প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

১৫. পথের কাঁটা

১৫. পথের কাঁটা

আগ্রা, উত্তরপ্রদেশ। মাৰ্চ, ২০২১

বেলানগঞ্জ এলাকাটা তাজগঞ্জ থেকে খুব কাছেই। তাজগঞ্জ বস্তি এলাকায় যাতায়াত আছে প্রদীপের। আর সেই সূত্রে রতনকে ভাল করেই চিনত আগ্রার হাসপাতালের ওয়ার্ড বয়। এমনকি, বাচ্চাটাকে বেশ পছন্দও করত প্রদীপ।

বাচ্চাগুলোকে তুলে এনে কোভিডের নাম করে যে তাদের অর্গ্যান বার করে নেওয়া হচ্ছে, সেটা আগেই টের পেয়েছিল প্রদীপ। কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। আর অমৃতাও তখন হাসপাতালে আসছিল না।

তারপরে প্রায় একইসঙ্গে দু’টো ঘটনা ঘটল।

রতন বলে বাচ্চাটাকে কোভিডের নাম করে তুলে আনা হল হাসপাতালে। আর তার দুদিন পরেই সেখানে চারটে মেয়েকে নিয়ে হাজির হয়ে গেল অমৃতা।

সে দিন অমৃতাকে দেখে আর মাথা ঠিক রাখতে পারেনি প্রদীপ। ভয় ভুলে নিজের ক্ষোভ উগরে দিয়েছিল মেয়েটার কাছে।

এরপরে অমৃতা এসে যখন একটা বাচ্চার ঠিকানা চায়, ভয় পেয়ে গিয়েছিল প্রদীপ। কিন্তু অমৃতার চাপাচাপির সামনে ভেঙে পড়ে। রতনের ঠিকানাটা দিয়ে দেয়।

তখন থেকেই ঘুম উড়ে গিয়েছিল প্রদীপের। আশঙ্কা করেছিল, কিছু একটা ঘটবে।

রতনের মাকে নিয়ে অমৃতাকে হাসপাতালে ঢুকতে দেখেই ভীষণ ভয় পেয়ে যায় প্রদীপ। সে বুঝতে পারছিল, তার দিকেও আঙুল উঠবে। অমৃতার সঙ্গে সে যে মাঝে মাঝে কথা বলে, সেটা হাসপাতালের কেউ কেউ জানে।

আর পরের দিন এল ভয়ঙ্কর খবরটা। রতন মরে গিয়েছে।

খবরটা শোনার পরে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছিল প্রদীপ। অমৃতারা হাসপাতালে আসার আগেই সে ছুটি নিয়ে চলে আসে। আর বেরোয়নি ঘর থেকে। সারা রাত আতঙ্কে ছটফট করেছে সে।

পরের দিনও ঘর থেকে বেরোতে সাহস পায়নি। হাসপাতালে ফোন করে জানিয়ে দেয়, জ্বর হয়েছে। তারপরে ঠিক করে নেয়, কী করবে। রাত হলেই আগ্রা ছেড়ে পালাবে সে। ফিরে যাবে কানপুরে। ওখানে নিশ্চয়ই তাকে খুঁজতে লোক আসবে না। রাত বারোটার পরে আগ্রা থেকে কানপুরে যাওয়ার কয়েকটা ট্রেন আছে। তার একটাতে চড়ে বসতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে সময়টা আর কাটছিল না প্রদীপের। বিছানায় মুখ গুঁজে পড়ে ছিল সে। খাওয়ার কথাও মনে পড়ছিল না। ভয়ে পেটটা গুলিয়ে উঠছিল ছেলেটার।

রাত দশটার আগে ঘর থেকে বার হওয়ার সাহসই করল না প্রদীপ। ঘড়ির কাঁটা দশটা পেরনোর পরে একটা ছোট ব্যাগে নিজের কয়েকটা জামা-কাপড় ভরে নিয়ে ধীরে ধীরে বাইরে পা রাখল প্রদীপ। সে থাকে বস্তিমতো এলাকায়। রাত হয়েছে। বস্তিটা অন্ধকারাচ্ছন্ন। একটু দূরেই বেলানগঞ্জ মার্কেট এলাকা। দিনের বেলায় জমজমাট থাকে। কিন্তু এখন মার্কেট বন্ধ হয়ে গিয়েছে। শুনশান হয়ে পড়েছে এলাকাটা। মার্কেটের ভিতর দিয়ে এসে বড় রাস্তায় পড়তে হবে তাকে। ওখান থেকে স্টেশন যাওয়ার অটো পেয়ে যাবে।

ফাঁকা রাস্তা দিয়ে যতটা সম্ভব দ্রুত হেঁটে আসছিল প্রদীপ। সে বুঝতেও পারেনি, পাশের অন্ধকার গলি থেকে বেরিয়ে কখন একটা ছায়ামূর্তি তার পাশে চলে এসেছে।

কাঁধে একটা হাত পড়তেই ভয়ঙ্কর চমকে উঠল প্রদীপ। ভয়ার্ত চোখে পাশের লোকটার দিকে তাকানোর সময়ই টের পেল, তার পিছনেও একটা লোক। সেই লোকটাই একটা ক্ষুর ধরে আছে তার গলায়।

‘চুপচাপ আমাদের সঙ্গে আয়। না হলে গলার নলিটা এখনই দু’ফাঁক করে দেব।’

প্রদীপের মনে হল, তার পা দু’টো আর শরীরের ভার রাখতে পারছে না। হাত-পা সব অবশ হয়ে আসছে। পিছনের লোকটার ঠেলায় তার অবশ শরীরটা অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেল অন্ধকার গলিটার দিকে।

গলিতে ঢুকেই একটা দেওয়ালের সঙ্গে প্রদীপকে চেপে ধরল লোকটা। ক্ষুরটা গলায় এত জোরে চেপে বসেছে যে প্রদীপ বুঝতে পারল, রক্ত বেরিয়ে এসেছে।

লোকটা এবার হিসহিস করে বলল, ‘আর কাকে কাকে বলেছিস বাচ্চাদের ব্যাপারটা?’

প্রদীপের কয়েক মুহূর্ত সময় লাগল প্রশ্নটা বুঝতে। তারপরে বুঝল, মিথ্যে বলে লাভ নেই। লোক দু’টো তার আর অমৃতার কথা জেনে গিয়েছে। হাসপাতালের কেউ জানিয়ে দিয়েছে।

‘সত্যি বলছি, আর কাউকে না। অমৃতা ম্যাডাম খুব জোরাজুরি করেছিল। তাই মুখ ফস্কে বলে দিই। আর কারও কাছে টু শব্দ করিনি।’

অন্ধকারেও প্রদীপের ফোঁপানিটা বুঝতে সমস্যা হল না লোক দু’টোর।

‘সত্যি বলছিস? মিথ্যে বললে তোকে খুঁজে বার করে কুপিয়ে কুপিয়ে কাটব।’

‘সত্যি বলছি, কাউকে বলিনি। আমার ভুল হয়ে গিয়েছে। আমি আগ্রা ছেড়ে চলে যাচ্ছি। আর কখনও এখানে ফিরব না। কারও সামনে মুখ খুলব না।’

ফোঁপানির মাঝে কোনও মতে বলতে পারল প্রদীপ।

‘ঠিক আছে, যা। ছেড়ে দিলাম তোকে।’

কথাটা শোনার পরে প্রদীপের শরীরটা যেন ছেড়ে দিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়ার একটা আনন্দ তার শরীরে ছড়িয়ে পড়তে শুরু করল।

আর তখনই ক্ষুরটায় টান দিল ইরশাদ।

একটা মসৃণ টান। সত্যি কথাই বলেছিল ইরশাদ। প্রদীপের গলার নলিটা দু’ফাক হয়ে গেল কোনওরকম ঝামেলা ছাড়াই।

কী ঘটল বোঝার আগেই প্রদীপ টের পেল তার গলা এবং বুকের কাছটা ভিজে যাচ্ছে। ধীরে ধীরে সব কিছু ঝাপসা হয়ে এল প্রদীপের সামনে। কিছু একটা বলার চেষ্টা করল ছেলেটা, কিন্তু গার্গল করার মতো আওয়াজ ছাড়া আর কোনও শব্দ বেরোল না গলা থেকে।

ধীরে ধীরে প্রদীপের নিষ্প্রাণ দেহটা লুটিয়ে পড়ল বেলানগঞ্জ মার্কেট এলাকার একটা অন্ধকার গলিতে।

ক্ষুরটা আবার খাপে ভরে পকেটে রেখে দিল ইরশাদ। পরে ভাল করে মুছে নিতে হবে।

তার পরে সিরাজের দিকে ফিরে বলল, ‘চল, একটা কাজ আপাতত শেষ হল।’ প্রদীপের নামটা জানতে বিশেষ সমস্যা হয়নি ইরশাদদের। সুপার একটু খোঁজখবর নিতেই সামনে চলে আসে নামটা। পরের দিন প্রদীপের বাড়ির উপরে পালা করে নজর রেখেছিল দু’জনে। রাতে ছেলেটাকে বেরোতে দেখেই পিছু নেয়। আর ফাঁকা জায়গায় কাজটা শেষ করে।

ইরশাদ বুঝে গিয়েছিল, প্রদীপ সত্যি কথাই বলছে। আর একজনই এই ব্যাপারটা জানে।

অমৃতা সেনয়!

রতনের মৃত্যুর ধাক্কাটা অমৃতাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে, রাতে বাড়ি ফিরেও সে স্বাভাবিক হতে পারেনি।

প্রায় সারারাত বিছানায় শুয়ে কেঁদেছে। ভেবে পাচ্ছিল না, কী ভাবে এই চক্রের সঙ্গে লড়াই করা যায়। সুরেশ তাকে বারবার শান্ত থাকতে, সতর্ক থাকতে বলেছে। কিন্তু কী ভাবে সে শান্ত থাকবে? অমৃতা একটা ব্যাপার বুঝেছিল। এই লড়াইয়ে সে প্রশাসন বা পুলিশের মদত বিশেষ পাবে না। সব জায়গায় এই চক্রের প্রভাব থাকবে। তা প্রত্যক্ষ ভাবেই হোক কী পরোক্ষ ভাবে।

পাল্টা লড়াইয়ের কোনও রাস্তাই সে খুঁজে পাচ্ছিল না।

পরের দিন বেশ খারাপ হয়ে গেল তার শরীরটা। বাবা-মা কড়া হুকুম দিলেন, আজ কিছুতেই বাড়ির বাইরে যাওয়া চলবে না। অমৃতার বয়স বছর আঠাশ হয়ে গেলেও মায়ের হুকুম সে অমান্য করতে পারেনি। শরীরটাও ভাল ছিল না। একদিন বিশ্রাম নেওয়াই ঠিক করল সে। একটা দিন বিশ্রাম নিলে আর কীই বা ক্ষতি হয়ে যাবে। যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গিয়েছে।

সেই রাতেই খুন হয়ে গেল প্রদীপ!

একটা দিন বিশ্রাম নিয়ে নিজের শক্তিটা যেন ফিরে পেল অমৃতা। লড়াই করার শক্তি।

মাকে ভীষণ উদ্বেগের মধ্যে রেখে বেরিয়ে গেল মেয়ে। মায়ের হয়েছে যত জ্বালা। খুবই স্বাধীনচেতা মেয়ে অমৃতা। সুরেশের সঙ্গে প্রায় বছর আটেকের সম্পর্ক। ছেলেটা বয়সে অমৃতার থেকে বছর তিন-চারেকের বড়। ছেলে-মেয়ে দু’জনেরই বয়স হচ্ছে। কিন্তু এখনও বিয়ে করছে না। অমৃতার মা মনে মনে ভীষণই বিরক্ত হয়ে উঠেছিলেন। এখনকার ছেলে-মেয়েদের বোঝা ভার।

তার পরে অনেক চেষ্টা-চরিত্রের পরে অবশেষে দু’জনকে রাজি করাতে পেরেছেন। বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছে। মেয়েটার বিয়ে হয়ে গেলে নিশ্চিন্ত হওয়া যায়। ফ্ল্যাটের ব্যালকনি থেকে অমৃতার গাড়িটা বেরিয়ে যাওয়া দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেললেন মা।

অমৃতা ঠিক করে নিয়েছিল আগে এক বার প্রদীপের ওখানে যাবে। ছেলেটাকে সতর্ক করে দিতে হবে। হাসপাতালের অনেকেই আগে দেখে থাকবে অমৃতার সঙ্গে প্রদীপকে কথা বলতে। তারপরে একবার চেষ্টা করবে, যদি আর কোনও খবর পাওয়া যায়। না হলে তো সেই ‘ডেড এন্ড’। কেউ অভিযোগ না জানালে পুলিশের কাছেও যেতে পারবে না সে।

অমৃতা এবারও খেয়াল করল না একটা গাড়ি তার পিছু নিয়েছে। তবে এটা মারুতি জেন নয়। একটা কালো স্করপিও!

পুরো উত্তরপ্রদেশ জুড়েই ইন্ডিয়ান মুজাহিদিনের জালটা ভালমতো ছড়ানো। লখনউয়ে যেমন ঘাঁটি আছে, আগ্রাতেও আছে। সেখানেই যোগাযোগ করে নিজেদের প্রয়োজনটা জানিয়ে দিল ইরশাদ।

একটা গাড়ি লাগবে। চোরাই গাড়ি। যে গাড়িটার খোঁজ পরে আর পাওয়া যাবে না। ট্র্যাক করা যাবে না।

‘কী ধরনের গাড়ি লাগবে?’

একটু ভেবে নিয়ে ইরশাদ জবাব দেয়, ‘বড় গাড়ি হলেই ভাল। স্করপিও হলে চলে যাবে।’

সে যা প্ল্যান করেছে, তাতে গাড়িটা বড় হওয়া দরকার।

বেলানগঞ্জের যে জায়গাটায় প্রদীপের ঘর, সেখানে গাড়ি নিয়ে আসা যায় না। গাড়িটা দূরে রেখেই অমৃতা এসে পৌঁছল প্রদীপের ঘরটার সামনে।

দূর থেকেই তার চোখে পড়েছিল জটলাটা। কিন্তু অমৃতা বুঝতে পারেনি, জটলাটা ঠিক কোথায়।

আর একটু এগোতেই বুঝে গেল সে। কিছু লোক যে ঘরটার সামনে দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলছে, সেই ঘরে থাকে প্রদীপ।

অজানা আশঙ্কায় ধুক করে উঠল অমৃতার বুকটা। সে দ্রুত এগিয়ে গেল ঘরটার দিকে।

ভিড়ের মধ্যে থেকে দু’এক জন চিনেও ফেলল অমৃতাকে। এর আগেও বেশ কয়েক বার অমৃতা এসেছে প্রদীপের কাছে। এই বস্তিতে তার অন্য কাজও থাকে। সেই পরিচিতদের মধ্যে থেকে এক জন এগিয়ে এসে জিজ্ঞেস করল, ‘আপনি কখন খবরটা পেলেন দিদি?’

অমৃতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, ‘কোন খবরের কথা বলছেন? আমি তো কিছু জানি না।’

দু’এক জন লোক একইসঙ্গে বলে উঠল, ‘সে কী দিদি, আপনি জানেন না! প্রদীপ তো কাল রাতে খুন হয়ে গিয়েছে।’

সাদা হয়ে গেল অমৃতার মুখ। তার মনটা কু ডাকছিল ঠিকই, কিন্তু এই ভাবে যে ধাক্কাটা আসবে, বুঝতেই পারেনি।

তার মুখের দিকে তাকিয়ে প্রশ্নকর্তা বলে উঠল, ‘গলাটা দু’ফাঁক করে দিয়েছে দিদি। কে জানে, কেন ওই ভাবে মারল। কার সঙ্গে কী ঝামেলা করেছিল, উপরওয়ালাই জানে।’

লোকটার কথা শুনতে শুনতে অসাড় ভাবটা একটু কাটল অমৃতার। তারপরে নিজেকে সামলে দ্রুত ফিরে এল নিজের গাড়িতে। স্টিয়ারিং ধরার সময়ও থরথর করে কাঁপছিল অমৃতার হাতটা। মিনিট পাঁচেক সময় নিল নিজেকে সামলাতে। তারপরে গাড়ি চালাল তার এনজিও অফিসের দিকে। ঠান্ডা মাথায় ভাবতে হবে।

উত্তেজিত এবং আতঙ্কিত অমৃতার তখন মাথার ঠিক ছিল না যে দেখবে একটা কালো স্করপিও তার গাড়ির পিছন পিছন আসছে।

অফিসে নিজের ঘরে বসে অমৃতা একবার রিওয়াইন্ড করে নিল গত কয়েকটা দিনের ঘটনা। এই ক’টা দিন যেন তার জীবনটাই বদলে দিয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে দু’জনের মৃত্যু। যারা তার কাজের সঙ্গে জড়িয়ে। কে জানে, রতনের মায়ের কী হয়েছে। কিছুই ভাবতে পারছিল না অমৃতা। তার পরে ঠিক করল তাদের সংস্থার আইনজীবীকে ফোন করবে। ফোনে অবশ্য কিছু খুলে বলল না অমৃতা। শুধু বলল, খুব জরুরি দরকার। ভদ্রলোক তখন কোর্টে। সন্ধ্যার দিকে আসতে বললেন কুবেরপুরে তাঁর বাড়িতে।

.

সন্ধ্যার সময় উকিলের বাড়িতে চলে এল অমৃতা। আর খুলে বলল গত কয়েক দিনের ঘটনা।

সব শোনার পরে উকিল ভদ্রলোক বললেন, ‘নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর গ্যাং কাজ করছে। আর এদের হাত অনেক লম্বা।’

অমৃতা চুপ করে শুনে যেতে লাগল।

‘প্রথমেই আপনার নিরাপত্তার দিকটা দেখতে হবে। আপনাকে সতর্ক থাকতে হবে।’

‘আমার কথা পরে ভাবব। আগে বলুন, এই কেসটা নিয়ে আইনের দিক থেকে কী ভাবে এগোনো যায়।’

উকিল ভদ্রলোক আবার একটু ভাবলেন। তার পরে জবাব দিলেন, ‘প্রদীপের মার্ডার কেসটাই একমাত্র উপায়। অর্গ্যান ট্র্যাফিকিং নিয়ে আমাদের হাতে কোনও প্রমাণ নেই। প্রদীপকে সামনে রেখে তদন্ত চালালে যদি কাউকে ফাঁদে ফেলা যায়।

অমৃতাও সে কথা ভাবছিল। দু’জনে মিলে আরও ঘণ্টা দু’য়েক কথাবার্তা চালাল। তারপরে উঠে পড়ল অমৃতা।

উকিলবাবু ঘড়িটা এক বার দেখে নিয়ে বললেন, ‘রাত ন’টা বেজে গিয়েছে। আপনি একা ফিরতে পারবেন তো?’

এত সঙ্কটের মধ্যেও হেসে ফেলল অমৃতা, ‘আপনি কি আমাকে বাচ্চা মেয়ে পেয়েছেন নাকি? আরও বেশি রাতে বাড়ি ফেরা অভ্যাস আছে আমার। আর এই কুবেরপুর থেকে আমার বাড়ি আধঘণ্টার বেশি লাগবে না। ‘

উকিল ভদ্রলোককে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিল অমৃতা।

রাতের দিকে এখনও একটু ঠান্ডা থাকে। মাঝে মাঝে ধোঁয়াশা এসে দেখার পথে বাধা সৃষ্টি করে। এই দিককার রাস্তাঘাটও ফাঁকা। এই রাস্তাটা ভালই চেনা অমৃতার। সে গাড়ির স্পিড ষাটের উপরে তুলে দিল।

সামনেই একটা টার্নিং। যেখান থেকে একটা রাস্তা হাইওয়ের দিকে ঘুরে গিয়েছে। এই রাস্তাটা ফাঁকাই থাকে। আজও ছিল। গাড়ির স্পিডটা একটু কমালো অমৃতা। একটা বড় ডিভাইডার আসছে। এখান থেকেই রাস্তাটা বাঁক নিয়েছে যমুনা এক্সপ্রেসওয়ের দিকে।

রাস্তার দিকে মনোযোগ দিল অমৃতা।

আর তখনই অমৃতার গাড়ির বাঁ-পাশে চলে এল কালো স্করপিওটা।

গাড়িটা এবার সিরাজ চালাচ্ছিল না। চালাচ্ছিল ইরশাদ। আসার পথেই রাস্তাটা ভাল করে দেখে নিয়েছিল সে। উকিলের বাড়ি থেকে অমৃতা বেরোনোর পরে পিছন পিছন আসছিল ইরশাদ। সে অপেক্ষা করে ছিল একটু ফাঁকা জায়গার। যেখানে অন্য গাড়ি থাকবে না। এ বার সেই রকম স্পটটা পেয়ে গেল সে। পিছনে বা সামনে গাড়ি দেখা যাচ্ছে না। স্করপিওর অ্যাক্সিলেরেটরে চাপ দিল ইরশাদ।

ছোট আই টোয়েন্টিটার পাশে এসে এক বার ঘাড় ঘুরিয়ে গাড়িটা দেখে নিল ইন্ডিয়ান মুজাহিদিনের ঘাতক। ডিভাইডারটা একেবারে সামনে চলে এসেছে।

তার পরেই স্টিয়ারিংটা ডানদিকে মোচড় দিল ইরশাদ।

পুরো তেলভর্তি একটা স্করপিও গাড়ির ওজন হয় প্রায় দু’হাজার কেজি। তার সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের উপরে গতি যোগ হওয়ায় ইরশাদের হাতে স্করপিওটা হয়ে উঠেছিল প্রায় মিসাইলের মতো মারণাস্ত্র।

অর্ধেক ওজনের আই টোয়েন্টির জানলায় এসে যখন ধাক্কা মারল স্করপিওটা, তখন প্রায় মিসাইলের মতোই মারাত্মক হল সংঘর্ষটা। ছোট্ট গাড়িটা একবার ঘুরে প্রচণ্ড গতিতে আঘাত করল ডিভাইডারে। একটা ভয়ঙ্কর শব্দের সঙ্গে চার-পাঁচ বার পাল্টি খেয়ে গাড়িটা গিয়ে পড়ল ডিভাইডারের উপরে।

ফাঁকা রাস্তায় এবার ব্রেক কষে দাঁড়িয়ে গেল স্করপিওটা। ইরশাদ খুব ভাল ড্রাইভার। এই অবস্থাতেও গাড়ির নিয়ন্ত্রণ হারায়নি। স্করপিওর ডান পাশটা অবশ্য তুবড়ে গিয়েছে। তাতে ক্ষতি নেই। এই গাড়িটা টুকরো টুকরো করে কেটে স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করে দেওয়া হবে। লাইসেন্স প্লেটটাও ভুয়ো। পুলিশ এর হদিশই পাবে না।

রাস্তার দু’প্রান্তই ফাঁকা। চট করে গাড়ি থেকে নেমে পড়ল সিরাজ। দৌড়ে চলে গেল আই টোয়েন্টির সামনে। গাড়িটার সামনের দিকটা আর কিছুই প্রায় অবশিষ্ট নেই। তুবড়ে যাওয়া একটা গোলাকার ধাতুর বস্তুতে পরিণত হয়েছে। যা দেখার দেখে নিয়ে দ্রুত ফিরে এল সিরাজ। তার পরে গাড়ির দরজা খুলে উঠে বসল ইরশাদের পাশে।

‘মেয়েটার মাথাটাই আর নেই। ঘাড় থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছে।’ তৃপ্তির একটা নিঃশ্বাস ফেলে বলল সিরাজ। কোনও কথা না বলে স্করপিওর অ্যাক্সিলেটরে চাপ দিল ইরশাদ। সে গাড়ির স্টার্টও বন্ধ করেনি। দূর থেকে দেখা গেল একটা গাড়ির হেডলাইটের আলো। কিন্তু তাতে সমস্যা নেই। ইরশাদদের কাজটা হয়ে গিয়েছে।

অমৃতার গাড়িতে ধাক্কা দেওয়ার পর থেকে পুরো অপারেশনটা ঘটতে মোটামুটি সময় লাগল পঁয়তাল্লিশ সেকেন্ড!

অন্ধকারে মিলিয়ে গেল কালো স্করপিওটা।

পিছনে একটা ভগ্নপ্রায় আই টোয়েন্টি আর একটা মেয়ের মৃতদেহ ফেলে রেখে।

.

২৪ ঘণ্টা বাদে।

এস এন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল লম্বা, সুঠাম চেহারার ছেলেটা। সে আর মর্গের সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। বেরিয়ে এসেছে হাসপাতালের বাইরে।

জীবনে অনেক মৃতদেহ সে দেখেছে। কিন্তু এই একটা মৃতদেহের সামনে দাঁড়িয়ে থাকার মতো মনের জোর তার ছিল না।

পুলিশ বলেছে, দুর্ঘটনা। যে গাড়িটা ধাক্কা দিয়েছে, তার তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজ দেখে চেষ্টা হচ্ছে গাড়িটাকে চিহ্নিত করার।

কিন্তু সে জানে, এটা দুর্ঘটনা নয়। দু’দিন আগে শোনা অমৃতার কথাগুলো তার মনে পড়ে যাচ্ছে। তখনই ছেলেটার মনে হয়েছিল, গ্যাংটা খুব ভয়ঙ্কর। কিন্তু কতটা ভয়ঙ্কর, সে এখন বুঝতে পারছে।

জীবনে প্রথম বার বোধ হয় ছেলেটার আত্মবিশ্বাস টলে গেল। সে বুঝতে পারছিল না, কী করবে। মাথার ভিতরটা ফাঁকা হয়ে গিয়েছে। বুকটা হুহু করে উঠছে। চোখের কোণটা ভিজে যাচ্ছে।

কোনওমতে নিজেকে সামলাল সে। তাদের এই দুর্বলতা শোভা পায় না। অল্প সময় ভাবল ছেলেটা। কী করবে এখন।

তার পরে মোবাইলটা বার করে একটা ই-মেল কম্পোজ করা শুরু করল। অ্যাডড্রেসের জায়গায় বিশেষ একটা নাম টাইপ করল। তার পরে লিখল কয়েকটা শব্দ—

‘অমৃতা ইজ ডেড। ওকে খুন করা হয়েছে।’

তার পরে আঙুল রাখল সেন্ড চিহ্নে।

সে জানে না, এই মেলটা ঠিক জায়গায় পৌঁছবে কি না। সে জানে না, এই মেলের প্রাপক এখন আদৌ ভারতবর্ষে আছে কি না। কিন্তু বন্ধুর সঙ্গে যোগাযোগের এই একটাই উপায়। এই বিশেষ ই-মেল মারফত। এই ভয়ঙ্কর সময় ছেলেটার বারবার মনে পড়ছে তার ওই বন্ধুর কথা।

দেড় মিনিট পরে ভারতবর্ষের কোথাও একটা বিশেষ এনক্রিপ্টেড ই-মেল পৌঁছল কারও এক জনের মোবাইলে। এই সার্ভারটা অত্যন্ত গোপনীয়। এই সার্ভার মারফত আসা ই-মেল হ্যাক করা প্রায় অসম্ভব।

ই-মেলটা একবার পড়ল প্রাপক। তারপরে আরও একবার।

ই-মেলটা এসেছে তার বন্ধুর কাছ থেকে। বন্ধুর নাম মেজর সুরেশ মাথুর!

তার স্মৃতিতে ভেসে উঠল বেশ কয়েক বছর আগের এক সন্ধ্যার কথা। মিয়ানমারের সেই জঙ্গি শিবিরে হানা দেওয়ার সন্ধ্যাটা। তার পরে কয়েকটা শব্দ টাইপ করল সে-

‘আয়াম কামিং।’

আমি আসছি!

মেলটা পাঠিয়ে, খুলে রাখা জ্যাকেটটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অভিমন্যু সিংহ রানা!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *