৪০. মুখোমুখি
ট্রাস্টেভেরি, টাইবার নদীর পশ্চিমপার, রোম। ২৫ অক্টোবর, ২০২১
প্রধানমন্ত্রীর রোম সফরের চারদিন আগে।
রাত একটা।
রোমকে শুধু শুধু ‘ইটার্নাল সিটি’ বা ‘সিটি অব ইটার্নাল লাইট’ বলা হয় না। এই শহরে আলো যেন ২৪ ঘণ্টাই জ্বালা থাকে। দিনে-রাতে জেগে থাকে শহরটা।
কিন্তু তাও কয়েকটা জায়গা আছে, যেখানে রাত নামার সঙ্গে সঙ্গে নির্জনতা নেমে আসে। টুরিস্টরা ঘুরে বেড়ায় ঠিকই, কিন্তু সংখ্যাটা কমে আসে। দিনভর ছোটাছুটির পরে শান্ত হয়ে যায় জায়গাগুলো।
এইরকমই একটা জায়গা ট্রাস্টেভেরি। টাইবার নদীর পশ্চিমপারের একটা অঞ্চল। সেন্ট্রাল রোম থেকে পাঁচ কিলোমিটার মতো দূরত্বে। তবে রাত নামলে পুরো অঞ্চলটাই যে থমকে যায়, তা নয়।
টাইবার নদীর পাড়টা প্রাণপ্রাচুর্যে ভরা থাকে প্রায় ২৪ ঘণ্টাই।
নদীর পাড় জুড়ে কাফে আর বারের ছড়াছড়ি। স্ট্রিট ফুডের দোকানে ভর্তি। রাত নামলেও নদীর দু’পাশে আলোর রোশনাই কমে না। টুরিস্টরা ঘুরে-বেড়ায়, প্রতিটা জিনিসকে উপভোগ করে। নদীর পারে বসে রাত্রির সৌন্দর্য আস্বাদন করে।
কিন্তু নদীর পার ছাড়িয়ে আর একটু এগিয়ে গেলে ছবিটা বদলাতে থাকে। তখন রাস্তা সরু হয়ে যায়, দু’পাশের বাড়িগুলোকে দেখে বোঝা যায়, অনেক বয়স হয়েছে। লোক-চলাচল কমে আসে। ঘুমিয়ে পড়ে ট্রাস্টেভেরির এই অঞ্চলটা।
বিশেষ করে তখন যদি রাত একটা বেজে যায়।
নদীর পার ছাড়িয়ে বেশ কিছুটা দূরে এই রকমই একটা সরু গলি দিয়ে হেঁটে চলেছিল অভিমন্যু।
আর তার মোটামুটি একশো মিটার পিছনে দু’টো ছায়ামূর্তি!
.
চারঘণ্টা আগে। রাত ন’টা। সেন্ট্রাল রোম।
বসকে এনক্রিপ্টেড কোডেড মেলটা পাঠিয়ে বিছানায় এসে বসল অভিমন্যু।
রিপোর্টে রয়েছে পুরো দিনের ঘটনাক্রম। আর তার নিজের পরিকল্পনাটা।
অভিমন্যু জানে, তার হাতে আছে মাত্র তিনটে দিন। এর মধ্যে যদি ওই ভাইরাসকে থামানো না যায়, তা হলে চূড়ান্ত পদক্ষেপ করতে হবে। ২৯ তারিখ ইটালিতে পা রাখবেন প্রধানমন্ত্রী। তার আগেই তাঁকে সব জানাতে হবে।
ভ্যাটিকানের কাউকে তাদের মারণাস্ত্র হিসেবে বেছে নিয়েছে চিন। এমন কেউ যে পোপের খুবই ঘনিষ্ঠ। আবার এমন কেউ যে প্রতিশোধ নিতে নিজের জীবন দিতে দু’বার ভাববে না।
তার প্রতিশোধ স্পৃহা এতটাই যে ভ্যাটিকান সিক্রেট সার্ভিসের হেডকে খোলাখুলি চ্যালেঞ্জ করেছে। এর পিছনে সাইকোলজিটা বুঝতে পারছিল অভিমন্যু।
প্রতিশোধ যদি কারও অজান্তে নেওয়া হয়, প্রতিশোধের পিছনে কারণটা কী, কেউ যদি না জানতে পারে, তা হলে সেই প্রতিশোধ অপূর্ণ থেকে যায়। তাই লোকটি সব জানিয়ে চ্যালেঞ্জ ছুড়েছে— পারলে আমাকে থামাও!
প্রশ্ন হচ্ছে, ভাইরাসের ভায়ালটা কি অ্যাপোস্টলিক প্যালেসে পৌঁছে গিয়েছে? যদি যায়, তা হলে আর কিছু করা যাবে না। বিশাল অ্যাপোস্টোলিক প্যালেস জুড়ে তো আর তল্লাশি চালানো সম্ভব নয়। যেখানে অপরাধী কে, সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তাদের নেই।
তখন প্রায় পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে দিতে হবে। ভাইরাস যদি ছড়িয়ে পড়ে, তা হলে কী ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে পৃথিবীর বুকে, তা ভাবতেও পারছিল না অভিমন্যু।
কোভিডের মারণ-আঘাত এখনও থেমে যায়নি। তারপরে আর একটা ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ সামলানোর ক্ষমতা এই পৃথিবীর নেই।
ভাবতে ভাবতে চোয়ালটা কঠিন হয়ে উঠল অভিমন্যুর। প্রয়োজনে খড়কুটোই আঁকড়ে ধরতে হবে তাকে। যদি কোনও ক্লু পাওয়া যায়।
টুং করে একটা আওয়াজ জানান দিল, ই-মেল ঢুকেছে। নিশান্ত অরোরার ই-মেল। যেখানে লেখা মাত্র দু’টো শব্দ—
‘গো অ্যাহেড।’
চুপ করে কয়েক মুহূর্ত খাটে বসে রইল অভিমন্যু। নিজেকে পুরোপুরি শান্ত করে নিল। তার পরে উঠে দাঁড়াল।
খড়কুটোর পিছনেই ছুটতে হবে তাকে।
মিনিট দশেকের মধ্যে তৈরি হয়ে হোটেল থেকে বেরিয়ে গেল অভিমন্যু।
তার হোটেলটা সেন্ট্রাল রোমে। প্যান্থিয়নের পাশেই। জমজমাট একটা টুরিস্ট স্পট। কিন্তু অভিমন্যুর দরকার ছিল একটা শান্ত, নিরিবিলি জায়গা। এর আগে বেশ কয়েক বার ইটালি আসার কারণে যে জায়গাটা সে ভাল করে চেনে। হোটেলের সামনে থেকে ট্যাক্সিতে উঠে অভিমন্যু নির্দেশ দিল—
‘ট্রাস্টেভেরি।’
লাল গাড়িটা যে পিছু নিয়েছে, এটা বুঝতে মিনিট খানেকের বেশি সময় লাগল না অভিমন্যুর।
তার মনটা একটু দমে গেল।
দেখে মনে হচ্ছে, এরা এই সব ব্যাপারে খুব একটা পেশাদার নয়। হয়তো ভাড়া করা হয়েছে। গাড়িটা বদলানোরও প্রয়োজন মনে করেনি। কাউকে ‘শ্যাডো’ করার অনেক রকম পদ্ধতি আছে। এরা সব থেকে ওঁচা পদ্ধতিটা নিয়েছে। বিশেষ কোনও সতর্কতা অবলম্বন না করে সারাদিন ধরে একটা লোকের পিছনে পিছনে একটা গাড়ি নিয়েই ঘুরে যাও!
এই রকম লোকেদের কাছে কতটা খবর থাকবে, তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু এখন খড়কুটোই যে আঁকড়ে ধরতে হবে! কিছু করার নেই।
তবে একটা ব্যাপার বুঝে গিয়েছে অভিমন্যু। তাকে সন্দেহ করা শুরু হয়েছে। এখন এটা নিছকই সন্দেহ, না তার ব্যাপারে কোনও খবর আছে ওদের কাছে, সেটা বুঝতে পারছিল না অভিমন্যু।
মিনিট পনেরো পরে ট্রাস্টেভেরির ব্রিজটার আগে যখন ট্যাক্সি থেকে নামল অভিমন্যু, রাত প্রায় এগারোটা।
আরও কিছুটা সময় তাকে কাটাতে হবে টাইবারের পারে।
নদীর পারেই সার দিয়ে বসে গিয়েছে নানা পানশালা। সে রকমই একটা পানশালার সামনে সাজানো চেয়ারের একটা টেনে নিয়ে বসে পড়ল অভিমন্যু। হাতে একটা বিয়ারের বোতল। একটু দূরেই একটা স্ট্রিট কনসার্ট হচ্ছে। হার্ড রকের ঝংকার ভেসে এসে আঘাত করছে শ্রোতাদের মস্তিষ্কে।
টাইবার নদীর কালো জলের দিকে তাকিয়ে বিয়ারের বোতলটা মুখে তুলল অভিমন্যু।
কিছুটা দূরে চেয়ারে বসে বিরস মুখের দু’টো লোকও একই কাজ করল। লোক দু’জনের মেজাজ ক্রমে গরম হচ্ছে। কাকে ফলো করার দায়িত্ব দেওয়া হয়েছে! এই ভারতীয়টা তো নিছকই একটা টুরিস্ট। আর পাঁচটা টুরিস্টের মতো নদীর পাড়ে বসে বিয়ার খাচ্ছে। হয়তো এর পরে কোনও মেয়েকে পটিয়ে হোটেলে নিয়ে যাবে। আর তাদের বসে থাকতে হবে গাড়িতে!
.
ঘণ্টাখানেক কাটানোর পরে হাতঘড়িটা দেখে নিল অভিমন্যু। রাত একটা বাজে। সে টের পাচ্ছিল, পিছনে বসে থাকা লোক দুটো ক্রমে অধৈর্য হয়ে পড়ছে। এমনকী, নিজেদের গোপন করার বিন্দুমাত্র চেষ্টা না করে ড্যাবড্যাব করে দেখছে তাকে।
অভিমন্যু একটা দীর্ঘশ্বাস ফেলল। খুবই অপেশাদার। তারপরে উঠে পড়ল চেয়ার ছেড়ে।
মিনিট পনেরো হাঁটতে হল ট্রাস্টেভেরির এই বিশেষ জায়গাটায় পৌঁছনোর জন্য। ইটালিতে আগে কয়েকবার আসার সুবাদে এই অঞ্চলটা চেনা তার। যে কারণে এই ট্রাস্টেভেরিকেই বেছে নিয়েছে অভিমন্যু।
নির্জন গলিটা সরু হয়ে এসেছে। বাড়িগুলো অন্ধকারাচ্ছন্ন। মাঝে মাঝে স্ট্রিট ল্যাম্পের আলো এসে আলোকিত করছে পাথুরে রাস্তার কিছু অংশ।
পিছনের লোক দুটো কিছুটা অবাক হয়ে গিয়েছিল অভিমন্যুর কাণ্ড দেখে।
সাধারণ টুরিস্টরা তো এই দিকে আসে না। এখানে স্থানীয় লোকেরা থাকে। লোকটার মতলব কী? পরস্পরের দিকে তাকিয়ে, নিজেদের একটু আড়ালে রেখে অভিমন্যুর পিছু নিল তারা।
সরু গলিটা ডান দিকে ঘুরে গিয়েছে। এই জায়গাটা একটু বেশি অন্ধকার। ডান দিকে ঘুরে গেল অভিমন্যু।
মিনিটখানেক পরে লোক দু’টো যখন ডানদিকে ঘুরল, তখন লম্বা গলিটা পুরো ফাঁকা। আধো-অন্ধকারে চোখ ঠিকরে দেখেও লোক দু’টো সামনে কারও হদিশ পেল না।
আরও কয়েক পা এগিয়ে গেল তারা। মধ্যযুগীয় বাড়িগুলো যেন হাঁ করে গিলতে আসছে পাথরের রাস্তাটাকে। তাদের ছায়ায় হারিয়ে গিয়েছে আলোর রেখা।
একজন অন্যজনের দিকে তাকিয়ে অবাক গলায় জিজ্ঞেস করল, ‘কী রে, মালটা হারিয়ে গেল নাকি?
দু’জনের কেউ খেয়াল করল না ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এল একটা ছায়ামূর্তি। এসে দাঁড়াল লোক দু’টোর পিছনে। তারপরে চাপা স্বরে জিজ্ঞেস করল—
‘স্তাই চেরকান্দো মে?’
ইটালিয়ান কথাটার ইংরেজি তর্জমা মোটামুটি এই রকম—
আর ইউ লুকিং ফর মি? আমাকে খুঁজছ?
ভীষণ চমকে উঠে লাফিয়ে ঘুরে দাঁড়াল লোক দু’টো। ছায়ামূর্তিটা আরও এক পা এগিয়ে এসে আবার একই প্রশ্ন করল।
লোক দুটো হতভম্ব হয়ে গিয়েছিল। বুঝে উঠতে পারছিল না, কী করবে। তাদের বারবার বলে দেওয়া হয়েছে, ভারতীয় লোকটার উপরে শুধু নজর রাখতে। আর কিছু না করতে। কিন্তু ব্যাপারটা এখন হাতের বাইরে চলে যাচ্ছে।
নিজেকে সামলে নিয়ে একটা লোক হিসহিস করে উঠল, ‘তার আগে বল, তুই এখানে কী করছিস?’
যে ক’টা বিদেশি ভাষা জানে অভিমন্যু, তার মধ্যে ইটালিয়ান অন্যতম। বলতে এবং বুঝতে কোনও সমস্যা হয় না তার।
হাসিমুখে লোক দু’টোর মাতৃভাষাতেই জবাব দিল অভিমন্যু, ‘তার আগে আমার প্রশ্নের উত্তরটা চাই। আমার পিছনে কে লাগিয়েছে তোমাদের? সেই ভ্যাটিকান সিটি থেকে পিছু নিয়েছ!’
ওই মুহূর্তে লোক দু’টো বুঝে গেল, এ কোনও সাধারণ টুরিস্ট নয়। অনেক আগে থেকেই বুঝে গিয়েছে, ফলো করা হচ্ছিল। তারপরে ইচ্ছে করে তাদের টেনে এনেছে এই নির্জন জায়গায়।
লোক দু’টোর সঙ্গে পিস্তল ছিল না। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দু’জনের হাতেই চলে এল দু’টো ধারালো ছুরি।
লোক দু’টো বুঝে গিয়েছিল, আর লুকোচুরির জায়গা নেই। যা হওয়ার এখানেই হবে।
অভিমন্যু নিজের কাঁধ দু’টোকে একটু ঝাঁকিয়ে দু’পা পিছনে সরে গেল।
ডানদিকের লোকটা প্রথম আক্রমণ করল। ছুরি ধরা ডানহাতটা ‘থ্রি ও ক্লক’ মোডে আঘাত করতে এল অভিমন্যুকে। তিনটে বাজলে ঘড়ির কাঁটা যে অবস্থায় থাকে, আততায়ীর হাতটা সেই অবস্থায় এসে আঘাত করতে চাইল অভিমন্যুর পাঁজরের পাশটায়।
কিন্তু পারল না। শরীরটাকে এক দিকে সরিয়ে এনে হাতটাকে বেরিয়ে যেতে দিল অভিমন্যু। কিন্তু পুরোপুরি নয়। তার বাঁহাতের বজ্রমুষ্টিতে আটকে গেল ছুরি ধরা হাতের কব্জি। ডানহাতটা উঠে আঘাত করল লোকটার কনুইয়ে। সেই আঘাতের ধাক্কা সামলাতে না সামলাতেই অভিমন্যুর ডানহাতের ইস্পাতের মতো চেটোটা গিয়ে চলন্ত ট্রাকের মতো আঘাত করল লোকটার নাকে। মুহূর্তের মধ্যে হাড়টা ভেঙে বেরিয়ে এল নাকের পাশ দিয়ে। কিন্তু লোকটা আর্তনাদ করার সুযোগও পেল না। চেটোটা আবার এসে আঘাত করল লোকটার গলার কণ্ঠিতে।
লোকটার প্রাণহীন শরীরটা মাটিতে ফেলে দিয়ে অভিমন্যু ঘুরে দাঁড়াল দ্বিতীয় লোকটার দিকে। সেকেন্ড পনেরোর মধ্যে কী ঘটে গেল, দ্বিতীয় লোকটা ঠিক বুঝতে পারেনি। তার সঙ্গীকে মাটিতে ছেতড়ে পড়ে থাকতে দেখে একটু ঘাবড়ে গেল সে। কিন্তু এখন কিছু করার নেই।
চাপা স্বরে একটা গালাগালি দিয়ে ছুটে এল লোকটা। এই লোকটাকে জ্যান্ত প্রয়োজন। তাই কিলার স্ট্রাইকে গেল না ভারতের প্যারা স্পেশাল ফোর্সের প্রাক্তন কমান্ডো। ছুরি ধরা হাতের আঘাতটা মসৃণ ভাবে এড়িয়ে গেল সে। তারপরে আঘাত করল লোকটার সোলার প্লেক্সাসে। হুশ করে দম বেরিয়ে যাওয়ার সময় ছুরি ধরা হাতটা মুচড়ে তুলে আনল লোকটার পিঠের কাছে। অবশ হাত থেকে খসে পড়ল ছুরিটা।
লোকটার শরীরটা একটা বাড়ির দেওয়ালে ঠেস দিয়ে পকেট থেকে নিজের ছুরিটা বার করে আনল অভিমন্যু। তারপরে লোকটার গলায় ফলাটা চেপে ধরে খুব শান্ত স্বরে বলল, ‘তোদের কে লাগিয়েছে আমার পিছনে?’
