প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

১৭. চক্রান্ত

১৭. চক্রান্ত

লখনউ-আগ্রা, মার্চ, ২০২১

চিন্তিত মুখে ড্রয়িংরুমে বসেছিলেন নৌশাদ মির্জা। কয়েক দিন আগে ডক্টর ত্রিপাঠীর ফোনটা পাওয়ার পর থেকে তাঁর ব্লাড প্রেসার বাড়তে শুরু করেছে।

প্রথমে তিনি চেয়েছিলেন, বাচ্চাটাকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়ে যদি ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়। কিন্তু তত দিনে বাচ্চাটার দুটো কিডনিই কেটে নিয়েছিল ওরা। ফলে বাচ্চাটাকে ছাড়ার কোনও প্রশ্নই ছিল না।

এর পরে এসে যায় আরও দু’টো লুজ এন্ড। এনজিও-র ওই মেয়েটা। আর মেয়েটাকে যে খবর দিয়েছে, সেই লোকটা।

পরের কয়েক দিনে অপারেশনে পথের কাঁটা সরিয়ে দিতে পেরেছে ইরশাদরা। হাসপাতালের ওয়ার্ড বয়ের খুনটা মিডিয়ায় আসেনি। কিন্তু অমৃতা সেনয়ের মৃত্যুর খবরটা চলে এসেছে। পুলিশ অবশ্য বলছে, দুর্ঘটনা। গাড়িটার খোঁজ চলছে।

নৌশাদ মুখ তুলে তাকালেন সামনে বসা ইরশাদ আর সিরাজের দিকে।

‘ওই গাড়িটা আর খুঁজে পাওয়া যাবে না তো?’

‘আমরা অত কাঁচা কাজ করি না, মির্জা সাহেব,’ ঠোঁটটা একটু বেঁকিয়ে বলল ইরশাদ, ‘ওই গাড়ি এতক্ষণে টুকরো টুকরো হয়ে কিলো দরে বিক্রি হয়ে গিয়েছে। চোরাই গাড়ি। লাইসেন্স প্লেটও ভুয়ো। ফলে খুঁজে পাওয়ার কোনও আশঙ্কাই নেই।’

একটু স্বস্তি পেলেন নৌশাদ। তারপরে বললেন, ‘আর হাসপাতালের কেসটা কী মনে হল? ওই সুপার সামলাতে পারবে ব্যাপারটা?’

‘মনে তো হয় পারবে,’ একটু ভেবে জবাব দিল ইরশাদ, ‘সুপারের সঙ্গে তো একটা চেন আছে। আরও ডাক্তার জড়িয়ে। সবাই মোটা টাকা পাচ্ছে। কেউ মুখ খুলবে না। যারা মুখ খুলতে পারত, তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কোভিডের আড়ালে অর্গ্যান ট্র্যাফিকিংয়ের ব্যাপারটা কেউ সন্দেহ করবে না।’

স্বস্তির মাত্রাটা বাড়তে লাগল নৌশাদের। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল ইরশাদের কথায়। এই ইরশাদের হাত অনেক লম্বা। ইন্ডিয়ান মুজাহিদিনের ওপরতলায় যোগাযোগ আছে। লস্করের সঙ্গেও কাজ করে। এই লোকটা যখন ভরসা দিচ্ছে, তখন অতটা চাপ নেই। এই অপারেশন ভণ্ডুল হলে তাঁরই বেঁচে থাকা কঠিন হয়ে যেত।

নৌশাদ মির্জার বাড়ি থেকে বেরনোর মিনিট দশেক পরে ফোনটা পেল ইরশাদ। মিনিট খানেক কথা বলে মোবাইলটা রেখে সিরাজের দিকে ফিরে সে বলল, ‘মোরাদাবাদ যেতে হবে। জরুরি তলব।’

‘মোরাদাবাদ?’ ভ্রুটা একটু কুঁচকে উঠল সিরাজের।

উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অপারেশনে যুক্ত থাকলেও মোরাদাবাদে তাদের আগে যেতে হয়নি। হয়নি, কারণ ওই ঘাঁটিটা লস্কর ই তৈবার। লস্করের সঙ্গে হাত মিলিয়ে কাজ করলেও মোরাদাবাদে ইরশাদদের আগে ডাকা হয়নি।

লখনউ থেকে মোরাদাবাদ সাড়ে তিনশো কিলোমিটারের উপরে। গাড়িতে সাড়ে ছ’ঘণ্টার উপরে লেগে যাবে। তবু গাড়িতেই যাবে ঠিক করল ইরশাদ। কারণ সে জানে, মোরাদাবাদ থেকে তাদের আরও ১৮ কিলোমিটার মতো ভিতরে যেতে হবে। দিলারি গ্রামে। যেখানে তাদের ডেকে পাঠানো হয়েছে।

ঘণ্টাখানেক পরে মোরাদাবাদের রাস্তায় গাড়ি চালাতে চালাতে সিরাজ প্রশ্ন করল, ‘শুধু আমাদের ডেকেছে?’

‘না। আমাকে ইমাম ফোন করেছিল। ইন্ডিয়ান মুজাহিদিনের কয়েক জন থাকবে। লস্করের বড় মাথাও দু’এক জন থাকতে পারে। মনে হচ্ছে, বড় কিছু ঘটতে চলেছে। মোরাদাবাদে আমাদের জন্য অপেক্ষা করবে ইমাম। ওখান থেকে ওকে তুলে নেব।’

সকাল এগারোটা নাগাদ লখনউ থেকে রওনা দিয়েছিল ইরশাদরা। মোরাদাবাদ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ছিল ইমাম নামের লোকটা ইরশাদদের যে নিয়ে যাবে দিলারি গ্রামের ঘাঁটিতে।

দিলারির ওই বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় আটটা বেজে গেল। ইরশাদ বুঝে গিয়েছিল, তাদের আজ এখানেই থাকতে হবে। তাতে অবশ্য সমস্যার কিছু নেই। তারা যে ধরনের অপারেশন করে অভ্যস্ত, তাতে নানা জায়গায় থেকে যেতে হয়। থাকা নিয়ে ভাবনা ছিল না ইরশাদের। সে শুধু ভাবছিল, তাদের ডেকে আনা হল কেন।

ঘরের মধ্যে যে ছ’জন লোক ছিল, তাদের দু’জনকে চেনে ইরশাদ। ইন্ডিয়ান মুজাহিদিনের লোক। বাকিরা অপরিচিত। তাদের মধ্যে দাড়িওয়ালা লিডার গোছের লোকটা প্রথমে মুখ খুলল-

‘তোমরা সবাই ভাবছ, কেন এখানে জরুরি তলব করা হল। কারণ আছে। তোমরা হলে লস্কর আর ইন্ডিয়ান মুজাহিদিনের সবচেয়ে বিশ্বস্ত লোক। তোমাদেরকে অনেক দায়িত্ব দেওয়া হবে।’

একটু থেমে লোকগুলোর উপরে এক বার চোখ বুলিয়ে নিল মহম্মদ বেগ। তার পরে বলল, ‘আমাদের একটা বিরাট অপারেশনে নামতে হবে। যেটা হবে পুরো দেশ জুড়ে। বিভিন্ন টিম তৈরি করা হবে। এক একটা টিমকে এক একটা জোনের দায়িত্ব দেওয়া হবে। তবে সে কথা বলার আগে আমার একটা কথা জানার আছে।’

মহম্মদ বেগ বলে লোকটা একটু দম নিল। তার পরে বলল, ‘যে অপারেশনটা এখন চলছে, সেটা নিয়ে আমরা একটু চিন্তায় আছি।’

কথা শেষ করে বেগ ঘুরে তাকাল ইরশাদ-সিরাজের দিকে। ‘তোমাদের অঞ্চলে একটা ঝামেলা হয়েছে। সেটার কত দূর কী ব্যবস্থা করেছ?’

এই ধরনের প্রশ্নের জন্য প্রস্তুত হয়েই এসেছিল ইরশাদ। পুরো ঘটনাটাই বলল সে। লোকটা চুপ করে শুনে গেল। তার পরে প্রশ্ন করল, ‘আগ্রার অপারেশনে কোনও সমস্যা হবে না তো?’

‘না,’ আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল ইরশাদ, ‘যারা ঝামেলা করতে পারত, তারা কেউ বেঁচে নেই। মেয়েটার মৃত্যু গাড়ি দুর্ঘটনায় হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তা ছাড়া ওই মেয়েটার বাড়িতে শুধু বুড়ো বাবা-মা আছে। ওদের দম নেই কিছু করার।’

কিছুটা স্বস্তি পেল বেগ। মাথাটা একটু নাড়িয়ে বলল, ‘এই অপারেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। স্বয়ং শাহিদ মাহমুদ নিজে জানতে চাইছিলেন, সব কিছু ঠিকঠাক এগোচ্ছে কি না।’

শাহিদ মাহমুদ নামটা ঘরের সবার কাছেই পরিচিত। লস্করের অন্যতম শীর্ষনেতা যখন ব্যাপারটা নিয়ে আগ্রহী, তখন এই অপারেশনের গুরুত্ব কতটা, বুঝতে কারও সমস্যা হল না।

‘বাকিদের কারও কোনও সমস্যা নেই তো?’

সবাই ঘাড় নেড়ে না বলল।

বেগ এবার কাউকে ইশারা করল। ভিতর থেকে থালা ভর্তি মাংসের কাবাব চলে এল লোকগুলোর সামনে।

সবারই টেনশনটা একটু কাটল। সবাইকে খেতে ইশারা করল বেগ। ইরশাদ তত ক্ষণে বুঝে গিয়েছে, এই লোকটা লস্করের একটা বড় মাথা। এবং, খুব সম্ভবত এই বাড়ির মালিক। খাওয়া যখন মাঝপথে তখন ফের কথা বলল বেগ—

‘তোমাদের তো বললাম, বিশাল একটা অপারেশনের প্ল্যান হচ্ছে। কাফেরদের পুরো দেশটাই কেঁপে যাবে। তোমরা হলে লস্কর আর ইন্ডিয়ান মুজাহিদিনের বাছাই করা অফিসার। আজ তোমাদের একটা ধারণা দিতে চাই অপারেশনটা নিয়ে।

এর পরে টেবিলে ভারতের একটা বড় ম্যাপ বিছিয়ে দিল লোকটা। কয়েকটা জায়গা দেখাল আঙুল দিয়ে।

‘এই রকম বড় বড় জায়গায় আমরা একসঙ্গে অ্যাটাক করব। বুঝতেই তো পারছ দেশজুড়ে কী ধামাকা হবে তখন!’

ঘরে থাকা লোকগুলো হঠাৎ উত্তেজিত হয়ে উঠল রক্তের গন্ধ পাওয়া শ্বাপদের মতো।

‘কোন কোন জায়গায় অ্যাটাক হবে?’ প্রশ্ন করল একজন। পাশ থেকে আর একজন বলে উঠল, ‘কবে হবে এই অপারেশন?’

‘আর কয়েক মাস পরে। ফাইনাল টার্গেট আর ডেট সময় মতো জানিয়ে দেওয়া হবে তোমাদের।’

একটা কথা ভাবছিল ইরশাদ। এবার প্রশ্ন করল, ‘এই বিশাল মাপের অপারেশনের জন্য এই দেশে প্রচুর গোলাবারুদ, বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ঢোকাতে হবে। আরডিএক্স, টিএনটি-রও প্রয়োজন আছে। এত অস্ত্র…।’ কথাটা শেষ না করে লিডারের দিকে তাকাল ইরশাদ।

‘সেটা নিয়ে ভাবতে হবে না। টাকা থেকে অস্ত্র, সব জোগাড় হয়ে যাবে। এবার ভারতের বাপ আছে আমাদের সঙ্গে। ভারতের চেয়ে যারা একশোগুণ বেশি শক্তিশালী।

অবাক হয়ে সবাই তাকিয়ে রইল বেগের দিকে।

‘চিন। এবার চিন আমাদের পাশে আছে। স্বয়ং শাহিদ মাহমুদ এই কথা জানিয়েছে। তাই জয় আমাদের হবেই।’

লোকগুলোর মুখে যেন হাজার পাওয়ারের আলো জ্বলে উঠল। চিন সরাসরি তাদের সাহায্য করছে! তা হলে এবার ভারতকে বাঁচাবে কে?

বেগ আত্মপ্রসাদের হাসি হাসল। বাকিদের কাছে তার মর্যাদা অনেকটাই বেড়ে গিয়েছে এক ঝটকায়। যাকে শাহিদ মাহমুদ এত সব কথা জানিয়েছে, সে কী হেলাফেলার বস্তু!

নিজের দাড়িতে একবার হাত বুলিয়ে নিল বেগ। তাকে আজ কথায় পেয়েছে। সে বলে চলল, ‘চিন বড় কোনও পরিকল্পনা করছে। আমাদের কাজটা ঠিকঠাক করতে পারলেই ভারত ধ্বংস হয়ে যাবে। চিন তো এই অপারেশনটার একটা নামও দিয়েছিল।’

‘তাই নাকি? কী নাম?’ ঘরের বাকি লোকগুলো প্রায় একইসঙ্গে প্রশ্নটা করে বসল।

শাহিদ মাহমুদকে ডেকে যখন চিনের প্রতিনিধি প্রয়োজনীয় নির্দেশগুলো দিয়েছিল, তখন কথায় কথায় অপারেশনটার নামও উল্লেখ করে। এও বলেছিল, যে মুহূর্তে অপারেশন চিয়াং শুরু করার নির্দেশ আসবে, সেই মুহূর্তে যেন শাহিদের সব টিম কাজে নেমে পড়ে।

তখনই শুরু হবে অপারেশন চিয়াংয়ের দ্বিতীয় পর্ব।

‘চিয়াং? মানে কি নামটার?’ প্রশ্নটা করেই ফেলেছিল শাহিদ।

উত্তর শুনে একটু হেসেছিল লস্কর-ই-তৈবার শীর্ষনেতা। এর পরে কাজে নেমে পড়ে সে। ভারতে থাকা নিজের লোকেদের কাছে নির্দেশ পাঠিয়ে দেয়। কাজ শুরু করতে হবে। যাদের মধ্যে বেগ ছিল অন্যতম।

শাহিদের মাথায় চিয়াং নামটা গেঁথে গিয়েছিল। কিন্তু বেগের অতশত মনে ছিল না। চিয়াং নামটাই ভুলে গিয়েছিল সে!

তবে মানেটা মনে ছিল তার। লোকগুলোর প্রশ্নের জবাবে সেই মানেটাই বলল বেগ—

‘বল্লম!’

‘বল্লম?’ আবার সমবেত স্বরে প্রশ্ন।

‘হ্যাঁ, চিনা শব্দটার মানে ওই। বল্লম দিয়ে ভারতের বুকটা এঁফোড়-ওফোঁড় করে দেবে ওরা।’ বলেই ম্যাপটা টেনে নিয়ে একটা লম্বা বল্লমের ছবি আঁকল লোকটা। যে বল্লমটা সোজা এসে বিদ্ধ হয়েছে ভারতীয় মানচিত্রের বুকে।

আঁকাটা দেখতে দেখতে হা হা করে হেসে উঠল লোকগুলো।

পরের দিন দিলারি ছাড়ার আগে মহম্মদ বেগ আলাদা করে ইরশাদকে ডেকে বলল, ‘বুঝতেই তো পারছ, কত বড় যুদ্ধে নামছি আমরা। কোনও ভুলচুক যেন না হয়।’

মাথাটা ঝুঁকিয়ে ইরশাদ জবাব দেয়, ‘আপনি নিশ্চিন্ত থাকুন জনাব। একটুও ভুল হবে না। সব কিছু সামলে নেব।’

মিনিট পাঁচেকের মধ্যেই দিলারা গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে ইরশাদের গাড়ি রওনা দিল লখনউয়ের পথে।

মোরাদাবাদ থেকে বিকেলেই লখনউ পৌঁছে গিয়েছিল তারা। ইরশাদের মনটা বেশ ফুরফুরে। সব কিছু আবার ঘড়ির কাঁটার মতোই চলছে। একটু যা ঝামেলা হয়েছিল, তা ইরশাদ সামলে দিয়েছে। শাহিদ মহম্মদের কাছে নিশ্চয়ই তার এই কাজের কথা পৌঁছে যাবে। তার পরে তো ভারতের বুকে তাণ্ডব হবে।

ইন্ডিয়ান মুজাহিদিনের পরে এবার লস্করের খুব উঁচু জায়গায় নিজেকে এখন থেকেই দেখতে পাচ্ছে ইরশাদ। মনে হতেই মুচকি হাসল সে। ইরশাদের নাম মনে রেখে দেবে লোকে। ইসলাম দুনিয়া এবং কাফেরের দল, দু’পক্ষই।

ইরশাদ নিশ্চিত, আর কোনও গণ্ডগোল হবে না। আর যদি বা হয়, সে সামলে দেবে।

.

সদর বাজার, আগ্রা। রাত এগারোটা।

গত এক বছর বেশ কষ্টে কেটেছিল ডক্টর ত্রিপাঠীর। কোভিডের ধাক্কায় বন্ধ হয়ে গিয়েছিল আশেপাশের সব পানশালা। তার পছন্দের কেএফজি ক্লাবও। ফলে রাতে বেরিয়ে অ্যালকোহলের স্বাদ থেকে বঞ্চিতই থাকতে হত চিকিৎসক ভদ্রলোককে। তাঁর মিসেস আবার ভীষণ কড়া এবং ধার্মিক। বাড়িতে মদ জাতীয় কিছু ঢুকলে তুলকালাম বাধিয়ে দেবেন। বাইরে অল্পসল্প খেয়ে ঢুকলে অতটা রাগ করেন না। কিন্তু বাড়িতে নৈব নৈব চ। মিসেসকে রীতিমতো ডরান ডক্টর ত্রিপাঠী। তাই লুকিয়ে চুরিয়ে দু’একটা চুমুক দেওয়া ছাড়া আর বেশি কিছু করতে পারেননি তিনি।

নতুন বছরের শুরুতে কয়েকটা পানশালাকে অনুমতি দেওয়া হয়েছিল খোলার। তাও অনেক বিধি-নিষেধ মেনে। একটা নির্দিষ্ট সংখ্যার বেশি কাস্টমার ঢোকানো যাবে না। রাত দশটার মধ্যে বন্ধ করে দিতে হবে, ইত্যাদি।

তবে ডক্টর ত্রিপাঠীর ব্যাপারটা অন্য রকম। পানশালার মালিক জানে, এই লোকটার কানেকশন প্রচুর। ঝামেলা হলে ছাড়িয়ে আনতে পারবে। তাই ডক্টর ত্রিপাঠীর জন্য দরজা সব সময় খোলা। বাকিদের জন্য আগে বন্ধ হয়ে গেলেও ত্রিপাঠী এখানে রাত এগারোটা পর্যন্ত থাকতেই পারেন।

ইদানীং যা টেনশন গিয়েছে, তাতে ত্রিপাঠীর নেশা করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। দামি হুইস্কির গ্লাসে চুমুক দিতে না পারলে তাঁর নার্ভটা শান্ত হচ্ছিল না। তার উপরে ত্রিপাঠী ইঙ্গিত পেয়েছেন, কোভিডের দ্বিতীয় ওয়েভ আসছে। আবার হয়তো সব বন্ধ হয়ে যাবে। তাই তিনি মদ খাওয়ার সামান্যতম সুযোগও নষ্ট করতে চান না।

আগ্রার সদর বাজারের ডি সি নন্দ প্লাজার দোতলায় এই পানশালাটি। প্রতিদিনের মতো ত্রিপাঠী যখন শেষ চুমুকটা দিয়ে সিঁড়ি বেয়ে রাস্তায় নেমে এলেন, জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে। সাধারণের জন্য আর কিছুই খোলা নেই। শুধু তাঁর মতো ভিআইপিদের জন্য এই রকম পানশালা সার্ভিস দেয়।

নিজের মনেই খিকখিক করে হেসে পার্কিং লটটার দিকে এগিয়ে গেলেন ডক্টর ত্রিপাঠী। এই জায়গাটাও অন্ধকার হয়ে আছে। সামনেই একটা ডোমিনোজের আউটলেট। কোভিডের আগে রাত পর্যন্ত খোলা থাকত। কিন্তু এখন আগেভাগেই বন্ধ হয়ে যায়।

স্খলিত পায়ে গাড়ির সামনে এসে কি-রিংয়ের বাটন টিপে দরজাটা আনলক করলেন ডক্টর ত্রিপাঠী।

কিন্তু অবাক হয়ে দেখলেন, তিনি ড্রাইভারের আসনে বসার আগেই অন্য একটা লোক এসে দরজা খুলে গাড়িতে উঠে পড়ল!

রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিলেন ত্রিপাঠী। কিন্তু সুযোগ পেলেন না। ডান কানের পিছনে প্রচণ্ড একটা যন্ত্রণা টের পেলেন কয়েক সেকেন্ডের জন্য। তার পরেই তাঁর চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল। পা দু’টো শক্তি হারিয়ে ফেলল। পড়েই যেতেন। কিন্তু এক জোড়া শক্ত হাত এসে পিছন থেকে ততক্ষণে ধরে ফেলেছে তাঁকে।

ত্রিপাঠী ডাক্তার হলেও তাঁর হুঁশ ছিল না কী হল, সেটা বোঝার। তিনি যখন প্রথম লোকটিকে কিছু বলতে যাবেন, ছায়ার মতো পিছনে এসে দাঁড়াল লম্বা একটা মূর্তি। ছায়ামূর্তির ডান হাতটা একবার উঁচুতে উঠল, তারপরে সবেগে এসে আঘাত করল ত্রিপাঠীর ডান কানের পিছনে। যেখানে রয়েছে মস্তিষ্কের সেরেবেলাম অংশটি। এই সেরেবেলাম শরীরের ভারসাম্য এবং কোঅর্ডিনেশন নিয়ন্ত্রণ করে। ওখানে আঘাত লাগলেই হাত-পায়ের উপরে নিয়ন্ত্রণ কমে যায়, মাথা ঘোরাতে থাকে। আর একটু দুর্বল লোক হলে চেতনাই হারিয়ে ফেলে।

ডক্টর ত্রিপাঠীর বেলায় ঠিক তাই হল। দ্বিতীয় লোকটা যখন তাঁকে ধরে গাড়িতে ওঠাচ্ছে, ত্রিপাঠীর আর জ্ঞান নেই।

তাই তিনি টের পেলেন না, লোকটা তাঁর অচৈতন্য শরীরটাকে সিটে ফেলে ভাল করে তল্লাশি চালাল। আর পকেট থেকে বার করে আনল দু’টো মোবাইল। ধীরে সুস্থে দু’টো মোবাইলই সুইচ অফ করে দিল লোকটা। তার পরে দুটো সিম কার্ড বার করে রেখে দিল পকেটে। পরে প্রয়োজন হলে মোবাইল আর সিমের যাবতীয় তথ্য বার করে নেওয়া যাবে। আপাতত পুলিশের পক্ষে মোবাইল ট্র্যাক করার কোনও রাস্তা রইল না।

.

গাড়িটা এসে থামল একটা ফাঁকা জায়গায়। সেখানে রাখা দ্বিতীয় একটা গাড়িতে টেনে তোলা হল ত্রিপাঠীকে। এখানে কোনও সিসিটিভি নেই। পানশালার সামনে ছিল। কিন্তু মাঙ্কিক্যাপ জাতীয় টুপি আর গ্লাভস পরা ছায়ামূর্তি দু’জনকে চিহ্নিত করা সেই ক্যামেরার পক্ষে সম্ভব ছিল না।

ত্রিপাঠীর গাড়িটা ফাঁকা জায়গায় রেখে নতুন গাড়িটা রওনা দিল তাজমহলের দিকে। এই গাড়ির নম্বর প্লেটটাও ভুয়ো। ফলে কোথাও ক্যামেরায় গাড়ির গতিবিধি ধরা পড়লেও ট্র্যাক করা যাবে না।

যে রাস্তা দিয়ে গাড়িটা তাজমহলের পিছন দিকটায় চলে এল, সেখানে সিসিটিভি-র বালাই নেই। জায়গাটা প্রায় জনশূন্য। একটু দূরেই রয়েছে একটা পরিত্যক্ত চামড়ার কারখানা। তাজমহলের খুব কাছে বলেই লেদার ট্যানারিটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আর কেউ এ দিকটায় আসে না। না আসার আর একটা কারণ, এই লেদার ট্যানারিটা হল আগ্রার প্রথম তিন ভৌতিক স্থানের মধ্যে একটা। এখানে নাকি রাতবিরেতে প্রেতাত্মার কান্না শোনা যায়। স্থানীয়রা এই দিকটায় প্রায় আসেই না বললেই চলে।

সেই পরিত্যক্ত ট্যানারির সামনে এসে দাঁড়াল গাড়িটা।

.

জ্ঞান ফিরে আসার পরে ডক্টর ত্রিপাঠীর প্রথম অনুভূতিটা হল যন্ত্রণার। কানের পিছনটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তিনি হাত দিয়ে একবার দেখার চেষ্টা করলেন। আর তখনই তাঁর বোধদয় হল। বুঝতে পারলেন তাঁর হাত দু’টো চেয়ারের হাতলের সঙ্গে শক্ত করে বাঁধা। পা দু’টোরও একই অবস্থা। আতঙ্কে চেঁচিয়ে উঠতে গিয়ে টের পেলেন, মুখটাও বাঁধা। গোঁ গোঁ করে একটা বিজাতীয় আওয়াজ ছাড়া আর কোনও শব্দ বেরোল না মুখ থেকে।

আতঙ্কে চোখ দু’টো বড়ো বড়ো হয়ে উঠল ত্রিপাঠীর। আর তখনই দেখতে পেলেন লোকটাকে।

ঝাপসা দৃষ্টিটা আর একটু পরিষ্কার হতে বুঝলেন, লোকটা বেশ লম্বা। শক্তপোক্ত গড়ন। অদ্ভুত একটা মুখোশ পরে আছে। ত্রিপাঠীর ব্রেন ততক্ষণে কাজ করতে শুরু করেছে। তাঁর মনে হল, এই ধরনের মুখোশ তিনি সিনেমায় মিলিটারিদের পরতে দেখেছেন।

লোকটা এসে সামনে রাখা চেয়ারে বসল। ঝুঁকে এল ডক্টর ত্রিপাঠীর দিকে। তার পরে হিমশীতল গলায় বলল—

‘আপনার সঙ্গে আমার কয়েকটা কথা আছে ডক্টর ত্রিপাঠী। আমার নাম ভৈরব। বন্ধুরা আদর করে বলে কালভৈরব।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *