প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৩১. আঘাত

৩১. আঘাত

বিজওয়াসান, দিল্লি। আগস্ট, ২০২১

দক্ষিণ দিল্লির বিজওয়াসান গ্রামটাকে ঠিক গ্রাম বলা চলে না। যথেষ্ট বর্ধিষ্ণু অঞ্চল। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। রেল স্টেশনও রয়েছে কাছাকাছি। আরও একটা কারণের জন্য বিজওয়াসানের নাম আছে। এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটা ফার্মহাউস এবং বাংলো।

এর মধ্যে বেশ কয়েকটা ফার্মহাউস ভাড়া দেওয়া নৈশ পার্টি বা বিবাহ অনুষ্ঠানের জন্য। বিজওয়াসানের প্রধান রাস্তাটা দিয়ে দক্ষিণের দিকে কিছুটা এগোলে পড়বে দুনদাহেরা রোড। এই রাস্তা দিয়ে আর একটু এগোলেই পরপর বেশ কয়েকটা ফার্মহাউস আর বাংলো। এই রকমই একটা ফার্মহাউসে সেই রাতে বসেছিল পার্টিটা। রাত যত বাড়ছে, পার্টির ধুমও তত বাড়ছে। রাত যত গভীর হচ্ছে, ডিজে, ডান্সার আর মদের ফোয়ারায় পার্টির জৌলুশ তত বাড়ছে।

সবুজ ঘাসের লনের একটা ধারে দু’টো টেবিল জুড়ে জনা আটেক লোকের যে দু’টো গ্রুপ বসেছিল, তাদের দেখে অবশ্য মনে হচ্ছিল না পার্টির কোনও মজা নিচ্ছে দলটা। আধো-অন্ধকারে একটু ভাল করে নজর করলে বোঝা যাবে, প্রত্যেকের মুখেই টেনশনের ছায়া।

মিনিট পাঁচেক পরে টেবিল দুটোর সামনে এসে দাঁড়াল একটা লোক। যে লোকটা তাদের এই পার্টিতে নিয়ে এসেছে। সবাইকে এক বার ভাল করে দেখে নিয়ে লোকটা বলল—

‘চলো, এবার যেতে হবে। সময় হয়েছে।

রাত সাড়ে দশটা। উঠে দাঁড়াল আটজন। তারপরে লোকগুলো এগিয়ে গেল ফার্মহাউসের গেটটার দিকে। যেখানে পার্ক করা আছে একের পর এক গাড়ি।

দু’টো কালো টয়োটা ইনোভার সামনে এসে দাঁড়াল লোকগুলো। তারপরে দ্রুত দরজা খুলে বার করে আনল কয়েকটা ব্যাগ। মিনিট দু’য়েকের মধ্যে ব্যাগের মধ্যে থাকা এ কে ৪৭ রাইফেল, চাইনিজ গ্রেনেড এবং পিস্তলগুলো চলে এল লোকগুলোর হাতে। তার পরে ন’জনের দলটা হাঁটা দিল ফার্মহাউসের প্রধান ফটকটার দিকে।

গেটের সামনে দাঁড়ানো সিকিউরিটি দু’জন দেখেও দেখল না লোকগুলোকে। তাদের কাছে এই রকমই নির্দেশ এসেছে। বিনা বাধায় লোকগুলো মিশে গেল বিজওয়াসানের অন্ধকার রাস্তায়।

গন্তব্য, এক কিলোমিটার দূরের একটা বাগানবাড়ি।

.

৪৮ ঘণ্টা আগে। পালিকা বাজার, কনটপ্লেস, দিল্লি।

কনটপ্লেসের এই পালিকা বাজারটা আসলে এক বিশাল আন্ডারগ্রাউন্ড মার্কেট। প্রায় চারশো দোকান আছে এখানে। সেখানে যে রকম সোজা পথে আমদানি হওয়া জিনিসপত্র পাওয়া যায়, সে রকম চোরাই জিনিসেও ভর্তি। পুলিশও এই জায়গায় নাক গলাতে সাহস পায় না। মহিলাদের জন্যও আদৌ নিরাপদ নয় এই পালিকা বাজার। ২০০৭ সালে এক বিদেশি টুরিস্টের ধর্ষণের পরে দিল্লি পুলিশ থেকে বলা হয়েছিল, মহিলারা যেন একা না ঢোকে এই মার্কেটে!

দিল্লির বুকে এ যেন আর এক দিল্লি। অচেনা এবং ভয়ঙ্কর।

.

রাত এগারোটা। মার্কেটের দোকান সব বন্ধ প্রায় হয়ে গিয়েছে। সে রকমই বন্ধ হয়ে যাওয়া একটা বড় ইলেকট্রনিক্স জিনিসপত্রের দোকানে বসে ছিল আটটা লোক। কথা বলছিল একজনই।

‘টার্গেটটা বুঝে নিয়েছ তো?’

সবাই মাথা নাড়ল। একজন প্রশ্ন করল, ‘আর জিনিসপত্রগুলো?’

‘ও সব নিয়ে ভেবো না। এ কে ৪৭, গ্রেনেড, পিস্তল, সবই থাকবে।’ বলে পকেট থেকে একটা পিস্তল বার করে লোকটা ছুড়ে দিল প্রশ্নকর্তার দিকে। পিস্তলটা লুফে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে দ্বিতীয় প্রশ্নটা করল, ‘ক’জন যাব আমরা?’

‘আটজন।’ তার পরে প্ল্যানটা আরও এক বার বলে নিল তার সঙ্গীদের—

ওই বাংলোর ঠিক আগের একটা বাংলোয় রাতে পার্টির ব্যবস্থা করা হয়েছে। দু’টো গাড়িতে তারা আটজন যাবে ওখানে। গাড়িতেই রাখা থাকবে সব সরঞ্জাম। রাত সাড়ে দশটা নাগাদ তৈরি হয়ে বাংলো থেকে বেরিয়ে পড়বে তারা। বাংলোর সিকিউরিটিকে বলা থাকবে। কেউ আটকাবে না। ওখানকার একজন লোক তাদের নিয়ে যাবে পার্টিতে। তারপরে সেখান থেকে বাংলোটায়। যেখানে অপারেশনটা হবে। ওই লোকটাও থাকবে তাদের সঙ্গে।

কথা শেষ করে পকেট থেকে একটা ছবি বার করে লোকটা বাকিদের দেখিয়ে নিল ভাল করে—

‘এই ছবির চিনা বুড়োটাকেই মারতে হবে। যে করেই হোক। উপরমহল থেকে নির্দেশ এসেছে। তার জন্য পুরো বাংলো যদি ধ্বংস করে দিতে হয়, তা হলে সেটাই করতে হবে। এই বুড়োটা যেন কোনওভাবেই বাঁচতে না পারে।’

বুড়ো চিনা লোকটার ছবি ভাল করে দেখে নিল বাকিরা।

লস্কর জঙ্গিদের জানা ছিল না লোকটার নাম। প্রফেসর ওয়াং লি!

বাংলোগুলো একটা অন্যটার চেয়ে এক-দেড় কিলোমিটার দূরে দূরে হলেও এই রকম নিস্তব্ধ রাতে অনেক দূর পর্যন্ত আওয়াজ চলে যায়। রাতে শুয়ে শুয়ে প্রফেসর শুনতে পান গানবাজনার আওয়াজ।

এই বাড়িটায় তিনি বন্দি হলেও বাগান বা ছাদে যেতে পারেন। ছাদ থেকে দেখে তিনি বুঝেছেন, বাড়িটা একটা বড় বাংলো। এই অঞ্চলের বাড়িগুলো এই রকমই। আর সেখানে পার্টি লেগেই থাকে।

সেই রাতে ঘুম আসছিল না প্রফেসরের। ডায়েরিটায় চোখ বোলাচ্ছিলেন তিনি। এই ডায়েরিতে যেমন তাঁর মানসিক যন্ত্রণার কথা লেখা আছে, সে রকম কিছু ফর্মুলাও লিখে রেখেছেন তিনি। আর কিছু নোটস। এর সাহায্যেই প্রতিষেধক এবং অ্যান্টি ভাইরাল ড্রাগ তৈরি করতে পারবেন বলে বিশ্বাস করেন প্রফেসর

বিছানা থেকে উঠে ধীর পায়ে টেবিলটার সামনে এসে দাঁড়ালেন প্রফেসর। ডায়েরিটায় হাত বুলিয়ে ঢুকিয়ে রাখলেন ড্রয়ারে।

আর তখনই শব্দটা শুনতে পেলেন প্রফেসর।

গুলি চালানোর আওয়াজ!

প্রফেসরকে পাহারা দেওয়ার দায়িত্বে আছে ছ’জনের বিশেষ সিকিউরিটি টিম। দু’জন থাকে গেটে। দু’জন বাংলোর সামনে। আর দু’জন ভিতরে। এ ছাড়া আছে তিন জন কাজের লোক।

সংখ্যাটা জানা ছিল লস্কর টিমের। তারা আরও জানত, কাছাকাছি কোনও ব্যাকআপ টিম নেই। সাহায্য আসবে পাশের গ্রাম ছাওলা থেকে। যেখানে রয়েছে বিএসএফের বড় আউটপোস্ট। কিন্তু সেখান থেকে ফোর্স আসতে আসতে কম করে ৪৫ মিনিট সময় লেগে যাবে।

স্টেল্থ স্ট্রাইক নয়। লুকিয়ে চুরিয়ে আক্রমণ নয়। সরাসরি আক্রমণ। স্ট্রাইক টু কিল।

গেটের বাইরে থেকেই দেখা গিয়েছিল দু’জন রক্ষীকে। এ কে ৪৭ থেকে আসা গুলির স্রোতে দু’জনের শরীর ঝাঁঝরা হতে এক মিনিটও লাগল না। তারপরে গেট লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল আততায়ীরা।

কয়েক মুহূর্তের মধ্যে ন’জনের টিমটা ঢুকে এল ভিতরে। এবং ছুটে চলল বাংলার গেটের দিকে।

গুলির আওয়াজ পাওয়া মাত্র বাংলোর ভিতরে থাকা রক্ষী দু’জনের এক জন মোবাইলের স্পিড ডায়ালে থাকা একটা নম্বর টিপে দু’টো শব্দ বলল-

‘আন্ডার অ্যাটাক।’

সে জানে, খবরটা চলে যাবে পাশের গ্রামের বিএসএফ ক্যাম্পে। সেখান থেকে রেসকিউ টিম চলে আসবে। কিন্তু ৪০-৪৫ মিনিটের আগে নয়!

সঙ্গীকে ইশারা করে সে ছুটল প্রফেসরের ঘরে। সবাই ভাল করে জানে, এই অ্যাটাকের টার্গেট কে!

গুলির আওয়াজ পাওয়া মাত্র প্রফেসরও বুঝে গিয়েছিলেন, কী ঘটছে। নিজেকে শান্ত করে বিছানায় এসে বসলেন তিনি। তখনই দরজার বাইরে থেকে এক নিরাপত্তারক্ষী বলে উঠল, ‘প্রফেসর, দরজা খুলুন।’

কোনওরকম তাড়াহুড়ো না করে দরজাটা খুলে দিলেন প্রফেসর। ভবিতব্যকে মেনে নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছেন তিনি। অনেক দিন মৃত্যুকে ফাঁকি দিয়ে ছুটে বেড়াচ্ছেন। আজ হয়তো মৃত্যু তাঁকে ধরে ফেলবে।

ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল নিরাপত্তারক্ষীটি। তার পরে প্রফেসরের দিকে তাকিয়ে বলল, ‘আপনি চিন্তা করবেন না। ব্যাকআপ এসে পড়বে তাড়াতাড়ি।’

বাইরে তখন বৃষ্টির মতো গুলিবর্ষণ হচ্ছে। আর মাঝে মাঝে বাজ পড়ার আওয়াজের মতো গ্রেনেড বিস্ফোরণ।

কোনটা প্রফেসরের ঘর, সে খবরটা পৌঁছে গিয়েছিল জঙ্গিদের কাছে। দোতলার ওই বিশেষ ঘরটাই টার্গেট ছিল তাদের।

গুলি আর পাল্টা গুলি চালানোর মধ্যে আর যে আওয়াজটা ভেসে আসছিল— সেটা আর্তনাদের।

শুধুমাত্র গুলির লড়াই হলে নিরাপত্তারক্ষীরা হয়তো আরও কিছুটা সময় লড়তে পারত। কিন্তু জঙ্গিদের জিতিয়ে দিল চাইনিজ গ্রেনেডগুলো। একের পর এক গ্রেনেড বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল নিরাপত্তরক্ষীদের দেহ।

তিন জঙ্গি পাল্টা গুলির শিকার হলেও কোনও সমস্যা ছিল না। লস্কর টিম এখানে মরতেই এসেছে। শুধু মরার আগে মারতে হবে— এটাই ছিল তাদের লক্ষ্য।

বাংলোর সামনে থাকা দু’জন রক্ষীর গুলিবর্ষণ থেমে যেতেই জঙ্গি দলটা ছুটল দোতলার সিঁড়ি বেয়ে।

ঘরের সামনে থাকা নিরাপত্তারক্ষী কোনও সুযোগই পেল না। তিরিশ সেকেন্ডের মধ্যে প্রফেসরের ঘরের দরজাটা উড়ে গেল আর একটা গ্রেনেড বিস্ফোরণে।

প্রফেসর আর জঙ্গিদের মাঝে থাকা নিরাপত্তারক্ষীটি শেষ চেষ্টা করেছিল। কিন্তু তিনটে এ কে ৪৭-এর গুলিবর্ষণের সামনে কোনও সুযোগই পেল না।

ঘরে ঢুকে এল তিন জঙ্গি।

মৃত্যুদূতদের দেখেও একটুও ভয় করল না প্রফেসরের। এই পরিণতির জন্য তিনি নিজেকে অনেক দিন আগে থেকেই তৈরি করে ফেলেছিলেন।

তিনটে এ কে ৪৭ থেকে স্রোতের মতো আসা বুলেট কয়েক সেকেন্ডের মধ্যে ঝাঁঝড়া করে দিল প্রফেসর ওয়াং লি-র শরীর।

চিরতরে চোখ দু’টো বন্ধ হওয়ার আগে আরও একটা যন্ত্রণা ক্ষতবিক্ষত করছিল প্রফেসরকে। তিনি বুঝতে পারলেন, তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই লেখা হয়ে গেল এই পৃথিবীর মৃত্যু পরোয়ানাও!

তাঁর সৃষ্ট মৃত্যুদূতকে সামলানোর মতো আর কেউ রইল না এই বিশ্বে

প্রফেসরের জানা ছিল না, তাঁর সহকারীরা ততদিনে প্রতিষেধক তৈরি করার দিকে কয়েক পা এগিয়ে গিয়েছে।

জানলে অবশ্য প্রফেসরের মানসিক যন্ত্রণাটা আরও বাড়ত। অপারেশন চিয়াংয়ের ফলআউট আটকাতে এই প্রতিষেধকটাই দরকার চিনের। এমএসএস চিফ জানতেন, একবার প্রতিষেধকটা হাতে এসে গেলে, অপারেশন চিয়াং একশো ভাগ সফল হবে! না হলে একটা বড় ঝুঁকি থেকে যাবে।

.

খুব ভাল করে প্রফেসরের দেহটা দেখে নিল তিন জঙ্গি। তার পরে বেরিয়ে গেল ঘর ছেড়ে। তাদের যে অর্ডার দেওয়া হয়েছিল, তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে।

টার্গেট আর বেঁচে নেই।

বাংলোর একটা কোণের ঘরে লুকিয়ে থাকা কাজের লোকেরা তখন আতঙ্কে কাঁপছে। তাদের মধ্যে একজনের আতঙ্ক বাকিদের চেয়ে অনেক বেশি। সে জানে, কী কাজটা করেছে।

কিন্তু না করেই বা কী করত। তার স্ত্রী আর মেয়ে যে ওই লোকগুলোর কবলে। আর তাকে বিশেষ কিছু করতেও হয়নি। শুধু জানিয়ে দিতে হয়েছিল, ক’জন নিরাপত্তারক্ষী থাকে বাড়িটায়। আর প্রফেসরের ঘর কোনটা!

দেশপ্রেম আর পরিবারের প্রতি ভালবাসার মধ্যে সে দ্বিতীয়টাকেই বেছে নিয়েছিল।

অপারেশন শেষ করে লস্কর জঙ্গিরা যখন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে, বিএসএফ রেসকিউ টিম তখন বিজওয়াসান গ্রাম থেকে এক কিলোমিটার দূরে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *