অধ্যায় ৮
জেট বিমানটি ভিক্টোরিয়া হার্বারের ওপর দিয়ে এর গন্তব্যস্থল কাই টাক এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে। ভোরের ঘন কুয়াশা আভাস দিচ্ছে একটি হিমশীতল দিনের। বিমানটি কাউলুন এয়ারপোর্টের কাছাকাছি আসতেই হংকংয়ের সারি সারি সুউচ্চ ভবনগুলোর দেখা পাওয়া গেলো, যেনো পাথরে তৈরি কতোগুলো দৈত্য কুয়াশা ভেদ ক’রে উপরে উঠে এসেছে, আর তাদের গায়ে প্রতিফলিত হচ্ছে দিনের প্রথম আলো।
ওয়েব জানালা দিয়ে নীচের দৃশ্য দেখছে। তার এক অংশ এখনও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে, আরেক অংশ কৌতুহলী দর্শকের মতো কাউলুনের দৃশ্য অবলোকন করছে। তার কষ্ট লাগলো এই ভেবে যে, এ শহরের বিশাল জনগোষ্ঠীর মাঝে কোথাও মেরি বন্দী অবস্থায় আছে। ভার্জিনিয়াতে থাকার সময় পানোভ তাকে বার বার বিভিন্ন রকম ট্রাভেল গাইড পড়তে বাধ্য করেছে, যাতে বৰ্ণ কোথায় কোথায় গিয়ে থাকতে পারে তা তার মনে থাকে। কখনও হয়তো কোনো স্মৃতির ভগ্নাংশ মনে পড়ে, কখনও কিছুই মাথায় আসে না, কখনও যা মনে পড়ে তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর, আবার কখনও সে জায়গাগুলোর একদম নির্ভুল বর্ণনা দিয়ে দিতে পারবে যা কিনা ট্রাভেল গাইডেও নেই। এখন সে নীচে তাকিয়ে দেখলেও নির্দিষ্টভাবে কোনো কিছুই তার মনে পড়ছে না। তাই সে দৃষ্টি সরিয়ে নিয়ে তার সামনে যে কাজগুলো করতে হবে তা নিয়ে ভাবতে লাগলো।
ডালেস এয়ারপোর্ট থেকেই কাউলুনের রিজেন্ট হোটেলে ফোন করেছিলো সে। ক্যাকটাস তার নীল চোখের পাসপোর্টে যে নাম ব্যবহার করেছে, সেই জেমস হাওয়ার্ড ক্রুয়েট নামেই সে হোটেলে একটি রুম বুক করলো এক সপ্তাহের জন্যে।
সে আরো বললো, “আশা করি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুট নাম্বার ছয়-নয়-শূন্য অ্যারেঞ্জই করা হয়েছে। আমার আসার দিনক্ষণ ঠিক করা ছিলো।”
সুটটা ঠিকই পাওয়া যাবে। তবে আগে এটা দেখতে হবে সুটটি কে তার জন্য বুক করেছে। মেরির কাছে যাওয়ার এটাই হবে তার প্রথম পদক্ষেপ।
ডেভিড হাত তুলে একটা ট্যাক্সি ডাকলো, সে জানে আগেও সে এমনটা করেছে, এর আগেও সে এই কাস্টমসের এক্সিট ডোর দিয়ে বেরিয়ে এসেছে, এই রাস্তাতেই তাকে কোনো ড্রাইভার আগেও উঠিয়ে নিয়েছিলো যদিও তার কিছুই স্পষ্টভাবে মনে পড়ছে না, কিন্তু কোনো না কোনোভাবে সে জানে, এগুলো সে আগেও করেছে।
“একটু ভুল হয়েছে,” রিজেন্ট হোটেলের লবিতে মার্বেলের তৈরি কাউন্টারটির পেছনে দাঁড়ানো ক্লার্ককে বললো ডেভিড। “আমি সুট চাচ্ছি না। আমি আরো ছোটো কিছু চাই, একটা সিঙ্গেল বা ডাবল রুম হলেই হবে।”
“কিন্তু অ্যারেঞ্জমেন্ট তো করা হয়ে গেছে, মি: ক্রুয়েট,” জবাব দিলো ক্লার্কটি।
“কে অ্যারেঞ্জমেন্ট করেছে?”
স্বল্পবয়সী এশিয়ান লোকটি কম্পিউটারে প্রিন্ট নেওয়া রিজারভেশনের সিগনেচার দেখলো। “অ্যাসিসট্যান্ট ম্যানেজার মি: লিয়াঙ্গ এই অ্যারেঞ্জমেন্টটার ব্যবস্থা করেছেন।”
“তাহলে ভদ্রতার খাতিরে, আমার তার সাথেই কথা বলা উচিত, তাই নয় কি?”
“দুঃখিত, আমার মনে হয় না, তার কোনো দরকার পড়বে। কারণ যতোদূর জানি আর কোনো রুমই খালি নেই।”
“বুঝতে পারছি। তাহলে আমি অন্য একটি হোটেল খুঁজে নেবো।”
“আপনি আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ অতিথি, স্যার। আমি এখনই মি: লিয়াঙ্গের সাথে কথা বলে আসছি।”
ওয়েব মাথা নেড়ে সায় দিলে ক্লার্কটি রিজারভেশন পেপারটা নিয়ে কাউন্টারের বামদিক থেকে বেরিয়ে দ্রুত লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে চলে গেলো। কিছুক্ষণের মধ্যেই ক্লার্ক আবার দৌড়ে তার নিজের জায়গায় ফিয়ে আসলে লবি থেকে কয়েক পা দূরে একজন মধ্যবয়সী প্রাচ্যদেশীয় লোকের আবির্ভাব হলো। লোকটি কাছাকাছি আসতেই সামান্য ঝুঁকে অভিবাদন জানালো।
“ইনিই রিজেন্টের অ্যাসিসট্যান্ট ম্যানেজার, মি: লিয়াঙ্গ, স্যার,” বললো ক্লার্কটি।
“বলুন আমি কি সেবা করতে পারি?” বললো অ্যাসিসট্যান্ট ম্যানেজার। “আর অবশ্যই আপনার মতো অতিথিকে পেয়ে আমরা আনন্দিত।”
ওয়েব মৃদু হেসে মাথা দোলালো।
“দুঃখিত, কিন্তু এবার হয়তো আর অতিথি হওয়া গেলো না, অন্য কোনো সময়ে হবে।”
“আপনি কি বর্তমান ব্যবস্থাপনায় অসন্তুষ্ট, মি: ক্রুয়েট?”
“একদমই না। সবকিছুই আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমি শুধু ছোটো রুম পছন্দ করি, সিঙ্গেল বা ডাবল রুম হলে চলবে, তবে সুট নয়। কিন্তু আমি আপনাদের অবস্থাও বুঝতে পারছি, হয়তো আর কিছু করার নেই।”
“আপনার মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিলো সুট নাম্বর ছয়শো নব্বই, স্যার।”
“আমি বুঝতে পারছি এবং তার জন্য আমি সত্যিই দুঃখিত,” ওয়েব বন্ধুসুলভ ভঙ্গীতে জবাব দিলো।
“যাই হোক, কিন্তু এই অ্যারেঞ্জমেন্টটা করেছে কে? আমি তো করি নি।”
“হয়তো আপনার প্রতিনিধি,” নির্বিকারভাবে জবাব দিলো লিয়াঙ্গ।
“সেলস্ ডিপার্টমেন্টের কেউ? না, তার তো সেই অথোরিটি নেই। বরং, সে বলেছিলো এখানকার কোনো কোম্পানি এটা করেছে। আমি তো এটা গ্রহণ করতে পারছি না, তবে জানতে আগ্রহী কারা এই অসাধারণ ব্যবস্থাটা করেছে। যেহেতু আপনি নিজেই এই রিজারভেশনটা সামলেছেন, নিশ্চয়ই আপনি জানেন তারা কে?”
লিয়াঙ্গের ইতস্তত ভাবটা আরো বেড়ে গেলো; ডেভিডের জন্যে সেটাই যথেষ্ট কিন্তু ধাঁধাটা শেষ করার সময় এখনও হয় নি।
“আমার মনে হয়, কোনো স্টাফ, আমাদের তো অনেক স্টাফ, তাদেরই কেউ রিকোয়েস্ট নিয়ে আসে আমার কাছে। আর এতো রিজারভেশন, এতো ব্যবস্ততার মধ্যে থাকতে হয়, সত্যিই আমি ঠিক মনে করতে পারছি না।”
“নিশ্চয়ই বিল পেমেন্টের জন্যে তাদের পরিচয় রেকর্ড করা আছে।”
“আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্ট আছে, যাদের একটা ফোনই যথেষ্ট, আমরা বিলের জন্য তাদের পরিচয় রাখার প্রয়োজন মনে করি না।”
“হংকং অনেক বদলে গেছে।”
“প্রতিনিয়তই বদলাচ্ছে, মি: ক্রুয়েট। হতে পারে আয়োজক নিজেই আপনার সাথে যোগাযোগ করবে। এসব ব্যাপারে আমাদের হস্তক্ষেপ করাটা ঠিক হবে না।”
“আপনার বিশ্বস্ততা সত্যিই প্রশংসার যোগ্য।”
লিয়াঙ্গ হাল্কা হাসার চেষ্টা করলো, কিন্তু তাতে কৃত্রিমতার ছোঁয়া বেশ স্পষ্ট।
“বেশ। কিন্তু আপনাদের কাছে যখন আর কোনো রুম নেই, তখন আমাকেই কিছু করতে হবে। রাস্তার ওপাশে, আমার কিছু পরিচিত বন্ধু আছে,” পাশের পেনিনসুলা হোটেলটির দিকে ইঙ্গিত করে বললো ওয়েব।
“তার আর দরকার হবে না, প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরাই করতে পারবো।”
“কিন্তু আপনার ক্লার্ক বলছিলো—”
“সে তো আর রিজেন্টের অ্যাসিসট্যান্ট ম্যানেজার নয়, স্যার,” লিয়াঙ্গ এক ঝলক কাউন্টারের ক্লার্কটির দিকে তাকালো।
“আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো কিছু ফাঁকা নেই,” প্ৰতিবাদ করে বললো ক্লার্কটি।
“চুপ করো!” লিয়াঙ্গ সাথে সাথেই হেসে ফেললো, আগের মতোই কৃত্রিমভাবে। সে বুঝতে পেরেছে এই হেঁয়ালির খেলায় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। “এদের বয়স কম, বয়স কম আর একদম অনভিজ্ঞ, কিন্তু যথেষ্ট পরিশ্রমী…আমরা বেশ কিছু রুম সবসময় ফাঁকা রাখি এ ধরণের ভুল বোঝাবুঝি সামলানোর জন্য।” আবার সে ক্লার্কের দিকে তাকিয়ে কর্কশকণ্ঠে বললো, “টিঙ্গ রুয়ান জি!” তারপর দ্রুত সে চাইনিজ ভাষায় বলে যেতে লাগলো যার প্রতিটি অর্থ ভাবলেশহীন ওয়েবের কাছে একদম পরিষ্কার ছিলো : “আমার কথা মনে রাখ, মরা মুরগি কোথাকার! যখন আমি কথা বলবো তখন চুপ ক’রে থাকবি, না জিজ্ঞেস করা পর্যন্ত মুখ খুলবি না! যদি আবার একই ভুল করিস তোকে লাথি মেরে নর্দমায় ফেলে দেবো। এখন এই হাঁদাটাকে রুম নাম্বার দুই-শূন্য-দুইটা দিয়ে দে। এটা রির্জাভ লিস্টে আছে, আর লিস্ট থেকে নামটা কেটে ফেল।”
অ্যাসিসট্যান্ট ম্যানেজার তার মুখে আরো বড় ক’রে কৃত্রিম হাসি ফুটিয়ে ডেভিডের দিকে ফিরলো। ওটা খুব সুন্দর রুম, আর এ রুম থেকে আপনি হার্বারের দৃশ্যও উপভোগ করতে পারবেন, মি: ক্রুয়েট।”
হেঁয়ালির খেলাটা শেষ হয়ে গেলো। “আমি সত্যিই কৃতজ্ঞ বোধ করছি, “ জবাব দিলো ওয়েব। “এটা আমাকে নতুন রুম খোঁজার ঝক্কি থেকে বাঁচিয়ে দিলো।” ডেভিড ওয়েব, জেসন বর্নের অসংখ্য সহজাত ক্ষমতার মধ্যে থেকে কিছু বিশেষ ক্ষমতার প্রয়োগ করলো। “আচ্ছা যখন আপনারা রুমে দৃশ্য উপভোগের কথা বলেন তখন নিশ্চয়ই হাও জিনসে ভি ফ্যানজিয়ানই বুঝান, আমি কি ঠিক বললোাম? নাকি আমার চাইনিজ খুব বাজে?”
হোটেলের লোকটি তার দিকে তাকিয়ে রইলো। “আমি নিজেও এর চেয়ে ভালোভাবে বলতে পারতাম না,” নম্রকণ্ঠে বললো সে। “এই ক্লার্ক আপনার সব প্রয়োজনের দিকে চোখ রাখবে। আশা করি এখানে আপনার দিনগুলো আনন্দে কাটবে, মি: ক্রুয়েট।
“আশা করি তেমন কিছু দরকার পড়বে না, তবু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার ফ্লাইটটা অত্যন্ত দীর্ঘ আর ক্লান্তিকর ছিলো, তাই আমাকে ডিনারের আগে কেউ যেনো বিরক্ত না করে, এমনকি ফোনগুলোও আপনারা হোল্ডে রাখবেন।”
“ওহ্?” লিয়াঙ্গের অপ্রস্তুতভাবটা আরো স্পষ্ট হয়ে গেলো; তাকে দেখে ভীত সন্ত্রস্তও মনে হচ্ছে এখন। “কিন্তু এমারজেন্সি কোনো দরকার দেখা দেয় যদি”
“সবকিছুই অপেক্ষা করতে পারে। আর আমি যেহেতু সুট ছয়শো নব্বই-এ উঠি নি, হোটেল তো বলতেই পারে তিনি এখনও এখানে আসেন নি, তাই না? আমি প্রচণ্ড ক্লান্ত। ধন্যবাদ, মি: লিয়াঙ্গ।”
“ধন্যবাদ, মি: ক্রুয়েট,” অ্যাসিসট্যান্ট ম্যানেজার আবার সামনে ঝুঁকে অভিবাদন জানিয়ে সে ওয়েবের চোখের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো ইশারা-ইঙ্গিতের আভাস পেলো না। অতঃপর সে উল্টো দিকে ঘুরে দ্রুত উত্তেজিতভাবে তার অফিসে ফিরে গেলো।
শত্রুদেরকে বিভ্রান্ত করে দাও, তাদেরকে বেকায়দায় ফেলে দেও…জেসন বর্নের কথা নাকি এটা অ্যালেক্সান্ডার ককলিন বলেছিলো?
“রুমটি সবাই পছন্দ করে, স্যার!” রুমের চার দিকে ইঙ্গিত ক’রে বললো ক্লার্ক। “আপনার বেশ ভালো সময় কাটবে।”
“মি: লিয়াঙ্গ একজন সদয় ব্যক্তি,” বললো ওয়েব। “আমার উচিত তার ব্যবহারকে যথার্থ মূল্যায়ন করা, যেমনটা আমি তোমার সাহচার্য্যকে মূল্যায়ন করবো।” ওয়েব তার চামড়ার মানিব্যাগ বের ক’রে তা থেকে একটি বিশ ডলারের নোট বের ক’রে হ্যান্ডশেকের ভঙ্গিতে ক্লার্কের দিকে বাড়িয়ে দিলো। “মি: লিয়াঙ্গ কখন চলে যান?”
উৎফুল্ল ক্লার্ক তার আশেপাশে এক নজর দেখে নিলো কেউ আছে কিনা, তারপর হাত বাড়িয়ে দিলো। “আপনি খুব ভালো স্যার। এটার কোনো প্রয়োজন ছিলো না স্যার, কিন্তু আপনি যখন দিচ্ছেনই, ধন্যবাদ স্যার। মি: লিয়াঙ্গ প্রতিদিন বিকাল পাঁচটায় চলে যান, স্যার। আমিও ওই একই সময়ে চলে যাই। কিন্তু ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করলে আরো বেশি সময় থাকতেও আমার কোনো অসুবিধা নেই। হোটেলের সম্মান এবং মর্যাদা বজায় রাখতে আমি আপ্রাণ চেষ্টা করি।”
“আমি জানি তুমি যথেষ্ট পরিশ্রম করো,” বললো ওয়েব, “আর সে যোগ্যতা তোমার আছে। আমার চাবিটা, প্লিজ। ফ্লাইট বদলানোর কারণে আমার লাগেজ একটু দেরিতে আসবে।”
“ঠিক আছে, স্যার!”
ডেভিড জানালার পাশে চেয়ারে বসে হংকংয়ের হার্বারটি দেখতে থাকলো। মেরি এরই মধ্যে কোথাও আছে। তাকে খুঁজে বের করতেই হবে! যে লাফিয়ে চেয়ার থেকে উঠে পড়লো, তাকে সব জট ছাড়াতে হবে, তাকে আরো গভীরভাবে ভাবতে হবে, কিন্তু কোনো কিছুতেই লাভ হচ্ছে না, এখানে তাকে আরো অপেক্ষা করতে হবে, একমাত্র সময়ই পারে সাহায্য করতে। কিন্তু তার সময় যেনো আর কাটছে না। একটা জিনিস পরিস্কার হয়ে গেছে। তাকে এখন থেকে তাৎক্ষণিক প্ল্যান তৈরি ক’রে সাথে সাথেই তা সেরে ফেলতে হবে। তাকে সেই সব চাল চালতে হবে যেগুলো জেসন বর্ন হিসেবে শিখেছিলো এবং যেগুলো সে ভুলে গিয়েছিলো। তাকে তারই ভেতরে ঘুমিয়ে থাকা অতীতকে জাগিয়ে তুলতে হবে, তার সহজাত ক্ষমতাকে বিশ্বাস করতে হবে।
সে প্রথম পদক্ষেপটি সেরে ফেলেছে। কোনো না কোনোভাবে লিয়াঙ্গ তার কাজে নামবে, নিদেনপক্ষে হলেও একটা নাম, বা ঠিকানা বা কোনো কনট্যাক্ট সম্পর্কে ইনফরমেশন পাওয়া যেতে পারে। সময় নষ্ট করা চলবে না, যাই করুক না কেন, তাকে তা খুব দ্রুত করতে হবে। কিন্তু এসবের জন্য প্রথমে তাকে নিজেকে প্রস্তুত করতে হবে। কিছু জিনিস তাকে চিনতে হবে সুতরাং এখানে একটা টুরের ব্যবস্থা করতে হবে তাকে। গাড়ির পেছনের সিটে ব’সে বড়জোর একঘণ্টা ঘুরবে, যতোটা সম্ভব নষ্ট স্মৃতি পুণরুদ্ধার করতে হবে তাকে।
সে একটা বড় লাল রঙের হোটেল ডিরেক্টরি হাতে তুলে নিয়ে বিছানার পাশে বসলো। দ্রুত পৃষ্ঠা উল্টাতে থাকলো সে : দা নিউ ওয়ার্ল্ড শপিং সেন্টার, মনোরম পাঁচতলা বিশিষ্ট শপিং কমপ্লেক্স, পৃথিবীর চারপ্রান্ত শুধুমাত্র আপনার জন্য…শপিং কমপ্লেক্সটি একেবারে হোটেলের পাশেই অবস্থিত, এতেই কাজ হবে। লিমুজিন ভাড়া দেয়া হয়। ঘণ্টা বা দিনের হিসেবে ব্যবসায়িক বা ভ্রমণের উদ্দেশ্যে গাড়ি ভাড়া দেওয়া হয়। প্লিজ, কসসিয়ার্জের সাথে যোগাযোগ করন। ডায়াল করুন ৬২ নম্বরে।
লিমুজিন ভাড়া করার উদ্দেশ্য হলো অভিজ্ঞ ড্রাইভার পাওয়া, যারা কাউলুন, হংকং আর নতুন এলাকাগুলোর রাস্তাঘাট, অলিগলি এবং বিশেষ জায়গাগুলো চেনে। এরা ঢোকা আর বের হওয়ার সব ফাঁক-ফোকরগুলো অন্য সবার চেয়ে ভালো চিনে থাকে, তাই এদের অভিজ্ঞতা বাড়তি কাজে লাগতে পারে।
তাকে একটা অস্ত্র কিনতে হবে। তারপর তাকে হংকংয়ের একটি বিশেষ ব্যাংকে যেতে হবে, যেখানে কেইমান আইল্যান্ড থেকে ফান্ড ট্রান্সফার করা হয়েছে। তাকে হয়তো বেশ কিছু কাগজপত্র সই করতে হবে, তারপর সে যে অঙ্কের টাকা নিয়ে বের হয়ে আসবে তা হয়তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ নিজ হাতে বহন করতে চাইবে না। অবশ্যই সেগুলো লুকোনোর একটা জায়গাও সে খুঁজে নেবে, কিন্তু ব্যাংকে রাখবে না, কারণ ব্যাংক থেকে প্রতিবার টাকা উঠানোর ফরমালিটি সারবার মতো সময় আর তার হাতে নেই।
ডেভিড টেলিফোনের পাশের মেসেজ প্যাড এবং পেনসিলটি হাতে নিয়ে আরেকটি লিস্ট তৈরি করতে শুরু করলো। ছোটো ছোটো কতোগুলো কাগজ, কিন্তু সবগুলো শেষ করার জন্য অনেক সময়ের প্রয়োজন। কিন্তু তার হাতে এতো সময়ও নেই। এখন প্রায় বেলা এগারোটা বাজছে। তাকে এই সব কাজ ৪টা ৩০’র আগে শেষ করতে হবে। কারণ এই সময়টায় কর্মীদের এক্সিট পথে না হলে গ্যারেজে অথবা এমন কোনো জায়গায় সে নিজেকে লুকিয়ে ফেলতে পারবে, যেখান থেকে হতভম্ব লিয়াঙ্গকে ফাঁদে ফেলা অথবা অনুসরণ করা যাবে।
লিস্ট তৈরি করতে তার প্রায় তিন মিনিট লেগে গেলো। তারপর বিছানা থেকে উঠে ডেস্ক চেয়ারে রাখা জ্যাকেটটার দিকে এগিয়ে যেতেই হঠাৎ ক’রে নিঃশব্দ রুমটিকে কাঁপিয়ে ফোনটি সশব্দে বেজে উঠলো। চোখ দুটো বন্ধ করলো সে, শরীরের প্রতিটি শিরা উপশিরাকে অনুভব করতে পারছে এখন, আশা করছে মেরির কণ্ঠস্বর শুনতে পাবে, হয়তো বন্দীদশাতেই, কিন্তু তাও সে শুনতে চাচ্ছে। তার মধ্যে জেসন বর্ন জেগে উঠেছে। সে এখন নিয়ন্ত্রহীন। কিন্তু ফোনটা রিসিভ করলেই ওরা তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। ফোনটা বাজতে থাকলেও সেটা অগ্রাহ্য ক’রে ওয়েব দরজা খুলে বাইরে বেরিয়ে এলো।
ওয়েব রুমে ফিরে এলো বারোটা দশ-এ। তার হাতে বেশ কয়েকটা প্লাস্টিকের ব্যাগ যার মধ্যে নিউ ওয়ার্ল্ড শপিং সেন্টার থেকে কেনা বিভিন্ন জিনিস রয়েছে। সে সবগুলো বিছানার ওপরে ফেলে এক এক ক’রে জিনিসগুলো ব্যাগ থেকে বের করলো। জিনিসগুলোর মধ্যে আছে কালো একটি রেইনকোর্ট, কালো ক্যানভাসের হ্যাট, ধূসর বর্ণের একজোড়া কেড্স, কালো ট্রাউজার আর একটি সোয়েটার, সেটাও কালো রঙের; এসব হচ্ছে তার রাতের পোশাক। অন্যান্য জিনিসের মধ্যে আছে ৭৫ পাউন্ড ওজন সইতে পারে মাছ ধরার স্পুল, যার সাথে দুটো হাতের তালুর সমান আইহুকও আছে। পিতলের বারবেলের মতো দেখতে একটা ২০ আউন্সের পেপার ওয়েট, একটা বরফ কাটার আইস পিক, আর একটি চার ইঞ্চি ব্লেডের অত্যন্ত ধারালো শিকারী ছুরি। এগুলো তার শব্দহীন অস্ত্র, সে এগুলো দিনে এবং রাতে সব সময় বহন করবে। আরো একটি জিনিস তার কেনা বাকি আছে, সেটাও সে দ্রুত জোগাড় ক’রে ফেলবে।
জিনিসগুলো পরীক্ষা করতে লাগলো সে, তার পূর্ণ মনোযোগ আইহুক আর ফিসিং-লাইনের স্পুলের ওপর, ঠিক এমন সময়ই সে একটি লাইটের অস্তিত্ব টের পেলো। লাইটটি জ্বলছে, নিভছে…জ্বলছে, নিভছে। তার চোখ বিছানার পাশের টেলিফোনের টেবিলটির দিকে গেলো। জানালা দিয়ে আসা হার্বারের দিনের আলো, টেলিফোনটির নীচের লাল লাইটটিকে ম্লান ক’রে দিচ্ছে। এটা একটা মেসেজের সিগনাল, একবার বিন্দুটি জ্ব’লে লাল হচ্ছে তো পর মুহূর্তেই তা নিভে যাচ্ছে। মেসেজ আর কল এক জিনিস নয়, সে ভাবলো। টেবিলের কাছে গিয়ে একটা কার্ডে আগে থেকে লেখা টেলিফোন ইনস্ট্রাকশনটা পড়ে সঠিক বাটনটি টিপলো।
“হ্যাঁ, মি: ক্রুয়েট?” অপারেটর তার কম্পিউটারাইজড সুইচবোর্ড থেকে জবাব দিলো।
“আমার জন্য কোনো মেসেজ আছে কি?” সে প্রশ্ন করলো।
“হ্যাঁ, স্যার। মি: লিয়াঙ্গ আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন-”
“আমি তাকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলাম,” ওয়েব কথার মাঝখানে বাধা দিয়ে বললো, “আমি না বলা পর্যন্ত যেনো কোনো কল না আসে।”
“গ্যা স্যার, কিন্তু মি: লিয়াঙ্গ এখানকার অ্যাসিসট্যান্ট ম্যানেজার, যখন সিরিয়র ম্যানেজার এখানে থাকে না, যেমনটা আজকের সকালে… মানে দুপুরে হয়েছে, তখন তার নির্দেশ আমাদের মানতেই হয়। তিনি বলেছেন আর্জেন্ট মেসেজ আছে। গত একঘণ্টা ধরে তিনি প্রতি দু’তিন মিনিট পরপরই আপনার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেছেন। আমি তাকে এখনই ফোন করছি, স্যার।”
ডেভিড ফোনটি রেখে দিলো, সে লিয়াঙ্গের জন্য এখনও প্রস্তুত না, আরো ভালো ক’রে বললে লিয়াঙ্গ এখনও তার জন্য প্রস্তুত না, অন্তত ডেভিড যেভাবে চায় সেভাবে তো নয়ই। কারণ লিয়াঙ্গ তার প্রথম ও সবচেয়ে নীচু দরের কনট্যাক্ট যে কিনা তার শিকারকে একটা বিশেষভাবে আঁড়িপেতে রাখা রুমে রাখতে ব্যর্থ হয়েছে, যেখান থেকে ডেভিডের শত্রুরা তার প্রতিটি কথা শুনতে পেতো, তার গতিবিধির ওপর নজর রাখতে পারতো। তাই সে লিয়াঙ্গকে ভয় পাইয়ে দিতে চাইছে, শুধু ভয় না, তাকে সম্পূর্ণভাবে ভড়কে দিতে হবে। তার সাথে কোনো যোগাযোগ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, বা কোনো আলোচনাও করা যাবে না, তাহলে সে পুরো বিভ্রান্ত হয়ে তার উপর মহলের সাথে যোগাযোগের চেষ্টা করবে।
ওয়েব তার কাপড়গুলো বিছানা থেকে তুলে দুটো ড্রয়ারে রাখলো। কাপড়ের লেয়ারের মাঝে সে ঢুকিয়ে দিলো আইহুক আর ফিশিংলাইন। তারপর সে পেপার ওয়েটটি ডেস্কের ওপরে রাখা রুম সার্ভিস মেনুর ওপরে রেখে ছুরিটি নিয়ে তার ডান কোটের পকেটের ভেতরে রাখলো। আইস পিকটির দিকে তাকালে সঙ্গে সঙ্গে তার মাথায় অদ্ভুত একটি চিন্তা খেলে গেলো; একজন মানসিক চাপগ্রস্ত মানুষ আচমকা কোনো ভীতিকর দৃশ্য দেখলে আরো ভড়কে যাবে, খুব দ্রুতই সে কারো সাথে যোগাযোগের চেষ্টা করবে। ডেভিড পকেট থেকে রুমালটি বের করে আইস পিকটি তুলে পরিস্কার ক’রে নিলো। মারণাস্ত্রটি হাতে নিয়ে সে দ্রুত দরজার বিপরীত দিকের দেয়ালের কাছে এসে চোখে পড়ার মতো একটি উচ্চতায় তা গেঁথে রাখলো। এদিকে ফোনটি অনবরত বেজেই চলেছে। ওয়েব দ্রুত রুম থেকে বের হয়ে দৌড়ে এলিভেটরের পাশ দিয়ে করিডরের মাথায় গিয়ে লুকিয়ে কি হয় তা দেখতে থাকলো চুপিসারে।
তার ধারণা ভুল না। লিয়াঙ্গ লিফ্ট থেকে বের হয়ে দ্রুত ওয়েবের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। ডেভিড দেখতে পাচ্ছে নার্ভাস লিয়াঙ্গ তার ডোর বেল টিপছে বারবার, এরপর ক্রমাগত দরজায় নক্ করতে শুরু করলো অ্যাসিসট্যান্ট ম্যানেজারটি, যেনো নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছে না সে। বেল টেপার পাশাপাশি দরজায় ধাক্কানো শুরু করলো এবার। তারপর থেমে দরজায় কান পাতলো। কিছুটা সন্তুষ্টির ভাব দেখা গেলো তার মধ্যে, এরপর পকেট থেকে একগোছা চাবি বের করলে ওয়েব তার মাথা লুকিয়ে ফেললো কারণ অ্যাসিসট্যান্ট ম্যানেজার করিডোরে কেউ আছে কি না দেখার জন্যে আশপাশে তাকাচ্ছে বারবার।
ডেভিডের আর না দেখলেও চলবে, সে শুধু শব্দ শুনতে চাইছে। তাকে বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। একটি ভীতসন্ত্রস্ত আর্তনাদের পরপরই সজোরে দরজা বন্ধ হওয়ার শব্দ পাওয়া গেলো। আইসপিকের দৃশ্য কাজে দিয়েছে। ডেভিড নীচু হয়ে দেয়াল থেকে মাথা বার ক’রে দেখতে লাগলো। লিয়াঙ্গ কাঁপছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার এলিভেটরের বাটন টিপছে। অবশেষে একটা বেলের শব্দ হলে এলিভেটরের দরজা খুলে যেতেই অ্যাসিসট্যান্ট ম্যানেজার দৌড়ে ভেতরে ঢুকে পড়লো। ডেভিডের কোনো পরিষ্কার পরিকল্পনা নেই। কিন্তু অস্পষ্ট হলেও তার ধারণা আছে কি করা উচিত, কারণ সেটা ছাড়া আর কোনো পথ নেই। সে এলিভেটরের পাশ দিয়ে দৌড়ে গিয়ে তার রুমে ঢুকেই বিছানার পাশ থেকে টেলিফোনটি তুলে তার মনে গেঁথে রাখা নাম্বারটি ডায়াল করলো—৬২।
“কনসিয়ার্ডের ডেস্ক থেকে বলছি,” একটি মার্জিত কণ্ঠে জবাব এলো যা মোটেও ওরিয়েন্টাল ধাঁচের নয়, সম্ভবত ইন্ডিয়ান কারোর।
“আমি কি কনসিয়ার্জের সাথে কথা বলছি?” প্রশ্ন করলো ওয়েব।
“হ্যাঁ, স্যার।”
“তার কোনো অ্যাসিসট্যান্টের সাথে নয় তো?”
“আমার তা মনে হয় না। আপনি কি কোনো অ্যাসিসট্যান্টের সাথে কথা বলতে চাইছেন?”
“না, আমি আপনার সাথেই কথা বলতে চাইছি,” আস্তে ক’রে বললো ওয়েব। “আমার বিষয়টি খুবই গোপনীয়তার সাথে সামাল দিতে হবে, আমি কি আপনার ওপর আস্থা রাখতে পারি? টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না।”
“আপনি কি হোটেলের কোনো গেস্ট?”
“আমি হোটেলেরই গেস্ট।”
“আর আপনার বিষয়টি কোনোভাবে হোটেলের পলিসির বাইরে যাবে না, কিংবা হোটেলের মর্যাদাকে খাটো করবে না তো, স্যার?
“না, বরং এর মর্যাদা বৃদ্ধি করবে। কারণ আমার মতো বিজনেসম্যানকে সহযোগিতা করার ফলস্বরূপ আপনারা আরো বড় বড় ব্যবসার সুযোগ পাবেন। বড় বড় বিজনেস ডিল পাবেন। অনেক বড় ডিল।”
“আমি আপনার সেবায় হাজির…স্যার।”
ঠিক হলো যে, একটি ডাইমলার লিমুজিন তাকে দশ মিনিটের মধ্যে স্যালিসব্যারি রোড থেকে উঠিয়ে নেবে। সাথে থাকবে তাদের সবচেয়ে অভিজ্ঞ ড্রাইভার। আর কনসিয়াজ গাড়ির পাশেই দাঁড়য়ে থাকবে, তার হাতে তুলে দেওয়া হবে ২০০ আমেরিকান ডলার যা প্রায় ১৫০০ হংকং ডলারের সমান। কোনো ব্যক্তি বিশেষের নামে ভাড়ার রিসিট বানানো হবে না, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম তারা পছন্দ মতো বসিয়ে নেবে। আর মি: ক্রুয়েট রিজেন্ট হোটেলের সবচেয়ে নীচের তলার পেছনের এক্সিট দিয়ে বের হবে, যেখান থেকে সরাসরি দা নিউ ওয়ার্ল্ড সেন্টার-এ ঢোকা যায়। এই সেন্টারের ভেতর দিয়ে বের হলেই সে সরাসরি স্যালিসব্যারি রোডে পৌঁছে যাবে।
বখশিস বুঝিয়ে দিয়ে ডেভিড ডাইমলারটির পেছনের সিটে গিয়ে বসলো।
“ওয়েলকম স্যার! আমার নাম পাক-ফেই আর আমি আপনাকে আমাদের সেরা সার্ভিসটি দেয়ার চেষ্টা করবো! আপনি যেখানে বলবেন, আমি সেখানেই আপনাকে নিয়ে যাবো। আমি সবকিছু চিনি!”
“আমি তাই আশা করেছিলাম,” নরমভাবে বললো ওয়েব।
“জ্বি স্যার?”
“উয়ো বুশি লুক,” বললো ডেভিড, যার মানে দাঁড়ায় সে কোনো টুরিস্ট নয়। “কিন্তু আমি অনেক বছর এদিকটায় আসি নি,” সে চাইনিজেই বলতে থাকলো। “আমি জায়গাগুলো আবার চিনতে চাই। তাই ভালো হবে প্রথমে আইল্যান্ড জুড়ে সাধারণ একটা টুর তারপর কাউলুনের ভেতর দিয়ে ছোটো একটা ভ্রমণ! আমাকে ঘণ্টা দু’য়েকের মধ্যে আবার ফেরতও আসতে হবে…আর এখন থেকে ইংরেজিতে কথা বলা হোক।”
“আহ্! আপনার চাইনিজ বলার ভঙ্গি সত্যিই অসাধারণ, অতি উঁচু মানের। আমি সব কিছু বুঝেছি। শুধু দু’একটি শব্দ—”
“সময় নেই,” ওয়েব তার কথার মাঝে বাধা দিয়ে বললো।
“এখন থেকে ইংরেজিতে কথা বলবে, বুঝেছো, কারণ আমি চাই না কোনো ভুল বোঝাবুঝি হোক। আর ভুলে যেও না, তোমায় সার্ভিসের ওপর অনেক কিছু নির্ভর করছে
“ইয়েস, ইয়েস!” স্যালিসব্যারি রোডের ব্যস্ত ট্রাফিক থেকে ডাইমলার গাড়িটি ছুটিয়ে নিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললো ড্রাইভার পাক-ফেই।
“আমি আপনাকে সেরা সার্ভিস দেয়ার সকল চেষ্টাই করবো!
ড্রাইভারটি তাই করলে অনেক জায়গা দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেলো ডেভিডের। সে সেন্ট্রাল ডিস্টক্টের রাস্তাগুলো চিনতো, ম্যানডারিন হোটেল আর হংকং ক্লাবের কথাও তার মনে পড়ে গেলো, মনে পড়লো ল্যাটার স্কোয়ার আর সুপৃম কোর্টের বিপরীতে থাকা হংকংয়ের বিশাল ব্যাংকগুলোর কথাও। সে এই সকল ব্যস্ত সড়কগুলোর জমজমাট ভিড়ের মধ্যে দিয়ে অনেকবার হেটেছে। কুইনস্ রোড, হিলিয়ার, পডিসেন স্টুট…গারিশ ওয়ানটাই, এক এক করে সব তার মনে পড়তে লাগলো, যে জায়গাগুলোতে আগেও এসেছে, যে জায়গাগুলো সে চেনে, গলির ফাঁক-ফোকর আর আর ছোটো ছোটো শর্টকাটগুলোও তার অজানা নয়। কাউলুনের স্টার ফেরি, গউডির ভাসমান রেস্টুরেন্ট, ছোটো মোটরবোট আর মাস্তুলের লোকগুলো, এসব কিছুই সে আগে দেখেছে, আগে জেনেছে, কিন্তু সে শুধু মনে করতে পারলো না এসব জায়গায় সে কি করেছিলো।
হাত ঘড়ির দিকে তাকালে বুঝতে পারলো তারা প্রায় দু’ঘণ্টা ধরে গাড়িতে ঘুরছে। এখন আইল্যান্ডে একটা জায়গায় থেমে তার একটা কাজ করতে হবে, তার পরই সে পাক-ফেই’র সততার পরীক্ষাটা নেবে।
“ল্যাটার স্কোয়ারের দিকে ফিরে চলো,” সে বললো। “ওখানে একটা ব্যাংকে আমার কিছু কাজ আছে।”
টাকার অঙ্কের পরিমাণ যতো বেশি তার প্রতি ব্যাংকের আগ্রহও ততো বেশি। ৫০০ ডলারের লোনের জন্য একটা লোককে অনেক ছুটাছুটি করতে দেখলো ওয়েব। কিন্তু তার ৫০০,০০০ ডলারের আবেদন মুহূর্তেই অনুমোদিত হয়ে গেলো। অত্যন্ত নিপুণ আর পেশাদারিত্বের সাথে তারা ডলারগুলো একটা অ্যাটাচি কেসে ক’রে নিয়ে হাজির হলো। তারা ডেভিডকে হোটেল পর্যন্ত সঙ্গ দেয়ার জন্য একজন গার্ড অফার করলেও সে তা নাকচ ক’রে দিলো। রিলিজ পেপারে সাইন করার পর তাকে আর কোনো প্রশ্ন করা না হলে ব্যস্ত সড়কে তার জন্য অপেক্ষারত গাড়িতে ফিরে আসলো সে। সামনের দিকে ঝুঁকে একটা ১০০ ডলারের নোট বাড়িয়ে দিলো। “পাক-ফেই,” সে বললো, “আমার একটি অস্ত্রের দরকার।”
ড্রাইভার আস্তে করে তার দিকে ঘুরলো। ডলারটি দেখে তার চোখ চকচক করছে, তারপর সে ওয়েবের দিকে তাকালো। খুশি করার সেই অতি ভদ্রতার মুখোশ হঠাৎ কোথাও উধাও হয়ে গেলো, তার পরিবর্তে তার চোখে নির্বিকার একটা ভাব।
“কাউলুন। মঙ্গককের যেতে হবে।” একশো ডলারের নোটটি নিয়ে সে জবাব দিলো।
