প্ৰথম পৰ্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পৰ্ব
চতুর্থ পৰ্ব

২৯. বিশ্বাসঘাতক নই

২৯. বিশ্বাসঘাতক নই

শিজিজুয়েং-নয়াদিল্লি। জুলাই, ২০২১

প্রফেসর ওয়াং লি চিন থেকে পালিয়ে যাওয়ার দিন দশেক পরে।

লি পেং ওল্ডেজ হোম।

তিনটে লোক প্রায় টেনে হিঁচড়ে হোম থেকে বার করে আনল চিংকে। তারপরে টানতে টানতে নিয়ে এল একটা গাড়ির সামনে।

গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল জিয়ান। একরাশ ঘৃণা নিয়ে মেয়েটাকে একটু জরিপ করে নিল সে। এক পা এগিয়ে এসে চিংয়ের মুখের সামনে মুখ নিয়ে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ‘বিশ্বাসঘাতক কুত্তি। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কী হাল হয়, তোকে বুঝিয়ে দেব।

তারপরে সঙ্গের লোকেদের ইঙ্গিত করল, মেয়েটাকে পিছনের গাড়িতে তোলার।

মিনিট খানেকের মধ্যে তিনটে গাড়ি ওল্ডেজ হোম ছেড়ে রওনা দিল একটা বিশেষ অ্যাপার্টমেন্টের দিকে। এমএসএসের সেফ হাউস।

সাধারণত এই ধরনের ছোট অপারেশনে জিয়ান আসে না। তার লোকেরাই যা করার করে। কিন্তু এই ব্যাপারটা আলাদা। সে নিজে সামনে থেকে দেখে সব কিছু করতে চেয়েছিল।

প্রফেসরের ডিফেকশন তার কেরিয়ারে এমন দাগ লাগিয়েছে, যা হয়তো কোনওদিনও মুছবে না। নেহাত এর আগে তার অতীতটা খুবই ঝলমলে থাকায় আর এমএসএস চিফের প্রিয়পাত্র বলে এখনও প্রাণটা যায়নি। না হলে এত বড় ভুল করে কেউ বেঁচে থাকে না।

আগে খবর পাওয়া সত্ত্বেও প্রফেসরকে আটকাতে পারেনি সে। প্রায় চোখের সামনে দিয়ে ভারতীয় এজেন্ট নিজের কাজটা করে চলে গিয়েছে।

পরের দিন সকালে নদীর পাড়ে ছ’টা লাশ পাওয়া নিয়ে প্রচুর হইচই হয়েছিল। সবাই ধরে নিয়েছিল গ্যাংওয়ারের জের। কিন্তু জিয়ান জানে, কী হয়েছিল। কোনও এক ভারতীয় এজেন্ট তার পাঠানো লোকেদের হত্যা করে প্রফেসরকে নিয়ে বেরিয়ে যায় দেশ ছেড়ে। তাদের কাছে খবর চলে এসেছে, প্রফেসর নিরাপদে দিল্লি পৌঁছে গিয়েছে। এর মধ্যে প্রফেসরের অ্যাপার্টমেন্টের সামনে রাতে যে লোকটা পাহারা দিত, তার লাশটাও পাওয়া যায়।

.

এরপরে দু’ভাবে ড্যামেজ কন্ট্রোলের পরিকল্পনা শুরু করে চিন। পরিকল্পনা প্রথম ধাপ, ভারতে গিয়েই প্রফেসরকে সরিয়ে দেওয়া। দ্বিতীয় ধাপ, এই চক্রান্তের সঙ্গে যারা জড়িয়ে, তাদের সবাইকে সামনে নিয়ে আসা। এই দ্বিতীয় ধাপটার দায়িত্ব দেওয়া হয়েছে জিয়ানকে।

প্রথমেই জিয়ান খোঁজ নিতে শুরু করে, কার কার সঙ্গে যোগাযোগ ছিল প্রফেসরের। যে সব ভারতীয় ছাত্র ইউনিভার্সিটিতে পড়ত, তারা অনেক আগে দেশে ফিরে গিয়েছে। তারা এর মধ্যে জড়িত নেই। আর থাকলেও এখন কিছু করা যাবে না।

প্রফেসরের বাড়িতে নিয়মিত আসত ওই কাজের মহিলা। যে তাদের সাহায্য করত। কিন্তু তাকেও খুব ভাল করে জেরা করা হয়। ডাবল এজেন্ট কি না, দেখে নিতে। সেখানেও ফল পাওয়া যায়নি।

তারপরে জিয়ানের নজর পড়ে ওই পার্কটায়। যেখানে বসে পায়রাদের খাওয়াতেন প্রফেসর। আর তখনই মেয়েটা চলে আসে জিয়ানের রেডারে। রিপোর্ট অনুযায়ী, প্রফেসর পালিয়ে যাওয়ার দিন চারেক আগে মেয়েটার সঙ্গে শেষ বার কথা বলেন। তার পরে প্রফেসর তিনদিন পার্কে গেলেও মেয়েটা আর আসেনি।

তারমানে ততক্ষণে কনট্যাক্ট হয়ে গিয়েছিল। প্রফেসরের হাতেও নতুন মোবাইল তুলে দেওয়া হয়েছিল। এরপরে চলে চিংয়ের ব্যাকগ্রাউন্ড চেক। মাস আটেক হল বেজিং থেকে শিজিজুয়েং এসেছে চিং। ধরে নেওয়া যেতে পারে, ওই সময়ই চিয়াং ভাইরাসের কথাটা জেনে গিয়েছিল ভারতীয় ইন্টেলিজেন্স। যার পরে প্রফেসরের উপরে নজর রাখতে মেয়েটাকে পাঠানো হয় শিজিজুয়েংয়ে। চিংয়ের মা গুরুতর অসুস্থ। ব্যয়বহুল চিকিৎসা। সেই চিকিৎসা আগে ঠিকমতো হত না। কিন্তু চিং শিজিজুয়েং চলে আসার পর থেকে নির্বিঘ্নে চিকিৎসা হচ্ছে।

অঙ্কটা বুঝতে সমস্যা হল না জিয়ানের। এই রকম খেলা তারাও খেলে। মেয়েটার সঙ্কটের কথা জেনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। কোভিডের সময় অর্থ সাহায্য করে পরিবারকে জীবিত রাখা। তারপরে প্রয়োজনে কাজে লাগানো।

বেশির ভাগ ক্ষেত্রে এই সব এজেন্টের ভাগ্যে যা থাকে, এই মেয়েটারও সেটাই হতে চলেছে। ভয়াবহ মৃত্যু! কাজ উতরে গেলে এরা বাঁচল কী মরল, তাতে কোনও এজেন্সিরই কিছু যায় আসে না।

তবে সবার আগে মেয়েটা যা জানে, সব কিছু নিংড়ে বার করে নিতে হবে। সেই কাজটা খুব তৃপ্তির সঙ্গেই করবে জিয়ান।

ওল্ডেজ হোমটা ছেড়ে তিনটে গাড়ি বেরিয়ে যাওয়ার মিনিট খানেক পরে, বেশ কিছুটা দূরে দোতলা বাড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা একটা লোক মোবাইল বার করল। তারপরে একটা নম্বর ডায়াল করে বলল, ‘অ্যাসেট কম্প্রোমাইজড। প্যাক আপ। ত

বলেই ফোনটা কেটে দিয়ে দ্রুত হাঁটা দিল। তার গলায় ঝোলানো ক্যামেরাটায় ওল্ডেজ হোমের সামনে হওয়া পুরো নাটকটাই লেন্সবন্দি হয়ে গিয়েছে।

.

পরের দিনই চিন ছেড়ে দেশের পথে রওনা দিলেন তিন ভারতীয়। দুতাবাসের বিশেষ ব্যবস্থাপনায়। যাদের মধ্যে এক জনের নাম নায়ার। অন্যজন, তার সঙ্গী। তৃতীয় জন, শিজিজুয়েং-এর মলের ওই সাফাইকর্মী।

জিয়ানের বেশি সময় লাগল না মেয়েটাকে ভাঙতে। এরা কেউ ট্রেন্ড এজেন্ট হয় না। এদের মুখ থেকে কথা বার করতে বেশি সময় লাগে না। ইন্টেলিজেন্সের দুনিয়ায় এদের বলা হয় ‘এক্সপেন্ডবল অ্যাসেটস’। যারা মরে গেলেও কোনও দেশের কোনও ক্ষতি হবে না। কাজটা তো হয়ে গিয়েছে!

তবে চিংয়ের মুখ থেকে কথা বার করে কোনও লাভ হয়নি। মলের ওই ভারতীয় সাফাইকর্মীকে আর খুঁজে পাওয়া যায়নি। বেজিংয়ে যে লোকটা চিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, তার বর্ণনাও দিয়েছিল মেয়েটা। কিন্তু জিয়ান বুঝে গিয়েছিল, এখানেও পাখি উড়ে গিয়েছে। কার্যসিদ্ধি হয়ে যাওয়ার পরে অপারেশন গুটিয়ে নিয়েছে ভারত।

বুঝতে পেরে অক্ষম আক্রোশে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল জিয়ান। বীভৎস এক মৃত্যু উপহার দেয় চিংকে। মেয়েটার মৃতদেহ দেখার পরে শিউরে উঠেছিল পোড়খাওয়া এজেন্টরাও। এমএসএস চিফও চিংয়ের মৃতদেহটা দেখেছিলেন। দেখে মনে হয়েছিল, কোনও মানুষরূপী শয়তান যেন ছিঁড়েখুঁড়ে খেয়েছে মেয়েটাকে।

মানুষ থেকে যেন শয়তানে বদলে গিয়েছিল জিয়ান। এমএসএস চিফ জানে, জিয়ানের শরীরে এই শয়তানটা লুকিয়ে আছে বলেই তাকে এখনও বাঁচিয়ে রাখা হয়েছে। প্রয়োজনে এই শয়তানকে আবার ছেড়ে দেওয়া হবে।

.

আগস্ট। নয়াদিল্লির কোনও এক গোপন আস্তানা।

ভারতে আসার পরে এই বাড়িটা থেকে আর বেরোনো হয়নি প্রফেসর ওয়াং লি-র। এই দেশটায় তিনি আগে আসেননি। তবে ব্যাঙ্ককের বিমান যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেছিল, তা বুঝতে সমস্যা হয়নি প্রফেসরের। তারপরে বিমানবন্দর থেকে তাঁকে সোজা নিয়ে আসা হয় এই বাড়িটাতে।

এখানে আসার পরে আর ওই লোকটাকে দেখতে পাননি প্রফেসর। যে লোকটা নিজের নাম বলেছিল, ভৈরব।

চিন থেকে লুকিয়ে ভারতে আসার এই অভিজ্ঞতা তিনি জীবনে ভুলবেন না। প্রফেসর একটা কথা বুঝেছিলেন, ওই লোকটা না থাকলে তাঁকে বেঁচে আসতে হত না।

বোটে করে নদী পার হয়ে তাঁরা ঢুকে পড়েছিলেন মিউসে। প্রফেসর ভালই জানতেন, নদীর ওপারে কোন শহর বা বলা ভাল, কোন দেশ। নদীর ওপারে অপেক্ষা করে ছিল দু’টো লোক। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বাড়িতে। ভোরবেলা গাড়ি করে বেরিয়ে পড়েন তাঁরা। সীমান্ত শহর টাকিলেকের উদ্দেশে। মিউস থেকে ঘণ্টা আড়াইয়ের মধ্যে পৌঁছে গিয়েছিলেন ওই শহরটায়। তারপরে সেখান থেকে থাইল্যান্ডের ‘মা সাই’ শহরে। এই শহরটা মিয়ানমার সীমান্তের একেবারে গা ঘেঁষে।

অবিশ্বাস্য হলেও সত্যি, সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষেই রয়েছে অনেকের বাড়ি। কাঁটাতারের ফাঁক দিয়ে, মিয়ানমার থেকে থাইল্যান্ডে কারও বাড়ির উঠোনে চলে যাওয়া যায়। সীমান্ত পারাপার করা ওখানে কোনও ব্যাপারই নয়।

আবার কিছু ডলারের হাত বদল। এবং, বেড়ার তলা দিয়ে, এক জনের বাড়ির উঠোন পার করে থাইল্যান্ডে ঢুকে পড়েন প্রফেসর এবং তাঁর সঙ্গী।

মা সাই শহরটা পড়ছে চিয়াং মাইয়ে। চিয়াং মাই থেকে ব্যাঙ্কক মোটামুটি এক রাতের জার্নি। গাড়িতে সেই পথটা পাড়ি দিয়ে ব্যাঙ্কক বিমানবন্দর থেকে যখন ভারতের বিমানে উঠলেন প্রফেসর, তখন তাঁর শরীরে কোনও শক্তিই অবশিষ্ট নেই। প্রফেসরের ভাগ্য ভাল, আর কোনও সমস্যার মুখে পড়তে হয়নি তাঁদের।

কয়েকটা দিন সম্পূর্ণ বিশ্রাম করতে দেওয়া হল প্রফেসরকে। তারপরে তাঁর সঙ্গে দেখা করতে এলেন তিন ভদ্রলোক। প্রফেসর জানলেন না যে এই তিনমূর্তি হলেন— ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজর, র-এর চিফ নিশান্ত অরোরা এবং এনআইএ-র ডিরেক্টর জেনারেল টি সুদর্শন।

ভারতে চলে আসার পরে আর কোনও কিছুই গোপন করার ছিল না। চিয়াং ভাইরাস নিয়ে সব কিছুই খুলে বললেন প্রফেসর। বুঝিয়ে দিলেন, কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ভাইরাস।

‘এর প্রতিষেধকটা আপনি কি তৈরি করতে পারবেন?’ প্রশ্ন ছুড়ে দেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর।

‘এখনও করে উঠতে পারিনি। তবে আমার মাথায় একটা আইডিয়া আছে। মনে হয়, কিছু দিন গবেষণা চালাতে পারলে ভাইরাসের প্রতিষেধক বার করা সম্ভব হবে। এমনকী, অ্যান্টি ভাইরাল ড্রাগও। সে ক্ষেত্রে ভাইরাসটা আক্রমণ করলেও আক্রান্তকে সুস্থ করা যাবে।’

‘চিন্তা করবেন না। আপনার গবেষণার ব্যবস্থা এখানে করে দেওয়া হবে। কয়েকটা দিন যাক।’

প্রফেসর মাথা নাড়লেন। পরের প্রশ্নটা করলেন অরোরা।

‘আমরা খবর পেয়েছি ভারতের বিরুদ্ধে চিন একটা অপারেশন লঞ্চ করবে। যার নাম অপারেশন চিয়াং। এই ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? ‘

একটু সময় চুপ করে রইলেন প্রফেসর। তাঁর মনে পড়ে যাচ্ছিল, এমএসএস চিফের করা প্রশ্নগুলো। একটা লম্বা শ্বাস নিয়ে প্রফেসর জবাব দিলেন, ‘আমার কাছে জানতে চাওয়া হয়েছিল কী ভাবে ভাইরাসটা একটা দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া যেতে পারে।’

ঘরের মধ্যে একটা অস্বাভাবিক নীরবতা নেমে এল। তিন ইন্টেলিজেন্স অফিসার একে অপরের দিকে তাকিয়ে নিলেন। তারপরে সিকিউরিটি অ্যাডভাইসর মুখ খুললেন— ‘ভারতে যদি কোনও ক্যারিয়ার মারফত বা অন্য কোনও ভাবে এই ভাইরাস নিয়ে আসা হয়, তা হলে তার প্রভাব কী রকম হতে পারে?’

‘ভয়ঙ্কর। করোনাভাইরাসের থেকেও বেশি সংক্রামক এই ভাইরাস। দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের শরীরে। আর এক বার ভাইরাস কাজ শুরু করলে, বাঁচার কোনও উপায় থাকবে না।’

কথা শেষ করে মেঝের দিকে মুখ করে বসে রইলেন প্রফেসর। তিন অফিসারও যেন পাথর হয়ে গিয়েছিলেন। তারপরে সুদর্শন কোনওমতে জিজ্ঞেস করলেন-

‘যদি এই ভাইরাস ভারতের বুকে ছড়িয়ে পড়ে, তা হলে বাঁচার কোনও রাস্তাই কি নেই?’

‘এই ভাইরাসের হাত থেকে মানবজাতিকে বাঁচাতে পারে কোনও প্রতিষেধক বা অ্যান্টি ভাইরাল ড্রাগ। যা আমি এখনও তৈরি করতে পারিনি। তবে পারব বলেই বিশ্বাস। ত

স্থাণুবৎ বসে রইলেন চার মূর্তি। সবাই যেন কারও অভিশাপে পাথর হয়ে গিয়েছিল!

.

তিনদিন পরে আবার এসেছিল লোকগুলো। এবার কয়েকটা ছবি নিয়ে। কয়েকটা লোকের ছবি দেখিয়ে প্রশ্ন করেছিল, চিনতে পারেন?

কয়েক জনকে চিনতে পেরেছিলেন প্রফেসর। আর্মি জেনারেল, পলিটব্যুরোর সদস্য এবং এমএসএস চিফকে।

তারপরে আরও কয়েকটা ছবি তুলে দেওয়া হয় প্রফেসরের হাতে। ছবিগুলোর উপরে চোখ বুলিয়ে বিদ্যুৎস্পৃষ্টের মতো সোজা হয়ে বসেন প্রফেসর। একটু দূর থেকে তোলা হলেও বুঝতে অসুবিধে হচ্ছে না, কী ঘটছে। একটা মেয়েকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে।

মেয়েটা চিং!

‘এ তো চিং,’ প্রফেসর প্রায় চেঁচিয়ে উঠলেন, ‘ও-ই তো আপনাদের সঙ্গে আমার যোগাযোগটা করিয়ে দিয়েছিল। কী হয়েছে চিংয়ের?’

‘চিং ধরা পড়ে গিয়েছে।’

বজ্রাহতের মতো বসে রইলেন প্রফেসর

কয়েক মুহূর্তের নীরবতার পরে এক জন জিজ্ঞেস করল, ‘আর কাউকে চিনতে পারলেন?’

যন্ত্রের মতো একটা লোকের ছবির দিকে আঙুল দিয়ে দেখালেন প্রফেসর। ‘এই লোকটাকে আমি বেশ কয়েক বার দেখেছি। এমএসএস চিফের সঙ্গে ছিল। চিফের খুবই ঘনিষ্ঠ।’

জিয়ানের ছবিটার দিকে ভাল করে তাকিয়ে দেখলেন নিশান্ত অরোরা।

.

কয়েকটা দিন এই ভাবেই কেটে গেল। দোতলা বাড়িটাতেই বন্দি হয়ে রইলেন প্রফেসর। তাঁর দেখাশোনা করার জন্য জনাতিনেক লোক আছে। পাহারা দিতে রাখা হয়েছে ছ’জনের টিমকে।

প্রফেসর অধৈর্য হয়ে উঠছিলেন। প্রতিষেধক বানানোর গবেষণাটা শুরু করতে পারছেন না। তাঁর মাথার মধ্যে নানা রকম চিন্তাভাবনা খেলা করতে লেগেছে। নানা ফর্মুলা ভেসে উঠছে, আবার হারিয়ে যাচ্ছে।

একদিন রাতে সেই ডায়েরিটা বার করলেন প্রফেসর। নিজের কিছু নোটের সঙ্গে এই ডায়েরিটাও সঙ্গে করে নিয়ে এসেছিলেন তিনি। তারপরে কয়েকটা ফর্মুলা নোট করে রাখলেন। যাতে ভুলে না যান।

প্রফেসরের অগোচরেই এই সব ফর্মুলার ছবি ক্যামেরা-বন্দি হয়ে চলে যেতে লাগল সঠিক জায়গায়। ভারতীয় বিজ্ঞানীদের কাছে। প্রফেসরের প্রত্যেকটা মুহূর্তের উপরে নজর রাখতে লাগল গোপন ক্যামেরা।

.

তারপরে একদিন এসে হাজির হলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর। এদিন তিনি একাই এসেছিলেন। প্রফেসরের সামনে বসে বললেন, ‘আপনার গবেষণাগার পুরোপুরি তৈরি। কয়েক দিনের মধ্যেই আপনি প্রতিষেধক আর অ্যান্টিভাইারাল ড্রাগ বানানোর

গবেষণা শুরু করতে পারবেন। তবে তার আগে একটা কাজ করতে হবে।’

‘কী কাজ?’

‘প্রেসের সামনে আপনাকে বসিয়ে দেওয়া হবে। আপনি পরিষ্কার জানাবেন এই চিয়াং ভাইরাসের ব্যাপারে। এও জানাবেন, কী ভাবে চিন এই ভাইরাসকে বায়োটেররিজমের অস্ত্র হিসেবে কাজে লাগাতে চায়।’

ধীরে ধীরে সোফা থেকে উঠে পড়লেন প্রফেসর ওয়াং লি। ড্রয়িংরুমটার সামনেই একটা জানলা। সেখানে দাঁড়ালে বাড়ির বাগানটা দেখা যায়। বাগানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রফেসর ওয়াং লি বলে উঠলেন, ‘এই কাজটা আমার পক্ষে করা সম্ভব নয়।’ ‘মানে?’ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন সিকিউরিটি অ্যাডভাইজর, ‘প্রেসের সামনে মুখ খুলবেন না? তা হলে চিনকে আটকাবেন কী করে?’

ঘুরে দাঁড়িয়ে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে প্রফেসর ওয়াং লি বললেন, ‘আমি জানি না, চিন আদৌ এই রকম কিছু করবে কি না। বা করার পরিকল্পনা করেছে কি না। এটা আমার-আপনার ধারণা। এই ধারণার বশে আমি আমার দেশের ভাবমূর্তিতে কালি ছেটাতে পারব না। যে লোকগুলো ক্ষমতায় বসে আছে, আমি তাদের বিরুদ্ধে। কিন্তু দেশকে ভালবাসি। দেশের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারব না আমি।’

একটু থামলেন প্রফেসর। দম নিলেন। তার পরে শান্ত স্বরে বললেন, ‘আমি আপনাদের প্রতিষেধকটা তৈরি করে দেব। পারলে অ্যান্টি ভাইরাল ড্রাগও। কিন্তু এর বাইরে আর কিছু করা সম্ভব নয়।

বিস্ফারিত দৃষ্টিতে প্রফেসর ওয়াং লি-র দিকে তাকিয়ে রইলেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *