অধ্যায় ১৪
“তুমি এই কথা আর বলবে না, তুমি এই কথা বলতে পারো না!” চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললো এডওয়ার্ড নিউইঙ্গটন ম্যাকঅ্যালিস্টার। “এটা গ্রহণযোগ্য নয়। এটা হতে পারে না। আমি আর কিছু শুনতে চাই না।”
“তোমাকে শুনতে হবে, এডওয়ার্ড,” বললো মেজর লিন। “কারণ এটা ঘটেছে।”
“সব দোষ আমার,” ডেস্কের সামনে দাঁড়িয়ে আমেরিকান লোকটির মুখোমুখি হয়ে ইংলিশ ডাক্তারটি বলতে শুরু করলো। “তার প্রতিটি সিমটম মস্তিষ্কের ক্ষতজণিত রোগের দিকে ইঙ্গিত করছিলো। মনঃসংযোগ আর দৃষ্টিশক্তির হ্রাস পাওয়া; ক্ষুধামন্দা এবং ওজন কমে যাওয়া, বিশেষ ক’রে আবোল তাবোল বকা, সবই সেদিকে ইঙ্গিত করছিলো। আমি সহজ মনে ধরে নিয়েছিলাম তার মধ্যে একটা নেগেটিভ ক্রাইসিস দেখা দিয়েছে—”
“সেটার মানে কি?”
“ভেবেছিলাম সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর এ ধরণের অসুখকে সাধারণত সারিয়ে তোলা যায় না।”
“কিন্তু আপনার ধারণা তো ঠিকও হতে পারে?”
“আমিও মনেপ্রাণে চাই আমার ধারণাই ঠিক হোক। তাহলে নিদেনপক্ষে আমার চিকিৎসা বিদ্যার ক্ষমতা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না, অন্তত এ পেশাতে আমার গর্ব বজায় থাকবে। কিন্তু সেটা ঠিক না। এটা আমাকে বিপর্যস্ত ক’রে তুলেছে।”
“আপনি বিপর্যস্ত?”
“সেরকমই। এটা আমার পেশাগত অহংকারে আঘাত করেছে, মি: আন্ডারসেক্রেটারি। ঐ মাগি আমাকে বোকা বানিয়েছে। অথচ চিকিৎসাবিদ্যার কিছুই সে জানে না। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণ, সবকিছু সাজানো নাটক ছিলো; নার্সকে উস্কে দেয়া থেকে শুরু ক’রে গার্ডকে প্রলোভন দেখানো পর্যন্ত সবই তার চাল ছিলো।”
“হায় ঈশ্বর, আমাকে হাভিলান্ডের সাথে যোগাযোগ করতে হবে!”
“অ্যাম্বাসেডর হাভিলান্ড?” ভুরু কুঁচকে প্রশ্ন করলো লিন।
ম্যাকঅ্যালিস্টার তার দিকে তাকালো। “যা শুনেছো তা ভুলে যাও।”
“আমি এটা ভুলতে তো পারবো না, তবে কথা দিচ্ছি এর কথা মুখে আনবো না। আপনি একজন হোমড়াচোমড়ার নাম বলেছেন।”
“নামটি কারো কাছে বলবেন না, ডাক্তার,” বললো ম্যাকঅ্যালিস্টার।
“আমি ইতিমধ্যেই সেটা ভুলে গেছি। তাছাড়া জানিও না লোকটা কে।”
“আমি আর কি বলতে পারি? তো আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন?”
“মানুষের পক্ষে যা যা সম্ভব,” জবাব দিলো মেজর। “আমরা হংকং এবং কাউলুনকে কতোগুলো সেকশনে ভাগ করেছি। আমরা প্রতিটি হোটেলে জেরা করছি, তাদের রেজিস্টার চেক্ ক’রে দেখছি। পুলিশ আর মেরিন টহল বাহিনীকে সতর্ক বার্তা পাঠিয়েছি, প্রত্যেক অফিসারের কাছে তার বর্ণনা দেয়া হয়েছে, আর বলা হয়েছে তাকে খুঁজে বের করা অত্যন্ত জরুরি”
“হায় ঈশ্বর, কি বলছো তুমি? ওদেরকে পরে কি ব্যাখ্যা দেবে?”
“এখানে আমি হয়তো একটু সাহায্য করতে পারবো,” বললো ডাক্তার। “আমার বোকামির প্রতিদানস্বরূপ সামান্য ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করবো আর কি। আমি একটা মেডিক্যাল অ্যালার্ট জারি করবো। ফলে বিভিন্ন হসপিটাল থেকে প্যারামেডিক টিম রাস্তায় নামবে, রেডিওর সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ করবে, সম্ভাব্য সব জায়গা চোষে বেড়াবে।”
“কি ধরণের মেডিকাল অ্যালার্ট?” তীক্ষ্ণকণ্ঠে প্রশ্ন করলো ম্যাকঅ্যালিস্টার।
“অল্পবিস্তর তথ্য দেয়া হবে। তাতেই চলবে। বলা হবে মহিলাটি লুজোন প্রণালীর একটা অজানা দ্বীপ ভ্রমণ করে এসেছে এবং সম্ভবত দেহে অত্যন্ত ভয়াবহ ধাঁচের সংক্রমণশীল জীবাণু বহন করছে যা অপরিস্কার থালাবাসনের মাধ্যমে ছড়িয়ে থাকে।”
“আমাদের বন্ধু ডাক্তার যেভাবে বললেন তাতে কাজটা সহজেই করা যাবে,” বললো লিন। “আমার কেন জানি মনে হচ্ছে আমরা তাকে খুঁজে পাবোই, এডওয়ার্ড। আমরা সবাই জানি ভিড়ের মধ্যেও তাকে আলাদা ক’রে চেনা যায়। লম্বা, আকর্ষণীয় দেখতে, সুন্দর চুলের অধিকারী—হাজার হাজার লোক খুঁজে বেড়ালে তাকে না পাওয়ার তো কোনো কারণই দেখি না।”
“আশা করি তোমার কথা যেনো সত্যি হয়। চিন্তার ব্যাপার হচ্ছে মহিলা ট্রেনিং পেয়েছে একজন বহুরূপীর কাছ থেকে।”
“মাফ করবেন?”
“কিছু না, ডাক্তার,” বললো মেজর। “আমাদের লাইনে এ ধরণের কিছু টেকনিক্যাল শব্দের প্রচলন আছে।”
“ওহ্?”
“আমার পুরো ফাইলটা চাই, পুরো ফাইল!’ “কি, এডওয়ার্ড?”“
“ইউরোপে তাদেরকে একসাথে তাড়া করা হয়েছিলো। এবার তারা আরঅদা আছে, তাড়া করা হবে আলাদাভাবে। দেখতে হবে তখন তারা কি করেছিলো? আর এখন তারা কি করতে পারে?” কপালের ডান দিকে আঙুল দিয়ে ডলতে ডলতে বললো ম্যাকঅ্যালিস্টার।
“ক্ষমা করবেন, জেন্টেলম্যান। আপনাদের এখন চলে যাওয়া উচিত। আমাকে অত্যন্ত জরুরি একটা ফোন করতে হবে।”
.
মেরি কিছু নতুন কাপড় এবং অন্যান্য জিনিসের পেছনে কিছু ডলার ব্যয় করলো। ফলাফল আশাব্যঞ্জক লেপটে থাকা চুলের নতুন স্টাইলের ওপর একটা চওড়া সান হ্যাট, ঢিলেঢালা ধূসর বর্ণের ব্লাউজ আর স্কার্টে তার শারীরিক গঠন অনেকটাই ঢেকে গেছে। তাকে আর চেনাই যাচ্ছে না। তার ওপর আবার ফ্ল্যাট স্যান্ডেল পরায় তাকে কিছুটা কম লম্বা লাগছে, গুচি ব্যাগটার কারণে একটা টুরিস্ট টুরিস্ট ভাব সৃষ্টি হয়েছে। সে কানাডিয়ান কানসুলেটে ফোন ক’রে একটা বাসে ক’রে সেখানে যাওয়ার উপায়টা জেনে নিয়েছে। কাউলুনের চাইনীজ ইউনিভার্সিটি থেকে বাসটি ছাড়ে। কেউ তার দিকে দ্বিতীয়বার আছে না দেখতে পেয়ে সে সন্তুষ্ট হলো। প্যারিসে একজন বহুরূপীর কাছ থেকে সে শিখেছিলো ছোটো ছোটো জিনিসগুলো একজন মানুষকে কতোটা বদলে দেয়। সেই শিক্ষা এখন কাজে আসছে।
“আমি জানি এটা অদ্ভুত শোনাবে,” অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে কিন্তু কিছুটা মজা করে রিসেপশনিস্টকে বললো সে। “আমার এক দুঃসম্পর্কের কাজিন এখানে কাজ করে, আমি তাকে কথা দিয়েছিলাম তার সাথে দেখা করবো।”
“কথা শুনে তো মোটেও অদ্ভূত লাগছে না।”
“লাগবে, যখন জানবেন আমি তার নাম ভুলে গেছি।” তারা দু’জনেই একসঙ্গে হেসে উঠলো।
“আপনি কি জানেন সে কোন্ সেক্শনে আছে?”
“আমার মনে হয় ইকোনমিকসের সাথে জড়িত কোনো ডিপার্টমেন্টে হবে,” মেরি বললো।
রিপেসশনিস্ট ড্রয়ার খুলে সাদা একটা বুকলেট বের করলো। কাভারে কানাডার জাতীয় পতাকার ছবি। “এটা আমাদের ডাইরেক্টরি। আপনি বসুন, নিজেই খুঁজে দেখুন, কেমন?”
“যথেষ্ট ধন্যবাদ,” বললো মেরি। তারপর একটা চামড়ার হাতলওয়ালা চেয়ারে গিয়ে সে ব’সে পড়লো।
দ্রুত পৃষ্ঠা পাল্টিয়ে মেরি প্রতিটি কলামের নামগুলো পড়লো, চেষ্টা করলো পরিচিত কাউকে খুঁজে বের করতে। তিনটি পরিচিত নাম খুজে পেলো সে। কিন্তু তাদের চেহারা ভালো ক’রে মনে করতে পারছে না।
তারপর পৃষ্ঠা বারোতে একটা নাম পড়তেই তার সামনে একটা চেহারা এবং কণ্ঠস্বর স্পষ্ট ভেসে উঠলো। ক্যাথরিন স্টেপলস্।
ঠাণ্ডা, গম্ভীর ক্যাথরিন স্টেপলস্। ওটোয়ার ট্রেজারি বোর্ডে কাজ করার সময় মেরির সাথে ক্যাথরিনের পরিচয় হয়। স্টেপলস্ তখন ইউরোপিয়ান কমন মার্কেট এবং পরে হংকংয়ের ওপর কাজ করছিলো। তাদের মধ্যে গভীর বন্ধুত্ব না থাকলেও তারা চার-পাঁচবার একসাথে লাঞ্চ করেছে; একে অপরকে ডিনারেও দু’একবার দাওয়াত করেছে। এই অল্প সময়েই স্টেপলকে ভালোভাবে বুঝে উঠতে সক্ষম হয়েছিলো মেরি।
পঞ্চাশোর্ধ, মাঝারি উচ্চতার, উদ্যমী স্টেপলস্ বেশ ফ্যাশনেবল কাপড়চোপড় পড়লেও সবসময় একটা সাদামাটাভাব বজায় রাখে। নিজের কাজে তার দক্ষতা বেশিরভাগ লোকের কাজের মানকেই ছাড়িয়ে যায়। পুরুষ, মহিলা নির্বিশেষ যাদেরই ওপর অপ্রাসঙ্গিক কাজ চাপিয়ে দেয়া হতো, স্টেপেলস্ তাদের সাথে সদয় ও নম্রভাবে ব্যবহার করতো; আর যারা না বুঝেশুনে অন্যদের ঘাড়ে এসব কাজ চাপাতো তাদের বিরুদ্ধে সে ততোটাই কঠোর এবং শক্ত অবস্থান নিতো। স্টেপলস্ পরিচিত ছিলো তার সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য। মেরি আশা করলো সত্যনিষ্ঠ স্টেপলস্ হংকংয়েও তার নিষ্ঠার পরিচয় রাখবে।
“কোনো লাভ হলো না,” বললো মেরি। চেয়ার থেকে উঠে বুকলেটটি রিসেপশনিস্টকে ফেরত দিয়ে দিলো সে। “নিজেকে খুব বোকা বোকা লাগছে।”
“আপনি কি জানেন সে দেখতে কেমন?”
“আসলে আমাদের কখনও সামনাসামনি দেখা হয় নি, আর আমি কাউকে জিজ্ঞেস করার কথাও ভেবে দেখি নি।”
“আমি দুঃখিত।”
“আমি লজ্জিত। এখন বাসার লোকদেরকে ব্যাপারটা ফোনে জানাতেও আমার লজ্জা লাগবে…ওহ্, একটা নাম আমার পরিচিত মনে হলো। আমার কাজিনের সাথে তার কোনো সম্পর্ক নেই, বন্ধুর বন্ধু বলতে পারেন আর কি। স্টেপলস্ নামের একজন মহিলা।”
“ক্যাথরিন দি গ্রেট? সে এখন এখানেই আছে। যদিও তাকে প্রমোশন দিয়ে অ্যাম্বাসেডর বানিয়ে ইউরোপে পাঠিয়ে দিলে এখানকার অনেক স্টাফই খুশি হবে। তারা তাকে ভীষণ ভয় পায়।”
“ওহ্, সে এখানেই আছে?”
“তিরিশ ফিটেরও কম দূরে। আপনি যদি আপনার বন্ধুর নাম আমাকে বলেন তাহলে আমি দেখতে পারি তার কথা বলার সময় হবে কি না?”
মেরি দ্বিধায় পড়ে গেলো। এভাবে অফিসিয়ালি জানান দিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। অন্য কনসুলেটদের মাধ্যমে স্টেট ডিপার্টমেন্ট তার খবর পেয়ে যেতে পারে, তাই চাপের মুখে পড়ে স্টেপলস্ তাকে সাহায্য করতে অস্বীকারও করতে পারে। না, তাকে ক্যাথরিনের সাথে একান্তে কথা বলতে হবে, অফিসিয়ালি নয়।”
“….এক মিনিট। আপনি কি বললেন, ক্যাথরিন!”
“হ্যাঁ। ক্যাথরিন স্টেপলস্। এখানে একজনই আছে এ নামে।”
“ওহ্, দুঃখিত। আমার বন্ধুর বন্ধুর নাম হলো ক্রিস্টন। ওহ্ ঈশ্বর, আজ দিনটাই খারাপ যাচ্ছে। আপনি যথেষ্ট সাহায্য করেছেন, আপনাকে আর বিরক্ত করতে চাইছি না।”
.
মেরি এশিয়ান হাউজের লবিতে অপেক্ষা ক’রে অনেকক্ষণ পর উঠে প্রবেশ পথের দিকে এগিয়ে গেলো সে। রাস্তার ভিড়ের মধ্যে প্রায় একঘণ্টা ধরে হাটলো। দুপুর পড়িয়েছে, ক্যাথরিন কি লাঞ্চ করতে বেরোবে এখন? একসাথে লঞ্চ করতে পারলে কাজটা অনেক সহজ হয়ে যেতো। আরেকটা সম্ভাবনার কথাও তার মনে উঁকি দিলো—–ডেভিডকেও হয়তো দেখা যেতে পারে এখানে! তবে সেটা তার সেই ডেভিড হবে না, সেটা হবে জেসন বর্ন। আর জেসন বর্ন মানে যেকোনো ব্যক্তি। কারণ ছদ্মবেশে থাকলে তার স্বামীকে সে দেখলেও চিনতে পারবে না। প্যারিসে তাকে এরকমটি করতে দেখেছে সে। তবে এই জায়গাটা প্যারিসের চেয়ে অনেক বেশি বিপজ্জনক। যেকোনো সময় তার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। কি হবে যদি আমি…? কি হবে যদি সে…? সে এসব কেন ভাবছে? তাদেরকে তো আগে বেঁচে থাকতে হবে। তবেই না তাদের দেখা হওয়া সম্ভবপর হবে।
ওই তো ক্যাথেরিন স্টেপলস্! এশিয়ান হাউজ থেকে বের হয়ে ডান দিকে মোড় নিচ্ছে। চল্লিশ ফিটের মতো দূরে, মেরি দৌড়াতে শুরু করলো, সামনে আসা মানুষগুলোকে ধাক্কা মেরে সরিয়ে এগোতে লাগলো সে। দৌড়ানোর চেষ্টা করবে না, তোমাকে সহজেই চিনে ফেলতে পারে। আমি পরোয়া করি না। মেরি এখন কিছুই পরোয়া করবে না! তাকে যে করেই হোক ক্যাথরিনের সাথে কথা বলতে হবে!
স্টেপলস্ বারান্দার সিঁড়ি দিয়ে রাস্তায় নেমে এলো। সেখানে আগে থেকেই তার জন্য কনসুলেটের একটা গাড়ি অপেক্ষা করছে; দরজার মেপল্ পাতার ছাপ প্রিন্ট করা। সে গাড়ির ভেতরে ঢুকে দরজা লাগাতে যাচ্ছে।
“না! দাঁড়াও?” চিৎকার ক’রে বললো মেরি, তা আশেপাশের ভিড় ছাপিয়ে ক্যাথরিন পর্যন্ত পৌঁছাতে পারলো সে।
“আপনি?” ঘাবড়ে গিয়ে বললো স্টেপলস্, তার ড্রাইভার সতর্ক হয়ে উঠে দাঁড়ালো, কোত্থেকে জানি একটা অস্ত্রও বের ক’রে ফেললো লোকটা।
“আমাকে চিনতে পারছো না! অটোয়া’তে আমরা কাজ করতাম।”
“মেরি? তুমি?”
“হ্যাঁ। আমি বড্ড বিপদে পড়েছি, তোমার সাহায্য দরকার।”
“গাড়িতে ওঠো,” পাশের সিটে সরে গিয়ে বললো ক্যাথরিন স্টেপলস্। “ওহ্হ্ এই জঘন্য জিনিসটা সরাও তো,” ড্রাইভারকে নির্দেশ দিলো সে। “ও আমার বন্ধ।”
বৃটিশ ডেলিগেশনের সঙ্গে তার শিডিউল করা চিরাচরিত লাঞ্চ বাতিল ক’রে ফরেন সার্ভিস অফিসার স্টেপলস্ তার ড্রাইভারকে নির্দেশ দিলো তাদেরকে কজওয়ে বে’র ফুড স্টুটে নামিয়ে দিতে। ফুড স্ট্ট রকমারি খাবারের জন্য বিখ্যাত। মাত্র দুটো রাস্তা জুড়ে প্রায় ৩০টি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। ফুড স্টুটে গাড়ি চালানো নিষিদ্ধ, যদি গাড়ি চালানোর অনুমতি দেয়াও হয় তাতে কোনো লাভ হয় না, খাবারের সন্ধানে ছুটে আসা হাজার হাজার মানুষের ভীড়ে কোনো মোটরগাড়িই সেখানে ঢুকতে পারে না। ক্যাথরিন মেরিকে একটা রেস্টুরেন্টের পেছনের দরজার দিকে নিয়ে গেলো। দরজার বেল টিপলে প্রায় পনেরো সেকেন্ড পরে দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো বিভিন্ন রকম চাইনীজ খাবারের ঝাঁঝালো গন্ধ।
“মিস্ স্টেপলস্, আপনাকে দেখে খুশি হলাম,” বললো চাইনীজ পোশাক আর সাদা অ্যাপ্রোন পরা একজন শেফ। “প্লিজ, আসুন। সব সময়ের মতো আপনার জন্য একটা টেবিল ঠিক করা আছে।”
বড় একটি কিচেনের মধ্য দিয়ে তারা বের হয়ে এসে ক্যাথরিন মেরির দিকে ঘুরলো। “রেস্টুরেন্টটির মালিকের কিছু আত্মীয় কুইবেকে থাকে। আমি তাদের ভিসার ব্যাপারটা দেখি।” রেস্টুরেন্টটির পেছন দিকে কিচেন ডোরের পাশে কয়েকটা ফাঁকা টেবিলের দিকে বসার ইঙ্গিত ক’রে বললো স্টেপল্স।
“এমন একটা জায়গায় নিয়ে আসার জন্য ধন্যবাদ,” বললো মেরি।
“মাই ডিয়ার,” বললো স্টেপলস্, তার চিরাচরিত গম্ভীর, বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে। “তোমার চেহারা আর পোশাক-আশাক দেখে যে কেউ বলতে পারবে তুমি সবার নজর এড়িয়ে চলতে চাচ্ছো।”
“যতোটা আড়ালে থাকা সম্ভব আর কি, তোমাদের লাইনের কারো সাথেই আমার এতোদিন যোগাযোগ ছিলো না। তাই তোমার কোনো খোঁজখবরও নিতে পারি নি।”
“হ্যাঁ, জানি। কিছু গুজব শুনেছিলাম তোমার নামে, ইউরোপিয়ান পেপারে বেরিয়েছিলো সেসব। আমি সে সময় এখানেই ছিলাম। ঘটনাটা আমাদেরকে স্তম্ভিত করেছিলো। সবশেষে শুনতে পাই যে, তারা তোমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ঈশ্বর, এতো ঝড় ঝাপটার পর আবার ওই অপমানজনক শব্দটা তোমাকে হজম করতে হয়েছিলো! তারপরই তুমি একদম উধাও হয়ে গেলে, কেউ তোমার কোনো খবর দিতে পারে নি।”
“কথাটা সত্যি, ক্যাথরিন। আমরাই নিজেদেরকে আড়াল ক’রে রাখার চেষ্টা করেছি। প্রথম কয়েক মাস তো আমাদের প্রায় লুকিয়ে রাখা হয়েছিলো, তারপর যখন স্বাভাবিক জীবনযাত্রা শুরু করলাম সেটাও এমন একটা জায়গায়, খুব কম লোকই তা চেনে।”
“আমরা?”
“পেপারে যে লোকটির কথা তুমি পড়েছো আমি তাকে বিয়ে করেছি। যদিও পেপারে তার সম্পর্কে যা লেখা হয়েছে ও আসলে সেরকম না; আমেরিকান গভর্নমেন্টের গোপন কিছু মিশনে তাকে দিয়ে কাজ করানো হয়েছিলো। সে তার জীবনের একটা বড় অংশ এই কাজের পেছন উৎসর্গ করেছে।”
“তো তুমি এখন হংকংয়ে আছো, এবং বিপদের মধ্যে?”
“আমি হংকংয়ে বড়সড় এক বিপদের মধ্যে আছি।”
“আমি কি ধরে নিতে পারি আগের সেই ঘটনাগুলোর সাথে তোমার বর্তমান বিপদটা সম্পর্কিত?”
“তা ধরে নিতে পারো।”
“তুমি কতোটুকু খুলে বলতে চাইছো?”
“সবটুকু, যা যা আমি জানি। কারণ তোমার সাহায্য আমার দরকার। আর তোমাকে সবকিছু খুলে না বলে তোমার কাছে সাহায্য চাওয়া ঠিক হবে না।”
“ব্যাপারটা কি একটু প্যাঁচালো?
“খুবই প্যাঁচালো।”
“তাহলে একটু ধৈর্য ধরো। আমরা আগে লাঞ্চটা সেরে নেই, তারপর আরো নিরিবিলি কোনো জায়গায় গিয়ে তোমার গল্প শুনবো।”
ক্যাথরিন স্টেপসের ফ্ল্যাটে তারা মুখোমুখি ব’সে আছে, মাঝখানে একটা কফি টেবিল আর তার ওপরে একটা টি-পট।
“আমার মনে হয়,” বললো ক্যাথরিন, “যা আমি শুনলাম তা গত তিরিশ বছরের ইতিহাসে ক্ষমতার অপব্যবহারের সবচেয়ে বড় উদাহরণ। যদি না ব্যাপারটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়ে থাকে।”
“তুমি কি আমাকে অবিশ্বাস করছো?”
“না, কারণ এই পুরো গল্পটিই তুমি নিজে থেকে বানিয়ে বলতে পারো না। যদিও পুরো ঘটনাটিই অযৌক্তিক ব’লে মনে হচ্ছে।
“তুমি ঠিক কি বলতে চাচ্ছো?”
“আমি গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, আর এসব ব্যাপারে আমার ঘ্রাণশক্তি অত্যন্ত প্রখর। যে কেউই তোমাদের সাথে এটা করুক না কেন, তার প্রকৃত উদ্দেশ্য তোমার স্বামীর নাম ব্যবহারকারী খুনিকে ধরা নয়, আরো জটিল কিছু।”
