অধ্যায় ৩৫
এমারজেন্সি মেডিকেল সার্ভিসের হেলিকপ্টারটি গর্জন করতে করতে ভিক্টোরিয়া হার্বার পার হয়ে দক্ষিণ চায়নার দিকে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য ম্যাকাও। গঙ্গবেই-এর নৌ-স্টেশন আগেই চায়নার পেট্রল বোর্টগুলোকে জানিয়ে দিয়েছে, অনেকটা মানবিকতার খাতিরেই এই হেলিকপ্টারে কেউ যেনো গুলি না ছোঁড়ে।
বর্ন আর আন্ডারসেক্রেটারি সাদা অ্যাপ্রোন এবং সাদা টুপি পরে আছে। তবে তাদের হাতায় কোনো পদবী উল্লেখ করা নেই। তারা সামান্য অ্যাসিসটেন্ট সাজার ভান করছে, ডাক্তার বললেই রোগির জন্য রক্ত বয়ে নিয়ে যাবে তারা।
.
হাসপাতালের পেছনের পার্কিংটা ফাঁকা করা হয়েছে। চারটা সার্চলাইট আলোকিত ক’রে রেখেছে জায়গাটাকে। পাইলট নিপুনভাবে হেলিকপ্টারটি ল্যান্ড করালো। হাসপাতালটা রুয়া কোয়েল ডো এলাকায় অবস্থিত। সার্চলাইট আর হেলিকপ্টারের শব্দে হাসপাতালের গেটের বাইরে জড়ো হয়েছে অসংখ্য লোকজন। দু’জন সাদা পোশাক পরা প্যারামেডিক এগিয়ে এলো। বর্ন আর ম্যাকঅ্যালিস্টারের জায়গায় তারা হংকংয়ে ফিরে যাবে। গেটের বাইরে দাঁড়ানো কৌতুহলী দর্শকেরা টেরও পেলো না, এরই মধ্যে বদলে গেলো দু’জন লোক।
জেসন মনে মনে ম্যাকঅ্যালিস্টারের প্রশংসা না ক’রে পারলো না। এই অ্যানালিস্ট জানে কখন কোন্ ঘুটি চালতে হবে আর কখন কোন্ বোতামটা টিপতে হয়। তার এবারকার ঘুটিটা হলো কিয়াঙ্গ ইয়ু হাসপাতালের একজন ডাক্তার যে বেশ কয়েক বছর আগে আইএমএফ মেডিকেল ফান্ড থেকে কিছু টাকা তার নিজের ক্লিনিকের অ্যাকাউন্টে পাচার করেছিলো।
যেহেতু যুক্তরাষ্ট্র ছিলো আইএমএফ’র অন্যতম স্পন্সর আর ম্যাকঅ্যালিস্টারও লোকটাকে হাতেনাতে ধরেছিলো, সেহেতু লোকটার কর্মজীবনের সমাপ্তি ঘটাই স্বাভাবিক ছিলো। কিন্তু ম্যাকঅ্যালিস্টারকে ডাক্তার অনুরোধ করেছিলো ঘটনাটি অগ্রাহ্য করতে। সে বলেছিলো ম্যাকাও’তে তার মানের ডাক্তারের যথেষ্ট প্ৰয়োজন আছে। এবার তার অতীত রেকর্ড দেখে অন্তত তাকে ক্ষমা ক’রে দেয়া উচিত। বিনিময়ে ডাক্তার এবং তার ক্লিনিক আমেরিকার প্রতি নিবেদিত থাকবে, যতোদিন পর্যন্ত না তার ঋণ শোধ হয়। সে ঋণ আজ রাতে শোধ হতে যাচ্ছে।
“চলুন!” উঠে দাঁড়িয়ে বললো বর্ন। তার হাতে দু’ব্যাগ রক্ত। “জলদি!”
পুলিশ তাদেরকে হাসপাতালের দিকে নিয়ে গেলো। দু’জন নার্স দরজা খুলে দাঁড়ালো, সাদা জ্যাকেট পরা একজন চাইনীজ ডাক্তার দাঁড়িয়ে আছে ভেতরে। সে এগিয়ে এসে ম্যাকঅ্যালিস্টারের হাতটা চেপে ধরলো।
“আবার দেখা হয়ে ভালো লাগলো, স্যার,” পরিস্কার ইংরেজিতে বললো সে। “যদিও পরিস্থিতিটা বেশ সঙ্গীন—”
“আমরা কোন্ দিক দিয়ে যাবো?” প্রশ্ন করলো অ্যানালিস্ট।
“আমার পেছনে পেছনে আসুন। প্রথমে হেড-নার্স আপনাদেরকে রিসিপ্ট সাইন ক’রে দেবে। তারপর আরেকটা রুমে যেতে হবে, সেখানে দু’জন লোক আপনাদের জন্য অপেক্ষা করছে। তাদেরকে রিসিপ্টটা দিয়ে ওখানেই কাপড় বদলে নেবেন।”
“লোক দুটো কে?” প্রশ্ন করলো বর্ন। “ওদেরকে পেলেন কোথায়?”
“ইন্টার্নি করতে এসেছে পতুর্গাল থেকে,” জবাব দিলো ডাক্তার।
“তাদেরকে কি বলেছেন?” হলওয়ে দিয়ে হাটতে হাটতে প্রশ্ন করলো বর্ন। “তেমন কিছুই না,” জবাব দিলো ডাক্তার। “তারা শুধু জানে দু’জন অভিজ্ঞ বৃটিশ ডাক্তার আজ রাতে তাদের কাজ থেকে অব্যহতি চাচ্ছে, তাদেরকেই সেই অভিজ্ঞ ডাক্তার দু’জনের কাজ সামলানোর সুযোগ দেয়া হবে। ঐ দু’জনের কেউই ইংরেজি বলতে পারে না। তারা কিছু জানবেও না, বুঝবেও না, আর সন্দেহ করার প্রশ্নই ওঠে না। দু’জন অভিজ্ঞ ডাক্তারের কাজের ভার পয়ে তারা খুবই আনন্দিত।”
“আপনি ঠিক লোকই কাজে লাগিয়েছেন, ম্যাকঅ্যালিস্টার।”
“লোকটা চোর।”
“আর আপনি একটা মাগি।”
“কি?”
“কিছু না। হাটতে থাকুন।”
রক্তের ব্যাগগুলো জমা দেয়ার পর হেড-নার্স তাদেরকে রিসিপ্টে সাইন করে দিলো। তারপর ডাক্তারকে ফলো ক’রে একটা গ্লাস ক্যাবিনেটের সামনে গেলো তারা। সেখানেই পর্তুগীজ ইন্টার্ন ডাক্তার দু’জন তাদের জন্য অপেক্ষা করছে। ম্যাকঅ্যালিস্টার আর বর্ন কালো ট্রাউজার এবং ঢোলা জ্যাকেট পরে নিলো। অ্যাপ্রোন আর টুপিগুলো দেয়া হলো ইন্টান দু’জনকে।
সবশেষে ডাক্তার আমেরিকান দু’জনের হাতে দুটো কমলা রঙের হাসপাতালের পাশ ধরিয়ে দিয়ে হাসপাতাল থেকে বের হবার নিদের্শনা দিয়ে দিলো।
“এগুলো কিসের জন্য?” পাশটি দেখিয়ে প্রশ্ন করলো ম্যাকঅ্যালিস্টার।
“আশা করি এগুলোর দরকার পড়বে না। কিন্তু যদি কেউ আপনাদের থামায় তাহলে এটা দেখালেই ছেড়ে দেবে।”
“আর কিছু?”
“শেষ একটা কথা। আপনার সাথে কাজ ক’রে ভালো লাগলো, মি: ম্যাকঅ্যালিস্টার। কিন্তু ভালো হয় যদি এরপরে আমাদের মধ্যে আর যোগাযোগ না হয়। একবার এখান থেকে আপনারা বেরিয়ে গেলে আশা করি আমার পুরনো ঋণটা পরিশোধিত হয়ে গেছে ব’লে গণ্য হবে।”
.
তারা দু’জন হাসপাতালের পেছন দিকের গেটের বাইরের জটলাপাকা মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারটি আবার উড়ে চলে গেলে সাথে সাথে কৌতুহলী দর্শকগুলোর কৌতূহলও কমে গেলো। ফিরে যেতে লাগলো যে যার কাজে।
“চলুন,” বললো জেসন। “আমাদেরকে এখনই যেতে হবে। জলদি!”
“জানেন, মি: ওয়েব, আপনার দুটো বিরক্তিকর মুদ্রাদোষ আছে। একটা হলো ‘চলুন’ আর অন্যটা হলো ‘জলদি’।”
“দুটোই বেশ কাজে দেয়,” বললো বর্ন।
“কিন্তু আপনি এখনও খুলে বলেন নি আমরা কোথায় যাচ্ছি?”
“আমি জানি আমি বলি নি,” বললো বর্ন।
“আমার মনে হয় এখন আপনার সেটা বলা উচিত।” তারা দু’জন ডো আমরালের পথ দিয়ে হেটে চলেছে।
“আপনি তখন আমাকে মাগি বলেছেন,” বললো আন্ডারসেক্রেটারি।
“কারণ আপনি মাগি, তাই।”
“না, কারণ আমি তা-ই করেছি যা আমার ঠিক ব’লে মনে হয়েছিলো, যা করা দরকার ছিলো।”
“না, আপনি মাগি, কারণ আপনাকে ওরা ব্যবহার করেছে। ক্ষমতাধর লোকগুলো আপনাকে ব্যবহার করেছে। ফাইভস্টারে ডিনার আর দু’একটা লিমুজিন গাড়ি দেখে আপনারও লোভ লেগে যায়। আপনি ভাবতে শুরু করেন ওদের কথা মতো কাজ করলে আপনার ভবিষ্যতও উজ্জ্বল হবে। আপনি আপনার ন্যয়-নীতি ত্যাগ ক’রে ওদের কথামতো নাচতে শুরু করেন। আমার দৃষ্টিতে তা পতিতাবৃত্তিরই শামিল। কিন্তু একটা কথা মনে রাখুন, কাজ শেষ হয়ে গেলে ওরা আপনাকে আঁস্তাকুড়ে ছুঁড়ে দেবার আগে দু’বারও ভাববে না।”
আবার নীরবতা। লম্বা একটা রাস্তা চুপচাপ হেটে পার হলো তারা।
“আপনি কি ভেবেছেন তা আমি জানি না, মি: বৰ্ন?”
“কি?”
“ঐ যে বললেন, ওরা আমাকে ছুড়ে ফেলে দেবে?”
বর্ন আবার আন্ডারসেক্রেটারির দিকে তাকালো। “আপনি তা জানেন?”
“অবশ্যই। আমি তাদের মতো নই, আর তারা আমাকে চায়ও না। আমাকে তারা এ কাজে নিয়েছে কারণ আমার মাথা বেশ ভালো চলে। কিন্তু তাদের মতো ভাবভঙ্গী নিয়ে আমি চলতে জানি না, তাদের মতো বড় বড় ভাষণও দিতে পারি না। টেলিভিশনের ক্যামেরার সামনে গেলে আমি ঘাবড়ে যাই, আমার ঘাম ছুটে আসে। আমার চোখের সামনে অযোগ্য ইডিয়টগুলোকে দেখি ভুলের পর ভুল করেও আত্মবিশ্বাসের সাথে হাসছে, কিন্তু আমি পারি না। আমি জানি আমার দুর্বলতা কোথায়। আমি জানি ওরা যা পারে আমি তা পারি না। আমি ওদের মতো নই। আর তাই ওরাও আমাকে চায় না। ওরা আমাকে ছুড়ে ফেলে দিলেও অবাক হবার কিছু নেই। কিন্তু দেশের প্রতি, এই মানুষগুলোর প্রতি আমার দায়িত্ব আছে। আমাকে ঠিক করতে হয় কোন্ জিনিসটা এদের জন্য সঠিক। আমাকে এদের হয়ে চিন্তা করতে হয়।”
“আপনি হাভিলান্ডের হয়েও চিন্তা করেন। মেইন-এ এসে আপনি আমার স্ত্রীকে ধরে নিয়ে যান। আপনার ওই মোটা মাথায় কি এর চেয়ে ভালো বুদ্ধি খেলে নি?”
“সে সময় আর কিছু মাথায় আসে নি। আমাদের মনোযোগ ছিলো গুপ্তঘাতক আর শেঙ্গের ওপর। আমরা ভাবছিলাম একমাত্র গুপ্তঘাতকের মাধ্যমেই শেঙ্গকে তার প্রতিরক্ষা ব্যুহের বাইরে আনা সম্ভব।”
“আমার ব্যাপারে আপনারা একটু বেশিই আত্মবিশ্বাসী ছিলেন!”
“আমরা জেসন বর্নকে নিয়ে আশাবাদি ছিলাম। আমরা আত্মবিশ্বাসী ছিলাম ডেল্টাকে নিয়ে, আত্মবিশ্বাসী ছিলাম কেইনকে নিয়ে।”
“প্রথম থেকেই আপনাদের ষড়যন্ত্র কিছুটা আঁচ করতে পেরেছিলাম। ককলিনও পেরেছিলো,” বললো বর্ন।
“আঁচ করা, আর ধরে ফেলা এক জিনিস নয়। হাভিলান্ড একটা কথা ঠিকই বলেছিলো। যদি কেউ গুপ্তঘাতককে জ্যান্ত ধরে আনতে পারে, শেঙ্গকে সরাতে পারে, তো সে আপনিই পারবেন। কিন্তু আপনাকে মিথ্যা ছাড়া কোনোভাবেই এ কাজে নামানো যাচ্ছিলো না। যদি আমরা মিথ্যার আশ্রয় না নিতাম তাহলে হয়তো আপনি ব্যাপারটা গায়েই লাগাতেন। আমরা ধরে নিয়েছিলাম আপনার স্ত্রীর অপহরণের পর আপনি আপনার পূর্বপরিচিত লোকদের সাথে দেখা করার চেষ্টা করবেন।”
“আমি সে চেষ্টা করেছিলামও।”
“হ্যাঁ, কিন্তু তাতে নতুন কিছুই জানতে পারেন নি, উল্টো আরো হুমকি পেয়েছেন। আপনাকে ভয় দেখানো হয়েছিলো মানসিক রোগি বানিয়ে আপনাকে থেরাপি দিতে পাঠানো হবে।”
“আমি ককলিনের সাথেও যোগাযোগ করেছিলাম। সে অন্যদের সাথে যোগাযোগ ক’রে তথ্য বের করার চেষ্টা করেছিলো”
“সে যা বিশ্বাস করতে চাইছিলো আমরা তাকে তাই বিশ্বাস করিয়েছি। তাকে এমন সব লক্ষণ দেখানো হয়েছিলো যাতে তার মনে হতে শুরু করে যে, আমাদের গোপন অপারেশন লাগামের বাইরে চলে গেছে। নিয়ন্ত্রের বাইরে চলে গেছে। আমাদের অপারেশন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। যাতে সে আপনাকে এ কথাগুলো বলতে পারে আর আপনিও আমাদের কথা বাদ দিয়ে কাজে নামতে বাধ্য হন।”
“সে আমাকে এরকম কথাই বলেছিলো,” চোখ বড় বড় ক’রে বললো জেসন। জেসনের ডালেস এয়ারপোর্টের লাউঞ্জে ককলিন কি বলেছিলো তা মনে পড়ে গেলো। সে ভয় পাচ্ছিলো এই অপারেশনটা লাগামের বাইরে চলে গেছে। অন্য কেউ এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
ম্যাকঅ্যালিস্টার হঠাৎ বর্নের হাত চেপে ধরে কাছে এগিয়ে এলো। “আমাদের কিছু কথা সেরে নেয়া উচিত।”
“আমরা কথাই সারছিলাম,” বললো বর্ন। “আমি জানি আমরা কোথায় যাচ্ছি। এখন কথা বলে সময় নষ্ট করা যাবে না।”
“আপনি আরো সময় নিন,” অস্থিরভাবে বললো ম্যাকঅ্যালিস্টার। “কিছু করার আগে পরিস্থিতিটা ভালো ক’রে বোঝার চেষ্টা করুন।”
“কি বুঝতে হবে? আপনাদের মিথ্যেগুলো?”
“না, সত্যিগুলো।”
“সত্যি কি তা আপনি জানেন না,” বললো জেসন।
“হয়তো আপনার চেয়ে ভালো জানি, কারণ সব জানাই আমার কাজ। হাভিলান্ডের পরিকল্পনা নিখুঁত হতো যদিনা আপনার স্ত্রী ঝগড়াগুলো সৃষ্টি করতো। সে পালিয়ে গিয়েই পরিকল্পনাটা ভেস্তে দেয়।”
“আমি জানি সেটা।”
“তাহলে আপনার এটাও জানা উচিত যে, শেঙ্গ হয়তো আপনার স্ত্রীর কথা এতোদিনে জেনে গেছে, তার গুরুত্ব বুঝে ফেলেছে।”
“আমি এ বিষয়টা ভেবে দেখি নি,” বললো বর্ন।
“তাহলে এখন ভাবুন। লিন ওয়েনজুর ইউনিটে শেঙ্গের লোক ছিলো। সে সময় আমরা আপনার স্ত্রীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিলাম। ক্যাথরিন স্টেপলস্ ও শেঙ্গের ওই লোকের জন্যেই মরেছে। শেঙ্গ চায় তার সকল প্রতিপক্ষকে শেষ ক’রে দেয়া হোক। আপনি নিজের চোখেই দেখেছেন শেঙ্গ একজন উন্মাদ, পাষণ্ড। সে তার শত্রুদেরকে দূর-দূরান্ত থেকেও খুঁজে বের করতে প্রস্তুত।”
“আপনি কি বলতে চাইছেন?” অধৈর্যভাবে জিজ্ঞেস করলো বৰ্ন।
“কাল সকালে পত্রিকাগুলে যখন ভিক্টোরিয়া পিক-এর ঘটনাটা ছাপাবে তখন শেঙ্গ এর পেছনের আসল ঘটনাটা নিয়ে ভাবতে শুরু করবে। সে ভিক্টোরিয়া পিক- এ এমনকি এম.আই-৬’এর পেছনে লোক লাগাবে। একসময় জেনে যাবে হাভিলা আর আপনার স্ত্রী কোথায় আছে।”
“তো?”
“যদি আপনি ব্যর্থ হন, যদি আপনি মারা যান, তাহলে শেঙ্গ কি করবে ভেবে দেখেছেন? সে সব প্রশ্নের উত্তর জানতে চাইবে। আর আপনার স্ত্রীই হলো সব প্রশ্নের জবাব। কারণ সারা হংকং তাকেই খুঁজে বেড়াচ্ছিলো। লিন ওয়েনজুর লোকগুলোও তাকেই হন্যে হয়ে খুঁজছিলো। তাই স্বাভাবিকভাবেই শেঙ্গের দৃষ্টি আপনার স্ত্রীর ওপরেই পড়বে। যদি আপনার কিছু হয়ে যায়, মিঃ ওয়েব, তাহলে শেঙ্গ হাভিলান্ডকে বাধ্য করবে আপনার স্ত্রীকে তাদেরকে দেয়ার জন্য। আমার কথা বিশ্বাস করুন, মি: ওয়েব, শেঙ্গ সব কিছু না জানা পর্যন্ত থামবে না। সে জানতে চাইবে তার বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র গড়ে উঠেছে। আর আপনার স্ত্রী তার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে।”
“শেঙ্গকে মারতে পারলে এসব কিছুই হবে না!”
“হ্যাঁ, কিন্তু আমাদের ব্যর্থ হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা আছে। শেঙ্গ বেঁচেও যেতে পারে।”
“আপনি কিছু একটা বোঝাতে চাচ্ছেন কিন্তু মুখ ফুটে বলছেন না?”
“ঠিক আছে, বলছি। গুপ্তঘাতক সেজে আপনি শেঙ্গের সাথে ঠিকই যোগাযোগ করতে পারবেন কিন্তু তাকে বের ক’রে ফাঁদে আনার কাজটা আমাকে করতে দিন। আমি সেটা ভালো পারবো।
“আপনাকে করতে দেবো?”
“এ কারণেই পেপারে আর মিডিয়াতে আমি আমর নাম ব্যবহার করতে বলেছি। শেঙ্গ আমাকে চেনে। আর আপনি যখন হাভিলান্ডকে ষড়যন্ত্রকারী দিয়ে ষড়যন্ত্রকারী ধরার থিওরি শোনাচ্ছিলেন, আমি খুব মনোযোগ দিয়ে সেটা শুনছিলাম। হাভিলান্ড থিওরিটা বাতিল ক’রে দেয়, আমার কাছেও সেটা তেমন গ্রহণযোগ্য ব’লে মনে হয় নি। কারণ শেঙ্গ কোনো অচেনা লোকের সাথে দেখা করতে রাজি হবে না। তবে সে দেখা করতে রাজি হতে পারে যদি লোকটা তার চেনাজানা হয়।”
“আপনি ভাবছেন শেঙ্গ আপনার সাথে দেখা করতে রাজি হবে! কিন্তু কেন?”
“ওই একই পদ্ধতি। অর্ধ সত্য, অর্ধ মিথ্যা,” ওয়েবের ভাষাতেই জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার।
“ব্যাখ্যা করুন।”
“প্রথমে সত্যটা শুনুন, মিঃ ওয়েব। শেঙ্গ ভালো করেই জানে আমি আমার গভর্নমেন্টের জন্য অনেক করেছি কিন্তু সে তুলনায় প্রতিদান কিছুই পাই নি। শেঙ্গের চোখে আমি একজন উজ্জ্বল, অদেখা প্রতিভা, যে যোগ্যতার তুলনায় জীবনে কম সাফল্যই পেয়েছে। আমি অনেকটা আলেক্সান্ডার ককলিনের মতো, পার্থক্য শুধু আমি মদ খাই না। একটা সময় ছিলো যখন আমি আর শেঙ্গ সমান সম্ভাবনাময় ছিলাম। সে সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছে কিন্তু আমি পারি নি।”
“শুনে সত্যিই খারাপ লাগছে, মি: অ্যানালিস্ট,” আবারো অধৈর্যভাবে বললো বর্ন। “কিন্তু শেঙ্গ আপনার সাথে দেখা করতে রাজি হবে কেন?”
“সেটাই তো অর্ধ মিথ্যা, মিঃ বর্ন। মনে হয় আপনি আমার কথা ভালোভাবে শুনছেন না, তাই ধরতে পারছেন না। শেঙ্গ যখন পেপারে আমার নাম দেখবে তখন জানবে আমি আবার এখানে ফিরে এসেছি। নিশ্চয়ই এটা আমার কর্মজীবনের শেষ বড় কোনো মিশন। আমি এখানে এসে তাইওয়ানের একটা ষড়যন্ত্র আঁচ করতে পেরেছি। আর তারপর টের পেয়েছি এই সব কিছুর পেছনে রয়েছে আমার পুরনো সিনো-আমেরিকান ট্রেড কনফারেন্সের প্রতিদ্বন্দী শেঙ্গ চোউ ইয়াঙ্গ। সেটা জানার পর আমি তা ফাঁস না করে তার সাথে দেখা করার পরিকল্পনা করছি, ভালো দাম পাবার আশায়। আমার মনে হয় এরপর সে আমার সাথে দেখা করতে বাধ্য হবে।”
“আর তারপর?”
“তারপর কি করতে হবে, সেটা আপনি আমায় বলবেন। আপনি তখন বলেছিলেন, বাকিটা বা-হাতের খেলা, তাহলে আমি পারবো না কেন। আমি শুধু বোমা আর বিস্ফোরক জাতীয় দ্রব্য সামলাতে পারি না। ওটা বাদে যে কোনো অস্ত্র আমাকে দিলেই চলবে।”
“আপনি মারা পড়তে পারেন,” বললো বর্ন। “আমি সেই ঝুঁকি নিতে রাজি আছি।”
“কেন?”
“কারণ কাজটা কাউকে না কাউকে তো করতে হবে। আপনি শেঙ্গের সামনে যেতে পারবেন না, কারণ শেঙ্গ আপনাকে দেখলেই বুঝে ফেলবে আপনি তার গুপ্তঘাতক নন। তার গার্ডরা সাথে সাথে আপনাকে শেষ করে ফেলবে।”
“তার সামনে চেহারা দেখানোর মতো কোনো পরিকল্পনা আমার নেই, মি: আন্ডারসেক্রেটারি,” শান্তভাবে বললো বর্ন।
“শেঙ্গকে আপনি প্রথমবারই পাবেন না। প্রথমে নিশ্চয় তার বেশ ক’জন কর্মকর্তার সাথে কথা বলতে হবে, সবাই আশ্বস্ত হলে তবেই শেঙ্গ কথা বলতে রাজি হবে। ফোনে আপনি কথা বলবেন ঠিকই, কিন্তু আমি বলে দেবো কি বলতে হবে!”
“এসব কাজের জন্য আপনি কাঁচা, মি: ম্যাকঅ্যালিস্টার।”
“আপনাদের কাজে আমি কাঁচা, কিন্তু আমার কাজে আমি পাকা।”
“হাভিলান্ডের সামনে আপনার এই অসাধারণ প্ল্যানটা বললেন না কেন?”
“কারণ সে আমাকে পারমিশন দিতো না। আমি চাপ দিলে সে হয়তো আমাকে গৃহবন্দিই ক’রে রাখতো। সে আমাকে অদক্ষ মনে করে। আর সবসময় তাই মনে করবে। কারণ আমি তাদের মতো চটপটে নই, তাদের মতো বাকপটু নই। কিন্তু এই মুহূর্তে তাদের সাথে সাথে আমিও অনুভব করতে পারছি, চীনের আসন্ন বিপদের কথা। সব লণ্ডভণ্ড হয়ে যাবে, মিঃ বর্ন। আর আমি তা হতে দিতে পারি না।”
বর্ন উত্তেজিত আন্ডারসেক্রেটারির দিকে তাকালো। “শুধু এই কারণেই আপনি কাজটা নিজে করতে চাচ্ছেন?” প্রশ্ন করলো সে।
“আরো একটা কারণ আছে, মিঃ বর্ন। সত্যি কথা বলতে গেলে আমি সেই পুরনো এডওয়ার্ড নিউইঙ্গটন ম্যাকঅ্যালিস্টার থেকে মুক্তি পেতে চাই। আমি হলাম ডিপার্টমেন্টের এমন একজন মস্তিষ্ক যে বেশিরভাগ সময় ডিপার্টমেন্টের কোনো ঘুচি ঘরে কাটায়। শুধুমাত্র জটিল কোনো সমস্যা দেখা দিলে তবেই আমার ডাক পড়ে, আর কাজ শেষ হলে আমাকে আবার সেই ঘুপচি ঘরেই পাঠিয়ে দেয়া হয়। পড়ার আড়ালে থেকে আমিই সব কাজ করি, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের বাহবা নেয় আমাদের অভিনেতারা। এবার আমি ভিন্ন কিছু করতে চাই যাতে আমার সম্পর্কে সবার দৃষ্টিভঙ্গি পাল্টায়। আমি মনে করি এবার আমার পর্দার বাইরে আসার সময় এসেছে।”
জেসন মনোযোগ দিয়ে আন্ডারসেক্রেটারির কথা শুনলো। তারা রাস্তার ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। “কিন্তু আগে আপনি আমাকে বলছিলেন আমি ব্যর্থ হলে তার পরিণতি কি হতে পারে। আমি এ ব্যাপারে অভিজ্ঞ, আপনি নন। আপনি কি ভেবে দেখেছে আপনি ব্যর্থ হলে তার পরিণতি কি হবে?”
“আমি ব্যর্থ হবো না।”
“আপনি ব্যর্থ হবেন না,” বর্ন কথাটির পুণরাবৃত্তি করলো। “সেটা কিভাবে বলছেন জানতে পারি কি?”
“আমি বিষয়টা খুব ভালোভাবে ভেবে দেখেছি।”
“বেশ বলেছেন।”
“না, সত্যি বলছি,” প্রতিবাদের সুরে বললো ম্যাকঅ্যালিস্টার। “পরিকল্পনাটা একদম সহজ : শেঙ্গকে একা বের ক’রে আনো, ব্যস্। সেটা আমি করতে পারবো, কিন্তু আপনি পারবে না। সে কখনই আপনার সাথে একা দেখা করতে রাজি হবে না। আমার শুধু কয়েকটা মুহূর্ত আর একটা অস্ত্র চাই।”
“তাও আমি এই পরিকল্পনায় রাজি হতে পারছি না। কারণ আপনি ভুলে যাচ্ছেন আপনি যুক্তরাষ্ট্রের আন্ডারসেক্রেটারি। যদি আপনি ব্যর্থ হন, যদি আপনি ধরা খান, তাহলে সব পরিকল্পনা ভেস্তে তো যাবেই উপরন্ত আন্তর্জাতিক পরিস্থিতি আরো বিগড়ে যাবে।”
“যেদিন আমি হংকংয়ে এলাম সেদিন থেকেই আমি এটা নিয়ে ভেবেছি।”
“কি?”
“সপ্তাহের পর সপ্তাহ ধরে আমি এ সমস্যাটা নিয়ে ভেবে তার সমাধান বের করেছি। আমি একটা ফাইলে সব লিখে রেখে এসেছি। আমেরিকান গভর্নমেন্টেকে এর থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছে। আমি ধরা পড়লেও আমার ফাইল থেকে প্রমাণিত হবে আমাদের গভর্নমেন্ট এর সাথে কোনোভাবে জড়িত নয়। ফাইলটার একটা কপি হাভিলান্ডের জন্য রাখা হয়েছে। আরেকটা কপি চাইনীজ কনসুলেটে বাহাত্তর ঘণ্টা পরে পাঠানোর কথা। অ্যাম্বাসেডর হয়তো এতোক্ষণে তার কপিটা পেয়েও গেছেন। বুঝতেই পারছেন, মি: ওয়েব, এখন আর ফেরার কোনো উপায় নেই।”
“ম্যাকঅ্যালিস্টার, আপনি তো ঝামেলা পাকালেন! ফাইলে কি লেখা আছে?”
“ফাইলটাতে আমার আর শেঙ্গের মধ্যকার কিছু সমস্যা তুলে ধরা হয়েছে। তবে আপনি চিন্তা করবেন না, ফাইলে আমি উল্টোপাল্টা কিছু লিখি নি, বরং আমার লেখা থেকে হয়তো সবার নজর শেঙ্গের ওপর পড়তে পারে, তার পরিকল্পনা ভেস্তেও যেতে পারে। পুরো ফাইল জুড়ে কি আছে তা জেনে আপনার কাজ নেই। শুধু এটুকু জেনে রাখুন, আপনার ষড়যন্ত্রকারী দিয়ে ষড়যন্ত্রকারী ধরার থিওরিটাই আমি কাজে লাগিয়েছি।”
“ভুলে যান,” চেঁচিয়ে বললো বর্ন। “এই পুরো মতলবটা ভুলে যান। এটা পাগলামি! আপনি ধরেই নিয়েছেন আমি ব্যর্থ হবো বা ধরা খাবো। কিন্তু আমি এখনও কিছুই ধরে নেই নি।”
বর্ন একটা লম্বা দম নিলো। “আমি আপনার সাহসকে বাহবা দিচ্ছি, আপনার ভদ্রতাকেও শ্রদ্ধা করছি, কিন্তু এই কাজটা করার আরো ভালো উপায় রয়েছে। আপনি পর্দার বাইরে আসার সুযোগ পাবেন, মি: আন্ডারসেক্রেটারি। কিন্তু এভাবে নয়!”
“তাহলে কিভাবে?” প্রশ্ন করলো ম্যাকঅ্যালিস্টার।
“আপনি বলছিলেন আপনি এখানে ছয় বছর কাটিয়েছেন। তখন সংঘবদ্ধ আর চিহ্নিত গোষ্ঠীকে নিষ্ক্রিয় করাই ছিলো আপনার আসল কাজ। নারকোটিকস্, ড্রাগস, স্মাগলিং, সব রকমের অপরাধীদের বিরুদ্ধেই আপনি লড়েছেন। অনেক শত্রুও তৈরি করেছেন। আপনি নিশ্চয় ওই লোকগুলোকে পুরোপুরি ভুলে যান নি?”
“ওসব লোকদেরকে কেউ সহজে ভোলো না।”
“তাহলে আমাকে একজন ভাড়াটে খুনি জোগাড় ক’রে দিন, যে ভালো দামের বিনিময়ে কাজটা করতে রাজি হবে। হাভিলান্ডকে ফোন করুন, আমার দাবি-দাওয়া তাকে জানান। তাকে বলুন কাল সকালের মধ্যে এখানে, এই ম্যাকাও’তে পাঁচ মিলিয়ন ডলার পাঠাতে। কমান্ডো গুয়াঙ্গডঙ্গ বর্ডারের বাইরে, পাহাড়ী এলাকায় শিঙ্গের লোকদের সাথে দেখা করতো। আমি ওখানেই মিটিংটা ঠিক করছি। আপনি শুধু একজন ভাড়াটে খুনি জোগাড় করুন। তাকে বলুন, তেমন কোনো ঝুঁকি নেই কিন্তু ভালো দাম পাওয়া যাবে। ব্যস্!”
“অসম্ভব,” জেসনের চোখের দিকে তাকিয়ে বললো ম্যাকঅ্যালিস্টার।
“আপনি কি বলতে চাইছেন ওরকম ভাড়াটে খুনি পাওয়া যাবে না? কারণ আপনি যদি তাই বলেন তাহলে মিথ্যা বলবেন!”
“আমি জানি অমন ভাড়াটে খুনি হাজারটা পাওয়া যাবে। এমনকি আমি নিজেই বেশ কয়েকজনকে চিনি। কিন্তু আমি তাদের ধারে-কাছেও ঘেষতে রাজি নই। এমনকি হাভিলান্ড চাইলেও আমি ওদের ঠিকানা দেবো না।”
“কেন? আপনি শেঙ্গকে চান না? এতোক্ষণ যা বললেন সেগুলোও কি মিথ্যা ছিলো? মিথ্যুক!”
“আপনি ভুল বুঝছেন, আমিও শেঙ্গকে বের ক’রে আনতে চাই। কিন্তু এভাবে না।”
“কেন নয়?”
“কারণ আমি আমার গভর্নমেন্ট, আমার দেশকে কোনো ঝুঁকিতে ফেলতে চাই না। আর আমার মনে হয় হাভিলান্ডও আমার কথায় সায় দিতো। ভাড়াটে খুনি ব্যবহার করা খুবই বিপজ্জনক, এতে অনেক সূত্র রয়ে যায়। পাঁচ মিলিয়ন ডলার ট্রান্সফার করাও বিপজ্জনক। সেটাও যে কেউ সহজেই ট্রেস্ করতে পারবে। কেনেডি ভাড়াটে খুনি দিয়ে ক্যাস্ট্রোকে সরাতে গিয়েছিলো তার পরিণতি কি হয়েছিলো তা সবাই জানে। এটা একেবারেই পাগলামী…না, মি: বর্ন, এ পদ্ধতি চলবে না।”
“কোন্ পদ্ধতি চলবে আর কোন্টা চলবে না তা আমি ঠিক করবো। ভুলে যাবেন না, শুধু আমিই জানি কিভাবে শেঙ্গের সাথে যোগাযোগ করতে হয়।”
“কিন্তু আমি চাই কাজটা আপনি আমার পদ্ধতিতে করুন। আর সেটা আপনার জন্যেও ভালো হবে।”
“কেন?”
“কারণ আপনার স্ত্রী হাভিলান্ডের কাছে আছে।”
“সে ককলিনের সাথে আছে! তার সাথে আছে মো পানোভ! হাভিলান্ড এতো সাহস পাবে না—”
“আপনি তাকে চেনেন না,” বর্নের কথার মাঝখান দিয়ে বলতে শুরু করলো ম্যাকঅ্যালিস্টার। “আপনি তাকে নিয়ে টিকারি মারেন, কিন্তু আপনি তাকে জানেন না। সে অনেকটা শেঙ্গ চোউ ইয়াঙ্গের মতো। সে কোনো কিছুতেই থামার পাত্র নয়। আমার সন্দেহ ঠিক হলে এই মুহূর্তে মিসেস ওয়েব, মি: ককলিন আর ডক্টর পানোভ ভিক্টোরিয়া পিক-এর বাড়িটিতে অতিথি হিসেবে অবস্থান করছে।”
“অতিথি?”
“গৃহবন্দী, যেমনটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম।”
“কুত্তার বাচ্চা,” ফিস্ ফিস্ ক’রে বললো বর্ন, তার মুখের চোয়াল শক্ত হয়ে গেছে।
“তো আমরা কিভাবে শেঙ্গের কাছে পৌঁছাবো?”
চোখ বন্ধ ক’রে বর্ন বলতে শুরু করলো। “গুয়াঙ্গডঙ্গ গ্যারিসনে সু গিয়াঙ্গ নামে একজন লোক আছে। আমি তার সাথে ফ্রেঞ্চে কথা বলবো আর সে আমার কাছে একটা মেসেজ ছেড়ে যাবে। একটা ক্যাসিনোর টেবিলে।”
“চলুন! জলদি!” বললো ম্যাকঅ্যালিস্টার।
