অধ্যায় ৩৩
তারা এখন হেডকোয়ার্টারের কমিউনিকেশন সেন্টারের ভেতরে; এই খেলার মূল খেলোয়াড়গুলো বাদে বাকি প্রায় সবাইকে বিদায় ক’রে দেয়া হয়েছে। এই একটি মাত্র রুম বাদে বাকি পুরো বাড়িটাতে হংকং ফায়ারবৃগেড তাদের অভিযান চালাচ্ছে। যেখানে যেখানে আগুন লেগেছিলো তা নেভাচ্ছে। বাইরের বাগানে হংকং পুলিশ রাস্তায় জড়ো হওয়া প্রতিবেশীদেরকে শান্ত করার চেষ্টা করছে এখন।
“আমাদের সাথে এসব কে করেছে?” প্রায় ফিফিস্ ক’রে প্রশ্ন করলো ডেডিভ ওয়েব।
“আমি করেছি,” টেবিলে অপরপ্রান্ত থেকে জবাব দিলো হ্যাভলান্ড। “আর এর জন্য আমার মধ্যে কোনো অনুশোচনাও নেই, আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করতো!” কথাটা ডেভিডের চোখের দিকে তাকিয়েই বললো হাভিলান্ড।
“খুলে বলুন,” একঘেয়েমি ভাব এনে বললো ডেভিড।
“একটা বড় সংকট দেখা দিয়েছে,” বললো ডিপ্লোম্যাট।
“একদম গোড়া থেকে খুলে বলুন,” হাভিলান্ডের কথার মাঝখানে বলে উঠলো ককলিন। হাভিলান্ডের মুখোমুখি ব’সে আছে সে। ওয়েব আর মেরি হাভিলান্ডের বাম দিকে, মরিস পানোভ এবং ম্যাকঅ্যালিস্টার ব’সে আছে ডান দিকে। “কোনো কিছু যেনো বাদ না পড়ে,” যোগ করলো ককলিন।
“কোনো কিছু বাদ দেয়ার ইচ্ছে আমারও নেই,” বললো অ্যাম্বাসেডর, তার চোখ ডেভিডের ওপর স্থির। “যে সংকটের কথা বলছি সেটা সত্যি, আরেকটি মহাবিপর্যয় আসন্ন। মুষ্টিমেয় কিছু লোক এক বর্বর লোকের দ্বারা চালিত হয়ে পিকিংয়ের বর্তমান গভর্নমেন্টকে নিয়ন্ত্রণে নিতে চাইছে। এই ষড়যন্ত্র সফল হলে হংকং এবং পুরো চায়না ধ্বংস হয়ে যাবে…”
নীরবতা। ডেভিডের চোখ হাভিলান্ডের উপর আঁটকে আছে।
“কুয়োমিংটাংয়ের উগ্রবাদী,” শান্তভাবে বললো ডেভি। “চীনের সাথে চীনের লড়াই! গত চল্লিশ বছর ধরেই তো পাষণ্ডগুলো একই শ্লোগান দিয়ে আসছে।”
“তখনও এটা শুধু শ্লোগানই ছিলো, মিঃ ওয়েব। কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিলো না, কোনো পদক্ষেপও ছিলো না।” হাভিল্যান্ড হাত দুটো টেবিলের উপর রেখে দীর্ঘঃশ্বাস ফেলে বললো। “কিন্তু এখন তাদের একটা পরিকল্পনা আছে। আর ওদের পরিকল্পনাটা এতোটাই সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত যে, ওরা বিশ্বাসই করে না সেটা ব্যর্থ হতে পারে। কিন্তু এটা ব্যর্থ হতে বাধ্য। আর যখন তা হবে তখন সূদুর প্রাচ্যের সাথে সাথে সমগ্র বিশ্বে অস্থিতিশীলতার সৃষ্টি হবে। এমন অস্থতিশীলতা যা থেকে পরিত্রাণের কোনো পথ হয়তো আমাদের থাকবে না।
“আপনার কথায় নতুন কোনো তথ্য নেই। এগুলো আমি নিজের চোখেই দেখেছি। তার লোকেরা সব জায়গায় ছড়িয়ে আছে। সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। কিন্তু তারা উগ্র জঙ্গীর মতোই উন্মাদ। আর তাদের নেতা স্বয়ং একজন কসাই। তাকে রাষ্ট্রনায়ক ব’লে মনে হয় না। তাকে এতো গুরুত্ব দেয়ার কোনো প্রয়োজন আমি দেখি না।”
“হিটলার এসেছিলো ঊনিশশো তেত্রিশে,” বলে চললো হাভিল্যান্ড। তারপর এলো খোমেনি। তাদেরকে দেখেও প্রথম প্রথম কেউই এতো গুরুত্ব দেয় নি। হতে পারে তাদের পেছনে কেউ ছিলো; আসল কোনো লিডার! আপনাকে আমি এতোটুকু গ্যারান্টি দিতে পারি যে, লোকটা একজন দক্ষ রাষ্ট্রনায়ক আর তাকে সবাই যথেষ্ট গুরুত্ব দেয়।”
“আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি…আপনাদের আর আমাকে দরকার পড়বে না। তাদের দলটাতে ফাটল ধরান, সেন্ট্রাল কমিটিতে তার পরিকল্পনা ফাঁস ক’রে দিন, তাইওয়ানকে বলুন তাদেরকে উৎখাত করতে তারা অবশ্যই করবে! সময় বদলে গেছে। এখন সবাই যুদ্ধবিগ্রহ এড়িয়ে যেতে চায়।”
হাভিলান্ড ওয়েবকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। ওয়েব এ ব্যাপারে অনেক দূর জেনেছে আর নিজের মনমতোই উপসংহার টানছে। কিন্তু সে এই জটিল হংকং ষড়যন্ত্রের গভীরতা অনুধাবন করতে পারছে না। “এসবের জন্য অনেক দেরি হয়ে গেছে। চায়নার গভর্নমেন্টের সর্বোচ্চ স্থানগুলোতে বিশ্বাসঘাতকেরা জায়গা ক’রে নিয়েছে, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে এখন। আর কেউ আমাদের কথা এখন বিশ্বাসও করবে না। সেটাই স্বাভাবিক। যদি আমাদেরকে বলা হতো জেনারেল মটরস্, আই.বি.এম আর নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জও কয়েকজন বেঈমান আমেরিকানরা চালাচ্ছে তাহলে আমরাও সেটা বিশ্বাস করতাম না।”
“ওদের হিসেব নির্ভুল,” এবার ম্যাকঅ্যালিস্টার মুখ খুললো, সে ডান হাত দিয়ে তার কপালটা মেসেজ করছে। “তাদের মূল লক্ষ্য হংকং, ওরা হংকংকে ব্যবহার করবে। আর একজন অ্যানালিস্ট হিসেবে আমি যে বিশ্লেষণ করেছি তা আপনাদের এখন জানার সময় এসেছে। এর পরিণতি”
“যা বলার সংক্ষেপে বলুন,” তাকে থামিয়ে দিয়ে বললো ওয়েব। “আপনি বড্ড বেশি কথা বলেন আর বারবার কপাল কচলাতে থাকেন। আমি আপনার চোখ দুটো একদম পছন্দ করি না। দেখতে অনেকটা মরা মাছের মতো। মেইন-এও আপনি বেশি বকবক করছিলেন। মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেলেন।”
“ঠিক আছে, বুঝতে পারছি। আমি জানি আপনি কেন এরকম আচরণ করছেন, মি: ওয়েব। কিন্তু আমি একজন সভ্য লোক, মিঃ ওয়েব। আর আমি ভদ্রতায় বিশ্বাসী।”
“আমি আর ওসব ভদ্রতার ধার ধারি না। এখানে কিসের এতো প্যাঁচাল চলছে তাও বুঝতে পারছি না। কেউ কি আমাকে প্রথম থেকে সবকিছু খুলে বলবে?”
“আমি বলছি,” হাভিলান্ড বললো। “পুরো ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন আপনাকে আমাদের কতো প্রয়োজন। ঘটনাটার শুরু আজ থেকে তিরিশ বছর আগে, যখন এক তুখোড় প্রতিভাবান তরুণকে তাইওয়ান থেকে মূল চায়নায় পাঠানো হয়। সেখানে তাকে নতুন নাম, নতুন পরিচয় আর নতুন পরিবার দেয়া হয়। পরিকল্পনাটা ছিলো সূদূরপ্রসারী, লক্ষ্য ছিলো ক্ষমতা পূণর্দখলের মাধ্যমে প্রতিশোধ নেয়া…”
ওয়েব তটস্থ হয়ে শেঙ্গ চোউ ইয়াঙ্গের অসামান্য গল্পটি শুনতে লাগলো। প্রতিটি তথ্য, আর প্রতিটি অংশকে সত্য-মিথ্যা বলার মতো সময় বা সুযোগ কোনোটিই এখন নেই। প্রায় সাতাশ মিনিট পর হাভিলান্ডের কথা শেষ হলে সে একটা কালো ফাইল তুলে ধরলো — কভারটা খুলে সত্তর পৃষ্ঠার ফাইলটা সে ডেভিডের দিকে এগিয়ে দিলো।
“আমরা যা জেনেছি, যা বুঝেছি, তার সব কিছুর বিশদ বিবরণ এখানে দেয়া আছে। আপনাকে এতোক্ষণ যা যা বললাম তার একমাত্র প্রমাণ হলো এই ফাইলটা। এই ফাইলটা এই বাড়ির বাইরে কখনও বের হয় নি, আর কখনও হবেও না।” ডিপ্লোম্যাট থামলো, তার চোখ বর্নের ওপর স্থির। “হয়তো আপনার কাছে অনুরোধ করার মতো কোনো অধিকারই আমাদের নেই, তবু করছি। আপনার সাহায্য আমাদের দরকার, মি: ওয়েব। আপনি শেঙ্গ চোউ ইয়াঙ্গ সম্পর্কে যা যা জেনেছেন আমাদেরকে খুলে বলুন।”
“যাতে আপনারা কাউকে পাঠিয়ে সহজেই তার খেল খতম করতে পারেন?”
“ইচ্ছেটা সেরকমই। কিন্তু কথাটা আপনি যতো সহজে বললেন কাজটা আসলে ততো সহজ নয়। কাজটা শুধুমাত্র সেরা এবং শ্রেষ্ঠজনই করতে পারবে। শেঙ্গ নিজের জন্য এক অসাধারণ প্রতিরক্ষা গড়ে তুলছে। এমন কিছু করা যাবে না যাতে তার বিন্দুমাত্র সন্দেহ জাগে। পিকিং তাকে একজন দেশভক্ত মহান ব্যক্তি হিসেবে দেখে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে।”
“এজন্যেই আপনারা সেই নকল বর্নকে চাইছিলেন। সে-ই শেঙ্গের কাছে যাবার জন্য আপনাদের সংযোগ হিসেবে কাজ করতো,” বললো মেরি।
“আমরা জানতে পারি যে, এই নতুন জেসন বর্ন শেঙ্গের কাছ থেকে কনট্রাক্ট নিয়েছে। যারা যারা শেঙ্গের বিরোধতিা করছিলো বা তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছিলো, শেঙ্গ তাদেরকে সরানোর পরিকল্পনা করে। এই নতুন জেসন বর্ন ছিলো শেঙ্গের সকল সমস্যার সমাধান। সবাই জানতো এই ভাড়াটে ঘাতক কোনো পলিটিক্যাল ব্যাপারের সাথে জড়িত না, আর তাই খুনের প্রকৃত উদ্দেশ্য বের করা সম্ভব হয় নি। কেউ জানতো না খুনগুলো চায়নার সাথে জড়িত।”
“কিন্তু সে পিকিংয়ে গিয়েছিলো,” বললো ওয়েব। “সেটা কিন্তু শেঙ্গের পরিকল্পনার জন্য ক্ষতিকারক হতে পারতো। আমি তাকে ফলো করেছিলাম। যদিও পরে বুঝতে পারি ওটা আমার জন্য একটা ফাঁদ ছিলো…”
“আপনার জন্যে ফাঁদ?” বিস্ময় প্রকাশ করলো হাভিলান্ড। “তারা জানতো আপনি এখানে আছেন?”
“নকল বর্নের সাথে কাই টাক এয়ারপোর্টে সেই বিস্ফোরণের রাতে আমার মুখোমুখি দেখা হয়েছিলো। আমরা দু’জনেই একে অপরকে চিনে ফেলি তখন। না চেনাটাই ছিলো অস্বাভাবিক। তারপরই সে আমার জন্য ফাঁদটা পাতে।”
“তার মানে ওই লোকটা আপনিই ছিলেন, মোসাদ!” বললো ম্যাকঅ্যালিস্টার। “আমিও তাই সন্দেহ করেছিলাম। অবশ্য পত্রপত্রিকাগুলো লিখেছিলো কাজটা একজন উগ্রডানপন্থী লোকের, যার মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিলো। সে পুঁজিতন্ত্র থেকে কমিউনিস্টদের বিতারিত করতে চেয়েছিলো।”
“আমার কথা শেঙ্গ তার মাধ্যমেই জানতে পারে। আমি এ শহরে তার জন্য নতুন হুমিক ছিলাম, তাই আমাকে থামানোটা জরুরি হয়ে উঠেছিলো। আমাকে মারার জন্য শেঙ্গ কমান্ডোকে ব্যবহার করতে চেয়েছিলো সেজন্যে শেঙ্গ নিজে কমান্ডোর সামনে হাজির হয়, তাকে নিজ দলের সদস্যের মতো দেখতে শুরু করে। কিন্তু আমার প্রশ্ন হলো, শেঙ্গ যদি একজন গোপন ক্লায়েন্টই হয়ে থাকে তাহলে ভাড়াটে খুনির সামনে কেন এলো?”
“এর কারণ শেঙ্গ ধরেই নিয়েছিলো কমান্ডো তার পরিধির বাইরে গিয়ে বেঁচে থাকতে পারবে না,” জবাব দিলো হাভিলান্ড। “যখনই শেঙ্গ মনে করতো কমান্ডো খুব বেশি জেনে ফেলেছে, সে তাকেও সরিয়ে ফেলতো। আর তাকে মারাটা খুব একটা কঠিন কাজ হতো না। শেঙ্গ হয়তো তাকে পেমেন্ট বা নতুন কোনো কনট্রাক্ট দেয়ার নাম ক’রে কোথাও ডেকে নিয়ে তার জন্যে একটা মরণফাঁদ পাততো।”
“তার মানে আপনি আমাকে যা যা বলেছিলেন তার আধা সত্যি আর আধা মিথ্যে,” ম্যাকঅ্যালিস্টায়ের দিকে তাকিয়ে বললো বর্ন। “হংকংয়ের ধ্বংস হবার সম্ভাবনা ঠিকই ছিলো, কিন্তু ধ্বংস হবার পেছনে যে কারণটা দেখিয়েছিলেন সেটা ছিলো মিথ্যে।”
“সত্যি কথাগুলো থেকেই দেশের প্রতি আমাদের দায়িত্ববোধের প্রকাশ পায়। আর মিথ্যাগুলো বলা হয়েছিলো আপনাকে কাজে নেয়ার জন্য,” হাভিলান্ড চেয়ারে হেলান দিয়ে বললো।
“বানচোত,” শীতলকণ্ঠে বললো ওয়েব।
“মি: ওয়েব…মিসেস ওয়েব, আপনাদের একটা প্রশ্ন করি। যদি আমরা আপনাদের কাছে গিয়ে সব কথা সত্যিসত্যি বলতাম তাহলে কি আপনারা আমাদের দলে যোগ দিতেন? আমাদের হয়ে কাজ করতেন? আপনি কি আবার জেসন বর্ন হতে রাজি হতেন?”
কিছুক্ষণ নীরবতা নেমে এলো। সবার দৃষ্টি ডেভিডের ওপর। ডেভিড ফাইলের দিকে তাকিয়ে আছে। “না, হতাম না। কারণ আমি আপনাদের বিশ্বাস করি না।”
“আমরা তা জানতাম,” মাথা দুলিয়ে বললো হাবিলান্ড। “কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে আপনাকে কাজে নেয়াটা অত্যন্ত জরুরি ছিলো। আপনি যা পারেন তা আর কেউ পারে না। আর এতোদিন আপনি যা করেছেন আর আপনার যা অভিজ্ঞতা, তা থেকেই প্রমাণিত হয় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিলো। জানি এর জন্য কয়েকজনকে অনেক কষ্ট পেতে হয়েছে, সেসব কষ্ট আমরা উপলদ্ধি করি। কিন্তু আমাদের কিছুই করার ছিলো না। পরিস্থিতি আমাদের প্রতিকূলে ছিলো, এখনও প্রতিকূলেই আছে।”
“ঠিক আগের মতোই,” বললো বর্ন। “কারণ কমান্ডো মারা গেছে।”
“কমান্ডো?” ম্যাকঅ্যালিস্টার সামনে ঝুঁকে বললো।
“আপনাদের সেই গুপ্তঘাতক। দ্বিতীয় বর্ন। আপনারা আমাদের সাথে যা করেছেন তার সবই বৃথা গেছে।”
“সেটা এখনও বলা যাচ্ছে না,” বললো হাভিলান্ড। “পুরো ব্যাপারটা নির্ভর করছে আপনি আমাদেরকে কি কি তথ্য দিতে পারেন তার ওপর। এখানে যে একজন মারা গেছে, সেটা কাল খবরের কাগজে বের হবে, আমরা তা থামাতে পারবো না, কিন্তু শেঙ্গ জানবে না কে মারা গেছে। কোনো ছবি তুলতে দেয়া হয় নি, কোনো সাংবাদিককে ঢুকতে দেয়া হয় নি। আর যে সব লোক জড়ো হয়েছিলো তাদেরকেও পুলিশ কয়েকশো গজ দূরে আটকে রেখেছিলো। এখন আমরা আমাদের পছন্দমতোই খবরটা ছড়াতে পারবো।”
“যে মারা গেছে তার লাশের কি হবে?” প্রশ্ন করলো পানোভ। “পোস্টমর্টেম করার কিছু নিয়ম আছে—”
“বলা হবে ব্যাপারটা গোপনীয় এবং এম.আই-৬ সেটা করার অনুমোদন দেয় নি,” বললো অ্যাম্বাসেডর। “কমান্ডোর ক্ষতবিক্ষত লাশ যারা দেখেছে তাদেরও মনে রাখার কাথা না। আর এই অঞ্চলটা এখনও বৃটিশ আওতাধীন। বাইরে থেকে কেউ বেশি খবরদারি করতে পারবে না।”
“কিন্তু ডেভিড আর মেরি,” প্রতিবাদ করলো মো। “তাদেরকে অনেক লোক দেখেছে, তাদের কথা শুনেছে।”
“শুধু কাছে দাঁড়ানো কিছু মেরিন গার্ড তাদেরকে ভালোভাবে দেখেছে, তাদের কথা শুনেছে,” বললো ম্যাকঅ্যালিস্টার। “এই পুরো সিকিউরিটি টিমটা ইতিমধ্যে হাওয়াই’তে রওনা দিয়ে দিয়েছে। যার মধ্যে দু’জন নিহত এবং সাতজন আহত সেনাও রয়েছে। তারা সবাই বিভ্রান্ত এবং আতঙ্কিত। মেরি আর ডেভিড ওয়েবকে ভালোভাবে দেখেছে এমন কেউ আর এখানে নেই। এখন আমরা যা খুশি তাই বলে চালাতে পারি।”
“যা খুশি তাই বলাটা দেখছি আপনার অভ্যাসে পরিণত হয়েছে,” বললো ওয়েব।
“অ্যাম্বাসেডরের মুখেই তো শুনলেন, আমাদের আর কোনো উপায় ছিলো না,” আত্মপক্ষ সমর্থন ক’রে বললো ম্যাকঅ্যালিস্টার।
“এতে আমি এডওয়ার্ডের কোনো দোষ দেখি না,” বললো হাভিলান্ড। “সত্যি কথা বলতে কি, সে প্রথমে এসবের বিরুদ্ধেই ছিলো।”
“ওগুলো টেনে আর লাভ নেই,” বললো ম্যাকঅ্যালিস্টার। “বাইরে কি বলবো তা আমাদের জলদি ঠিক ক’রে ফেলা উচিত। কনসুলেটে সাংকাদিকেরা ফোন ক’রে খুব জ্বালাচ্ছে”
“কনুসুলেট?” প্রশ্ন করলো ককলিন।
“এই হেডকোয়ার্টারটি লিজ নেয়া হয়েছে এটা দেখানোর জন্য যেসব অনুমাদন নেয়ার দরকার ছিলো আমরা তা নিতে পারি নি। যথেষ্ট সময় ছিলো না আমাদের হাতে। বিষয়টা গোপন রাখা হয়েছিলো এবং এ পর্যন্ত তেমন কোনো সমস্যাও দেখা দেয় নি। কিন্তু এখন পুলিশ রিপোর্ট বানানোর সময় লিজি আর মালিকের নাম জানতে চাওয়ায় সমস্যাটা দেখা দিয়েছে। গার্ডেন রোড ব্যাপারটা সামলাচ্ছে তো, এডওয়ার্ড?”
“ওদেরকে কোনো সুষ্ঠু নির্দেশনা দেয়া হয় নি। ওরা আমাদের জবাবের জন্য অপেক্ষা করছে। আমাদের উচিত ওদেরকে কি বলবো তা ঠিক ক’রে ফেলা।”
“অবশ্য,” বললো হাভিলান্ড। “তোমার মাথায় কি কিছু এসেছে?”
“মি: ওয়েবের কথা যা শুনলাম, তা থেকে একটা অস্পষ্ট প্ল্যান মাথায় এসেছে,” বললো ম্যাকঅ্যালিস্টার।
“কোন্ কথার কথা বলছো?” প্রশ্ন করলো ওয়েব।
“আপনি বারবার কমান্ডো শব্দটা ব্যবহার করছিলেন। গুপ্তঘাতক কি আসলেই কোনো কমান্ডো ছিলো?”
“সাবেক কমান্ডো! তার মানসিক সমস্যা ছিলো। বেশ কয়েকজনকে খুন করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিলো ব’লে শুনেছি।”
“তার আসল পরিচয়টা কি জানেন? তার নাম কি?”
ডেভিড কঠোর দৃষ্টিতে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালে অ্যালকট-প্রাইসের কথাগুলো তার মনে পড়তে লাগলো…ধরো যদি আমি মারা যাই, আর আমার গল্পটা প্রচার পায় তাহলে কি হবে ভেবে দেখেছো? কতো অসামাজিক উশৃঙ্খল ছেলেরা এর দ্বারা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, ভেবে দেখেছো? তারা বেঁচে থাকার নতুন নির্দেশনা খুঁজে পাবে। তাদেরই কেউ হয়তো আমার জায়গাটা নিয়ে নেবে, যেমনটা আমি তোমারটা নিয়েছিলাম। এই দুনিয়াটা জেসন বর্নদের দ্বারা পরিপূর্ন। তাদের শুধু পথ দেখাতে হবে, নির্দেশনা দিতে হবে, ব্যস্।
“না, আমি কখনও বের করতে পারি নি লোকটা আসলে কে ছিলো,” শান্তভাবে বললো ওয়েব।
“কিন্তু আপনি তো নিশ্চিত সে একজন কমান্ডো ছিলো।”
“হ্যাঁ।”
“রেঞ্জার নয়, গূন ব্যারেটও নয়—”
“না।”
“তাহলে ধরে নেয়া যায় সে বৃটিশ ছিলো।”
“হ্যাঁ।”
“বেশ, তাহলে আমরা গল্পটা একেবারে উল্টোদিক থেকে শুরু করবো। সে বৃটিশ ও নয়, তার কোনো মিলিটারি রেকর্ডও নেই।”
“এভাবে শুরু করা যায়, একজন শ্বেতাঙ্গ আমেরিকান,” আন্ডারসেক্রেটারির দিকে তাকিয়ে বললো ককলিন। “একটা ভুয়া নাম আর ভুয়া ইতিহাস দিন। বলুন লোকটার মাথায় সমস্যা ছিলো। এখানকার কারো সাথে তার পুর ে হিসাব-নিকাশ মেটানোর দরকার ছিলো।”
“হ্যাঁ, অনেকটা সেরকম আমিও ভাবছিলাম, কিন্তু পুরোপুরি এরকম না,” বললো ম্যাকঅ্যালিস্টার। “একজন শ্বেতাঙ্গ অ্যামেরিকান, হ্যা, এটা ঠিক আছে। সে মানসিক ভারসাম্যহীন আর তাই এমন গণহত্যার চেষ্টা চালিয়েছে, হ্যা, এটাতে চলবে। এখানকার একজনের সাথে তার পূর্বশত্রুতা ছিলো, তাই সে প্রতিশোধ নিতে এসেছিলো!”
“কার বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছিলো?” প্রশ্ন করলো ডেভিড।
“আমার বিরুদ্ধে,” জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার, তার চোখ ডেভিডের চোখের ওপরে আঁটকে আছে।
“তার মানে ওই লোকটা আমি,” বললো ডেভিড। “ওই মানসিক ভারসাম্যহীন লোকটা আমি।”
“আপনার নাম ব্যবহার করা হবে না,” শান্তকণ্ঠে বলো আন্ডারসেক্রেটারি। “আমরা বলতে পারি একজন আমেরিকান প্রবাসী ব্যবসায়ী এই সুদূরর প্রাচ্যে বেশ কয়েক বছর আগে আমেরকান অথোরিটি কর্তৃক নাস্তানাবুদ হয়েছিলো। লোকটা নারকোটিক্স আর স্মাগলিং জাতীয় কাজের সাথে জড়িত থাকার কারণে আমেরিকান অথোরিটি তার পেছনে লেগেছিলো। আমেকিরান অথোরিটি, মানে আমি, হংকং, ম্যাক্যাও, সিঙ্গাপুর, জাপান আর মালয়েশিয়ার পুলিশকে সহায়তা করে তার সকল ব্যবসা বন্ধ করে দেই। ফলে তার মিলিয়ন মিলিয়ন ডলার গচ্চা যায়। এতো বছর পর, হঠাৎ সে জানতে পারে আমি আবার এখানে ফিরে এসেছি। আমার পোস্টিং ভিক্টোরিয়া পিক-এ। তাই সে তার পুরনো শত্রুকে শেষ করতে এখানে এসেছিলো।” ম্যাকঅ্যালিস্টার ডেভিডের দিকে ঘুরলো। “আপনার হয়তো জানা আছে আমি বেশ কয়েক বছর সত্যি সত্যি এখানে দায়িত্ব পালন করেছি। কিন্তু আপনি হয়তো জানেন না, আমার কাজটা কি ছিলো। আমার মূল কাজ ছিলো এখানকার সুশৃঙ্খল আর সংঘবদ্ধ অপরাধচক্রগুলোকে চিহ্নিত ক’রে নিষ্ক্রিয় করা। নাকোটিক্স, অবৈধ ইমিগ্রেশন, পতিতাবৃত্তি, জুয়া, স্মাগলিং—এসব নিয়ে যেসব মাফিয়া গোষ্ঠী গড়ে উঠেছিলো তাদের নিয়েই ছিলো আমার কাজ করবার। তাই যদি আমি বলি আমার জন্য লোকটার অবৈধ ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিলো তাহলে কেউ সন্দেহ করবে না। আর তাছাড়া সে সময় সত্যিই সত্যিই আমি অনেক অবৈধ চাঁদাবাজি বন্ধ করেছিলাম। তার ফলে আমার অনেক শত্রুও তৈরি হয়েছিলো, মি: ওয়েব। তাছাড়া আমার নাম ব্যবহার করার আরেকটা লাভ হচ্ছে শেঙ্গ চোউ ইয়াঙ্গ আমার নাম জানে। আমরা একে আরকে চিনিও। তাই সে যখন পেপারে আমার নাম দেখবে তখন এই গল্পটাকে সত্যি ভেবে নেয়ার সম্ভাবনা বেড়ে যাবে।”
“তাহলে এখানে যে মৃতদেহটা পাওয়া গেছে সেটা আমার,” বললো ওয়েব।
“হ্যাঁ, সেটাই বলা হবে,” বললো ম্যাকঅ্যালিস্টার। “কিন্তু সমস্যা হচ্ছে আমরা জানি না শেঙ্গের হাত কতোটা লম্বা। আমরা জানি না শেঙ্গ কি জানে। আমাদের মূল লক্ষ্য হবে শেঙ্গকে বিশ্বাস করানো যে, এখানে যার লাশ পাওয়া গেছে সেটা তার গুপ্তঘাতকের নয়।”
“তাহলে শেঙ্গ ভাববে তার গুপ্তঘাতক বেঁচে আছে, আর ওয়েব সেই গুপ্তঘাতক সেজে তাকে ডেকে আনতে পারবে মারার জন্য!” যোগ করলো ককলিন।
“তুমি নিজেকে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছো, এডওয়ার্ড,” বললো হাভিলান্ড। “আমি তোমার কাছ থেকে এতোটা আশা করি নি।”
“আমি এটা আমার পদ্ধতিতেই করতে চাই, মি: হাভিলান্ড। আমার নামটাই শেঙ্গের সন্দেহ কমাবে। আমার সম্পর্কে সে জানে। বাকি গল্পটা অস্পষ্ট হলেও কোনো সমস্যা হবে না।”
ওয়েব তার সামনে খোলা ফাইলটা দেখতে লাগলো। প্রথম পৃষ্ঠয় একজন লোকের ছবি আর নীচে তার নাম লেখা শেঙ্গ চোউ ইয়াঙ্গ। এই চেহারাটাই সে পক্ষীশালাতে দেখেছে। এই লোকটাই তলোয়ার হাতে মহিলা আর পুরুষগুলোকে টুকরো টুকরো করছিলো। এই সেই কসাই যে ইকোর জীবন নিয়েছে। ইকো বর্নের জন্য, মেরির জন্য তার জীবন উৎসর্গ করেছে। মারা যাবার আগে সে বর্নকে সিগনাল পাঠিয়েছিলো, এই পাষণ্ড কসাইটাকে যেনো বর্ন শেষ করে দেয়। কিন্তু বর্ন পারে নি ইকোর অনুরোধ রাখতে, পারে নি। ইকোর হয়ে প্রতিশোধ নিতে!
“এই?” ফিফিস্ ক’রে বললো জেসন বর্ন, “এই সেই অচেনা তাইপানের ছেলে?”
“হ্যাঁ,” বললো হাভিলান্ড।
“আপনার কথা ভুল! আপনি যে বলেছিলেন ইনি তার প্রতিরক্ষা ব্যুহের বাইরে বের হন না, সেটা সম্পূর্ণ ভুল। এই লোকটা দেখা দিয়েছিলেন। আমি একে সামনাসামনি দেখেছি!”
বিস্মিত হাভিলান্ড সামনে ঝুঁকে এলো। “আপনি নিশ্চিত?”
“একদম।”
“পরিস্থিতি নিশ্চয় অস্বাভাবিক ছিলোা, না হলে তার দেখা দেয়ার কথা নয়।”
“সেখানেই আমি ইকো’কে হারিয়েছি।”
“কাকে?” প্রশ্ন করলো মেরি।
“একজন বন্ধুকে।”
“শেঙ্গ!” অস্থিরভাবে বললো হাভিলান্ড। “বলুন মিঃ ওয়েব, শেঙ্গকে আপনি কি করতে দেখেছেন, তার সম্পর্কে কি জেনেছেন?”
“সে একটা রাক্ষস,” আস্তে ক’রে বললো জেসন, তার চোখে এখনও ফাইলের ছবিটার ওপর আঁটকে আছে। “সে দোজখের শয়তান। হাসতে হাসতে নারী-পুরুষ আর বাচ্চাদেরকে হত্যা করে সে। নিজ হাতে কসাইয়ের কাজ করে সে আর মুখ থাকে তার ন্যায় বাণী। সে যদি চায়না শাসন করতে শুরু করে তাহলে ঈশ্বরও এই মানুষগুলোকে রক্ষা করতে পারবে না।”
“সে কিন্তু এই চায়নাই শাসন করতে চলেছে, মি: ওয়েব,” মৃদুকণ্ঠে বললো হাভিলান্ড। “আমরা যদি তাকে না থামাই তবে সে তাই করবে। আপনি এইমাত্র এমন একজন শেঙ্গ চোউ ইয়াঙ্গের কথা বললেন যাকে আমরা কখনও দেখি নি। অথচ এই লোকটিই এখন চায়নার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। অ্যাডল্ফ হিটলার যেমন রাইখস্টাগে মার্চ করেছিলো, শেঙ্গ সেভাবে সেন্ট্রাল কমিটিতে মার্চ করবে। হায় ঈশ্বর!”
“সে একট হিংস্র জানোয়ার,” মৃদুকণ্ঠে বললো বর্ন। “শিকারী পশুর মতো শিকার করতে ভালোবাসে সে। হত্যা করতে তার ভালো লাগে সেজন্যে সে হত্যা করে।”
“আপনার কথা অস্পষ্ট,” ম্যাকঅ্যালিস্টার শান্তভাবে কথার মাঝখানে বাধা দিয়ে বললো। “আমাদেরকে সবকিছু খুলে বলুন।”
“সে একটা কনফারেন্স ডেকেছিলো,” বলে চললো বর্ন, সে এখনও ছবিটির দিকেই তাকিয়ে আছে। ‘মহান তরবারির রাত আবার ফিরে এসেছে,’ সে বলেছিলো। বলছিলো বন্দিদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। কনফারেন্সের আয়োজন যেভাবে করা হয়েছিলো তা থেকেই প্রমাণ হয় লোকটা উন্মাদ! চারদিকে মশাল জ্বালানো, শহরে থেকে দূরে একটা পক্ষীশালায়! আপনার কল্পনা করতে পারেন? আর আমি যেমনটা বললাম সে তাই করেছে, তার তলোয়ার দিয়ে…”
“বন্দিদের মধ্যে বিশ্বাসঘাতক?” ফিফিস্ ক’রে উঠলো ম্যাকঅ্যালিস্টার। “সত্যিই কি বিশ্বাসঘাতক পাওয়া গিয়েছিলো? কেউ কি দোষ স্বীকার করেছিলো? তারা কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলো?”
“…না, কাউকে কথা বলার সুযোগ দেয়া হয় নি, শুধু মহিলাটি ছাড়া। সবাইকে সে নিজ হাতে হত্যা করে। সে ইকোকে কথা বলার সুযোগ দিলেও ইকো জানতো তার আর বাঁচার উপায় নেই। আগে হোক, পরে হোক, তাকে মরতেই হবে। আর তাই সে আমাকে বাঁচানোর জন্যে নিজের মৃত্যু বেছে নেয়। আমাকে আরো সময় দেয়ার জন্য শেঙ্গকে কথায় কথায় দেরি করিয়ে দেয় সে।”
“ইকো কে, ডেভিড?” প্রশ্ন করলো পানোভ।
“আলফা, ব্রাভো, চার্লি, ডেল্টা, ইকো…ফক্সট্রট”
“মেডুসা!” সাইকিয়াট্স্ট বললো। “ইকো মেডুসাতে ছিলো?”
“হ্যাঁ। প্যারিসের ল্যুভরে সে আমার জীবন বাঁচানোর চেষ্টা করেছিলো, কিন্তু শেষমেষ আমিই তার জীবন বাঁচাই। এর আগেও সে আমার জীবন একবার বাঁচিয়েছিলো। ‘বিশ্রাম একটি হাতিয়ার,’ সে-ই আমাকে বলতো।”
“বিশ্রাম একটি হাতিয়ার,” ফিফিস্ ক’রে বললো মেরি, তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সে এখনও ডেভিডের হাত ধরে আছে। “ওহ্ জিশু!”
“…ইকো আমাকে দেখতে পেয়েছিলো। আমরা মেডুসার সিগনাল ব্যবহার করি।”
“এটা কি শহরে থেকে দূরে সেই পক্ষীশালার ভেতরেই ঘটেছিলো?” প্রশ্ন করলো পানোভ। ম্যাকঅ্যালিস্টার কিছু একটা বলতে যাচ্ছিলো, কিন্তু মো পানোভ তার হাত চেপে থামিয়ে দিলো। সে চাইছে না ডেভিডের গল্পতে কোনো বাঁধা আসুক।
“হ্যাঁ,” জাবাব দিলো জেসন, তার চোখ ঝাপসা হয়ে গেছে, বর্ন যেনো সেই বীভৎস ঘটনাটির মধ্যেই ফিরে গেছে; দৃশ্যগুলো যেনো তার সামনে ভেসে উঠছে।
“আমরা দু’জনেই জানতাম ইকো মারা যাবে। তার আসন্ন মৃত্যু এতো পরিষ্কার ছিলো যে, আমি তা সহ্য করতে পারছিলাম না। কিন্তু হয়তো আমি তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারবো!”
“কি ইচ্ছা, ডেল্টা?” পানোভ আস্তে ক’রে বললো।
“ওই কুত্তার বাচ্চাটাকে মারতে হবে। ওই পাষণ্ড কসাইটাকে। ওর বাঁচার কোনো অধিকার নেই। ও হাসতে হাসতে মানুষ মারে। ইকো নিজ চোখে দেখেছে। আমি দেখেছি। সবদিক থেকে ওদের চেপে ধরা হলো। জঙ্গলে বিস্ফোরণ ঘটলো, লোকগুলো দিশেহারা হয়ে ছুটোছুটি করতে লাগলো, চিৎকার করতে লাগলো। এই সুযোগ। আমি ওকে এখনই মারতে পারবো। আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি… লোকটাও আমাকে দেখতে পেলো! সে আমার দিকে তাকিয়ে আছে! সে জানে আমি তার শত্রু! আমি তোর যম্, কসাই কোথাকার! তোর যম তোর সামনে দাঁড়িয়ে আছে, দেখ! শেষ দেখা দেখে নে!…কিন্তু একটা সমস্যা হলো! নিজেকে আড়ালে নিতে সক্ষম হলো সে! পাশের কোনো লোককে টেনে নিয়ে তার সামনে রাখলো। আমাকে পালাতে হবে, তাই আমি আর পারলাম না ওকে শেষ করতে!”
“পারলে না, না করলে না,” সামনে ঝুঁকে প্রশ্ন করলো পানোভ। “এখন কে কথা বলছে? জেসন বর্ন নাকি ডেভিড ওয়েব? কে তুমি?”
“ডেল্টা!” চিৎকার ক’রে সবাইকে চমকে দিলো সে। “আমি ডেল্টা! আমি বর্ন! কেইন ডেল্টার জন্য আর কার্লোস কেইনের জন্য!” সে তার চেয়ারে এলিয়ে পড়লো, সামনের দিকে ঝুঁকে আসলো তার মাথা। বর্ন এবার চুপ মেরে গেলো।
বাকি সবাইও বেশ কিছুক্ষণ চুপ ক’রে থাকলো। কেউ জানে না কতোটা সময় পার হলো। কেউ ঘড়ি দেখলো না। কিছুক্ষণ পর বর্ন আবার স্বাভাবিক হয়ে এলো
“আমি দুঃখিত,” বললো ডেভিড ওয়েব। “বুঝলাম না হঠাৎ কি হলো। আমি সত্যি দুঃখিত।”
“দুঃখিত হওয়ার কিছু নেই, ডেভিড,” বললো পানোভ। “তুমি ওই ঘটনাটিতে ফিরে গিয়েছিলে। আমরা বুঝতে পারছি।”
“হ্যাঁ, আমি ওই ঘটনাটিতেই হারিয়ে গেছিলাম। অদ্ভুদ শোনাচ্ছে, তাই না?”
“মোটেই না,” বললো সাইক্রিয়াট্স্ট। “এমন হওয়াটা খুবই স্বাভাবিক।
“আমাকে যে ওগুলোর মধ্যেই আবার ফিরে যেতে হবে, সেটা কি বুঝতে পারছো, মো?”
“ডেভিড!” আর্তনাদ ক’রে উঠলো মেরি।
“আমাকে ওখানে যেতেই হবে, আমাকে ওখানে যেতেই হবে,” বললো জেসন বর্ন, মেরির হাত আলতোভাবে স্পর্শ করে। “আর কেউ এই কাজটা করতে পারবে না। আমি ওদের কোড জানি। আমি জানি কিভাবে কাজটা করতে হবে…ইকো তার জীবন আমার জন্য ত্যাগ করেছে। কারণ সে বিশ্বাস করেছিলো আমি ওই পাষণ্ডটাকে শেষ করতে পারবো। আমি ওই কসাইটিকে ছাড়বো না। আমি তখন ব্যর্থ হয়েছি। কিন্তু এবার ব্যর্থ হবো না!”
“আর আমরা?” মেরি বর্নের বাহু ঝাঁপিয়ে বললো। তার গলা কাঁপছে। “আমাদের কি হবে? আমাদের জন্য কি তোমার কোনোই অনুভূতি নেই?”
“আমি ফিরে আসবো, কথা দিলাম তোমাকে,” মেরির চোখে চোখ রেখে বললো ডেভিড। “কিন্তু আমাকে আবার ফিরে যেতেই হবে, আমাকে বোঝার চেষ্টা করো।”
“কাদের জন্য? এই মিথ্যুকদের জন্য?”
“না, এদের জন্য না। একজন বন্ধুর জন্য, যে শুধু বাঁচতে চেয়েছিলো। তুমি তাকে দেখো নি কখনও। সে আমাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের মৃত্যু বেছে নিয়েছে। সে জানতো আমাকে বাঁচতে হবে, আমাকে তোমার কাছে ফিরে আসতে হবে। তার সামনে শুধু দুটি পথ খোলা ছিলো। আর সে আমাকে বাঁচানোর পথটিই বেছে নেয়। আমি তার ত্যাগ ভুলতে পারবো না,” বর্ন ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। “লাশের ছবি তুলতে পারবে এমন কেউ কি এখানে আছে?”
“কার লাশ?” প্রশ্ন করলো আন্ডারসেক্রেটারি।
“আমার,” বললো জেসন বর্ন।
