলার চেয়েও মারাত্মক বলে মনে করা হচ্ছে। আমরা ওই বিজ্ঞানীর উপরে নজর রাখছিলাম।’

স্বরাষ্ট্র সচিব বলে উঠলেন, ‘আপনি কি করোনা ভাইরাসের দিকে ইঙ্গিত করছেন?’

‘না। এর সঙ্গে করোনা ভাইরাসের কোনও সম্পর্ক নেই।’

‘এই নতুন ভাইরাসের প্রসঙ্গটা এখন তোলার কোনও বিশেষ কারণ আছে কি? এত দিনই বা বলা হয়নি কেন?’ প্রশ্ন করলেন সিকিউরিটি অ্যাডভাইজর।

কয়েক মুহূর্ত চুপ করে রইলেন ‘র’ চিফ। এই প্রশ্ন দু’টির উত্তর তিনি আগেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরকে দিয়ে দিয়েছেন। কিন্তু কমিটির সামনে সরকারি ভাবে জবাবদিহিটা চাইছেন অ্যাডভাইজর।

‘আমরা ঠিক নিশ্চিত ছিলাম না চিয়াংয়ের ব্যাপারটা নিয়ে। খোঁজখবর নেওয়া হচ্ছিল। যে কারণে বলা হয়নি,’ ধীরে ধীরে বললেন অরোরা।

সবার মুখ গম্ভীর। তার পরে প্রথম প্রশ্নটার জবাব দিলেন তিনি, ‘এখন বলার একটা বিশেষ কারণ আছে। গতকাল মুখ খুলেছে বেগ। আপনারা তো জেনে গিয়েছেন, লস্করের ওই জঙ্গি চিনের নাম করেছে। অপারেশনটারও। ঘটনা হল, আমরা জেনেছি, ওই প্রফেসর যে ভাইরাসটা আবিষ্কার করেছে, তার নাম— চিয়াং!’

ঘরে যে ক’জন হাজির ছিলেন, তাঁরা সবাই পোড়খাওয়া মানুষ। কিন্তু অরোরার মুখ থেকে বেরিয়ে আসা একটা শব্দ সবাইকে হতবাক করে দিল।

তারপরে প্রায় ফিসফিস করে প্রধানমন্ত্রী বলে উঠলেন, ‘ভাইরাস? অপারেশন চিয়াং? চিন কি বায়োটেররিজমের ভাবনা ভাবছে? এ তো ভয়ঙ্কর ব্যাপার।’

আবার কয়েক মুহূর্তের স্তব্ধতা। তারপরে স্বরাষ্ট্র সচিব বলে উঠলেন, ‘আমাদের এই খবর মিডিয়ায় ফাঁস করে দিতে হবে। চিন বায়োটেররিজমের কথা ভাবছে, এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী হবে। পশ্চিমের দেশগুলো হইচই ফেলে দেবে।’

‘চিন কিন্তু পুরোপুরি অস্বীকার করবে। বলবে, লস্করের ব্যাপারটা আমরা মিথ্যে বলছি। আমাদের হাতে এমন কিছু প্রমাণ নেই যে আমরা আন্তর্জাতিক মঞ্চে চিনকে কোণঠাসা করতে পারি।’ বলে উঠলেন এক ক্যাবিনেট মন্ত্ৰী।

হাতটা মুখের সামনে এনে খুকখুক করে একটু কেশে উঠলেন নিশান্ত অরোরা। ঘরের সবাই ঘুরে তাকালেন তাঁর দিকে। অরোরা বুঝে গিয়েছিলেন এই অবস্থায় আর কিছু গোপন করা যাবে না। তা হলে তাঁকে এখনই ঘাড়ধাক্কা খেতে হবে।

‘একটা প্রমাণ আসতে চলেছে আমাদের হাতে।’

‘কী প্রমাণ?’ প্রশ্নটা ছুটে এল স্বয়ং প্রধানমন্ত্রীর দিক থেকে।

‘ভাইরাসটা যিনি আবিষ্কার করেছেন, তাঁর নাম প্রফেসর ওয়াং লি। ওয়াং লি দেশ ছাড়তে প্রস্তুত। আমরা কাজে নেমে পড়েছি। আশা করছি, পরের সপ্তাহে দিল্লিতে এনে হাজির করাতে পারব চাইনিজ প্রফেসরকে। আর তারপরে…।’

উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী, ‘তারপরে আমরা মিডিয়ার সামনে হাজির করাব প্রফেসরকে। তিনিই যা বলার বলবেন ওই চিয়াং ভাইরাস নিয়ে। তখন আর চিনের পালানোর পথ থাকবে না। ব্রিলিয়ান্ট।’

প্রধানমন্ত্রী আবার বসে পড়লেন। ঘটনা প্রবাহে প্রায় স্তম্ভিত হয়ে পড়েছিলেন বাকিরা। শুধু নিশান্ত অরোরা একটা স্বস্তির শ্বাস ফেললেন। মনে হচ্ছে, তাঁর মাথার ওপর থেকে খাঁড়াটা সরে গেল।

তারপরে মুখ খুললেন সিকিউরিটি অ্যাডভাইজর-

‘কী ভাবে প্রফেসরকে বার করে আনা হচ্ছে চিন থেকে?’

‘আমাদের বেস্ট এজেন্ট অপারেশনটা হ্যান্ডল করছে।’ এর বেশি আর কিছু বললেন না অরোরা। যতই চাপে থাকুন না কেন, এই মিশনের আর কোনও তথ্য তিনি অন্য কারও সামনে বলবেন না।

ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জানতেও চাইলেন না। তিনি নিজেও ইন্টেলিজেন্স এজেন্সির হয়ে অতীতে কাজ করেছেন। ভালই জানেন, এই ধরনের অপারেশনের গোপনীয়তা বজায় রাখা কতটা জরুরি। কোনও ভাবে শত্রুপক্ষের কাছে খবর চলে গেলে ওই প্রফেসরের মৃত্যু তো হবেই, যে সব এজেন্ট এই অপারেশনে জড়িয়ে থাকবে, তারা কেউ বাঁচবে না।

মিটিং শেষ হয়ে গিয়েছিল। অরোরা যখন চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছেন, তখন প্রতিরক্ষা মন্ত্রী বলে উঠলেন, ‘এই অপারেশনটা কিন্তু সফল হতেই হবে। না হলে চিন কী করবে, কেউ জানে না।’

অরোরা মাথা নাড়লেন, ‘ইউ নিড নট ওয়ারি। চিন্তা করবেন না, আমাদের এজেন্ট সফল হবেই।’

গাড়িতে ফিরতে ফিরতে কিছুটা আপনমনেই অরোরা বলে উঠলেন-

‘আমাদের সবার ভাগ্য এখন তোমার হাতে, অভিমন্যু। চক্রব্যূহ ভাঙতেই হবে তোমাকে।’

.

শনিবার বিকেল পাঁচটা। চিনের সময়।

শিজিজুয়েংর সেই পার্ক।

কথা মতো নির্দিষ্ট জায়গায় এসে বসলেন প্রফেসর। তারপরে এ দিক-ও দিক দেখে, খুব সন্তর্পণে খামটা বার করে আনলেন সিটের নীচ থেকে। এখানে খুলে দেখার প্রশ্নই নেই। চট করে খামটা ঢুকিয়ে দিলেন প্যান্টের পকেটে। তিনি নিশ্চিত, কেউ দেখতে পায়নি।

তারপরে মিনিট পনেরো পায়রাগুলোকে দানা খাওয়ালেন। একবার ঘড়িটা দেখে নিলেন। অবশেষে সিট থেকে উঠে রওনা দিলেন অ্যাপার্টমেন্টের দিকে।

আগের দিনের মতোই জিয়ানের লোক পিছু নিল প্রফেসরের।

আর তার পিছনে আরও এক জন!

.

শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা। ভারতীয় সময়।

একটা জরুরি মিটিংয়ে ছিলেন চিনের সেকেন্ড সেক্রেটারি। ওই সময়ই মেসেজটা ঢুকল তাঁর মোবাইলে। পরিচিত একটা নম্বর থেকে। সংক্ষিপ্ত মেসেজ-

‘কাল ব্রেকফাস্টে দেখা হবে।’

ভ্রুটা কুঁচকে উঠল চিনের ডিপ্লোম্যাটিক অফিসারের। খুব জরুরি দরকার না হলে এই ভাবে মেসেজ আসে না।

.

রবিবার। ভারতীয় সময় সকাল সাড়ে ন’টা।

গল্ফ ক্লাবে নয়, ব্রেকফাস্টের জন্য দু’জনে বসেন অন্য একটি কাফেতে। সেখানেই কনসর্টিয়াম এক্স-এর হেডের সঙ্গে মিনিট পনেরো সময় কাটালেন চিনের সেকেন্ড সেক্রেটারি। তার পরে যখন বেরিয়ে এলেন কফিশপ থেকে, তার বুকটা জ্বালা করছে। অ্যাসিডিটি হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। কপালটা ঘেমে উঠছে।

.

রবিবার। বেজিং টাইম দুপুর সওয়া একটা।

প্রায় কাঁপতে কাঁপতে এমএসএস চিফ হাতে তুলে নিলেন মোবাইলটা। উল্টো দিকে জিয়ানের গলা পাওয়া মাত্রই চেঁচিয়ে উঠলেন তিনি—

‘তুমি কি ঘুমোচ্ছ? প্রফেসরের খবর ভারত পেয়ে গিয়েছে। চিন থেকে বার করে নেবে প্রফেসরকে। এখনই দেখো, প্রফেসর কোথায়।’

চিফের কথা শেষ হওয়া মাত্র জিয়ান ফোনটা করল শিজিজুংয়ে তার লোককে, ‘প্রফেসরের কী অবস্থা?’

‘সকালে তো এখনও অ্যাপার্টমেন্ট থেকে বেরোয়নি।

‘তুমি কখন থেকে পাহারায় আছো?’

‘দশটা থেকে।’

‘অন্য জন কোথায়?’

একটু ভেবে জবাব দিল লোকটা, ‘ওকে তো আজ দেখিনি। বোধ হয় আমাকে আসতে দেখে চলে গিয়েছে।’

উত্তেজিত না হয়ে শীতল কণ্ঠে বলল জিয়ান, ‘আর যে মহিলাটা কাজে আসে? এখনই খবর নাও ওর কাছ থেকে।’

উল্টোদিকের লোকটা একবার ঘাম মুছে নিল। তারপরে বলল, ‘আজ তো ওই মেয়েটা কাজে আসেনি। প্রফেসর বারণ করে দিয়েছে। আমাকে ফোন করে জানিয়েছে মেয়েটা।’

এবার আর নিজেকে সামলাতে পারল না জিয়ান। একটা গালাগালি দিয়ে বলে উঠল— ‘এখনই প্রফেসরের ফ্ল্যাটে যাও। কী অবস্থা দ্যাখো। প্রফেসর থাকলে সঙ্গে সঙ্গে বেজিং নিয়ে আসবে।’

লোকটা ফোন ছেড়ে দ্রুত দৌড়ল অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে। তিনতলায় প্রফেসরের ফ্ল্যাট। বেলটা চিপে ধরে থাকল লোকটা

কিন্তু ভিতর থেকে কোনও সাড়া এল না।

লোকটার হৃদস্পন্দন তখন ক্রমশ দ্রুত হচ্ছে। কাজের মেয়েটির সাহায্যে এই অ্যাপার্টমেন্টের ডুপ্লিকেট চাবি তৈরি করা ছিল আগেই। আগে প্রয়োজন হয়নি বলে কাজে লাগায়নি। কিন্তু এখন লাগাল।

এক ধাক্কায় দরজা খুলে ঝড়ের মতো ভিতরে ঢুকে এল লোকটা। মিনিট দু’য়েক ধরে তছনছ করে ফেলল প্রফেসরের দু’কামরার ফ্ল্যাট। বাথরুম থেকে খাটের তলা, বাদ রাখল না কিছুই।

কিন্তু প্রফেসরের কোনও চিহ্নই নেই।

আতঙ্কে কাঁপতে কাঁপতে পকেট থেকে মোবাইলটা বার করল লোকটা।

.

একটু আগেই ইয়ুনানের দালি বিমানবন্দরে এসে নেমেছে ফ্লাইটটা।

রানওয়েতে থামার মিনিট দশেক পরে এয়ারহোস্টেস নির্দেশ দিল— এ বার আপনারা সিট বেল্ট খুলে দরজার দিকে এগোতে পারেন।

প্লেনের সিঁড়ি বেয়ে বিমানবন্দরের মাটিতে পা রেখে একটা গভীর শ্বাস নিলেন প্রফেসর ওয়াং লি। চিয়াংয়ের সৃষ্টিকর্তা।

তিনি তা হলে সত্যিই চিন ছেড়ে মুক্তির পথে পা বাড়িয়েছেন!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *