বর্ন সুপৃমেসি – ২২

অধ্যায় ২২

মেরি বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে। জানালা দিয়ে আসা দিনের ঝাঁঝালো রোদে ছোটো ঘরটি উত্তপ্ত হয়ে উঠেছে। মেরির মুখ বেয়ে ঘাম ঝড়ে পড়ছে, তার পাতলা ব্লাউজ ঘেমে লেপ্টে আছে তার গায়ের সাথে। রাস্তা থেকে দিনের হৈ-হল্লা, লোকজনের চেঁচামেচি, বাইসাইকেলের বেল আর বাস ট্রাকের হর্নের শব্দ ভেসে আসছে। সেগুলো চুপচাপ শোনা ছাড়া মেরির আর কিছুই করার নেই। যতোক্ষণ না স্টেপলস্ তাকে ফোন করছে ততোক্ষণ হয়তো তাকে এভাবেই থাকতে হবে। স্টেপলস্ কাল রাতে তাকে ফোন করেছিলো। ক্যাথরিন তাকে জানায় যে, কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সে আরো বলে, সে একজন বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছে যে হয়তো মেরি এবং ওয়েবকে সাহায্য করতে পারবে। মেরিকে চুপচাপ ফ্ল্যাটেই থাকতে নির্দেশ দেয়া হয়। “সকালের শুরুতেই আমি তোমাকে ফোন করবো,” বলেই ক্যাথরিন লাইনটা কেটে দেয়।

ভোরের প্রথম আলোতেই মেরির ঘুম ভেঙে গেছে। ৮টা ৩০ পার হয়ে ৯টা বেজে গেলো, কিন্তু ক্যাথরিন স্টেপসের কোনো ফোন আসছে না। তবে ৯টা ৩৫ বাজার পরেও ফোন না আসায় মেরি ছটফট করতে শুরু করলো। সে আর চুপ ক’রে ব’সে থাকতে পারলো না। মেরি স্টেপসের হংকংয়ের ফ্ল্যাটে ফোন করলো, কিন্তু কেউ সাড়া দিলো না। অস্থিরতায় সে কনসুলেটের অফিসেই ফোন ক’রে বসলো।

“স্যরি, মিস্, মিসেস স্টেপসের সাথে আমরাও যোগাযোগ করতে পারছি না। তিনি কাউকে কিছু বলে যান নি। হাই কমিশনও তাকে খুঁজছে। আপনি আপনার নাম্বারটা দিন, তিনি আসলে আমরা তাকে—” রিসেপশনিস্টের কথা শেষ হওয়ার আগেই মেরি লাইনটা কেটে দিলো। যতোদূর মেরি জানে ক্যাথরিন কখনও দেরি ক’রে ঘুম থেকে ওঠে না। কিন্তু ১০টা বাজতে চললো, তাও সে ফোন করছে না কেন? চিন্তায় যেনো মেরির সময় আর কাটতে চাইছে না। প্রতিটি মিনিটই যেনো তার কাছে একেকটা ঘণ্টার মতো লাগছে। আরো প্রায় ১২ মিনিট পার হয়ে গেলো আর তখনই ফোনটা বেজে উঠলো।

“মেরি?”

“ক্যাথরিন, সব ঠিক আছে তো?”

“হ্যাঁ, সব ঠিক আছে।”

“তুমি বলেছিলে দিনের শুরুতে ফোন করবে। এতো দেরি হওয়ার আমি চিন্তায় মারা যাচ্ছিলাম!”

“আমি পাবলিক টেলিফোন বুথ থেকে বলছি। আমি বেশি সকালে ফোন করি নি কারণ আমি চাইছিলাম তুমি ভালো ক’রে বিশ্রাম নাও। নিজেকে শান্ত রাখো মেরি, পরিস্থিতিকে তুমি যতো ভয়াবহ ভাবছিলে আসলে ততোটা ভয়াবহ নয়। সবকিছু ঠিক আছে, তুমি শুধু নিজেকে শান্ত রাখো!”

এক মুহূর্তের জন্য মেরির কেন জানি মনে হলো কোথাও একটা গণ্ডগোল হয়েছে। “আমি শান্তই আছি, তুমি ঠিক কি বলতে চাইছো?”

“আমি শুধু এটুকু বলতে পারি, তোমার স্বামী এখনও জীবিত আছে।”

“তাই থাকার কথা, সে তার কাজে সবচে সেরা। তুমি আমাকে কিছুই খুলে বলছো না। কাল রাতে তুমি কি বলছিলে? কার সাথে দেখা করার কথা বলছিলে?”

“আমি কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসছি!”

“ক্যাথরিন, আমি তোমার কাছে কিছু জানতে চাচ্ছি!”

“আমি তোমার প্রশ্নের জবাব নিয়ে নিজেই হাজির হচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। তবে এক দেড় ঘণ্টার বেশি লাগবে না।”

“তুমি যে লোকটির কথা বলেছিলে, সেও কি তোমার সাথে আসছে?” প্রশ্ন করলো মেরি।

“না। আমি একা আসছি। আমার সাথে কেউ থাকবে না। আমি আগে তোমার সাথে কথা বলতে চাই। তারপর তুমি তার সাথে দেখা করতে পারো।”

“ঠিক আছে।”

স্টেপসের কণ্ঠস্বরটা কি কিছুটা উদ্ভট শোনাচ্ছিলো? কথাগুলো কেন যেনো খাপছাড়া! হয়তো পাবলিক ফোনে সে কথাগুলো বলতে চাইছিলো না। কিন্তু যে স্টেপল্সকে সে চেনে, সে তার অস্থিরতা কমানোর জন্য যতোটুকু তথ্যই জানতো সব উগড়ে দিতো। যতো নগন্য তথ্যই হোক না কেন! কিন্তু তার বদলে এখন যে ধরনের কথা মেরি শুনলো তাতে কিছুটা ডিপলোম্যাটের ছোঁয়া ছিলো। কোথাও একটা সমস্যা হয়েছে, কিন্তু মেরি তা ধরতে পারছে না। অথচ ক্যাথরিনই এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে এসেছে। মেরির উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা, কিন্তু তার পরিবর্তে মেরির কেন জানি সন্দেহ হতে শুরু করলো। মেরি আর কিছু ভাবতে পারলো না। তার মাথা ঘুরাচ্ছে। এই বদ্ধ ঘরে তার দম বন্ধ হয়ে আসছে। সে ঠিক করলো কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে হাওয়া খেয়ে আসবে।

তুয়েন মুনের এই ফ্ল্যাটে আসার পথেই ক্যাথরিন মেরির জন্য কিছু কাপড় আর একটা ব্যাগ কিনে দিয়েছিলো। ব্যাগে সে কিছু টাকাও ভরে দেয়, এই ভেবে যে, বিপদে কাজে লাগতে পারে। তুয়েন মুনের এ অঞ্চলে সাদা চামড়ার বিদেশী সহজে দেখা যায় না। তাই মেরির মনে প্রশ্ন জেগেছিলো, ফ্ল্যাটটা কার? কিন্তু ক্যাথরিন তাকে সেটা খুলে বলে নি, জবাবে শুধু বলেছিলো, একজন বন্ধুর।

মেরি তার নতুন কেনা ঢোলা স্কার্ট আর সাদা টপটা পরে সাবধানে সিঁড়ি দিয়ে নেমে ব্যস্ত রাস্তায় এসে দাঁড়ালো। চারদিকে উৎসুক পথচারীর দৃষ্টি তার ওপর। মেরির একবার মনে হলো তার ফ্ল্যাটে ফিরে যাওয়া উচিত। কিন্তু এই কয়েক মুহূর্তের স্বাধীনতাকে উপেক্ষা করতে সে পারলো না। ওই দমবন্ধ ঘরে সে এখনই ফিরছে না। মেরি ধীরে ধীরে হাটতে লাগলো; তার পায়ে এখনও কিছুটা ব্যথা আছে। খোলা আকাশের নীচের দালান, রঙ বেরঙের সাইনবোর্ড আর রাস্তার লোকগুলোর হৈচৈ তার খুব ভালো লাগছে। নিজেকে তার আর একা মনে হচ্ছে না।

মেরি হাটতে হাটতে একটা অসম্পূর্ণ রাস্তার মাথায় এসে পৌঁছালো। রাস্তার কাজ এখনো শেষ হয় নি, লেভেলিং মেশিন পাশেই পড়ে আছে, আর তার সামনে দুটো সাইনবোর্ডে চাইনীজ ভাষায় কিছু একটা লেখা। সামনে থেকে হালকা ঢেউয়ের শব্দ ভেসে আসছে। আর কিছুটা সামনে গেলেই বিচের দেখা পাওয়া যেতে পারে। আশেপাশে কেউ নেই। সম্ভবত রাস্তার কাজ চলছে দেখে জনসাধারণের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরি ধীরে ধীরে হেটে ভাঙা রাস্তাটি পার হয়ে একটি জনমানবহীন সমুদ্র সৈকতে পৌঁছালো। বিচটির এদিকে সেদিকে কিছু বড় পাথরের টুকরো ছড়িয়ে আছে। মেরি তারই একটিতে বসে সমুদ্রের দিকে উদাসী মনে তাকিয়ে রইলো। দূরে তুয়েন মুনের মোটর বোটগুলোকে বন্দরে ভিড়তে দেখা যাচ্ছে। আর কিছু মোটরবোট নিশ্চয় পিপল্স রিপাবলিকের দিকে যাচ্ছে। ভেবে অবাক হলো সে হংকং থেকে এ জায়গাগুলো কতো পিছিয়ে আছে।

“জিঙ্গ স্যার,” একটি পুরুষ কণ্ঠ তার পেছন থেকে চেঁচিয়ে উঠলো।

“শেইর,” দ্বিতীয় একটি কণ্ঠস্বর শোনা গেলো। “নি জাই ঝের গান শেমা?”

মেরি ঘুরে তাকালো। অসম্পূর্ণ রাস্তার দিক থেকে দু’জন চাইনীজ লোক তার দিকে দৌড়ে আসছে। লোক দুটো তার দিকে তাকিয়েই চিৎকার করছে, তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলা হয়েছে। হতভম্বভাবে মেরি উঠে দাঁড়ালো। লোক দুটি প্রায় তার কাছে সে পড়েছে এখন। দু’জনেই কিছুটা প্যারামিলিটারি ধরনের পোশাক পরা, আরো ভালো ক’রে দেখতেই মেরি বুঝতে পারলো তাদের দু’জনেরই বয়স কম, সর্বোচ্চ বিশ হতে পারে।

“বু ঝিঙ্গ, “ লম্বা ছেলেটা চেঁচালো, পেছন দিকে একবার দেখে নিয়ে। তারপর তার সঙ্গীকে ইঙ্গিত করলো মেরিকে ধরার জন্য। দ্বিতীয় ছেলেটি দ্রুত পেছন থেকে মেরির হাত দুটো চেপে ধরলো।

“থামো!” মেরি আর্তনাদ করে উঠলো, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো সে। “তোমরা কারা?”

“ম্যাডাম, ইংরেজি মারাচ্ছে,” বললো লম্বা ছেলেটা।

“আমিও ইংরেজি মারতে পারি,” গর্বের সাথে বললো সে, একটু অদ্ভুত উচ্চারণ ভঙ্গিতে।

“তাহলে তোমার বন্ধুকে বলো আমার হাত দুটো ছাড়তে!”

মেয়েরা আমাকে আদেশ করে না, আমি মেয়েদেরকে আদেশ করি,” সামনে এগিয়ে এসে বললো ছেলেটা, তার চোখ লোভনীয় দৃষ্টিতে মেরির বুকের ভাঁজের দিকে আঁটকে আছে। “এটা একটা নিষিদ্ধ রাস্তা, নিষিদ্ধ সৈকত, ম্যাডামের চোখে কি সাইনবোর্ড দুটো পরে নি?”

“আমি চাইনীজ পড়তে পারি না। আমি দুঃখিত, আমি এখনই চলে যাচ্ছি। খালি তোমার বন্ধুকে আমার হাত ছাড়তে বলো।”

হঠাৎ মেরি উপলব্ধি করলো পেছনের ছেলেটি তার শরীর দিয়ে মেরির শরীরকে জাপটে ধরার চেষ্টা করছে। “থামো!” সে অনুনয় ক’রে বললো, হাল্কা একটা হাসির শব্দ তার কানে ভেসে আসছে।

“আমার সন্দেহ হচ্ছে, ম্যাডাম হয়তো পিপল্স রিপাবলিকের কোনো ক্রিমিনালের সাথে দেখা করতে এখানে এসেছে? হয়তো দূরের কোনো মোটর বোটে সে সিগনাল পাঠাচ্ছে,” লম্বা ছেলেটির দু’হাত মেরির ব্লাউজের দিকে এগিয়ে গেলো। তার আঙুলগুলো বোতাম খোলার চেষ্টা করছে। “ম্যাডাম মনে হয় এর ভেতরে রেডিও সিগনালের ডিভাইস লুকিয়েছেরে। এগুলো খুঁটিয়ে দেখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।”

“শুয়োরের বাচ্চা, তোর হাত সরা!” মেরি একটা লাথি মারার চেষ্টা করলো। পেছনের ছেলেটি মেরির কোমড় জড়িয়ে ধরে শূন্যে তুলতেই সামনের ছেলেটি মেরির পা দুটি ধরে ফেললো। মেরি আর নড়তে পারছে না। সে চেঁচানোর চেষ্টা করতেই পেছনের ছেলেটি একহাত দিয়ে তার মুখ চেপে ধরে তাকে তুলে পাশের লম্বা ঘাসগুলোর দিকে নিয়ে যেতে লাগলো। মেরি চেচানোর চেষ্টা করছে, কিন্তু তার মুখের ওপরের শক্ত হাতটি তাকে সে সুযোগ দিচ্ছে না। তাকে ওরা মাটিতে ছুড়ে ফেলে দিলো। একটি ছেলে মেরির মুখের ওপর তার অনাবৃত পেট দিয়ে চেপে রাখার চেষ্টা করছে, যাতে সে চিৎকার করতে না পারে। আর অপরজন মেরির ঢোলা স্কার্টটি এক টানে খুলে ফেললো। মেরির পা দুটি নিজের পায়ের নীচে চাপা দিয়ে লম্বা ছেলেটি মেরির ব্লাউজ ছিড়ে ফেলে তার ব্রা আলগা ক’রে তার বুক দু’হাতে ডলতে শুরু করলো। অপর ছেলেটি পেট দিয়ে মেরির মুখ চেপে রাখার সাথে সাথে হাত দুটিও নিজের হাত দিয়ে আঁটকে রেখেছে। মেরি ছটফট করতে লাগলো, কিন্তু একটুও নড়ার বা চিৎকার করার সুযোগ পেলো না। জুরিখের সেই ভয়াল দিনটির কথা মনে পড়ে গেলো তার—যখন সে গুইশান কুয়ে’তে প্রায় ধর্ষিত হতে যাচ্ছিলো।

হঠাৎ নীচের দিকের ছেলেটির মনোযোগ একমুহূর্তের জন্য মেরির দিক থেকে সরে এলো, ছেলেটি প্যান্ট খুলে তার লিঙ্গ বের করছে। ক্ষণিকের জন্য হলেও মেরি একটা সুযোগ পেলো। সে তার মুখের ওপরের অনাবৃত পেটটিকে কামড়ে ধরলে তার দাঁত ছেলেটির মাংস ভেদ ক’রে ঢুকে গেলো, ঝড় ঝর করে রক্ত পড়তে লাগলো সেখান দিয়ে। একটা বিকট চিৎকার হওয়ার সাথে সাথে তার হাত দুটো ছাড়া পেয়ে গেলো। মেরি এবার লম্বা ছেলেটিকে ধাক্কা মেরে তার ওপর থেকে সরিয়ে দিয়ে হাটু দিয়ে ছেলেটির বিচিতে কষে আঘাত করে ছেলেটার চোখেমুখে খামচি আর আচড় মারতে শুরু করলো। চিৎকার করতে শুরু করলো মেরি, এতো জোরে চিৎকার সে আগে কখনও করে নি। লম্বা ছেলেটি প্রচণ্ড ব্যথায় হাত দিয়ে তার রিঙ্গ চেপে ধরে আছে। ক্ষিপ্ত হয়ে সে মেরির ওপর আবর ঝাঁপিয়ে পড়লো। কিন্তু ধর্ষণের চিন্তা বহু আগেই তার মাথা থেকে উবে গেছে, এখন উদ্দেশ্য শুধু কোনোভাবে মেরিকে চুপ করানো। ছেলেটির ভারে মেরির দম বন্ধ হয়ে আসছে, চারদিকে অন্ধকার দেখছে সে। হঠাৎ দূর থেকে কিছু লোকের কণ্ঠস্বর শোনা গেলো। উত্তেজিত কণ্ঠস্বরগুলো তাদের দিকেই ধেয়ে আসছে। মেরি তার নখ দিয়ে খামচি মেরে ছেলেটির মুখ সরিয়ে দিয়ে শেষবারের মতো সাহায্যের জন্য চিৎকার করলো।

“এখানে! এদিকে!”

বেশ কিছু লোক তাদেরকে ঘিরে ধরলে মেরি শুধু কিছু বড় থাপ্পর আর লাথি মারার শব্দ শুনতে পেলো। মেরির কাছে চারদিক অন্ধকার হয়ে আসছে, সে আর কিছুই দেখতে পাচ্ছে না। জ্ঞান হারানোর আগ পর্যন্ত তার মাথায় শুধু একটি কথাই ঘুরতে লাগলো। ডেভিড! ঈশ্বরের দোহাই, কোথায় তুমি? আমি যে আর পারছি না! তার জ্ঞান ফিরলো একটা ছোট্ট জানালাহীন ঘরে। একটি স্বল্পবয়সী চীনা যুবতি ঠাণ্ডা সুগন্ধি কাপড় দিয়ে তার মুখ মুছে দিচ্ছে। “কোথায়…? এটা কোন্ জায়গা? আমি কোথায়?” ফিফিস্ ক’রে বললো মেরি।

মেয়েটি মিষ্টি ক’রে হাসলো, আলতোভাবে মাথা দুলিয়ে দরজার বাইরে দাড়ানো চীনা লোকটির দিকে তাকালে মেরি লোকটিকে ভালোভাবে দেখলো, বয়স সম্ভবত তিরিশের কাছাকাছি, ট্রপিকাল স্টাইলের পোশাক পরা।

“আগে আমার পরিচয় দিয়ে নিই,” পরিস্কার ইংরেজিতে বললো লোকটা। “আমার নাম জিতাই। আমি হ্যাঙ্গচোউ ব্যাঙ্কের তুয়েন মুন শাখায় কাজ করি। আপনি একটা ফেব্রিক শপের পেছনের রুমে শুয়ে আছেন। শপ্‌টি আমার এক বন্ধু এবং ক্লায়েন্ট, মি: চ্যাংয়ের। তারাই আপনাকে এখানে নিয়ে এসেছে, তারপর আমাকে কল ক’রে ডেকে এনেছে এখানে। আপনি ডি ডি জিঙ্গ ঝা সংঘের রাস্তার দুই গুণ্ডার পাল্লায় পড়েছিলেন। এই সংঘ সমাজ সেবার নামে নানা ধরনের অপরাধকর্ম ক’রে বেড়ায়, যদিও এদের সব সদস্য এমন নয়, অনেক ভালো মানুষও আছে। আমেরিকানদের কাছে হয়তো ব্যাপারটা অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু সত্য হলো এটা চায়না।

“আপনি বুঝলেন কিভাবে আমি আমেরিকান?”

“আপনার উচ্চারণ শুনে। অচেতন অবস্থায় আপনি বারবার ডেভিড নামের এক লোকের কথা বলছিলেন। নিশ্চয়ই আপনার খুব কাছের মানুষ। আপনি তাকে খোঁজার কথা বলছিলেন।”

“আমি আর কি কি বলেছি?”

“আর কোনো কিছু না। আপনার কথাগুলো অসংলগ্ন শোনাচ্ছিলো।”

“ডেভিড নামে আমি কাউকে চিনি না,” দৃঢ়কণ্ঠে বললো মেরি। “হয়তো ছোটোবেলার কোনো স্মৃতি থেকে আমি আবোল তাবোল বকছিলাম, অচেতন, অবস্থায় এমনটা হয়ে থাকে।”

“আমরা এসব নিয়ে ভাবছি না। আমরা শুধু সান্ত্বনা পাচ্ছি এই ভেবে যে, আপনার কোনো ক্ষতি হয় নি। যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত লজ্জিত এবং আন্তরিকভাবে দুঃখিত।”

“কিন্তু ওই জানোয়ার, ওই গুণ্ডা দুটো কোথায়?”

“তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। উপযুক্ত শাস্তিও দেয়া হবে তাদেরকে।”

“ওরা বাকি জীবন জেলে পচে মরুক।”

চীনা লোকটি বিষম খেলো। “তা করতে গেলে পুলিশ ডাকতে হবে, থানায় জি.ডি করতে হবে, মেজিস্ট্রেটের কাছে যেতে হবে, আরো অনেক ঝামেলা হবে।”

মেরি লোকটির দিকে তাকালো।

“এখন, আপনি যদি চান, তাহলে আমি আপনাকে পুলিশের কাছে নিয়ে যেতে পারি, তাদের কাছে সব কথা খুলে বলতে পারি। আপনার ব্যক্তিগত মতামতের জন্যই আমরা এতোক্ষণ পুলিশ ডাকি নি। এমনিতেই আপনার ওপর অনেক ঝড় ঝাপটা গেছে, তাছাড়া তুয়েন মুনের মতো জায়গায় আপনার সঙ্গেও কেউ নেই। তাই আমরা ভাবছিলাম পুলিশ ডাকাটা ঠিক হবে নাকি।”

“না, মি: জিতাই,” আস্তে করে বললো মেরি। “আমি কোনো মামলার ঝামেলায় যেতে চাই না। আমি সম্পূর্ণ ঠিক আছি, তাছাড়া আমি মনে করি প্রতিশোধ প্রবণতা মোটেও ভালো জিনিস নয়।”

“কিন্তু আমরা প্রতিশোধ প্রবণ, ম্যাডাম!”

“মানে?”

“ওই গুণ্ডা দুটোকে এমন শাস্তি দেয়া হয়েছে যে, বাসর রাতে আর কিছু করার ক্ষমতা ওদের থাকবে না।”

“তাই নাকি। ছেলেগুলো বাচ্চা—”

“হ্যাঁ, কিন্তু আজ সকালের ঘটনার পরপরই আমরা টের পাই এটাই তাদের প্রথম অপরাধ নয়। ওরা পাষণ্ড হয়ে গেছে, তাই ওদেরকে উচিত শিক্ষা দেয়ার দরকার হয়ে পড়েছিলো।”

“আজ সকালে? ওহ্ ঈশ্বর, এখন ক’টা বাজে? আমি এখানে কতোক্ষণ ধরে শুয়ে আছি?”

ব্যাংকের লোকটি তার ঘড়িতে সময় দেখলো। “একঘণ্টার কিছু বেশি সময় ধরে।”

“আমাকে এখনই অ্যাপার্টমেন্টে ফেরত যেতে হবে। দেরি করা চলবে না।”

“আপনি একটু অপেক্ষা করুন। দোকানের মহিলা কর্মচারীরা আপনার পোশাক সেলাই ক’রে জোড়া দিচ্ছে। তারা চাইছে না আপনি ছেঁড়া কাপড়ে ফেরত যান। বেশি সময় লাগবে না।”

“আমার হাতে সময় নেই। আমাকে এখনই যেতে হবে। ওহ্, ঈশ্বর! তারওপর আমি ঠিকানাটাও ভালো ক’রে জানি না।”

“আমরা বিল্ডিংটা চিনি, ম্যাডাম! একজন লম্বা, আকর্ষণীয় শ্বেতাঙ্গ মহিলা তুয়েন মুনে এসেছে সেটা সবার নজরে পড়েছিলো। কথাটা ছড়িয়ে যায়। আমরা এখনই আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি।” চাইনীজ লোকটি ঘুরে গড়গড় ক’রে চীনা ভাষায় আধা খোলা দরজার বাইরে দাঁড়ানো কাউকে কিছু একটা নির্দেশ করলো।

হঠাৎ মেরি টের পেলো দরজার বাইরে আরো বেশ কিছু লোক ভিড় ক’রে আছে, তারা উৎসুক চোখে উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। মেরি উঠে দাঁড়ালো, তার পায়ে এখনও ব্যথা, হাত দিয়ে সে তার ব্লাউজের ছেড়া অংশটুকু ঢাকার চেষ্টা করলো। দু’জন বয়স্ক চাইনীজ মিহলা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলো। তাদের হাতে উজ্জ্বল সিল্কের কাপড়। প্রথমে একটা কাপড় দিয়ে তার বুক থেকে কোমড় পর্যন্ত পেঁচিয়ে দ্বিতীয় কাপড়টি তার স্কার্টের ওপরে পেচিয়ে একটা বেল্ট দিয়ে আটকে দেয়া হলো। কাপড় দুটোতে নিখুঁত আর সূক্ষ্ম কারুকাজ। দেখেই মনে হয় অত্যন্ত দামি।

“আসুন, ম্যাডাম,” বললো ব্যাংকের লোকটি। “আমি আপনাকে পৌঁছে দেবো।”

তারা ফেব্রিক শপের রুমটি থেকে বের হতেই বাইরে ভিড় করা চাইনীজ নারী- পুরুষগুলো সামনে ঝুঁকে মেরিকে অভিবাদন করতে লাগলো, তাদের চোখেমুখে বেদনার ছাপ। মেরি মৃদু হাসার চেষ্টা ক’রে মাথা দুলিয়ে জবাব দিলো।

ছোট্ট অ্যাপার্টমেন্টটিতে ফিরে এসে সিল্কের কাপড়টা খুলে বিছানায় শুয়ে পড়লো মেরি। সকালের কুৎসিত ঘটনাটি যতোই ভুলতে চেষ্টা করলো ততোই তা বার বার ফিরে আসলো তার কাছে। চিৎকার ক’রে বিছানা থেকে উঠে পড়লো সে। হেলেদুলে কিচেনে গিয়ে একটা গ্লাস নিয়ে ট্যাপ থেকে পানি ঢাললো। হালকা গরম পানিটুকু খেয়ে জানালার দিকে এগিয়ে গেলো। উদাসভাবে মেরি নীচের রাস্তার দিকে তাকালো।

ওই তো সে। ক্যাথরিন! সে একটা লোকের সাথে সাদা একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে কথা বলছে। তাদের দৃষ্টি দ্বিতীয় একটি গাড়ির পাশে দাঁড়ানো তিনটি লোকের দিকে ঘুরলো। ওরা পাঁচজনই চোখে পড়ার মতো, কারণ সারা রাস্তায় ওদের মতো পোশাকআশাক পরা আর কোনো লোক নেই। ওরা পাঁচজনই সাদা চামড়ার বিদেশী, এক সমুদ্র চীনাদের মাঝে ওদেরকে বেমানান লাগছে। ওরা প্রত্যেকেই উত্তেজিত, কোনো কারণে বিশেষ চিন্তিত, বারবার মাথা ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। ওই তিনজন লোকেরই চুল প্রায় একইভাবে ছাটা—মিলিটারি ধাঁচে—মেরিনদের মতো। আমেরিকান মেরিন! ক্যাথরিনের সাথে দাঁড়িয়ে যে লোকটা কথা বলছে তার চুলের কাট দেখে সিভিলিয়ান ব’লে মনে হচ্ছে। লোকটা দ্রুত কথা বলে চলেছে আর বারবার আঙুল তুলে চারপাশে কিছু একটা ইঙ্গিত করছে…মেরি লোকটাকে চেনে! ইনিই সেই স্টেট ডিপার্টমেন্টের লোকটা, যে তাদের সাথে মেইন-এ দেখা করতে এসেছিলো! আন্ডারসেক্রেটারি ম্যাকঅ্যালিস্টার! ক্যাথরিন এর সাথেই দেখা করার কথা বলেছিলো। দু’জন মেরিন রাস্তা পার হয়ে এদিকে এসে আলাদা হয়ে যেতেই মেরির কাছে সব ধাঁধা পরিস্কার হয়ে গেলো। তৃতীয় মেরিনটি ম্যাকঅ্যালিস্টারের সাথে সামান্য কিছুক্ষণ কথা বলেই তার ডান দিকে দৌড়ে যেতে লাগলো, লোকটা পকেট থেকে একটা ওয়্যারলেস বের করেছে। স্টেপলস্ আন্ডারসেক্রেটারির সাথে কথা বলতে বলতে হঠাৎ অ্যাপার্টমেন্টটির দিকে তাকাতেই মেরি দ্রুত জানালা থেকে সরে এলো।

আমি একাই আসবো, আমার সাথে কেউ থাকবে না। ঠিক আছে!

এটা একটা ফাঁদ! ক্যাথরিন স্টেপল্সকে ওরা হাত করেছে। সে আর মেরির বন্ধু নয়। মেরি বুঝতে পারলো এখনই তাকে পালাতে হবে। মেরি তার সাদা পার্সটি নিয়ে বিছানা থেকে সিল্কে কাপড়গুলো হাতে নিয়েই ফ্ল্যাট থেকে দৌড়ে বের হয়ে গেলো।

বিল্ডিং থেকে নামার দুটো সিঁড়ি আছে, ক্যাথরিন প্রথম দিন ঢোকার সময়েই তাকে বলেছিলো সেটা। একটা দিয়ে সাধারণ লোকেরা ওঠানামা করে, আর অপরটা ব্যবহার করা হয় ময়লা আবর্জনা নিয়ে যাওয়ার কাজে। মেরি পেছনের সিঁড়িটাকেই বেছে নিলো। দ্রুত সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেই বুঝতে পারলো সে বেশি জোরে দৌড়াতে পারবে না। তার পায়ের তলায় এখনও প্রচণ্ড ব্যথা। তবুও যতোটা দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো।

ক্যাথরিন স্টেপলস্ সামনের সিঁড়ি দিয়ে উঠছে। মেরি বুঝলো তার হাতে বেশি সময় নেই। স্টেপলস্ ফ্ল্যাটে ঢুকে তাকে না পেলেই নীচে সিগনাল পাঠিয়ে দেবে। তাকে আরো দ্রুত পালাতে হবে। চিপা আবছা অন্ধকার সিঁড়িটা দিয়ে নামতে নামতেই হঠাৎ মেরি একজনের পায়ের আওয়াজ শুনতে পেলো। সে উপর থেকে ঝুঁকে নীচের সিঁড়িটা দেখার চেষ্টা করলো। যেমনটা সে ভেবেছে, একজন মেরিন এই সিঁড়ি দিয়ে উঠে আসছে। মেরি দ্রুত সিঁড়ির পাশের বারান্দায় রাখা কতোগুলো পুরনো আসবাবের পেছনে লুকোলো। লোকটা উঠে এসে সিঁড়ির কিণারে দাঁড়িয়ে আছে। তার ডিউটি নিশ্চয় এই সিঁড়িটা গার্ড দেয়ার। কিন্তু লোকটার মনোযোগ সম্পূর্ণ উপরের সিঁড়ির দিকে, বারান্দার পাশের আসবাবগুলো তার নজরেই পড়ে নি। মেরি উঠে দাঁড়ালো, দৌড়ে মেরিনটির কাছে গিয়ে তার হাতের ভারি বেল্ট সমতে সিল্কের কাপড়ের দলাটা দিয়ে আঘাত করলো। আচমকা আঘাতে লোকটা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে লাগলে কোনোরকম সুযোগ না দিয়েই মেরি হাতের কঁনুই দিয়ে লোকটার পিঠে জোরে ধাক্কা দিলো। রেলিংয়ে ধাক্কা খেয়ে ডিগবাজি খেতে খেতে একদম সিঁড়ির নীচে গিয়ে পড়লো লোকটা।

ক্যাথরিন স্টেপলস্ ফাঁকা ফ্ল্যাটের ভেতর থেকে হতভম্ব হয়ে বেরিয়ে আসতেই সিঁড়ি দিয়ে ভারি কিছু একটা পড়ার শব্দ শুনতে পেলো।

“মেরি, আমি জানি তুমি এখানে! ঈশ্বরের দোহাই, থামো। তুমি যেমনটা ভাবছো এটা তেমন নয়,” চেচিয়ে বললো ক্যাথরিন।

মেরি উপর থেকে আসা চিৎকারটা শুনতে পেলো। সে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে ফ্ল্যাটের পেছন দিকের দরজা দিয়ে একটা গলিতে বেরিয়ে এলো। সারি সারি অ্যাপার্টমেন্টগুলো পেছনের গলিগুলো একটার সাথে আরেকটা লাগানো। মেরি তারই মধ্যে দিয়ে দৌড়াতে লাগলো। তার পা দিয়ে রক্ত ঝড়তে শুরু করেছে। তুয়েন মুলের কড়া রোদের আলোয় তার চোখ বন্ধ হয়ে আসছে। মেরি তার ছেড়া ব্লাউজটা খুলে পাশের একটা ডাস্টবিনে ফেলে সিল্কের কাপড়টা দিয়ে শরীর পেচিয়ে নিলো। কাপড়ের কিছু অংশ দিয়ে ঘোমটার মতো করে সে তার চুল আর মাথা ঢেকে দৌড়ে গলি থেকে বেরিয়ে চলে এলো মূল রাস্তায়। কয়েক সেকেন্ডর মধ্যেই সে ঢুকে পড়লো চীনাদের জনসমুদ্রের মধ্যে।

“ওখানে!”একটা পুরুষ কণ্ঠস্বর চেঁচিয়ে উঠলো। “ওই লম্বা মেয়েটা।”

আবার শুরু হলো ধাওয়া, কিন্তু এবারেরটা ব্যতিক্রম। একটা লোক তার দিকে ছুটে আসতেই লোকটার সামনে কোথা থেকে যেনো একটা ভ্যানগাড়ি এসে থামতেই লোকটা ঠেলা মেরে সরাতে গেলো, ফলে ভ্যানগাড়িতে রাখা উত্তপ্ত তেলের পাত্রে তার হাত ছ্যাঁকা খেলো। চিৎকার ক’রে উঠলো সে। ভ্যানগাড়িটিকে পাশ কাটিয়ে যেতেই ভ্যানগাড়ির লোকগুলো তাকে ঘিরে ধরলো, সম্ভবত তাদের তেলের জন্য ক্ষতিপূরণ চাইতে।

“ওই যে খাকি?”

মেরি কথাটা শুনতে পেলো। আরেকজন তাকে ধাওয়া করতে শুরু করলে দৌড়াতে লাগলো সে। হঠাৎ একগাদা চীনা মহিলার সামনে পড়ে গেলো মেরি। তাদের পাশ কাটিয়ে ডান দিকের একটা গলিতে ঢুকেই বুঝতে পারলো এটা একটা কানাগলি। সামনে যাওয়ার আর কোনো পথ নেই। ঠিক তখনই সামনের ডান দিকের একটা দরজা দিয়ে প্যারামিলিটারি পোশাক পরা পাঁচজন চীনা বেরিয়ে এলো—ডি ডি জিঙ্গ ঝা সংঘের গুণ্ডারা। আমেরিকান মেরিনটিও মেরির পেছন পেইন এসে পৌঁছেছে। কিন্তু এবার যা হলো তা একেবারেই বিপরীত। ছেলেগুলো মেরিকে চলে যেতে ইশারা করে মেরিনটিকে ঘিরে ধরলো।

“সাদা বাবু! মেয়েদের জ্বালাতন করো?”

চীনা ভাষায় কথাগুলো শোনা গেলো। একটা ছেলে মেরিনটির দু’হাত চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে দেয়ালের গায়ে ঠেসে ধরলো। “আমাকে ছাড়, হারামজাদা!” চেঁচিয়ে উঠলো মেরিনটি, “আমাকে যেতে দে, না হলে তোরা পস্তাবি।”

“তুই যদি হাত ওঠাস কিংবা অস্ত্র বের করার চেষ্টা করিস তাহলে মরবি। পাঁচজন ডি ডি জিঙ্গ ঝা একজন আমেরিকানকে সহজেই ঘায়েল করতে পারবে।”

আমেরিকান মেরিনটি পরিস্থিতির বেগতিক অবস্থা উপলব্ধি ক’রে কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো। “আমি তো অস্ত্র বের করার কথা বলি নি। আমি শুধু আমার ডিউটি করছিলাম মাত্র। এতে তোমাদের কিছু যায় আসে না।”

“দুঃখিত জনাব, কিন্তু এতে আমাদের অনেক কিছুই যায় আসে। কারণটা আপনাদের জানার কথা নয়!”

“বালের প্যাঁচাল!” মেরিনটি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালে পাঁচজন চীনা যুবক তার দিকে তাকিয়ে হাসতে লাগলো।

“লাই!” একজন চীনা মহিলা মেরির দিকে তাকিয়ে একটা হাতল ছাড়া দরজার দিকে ইঙ্গিত ক’রে বললো। দেয়ালের গায়ে লাগানো দরজাটি দেখে মনে হচ্ছে এটা কখনও ব্যবহার করা হয় না। “ঝিয়াও জিন। কা ফিল।”

“সাবধানে,” অ্যাপ্রোন পরা একজন লোক ভেতর থেকে দরজাটা খুললে মেরি সাথে সাথে ভেতরে ঢুকে পড়লো। জায়গাটা একটা কসাইখানা, চারপাশে মাংস ঝোলানো। অ্যাপ্রোন পরা লোকটি দরজা লাগিয়ে বেশ কিছুক্ষণ কান পেতে শোনার চেষ্টা করলো কেউ আসছে কি না; তারপর ঘুরে দাঁড়িয়ে মেরিকে তার সাথে আসতে ইশারা করলো।

মেরি লোকটার পিছু পিছু কসাইখানা থেকে বের হয়ে একটা মাংসের দোকানে এসে পৌঁছালো। দোকানটির কাউন্টারের সামনে বাশের খড়ি দিয়ে তৈরি একটা জানালা আছে। মেরিকে কাউন্টারের পেছনে লুকোতে বলা হলো। বাশের খড়ির ফাঁক দিয়ে সে স্পষ্ট দেখতে পাচ্ছে বাইরে কি হচ্ছে। ভিড় ক’রে থাকা একগাদা চাইনীজ লোকের সাথে ক্যাথরিন আর ম্যাকঅ্যালিস্টারের উত্তপ্ত বাক্য বিনিময় চলছে। চীনারা তাদের তুয়েন মুনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য বিদেশীদের দোষারোপ করছে। একএক ক’রে তাদের আহত মেরিনেরাও ফিরে এলো। ম্যাকঅ্যালিস্টারকে উত্তপ্ত জনতার রোষানল থেকে বাঁচাতে গিয়ে তাদের সাথেই আবার শুরু হয়ে গেলো হাতাহাতি।

হঠাৎ, কোথা থেকে যেনো কানে তালা লাগানো বিকট শব্দে প্রাচ্যদেশীয় সঙ্গীত ভেসে আসতে লাগলো। একটা বিশাল মিছিল এদিকেই ধেয়ে আসছে। লোকগুলোর হাতে কাঠের তৈরি সরঞ্জাম, প্ল্যাকার্ড আর ফুলের তোড়া। আমেরিকানগুলো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো। বাইরের পরিবেশের এই আকস্মিক পরিবর্তনে মেরিও অবাক হয়ে গেছে। সে আরো চমকে গেলো যখন দেখলো মিছিলের নেতৃত্বে দিচ্ছে ব্যাংকার জিতাই!

ক্যাথরিন, ম্যাকআলিস্টার আর তাদের মেরিনগুলো ভিড় থেকে ঠেলাঠেলি ক’রে বেরিয়ে এক দৌড়ে রাস্তা পার হতেই মুহূর্তের মধ্যেই ওরা সবাই উধাও হয়ে গেলো।

মাংসের দোকানের দরজায় কে যেনো কড়া নাড়লো। অ্যাপ্রোন পরা লোকটি দরজা খুলে দিতেই ব্যাংকার জিতাই ভেতরে ঢুকলো, সামনে ঝুঁকে মেরিকে অভিবাদন জানালো সে।

“প্যারেডটা কেমন লাগলো, ম্যাডাম?”

“আমি আসলে বুঝতে পারছি না, এটা কিসের প্যারেড ছিলো?”

“মৃতদের নিয়ে এমন শবযাত্রা আমরা ক’রে থাকি। তবে এবারেরটা ছিলো এই কসাইখানায় প্রাণ হারানো অসহায় প্রাণীগুলোর জন্য!” মুচকি হাসলো জিতাই।

“মানে…? এসব আপনারা ইচ্ছে ক’রে করেছেন? সবকিছু প্ল্যান করা ছিলো?”

“আসলে এ অঞ্চলটা অস্থিতিশীল,” বলতে লাগলো জিতাই। “প্রায়ই আমাদের কোনো বন্ধু বা পরিবারের সদস্যরা উত্তরের বর্ডার পার হয়ে এদিকে আসে। তখন আর্মিরাও তাদেরকে ধরতে আসে, তাদেরকে আগের জায়গায় ফেরত পাঠানোর জন্য। তাই নিজেদের লোকদের রক্ষার জন্যই আমাদেরকে সবসময় এরকম প্রস্তুত থাকতে হয়।”

“কিন্তু আমার ব্যাপারে…? আপনি জানলেন কি ক’রে আমি বিপদে আছি?”

“আমরা আপনার ওপর নজর রাখছিলাম। আমরা শুধু এটুকুই বুঝেছিলাম আপনি কারো কাছ থেকে পালিয়ে এসে এখানে গা ঢাকা দিয়েছেন। তার ওপর আপনি ওই গুণ্ডা দুটোর বিরুদ্ধে কোনো মামলায় জড়াতে চান নি; এসব থেকেই আমরা বুঝতে পারি আপনি লোকচক্ষুর আড়ালে থাকতে চান। তারপর যখন আপনাকে পালাতে দেখি তখন আমরাই ওই আমেরিকানগুলোর পথে বাধা সৃষ্টি করি।”

“ভ্যানগাড়ি?”

“হ্যাঁ, তারপর রাস্তার ওই মহিলাগুলো ইচ্ছে করে ভিড় সৃষ্টি করে আপনাকে গলির মুখে ঠেলে দেয়া হয়। ওখানে যে পাঁচজন ডি ডি জিঙ্গ ঝা ছিলো, ওরা ভালো ছেলে। ওরা ওদের সংঘের অপর দু’জন সদস্যের কৃতকর্মের জন্য লজ্জিত।

লোকগুলো এখন মাংসের দোকানের সামনে এসে ভিড় করছে। উৎসুক চোখে দোকানের ভেতরে উকিঝুঁকি মারার চেষ্টা করছে তারা।

“কিন্তু আমি তো কোনো দাগি অপরাধীও হতে পারতাম! আপনারা না জেনে শুনে আমাকে সাহায্য করলেন কেন?”

“আপনার পরিচয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, ম্যাডাম। আমরা শুধু এটা জানি, আমরা অপরাধী। আমাদেরই দু’জন লোকের জন্য আপনাকে একটা বীভৎস ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তাই আপনাকে সাহায্য করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তার ওপর আপনাকে দেখে কোনো অপরাধী ব’লে মনে হয় নি!”

“আমি কোনো অপরাধী নই। আমার সাহায্য দরকার। আমাকে হংকংয়ে যেতে হবে, এমন কোনো হোটেলে আমি উঠতে চাই যেখানে ওরা আমাকে খুঁজে পাবে না।” মেরি থামলো, তার চোখ জিতাইয়ের চোখে আঁটকে আছে। “ডেভিড আমার স্বামীর নাম।”

“আমি অনুমান করেছিলাম,” বললো জিতাই। “কিন্তু সবার আগে আপনাকে একজন ডাক্তার দেখতে হবে

“কি?”

“আপনার পা দিয়ে রক্ত ঝরছে!”

মেরি তার পায়ের দিকে তাকালো। “আমার মনে হয় আপনি ঠিকই বলছেন।”

“আমি আপনার জন্য কিছু জামাকাপড় আর আপনার যাওয়ার ব্যবস্থা করছি। আমি নিজে আপনার জন্য হোটেলে খুঁজে দেবো। আপনি যে নামে চান আপনার রুম বুক করা হবে। আর টাকা পয়সার ব্যাপারটা…আপনার কাছে কি যথেষ্ট টাকা আছে?”

“দেখতে হবে,” তার সাদা পার্সটা খুলে বললো মেরি। “আমার এক বন্ধু এখানে কিছু টাকা রেখে গেছে,” পার্স থেকে স্টেপসের নোটগুলো বের ক’রে বললো সে।

“আমরা, তুয়েনসুমের বাসিন্দারা যথেষ্ট বড়লোক না হলেও আপনাকে হয়তো সাহায্য করতে পারবো।”

“আমার আর্থিক সমস্যাটা সাময়িক, মি: জিতাই। দরকার পড়লে আপনাদের পুরো পাওনাই আমি সুদে-আসলে চুকিয়ে দেবো,” বললো মেরি।

“যেমনটা আপনার ইচ্ছে। আমার কাজ তো সুদ-আসল নিয়েই, কিন্তু আপনার মতো কোমলমতি মহিলা সুদ-আসলের কীই বা জানে,” জিতাই হাসলো।

“আপনি ব্যাংকার আর আমি ইকোনোমিস্ট। ভাসমান মুদ্রার ওপর সুদের প্রভাবের আপনিই বা কি জানেন?” অনেকদিন পর মেরি সত্যিকারভাবে হাসলো।

.

মেরি ট্যাক্সিতে ক’রে কাউলুনে যাচ্ছে। তুয়েন মুনের লোকগুলো সদয় আর উপকারী হওয়ার পাশাপাশি যথেষ্ট বুদ্ধিও রাখে। ব্যাংকার জিতাই বুঝতে পেরেছিলো মেরি কতোগুলো ভয়ংকর লোকের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, চেষ্টা করছে তার বন্ধুদের সাথে যোগাযোগ করবার। তাই সে উপলব্ধি করে মেরির চেহারা ও পোশাক আশাকে কিছু পরিবর্তন আনা দরকার।

তার জন্য কিছু ওয়েস্টার্ন কাপড় কিনে আনা হয়, যেগুলোর মধ্যে একটা গেঁয়ো গেঁয়ো ভাব আছে। তারপর একজন মহিলা ডেকে তার চুলগুলো ডাই করানো হয়। সবশেষে মেরি যখন আয়নায় নিজেকে দেখলো তখন তাকে আর মোটেও টুরিস্টের মতো লাগছিলো না। তার বয়স অনেক বেশি মনে হচ্ছিলো, দেখতে অনেকটা রুক্ষ্মসূক্ষ্ম বিধবা মহিলার মতো।

মেরি গভীর চিন্তায় ডুবে আছে। সে প্রতিটি লোককে মনে করার চেষ্টা করছে যারা তার সাহায্যে এগিয়ে আসতে পারে। কিন্তু আস্থা রাখার মতো কাউকে খুঁজে পাচ্ছে না।

হ্যা, মরিস পানোভ। বর্নের চিকিৎসায় সময় মেডুসার কিছু তথ্য নাড়াচাড়া করেছিলো মো। এ ব্যাপারে সে অনেক কিছুই জানে। বর্নের আগেকার সোর্স আর কনট্যাক্টদের নামও সে জানতে পারে। ওদের মাধ্যমে ডেভিডের সাথে যোগাযোগ করা যেতে পারে। মো বর্নের পুরনো বন্ধু আর শত্রুদের সম্পর্কে মেরির চেয়েও বেশি জানে। পুরনো বন্ধু, পুরনো বন্ধু…কথাটা ভাবতেই মেরির সামনে একটা চেহারা ভেসে উঠলো। ককলিন। আলেকজান্ডার ককলিন। যে কয়মাস ডেভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলো, ককলিন বারবার তার সাথে দেখা করার চেষ্টা করেছে, ক্ষমা চাওয়ার চেষ্টা করেছে। কিন্তু ডেভিডই রাজি হয় নি। সে হুমকি দিয়েছিলো ককলিন হাসপাতালের ভেতরে পা রাখলেই তাকে মেরে ফেলবে। ককলিন যখন তার ভুল বুঝতে পারে, বুঝতে পারে ডেভিড সম্পূর্ণ নির্দোষ, তখন থেকেই সে আত্মগ্লানিতে ভুগতে শুরু করে। তার ভেতরকার প্রচণ্ড অপরাধবোধ তাকে কখনই স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয় নি। হ্যা, ককলিন…এর ওপর আস্থা রাখা যায়। সে আমাদের কাছে ঋণী। এটা হবে তার ঋণ পরিশোধ করার একটা সুযোগ। সে বেঈমানী করতে পারে না।

.

কাউলুনের শাটাস্ রোডে অবস্থিত এই হোটেলটার নাম দ্য এমপ্রেস। সিম শা সুই’য়ের ঘিঞ্জি বসতির মাঝে ছোটো এ হোটেলটি গড়ে উঠেছে। ব্যাংকার জিতাই তার কাজ খুব পারদর্শীতার সাথেই সেরেছে, মিসেস অস্টিনের নামে একটা সিঙ্গেল রুম বুক করা হলো— মিসেস পেনেলোপি অস্টিন। নামটা মেরির পছন্দ হয়েছে, তার সাথে বেশ খাপ খেয়েছে সেটা।

মেরি বিছানার কিনারে ব’সে আসছে। সে টেলিফোনটার দিকে এগিয়ে গেলো। “আমি ওয়াশিংটন ডি.সি’র একজন লোকের নাম্বার চাই,” সে অপারেটরকে বললো। “এটা এমারজেন্সি।”

“ওভারসিজ ইনফরমেশনের জন্য আলাদা চার্জ পড়বে ম্যাডাম—”

“যা লাগে চার্জ করো,” বললো মেরি। “এটা আর্জেন্ট ব্যাপার। আমি লাইনেই অপেক্ষা করছি।”

“হ্যাঁ?” ঘুমকাতুরে কণ্ঠস্বরটা শোনা গেলো। “হ্যালো!”

“অ্যালেক্স, আমি মেরি ওয়েব বলছি।”

“কোথায় তুমি? তোমরা কোথায়? ডেভিড কি তোমাকে খুঁজে পেয়েছে?”

“আমি বুঝতে পারছি না তুমি কি বলছো! আমি তাকে খুঁজে পাই নি আর সেও আমাকে খুঁজে পায় নি। তুমি সব জানো?”

“হ্যাঁ, ডেভিড এখানে এসেছিলো। আমি আর মো পানোভ এখান থেকেই খুঁটিয়ে বের করার চেষ্টা করছিলাম, তলে তলে কি ঘটছে। তোমাদের চিন্তায় আমি গত তিনদিন মদই খেতে পারি নি।”

“শুনে খারাপ লাগলো,” বললো মেরি।

“কিন্তু ঘটনাটি কি? ওখানে কি হচ্ছে?”

“মেরি তাকে সব খুলে বললো। কিভাবে সে ক্যাথরিন স্টেপসের সাহায্য নিয়ে পালায় আর কিভাবে ম্যাকঅ্যালিস্টার, পরে স্টেপল্সকে দিয়েই তার জন্য ফাঁদ পাতে।

“ম্যাকঅ্যালিস্টার? তুমি তাকে দেখেছো?”

“সে এখানেই আছে, অ্যালেক্স! আমি নিজে তাকে দেখেছি। সে আমাকে ধরার জন্য মুখিয়ে আছে। আমাকে ধরতে পারলেই সে ডেভিডকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমি এখন কি করবো?”

“তুমি যেখানে আছো সেখানেই থাকো,” মেরিকে নির্দেশ দিলো অ্যালেক্স। “আমি হংকংয়ের পরবর্তী ফ্লাইটটাতেই আসার চেষ্টা করছি। রুম থেকে একদম বের হবে না। আর কাউকে কলও করার দরকার নেই। তারা নিশ্চয় তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে।”

“ডেভিডকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, অ্যালেক্স! ভয় হয়, আমার জন্যে না যেনো ও মারা যায়।

“ডেল্টার চেয়ে সেরা কেউ মেডসা’তে কখনও তৈরি হয় নি। আমি জানি। আমি নিজে দেখেছি,” বললো অ্যালেক্স।

“আমি ওর মানসিক অবস্থা নিয়ে ভাবছি। ওর মস্তিষ্কের ওপর মতো চাপ পড়ছে তার প্রভাব কতোটা খারাপ হতে পারে তুমি কি ভেবে দেখেছো?”

ককলিন কিছুক্ষণ চুপ ক’রে থেকে তারপর আবার বলতে শুরু করলো। “আমি আমাদের একজন বন্ধুকে সাথে আনার চেষ্টা করবো। তুমি তো মো’কে চেনোই। আমার মনে হয় না সে মানা করবে। আর একটু ধৈর্য ধরো, মেরি। এবার আমরা ওদের খেলা দেখাবো। আর সেটা দেখার মতো খেলা হবে!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *