৪২. কুয়াশার আড়ালে
ভ্যাটিকান সিটি, সকাল ১০.৩০। ২৬ অক্টোবর, ২০২১
সেন্ট্রাল রোম থেকে ভ্যাটিকানের দূরত্ব পাঁচ কিলোমিটারের সামান্য বেশি। মিনিট কুড়ির মধ্যেই আগের দিনের ক্যাফেটার সামনে পৌঁছে গেল অভিমন্যু। আগেই চলে এসেছিলেন আর্মানি।
আর্মানির সামনের চেয়ারে বসে অভিমন্যু শান্ত গলায় বলল, ‘বলুন, কী বলতে চান।’
একটা দীর্ঘশ্বাস ফেলে আর্মানি বললেন, ‘আপনার কথামতো আমরা কার্ডিনালের উপরে নজর রাখতে শুরু করি। গতকাল কার্ডিনাল কোথাও গিয়েছিলেন। সম্ভবত রোমে। সন্ধ্যার পরে ঘরে ফেরেন। তারপর থেকেই ওঁর উপরে নজরদারি ছিল।’ একটু থামলেন আর্মানি। তারপরে পকেট থেকে একটা খাম বার করে আনলেন।
‘আজ ভোরে কার্ডিনাল বেরিয়ে গিয়েছিলেন। তারপরে এক জনের সঙ্গে দেখা করেন। আমাদের লোক পিছু নিয়েছিল। দূর থেকে ছবি তুলেছে।’
বলে খামটা অভিমন্যুর দিকে এগিয়ে দিলেন আর্মানি। ভিতরে কয়েকটা ছবি রয়েছে। কার্ডিনালের মুখটা বুঝতে সমস্যা হচ্ছে না। কিন্তু তিনি যার সঙ্গে কথা বলছেন, তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। একটা হুডিতে ঢাকা।
অভিমন্যু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল আর্মানির দিকে।
‘আমরা নিশ্চিত নই, এই লোকটাই সেই কন্ট্যাক্ট কি না। কিন্তু কার্ডিনালের সঙ্গে দেখা করে লোকটা অ্যাপোস্টলিক প্যালেসের দিকেই চলে যায়। আমাদের লোক কার্ডিনালের পিছু পিছু আসে। কার্ডিনাল আর বাড়ি থেকে বেরোননি।’
‘আপনি বলেছিলেন, এই কন্ট্যাক্টকে হয়তো চিনতে পেরেছেন,’ আর্মানির চোখে চোখ রেখে বলল অভিমন্যু।
জবাব না দিয়ে অভিমন্যুর হাত থেকে ছবিগুলো নিয়ে একটা ছবি বেছে নিলেন আর্মানি। তার পরে ঠেলে দিলেন অভিমন্যুর দিকে। ছবিটা সে আগেই দেখেছিল। এই ছবিতে হুডটা সামান্য সরে গিয়েছে। মুখটা বোঝা যাচ্ছে না। কিন্তু আর একটা জিনিস বোঝা যাচ্ছে। লোকটার চুল সোনালি!
‘সোনালি চুলের লোক কে আছে অ্যাপোস্টলিক প্যালেসে?’
অভিমন্যুর প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর দিলেন না আর্মানি। একটু ভেবে বললেন, ‘শুধু মাত্র ছবির ওই অংশটি দেখে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তার উপরে দু’জনের দেখা হয়েছে বলেই লোকটা যে কার্ডিনালের কন্ট্যাক্ট, তাও বলা যায় না।’
অভিমন্যু বুঝতে পারছিল, আর্মানি দ্বিধায় পড়ে গিয়েছে। এই রকম পরিস্থিতিতে দ্বিধায় পড়ে যাওয়া মানে যে লোকটাকে সন্দেহ করছে, সে বেশ ক্ষমতাশালী।
‘কাকে সন্দেহ করছেন আপনি?’ সময় নষ্ট করার কোনও মানে হয় না। যা করার দ্রুত করতে হবে। ভাইরাসটা অ্যাপোস্টলিক প্যালেসে চলে এসেছে কি না, কেউ জানে না।
আবারও সামান্য সময় চুপ করে থাকলেন আর্মানি। তারপরে ধীরে ধীরে জবাব দিলেন, ‘অ্যাপোস্টলিক প্যালেসে একজনই আছে যে পোপের খুব ঘনিষ্ঠ। যাকে পোপের ছায়াসঙ্গী বলা যায়। পোপ যেখানে যায়, সর্বত্র তার সঙ্গে থাকে। পোপও ভীষণ ভাবে নির্ভরশীল এই ব্যক্তির উপরে।’
‘এই লোকটারই চুল সোনালি?’ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল অভিমন্যু।
‘হ্যাঁ,’ মাথা নাড়লেন আর্মানি, ‘সেই লোকটির চুলও সোনালি।’
‘লোকটা কে?’
‘পোপের খাস বাটলার। পাওলো লুইজ্জি,’ ধীরে ধীরে কথাগুলো বললেন আর্মানি। যেন প্রতিটা শব্দ তাঁর জীবনীশক্তি শুষে নিচ্ছে, ‘পোপের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। লুইজ্জিকে নিজে বেছে নিয়েছেন পোপ। ভ্যাটিকানের এমন কোনও খবর নেই যা লুইজ্জি জানে না।’ আর্মানিকে একটু ধাতস্ত হতে সময় দিল অভিমন্যু। তার পরে জিজ্ঞেস করল, ‘কত বয়স হবে লুইজ্জির?’
‘এই পঞ্চাশের আশেপাশে।’
অঙ্কটা মিলে যাচ্ছে। বছর কুড়ি আগে তার মানে তিরিশের আশেপাশে বয়স ছিল। সেড্রিকের বয়স ২৫-২৬ হবে। সম্পর্ক তৈরি হওয়ার সব রকম সুযোগই ছিল।
‘লুইজ্জি কি বরাবরই ভ্যাটিকানের বাসিন্দা?
‘হ্যাঁ। ওর বাবা সুইস গার্ড ছিল। এখানেই জন্ম লুইজ্জির। যে কারণে ভ্যাটিকানে থাকতে সমস্যা হয়নি।
সুইস গার্ডদের যখন নিয়োগ করা হয়, তখন তাদের অবিবাহিত থাকতে হয়। কিন্তু সার্ভিসে পাঁচ বছর হয়ে গেলে এবং বয়স ২৫ পার হলে বিয়ে করতে পারে একজন সুইস গার্ড। সুইস গার্ডদের এমনিতেই ভ্যাটিকানে থাকতে দেওয়া হয়। বাকিদের ভ্যাটিকানের থাকার ছাড়পত্র পেতে গেলে পোপের অনুমতির প্রয়োজন। সুইস গার্ডদের পরিবারকে ভ্যাটিকানে থাকার অনুমতি দেন পোপ।
চট করে পরিস্থিতিটা ভেবে নিল অভিমন্যু। পোপের খাস বাটলার। এর চেয়ে ভাল লোক আর কে হতে পারে! পোপের কাছে যাওয়ার সুযোগ রয়েছে সব সময়ে। অত্যন্ত ক্ষমতাশালী। কেউ কোনও প্রশ্ন করতে পারবে না।
‘কী করতে চান তাহলে?’ নীরবতা ভেঙে প্রশ্ন করল অভিমন্যু।
‘ঠিক বুঝতে পারছি না। এই সামান্য ব্লু-র উপরে নির্ভর করে কী ভাবে লুইজ্জিকে জেরা করব! তার উপরে ওই লোকটা শেষ পর্যন্ত অ্যাপোস্টলিক প্যালেসে গিয়েছে কি না, সেটাও বোঝা যাচ্ছে না। চুল সোনালি হলেও লুইজ্জি নাও হতে পারে।’
অভিমন্যু বুঝল, আর্মানি ঠিক সাহস করে উঠতে পারছে না। যদি এই ঘটনা সত্যি হয়, তা হলে এর চেয়ে বড় কেলেঙ্কারি ভ্যাটিকান সিটি আর চার্চের ইতিহাসে হবে না। একজন বাটলার খবর ফাঁস করে দিয়েছে আর একজন বাটলার স্বয়ং পোপকে হত্যা করার চক্রান্তে জড়িয়ে আছে, এই দুই ঘটনার মধ্যে আকাশপাতাল তফাত।
সবচেয়ে মারাত্মক ব্যাপার হল, অস্ত্র হিসেবে যেটা ব্যবহার করতে চলেছে এই লুইজ্জি তা শুধু পোপ বা ভারতীয় প্রধানমন্ত্রীকে মারবে না, মারবে হাজার হাজার সাধারণ মানুষকে। বা তার চেয়েও বেশি। এই কেলেঙ্কারি কখনও চাপা দেওয়া যাবে না। বরং, পোপ, চার্চ এবং ভ্যাটিকান সিটিকে চিরকালের মতো ধ্বংস করে দিয়ে যেতে পারে এই কেলেঙ্কারি।
‘আমাদের সামনে আর কোনও রাস্তা নেই আর্মানি,’ জোরের সঙ্গে বলে উঠল অভিমন্যু, ‘লুইজ্জির সঙ্গে কথা বলতেই হবে। যদি দেখা যায়, সত্যি ও নয়, তা হলে অন্য ব্যবস্থা নেব। কিন্তু আর সময় নষ্ট করা যাবে না। ভাইরাস যদি অ্যাপোস্টলিক প্যালেসে পৌঁছে যায়, তা হলে পোপের জীবন কিন্তু সঙ্কটে।’
শেষ কথাটায় যেন চমক ভাঙল আর্মানির। উঠে পড়লেন তিনি।
‘চলুন, যাওয়া যাক। দেখি, ভাগ্যে কী আছে।’ আর্মানির মুখটা তখন কালো হয়ে উঠেছে। এক দিকে, পোপ, ভ্যাটিকান এবং হয়তো বা গোটা দুনিয়ার ভাগ্য। অন্য দিকে, এক মহাকেলেঙ্কারি। যা হয়তো ভ্যাটিকানকে চিরতরে কলঙ্কিত করে দেবে।
এই দুইয়ের মধ্যে কোনওটাকেই বেছে নিতে চাইছিলেন না আর্মানি। কিন্তু বুঝে গেলেন, কোনও কিছুই আর তাঁর উপরে নির্ভর করছে না।
অভিমন্যুকে নিয়ে তাঁর গাড়ি যখন অ্যাপোস্টলিক প্যালেসের দিকে ছুটে চলেছে, তখন নিজেকে স্রেফ ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছেন আর্মানি।
পোপের খাস বাটলার হলেও অ্যাপোস্টলিক প্যালেসে থাকতেন না লুইজ্জি। পরিবার নিয়ে থাকতেন ভ্যাটিকান সিটির একটি অ্যাপার্টমেন্টে। অ্যাপোস্টলিক প্যালেসের খুব কাছেই, ভিয়া পোর্টা অ্যাঞ্জেলিকায়। তবে আর্মানি জানতেন, এখন লুইজ্জিকে অ্যাপোস্টলিক প্যালেসেই পাওয়া যাবে। আসন্ন অনুষ্ঠানের জন্য তৈরি হতে প্রায় ২৪ ঘণ্টাই এখন অ্যাপোস্টলিক প্যালেসে থাকতে হচ্ছে তাকে। পোপ ছাড়াও আরও অনেকেই থাকে এই প্যালেসে।
সিকিউরিটির বেড়া ডিঙিয়ে অভিমন্যুকে নিয়ে আর্মানি যখন অ্যাপোস্টলিক প্যালেসে ঢুকলেন, প্রায় সাড়ে এগারোটা বাজে।
প্যালেসে পোপের বাসস্থান একেবারে উপরের তলায়। আর্মানি জানতেন, ওই চারতলাতেই পাওয়া যাবে লুইজ্জিকে। ওখানে তার একটা নিজস্ব অফিস আছে, একটা ছোট ঘরও আছে। সেখানেই মাঝে মাঝে রাতে থেকে যান লুইজ্জি।
ঘরটার সামনে এসে বড় করে একটা শ্বাস নিলেন ব্রুনো আর্মানি। অভিমন্যু দেখল, দরজায় নক করার সময় আর্মানির হাতটা রীতিমতো কাঁপছে!
ভিতর থেকে অনুমতি পাওয়ার পরে পাওলো লুইজ্জির ঘরে পা রাখলেন আর্মানি এবং অভিমন্যু।
আর্মানিকে দেখে ততটা অবাক হননি লুইজ্জি, যতটা হলেন পাশের লোকটিকে দেখে। লুইজ্জির ভ্রুটা কুঁচকে উঠতে দেখে আর্মানি তাড়াতাড়ি বলে উঠলেন, ‘ইনি মিস্টার দলপত। ভারতের প্রধানমন্ত্রীর সিকিউরিটি টিমের এক জন। ত
‘প্লিজ, সিট ডাউন,’ টেবিলের সামনে রাখা দু’টো চেয়ারের দিকে ইঙ্গিত করলেন লুইজ্জি।
দু’জনে বসার পরে প্রশ্ন করলেন পোপের খাস বাটলার, ‘কী ব্যাপার বলুন। কী ভাবে আপনাদের সাহায্য করতে পারি।’
‘একটু প্রাইম মিনিস্টারের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম,’ প্ৰথম কথা বলল অভিমন্যুই। সে বুঝতে পারছিল, আর্মানি এখনও নিজেকে গুছিয়ে নিতে পারেননি।
‘বলুন। তবে আমি কতটা সাহায্য করতে পারব, জানি না। এগুলো তো আর্মানিদের ব্যাপার,’ বলে উল্টোদিকে বসে থাকা ভ্যাটিকান সিক্রেট সার্ভিস চিফের দিকে ইঙ্গিত করলেন লুইজ্জি।
অভিমন্যু আর দেরি করল না। আর্মানির দিকে তাকিয়ে সরাসরি বলল, ‘আপনি এবার বলুন, কী জানার আছে।’
কয়েক মুহূর্ত চুপ করে রইলেন আর্মানি। তারপরে ধীরে ধীরে বললেন, ‘আপনি কি আজ কার্ডিনাল আলেসান্দ্রোর সঙ্গে দেখা করেছিলেন? ‘
ভ্রুটা কুঁচকে উঠল লুইজ্জির, ‘আলেসান্দ্রো? ওর সঙ্গে কেন দেখা করব? আপনি তো ভালই জানেন, আলেসান্দ্রোর সঙ্গে সম্পর্ক রাখতে খুব একটা উৎসাহী নন হিজ হোলিনেস।’
খুব ভাল করে লোকটাকে দেখছিল অভিমন্যু। কার্ডিনালের নাম শোনার পরেও এতটুকু চমকায়নি। তা হলে কি তৈরি হয়েই ছিল? জানত, অভিমন্যু আসবে, এই প্রশ্নটা করা হবে? তা যদি হয়, তা হলে বুঝতে হবে, এই চক্রান্তে আরও বড় বড় মাথা জড়িয়ে। আগে থেকেই লুইজ্জির কাছে খবর চলে এসেছে।
অভিমন্যুর দিকে এক বার তাকিয়ে নিলেন আর্মানি। তারপরে বললেন, ‘কিন্তু আপনাকে আজ সকালে কার্ডিনালের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।’
‘কী উল্টোপাল্টা বকছেন আপনি?’ উত্তেজনায় প্রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন লুইজ্জি, ‘আপনার মাথার ঠিক আছে তো?’
‘আমার মাথা ঠিকই আছে,’ এবার কঠোর হয়ে উঠল আর্মানির গলা, ‘আপনার মাথাটা হুডে ঢাকা ছিল। কিন্তু অসতর্কতায় হুডটা একটু সরে যায়। তখনই আপনাকে চেনা গিয়েছে।
হাঁ করে আর্মানির দিকে তাকিয়ে রইলেন লুইজ্জি। তারপরে উত্তেজনায় প্রায় তোতলাতে তোতলাতে বলে উঠলেন, ‘কে চিনতে পেরেছে আমায়? কী ভাবে চিনেছে?
‘আপনার চুল দেখে। ক্যামেরায় আপনার সোনালি চুল ধরা পড়ে গিয়েছে।’
উত্তেজনায় বড়ো বড়ো শ্বাস নিতে লাগলেন লুইজ্জি। চশমার ভিতর দিয়ে বোঝা যাচ্ছিল তাঁর চোখ দু’টো বড়ো বড়ো হয়ে উঠেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে।
‘কোন ছবি দেখি,’ নিজেকে কোনও ভাবে শান্ত করে হাতটা বাড়িয়ে দিলেন পোপের বাটলার।
খামটা বার করে বিশেষ ছবিটা লুইজ্জির দিকে এগিয়ে দিলেন আর্মানি।
হাত বাড়িয়ে ছবিটা নিয়ে ভাল করে দেখলেন লুইজ্জি। তিনি যেন অনেকটাই শান্ত হয়ে গিয়েছেন। ঘরে ঢোকার পর থেকে অভিমন্যুর নজর এক পলকের জন্যও সরেনি লুইজ্জির ওপর থেকে। লোকটার মুখের চেহারায় একটা পরিবর্তন লক্ষ্য করল অভিমন্যু।
ভাল করে ছবিটা দেখার পরে শান্ত স্বরে আর্মানিকে জিজ্ঞেস করলেন লুইজ্জি, ‘এই সোনালি চুলটা দেখেই আপনি ধরে নিয়েছেন, কার্ডিনালের সঙ্গে আমিই দেখা করেছি?’
মাথা নাড়লেন আর্মানি।
কয়েক মুহূর্ত আর্মানির চোখের দিকে তকিয়ে রইলেন লুইজ্জি। তারপরে গলার স্বর নামিয়ে বললেন, ‘কে বলল শুধু আমার চুল সোনালি? আরও একজনের চুলও তো সোনালি। সবচেয়ে বড় কথা, আপনি তো তাকে দেখেওছেন!’
ওই মুহূর্তে আর্মানি বুঝতে পারলেন, কী মারাত্মক ভুল তিনি করে ফেলেছেন।
দ্বিতীয় আর একজনের চুলও সোনালি। সে-ও পোপের কাছে থাকার সুযোগ পায়। সে এখন এই অ্যাপোস্টলিক প্যালেসেই থাকে। কিন্তু সে এমনই অকিঞ্চিৎকর লোক যে তার কথাটা মাথাতেই আসেনি আর্মানির
অসহায় দৃষ্টিতে এক বার লুইজ্জি আর এক বার অভিমন্যুর দিকে তাকালেন আর্মানি। বড়ো ভুল করে ফেলেছেন তিনি।
ওই সময়ই খুলে গেল ঘরের দরজাটা। আর ভিতরে উঁকি মারল একটা লোক। লোকটার চুল সোনালি!