লোকটা ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে। এই লোকটা যে সাধারণ টুরিস্ট নয়, তা এখন জলের মতো স্পষ্ট। কিন্তু সেটা বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে।
‘আমার বস।’
‘কে সে? কোনও চিনা?’
‘না। আমার বস চিনাদের হয়ে কাজ করে না। করে ইটালিয় পুলিশের হয়ে। নির্দেশটা দিয়েছে ইটালির পুলিশ।’
একটু থমকে গেল অভিমন্যু। তারপরে বলল, ‘কিন্তু তুই তো পুলিশ নোস।’ ‘না, আমরা পুলিশ নই। আমরা প্রাইভেট কন্ট্রাক্টর। পুলিশের লোক মাঝে মাঝে আমাদের কাজে লাগায়।’
‘কী বলা হয়েছিল তোকে?’
‘আপনাকে ফলো করতে। ২৪ ঘণ্টা নজরে রাখতে।’
অভিমন্যুর চোয়াল কঠিন হয়ে এল। ইটালির পুলিশ! ব্যাপারটা একটু ঘোরালো হয়ে উঠছে। তার মানে খবরটা ফাঁস হয়েছে ইন্টার্নাল সিকিউরিটি থেকে।
অভিমন্যুর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে হঠাৎ একটা ঝটকা মারল লোকটা। তার মনে হয়েছিল, এটাই সুযোগ। তার প্রতিপক্ষ অসতর্ক হয়ে পড়েছে। কিন্তু তার জানা ছিল না, বাঘ কখনও অসতর্ক হয় না!
ঝটকাটা পুরো দিতেও পারেনি লোকটা। তার আগে অভিমন্যুর ছুরিটা লোকটার গলার নলি দু’ফাক করে দিল।
দ্বিতীয় লাশটাও মাটিতে শুইয়ে দিয়ে চারদিকটা একবার দেখে নিল অভিমন্যু। কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এই পুরনো অঞ্চলটায় কোনও সিসিটিভি নেই। যে কারণে এই জায়গাটা বেছে নেওয়া। বাকি রাস্তাটা সে খুব সতর্কতার সঙ্গে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলেছে।
সেখানে সমস্যা নয়। সমস্যাটা অন্য জায়গায়। ইটালির পুলিশের কেউ কেউ চিনাদের সাহায্য করছে। শ্যাডো পুলিশ স্টেশনের ব্যাপারটা অভিমন্যুর ভালই জানা। সে আরও বুঝে গেল, ইন্টার্নাল সিকিউরিটির মারিনোর কাছে যাওয়ার পর থেকেই সে এদের নজরে চলে এসেছে। সে যে জিয়ানকে নিয়ে খোঁজখবর নিচ্ছে, এটাও ওরা জেনে গিয়েছে।
এখন প্রশ্ন হল, মারিনো নিজেও কি এর সঙ্গে জড়িত? সেটা জানার ঝুঁকি নেওয়া যাবে না। সবচেয়ে বড় প্রশ্ন হল, জিয়ান কতটা জানে? তার উপস্থিতিতে কি ওরা প্ল্যান বদলে দেবে?
রোমের এক জনশূন্য রাস্তায় দাঁড়িয়ে অভিমন্যু বুঝে গেল, প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। এও বুঝল, কাউকে আর বিশ্বাস করার উপায় নেই। একমাত্র আর্মানিকে ছাড়া। দু’টো লাশকে রাস্তায় ফেলে রেখে অন্ধকারে মিলিয়ে গেল অভিমন্যুর শরীরটা।
.
পরের দিন সকাল দশটা নাগাদ ফোনটা এল আর্মানির কাছ থেকে—
‘এখনই ভ্যাটিকানে চলে আসুন। কার্ডিনাল ওর কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করেছে। মনে হচ্ছে, বুঝতে পেরেছি লোকটা কে।’
