সরস গল্পসমগ্র – অজেয় রায়
সংগ্রহ ও সম্পাদনা – অরিন্দম দীঘাল ও সমুদ্র বসু
দে’জ পাবলিশিং
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০২০, মাঘ ১৪২৬
প্রচ্ছদ ও অলংকরণ : রঞ্জন দত্ত
বইটি অসম্পূর্ণ
.
কিশোর সাহিত্যে অজেয় রায়ের অবদান ছিল প্রতিটি ক্ষেত্রে। অ্যাডভেঞ্চার, রহস্য, ভৌতিক কাহিনিতে ওঁর যতটা দক্ষতা ছিল, হাসির রচনার ক্ষেত্রেও সেটা কোনও অংশে কম ছিল না। প্রতিটি জনপ্রিয় কিশোর পত্রিকায় নিয়মিত হাসির গল্প, উপন্যাস লিখেছিলেন তিনি। অ্যাডভেঞ্চার, রহস্য ও অলৌকিক অমনিবাসের পর ওঁর সমস্ত রম্য কাহিনিগুলো এবার দুই মলাটে নিয়ে আসা হল।
.
ভূমিকা
দে’জ পাবলিশিং থেকে ইতিমধ্যেই অজেয় রায়ের ‘রহস্য সমগ্র’, ‘অ্যাডভেঞ্চার সমগ্র’ আর ‘অলৌকিক রোমাঞ্চ সমগ্র’ প্রকাশিত হয়েছে যেখানে দু-মলাটে অজেয় রায়ের রহস্য, অ্যাডভেঞ্চার, ভৌতিক বা রোমাঞ্চকর কাহিনিগুলিকে একত্রে তুলে ধরার একটা প্রয়াস ছিল। তবে অজেয় রায় ছিলেন একজন যথার্থ ভার্সেটাইল লেখক যিনি অ্যাডভেঞ্চার বা রহস্য বা ভৌতিক লেখাতেই থেমে থাকেননি। এর বাইরেও লিখেছেন অসংখ্য হাসির গল্প বা উপন্যাস। এই প্রসঙ্গে প্রথমেই আসা যাক শিব-দেবু সিরিজের কথায়। দুই হরিহর আত্মা। শিবের ভালো নাম শিব দত্ত। বাবা মণিময় দত্ত। শিব ডানপিটে, মাথাগরম । সাধারণত বুদ্ধির চেয়ে হাতের প্রয়োগেই উৎসাহী বেশি। দেবুর ভাল নাম দেবু মজুমদার। বাবার নাম প্রফুল্ল মজুমদার। দেবু শান্ত, কিন্তু বুদ্ধির কৌশলে অনেককেই জব্দ করেছে। দুজনের বয়স ১৩-১৪। গ্রামের নাম কখনো ফুলডাঙা, কখনো বা চন্দনা। তারা দুজনে নানা রহস্যে জড়িয়ে পড়ে ও তার সমাধান করে। এই সিরিজের উপন্যাসগুলির মধ্যে কিশোর ভারতীতে প্রকাশিত ‘গোয়েন্দা মানিকজোড়’ (১৯৮৮) ‘যাত্রা বিভ্ৰাট’ (১৯৯১), ‘দশকপূর্তি উপাখ্যান’ (১৯৯২), ‘উপকারের ফ্যাসাদ’ (১৯৯৩) ইত্যাদি খুবই জনপ্রিয় ছিল। এবারে অজেয় রায়ের এই সংকলনে ওঁর লেখা সমস্ত হাসির উপন্যাস ও গল্পগুলি একত্রিত করে পাঠকের কাছে তুলে দিতে চেষ্টা করেছি। এর বেশিরভাগ গল্পই বর্তমানে অগ্রন্থিত যা পাওয়া গেছে অনেক পুরনো কিশোর ভারতী, সন্দেশ, শুকতারা, আনন্দমেলা বা কোনো লুপ্ত পত্রিকায় ৷
দে’জ পাবলিশিং ও অপু দে-কে সাধুবাদ জানাই এরকম এক অনবদ্য পরিকল্পনার জন্য যেখানে খণ্ডে খণ্ডে অজেয় রায়ের একটা ‘থিম’-এর গল্প-উপন্যাসগুলিকে দুই মলাটে পাঠকের কাছে পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগ আগে কোনো প্রকাশক করেননি। এই সংকলনকে সম্পাদনা করা সম্ভব হয়েছে অপুদার প্রবল উৎসাহ ও অনবরত লেগে থাকার জন্য। এই সংকলনের প্রাথমিক গল্প বাছাই যাঁর সাহায্য ছাড়া সম্ভবপর ছিল না তিনি অর্ণব দাস, ওঁকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালবাসা জানাই। সবশেষে, এই সংকলন আপনাদের সবার ভালো লাগা বা না-লাগার বিচার আপনাদের হাতেই তুলে দেওয়া হল ।
সমুদ্র বসু
অরিন্দম দীঘাল
.
অরিন্দম দীঘাল— পেশায় গিটারিস্ট এবং গিটার শিক্ষক। নেশা-রহস্য ও গোয়েন্দা সাহিত্যের একনিষ্ঠ পাঠক ও সংগ্রাহক। ভীষণভাবে ফুটবল-পাগল মানুষ। ফুটবলের টানে ভারতবর্ষের সব জায়গায় ছুটে বেড়ান। সংকলক হিসেবে কাজ করছেন বেশ কিছু বাংলা বইয়ে। সমুদ্র বসু–পেশা-বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় উচ্চপদে কর্মরত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। নেশা—শিশু ও কিশোর সাহিত্যের গবেষণা ও আর্কাইড তৈরি করা। শুকতারা, কিশোর ভারতী, চির সবুজ লেখা সহ প্রায় সমস্ত শিশু-কিশোর পত্রিকায় নিবন্ধকার হিসেবে সুনাম অর্জন করেছেন। বেশকিছু বইতে সম্পাদনার কাজেও নিযুক্ত আছেন সম্প্রতি।






Leave a Reply