প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

১৮. পাল্টা জবাব

১৮. পাল্টা জবাব

আগ্রা-লখনউ, মার্চ, 2021

ডক্টর ত্রিপাঠী অপহরণ হওয়ার ৭২ ঘণ্টা আগে।

অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দু’টো ছায়ামূর্তি। একদিন আগেই শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছে অমৃতার। তার একদিন পরে আগ্রা এসে পৌঁছেছে অভিমন্যু।

‘তোকে ঠিক কী বলেছিল অমৃতা আর একবার বল,’ বন্ধুর দিকে না তাকিয়ে প্রশ্নটা করল অভিমন্যু।

অমৃতাকে সে নিজেও চিনত অনেকদিন ধরে। যখন থেকে অমৃতা আর সুরেশের মধ্যে সম্পর্কটা গড়ে উঠছে, তখন থেকেই। আর সুরেশ আর তার বন্ধুত্ব সেই সিডিএস পরীক্ষা দেওয়ার সময় থেকেই। তার পরে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে ট্রেনিং। কমান্ডো কোর্স সম্পূর্ণ করা। প্যারা স্পেশাল ফোর্সে একসঙ্গে কাজ করা। এরপরে অবশ্য দু’জন চলে গিয়েছিল দু’পথে। অভিমন্যু বেছে নিয়েছিল আর্মি ইন্টেলিজেন্সকে। এবং সেখান থেকে ‘র’। আর সুরেশ থেকে যায় আর্মিতেই।

অমৃতার মুখ থেকে যা শুনেছিল, তা পুরোটা আবার অভিমন্যুকে বলল সুরেশ।

‘তা হলে ত্রিপাঠী বলে ওই হাসপাতাল সুপারই আমাদের প্রথম টার্গেট।’

‘হ্যাঁ। অমৃতা সে রকমই ইঙ্গিত দিয়েছিল। যে দিন গিয়ে সুপারকে ওরা ছেলেটার কথা বলে, পরের দিনই বাচ্চাটা মারা গেল। আর তারপরে…,’ সুরেশ কথাটা শেষ করল না।

‘ঠিক আছে,’ সিদ্ধান্ত নিয়ে ফেলল অভিমন্যু। তার পরে জানতে চাইল, ‘তুই উঠেছিস কোথায়?’

‘অমৃতাদের বাড়িতে। ওর বাবা-মায়ের অবস্থাটা তো বুঝতে পারছিস। আর কোনও লোক নেই। আমাকেই আঁকড়ে ধরেছে এখন।

‘ওকে। দু’দিন আমি রেকি করে নিই। দেখি, লোকটা ছুটির পরে কোথায় যায়।’

সুরেশ আর কিছু বলল না। সে জানত, হাসপাতালের সুপার ত্রিপাঠীকে খুঁজে নিতে অভিমন্যুর কয়েক মিনিটের বেশি সময় লাগবে না।

.

পরের দু’টো দিন ত্রিপাঠীর পিছনে ছায়ার মতো লেগে রইল অভিমন্যু। হাসপাতাল- বার-বাড়ি। এই ছিল ত্রিপাঠীর রুটিন।

তৃতীয় রাতে তুলে নিল ত্রিপাঠীকে।

…অভিমন্যু কথাটা বলার পরেই পিছনে দাঁড়ানো সুরেশ খুলে দিল ত্রিপাঠীর মুখের বাঁধন। ডাঙায় তোলা মাছের মতো মুখ হাঁ করে কয়েক মিনিট নিঃশ্বাস নিতে লাগল লোকটা। চোখ দু’টোও আতঙ্কে বড়ো বড়ো হয়ে গিয়েছে ত্রিপাঠীর। সেই আতঙ্ক শতগুণে বেড়ে গেল অভিমন্যুর হাতের দিকে নজর পড়তে।

ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্স বা প্যারা এস এফ ইউনিটে থাকার সময় অভিমন্যুর একটা বিশেষ পছন্দের অস্ত্র ছিল।

সাধারণত ভারতীয় মেরিন কমান্ডোস (মার্কোস) এবং প্যারা এস এফ কমান্ডোদের গোর্খা কুকরি দেওয়া হয় ব্যবহারের জন্য। তবে পাশাপাশি আরও একটা অস্ত্র কেউ কেউ ব্যবহার করে থাকে। ‘কে-এ বার নাইভস’!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ছুরিটা ব্যবহার করত মার্কিন মেরিন কমান্ডোরা। এর আরও উন্নত নমুনার ছুরি এখন দেখা যায় নেভি সিলসের হাতে। ভারতীয় স্পেশাল ফোর্সেরও কেউ কেউ এই ছুরিটা ব্যবহার করতে খুবই পছন্দ করে। যেমন অভিমন্যু। আর্মি ছেড়ে চলে এলেও পছন্দের অস্ত্রটি নিয়ে আসতে ভোলেনি সে।

শুধু ফলাটাই সাত ইঞ্চি। হাতল থেকে ধরলে বারো। ছুরিটার দিকে তাকাচ্ছিলও না অভিমন্যু। কথাটা বলে সে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিল ডক্টর ত্রিপাঠীর মুখের দিকে। আর বাঁ হাতের তালুতে একমনে ঘষে যাচ্ছিল ছুরির ফলাটা।

অস্ত্রটার দিক থেকে নজর সরিয়ে অভিমন্যুর পাথরের মতো মুখের দিকে তাকানো মাত্র ত্রিপাঠী টের পেলেন, আতঙ্ক কাকে বলে। এই রকম অনুভূতি তাঁর জীবনে কখনও হয়নি। পুরো শরীরটাই কেঁপে উঠল। শরীরের ওপর থেকে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলেন ত্রিপাঠী। বাঁধা অবস্থায় চেয়ারে বসে না থাকলে তিনি পড়ে যেতেন নির্ঘাত।

চেয়ার ছেড়ে উঠল অভিমন্যু। দু’পা এগিয়ে এসে দাঁড়াল একেবারে ত্রিপাঠীর সামনে। তারপরে ছুরির ফলাটা চেপে ধরল ত্রিপাঠীর গালে। একটা তীব্র যন্ত্রণার সঙ্গে আগ্রার হাসপাতালের সুপার টের পেল, গাল থেকে দরদর করে রক্ত পড়ে ভিজিয়ে দিচ্ছে শার্টটা।

ত্রিপাঠীর মুখের অবস্থা দেখে যে কারও মনে হবে, লোকটার বুঝি হার্ট অ্যাটাক হতে চলেছে।

আরও কয়েক সেকেন্ড ছুরির ফলাটা গালের উপরে চেপে রাখল অভিমন্যু। তার পরে ত্রিপাঠীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ‘কী ভাবে কাউকে মুখ খোলাতে হয়, সে ব্যাপারে আমার ট্রেনিং নেওয়া আছে। মানুষকে যন্ত্রণা দেওয়ার এত রাস্তা আছে যে, সে সব নিয়ে একটা বই হয়ে যায়।’ একটু থামল অভিমন্যু। তারপরে সে রকমই শীতল স্বরে বলে চলল, ‘লস্করের জঙ্গিদের মুখ খোলাতেও আমার পাঁচ মিনিটের বেশি লাগেনি। ওই পাঁচ মিনিট ওদের কী অবস্থা হয়েছিল, সেটা আপনার না জানাই ভাল। তবে জানতে চাইলেও আমার আপত্তি নেই।

এবার একেবারে ত্রিপাঠীর মুখে কাছে মুখ নিয়ে এল অভিমন্যু। ত্রিপাঠীর মনে হল সে বমি করে ফেলবে। সেই একই রকম শীতল স্বরে কথা বলে চলল অভিমন্যু, ‘আপনি এক মিনিটের মধ্যে আমার কথার জবাব দেবেন, না কি আমি পাঁচটা মিনিট নেব মুখ খোলানোর জন্য? ‘

ত্রিপাঠীর মুখের দিকে তাকিয়ে অভিমন্যু বুঝে গেল, লোকটা মানসিক ভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। মেন্টাল ডিসইন্টিগ্রেশনের স্টেজ কমপ্লিট। এবার প্রশ্নটা করা যেতে পারে—

‘অমৃতা সেনয় আর ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে ঠিক কী ঘটেছিল সব বলুন।’

ভয়ঙ্কর এক আতঙ্কের চোরাবালিতে তলিয়ে যেতে যেতে পুরো ঘটনাটা খুলে বললেন ডক্টর ত্রিপাঠী। কথা শেষ করে হাঁপাতে হাঁপাতে অভিমন্যুর মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন তিনি। তার পরে হাউমাউ করে বলে উঠলেন, ‘আমার কোনও উপায় ছিল না। ওই নৌশাদ মির্জা ভয়ঙ্কর লোক। ওর কথা না মানলে খুন হয়ে যেতাম। ‘

‘আর যে ছেলে দু’টোকে পাঠিয়েছিল নৌশাদ, তাদের দেখতে কেমন ছিল?’

ত্রিপাঠী বর্ণনা দিতে লাগলেন আর খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে যেতে লাগল অভিমন্যু। মিনিট দশেক পরে লোক দুটোর চেহারার খুঁটিনাটি জেনে নিল সে। অবশ্য যতটা মনে আছে ত্রিপাঠীর।

তারপরে শেষ প্রশ্নটা করল— ‘হাসপাতালে এখন ক’টা বাচ্চা আছে?’

একটু ভেবে ত্রিপাঠী জবাব দিল, ‘ছ’টা। তার মধ্যে দু’জনের কোভিড হয়েছে।’

ইশারায় সুরেশকে ডেকে নিল অভিমন্যু। তারপরে বলল, ‘এই লোকটা আর কিছু জানে বলে মনে হয় না। বাকিটা জানে ওই নৌশাদ আর ওই দু’টো লোক।’

‘কী করবি তা হলে?’

একটু ভাবল অভিমন্যু। ‘আমি কাল লখনউ চলে যাচ্ছি। নৌশাদের ফোন নম্বর থেকে ওর লোকেশন খুঁজে বার করতে কষ্ট হবে না। তারপরে দেখা যাক, কোনও ক্লু পাই কি না।’

‘আর এই লোকটার কী হবে?’ ইশারায় ত্রিপাঠীকে দেখাল সুরেশ।

‘আপাতত নিরুদ্দেশ থাকুক। নৌশাদের কাছে নিশ্চয়ই খবর পৌঁছে যাবে। দেখা যাক, প্যানিক রিঅ্যাকশনে কী করে।’

‘আর হাসপাতালের বাচ্চাগুলোর কী হবে?’

আবার একটু ভাবল অভিমন্যু। তার পরে বলল, ‘সুপার কাল থেকে মিসিং থাকলে বাচ্চারাও নিরাপদে থাকবে। কেউ সাহস পাবে না কিছু করার। তার পরে অবস্থা বুঝে ব্যবস্থা।’

সুরেশ বুঝল, অভিমন্যু ঠিকই বলছে। কিন্তু একটা সমস্যা থেকেই যাচ্ছে।

‘এই লোকটাকে কি এখানে এই ভাবে ফেলে যাবি? কেউ যদি দেখে ফেলে?’

‘এমনিতে এই ট্যানারিটা পরিত্যক্ত। লোক আসে না। তবে ব্যাকআপের ব্যবস্থা করছি। আমার পরিচিত লোক আছে আগ্রায়।’ সেটা যে আছে, তা বুঝেছিল সুরেশ। দ্বিতীয় গাড়িটা না হলে অত সহজে জোগাড় হয় না।

কথা শেষ করে মোবাইলটা বার করল অভিমন্যু। তারপরে কয়েকটা নির্দেশ দিল ফোনে।

আধঘণ্টার মধ্যে চলে এল ব্যাক আপ। দু’টো লোক আর দু’টো বাইক।

তাদের সঙ্গে হাত মিলিয়ে অভিমন্যু বলল, ‘এই লোকটার উপরে নজর রাখতে হবে। আমি যতক্ষণ না বলব, ওর খবর যেন কেউ না পায়।’

‘ওকে স্যার, চিন্তা করবেন না। আর আপনার কথা মতো একটা বাইকও নিয়ে এসেছি।’

‘গুড,’ বলে সুরেশকে ইঙ্গিত করে ঘর থেকে বেরিয়ে গেল অভিমন্যু। সুরেশও পিছু নিল তবে ত্রিপাঠীর মুখটা ভাল করে বেঁধে দেওয়ার পরে।

বাইরে এসে অভিমন্যু বলল, ‘তোকে আগে অমৃতার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। তারপরে আমি লখনউ যাব।’

‘আমি যাব না?’

‘না রে। তুই এখানেই থাক।’ সুরেশ আর কিছু বলল না। শুধু জিজ্ঞেস করল, ‘এই গাড়িটার কী হবে?’ বাইরের অন্ধকারে তখনও দাঁড়িয়ে ছিল মারুতি ডিজায়ারটা।

‘চিন্তা করিস না। এই গাড়িটার ব্যবস্থা হয়ে যাবে। এটা চোরাই গাড়ি,’ বাইক স্টার্ট করতে করতে বলল অভিমন্যু।

‘র’-এর দুনিয়ায় পা রাখার পরে অন্ধকার আর আলোর জগতে সমানভাবে বিচরণ করতে হয় অভিমন্যুকে। আর্মির মতো সহজ-সরল ব্যাপার এখানে নেই। এই জগৎ ভযঙ্কর গোলকধাঁধার এক জগৎ। যেখানে অপরাধ জগতের লোকেরা বন্ধু হয়ে যায় আবার ভদ্র সমাজের উঁচু মহলের মানুষেরা সময় বিশেষে হয়ে ওঠে ভয়ঙ্কর শত্রু।

এই জগতে পা রাখার পরে অভিমন্যুর নিজের পরিচয়ও বদলে গিয়েছে। তার সঙ্গে সরকারি ভাবে আর ভারতীয় সেনাবাহিনীর কোনও সম্পর্ক নেই। সেটা থাকা সম্ভবও নয়। বিদেশে কোনও অপারেশনে গিয়ে সে যদি ধরা পড়ে, তা হলে তার আর্মির পরিচয় দেশকে আন্তর্জাতিক আইনভঙ্গের মুখে ফেলে দেবে।

কোনও দেশই সেটা হতে দিতে চায় না। বেশির ভাগ দেশের ইন্টেলিজেন্স এজেন্টদের ব্যাকগ্রাউন্ড মিলিটারি হলেও সরকারি ভাবে তাদের সঙ্গে মিলিটারির আর কোনও সম্পর্ক থাকে না।

অভিমন্যুরও নেই। প্রয়োজনে বদলে যায় তার পরিচয়। বদলে যায় তার বন্ধুবৃত্ত। ভালো-খারাপের স্বচ্ছ সীমারেখার মধ্যে আটকে থেকে তার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সে আর আইনের সীমারেখায় আটকে থাকে না। প্রয়োজনে নিজেই নিজের আইন তৈরি করে নেয় অভিমন্যু সিংহ রানা।

.

আধঘণ্টা পরে অমৃতাদের কমপ্লেক্সের সামনে সুরেশকে নামিয়ে দিয়ে অভিমন্যু বাইক ঘোরালো লখনউয়ের দিকে। তার আগে অবশ্য ত্রিপাঠীর থেকে পাওয়া নৌশাদের ফোন নম্বরটা সে তার ইউনিটের কাছে পাঠিয়ে দিয়েছে। লোকটার অ্যাডড্রেস, লোকেশন এবং প্রয়োজনে ফোন কলের ডিটেলস— সব চলে আসবে তার কাছে।

অভিমন্যু হিসেব করে দেখল, ভোর ভোরই সে পৌঁছে যাবে লখনউ। তারপরের টার্গেটের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *