বর্ন সুপৃমেসি – ৯

অধ্যায় ৯

ডাইমলার লিমুজিনটি মঙ্গককের ঘিঞ্জি রাস্তার মধ্যে দিয়ে জায়গা ক’রে এগোচ্ছে। মঙ্গকক একদিক দিয়ে পৃথিবীর আর বাকি সব জায়গা থেকে ভিন্ন, এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ স্থান। আর পুরো জায়গাটিই চীনা লোকজনে ভরে আছে। পশ্চিমা চেহারা এতোই কম দেখা যায় যে, একজন দু’জনের আবির্ভাব হলেই উৎসুক কৌতুহলী দর্শকের ভিড় জমে যায়। কেউ কেউ হাসি ঠাট্টা করতে করতে ঘিরে দাঁড়ায় তো, কেউ কেউ আগ্রাসী মনোভাব নিয়ে চেপে ধরে। সাদা চামড়ার পুরুষ বা মহিলাদেরকে সন্ধ্যার পরে মঙ্গককে আসতে নিরুৎসাহিত করা হয়। এর মূলে বর্ণবাদ নেই, আছে বাস্তবতা। খুব অল্প জায়গাই তাদের হাতে আছে আর যা আছে তা তারা রক্ষা করতে সর্বদা প্রস্তুত। তাদের কাছে পরিবারই সবকিছু। অসংখ্য পরিবারের বাস এই মঙ্গককে। অধিকাংশ পরিবারই থাকে এক রুম আর এক বিছানা বিশিষ্ট বাড়িতে। সাথে হয়তো একটি ব্যালকনি থাকে বড়জোর। কিন্তু মঙ্গকক কোনো গরিব এলাকা নয়। এর রাস্তায় রাস্তায় রাজকীয় উজ্জ্বল রঙের বাহার আর ঝলমলে আলো চুম্বকের মতো আকৃষ্ট করে। বিশাল বিশাল আকারের বিলবোর্ড আর ব্যানার চোখ খুললেই নজরে পড়ে। ক্রেতাদের আকৃষ্ট করার সব চেষ্টাই করে এখানকার ব্যবসায়ী শ্রেণী। মঙ্গককের আকাশে টাকা উড়ে বেড়ায় নিঃশব্দে, যদিও এর অধিকাংশই অবৈধ। মঙ্গককে কোনো অভাব থাকলে তা হলো জায়গার অভাব, যেটুকু জায়গা আছে তার পুরোটাই তাদের, বাইরের কারো নয়, তাই বাইরের লোকদেরকে তারা স্বাগত জানায় না, যদি না সেই লোক তাদেরকে অঢেল অর্থের সন্ধান দিতে পারে। সঠিক জায়গাগুলো চিনলে আর পকেটে যথেষ্ট টাকা থাকলে কোনো সমস্যাই হয় না। ড্রাইভার পাক-ফেই সেই সঠিক জায়গাগুলো চেনে, আর বলাই বাহুল্য জেসন বর্নের পকেটেও টাকার কোনো কমতি নেই।

“আমি এখন থামছি, আমাকে একটা ফোন করতে হবে,” পার্ক করা একটা ট্রাকের পিছনে গাড়ি থামিয়ে বললো পাক-ফেই। “আমি গাড়ির দরজা লক ক’রে যাচ্ছি, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবো।”

“তার কি কোনো দরকার আছে?” প্রশ্ন করলো ওয়েব।

“স্যার, বৃফকেসটা আমার নয়, ওটা আপনার।”

হায় ঈশ্বর, ভাবলো ডেভিড, সে কি বোকার মতোই না বসে আছে! অ্যাটাচি কেসটার কথা সে ভুলেই গিয়েছিলো। তার সাথে অঢেল টাকা, আর এই অর্থ নিয়ে সে নির্দ্বিধায় মঙ্গককে ঢুকে পড়েছে, যেনো সে লাঞ্চ করতে বেরিয়েছে। ড্রাইভার উঠে বেরিয়ে যেতেই শোনা গেলো কানে তালা লাগানো শোরগোল। হঠাৎ করে সবাই যেনো লিমুজিনটির ওপর ঝুঁকে পড়লো। শতজোড়া চোখ জানালা ভেদ ক’রে অদ্ভুতভাবে ওয়েবকে দেখছে। সে কিছু কথা বুঝতে পারলো, যেমন বিন গো আহ্? আর চং মান তুই, যার অর্থ দাঁড়ায় অনেকটা, আপনি কে? নিজেকে তার খাচায় বন্দী কোনো প্রাণীর মতো মনে হচ্ছে, যে কিনা অন্য প্রজাতির একদল হিংস্র প্রাণীর খপ্পরে পড়েছে। সে অ্যাটাচি কেসটি শক্ত ক’রে ধরে সোজা সামনে তাকিয়ে রইলো। হঠাৎ তার ডান দিকের জানালার সামান্য ফাঁক দিয়ে দুটো হাত ঢুকে পড়লে ডেভিড ধীরে ধীরে তার জ্যাকেটের পকেটে রাখা শিকারী ছুরিটির দিকে হাত বাড়াতেই হাত দুটো আবার বাইরে চলে গেলো।

“জাউ!” পাক-ফেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি ক’রে নিজের জন্য পথ তৈরি ক’রে এগিয়ে এসে চেঁচিয়ে বললো। “ইনি একজন বিশিষ্ট তাইপান আর রাস্তার মাথা থেকে পুলিশ এসে তোদের ধরে গরম তেল ঢালবে যদি তোরা বিরক্ত করিস! ভাগ এখান থেকে, ভাগ!” সে দরজা খুলে লাফিয়ে হুইলের পেছনে বসেই দরজা বন্ধ করে ইঞ্জিনে স্টার্ট দিলে ডাইমলারটি আবার চলতে শুরু করলো সংকীর্ণ পথ দিয়ে।

“আমরা যাচ্ছিটা কোথায়?” চেঁচিয়ে উঠলো ওয়েব। “আমি ভেবেছিলাম আমরা এসে গেছি!”

“যার সাথে আপনি ডিল করবেন সে তার ব্যবসা অন্য জায়গায় সরিয়ে ফেলেছে, একদিক থেকে এটা ভালোই হয়েছে, কারণ মঙ্গককের এ জায়গাগুলো ঠিক নিরাপদ নয়।”

“তোমার প্রথমেই ফোন ক’রে জেনে নেয়া উচিত ছিলো। জায়গাটা আসলেই ভালো না।”

“আপনি আমাকে ভুল বুঝছেন, স্যার,” পাক-ফেই গাড়ির রিয়ার-ভিউ মিরর দিয়ে ডেভিডের দিকে তাকালো। “এতোক্ষণে আমরা নিশ্চিত হতে পেরেছি যে, আপনাকে কেউ অনুসরণ করছে না। তার মানে, আপনাকে যেখানে নিয়ে যেতে চাইছি, সেখানেও কেউ আমাদেরকে অনুসরণ করবে না।”

“তুমি কি বলতে চাইছো?”

“আপনি ব্যাংকে ঢুকেছিলেন খালি হাতে, আর বের হলেন ওই বৃফকেসটা নিয়ে।”

“তো?” ওয়েব ড্রাইভারের চোখের দিকে তাকালো।

“আপনি সাথে কোনো গার্ডও নেন নি, ওখানে অনেক আজে বাজে লোক থাকে যারা আপনার মতো লোকদের ওপরে নজর রাখে, স্যার। এসব আজে বাজে লোক ব্যাংকের ভেতরে এবং বাইরেই থাকে। তাছাড়া দিনকাল খারাপ, তাই একটু সাবধানতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ।

“তো তুমি নিশ্চিত এখন কেউ অনুসরণ করছে না।”

“ওহ্, না, স্যার!” পাক-ফেই’র মুখে হাসি। “কোনো গাড়ি যদি আমাদের অনুসরণ করতো তাহলে মঙ্গককের রাস্তায় তাদেরকে আমি অবশ্যই দেখতে পেতাম।”

“তার মানে তুমি আসলে কোনো ফোন করতে বের হও নি।”

“ওহ্ না, ফোন আমাকে করতেই হয়েছে, স্যার। এ ধরণের ডিলের আগে ফোনে যোগাযোগ করাটা ভালো, কিন্তু সেটা খুব দ্রুত সেরেছি, তারপর আমি আমার টুপি খুলে বেশ কয়েকবার ফুটপাত ধরে হেটে দেখেছি, কিন্তু কোনো সন্দেহজনক গাড়ি কিংবা কোনো সন্দেহজনক যাত্রি আমি দেখি নি। এখন আপনাকে আমি একজন অস্ত্র ব্যবসায়ীর কাছে নিয়ে যাবো, একদম নিশ্চিন্তে।”

“আমি বেশ স্বস্তি পাচ্ছি,” বললো ডেভিড। সে মনে মনে ভাবলো, জেসন বর্ন নিশ্চয়ই কিছুক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিলো, না হলে তারও এ বিষয়টি নিয়ে চিন্তিত হওয়া উচিত ছিলো। কেউ অনুসরণ করুক আর নাই করুক, বিপদ তো আসতেই পারতো।

মঙ্গককের ঘিঞ্জি আর জনাকীর্ণ রাস্তা পার হয়ে তাদের গাড়ি বেশ কিছু দূর এগিয়ে এসেছে। ওয়েব এখন ভিক্টোরিয়া হার্বারের পানি দেখতে পাচ্ছে। পাক-ফেই একটি একতলা গুদাম ঘরের প্রবেশ পথের দিকে গাড়ি ঘুরালো। ভেতরে বেশ অনেকটা ফাঁকা জায়গা, সেখানে মাত্র দুটো গাড়ি চোখে পড়ছে। গেটটা বন্ধ হয়ে গেলে একজন গার্ড ছোটো কাঁচ-ঘরের অফিস থেকে বের হয়ে এলো। গার্ডের হাতে একটি ক্লিপবোর্ড, সে লিস্টের নামগুলোর দেখে নিচ্ছে।

“আমার নাম লিস্টে পাওয়া যাবে না,” চাইনিজ ভাষায় বললো পাক-ফেই। “মি: ইয়ু সং’কে জানাও রিজেন্ট নাম্বার ফাইভ এসেছে, তার সাথে একজন বিশিষ্ট তাইপানও এসেছেন। তিনি দেখে খুশি হবেন।” গার্ড মাথা দুলিয়ে চোখ কুঁচকে একনজর বিশিষ্ট তাইপানকে দেখে টেলিফোনের কাছে ছুটে গেলো।

“স্যার, আপনি ভুল বুঝবেন না,” বললো পাক-ফেই। “আমি যে আমার হোটেলের নাম এখানে ব্যবহার করলাম তার সাথে হোটেলের কোনো ফর্মূলাই নেই। সত্যি কথা বলতে কি, মি: লিয়াঙ্গ বা তার সমপর্যায়ের কেউ যদি জানে যে, আমি এ জায়গায় হোটেলের নাম ব্যবহার ক’রে নিজের পরিচয় দিয়েছি তাহলে আমার চাকরি চলে যাবে।’

“আমি কাউকে এ ব্যাপারে কিছু বলবো না,” মনে মনে হেসে ডেভিড বললো। হোয়াইট ওয়াশ করা গুদাম ঘরটির চারদিকে অনেকগুলো কেস রাখা, প্রতিটিই কাপড় দিয়ে ঢাকা। সাধারণত সব গুদাম ঘরেই এরকম বাক্সগুলো কাপড় বা পর্দা দিয়ে ঢাকা থাকে আর এসবের ভেতরে থাকে ব্যবসা সংশ্লিষ্ট দ্রব্য। এখানে একমাত্র ব্যতিক্রম হলো বাক্সগুলোর ভেতরে কোনো সাধারণ দ্রব্য রাখা নেই, আছে বিভিন্ন ধরণের মারণাস্ত্র আর বিস্ফোরক। সবচেয়ে ছোটো ক্যালিবার হ্যান্ডগান আর রাইফেল থেকে শুরু করে সবচে জটিল আধুনিক যুদ্ধ সরঞ্জাম, হাজার রাউন্ড ছুড়তে পারে এমন অটোমেটিক মেশিন গান, আর লেজার গাইডেড রকেট লঞ্চারও এখানে আছে। দু’জন বিজনেস সুট পরা গার্ড দাঁড়িয়ে আছে, একজন রুমের বাইরের প্রবেশ পথে, আরেকজন রুমের ভেতরে। যেমনটা আশা করা হয়েছিলো, বাইরের গার্ডটি প্রথমে ক্ষমা প্রার্থনা করে সামান্য ঝুঁকে একটা স্ক্যানার নিয়ে ডেভিড এবং তার ড্রাইভারের শরীর তল্লাশি করলো। তারপর সে অ্যাটাচি কেসটার দিকে এগোলো। ডেভিড অ্যাটাচি কেসটা হাতে তুলে নিয়ে মাথা নেড়ে স্ক্যানারটির দিকে ইঙ্গিত করলে গার্ড তার অ্যাটাচি কেসের উপর দিয়ে স্ক্যানারটি ধরে দেখলো।

“ব্যক্তিগত কাগজ পত্র,” চাইনীজে বললো ওয়েব, তারপর ঘরের ভেতরে ঢুকে পড়লো সে।

সে যা দেখলো তা বুঝতে ডেভিডের প্রায় এক মিনিট লাগলো। তারপরেও সে ভালো ক’রে সবটা বুঝতে পারলো না। দেয়ালের চারদিকে বিশাল আকারে ইংলিশ, ফ্রেঞ্চ এবং চাইনীজ ভাষায় ‘নো স্মোকিং’ সাইন লেখা রয়েছে। সে অ্যাটাচি কেসটা হাতে নিয়ে ছোটো অস্ত্রগুলোর ডিসপ্লের কাছে এগিয়ে গেলো।

“হুয়ানিঙ্গ!” চেঁচিয়ে উঠলো একটি কণ্ঠস্বর, আর সঙ্গে সঙ্গে একজন স্বল্পবয়সী লোকের আবির্ভাব ঘটলো। লোকটা এমন একটা ইউরোপিয়ান সুট পরে আছে যাতে কাঁধ চওড়া আর কোমর চিকন দেখায়।

“ইনি মি: উ সঙ, স্যার,” প্রথমে লোকটির দিকে এবং পরে ডেভিডের দিকে একবার ঝুঁকে পাক-ফেই বললো। “আপনার নাম না বললেও চলবে, স্যার।”

“বু!” অস্ত্র ব্যবসায়ী ডেভিডের অ্যাটাচির দিকে ইঙ্গিত করে বললো। “বু জিঙ্গ ইয়া!”

“আপনার ক্লায়েট, স্যার, ইনি চাইনীজ ভাষা জানেন,” ড্রাইভার ডেভিডের দিকে ঘুরলো। “স্যার, আপনি তো শুনলেনই, মি: সঙ আপনার বৃফকেস সঙ্গে রাখাতে আপত্তি করছেন।”

“এটা আমার হাত থেকে কোথাও যাবে না,” বললো ডেভিড।

“তাহলে কোনো লেনদেনেরও প্রশ্ন ওঠে না,” নিঁখুত ইংরেজিতে বললো উ সঙ।

“কেন? আপনার লোক এটা চেক করে দেখেছে। এর ভেতরে কোনো অস্ত্র নেই। আর যদি থাকেও তাহলে এটা খুলে অস্ত্র বের করার আগেই আমি মেঝেতে লুটিয়ে পড়বো।”

“প্লাস্টিক?” বললো উ সঙ। “কথা রেকর্ড করার জন্যে তৈরি প্লাস্টিক মাইক্রোফোন আছে যাতে মেটালের পরিমাণ এতো কম থাকে যে, তা স্ক্যানারে ধরা পড়ে না।”

“আপনি একজন সন্দেহবাতিক লোক।”

“যেমনটা আপনার দেশের লোকেরা বলে থাকে, দেশ থেকে এই অভ্যাসটিও সঙ্গে করে নিয়ে এসেছেন দেখছি।”

“আপনার ইংরেজিতে বেশ ভালো আর যথেষ্ট উন্নত।”

“কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছিলাম, ব্যাচ সেভেনটি-থ্।”

“মেজর করেছিলেন কি অস্ত্রশস্ত্রের উপর?”

“না, মার্কেটিংয়ে।”

“আইয়া!” আর্তনাদ ক’রে উঠলো পাক-ফেই, কিন্তু ততোক্ষণে দেরি হয়ে গেছে। ওয়েব আর উ সঙের এই ছোট্ট কথপোকথনের মধ্যে কয়েকজন গার্ড রুমের ভেতর ঢুকে ড্রাইভারের আর ডেভিডের ওপর ঝাঁপিয়ে পড়লো।

জেসন বর্ন দ্রুত সরে গিয়ে তার আক্রমণকারীর হাতটি ধরে ঘুরিয়ে ফেললো। তারপর এক ঝটকায় সেটা উল্টো দিকে মোচড় দিয়ে লোকটিকে বাধ্য করলো মেঝেতে শুইয়ে পড়তে। এরপর তার মাথায় এ্যাটাচি কেসটা দিয়ে সজোরে আঘাত করলো সে। বর্নের এই সব কৌশলগুলো আবার ফিরে আসতে শুরু করেছে। লোকটি মেঝেতে পরে অজ্ঞান হয়ে গেলো। এটা দেখে তার সঙ্গী রেগেমেগে ড্রাইভারকে মেঝেতে ফেলে দিয়ে ওয়েবের দিকে ছুটে এলো।

ওয়েব অ্যাটাচি কেসটা নামিয়ে রেখে আচমকা সরে দাঁড়িয়ে ডান পাটা তুলে ছুটে আসা লোকটির তলপেটে লাথি বসালো। লোকটি কুঁজো হয়ে চিৎকার করতে লাগলো। ওয়েব সঙ্গে সঙ্গে তাকে আরেকটা লাথি মেরে মেঝেতে ফেলে দিয়ে তার জুতোর ডগা দিয়ে লোকটির থুতনির ঠিক নীচে গলাটা চেপে ধরলো। ঠিক মতো শ্বাস নিতে পারছে না লোকটি, সে একহাত দিয়ে তার তলপেট ধরে অন্য হাত দিয়ে তার গলা বাঁচানোর চেষ্টা ক’রে যাচ্ছে। প্রথম গার্ডটি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে; বর্ন দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে তার বুকে হাটু দিয়ে সজোরে আঘাত করলে গার্ডটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়লো একটা ডিসপ্লে কেসের নীচে। সোনেই সে অজ্ঞান হয়ে পড়ে থাকলো।

স্বল্পবয়সী সেই অস্ত্র ব্যবসায়ী হতভম্ব হয়ে গেছে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না সে, যা দেখেছে তা তার কল্পনার সীমাকে ছাড়িয়ে গেছে যেনো। প্রথম দিকে সে আশা করেছিলো তার গার্ডগুলো ঠিকই ঘুরে দাঁড়াবে, পুরো ব্যাপারটা ভালোভাবে সামলে নেবে। কিন্তু হঠাৎ ক’রে তার উপলব্ধি হলো সেটা হয়তো আর সম্ভব হবে না, ভীতসন্ত্রস্ত হয়ে সে দৌড়ে প্যানেল দরজাটির দিকে এগিয়ে গেলো, কিন্তু ওয়েব খুব সহজেই তাকে ধরে ফেললো। পেছন থেকে তার কাঁধ ধরে জোরে টান দিয়ে ছেড়ে দিলে উ সঙ ঘুরতে ঘুরতে মেঝেতে ছিটকে পড়লো। একবার দাঁড়ানোর চেষ্টা করলেও শেষপর্যন্ত পড়েই গেলো। দু’হাত জড়ো করে ক্ষমা চাইতে আরম্ভ করলো সে।

“দয়া ক’রে থামুন! আমাকে মারবেন না! আমি অসুস্থ হয়ে যাই! আপনার যা দরকার আপনি নিতে পারেন!”

“মারলে কি হয়ে যান?”

“বললোাম তো, অসুস্থ হয়ে যাই।”

“আপনি এসব করলেন কেন?” প্রশ্ন করলো ডেভিড।

“কাস্টমারদের দাবি পূরণ করাই আমার কাজ, আর কিছু না। আপনার যা যা দরকার নিয়ে যান, কিন্তু প্লিজ, আমাকে মারবেন না।”

ওয়েব ড্রাইভারের দিকে এগিয়ে গেলো, সে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। সারাটা মুখ বেয়ে রক্ত পড়ছে তার।

“আমি যা নেবো তার জন্যে উপযুক্ত দামও দেবো,” অস্ত্র ব্যবসায়ীকে বললো ওয়েব। এক হাত বাড়িয়ে দিয়ে ড্রাইভারকে উঠতে সাহায্য করলো সে। “তুমি ঠিক আছো তো?”

“আপনাকে অনেকট কষ্ট পেতে হলো, স্যার,” জবাব দিলো পাক-ফেই, তার হাত কাঁপছে, চোখে ভয়ের ছাপ।

“তোমার কোনো দোষ নেই, উ সঙ সেটা জানে, তাই না উ?”

“কিন্তু আমিই তো আপনাকে এখানে এনেছি,” জোর দিয়ে বললো ড্রাইভার।

“কিছু জিনিস কেনার জন্যে,” সাথে যোগ করলো ডেভিড। “তাই যা হয়েছে ভুলে যাও, আর এখনই এই দু’জনকে বেঁধে ফেলো। পর্দাগুলো কাজে লাগাও। সেগুলোকে ছিড়ে চিকন ক’রে দড়ি হিসেবে ব্যবহার করো।”

পাক-ফেই একবার উ সঙের দিকে তাকালো। “আরে মহান খৃস্টান, সে যা বলছে তাই করো,” আর্তনাদ করলো উ সঙ। “তা না হলে সে আমাকে পেটানো শুরু করবে! পর্দাগুলো নিয়ে ওদেরকে বেঁধে ফেলো বোকাচোদা কোথাকার।”

প্রায় মিনিট তিনেক পরে ওয়েব তার হাতে দেখতে অদ্ভুত একটি আগ্নেয়াস্ত্র তুলে নিলো, ভারি কিন্তু বড় নয়। অত্যাধুনিক অস্ত্র, সামনে লাগানো সিলিন্ডারটি সাইলেন্সার হিসেবে কাজ করে, গুলি করলে শুধু ভোতা একটা শব্দ হবে, আর কিছু না। অল্প দূরত্বে এর নিশানা নিখুঁত। নয় রাউন্ড গুলি আঁটে এটাতে, মুহূর্তের মধ্যে ক্লিপ লাগানো এবং খোলা যায়। গুলি করার ক্ষমতা একটি ম্যাগনাম ৩৫৭-এর সমান, ওজন মাত্র কোল্ট ৪৫-এর মতো। “অসাধারণ,” হাত বাঁধা গার্ডগুলোর দিকে তাকিয়ে বললো ওয়েব।

“এটা কে ডিজাইন করেছে? কোথায় তৈরি হয়েছে?”

“বৃস্টলের একজন লোক। সে বুঝতে পেরেছিলো যে কোম্পানির হয়ে সে কাজ করে তারা তাকে কখনও এই অস্ত্রের যথার্থ মূল্য দেবে না। তাই সে আন্তর্জাতিক চোরা বাজারে এটা বিক্রি করে দিয়েছে।”

“আপনার কাছে?”

“না, আমি ইনভেস্ট করি না, আমার কাজ বিক্রি করা, কনসাইনমেন্ট হিসেবে মাল নিয়ে থাকি।”

“ওহ্, ভুলে গিয়েছিলাম, আপনার কাজ তো শুধু ক্লায়েন্টদের দাবি পূরণ করা।”

“একদম ঠিক।”

“তা তুমি কাকে টাকা দাও?”

“সিঙ্গাপুরের একটি অ্যাকাউন্টে আমাকে টাকা পাঠাতে হয়, তাছাড়া আর কিছু জানি না। আমি সুরক্ষিত। আমার কোনো বিপদ হবে না।”

“বুঝলাম। এটার দাম কতো?”

“নিয়ে নিন, আমার পক্ষ থেকে গিফ্ট হিসেবে নিন।”

“আপনি নোংরা, আর আমি নোংরা লোকদের কাছ থেকে গিফ্ট নেই না।”

উ সঙ ঢোক গিললো। “লিস্টে এর দাম ধরা হয়েছে ৮০০ আমেরিকান ডলার।”

ওয়েব তার বাম পকেট থেকে মানিব্যাগ বের ক’রে আটটি ১০০ ডলারের নোট গুণে অস্ত্র ব্যবসায়ীর হাতে তুলে দিলো। “পুরো দাম চুকিয়ে দিলাম,” বললো ডেভিড। এরপর পাক-ফেইর দিকে ঘুরলো। “একে বেঁধে ফেলো। কোনো চিন্তা কোরো না, বেঁধে ফেলো!”

“যেমনটা বলছে তেমনটা কর্, ইডিয়েট।

“তারপর এই তিনজনকে বাইরে নিয়ে যাও। বিল্ডিংয়ের যেখানে গাড়িটা রাখা আছে সেদিকে।”

“জলদি করো!” আর্তনাদ করলো সং। “সে রেগে যাচ্ছে!”

চার মিনিট পরে উ সঙ আর তার গার্ড দু’জন হেলতে দুলতে দরজার বাইরে দুপুরের কড়া রোদের মধ্যে বের হলো, ভিক্টোরিয়া হার্বারের পানিতে সেই আলো প্রতিফলিত হয়ে তাদের চোখে লাগছে। তাদের হাটু আর হাত পর্দার ছেড়া কাপড় দিয়ে বাধা, যে কারণে তারা ঠিকমতো হাটতে পারছে না। যাতে কোনো শব্দ না করতে পারে তাই গার্ড দু’জনের মুখে কাপড়ও গুজে দেয়া হয়েছে। উ সঙের মুখ বাধার দরকার পড়ে নি, কারণ সে এতোই ভয় পেয়েছে যে মুখ খুলতে পারবে না।

রুমে একা ডেভিড, হাত থেকে অ্যাটাচি কেসটা নামিয়ে রেখে ডিসপ্লেগুলোর সামনে দিয়ে দ্রুত হাটতে লাগলো আর ডিসপ্লেগুলো পড়তে পড়তে এগোলো। অবশেষে যা খুঁজছিলো সেটা পেয়ে গেলো সে। তার আগ্নেয়াস্ত্রটির হাতল দিয়ে বাড়ি মেরে তালাটি ভাঙলো। ভেতরে আছে টাইমার গ্রেনেড, একেকটা ২০পাউন্ড বোমার সমান কাজ করতে পারে।

সে ছয়টি গ্রেনেড বের করে প্রত্যেকটির ব্যাটারির চার্জ চেক্ করলো। কিন্তু সে এসব কিভাবে করতে পারছে? সে কিভাবে জানে কোথায় কি দেখতে হয়, কি টিপতে হয়? যেভাবেই জানুক না কেন, সে জানে। হাত ঘড়িতে সময় দেখে নিলো ডেভিড। প্রত্যেকটি গ্রেনেডের টাইমার ঠিক করে দৌড়ে প্রত্যেকটি ডিসপ্লে কেসের উপর একটি ক’রে গ্রেনেড ফেলতে লাগলো। তার হাতে একটি গ্রেনেড আছে, সামনে বাকি আছে দুটো ডিসপ্লে কেস। তারপর হঠাৎ সে উপরে তাকিয়ে ‘নো স্মোকিং’ সাইনটা দেখে সন্দেহের দানা বাঁধলো। যে প্যানেল ডোর দিয়ে উ সঙ ঢুকেছিলো সেটার দিকে এগিয়ে গেলো সে। দরজা খুলতেই যেমনটা সন্দেহ করেছিলো ঠিক তেমনটা দেখতে পেলো——একটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ। তার হাতের শেষ গ্রেনেডটি সেখানে ছুড়ে মারলো।

ওয়েব আবার তার ঘড়ি দেখলো, অ্যাটাচি কেসটা হাতে তুলে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে এলো সে। পার্কা করা ডাইমলার গাড়িটির দিকে এগোতে লাগলো যেখানে পাক-ফেই বন্দীদের কাছে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কিছু বলে চলেছে।

“এদেরকে ওদিকে নিয়ে যাও,” ওয়েব নির্দেশ দিলো, হার্বারের দিকে পানি থেকে সামান্য উপরের একটি পাথরের দেয়ালের দিকে ইঙ্গিত ক’রে বললে উ সঙ ওয়েবের দিকে তাকালো।

“কে আপনি?” সে জিজ্ঞেস করলো।

“সময় হয়ে গেছে।” ওয়েব আবার তার ঘড়ির দিকে তাকিয়ে অস্ত্র ব্যবসায়ীর দিকে এগিয়ে গেলো। উ সঙকে টেনে একটু পাশে নিয়ে এলো যাতে পাশের কেউ তাঁদের কথা শুনতে না পায়।

“আমি জেসন বর্ন,” নির্বিকারভাবে কথাটা বললো ডেভিড।

‘জেসন ব-!” প্রাচ্যদেশীয় লোকটি কথাটা শেষ করতে পারলো না, ফুটো থেকে হাওয়া বের হয়ে গেলে বেলুন যেভাবে চুপসে যায় তার মুখও সেভাবে চুপসে গেলো।

“আর যদি প্রতিশোধ নেয়ার জন্য আপনি অন্য কারো, যেমন আমার ড্রাইভারের ক্ষতি করেন, তাহলে আমি আবার ফিরে আসবো, আর আমি জানি আপনাকে কোথায় পাওয়া যাবে।” এক নিঃশ্বাসে ওয়েব কথাগুলো বলে একটু থেমে আবার বলতে শুরু করলো। “আপনি সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি, উ। আপনার কিছু দায়িত্বও আছে। নিশ্চয়ই আপনাকে কিছু প্রশ্ন করা হবে, কিন্তু একেবারে মিথ্যে বলতে হবে না। যদিও আমার মনে হয় আপনি বেশ ভালো মিথ্যে বলতে পারেন। যদি বলেন আমাদের সামনাসামনি দেখা হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। যদি বলেন আমি আপনার জিনিস চুরি করেছি, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু যদি আমার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন, তাহলে ফলটা ভালো হবে না, বেঘোরে প্রাণ হারাবেন।”

উ সঙ বরফের মতো জমে গেলো, সে তাকিয়ে আছে ওয়েবের দিকে, তার নীচের ঠোট কাঁপছে। ডেভিড এবার পাক-ফেই আর গার্ড দু’জনের দিকে ঘুরলো। “যেমনটা তোমাকে বলছি তেমন করো, পাক-ফেই,” বললো সে। “এদেরকে দেয়ালের কাছে নিয়ে যাও, আর বলো নীচু হয়ে মাটিতে শুয়ে পড়তে। আরো বলবে তাদের দিকে পেছন থেকে বন্দুক তাক্ ক’রে আছি আমি। যতোক্ষণ না আমরা গাড়ি ড্রাইভ ক’রে গেটের দিকে যাচ্ছি ওরা যেনো না ওঠার চেষ্টা করে।”

ড্রাইভার অনিচ্ছা সত্ত্বেও চাইনীজ ভাষায় বন্দী তিনজনকে নির্দেশ দিতে বাধ্য হলো। উ সঙ সবার আগে হাটতে শুরু করলো। ওয়েব ডাইমলার গাড়ির ভেতর উঁকি মেরে দেখে পাক-ফেই’কে চিৎকার ক’রে বললো, “চাবিগুলো ছুড়ে দাও! জলদি!”

ডেভিড শূন্যে ছুড়ে দেয়া চাবিগুলো খপ্ ক’রে ধরে সাথে সাথে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন চালু করলে দিলো। উ সঙ আর তার গার্ড দু’জন মাটিতে উপুড় হয়ে শুয়ে আছে। ডেভিড ইঞ্জিন চালু রেখে গাড়ি থেকে বের হয়ে এলো। সে গাড়ির পেছন দিয়ে দৌড়ে ড্রাইভারের পাশের ফ্রন্ট সিটের দরজার কাছে আসলো। তার হাতে রয়েছে সদ্য কেনা সাইলেন্সার লাগানো নতুন অস্ত্রটি।

“ভেতরে ঢোকো, গাড়ি চালাও!” পাক-ফেইকে চিৎকার ক’রে বললো সে। “জলদি করো।”

ড্রাইভার দ্রুত গাড়ির ভেতরে ঢুকে পড়লে ডেভিড বন্দীদের থেকে অল্প দূরে পর পর তিনটি গুলি করলো, ফলে রাস্তার থেকে কিছু সিমেন্ট ছিটকে তাদের গায়ে লাগলো। এতেই কাজ হলো; তিনজনই ভয়ে গড়াগড়ি ক’রে দেয়ালটির আরো কাছে চলে গেলে সামনের সিটে বসলো ওয়েব।

“চলো!” সে কথাটা বলে শেষবারের মতো হাত ঘড়িতে সময় দেখে নিলো, তার অস্ত্র এখনও জানালার বাইরে বন্দী তিনজনের দিকে তাক্ করা আছে।

ডাইমলারটি ছুটে বের হয়ে ডান দিকে মোড় নিয়ে মঙ্গককের ডুয়াল লেন হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটে চললো।

“গতি কমাও!” ডেভিড আদেশ করলো। “রাস্তার পাশে বালুর ওপরে পার্ক করো।”

“এ রাস্তার ড্রাইভারগুলো পাগল, স্যার। ওরা প্রচণ্ড জোরে ছোটে, কারণ ওরা জানে কিছু দূর গেলেই ওদের গাড়ি আর সহজে নড়বে না। এ রাস্তায় একবার নেমে পড়লে ফেরা খুব কঠিন হয়ে পড়ে।”

“আমার কেন জানি মনে হচ্ছে এমনটা হবে না।”

ঠিক তখনই এটা ঘটলো। এক এক করে শোনা গেলো বিস্ফোরণের শব্দগুলো। তিন, চার, পাঁচ… ছয়। ধ্বংস হয়ে গেলো সেই গুদাম ঘরটি, আগুনের শিখা আর কালো ধোঁয়ার কুণ্ডলী এলাকার যানবাহনগুলোর স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করলো।

“এটা আপনার কাজ?” আর্তনাদ করে উঠলো পাক-ফেই, তার মুখ হা হয়ে গেছে, চোখ কোটর ঠিকরে বেরিয়ে আসতে চাইছে যেনো।

“আমি তো সেখানেই ছিলাম, নাকি!”

“আমরা সেখানে ছিলাম, স্যার! আমার খবর আছে! আইয়া!”

“না পাক-ফেই, তোমার কিছুই হবে না,” বললো ডেভিড। “তোমার নিরাপত্তার বিষয়টি আমি নিশ্চিত করেছি, আমার ওপর আস্থা রাখো। উ সঙ আর কখনও তোমাকে দেখাই দেবে না। আমার মনে হয় সে পৃথিবীর অন্য প্রান্তে চলে যাবে, হয়তো ইরানে গিয়ে মোল্লাদেরকে মার্কেটিং পড়াবে। তাছাড়া আর কী করার আছে তার।”

“কিন্তু কেন? আপনি এতো নিশ্চিন্ত হচ্ছেন কিভাবে, স্যার?”

“সে একেবারে শেষ হয়ে গেছে। ‘কনসাইনমেন্ট’ নিয়ে ব্যবসা করতো সে, যার মানে হচ্ছে মাল বিক্রি হলে তাকে টাকা পরিশোধ করতে হয়। বুঝতে পারছো?”

“কিছুটা, স্যার।”

“তার আর কোনো মালই অবশিষ্ট নেই, কিন্তু এগুলো তো সে বিক্রি করতে পারে নি।”

“স্যার?”

“তার প্যানেল ডোর দিয়ে ভেতরে গেলে ডিনামাইট আর প্লাস্টিক বিস্ফোরকের সংগ্রহশালা দেখতে পাই। জিনিসগুলো পুরনো ব’লে সে ডিসপ্লেতে রাখে নি।”

“স্যার?”

“আমার কাছে কোনো সিগারেট নেই। পাক-ফেই, আমাকে এখনই কাউলুনে ফিরতে হবে।”

গাড়িটি সিম শা সুই’র ভেতর ঢুকতেই ওয়েবের চিন্তায় ছেদ পড়লো, কারণ ড্রাইভার পাক-ফেই বারবার তার দিকে তাকাচ্ছে।

“কি হয়েছে?” সে প্রশ্ন করলো।

“আমি ঠিক বুঝতে পারছি না, স্যার? শুধু বুঝতে পারছি আম প্রচণ্ড ভয় পেয়েছি।”

“আমি যা বললোাম তা তোমার বিশ্বাস হয় নি, তাই তো? তোমার ভয় পাওয়ার কিছু নেই!”

“ব্যাপারটা তা নয়, স্যার। আমি আপনাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি, কারণ আমি নিজ চোখে দেখেছি আপনি কি করতে পারেন, আর আমি উ সঙের চেহারাও দেখেছি যখন আপনি তার সাথে কথা বলছিলেন। আমার মনে হয় আমি আপনাকে ভয় পাচ্ছি যদিও আমার আপনাকে ভয় পাওয়া উচিত নয় কারণ আপনি আমাকে রক্ষা করেছেন। কিন্তু উ সঙের চোখ দুটোকে আমি ভুলতে পারছি না। সেখানে ছিলো শুধু ভয়, মৃত্যুর ভয়। আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে।

“এতো ভেবো না,” তার নিজের পকেট থেকে ম্যানিব্যাগ বের করতে করতে বললো ডেভিড। “তুমি কি বিবাহিত, পাক-ফেই? কিংবা তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? অথবা বয়ফ্রেন্ড? মানে সেরকম কিছু?”

“আমি বিবাহিত, স্যার। আমার দুটো সন্তান আছে, যারা বেশ ভালোই কাজ করছে। তারা আমাদের সাহায্য করে।”

“খুব ভালো। বাড়িতে যাও, তোমার স্ত্রীকে, চাইলে সন্তানদেরকেও তুলে নাও, পাক-ফেই। তাদেরকে এই গাড়িতে নিয়ে নতুন কোনো এলাকায় চলে যাও, অনেক মাইল পাড়ি দাও। তুয়েন মুন বা ইউয়েন সঙ-এ থেমে ভালো খাবার খেয়ে নেবে, তারপর আরো কিছুক্ষণ ড্রাইভ করবে। তাদেরকে নিয়ে এই গাড়িতে ফূর্তি করো।”

“স্যার?”

“একজন ঝিয়াও জিন,” হাতে টাকা নিয়ে বললো ওয়েব। “ইংরেজিতে আমরা বলে থাকি নির্দোষ মিথ্যা যা বললে কারো কোনো ক্ষতি হয় না। আসলে আমি চাই এই গাড়ির মাইলেজ এমন হোক যা থেকে প্রমাণ হয় যে, তুমি সারা দিন আর সারা রাত আমাকে নিয়ে কিছু নির্দিষ্ট জায়গায় ঘুরেছো।”

“কোন্ কোন্ জায়গায়?”

“তুমি মিঃ ক্রুয়েটকে নিয়ে প্রথমে লো ইয়ু’তে যাও, তারপর পাহাড়ি পথ ধরে লোক মা চউতে গিয়েছো।”

“গুগুলো তো সব চেকপোস্টের জায়গা।”

“হ্যাঁ, আমি জানি,” ডেভিড সম্মতি জানিয়ে তিনটি ১০০ ডলারের নোট বের করলো। “তোমার এসব মনে থাকবে তো? মাইলেজের ব্যাপারটি ঠিকমতো সামলাতে পারবে?”

“অবশ্যই, স্যার।”

ওয়েব আরো একটি ১০০ ডলারের নোট বের করলো। “আর তুমি কি এটা বলতে পারবে আমি লোক মা চউ’তে গাড়ি থেকে নেমে প্রায় ঘণ্টাখানেক সেখানকার পাহাড়ি পথে হেটে বেড়িয়েছি।”

“যদি চান তো বলবো দশ ঘণ্টা হেটে বেড়িয়েছেন।”

“এক ঘণ্টার কথা বললেই হবে।” ডেভিড ৪০০ ডলার ড্রাইভারের চকচক করা চোখের সামনে মেলে ধরলো।

“আর তুমি যদি আমার শর্তগুলো না মানো তবে কিন্তু আমি অবশ্যই টের পেয়ে যাবো।”

“আপনি নিশ্চিন্তে থাকুন, স্যার!” এক হাতে গাড়ির হুইল আর অন্য হাতে ডলারগুলো নিয়ে চিৎকার ক’রে বললো পাক-ফেই। “আমি আমার স্ত্রী, সন্তান, এমনকি পারলে আমার শ্বশুর-শ্বাশুড়িকেও উঠিয়ে নেবো। এই যে দৈত্যটা আমি চালাই, তাতে বারো জনের মতো লোক আঁটে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ!”

“স্যালিসব্যারি রোড থেকে দশ রাস্তা দূরে আমাকে তুমি নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকা থেকে বের হয়ে যাবে। আমি চাই না কাউলুনের কেউ এই গাড়ি দেখতে পাক।”

.

যেমনটা ধারণা করা হয়েছিলো, ৫টা ২মিনিটে অস্থির লিয়াঙ্গ রিজেন্টের কাঁচের দরজা দিয়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে সে উপস্থিত লোকগুলোকে একবার দেখে তারপর বামদিকে হাটতে শুরু করলে ওয়েব বাগানের ঝর্ণাগুলোর পেছনে নিজেকে আড়াল করে তার পিছু নেয়ার জন্যে প্রস্তুত হলো। লিয়াঙ্গকে অনুসরণ ক’রে স্যালিসব্যারি রোড পর্যন্ত গেলো সে। হঠাৎ মাঝপথে থেমে ঘুরে তাকালো লিয়াঙ্গ।

অ্যাসিসটান্ট ম্যানেজারকে দেখে মনে হলো সে হঠাৎ তার গন্তব্যস্থল বদলে ফেলেছে। ডেভিড সাথে সাথে নিজেকে আড়াল করলো। তারপর ভিড়ের মধ্যে দিয়ে উঁকি দিতেই দেখলো লিয়াঙ্গ নিউ ওয়ার্ল্ড শপিং সেন্টারের ব্যস্ত প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকছে। ওয়েবও সঙ্গে সঙ্গে ঢুকে পড়লো, তাড়াতাড়ি না এগোলে সে লিয়াঙ্গকে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলবে। হাত দুটো উঠিয়ে সামনের ভিড় সামলে দৌড়ে এগোতে থাকলে সে। কিন্তু লিয়াঙ্গকে দেখতে পাচ্ছে না। কোথায় গেলো সে? ডেভিড সামনের দিকে ছুটলো, অনেকের সাথে ধাক্কা খেলো; অবশেষে দেখতে পেলো লিয়াঙ্গকে! কিন্তু সে শুধু পেছন থেকে লিয়াঙ্গের মতো দেখতে, কালো সুট পরা একজনকে হার্বার ওয়াকওয়ের প্রবেশ পথ দিয়ে ঢুকতে দেখেছে। যদি এটা লিয়াঙ্গ না হয়ে থাকে তাহলে সে নিশ্চিত লিয়াঙ্গকে হারিয়ে ফেলেছে। সহজাত ক্ষমতা। জেসন বর্নের সহজাত ক্ষমতার উপর আস্থা রেখে সে এগিয়ে গেলো।

ওয়াকওয়ের প্রবেশপথ দিয়ে দৌড়ে ঢুকে পড়লো ওয়েব। ওয়াকওয়ে থেকে স্যালিসব্যারি রোডে যাওয়ার অন্য আর কোনো পথ নেই শুধু প্রবেশ পথটি ছাড়া। তার মাথায় প্রশ্ন জাগলো লিয়াঙ্গ এমন জায়গা বেছে নেবে কেন যেখান থেকে পালাবার কোনো পথ নেই? নিশ্চয়ই তাকে কেউ এ জায়গা বেছে নিতে বাধ্য করেছে! লোকটা যেই হোক না কেন, সে নিশ্চয়ই এটা আশা করে নি যে, লিয়াঙ্গকে অনুসরণ করা হতে পারে! এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো যুক্তি ডেভিডের মাথায় আসলো না।

জেসন বর্নের চোখ মিথ্যা বলে নি। লোকটা লিয়াঙ্গই। কিন্তু যে জিনিসটা ওয়েবকে ধাঁধায় ফেলে দিলো তা হলো কাউলুনের হাজার হাজার পাবলিক টেলিফোনের মধ্যে লিয়াঙ্গ এই ভিড়ে অবস্থিত পে-ফোনটিই বেছে নিয়েছে। জায়গাটা খোলা, আর এ ফোনটি ব্যবহার করার পেছনে ওয়েব কোনো যুক্তিই খুঁজে পেলো না।

লিয়াঙ্গ তার পকেটে হাত ঢুকিয়ে খুচরো পয়সা বের করলে হঠাৎ করেই যেনো বর্নের ভেতরের সত্তা তাকে আদেশ করলো, কোনোভাবেই লিয়াঙ্গকে ফোন করতে দেওয়া চলবে না। এটাই তার পরিকল্পনা, এই পরিকল্পনাই তাকে মেরির আরো কাছে নিয়ে যাবে। নিয়ন্ত্রণ তার হাতে থাকতে হবে, অন্যদের হাতে দেয়া যাবে না!

সে দৌড়াতে শুরু করলো সোজা পে-ফোনের বুথের দিকে। সে চেঁচাতে চাইলো কিন্তু বুঝলো এই হট্টগোলের মধ্যে তার চিৎকার শোনা যাবে না। তাকে আরেকটু কাছে যেতে হবে।

অ্যাসিসট্যান্ট ম্যানেজার ডায়াল করছে।

“লিয়াঙ্গ!” ওয়েব গর্জন ক’রে উঠলো। “ফোনটা রাখো! যদি বাঁচতে চাও তো ফোনটা কেটে দাও, আর ওখান থেকে বের হয়ে আসো!”

চাইনীজ ঘুরে দাঁড়াতেই তার মুখ ভয়ে শক্ত হয়ে গেলো। “তুমি!” ভয়ে সে চিৎকার ক’রে বললো। পিছিয়ে যেতে লাগলো সে। “না…না! এখন না! এখানে না! এখানে না!” গুলির শব্দ হঠাৎ পানির ওপর বয়ে যাওয়া বাতাসের শব্দকে ছাপিয়ে উঠলে আশেপাশের লোকগুলো ভয়ে চিৎকার ক’রে ছুটোছুটি শুরু ক’রে দিলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *