বর্ন সুপৃমেসি – ৩০

অধ্যায় ৩০

টেলিফোনটা বেজে উঠলে মেরি চেয়ার থেকে উঠে দাঁড়াতেই মো পানোভ তাকে হাত তুলে থামার জন্য ইশারা করলো। বিছানার পাশে গিয়ে ডাক্তার নিজেই ধরলো ফোনটা।

“হ্যাঁ!” আস্তে ক’রে বললো সে। মো পানোভ অবাক হয়ে ফোনের কথাগুলো শুনে রেগেমেগে মেরির দিকে একবার তাকালো। “ঠিক আছে,” প্রায় এক মিনিট পরে মুখ খুললো বিস্মিত মো। “ঠিক আছে, আমরা তাই করছি। কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে। প্রশ্নটা শুনে যদি আপনি কষ্ট পান তাহলে ক্ষমা ক’রে দেবেন। আপনি আবার মদটদ খান নি তো?”

ককলিনের আশ্রাব্য গালির তোপের ঠেলায় পানোভের মুখ সামান্য কুঁচকে গেলে সে ফোনটা কান থেকে একটু দূরে সরিয়ে রাখলো। “ঠিক আছে, বুঝতে পারছি। পরে কথা হবে।” লাইনটা কেটে দিলো সে।

“কি হয়েছে?” উত্তেজিতভাবে মেরি প্রশ্ন করলে সাইকিয়াস্ট মেরির চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে মুখ খুললো।

“ক্যাথরিন স্টেপলস্ আর নেই। তাকে তার অ্যাপার্টমেন্টের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।”

“হায় ঈশ্বর!” ফিফিস্ ক’রে বললো মেরি।

“আর ওই বিশালদেহী ইন্টেলিজেন্সের অফিসারটা,” বলে চললো পানোভ। “যাকে কাউলুন স্টেশনে দেখেছিলাম, স্টেপলস্ যার নাম লিন ওয়েনজু বলেছিলো—”  

“তার আবার কি হলো?’

“সে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছে। ককলিন ওই হাসপাতালেরই কোনো পে-ফোন থেকে ফোন করেছিলো।”

মেরি পানোভের চেহারা দেখে কিছু বোঝার চেষ্টা করলো। “ক্যাথরিনের মৃত্যু আর লিন ওয়েনজুর আহত হওয়ার মধ্যে কোনো যোগসূত্র আছে, তাই না?”

“হ্যাঁ, যখন স্টেপলস্ মারা গেছে তখন ধরে নেয়া যেতে পারে ওদের দলের মধ্যে কোনো গুপ্তচর ঢুকে পড়েছে।”

“কোন্ দলের মধ্যে?”

“ককলিন সেটা খুলে বলে নি। তবে সে বলেছে, ওই গুপ্তচরকে নিষ্ক্রিয় করতে গিয়েই লিন তার জীবন হারাতে বসেছে এখন।”

“ওহ্, ঈশ্বর!” কেঁদে উঠলো মেরি, তার গলা কাঁপছে। “গোপন দল, গুপ্তচর, নিষ্ক্রিয় করা, লিন, এমনকি আমার এক সময়কার বন্ধু ক্যাথরিনের মৃত্যু—এসব খবরে আমার কোনো মাথ্যব্যথা নেই! আমি শুধু ডেভিডের খবর জানতে চাই!”

“ওরা বলছে সে চায়নাতে গেছে।”

“হায় ঈশ্বর! ওই জানোয়ারগুলো ওকে মেরে ফেলবে!” চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার ক’রে বললো মেরি।

পানোভ তার হাত ধরে আবার বসালো। তার নড়াচড়া আর অস্থিরতা কমানোর জন্য তার কাঁধে হাতে রেখে শক্ত ক’রে চাপ দিলো। কিছুক্ষণ নীরবতা পালনের পর চোখ তুলে পানোভের দিকে তাকালো মেরি। “আমি তোমাকে বলছি অ্যালেক্স আমাকে আর কি কি বলেছে…আমার কথা মনোযোগ দিয়ে শোনো!” বললো পানোভ।

মেরি নিথরভাবে ব’সে এক দৃষ্টিতে পানোভের দিকে তাকিয়ে পুরো কথাটা শুনলো। “কি?” সব শুনে বিড়বিড় ক’রে বললো সে।

“অ্যালেক্স আসলে আমাকে দুটো কথা বলেছে। প্রথমে সে বলেছে তুমি স্টেপলকে ভুল বুঝেছো।”

“ভুল বুঝেছি? আমি নিজের চোখে দেখেছি। সে আমাকে মিথ্যে বলেছে!”

“সে তোমাকে না ভড়কে দিয়ে বাঁচানোর চেষ্টা করছিলো।”

“সম্পূর্ন মিথ্যে! দ্বিতীয় কথাটা কি?”

পানোভ শান্তভাবে বললো, “পরিস্থিতি যতোটা সঙ্গিন তাতে ক্যাথরিন স্টেপলস্ যা করছিলো তাতে তাকে দোষ দেয়া যায় না।”

“হায় ঈশ্বর, ওরা অ্যালেক্সকেও আমার বিরুদ্ধে নিয়ে গেছে!”

“না, সেরকম কিছু না। অ্যালেক্স কখনও বলবে না তুমি কোথায় আছো। সে বলেছে পালানোর জন্য আমরা যেনো প্রস্তুত থাকি। তার পরবর্তী ফোন পেলেই আমাদেরকে এখান থেকে ভাগতে হবে। সে এখানে আসার ঝুঁকি নেবে না। কারণ তাকে ফলো করা হতে পারে”

“তাহলে আবার পালাতে হবে, গা ঢাকা দিতে হবে? এবার কিন্তু ওদের দল আরো ভারি হয়ে গেছে। আমাদের খোঁড়া সন্ন্যাসী বন্ধু ওদের হয়েই কথা বলছে।”

“তুমি ভুল করছো, মেরি। অ্যালেক্স সেরকম কিছুই বলে নি, আমিও বলছি না।

“আমার মাথা খেয়ো না, ডাক্তার। আমার স্বামীর জীবন বিপন্ন। ওরা তাকে ব্যবহার করছে। অথচ আমার স্বামী জানে না সে কাদের হয়ে কাজ করছে। তার দোষ কি এটাই যে, সে তার কাজে সেরা, অদ্বিতীয়?”

টেলিফোনটা আবার বেজে উঠলে মেরি থেমে গেলো। পানোভ অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে গেলো ফোনটার দিকে।

.

“আবার ওটা করার চেষ্টা করলে এখানেই তোমার সমাধিক্ষেত্র বানিয়ে দেবো,” গর্জন ক’রে বললো বর্ন। হাত বাঁধা গুপ্তঘাতক তার দেহ দিয়ে বর্নের হাত দরজার চৌকাঠে চাপা দেয়ার চেষ্টা করছিলো। বর্ন তাকে ধাক্কা মেরে রুমের ভেতরে ঢোকালো। একটা সস্তা হোটেলের রুম ভাড়া নিয়েছে তারা।

“তুমি আমার কাছ থেকে কি আশা করো?” উত্তেজিতভাবে বললো কমান্ডো। “আমি কি মুখে হাসি ফুঁটিয়ে শান্ত ছেলের মতো নিজে থেকেইে শূলে চড়তে যাবো?”

“আমি এ লাইনে কাজ করলেও কখনও এদের অংশ ছিলাম না। কিন্তু জানতে ইচ্ছে করছে তুমি এ ধান্দায় আসলে কেন?”

“তুমি কি সত্যিই জানতে আগ্রহী মি: অরিজিনাল?” দেয়ালের পাশে রাখা একটা জীর্ণ আরাম কেদারার ধপাস ক’রে ব’সে পড়লো গুপ্তঘাতক। “তাহলে এখন আমার প্রশ্ন করা উচিত তুমি কেন এ লাইনে এসেছো?”

“সম্ভবত আমি নিজেকে কখনও বুঝে উঠতে পারি নি, তাই,” বললো ডেভিড।

“তাই নাকি! আমি তোমার ব্যাপারে সব জানি, বন্ধু। আমার ট্রেনিংয়ের একটা অংশই ছিলো তোমাকে নিয়ে বিশ্লেষণ করা। ফ্রেঞ্চম্যান তোমার সব খুঁটিনাটি আমার কাছে ফাঁস করেছিলো। মহান ডেল্টা তখন প্রতিশোধের আগুনে পুড়ছে। নম পেন-এ তার স্ত্রী আর সন্তানদেরকে একটা জেট বিমান নৃশংসভাবে হত্যা করেছে। আর তা থেকেই একজন সভ্য, অমায়িক পণ্ডিত ব্যক্তির জীবন পুরোপুরি বদলে গেলো। নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো সে। তখনই তোমার এই ক্রোধকে ওরা ব্যবহার করে। কিন্তু তোমার প্রত্যেকটা মিশনই হতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বলা যায় আত্মহত্যার শামিল। ওদের চোখে তুমি একটা উন্মাদ পাষণ্ড ছাড়া আর কিছুই ছিলে না। তাই তুমি চলে যাওয়াতে ওরা খুশিই হয়েছিলো। ওরা কখনও চায় নি তুমি আবার ফিরে আসো।”

“আমার মনে হয় এটা পুরো গল্পের একটা অংশ মাত্র,” বললো ওয়েব। “আমি তোমার কথা জানতে চাইছিলাম।”

গুপ্তঘাতক তার বাঁধা হাতের দিকে বড় বড় চোখে তাকলো। যখন সে মুখ খুললো তার কথা প্রায় শোনাই যাচ্ছিলো না, অত্যন্ত নীচু স্বরে ফিসফিস ক’রে বললো সে। “কারণ আমি মানসিকভাবে অসুস্থ। ছোটোবেলাতেই সেটা টের পাই। তখন থেকেই নোংরা সব চিন্তা আমার মাথায় ঘুরতো। ছুরি দিয়ে কতো কুকুর বিড়াল যে মেরেছি তার ঠিক নেই; শুধু ওদের চোখে আতঙ্ক দেখার জন্য। প্রতিবেশীর এক বাচ্চা মেয়েকেও ধর্ষণ করেছিলাম, কারণ আমি জানতাম সে বোবা, কাউকে কিছু বলতে পারবে না। তখন আমার বয়স ছিলো মাত্র এগারো। এরপর অক্সফোর্ডে পড়তে গেলাম, সেখানেও একটা ছেলেকে পানিতে ডুবিয়ে মারলাম, শুধু তার মরা চোখ দেখার জন্য। এক কথায় আমি ছিলাম আমার বাপের আদর্শ ছেলে।”

“তুমি কোনো ডাক্তারের সাহায্য নাও নি কেন?”

“সাহায্য? যার নাম অ্যালকট-প্রাইস তাকে কে সাহায্য করবে?”

“অ্যালকট?” চমকে উঠে তার বন্দীর দিকে তাকালো বর্ন। “জেনারেল অ্যালকট প্রাইস? দ্বিতীয় বিশ্বযুদ্ধে মন্টোগোমারির সেই বিস্ময় বালক? সেই কসাই অ্যালকট, যে টবরুক যুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছিলো, পরে ইতালি আর জার্মানিতে আতঙ্ক ছড়িয়ে বেড়িয়েছিলো?”

“আমার তখনও জন্মই হয় নি। আমি তার তৃতীয় স্ত্রী’র সন্তান, চতুর্থটারও হতে পারি, আমি খালি একটুই জানি। মেয়েদের ব্যাপারে সে একটু দিলখোলা ছিলো।”

“দাঁজু বলেছিলো তুমি কখনও তাকে তোমার আসল নাম বলো নি।”

“কথাটা সত্যি! কারণ আমার নামই আমার সবকিছু। আমার নামই আমার অতীত। আমার বাপ কখনও আমাকে দেখতে পারতো না। ওই মাতাল জেনারেল বারে বসে মদ গিলতো আর আমাকে দিয়ে খুন করার হুকুম জারি করতো। ‘ওই হারামিটাকে শেষ করো। ওই নষ্টের গোড়াটাকে শেষ করো, আর কেউ যেনো ওর নাম না জানতে পারে। সে আমার কেউ না, আর ওই মহিলাটা একটা বেশ্যা ছিলো!’ কিন্তু আমি তারই ছেলে, আর এটা সে ভালো করেই জানতো। আর্মিতে আমার অসাধারণ সব রেকর্ডই বলে দিচ্ছিলো আমি তারই সন্তান, আমার শরীরে তার রক্ত বইছে। আমাদের শুধু নামই এক ছিলো না, কাজও একই ধরণের ছিলো।”

“তার মানে, সে তোমার অসুস্থতা সম্পর্কে…জানতো?”

“সে তখনও জানতো…এখনও জানে। তাই সে আমাকে সবসময় দূরের কোনো জটিল মিশনে পাঠিয়ে দিতো। তার নিজের বাহিনী থেকে আমাকে দূরে দূরে রাখতো, পাছে কেউ জেনে যায় আমি তারই ছেলে। সে ভয় পেতো আমি তার ছেলে লোকে এটা জেনে গেলে তার ভাবমূর্তি নষ্ট হবে। যতোদিন না সে শুনবে আমি মরে গেছি এবং আমার পরিচয়ও আমার সাথে কবরে চাপা পড়ে গিয়েছে, ততোদিন সে শান্তিতে ঘুমোতে পারবে না!”

“তাহলে তুমি আমাকে তোমার পরিচয়টা জানালে কেন?”

“উত্তরটা সহজ,” জেসনের চোখের দিকে তাকিয়ে জবাব দিলো সাবেক কমান্ডো। “যতোদূর আমি বুঝতে পারছি, আমাদের মধ্যে থেকে খালি একজনই বাঁচতে পারবে। আর আমি প্রাণপন চেষ্টা করবো সেই সৌভাগ্যবান ব্যক্তি যেনো আমিই হই। কিন্তু তোমাকে মারাও অতো সহজ হবে না। তাই, আমি যদি মরে যাই তাহলে তুমি বাকি দুনিয়াকে জানাতে পারবে আমি আসলে কে ছিলাম। এর জন্য হয়তো তোমাকে অনেকে ভালো দামও দেবে। হয়তো তারা আমার গল্পকে কেন্দ্র ক’রে সিনেমা-টিনেমাও বানিয়ে ফেলবে।”

“আর তোমার জেনারেল সাহেবও বাকি জীবন শান্তিতে ঘুমোতে পারবে।”

“শান্তিতে ঘুমোবে? তার ঘুম হারাম হয়ে যাবে। আমার মনে হয় তুমি আমার কথা ভালোভাবে শোনো নি। সে চায় না আমার পরিচয় সবাই জানুক। সে শান্তিতে তখন ঘুমোবে যখন তাকে কেউ জানাবে যে, আমি মরে গেছি, আর আমার পরিচয়ও কেউ জানতে পারে নি। অন্যদের সাথে আমার পার্থক্য হলো আমি জানি আমি কি! আমি তা স্বীকার ক’রে নিয়েছি।”

“আর মেনেও নিয়েছো,” যোগ করলো বন

“এবং সেটা হজমও ক’রে ফেলেছি। আমি কখনও জানার চেষ্টা করি নি আমি কে। ধরো, যদি আমি মারা যাই, আর আমার গল্পটা প্রচার পায়, তাহলে কি হবে ভেবে দেখেছো? কতো অসামাজিক উশৃঙ্খল ছেলেরা এর দ্বারা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, ভেবে দেখেছো? তারা বেঁচে থাকার নতুন নির্দেশনা খুঁজে পাবে। তাদেরই কেউ হয়তো আমার জায়গাটা নিয়ে নেবে, যেমনটা আমি তোমারটা নিয়েছিলাম। এই দুনিয়াটা জেসন বর্নে পরিপূর্ণ। তাদের শুধু পথ দেখাতে হবে, নির্দেশনা দিতে হবে, ব্যস। এ ক্ষেত্রে ফ্রেঞ্চম্যানকে আমি জিনিয়াস হিসেবেই দেখি।”

“আমি দেখি আর্বজনা হিসেবে,” যোগ করলো বর্ন।

“তোমার দৃষ্টিশক্তি খুব বেশি খরাপ নয়। এটাই জেনারেল দেখতে পাবে— নিজের প্রতিমূর্তি। এটা নিয়েই সে বেঁচে থাকবে, দম বন্ধ হয়ে মরবে।”

“জেনারেল তোমাকে কখনও সাহায্য করে নি, কিন্তু তুমি নিজে তো নিজেকে সাহায্য করতে পারতে? তোমার বুদ্ধিসুদ্ধি কিন্তু বেশ ভালো।”

“তাতে হতোটা কি? ভোগচোদের মতো জীবন কাটাতাম? বাঁচতে হলে চ্যালেঞ্জ দরকার। প্রতিযোগীতা দরকার। আর সেগুলো মোকাবেলা করার সব গুণই আমার মধ্যে আছে। তাহলে কেন সেই গুণগুলোকে ব্যবহার করবো না আমি? বর্ন, তুমি শুধু শুধু বিলম্ব করছো। তোমার উচিত এখনই আমার মাথায় দুটো গুলি করে দেয়া। কারণ আমি যখন সুযোগ পাবো, তুমি আর বাঁচবে না!”

“তুমি কি তোমাকে মারার জন্য আমাকে অনুরোধ করছো? কারণ এই পাপিষ্ট জীবন তুমি আর সইতে পারছো না?”

“বাজে বোকো না, বর্ন। আমি তোমার ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু নিজেকে ভালো করেই জানি। তাই বলছি, আমি সুযোগ পেলে তুমি বাঁচবে না।”

“আবারো মারার জন্য অনুরোধ করছো?”

“মাদারচোদ, আমার কথা বোঝার চেষ্টা কর্!” চেঁচিয়ে উঠলো কমান্ডো।

“আমি তোমাকে মারবো না, মেজর,” মৃদু কণ্ঠে বললো বর্ন। “কিন্তু তোমার এমন হাল করবো যে, তুমি মরার জন্য ছট্‌ফট্ করবে।’

“আচ্ছা, তাহলে আমার শেষ ইচ্ছাটা পূরণ করো,” কমান্ডো একটু কাশলো। “এমনকি আমি আমার টার্গেটদের মারার আগেও তাদের ইচ্ছা পূরণ করতাম… আমি গুলি খেয়ে মরতে রাজি আছি। কিন্তু হংকং গ্যারিসনের হাতে বন্দী হতে রাজি নই। শুনেছি ওরা রাতের আধারে রেললাইনের ওপর বন্দীদের দড়ি দিয়ে বেঁধে ফেলে রাখে। আরো জঘন্যভাবে বন্দীদের হত্যা করে তারা। আমি ওসব সইতে পারবো না।”

ডেল্টা জানে পরিস্থিতি কিভাবে শান্ত করতে হয়। “আমি হংকংয়ের বৃটিশদের হয়ে কাজ করছি না।”

“তুমি….কি?”

“আমি তোমাকে কখনও বলি নি আমি ওদের হয়ে কাজ করছি, তুমি নিজে নিজেই এটা ধরে নিয়েছো।”

“তুমি মিথ্যে বলছো?”

“আমি তোমাকে আরো বেশি বুদ্ধিমান ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি তুমি বেশি গভীরে চিন্তা করতে পারো না।”

“আমি জানি। আমি বেশি গভীরে চিন্তা করতে পারি না।”

“তাতো দেখতেই পাচ্ছি।”

“তার মানে তুমিই ভাড়াটে লোক, আমেরিকান শিকারী। টাকার জন্য কাজ করছো।”

“অনেকটা সেরকমই। আর আমার সন্দেহ হচ্ছে, যে লোকটা তোমাকে ধরে আনার জন্য আমাকে পাঠিয়েছে সে তোমাকেও ভাড়া করতে চায়; মারতে চায় না।”

“হায় ঈশ্বর—”

“এরজন্যে ওড়া অত্যন্ত চড়া দামও আমাকে দিচ্ছে, খুবই চড়া দাম।”

“তার মানে তুমি আবার এ লাইনে ফিরে এসেছো?”

“শুধু এই একবারের জন্য। পুরস্কারটা এতোই লোভনীয় যে, না করতে পারলাম না। বিছানায় শুয়ে পড়ো।”

“কি?”

“যা বলছি করো।”

“কিন্তু আমার প্রশ্রাব চেপেছে।”

জেসন বাথরুমের কাছে গিয়ে দরজাটা খুলে দিলো। “এসব দৃশ্য দেখার ইচ্ছে মোটেই আমার নেই, তবুও আমাকে সেটা দেখতে হবে।” বর্নের বন্দুক গুপ্তঘাতকের দিকে তাক্ করা। হোটেলটা মঙ্গককের দক্ষিণে অবস্থিত। সস্তা, নীচু মানের। গুপ্তঘাতক তার কাজ শেষ ক’রে আবার রুমে ফিরে এলো।

“বিছানা,” বললো বর্ন। “পা দুটো ছড়িয়ে শুয়ে পড়ো।” বর্ন তার ব্যাগ থেকে নাইলনের দড়ি বের করলো।

নব্বই সেকেন্ডের মধ্যে কমান্ডোর গলা আর পা বিছানার লোহার বারগুলোর সাথে শক্ত ক’রে বেঁধে দেয়া হলো। সবশেষে বর্ন ছোটো একটা বালিশ নিয়ে কমান্ডোর মাথার সাথে পেঁচিয়ে বেঁধে দিলো। শ্বাস নেয়ার জন্য শুধু মুখের দিকটাতে একটু ছাড় দেয়া হলো। কমান্ডোর কব্জি দুটো এখনও তার পেছন দিক থেকে বাঁধা। মেজর অ্যালকট-প্রাইস অত্যন্ত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। জেসন তার চেহারা দেখেই বুঝতে পারছে। এই লক্ষণগুলোর সাথে সে পরিচিত।

হোটেলের নিজেদের কোনো টেলিফোনের ব্যবস্থা নেই। এমনকি রুমগুলো আর রিসেপশানেও কোনো ফোন নেই। তাই কোনো প্রয়োজনে পড়লে হোটেলের লোক ফোন না ক’রে সশীরীরেই তার রুমে এসে হাজির হবে। বর্ন তার রুম থেকে বের হয়ে দরজা লক্ ক’রে দিয়ে হলওয়ের একদম শেষ মাথার দিকে হাটতে শুরু করলো। হোটেলে ঢোকার সময়েই সে শুনেছিলো ওদিকে একটা পে-ফোন আছে। টেলিফোন নাম্বারটা তার মস্তিষ্কে গেঁথে গেছে। সে প্রার্থনা করলো নতুন কোনো জামেলা যেনো না হয়। একটা কয়েন ঢুকিয়ে নাম্বারটা ডায়াল করলো বর্ন, তারপর একবার দম নিয়ে নিলো।

“স্নেক লেডি! স্নেক লেডি!” সে বললো। “স্নেক লেডি,” আরো একবার বললো সে।

ক্রিং ক্রিং ক’রে রিং হচ্ছে। হঠাৎ লাইনটা বদলে গিয়ে একটি চাইনীজ কণ্ঠস্বরের আবির্ভাব ঘটলো। “এই এক্সচেঞ্জের সাময়িক গোলযোগের জন্য আমরা এই মুহূর্তে সংযোগ দিতে পারছি না…অনুগ্রহ ক’রে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। এটা একটা রেকর্ড করা…ক্রিং ক্রিং”

জেসন ফোনটা রেখে দিলো। হাজারো সম্ভাবনা হঠাৎ তার মাথায় খেলতে শুরু করেছে। সে আবার দৌড়ে আবছা আলোকিত করিডোরের কাছে ফিরে এলো। এক পতিতা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছে। জেসনকে দেখেই মিষ্টি ক’রে হেসে ব্লাউজে হাত দিয়ে ইশারা করলো সে; বর্ন মাথা নাড়িয়ে তাকে পাশ কাটিয়ে দৌড়ে নিজের রুমে ফিরে এসে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে থাকলো, প্রায় পনেরো মিনিট অপেক্ষা করলো সে। তারপর আবারো নিঃশব্দে রুম থেকে বের হয়ে ফোনটার দিকে এগিয়ে গেলো।

“কিঙ্গ…” সে রাগের মাথার ফোনটাতে বাড়ি মারলো। তার হাত কাঁপছে। তৃতীয়বার ডায়াল করলো। “অপারেটর,” সে চাইনীজে বললো, “এটা একটা এমারজেন্সি! আমাকে এই নাম্বারে এখনই যোগাযোগ করতে হবে!” নাম্বারটা সে অপারেটরকে জানালো। “একটা রেকর্ড করা কণ্ঠ বারবার বলছে গোলযোগের কারণে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, কিন্তু এটা খুবই আর্জেন্ট

“এক মিনিট, প্লিজ। আমি দেখছি কি করা যায়।”

কিছুক্ষণ নীরবতার পর আবার অপারেটরের কণ্ঠস্বর শোনা গেলো। “সামায়িকভাবে লাইনটা বন্ধ আছে, স্যার,” মহিলা অপরেটরটি বললো।

“খালি ওই লাইনটাই বন্ধ আছে?”

“জ্বি, স্যার।”

“অন্য নাম্বারে বা এক্সচেঞ্জ কোনো সমস্যা নেই?”

“আপনি তো শুধু এই নাম্বারটিই দেখতে বলেছিলেন, স্যার। অন্য নাম্বারে কোনো সমস্যা হচ্ছে কি না আমি বলতে পারছি না। তবে যদি আপনার কাছে আর কোনো নাম্বার থেকে থাকে তাহলে চেক্ ক’রে বলতে পারি।”

“কিন্তু রেকর্ড করা কণ্ঠটি বলেছিলো পুরো এক্সচেঞ্জেই গোলযোগ হয়েছে। যাই হোক, আমি আগেই বলেছি আমার ইমারজেন্সি কল করা দরকার। আপনারা লাইনটা ঠিক করার ব্যবস্থা করতে পারে না?”

“যদি এটা মেডিক্যাল এমারজেন্সি হয়, স্যার, তাহলে আমি একটা অ্যাম্বুলেন্স ডেকে দিতে পারি। আপনার ঠিকানাটা আমাকে বলতে হবে”

“না, আমার শুধু জানা দরকার এটা পুরো এক্সচেঞ্জের সমস্যা নাকি ওই নাম্বারটাতেই হচ্ছে? এটা তো আপনার জানার কথা!”

“আমার জানতে একটু সময় লাগবে, স্যার। এখন রাত ৯টা বাজে। রিপেয়ার স্টেশনে এখন বেশি লোকজন থাকার কথা নয়-

“আরে মাথামোটা, তাদের কাছ থেকে খালি এটুকু জানার চেষ্টা করো পুরো এলাকার লাইনগুলোতে সমস্যা হয়েছে কি না, ব্যস! *

“প্লিজ, স্যার, আমি কারো গালমন্দ হজম করার জন্য বেতন নিই না।”

“দুঃখিত, আমি সত্যিই দুঃখিত…..ঠিকানা? হ্যা, ঠিকানাটা! আমি আপনাকে যে নাম্বারটা দিলাম সেটার ঠিকানাটা বলেন!”

“এখানে ঠিকানাটা দেয়া নেই, স্যার।”

“কিন্তু আপনাদের স্ক্রিনে তো ঠিকানা দেখতে পাওয়ার কথা—”

“আসলে হংকংয়ে আইন খুব কঠোর, স্যার। আমার স্ক্রিনে ঠিকানার জায়গাটা খালি দেখাচ্ছে।”

“আমি আবারো বলছি। এটা এমারজেন্সি! একজনের জীবন-মৃত্যুর ব্যাপার!”

“তাহলে আমি হাসপাতালের সাথে যোগাযোগ করছি…ওহ্, স্যার, এক মিনিট। আমার স্ক্রিনে এখনই কিছু নতুন তথ্য দেখাচ্ছে। মনে হয় রিপেয়ার স্টেশন ব্যাপারটা ঠিক করার চেষ্টা করছে। আপনার দেয়া নাম্বারের তিন ডিজিটের একটা কোড এখানে দেখাচ্ছে।”

“নাম্বারটা কোন্ অঞ্চলের বলতে পারেন?”

“প্রথম সংখ্যাটা যেহেতু ‘পাঁচ’ তাই এটা হংকংয়েরই নাম্বার হবে।

“আরেকটু নির্দিষ্ট ক’রে বলতে হবে! হংকংয়ের কোথায়?”

“দুঃখিত স্যার, এই কোড দিয়ে সম্পূর্ণ ঠিকানা বোঝার কোনো উপায় নেই। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব না। আপনি আপনার ঠিকানাটা বললে আমি একটা অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে পারি।”

“আমার ঠিকানা….?” কিছুটা চমকে বললো জেসন। “না, আমি তা বলতে চাইছি না।”

.

এডওয়ার্ড নিউইঙ্গটন ম্যাকঅ্যালিস্টার ডেস্কের ওপরে ঝুঁকতেই মহিলা ফোনের রিসিভারটি রেখে দিলো। চীনা মহিলার ঘাম ছুটে গেছে, এই বিশেষ কলটির চাপ সামলাতে গিয়ে তার মুখ ফ্যাকাসে হয়ে গেছে। আন্ডারসেক্রেটারি অন্য একটি ফোনে কান লাগিয়ে কিছু একটা শুনছে আর হাতের নোটপ্যাডে দ্রুত পেন্সিল দিয়ে নোট ক’রে নিচ্ছে।

“অসাধারণ কাজ করেছো,” তার হাতে আলতোভাবে চাপড়ে দিয়ে মহিলাকে বললো সে। “আমরা ঠিকানাটা পেয়ে গেছি। আমরা জানি সে কোথায় আছে। তুমি তাকে অনেক্ষণ আঁটকে রেখেছিলে, ওর কল সফলভাবে ট্রেস্ করা গেছে। অন্তত আমরা এটুক জানি যে, ফোনটা একটা হোটেলে থেকে এসেছে।”

“সে খুব ভালো চাইনীজ বলে। উত্তরের একটা টান থাকলেও সে গুয়াঙ্গ ঝোউ- এর সাথে ভালো মানিয়ে নেয়। অবশ্য আমাকেও বিশ্বাস করছিলো না সে,” বললো দোভাষী মহিলাটি।

“তাতে কিছু আসে যায় না। আমরা হোটেলটা ঘিরে ফেলার ব্যবস্থা করছি। প্রত্যেকটা প্রবেশপথেই লোক বসাবো। রাস্তাটার নাম শেক লুঙ্গ।”

“সেটাতো মঙ্গককের কাছেই, ইউয়া-মা-টি’তে,” বললো মাহিলা। “যতোদূর জানি, ওখানে ঢোকার বা বের হবার মতো পথ একটাই আছে।”

“আমাকে হাসপাতালে হাভিলান্ডের সাথে যোগাযোগ করতে হবে। তার ওখানে থাকা উচিত। তোমাকে অজস্র ধন্যবাদ, তুমি তোমার বোনাস পেয়ে যাবে। এখন যেতে পারো।”

“ধন্যবাদ, স্যার। বোনাসটার কথা যেনো মনে থাকে।”

মহিলা চলে গেলো। ম্যাকঅ্যালিস্টর আবারো একটা ফোন করলো।

“পুলিশ কন্ট্রোল, এটা এমারজেন্সি!” ম্যাকঅ্যালিস্টার উত্তেজিতভাবে বলে চললো। “দ্রুত অ্যাম্বাসেডরকে লাইনে আনো! বলো আর্জেন্ট মেসেজ আছে!” যতোক্ষণ না হাভিলান্ড এলো ততোক্ষণ আন্ডারসেক্রেটারি বাম হাত দিয়ে তার কপাল মেসেজ করতে লাগলো।

“হ্যাঁ, এডওয়ার্ড?”

“সে ফোন করেছিলো। আইডিয়াটা কাজে দিয়েছে। আমরা জানি সে কোথায় আছে। ইউয়া-মা-টির একটা হোটেলে।”

“হোটেলটা ঘিরে ফেলো, কিন্তু আর কোনো পদক্ষেপ নিও না। সবাইকে বলে দাও বর্নের গায়ে যেনো ছোঁয়াও না দেয়। সে কোথাও গেলে তাকে শুধু ফলো করবে, কোনো অ্যাকশন নেয়া যাবে না। আগে ককলিনকে ব্যাপারটা বোঝাতে হবে। বর্নের স্ত্রীকে না পেলে গুপ্তঘাতককে আমরা পাচ্ছি না। যতোক্ষণ না মেরি ওয়েব আমাদের হাতের মুঠোয় আসছে ততোক্ষণ আমরা বর্নের সাথে যোগাযোগ করতে পারবো না। আবারো বলছি, নো অ্যাকশান!”

.

মরিস পানোভ ফোনটা রিসিভ করলো। “হ্যাঁ?”

“কিছু একটা হয়েছে,” ফিফিস্ ক’রে দ্রুত বলে চললো ককলিন। “হাভিলান্ড হঠাৎ ওয়েটিং রুম ছেড়ে একটা এমারজেন্সি কল ধরতে গেছে। ওদিকে কি অস্বাভাবিক কিছু টের পেয়েছো?”

“না, কিছুই টের পাই নি।”

“আমার চিন্তা হচ্ছে। হাভিলান্ডের লোক হয়তো তোমাদের খোঁজ পেয়ে থাকতে পারে।”

“হায় ঈশ্বর, কিভাবে?”

“খোঁড়া একজন বিদেশী হোটেলে উঠেছে কিনা এমন বর্ণনা দিয়ে সবগুলো হোটেল সার্চ করলে সহজেই পেয়ে যাবে।”

“তুমি তো ওখানকার ক্লার্ককে টকা দিয়েছিলে, বলেছিলে আমাদের কথা গোপন রাখতে!”

“হ্যাঁ, কিন্তু ওরাও টাকা দিতে পারে, আরো বেশি পরিমাণে-”

“আমার মনে হয় তুমি অযথা ভয় পাচ্ছো,” বাধা দিয়ে বললো সাইকিয়াট্‌স্ট।

“তোমার যাই মনে হোক না কেন ডাক্তার, ভালো চাও তো এখনই ওখান থেকে চলে যাও। লাগেজ-টাগেজের কথা ভুলে যাও। যতো দ্রুত সম্ভব ওখান থেকে পালাও!”

“কিন্তু আমরা যাবো কোথায়?”

“এমন কোনো জায়গায় যেখানে ভিড় বেশি কিন্তু আমি তোমাদেরকে খুঁজে পাবো।”

“কোনো রেস্টুরেন্টে?”

“অনেক বছর আমি এখানে ছিলাম না, আর ওরা প্রতিবছরই নাম বদলায়।”

“ঠিক, তাহলে কি…জলদি ভাবো অ্যালেক্স

“স্যালিসব্যারির নাথান রোডে যাও। ওখানে পেনিনসুলা হোটেল দেখতে পাবে, কিন্তু ভেতরে ঢোকার দরকার নেই। তার সোজা উত্তরে চলে গেছে গোল্ডেন মাইল। তোমরা রাস্তাটার ডান দিকে, মানে পূর্বদিকে অপেক্ষা করো, আমি তোমাদের খুঁজে নেবো যতো দ্রুত সম্ভব

“ঠিক আছে…নাথান রোড… স্যালিসব্যারি…” বলে লাইনটা কেটে দিলো পানোভ।

.

কোথাও একটা গণ্ডগোল হয়েছে? কিন্তু কি? বর্ন তার হোটেল রুমে ফিরে এলো। বিছানায় বাঁধা কমান্ডো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। অপারেটরের সাথে কথা বলার পর থেকেই তার অস্বস্তি লাগছে। কিন্তু সে ধরতে পারছে না অস্বস্তির কারণটা কি। মহিলা অপারেটর তার সাথে খুব ভালো ব্যবহার করেছে। এমনকি জেসনের অপমানও গায়ে মাখে নি সে। তাহলে গণ্ডগোলটা কোথায়…হঠাৎ তার হারিয়ে যাওয়া স্মৃতির কিছু অংশ ফিরে আসতে শুরু করলো। অনেক বছর আগে, এ ধরণেরই পরিস্থিতিতে সে একজন অপারেটরকে ফোন করেছিলো, যার কণ্ঠস্বর ছিলো খুবই বিরক্তিকর—

“আমি ইরানি কনসুলেটের নাম্বারটা চাইছি।”

“ওটা টেলিফোন ডাইরেক্টরিতে পেয়ে যাবেন। আমাদের সব লাইনই প্রচণ্ড ব্যস্ত আর এ ধরণের এনকোয়ারি করার মতো সময় আমাদের নেই।” ক্লিক্। ব্যস, তারপরেই লাইনটা কেটে যায়।

“হ্যাঁ, এখানেই সমস্যা। হংকংয়ের মতো জনবহুল ঘিঞ্জি জায়গাতেও অপারেটরদের লাইন প্রচণ্ড ব্যস্ত থাকার কথা। একজন কাস্টমারের বাড়তি আবদার সামলানোর মতো সময় তাদের থাকার কথা না। কিন্তু তা সত্ত্বেও এই অপারেটর তার সাথে প্রচণ্ড ভালো ব্যবহার করেছে। আমি চেক করে দেখছি…আপনার ঠিকানাটা দিলে আমি অ্যাম্বুলেন্স ডেকে দিতে পারি…আমার ঠিকানা? না, আমি তা বলতে চাইছি না…। ট্রেস! ওরা আমার কল ট্রেস করেছে। যতোক্ষণ দরকার ছিলো তারচেয়ে অনেক বেশি সময় আমি ওদেরকে দিয়েছি, বলা যায় প্রায় দু’মিনিট। এতোক্ষণে ওরা এই হোটেলের নামও বের ক’রে ফেলেছে। তাইপানের লোকেরা হয়তো রওনাও দিয়ে দিয়েছে। সেই মোটাক বিশালদেহী তাইপান। কিন্তু ওদের এখানে পৌঁছাতে আরো কিছুটা সময় লাগবে। এখনও সবকিছু শেষ হয়ে যায় নি। দ্রুত পালাতে হবে।

“চোখটা বাঁধাই থাকছে, মেজর। এ অবস্থাতেই তোমাকে চলতে হবে,” বিছানায় শোয়া গুপ্তঘাতকের বাধনগুলা ছুরি দিয়ে কেটে দিয়ে বললো বর্ন। “কি? কি বললে?” ঘুমের ঘোরে প্রশ্ন করলো।

“কমান্ডো, উঠে পড়ে। আমরা একটু হাটতে বেরোবো,” জেসন তার ব্যাগটা নিয়ে দরজা খুলে হলওয়েতে একবার উঁকি মারলো। বাম দিকে একটা মাতাল দুলতে দুলতে তার রুমে যাচ্ছে, ডানদিকটা ফাঁকা।

“হাটতে শুরু করো,” তার বন্দীকে ধাক্কা মেরে বললো বর্ন। তারা হোটেলের পেছন দিকের সিঁড়ি দিয়ে নামতে লাগলো। শেষধাপে এলে একটা ভাঙা ইস্পাতের মই দেখতে পেলো তারা। মাটি থেকে ছয় সাত ফিট ওপরেই সেটা শেষ হয়ে গেছে। নীচে নামলেই হোটেলের পাশে চিপা গলিটাতে ঢুকে পড়তে পারবে। বর্ন তার অস্ত্র দিয়ে আবারো কমান্ডোর মাথায় সজোরে আঘাত করলো।

“আরো কিছুক্ষণ ঘুমিয়ে নাও, মেজর,” সে দ্রুত ব্যাগ থেকে দড়ি বের ক’রে কমান্ডোকে সিঁড়ির গায়ের সাথে বেঁধে দিলো। এবার কমান্ডোর মুখটাও বেঁধে দিলো সে। কারণ বর্ন যদি ফিরে আসার আগেই কমান্ডোর জ্ঞান ফিরে আসে, তাহলে সে চেঁচিয়ে লোক জড়ো করতে পারে। বর্ন ভাঙা মইটা থেকে লাফিয়ে গলিতে নামতেই কিছু শব্দ শুনতে পেলো সে। গলি থেকে মাথা বাড়িয়ে উঁকি দিয়ে শব্দের উৎসের দিকে তাকালো। দুটো কালো সিডান গাড়ি শেক্ লুঙ্গ স্ট্ট দিয়ে ছুটে এসে থামলো ঠিক হোটেলের সামনে। গাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো অফিশিয়াল গাড়ি। প্রথম গাড়িটা থেকে দু’জন এবং পরেরটা থেকে তিনজন নামলো।

হায় ঈশ্বর, মেরি! আমরা কি হেরে যাচ্ছি! ওরা আমাদের মেরে ফেলবে।

বর্ন হিসেব করতে লাগলো। তার হিসেব অনুযায়ী এই পাঁচজনই হোটেলে ঢুকে প্রথমেই রিসেপশনিস্টকে জিজ্ঞাসবাদ করবে। রিসেপশনিস্টের কথা শুনে ধরে নেবে সে আর তার বন্দী এখনও তাদের ৩০১ নম্বর রুমেই আছে। লোকগুলো তাদের পজিশান ঠিক করে অ্যাকশন নেয়ার জন্য প্রস্তুত হবে। রুমের দরজা ভেঙে ঢুকবে তারা। তাদের না পেলে ওরা পেছনের সিঁড়ি দিয়ে তাদের দু’জনকে খুঁজতে আসবে। এই পুরো ঘটনাটা ঘটাতে ওদের এক মিনিট সময় লাগবে। বর্ন কি এর মধ্যে ফিরে গিয়ে গুপ্তঘাতকের বাঁধন কেটে নিয়ে এসে এখান থেকে পালিয়ে যেতে পারবে? তাকে পারতেই হবে!

কিন্তু বর্নকে অবাক ক’রে দিয়ে লোকগুলো দাঁড়িয়ে রইলো। কোথাও একটা গণ্ডগোল হয়েছে, তাদের আচরণ অপ্রত্যাশিত, সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রথম গাড়িটার একজন লোক তার সুট খুলে ফেলে টাই টা আলগা করে হাত নেড়ে মাথার চুলগুলো আউলে দেখলো। লোকটা স্বাভাবিক ভঙ্গীতে হেটে হোটেলের ভেতর ঢুকলে তার বাকি সঙ্গীরা ধীরে ধীরে আলাদা হয়ে ছড়িয়ে পড়লো চারদিকে। ব্যাপারটা কি? এই লোকগুলো অফিসারদের মতো আচরণ করছে না! বরং ক্রিমিনালদের মতো আচরণ করছে। তাহলে কি অ্যালেক্সের থিওরিতে ভুল ছিলো? না, এতো ভবার সময় তার নেই। তাকে কৌশলে এখান থেকে পালাতে হবে।

যে দু’জন লোক তার দিকে আসছে তাদের চোখে এই চিপা গলিটা পড়লে তারা দৌড়ে গলিটার দিকে ছুটে আসতে লাগলো।

পুরো নৃশংসা ঘটনাটা ঘটলো সেকেন্ডেরও ভগ্নাংশ সময়ে। ডেভিড ওয়েব চুপ মেরে থাকলো কিন্তু জেসন বর্ন নিয়ে নিলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ।

প্রথম লোকটি ছিটকে পড়ে গেলো। গুঁড়োগুঁড়ো হয়ে গেলো তার পাঁজরের হাড়। তার গলায় আঘাত করা হয়েছে ব’লে ব্যথায় সে চিৎকার করতে পারছে না। সে তুলনায় দ্বিতীয় লোকটার সাথে বর্ন যথেষ্ট ভদ্র ব্যবহার করলো। নিজের স্বার্থেই তাকে বর্ন মেরে সম্পুর্ন অচেতন করলো না। লোক দুটোর দেহ টেনে গলির অন্ধকার অংশে নিয়ে এসে তাদের কাপড় ছিঁড়ে সেগুলো দিয়েই তাদের হাত-পা- মুখ বেঁধে ফেললো।

বর্নের নজর দ্বিতীয় লোকটার দিকে ফিরলো এবার। লোকটাকে তুলে ধরে ছুরি বের ক’রে তার চোখের সামনে তুলে ধরলো।

“আমার স্ত্রী, সে কোথায়? এখনই বলো, না হলে তোমার চোখ যাবে!” বর্ন হিংস্র চার্নির সাথে লোকটাকে হুমকি দিলো। “আমি তোমার চোখ এই চাকু দিয়ে উপড়ে ফেলবো, বুঝেছো?” সে লোকটার মুখের বাধন কেঁটে দিলো।

“আমরা আপনার শত্রু নই, স্যার,” কাঁদতে কাঁদতে বললো চীনা লোকটা, সে ইংরেজিতেই কথাটা বললো। “আমরাও তাকে খুঁজে বেড়াচ্ছি! সব জায়গায় খুঁজছি!”

জেসন লোকটার দিকে তাকিয়ে রইলো, তার হাতের ছুরিটা কাঁপছে, হাজারো সম্ভাবনার চিন্তায় তার মস্তিষ্ক ফেটে যেতে চাইছে।

“মেরি!” সে ক্রোধে চেঁচিয়ে উঠলো। “তাকে তোমরা কি করেছো? আমাকে গ্যারান্টি দেয়া হয়েছিলো তোমাদের জিনিস এনে দিলে আমি তাকে ফিরে পাবো! তার কণ্ঠস্বর ফোনে শুনতে পাবো। কিন্তু ফোনের লাইন দেখি নষ্ট। উল্টো আমার কল ট্রেস্ ক’রে তোমরা এখানে হাজির হয়েছো। আমার স্ত্রী কোথায়?”

“যদি আমরা জানতাম তাহলে তাকে সাথেই নিয়ে আসতাম।”

“মিথ্যুক!” আর্তনাদ ক’রে উঠলো বর্ন।

“আমি আপনার কাছে মিথ্যে বলে আপনার হাতে মরতে চাই না, স্যার। আপনার স্ত্রী হাসপাতাল থেকে পালিয়ে গেছে—”

“হাসপাতাল?”

“সে অসুস্থ হলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করতে জোড়াজুড়ি করে। আমিও সেখানে ছিলাম। তাকে পাহারা দিচ্ছিলাম। কিছুটা দুর্বল ছিলো সে কিন্তু তারপরও পালিয়ে যেতে সক্ষম হয়েছে-”

“ওহ্, জিশু! অসুস্থ? দুর্বল! এই হংকংয়ে সম্পুর্ণ একা! হায় ঈশ্বর! তোমরা ওকে মেরেই ফেলেছো।”

“না, স্যার। আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছিলো তার সকল প্রয়োজনের দিকে লক্ষ্য রাখতে—”

“নির্দেশ,” অত্যন্ত শান্তভাবে বললো জেসন। “এগুলো নিশ্চয় তাইপানের নির্দেশ, তাই না? সেও তোমাদেরই মতো অন্য কারো নির্দেশ পালন করে। আমি আগেও দেখেছি এসব নির্দেশের খেলা; জুরিখে, প্যারিসে! বলো, ওই মোটাসোটা লোকটা কে? বলো, নইলে এই চাকু ঢুকিয়ে দেবো। ওই তাইপানটা কে?”

“তিনি, কোনো তাইপান নন! তিনি বৃটেন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এ অঞ্চলের অত্যন্ত সম্মানিত একজন অফিসার। তিনি আপনার দেশেরই লোক, আমেরিকানদের সাথে একযোগে কাজ করছেন। তার পেশা ইন্টেলিজেন্স সার্ভিস।”

“আমি জানি তুমি সত্যি বলছো। সব কিছু আগের মতোই হয়েছে। এবার শুধু জ্যাকেলের পরিবর্তে আমার জন্যে ফাঁদ পাতা হয়েছে। দাবার ঘুঁটির মতো আমাকে ব্যবহার করা হয়েছে। আর যখন কাজ হাসিল হবে তখন আমাদেরকে মেরে ফেলা হবে। কারণ আমরা বড্ড বেশি জেনে ফেলেছি।”

“না,” আর্তনাদ ক’রে উঠলো চাইনীজ অফিসারটি, তার মুখ দিয়ে টপটপ ক’রে ঘাম ঝরছে। “যদিও আমাদেরকে খুব অল্প কথাই বলা হয়েছে, তবুও বলছি সেরকম কিছুই আমরা শুনি নি।”

“তাহলে তোমরা এখানে কেন এসেছো?”

“শুধু নজর রাখতে! আর কিছু না!”

“আমি তোমাকে বলছি…আমি ওদের সাথে আগেও কাজ করেছি। ওদেরকে আমি চিনি। তুমি যা-ই বলো না কেন, আমি জানি ওরা কতোটা নোংরা আর হীন হতে পারে। যাই হোক….এবার তুমি আমাকে কিছু জিনিস বলবে। এ ধরণের অপারেশন কোনো বেস্ ছাড়া হতে পারে না! ওদের বেটা কোথায়?”

“আমি আপনার কথা বুঝতে পারছি না।”

“হেডকোয়ার্টার, বেস্ ক্যাম্প অথবা কমান্ড সেন্টার, যা-ই বলো না কেন, ওটা নিশ্চয়ই ছদ্মবেশে রাখা হয়েছে? যাতে সাধারণ মানুষ কিছু বুঝতে না পারে।”

“প্লিজ, আমি এটা করতে পারি না”

“তুমি অবশ্যই পারো। তুমিই করবে। না হলে চোখ যাবে, তারপর প্রাণটাও হারাবে। জলদি!”

“আমার বাচ্চা-কাচ্চা আছে।”

“আমারও ছিলো। ওতে আর কিছু যায় আসে না। জলদি…আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। হেডকোয়ার্টার কোথায়?”

“ভিক্টোরিয়া পিক-এ,” বললো আতঙ্কিত ইন্টেলিজেন্স অফিসারটি। “ডান দিকের বারো নাম্বার বাড়িটা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা…”

বর্ন মনোযোগ দিয়ে ঠিকানাটা শুনলো। এই ঠিকানাটাই তার শেষ গন্তব্য। তার শেষ অপারেশন! আর কিছু তার চিন্তায় নেই। সে অফিসারটির মাথায় সজোরে আঘাত ক’রে তাকে অজ্ঞান ক’রে ফেলো আবার তার মুখ বেঁধে সেখান থেকে উঠে দাঁড়ালো। তার নজর গেলো সিঁড়ির সাথে বাঁধা গুপ্তঘাতকের দেহের দিকে। কমান্ডো এখনও অচেতন হয়ে পড়ে আছে।

তারা একটা জেসন বর্নকে চাইছিলো, তারা এখন দুটো জেসন বর্ন পাবে। আর যতোবার তারা মিথ্যে বলেছে ততোবার তাদেরকে গুলি ক’রে মারা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *