প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

৪৪. ডান্স অব ডেথ

৪৪. ডান্স অব ডেথ

কলোসিয়াম, রোম। সন্ধ্যা ৬.১৫। ২৬ অক্টোবর, ২০২১

কলোসিয়ামের আন্ডারগ্রাউন্ড এরিয়ায় জিয়ান-অভিমন্যু মুখোমুখি হওয়ার ঘণ্টা দু’য়েক আগে।

নিজের ঘরে চেয়ারে বসে রীতিমতো কাঁপছেন কার্ডিনাল।

তাঁর সামনে বসে এক এক করে সব ঘটনার বর্ণনা দিয়ে চললেন আর্মানি। কথা শেষ হলে ছবিগুলো তুলে দিলেন কার্ডিনালের হাতে। তারপরে বললেন, ‘লরেঞ্জো ধরা পড়ে গিয়েছে। ও সব স্বীকার করেছে। ভাইরাসটাও আমরা পেয়ে গিয়েছি। অস্বীকার করে কোনও লাভ হবে না।’

কার্ডিনালের তখন মানসিক জোর বলে কিছু ছিল না। এই পরিস্থিতিতে মিথ্যে বলার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন, সেটাও আর অবশিষ্ট নেই। মাথা নিচু করে সব বলতে লাগলেন কার্ডিনাল।

কথা শেষ হওয়ার পরে আর্মানিকে বাইরে ডেকে নিয়ে গেল অভিমন্যু।

‘এই লড়াইটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। চিনের হাতে আরও ভাইরাস আছে। তা ছাড়া প্ল্যান বি কিছু আছে কি না, সেটাও জানি না আমরা।

‘তা হলে কী করতে চান?’ গম্ভীর মুখে প্রশ্ন করলেন আর্মানি।

‘আপনাদের পক্ষে ওই জিয়ান বা রেমন্ডকে জেরা করা সম্ভব নয়। ইটালিয়ান পুলিশও কিছু করবে না। কিন্তু করতে পারি আমি। ওদের দু’জনের সঙ্গে কথা বলাটা খুবই জরুরি।’ ‘শুধুই কথা বলবেন?’ তির্যক দৃষ্টি হেনে বললেন ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফ। ‘দেখা যাক। কিন্তু জিয়ানদের সঙ্গে এই মিটিংটার ব্যবস্থা করতে কার্ডিনালের সাহায্য লাগবে।’

প্রতিরোধ করার যাবতীয় ক্ষমতা তখন নিঃশেষিত হয়ে গিয়েছিল কার্ডিনালের। তাঁকে পাখি পড়ার মতো করে বুঝিয়ে করানো হয়েছিল ফোনটা।

রোমে আসার পথে একটা শর্ত দিয়েছিলেন আর্মানি।

‘আমরা এর মধ্যে কোনও ভাবেই জড়াব না। শুধু কার্ডিনালকে নিয়ে যাব আর নিয়ে আসব। যা করার আপনাকেই করতে হবে।’

তাতে আপত্তি ছিল না অভিমন্যুর। সে জানত, যা করার তাকেই করতে হবে।

প্রায় দু’হাজার বছর আগে যে সৌধটি তৈরি হয়েছিল, তা বছরের পর বছর ধরে সিক্ত হয়েছে মানুষের রক্তে। এই কলোসিয়ামের মাটিতে জান্তব হিংস্রতায় একে অন্যকে হত্যা করার জন্য মরণপণ লড়াইয়ে মেতে উঠত গ্লাডিয়েটররা। তারপরে কেউ পড়ে থাকত প্রাণহীন অবস্থায়। আর কেউ দু’হাত শূন্যে তুলে আদিম বর্বরতায় হুঙ্কার দিয়ে উঠত। আর সেই দৃশ্য দেখে উন্মাদ হয়ে যেত রোমান রাজপুরুষ থেকে সাধারণ মানুষ।

একবিংশ শতাব্দীতে সেই কলোসিয়াম আর নেই, সেই রোমান রাজপুরুষরা নেই, সেই গ্লাডিয়েটররাও নেই।

কিন্তু এখনও প্রতিনিয়ত লড়াই চলে। একে অন্যের প্রাণ কেড়ে নেওয়ার লড়াই। সেই রকমই একটা লড়াই তখন অভিনীত হওয়ার মুখে কলোসিয়ামের আন্ডারগ্রাউন্ডে। দু’জনের কারও হাতেই অস্ত্র নেই। কলোসিয়ামে অস্ত্র নিয়ে ঢোকা যায় না। কিন্তু জিয়ান বা অভিমন্যুর অস্ত্রের প্রয়োজন ছিল না। তারা নিজেরাই এক একটা অস্ত্র। ওয়েপন অব ডেথ!

ধীর পায়ে পরস্পরের দিকে এগিয়ে চলল দু’দেশের দুই সিক্রেট এজেন্ট।

প্রথম আক্রমণটা জিয়ানই করল। তার ডানহাতের হে-মেকার পাঞ্চটা বিদ্যুৎগতিতে ধেয়ে এল অভিমন্যুর বাঁ কানটা লক্ষ্য করে। অভিমন্যু কোমর থেকে শরীরটা একটু নিচু করে ঘুসিটা ভেসে যেতে দিল মাথার ওপর দিয়ে।

অভিমন্যু যখন শরীরটা তুলছে, এক পায়ে স্কোয়াট করার ভঙ্গিতে বসে পড়ল জিয়ান। আর বাঁ পাটা চকিতে এসে আঘাত করল অভিমন্যুর ডান পায়ে।

শরীরের ভারসাম্য হারিয়ে গড়িয়ে পড়ল অভিমন্যু। তারপরেই ছিটকে সোজা হয়ে দাঁড়াল। জিয়ানের রাইট আপার কাটটা তখন সাপের ছোবলের মতো এগিয়ে আসছে অভিমন্যুর বাঁ চোয়াল লক্ষ্য করে। মুহূর্তের মধ্যে দু’হাতের তালু মাথার পিছনে নিয়ে এসে দু’টো কনুইকে হেলমেটের মতো ব্যবহার করল অভিমন্যু। তার কনুইয়ে এসে আটকে গেল জিয়ানের বজ্রমুষ্টি। আবার নিজেকে পিছিয়ে আনল অভিমন্যু।

পর পর দু’বার সে ডিফেন্সিভ ট্যাকটিক্স ব্যবহার করেছে জিয়ানের বিরুদ্ধে। কিন্তু এ বার তার ডিফেন্সে ঠিক ফাঁক খুঁজে নেবে জিয়ান।

এমএসএস এজেন্ট এবার চট করে আক্রমণ করল না। একটু ঝুঁকে নিজের শরীরটা দোলাতে লাগল আর নজর রাখল অভিমন্যুর প্রতিটা মুভমেন্টের উপরে।

প্যারা এস এফ-এর ট্রেনিং ছাড়াও আর একটি বিশেষ ট্রেনিং একটা সময় নিয়েছিল অভিমন্যু।

পানানটুকান বা ফিলিপিনো মার্শাল আর্টসের ট্রেনিং।

এই পানানটুকান আর্টসের মধ্যে আবার নানা ভাগ রয়েছে। যেমন, কালি, আনিস বা এসক্রিমা। কিন্তু এই সব মার্শাল আর্টস একটা শিক্ষাই দেয়। কী ভাবে খালি হাতে প্রতিপক্ষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। কী ভাবে খালি হাতেও ‘কিলার স্ট্রাইক’ হানা যায়।

দক্ষিণ পূর্ব এশিয়ার মার্শাল আর্টস গড়ে উঠেছে অস্ত্র হাতে লড়াইকে কেন্দ্র করে। কিন্তু পানানটুকানে প্রধানত শেখানো হয় খালি হাতে প্রতিপক্ষের প্রাণ নেওয়ার কায়দা। পানানটুকানের প্রতিটা আঘাতই কোনও না কোনও অস্ত্রের আঘাতের প্রতিরূপ। কোনও আঘাত তলোয়ার চালানোর ভঙ্গিতে প্রতিপক্ষকে আঘাত করে, কোনওটা লাঠি দিয়ে মারার মতো প্রতিপক্ষের শরীরে আছড়ে পড়ে। যে কোনও আঘাত ঠিক মতো লাগলে মৃত্যু নিশ্চিত প্রতিপক্ষের।

পরস্পরের চোখে চোখ রেখে এগিয়ে আসতে লাগল দু’টো মূর্তি। দু’জনেই জানে, সামান্য অসতর্কতা মানে দু’হাজার বছরের পুরনো এই কলোসিয়ামের টানেলে পড়ে থাকবে তার মৃতদেহ

দু’টো রক্তলোলুপ বাঘ যেন পরস্পরকে সামনে রেখে ধীরে ধীরে ঘুরতে লাগল। সামান্য ছিদ্রের খোঁজে। যে ছিদ্র দিয়ে আঘাত হানা যাবে শত্রুর জাগুলার ভেনে।

অভিমন্যুর দু’টো মুষ্টিবদ্ধ হাত তোলা ছিল তার মুখের সামনে। বিপক্ষের মারণ পাঞ্চকে আটকানোর জন্য। হঠাৎই সামান্য অসতর্কতায় তার বাঁ হাতটা নেমে এল একটু।

লোহার দুর্গে কালনাগিণী ঢোকার ছিদ্রটা চোখে পড়ে গেল জিয়ানের। আর সঙ্গে সঙ্গে আক্রমণ করল চিনা এজেন্ট।

ভয়ঙ্কর গতি আর শক্তির সঙ্গে জিয়ানের ডান হাতের মুঠিটা আঘাত করতে এল অভিমন্যুর কপালের পাশে। ওই একটা আঘাতই অভিমন্যুর প্রাণটা কেড়ে নিতে পারত। কিন্তু সেই আঘাতটা এসে লাগল না ভারতীয় এজেন্টের মুখে।

তার বাঁ-হাতটা অনেকটাই নেমে এসেছিল। যে ফাঁকা জায়গাটা দিয়ে আঘাত হানার চেষ্টা করল জিয়ান। কিন্তু ঘুষিটা যখন মুখের কাছাকাছি এসে পড়েছে, অভিমন্যুর বাঁ হাতটা ছিটকে উপরে উঠে এল। এবং, আটকে দিল জিয়ানের পাঞ্চ

শরীরটা সামান্য ঝুঁকে গিয়েছিল অভিমন্যুর। প্রায় একইসঙ্গে অভিমন্যুর ডান হাতটা আঘাত করল জিয়ানকে। নীচ থেকে উপরের দিকে তলোয়ার চালানোর ভঙ্গিতে ছিটকে উঠল অভিমন্যুর ডান হাতের পাঞ্জা। আর এসে আঘাত করল জিয়ানের দু’পায়ের মাঝে, নরম অন্ডকোমে।

হাতে তলোয়ার না থাকলে কী হবে, অভিমন্যুর ইস্পাতের মতো চেটোটা প্রায় তলোয়ারের মতোই এসে আঘাত হানল জিয়ানের শরীরের অরক্ষিত এবং দুর্বল জায়গায়।

প্রচণ্ড আঘাতে ঝনঝন করে উঠল জিয়ানের শরীরটা। একটা চিৎকার বেরিয়ে এল তার মুখ থেকে। সামলে ওঠার আগেই এল চরম আঘাতটা।

স্পিনিং হ্যামার পাঞ্চ! ফিলিপিনো ভাষায় যাকে বলা হয়— ইয়া ইয়ান।

অনেকটা স্পিনিং কিকের মতো এই স্পিনিং হ্যামার পাঞ্চ। তফাত, এখানে পা নয়, হাত ব্যবহার করা হচ্ছে।

অভিমন্যুর শরীরটা এক বার ঘুরল। মুঠো করা, সামনে বাড়ানো হাতটাও। তার পরে ডান হাতের বজ্রমুষ্টি হাতুড়ির মতো এসে আঘাত করল জিয়ানের কপালের পাশে। যে জায়গাটাকে বলা হয়, টেম্পল। ঠিক শক্ত লাঠি দিয়ে মারার মতো স্পিনিং হ্যামার ফিস্টের পাঞ্চটা এসে লাগল জিয়ানের মাথায়।

এই পাঞ্চকেই ফিলিপিনোরা বলে ইয়া ইয়ান। যে শব্দ দু’টোর ইংরেজি তর্জমা করলে মানে দাঁড়ায়—

ডান্স অব ডেথ!

অভিমন্যুর স্পিনিং হ্যামার পাঞ্চটা এসে লেগেছিল জিয়ানের টেম্পলে। যে জায়গাটার খুলির হাড় সবচেয়ে নরম, যে জায়গায় রয়েছে অনেক শিরা-উপশিরা। যে কারণে শরীরের দুর্বল স্পট হিসেবে চিহ্নিত হয়ে থাকে এই ‘টেম্পল’।

মাথার এই অংশে প্রচণ্ড জোরালো আঘাত করা মানে নার্ভ ড্যামেজের সঙ্গে মৃত্যুও হতে পারে। জ্ঞান হারানো তো নিশ্চিত।

দু’টোর কোনওটারই শিকার হল না জিয়ান। এমএসএস এজেন্টের ট্রেনড শরীর তাকে অজ্ঞান হতে দিল না। কিন্তু কয়েক মুহূর্তের জন্য সব কিছু ধোঁয়া ধোঁয়া হয়ে গেল জিয়ানের সামনে।

আর ওই কয়েক মুহূর্তই যথেষ্ট ছিল অভিমন্যুর কাছে।

আরও একবার শূন্যে পাক খেল অভিমন্যুর শরীর। আরও এক বার স্পিনিং হ্যামার পাঞ্চ এসে আঘাত করল জিয়ানের টেম্পলে।

তারপরে দু’পা পিছিয়ে গেল অভিমন্যু। জিয়ান তখন টলছে। ঠিক মতো দাঁড়াতেও পারছিল না সে।

ঠিক কেউটে সাপের ফণার মতো ছিটকে উঠল অভিমন্যুর ডান পাটা। সরাসরি গিয়ে আঘাত করল জিয়ানের থুতনিতে। ঠিক যেন চলন্ত ট্রেন এসে ধাক্কা দিল একটা মানুষকে।

খট করে আওয়াজের সঙ্গে সঙ্গে ভেঙে গেল জিয়ানের ঘাড়ের হাড়টা।

মাটিতে লুটিয়ে পড়ার আগেই প্রাণ হারিয়েছিল এমএসএস এজেন্ট।

যার কোডনেম— জিয়ান!

দু’টো মিনিটও লড়াই চলেনি দু’জন ট্রেনড মিলিটারি অফিসারের মধ্যে।

জিয়ানের শরীরটা মাটিতে লুটিয়ে পড়তে দেখে সম্বিৎ ফিরল রেমন্ডের। আতঙ্কে তার ছোট চোখ দু’টো বড়ো হয়ে গিয়েছে।

তার পরে উলটোদিক ফিরে দৌড়তে গেল সে। কিন্তু পারল না।

কার্ডিনালের পাশে এসে দাঁড়িয়েছে দু’টো ছায়ামূর্তি। তাদের মধ্যে একজন বলে উঠল—

‘যাওয়ার আগে ওই লোকটি আপনাকে কিছু বলবে। চুপচাপ শুনে নিন।’

ধীরে ধীরে পিছন ফিরল রেমন্ড।

লম্বা লোকটা তার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে।

এবার সে রেমন্ডের মুখের সামনে মুখ নামিয়ে ফিসফিস করে বলে উঠল, ‘ভাইরাসটা আমাদের হাতে। কার্ডিনাল আমাদের হাতে। অপারেশন চিয়াং যেন আর দিনের আলো না দেখে। ভারতের প্রধানমন্ত্রী বা পোপের গায়ে যদি সামান্য আঁচড় লাগে, তাহলে পুরো বিশ্বের সামনে সব কিছু ফাঁস করে দেওয়া হবে।’

লম্বা লোকটা দু’হাতে চেপে ধরল রেমন্ডের জামার কলার। তারপরে এক ঝটকায় ছোটখাটো শরীরটাকে শূন্যে তুলে বলল—

‘যেখানে খবর পাঠানোর পাঠিয়ে দিন। ভবিষ্যতে এই ভুল যেন আর না করে চিন। করলে আমি আবার আসব।’

লোকটা তার মুঠি দু’টো আলগা করতেই ধপ করে মাটিতে পড়ে গেল রেমন্ড। এত বিপদের মধ্যেও সে বুঝেছিল, তার প্রাণটা আপাতত যাচ্ছে না। কারণ, তাকে দিয়ে একটা বার্তা পাঠাচ্ছে ভারত।

সিজফায়ারের বার্তা! যুদ্ধবিরতির বার্তা!

ধীরে ধীরে উঠে দাঁড়াল রেমন্ড। তারপরে জিয়ানের মৃতদেহটার দিকে এক বার তাকিয়ে হাঁটা দিল টানেল ধরে।

সে জানে না, হাইকমান্ডের কাছে এই বার্তা পৌঁছলে তাদের প্রতিক্রিয়া কী হবে।

কিন্তু রেমন্ড ভালই জানে, ফের কোনও গণ্ডগোল হলে এই লোকটা আবার ফিরে আসবে

যার নামটা সে এখনও জানে না!

কয়েক পা এগিয়ে এসে আর্মানির সামনে দাঁড়াল অভিমন্যু।

তার দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের চিফ বলে উঠলেন-

‘থ্যাঙ্কস আ টন। এখানকার ব্যাপারগুলো আমি সামলে নিচ্ছি ইটালিয়ান পুলিশের সঙ্গে কথা বলে। কার্ডিনাল আর লরেঞ্জোর কথাও কেউ জানবে না। গত ২৪ ঘণ্টায় কী ঘটে গেল, তা কোনওদিনও সাধারণ মানুষের সামনে আসবে না।’ একটু থামলেন আর্মানি। তার পরে মৃদু স্বরে বললেন, ‘ভ্যাটিকানকে এক মহাকেলেঙ্কারির হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ। কোনও দিন যদি আমার সাহায্য লাগে, নির্দ্বিধায় বলবেন।’

মাথাটা এক বার ঝোঁকাল অভিমন্যু। তারপরে মিলিয়ে গেল কলোসিয়ামের গোলকধাঁধায়।

.

২৯ অক্টোবর।

ঠিক সময়ই ইটালিতে পা রাখলেন ভারতীয় প্রধানমন্ত্রী। নির্দিষ্ট সূচি মেনে এগোতে লাগল তাঁর প্রোগ্রাম।

পরের দিন, ৩০ অক্টোবর, শনিবার সকালে পোপের অ্যাপোস্টলিক প্যালেসে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলেন ভারতীয় প্রধানমন্ত্রী। পোপের হাতে উপহার হিসেবে তুলে দিলেন রুপোর মোমবাতিদানি এবং একটি বই।

আর পোপের তরফে দেওয়া হল একটি ব্রোঞ্জের ফলক। যাতে লেখা ‘মরুভূমি একদিন বাগান হবে!’

.

পরের দু’দিন নির্বিঘ্নেই হয়ে গেল জি ২০ সামিট। কোনও ভাইরাসের কথা সেখানে উচ্চারণ করা হল না।

ঠিক সময়ে জি ২০ সামিট শেষ করে ইটালি ছেড়ে স্কটল্যান্ড উড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্ৰী।

আর সে রাতেই এক ভারতীয় এজেন্টকে নিয়ে রোম থেকে দিল্লি রওনা হল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট!

প্লেন যখন ইটালির আকাশসীমা ছাড়িয়ে যাচ্ছে, তখন একটা প্রশ্নবিদ্ধ করছিল অভিমন্যুকে। বছর কুড়ি আগে, সেই রাতে ঠিক কী হয়েছিল ভ্যাটিকান সিটিতে? কেন মারা হয়েছিল সুইস গার্ডদের কমান্ডারকে? এই প্রশ্নটার উত্তর পাওয়া হয়নি অভিমন্যুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *