বর্ন সুপৃমেসি – ৪

অধ্যায় 8

হৈ হল্লা অন্ধকার পরিবেশটাকে যেনো হঠাৎই ছাপিয়ে উঠলো, বেসুরো, কর্কশ চিৎকার চেঁচামেচি যেনো চারদিক থেকে ছুটে আসছে। আশেপাশের সবাই ছুটোছুটি করছে, চিৎকার করছে, উত্তেজনায় কুঁচকে গেছে তাদের মুখগুলো। ওয়েব হাটু গেঁড়ে ব’সে পড়লো, দু’হাতে মুখ এবং কাঁধ যতোটা সম্ভব আড়াল ক’রে আক্রমণের জন্য মনে মনে একটি বৃত্ত অঙ্কন করলো। তার কালো পোশাক এই অন্ধকারে তার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু তাও কাজে আসবে না যদি তার দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। সে এবং তার সাথের গার্ডটি এতে সহজেই কাবু হয়ে যাবে। আবার বুলেটই একজন হত্যাকারীর একমাত্র অস্ত্র নয়। কেউ কেউ বিষাক্ত বুলেট ব্যবহার করে—এয়ার কমপ্রেস্ড অস্ত্র দিয়ে ছুড়ে মারে সেসব —যা শরীরের খোলা অংশ ফুঁটো ক’রে ঢুকে যায়। এরপর মাত্র মিনিট কয়েকের মধ্যে কিংবা বলা যায় কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু অনিবার্য হয়ে ওঠে।

একটি হাত তার কাঁধ স্পর্শ করলো! হাতটি সরিয়ে দ্রুত ঘুরে, বন্যপ্রাণীর মতো হামাগুঁড়ি দিয়ে বামদিকে সরে গেলো সে।

“আপনি ঠিক আছেন তো, প্রফেসর?” টর্চের আলো জ্বেলে দাঁত বের ক’রে হেসে তার ডানপাশ থেকে গার্ড প্রশ্ন করলো।

“কি? কি হয়েছে?”

“অসাধারণ দৃশ্য, তাই না!” সামনে এগিয়ে এসে গার্ড আবেগাপ্লুত কণ্ঠে বললো।

ডেভিড উঠে দাঁড়িয়ে বললো, “কি?”

“বাচ্চা ছেলেগুলোর এই উদ্যম ছোটাছুটি। দেখলেই মন ভালো হয়ে যায়।”

সবকিছু থেমে গেলে চতুষ্কোণ ক্যাম্পাস প্রাঙ্গণটি আবার নিশ্চুপ হয়ে গেছে। দূরের পাথুরে দালানগুলোর সামনে জ্বলতে থাকা অগ্নিশিখা এখন প্রায় নিবু নিবু করছে। ফুটবল র‍্যালিটি চলে গেছে, ওয়েবের গার্ডরা এই উৎসব মুখর পরিবেশ খুব উপভোগ করছে।

“আপনার কেমন লাগলো, প্রফেসর?” তার পাশে থাকা গার্ড আবারো জানতে চাইলো। “এই উৎসবমুখর পরিবেশে নিশ্চয়ই আগের চেয়ে ভালো বোধ করছেন?”

সবকিছু থেমে গেছে। শেষ হয়ে গেছে এই নিরর্থক উন্মাদনা। সত্যিই কি তাই? তাহলে এখনও তার বুক ধড়ফড় করছে কেন? সে এতোটা ঘাবড়ে গিয়েছিলো কেন, কেন এতোটা ভয় পেয়েছিলো? কোথাও কোনো গণ্ডগোল আছে।

“ঐ প্যারেডটা আমাকে এতোটা ভাবিয়ে তুলেছিলো কেন?” তাদের পুরনো ভাড়া করা ভিক্টোরিয়ান বাসায় ব’সে সকালের নাস্তা করার সময় কফিতে চুমুক দিতে দিতে বললো ডেভিড।

“তুমি বিচের ধারে হাটতে ভুলে গিয়েছিলে,” একটা স্লাইস টোস্ট তার স্বামীর জন্যে আগ বাড়িয়ে দিয়ে কালো মেরি। “সিগারেট ধরানোর আগে এটা খেয়ে ফেলো।”

“না, সত্যিই। এটা আমাকে চিন্তিত ক’রে তুলেছে। গত এক সপ্তাহ ধরে আমি এক নিরর্থক প্রতিরক্ষা ব্যুহের মধ্যে নিরাপত্তাহীনভাবে চলাফেরা করছি। আর বিষয়টা গতকাল দুপুরেই আমার মাথায় আসে।”

“তুমি কি বোঝাতে চাইছো?” মেরি পানি ঢেলে প্যান’টা রান্নাঘরের সিঙ্গে ঢেলে বললো। তার চোখ ওয়েবের ওপর। “ছয়জন গার্ড তোমাকে পাহারা দিচ্ছে, চারজন তোমার পাশে থাকে, আর দু’জন থাকে তোমার সামনে এবং পেছনে। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।”

“একটা প্যারেড।”

“তুমি একে প্যারেড বলছো কেন?”

“আমি জানি না। সবকিছু কেমন যেনো সাজানো মনে হচ্ছে, যেনো কারো ড্রামের তালে সবাই হাটছে। আমি জানি না, কেন।”

“তুমি অস্বাভাবিক কিছু অনুভব করছো?”

“হয়তো।”

“বলে ফেলো। তোমার এ ধরণের অনুভুতিই জুরিখের গুইশান কুয়ে’তে একবার আমার জীবন বাঁচিয়েছিলো। আমি শুনতে চাচ্ছি, যদিও মন থেকে চাইছি না, কিন্তু আমার শোনা উচিত।”

ওয়েব ডিমের কুসুমটি তার টোস্টের ওপর ভাঙলো। “তুমি কি বুঝতে পারছো একজন অল্পবয়সী চেহারার লোকের পক্ষে কাজটা কতোটা সহজ। স্টুডেন্ট সেজে আমার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি বিষাক্ত বুলেট ছুড়ে দিলো? এতে যে শব্দ হবে তা সে একটা কাশি বা হাসি দিয়েই চাপা দিতে পারবে, আর ততোক্ষণে আমার রক্তে একশো সিসি স্ট্রাইসিন ছড়িয়ে পড়বে।”

“এ জিনিসগুলো তুমি আমার চেয়ে অনেক ভালো বোঝো।”

“অবশ্যই। কারণ, আমি নিজেই এভাবে কাজ করতাম।”

“না। জেসন বর্ন এভাবে কাজ করতো। তুমি না।”

“ঠিক আছে, যেভাবে তুমি বলতে চাও। কিন্তু এতে তো আর সত্য বদলাচ্ছে না।”

“গতকাল দুপুরে কি হয়েছিলো?”

ওয়েব তার প্লেটের ডিম আর টোস্ট নিয়ে নাড়াচাড়া করছে। “সেমিনার শেষ হতে অনেক দেরি হয়ে গিয়েছিলো, যেমনটা সবসময় হয়ে থাকে। অন্ধকার হয়ে আসছিলো, গার্ডদের সাথে নিয়ে আমরা ক্যাম্পাস পার হয়ে পার্কিংলটের দিকে আসছিলাম। সেখান দিয়ে একটা ফুটবল র‍্যালি যাচ্ছিলো। আমাদের মার্কামারা দল আরেকটি মার্কামারা দলের বিপক্ষে স্লোগান দিচ্ছিলো। র‍্যালিটা ছিলো অনেক বড়। ওরা আমাদের চারজনকে পাশ কাটিয়ে চলে যায়। বাচ্চাছেলেগুলো ফূর্তিতে চিৎকার চেঁচামেচি আর গান গাইতে গাইতে দৌড়ে রাস্তার বেঞ্চগুলোর পাশে জ্বালানো আগুনের দিকে ছুটে যায়। আমার মন তখন বললো এখনই কিছু একটা ঘটবে। যদি কিছু ঘটে তো এখনই সেটা ঘটবে। বিশ্বাস করো, সেই কয়েক মুহূর্ত যেনো আমি আবার বর্ন হয়ে গেলাম। হামাগুঁড়ি দিয়ে একপাশে সরে গিয়ে তাদের সবার ওপরে নজর রাখতে শুরু করি। আমি আসলে খুবই ভয় পেয়েছিলাম।”

“তারপর?” বললো মেরি।

“আমার নামমাত্র গার্ডগুলো হেসেখেলে বেড়াচ্ছিলো, সামনের দু’জন একটা ফুটবল নিয়ে দাঁড়িয়ে পুরো বিষয়টি উপভোগ করতে লাগলো।”

“তো এটাই তোমার চিন্তার কারণ?”

“এটা আমার সহজাত প্রবৃত্তি। একগাদা ভিড়ের ঠিক মাঝখানে আমি সহজ টার্গেটে পরিণত হয়েছিলাম। আমার নার্ভ আমাকে তাই বলছিলো, আর মন বলছিলো অন্যকথা।

“এখন কে কথা বলছে?”

“আমি জানি না। আমি শুধু এটা জানি যে, সেই কয়েক মুহূর্ত আমার কাছে অর্থহীন মনে হচ্ছিলো। আর ঠিক তার কয়েক মুহূর্ত পরে আমার বাম দিকের গার্ড আমার কাছে এসে বলে, ‘কি অসাধারণ ছেলেপেলেদের এই উদ্যম ছুটোছুটি! দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না?’ আমি কিছুটা থতমত খেয়ে যাই, আর তারপর সে ঠিক এই কথাগুলোই বলে—’আপনার কেমন লাগছে, প্রফেসর? আপনার নিশ্চয়ই ভালো লাগছে? আপনার নিশ্চয়ই ভালো লাগছে’…তারা এটা কেন বললো?”

“তারা জানে তাদের কাজ কি,” মেরি বাধা দিয়ে বললো। “ওরা তোমাকে প্রোটেকশান দেবার জন্য এসেছে। আর আমি নিশ্চিত, সে ‘ভালো লাগছে’ বলতে নিরাপদ বোধ করছো কিনা বুঝিয়েছে।”

“সে কি তাই বুঝিয়েছে? তারা কি সত্যিই আমাকে প্রোটেকশন দিচ্ছে? ছেলেপুলেগুলোর ভিড়ের মাঝে আবছা অন্ধকার পরিবেশে, একগাদা অপরিচিত মুখের সাথে তারা মিশে গিয়ে হাসি ঠাট্টা করেছে। তারা সবাই ফূর্তি ক’রে বেড়িয়েছে। তারা কি সত্যিই আমাকে প্রোটেকশন দিচ্ছিলো?”

“এছাড়া আর কি হতে পারে?”

“আমি জানি না। হয়তো ওরা কখনও আমার পরিস্থিতিতে পড়ে নি। হয়তো আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি ভাবছি, ভাবছি ম্যাকঅ্যালিস্টার আর তার সেই চোখগুলোকে নিয়ে। তার নিষ্পলক চোখগুলোকে যেনো ঠিক মরা মাছের চোখের মতো লাগছিলো। সেই চোখ পড়লে মনের কথা বোঝা যায়।”

“সে যা বলেছে, তা থেকে তুমি মানসিক ধাক্কা খেয়েছো,” বললো মেরি। “তোমার ওপর তার কথার খারাপ প্রভাব পড়তে পারে, আমার ওপর তো পড়েছেই।”

“হয়তো তাই,” ওয়েব মাথা ঝাঁকালো। “বিষয়টা অদ্ভুত, আমার স্মৃতির কোটরে কতো কিছুই না আছে যেগুলো আমি মনে করতে চাই কিন্তু পারি না, আর অনেক কিছু আছে যেগুলো আমি ভুলে যেতে চাই, কিন্তু ভুলতে পারি না।”

“তুমি ম্যাকঅ্যালিস্টারকে ফোন করছো না কেন, তাকে বলো তোমার কেমন লাগছে, তুমি কি অনুভব করছো। তার বাসার এবং অফিসের ডিরেক্ট লাইন তোমাকে দেয়া হয়েছে। মো পানোভও তোমাকে তাই করতে বলতো।”

“হ্যাঁ, মো তাই বলতো।” ডেভিড ডিম পোচটি খেতে খেতে বললো। ““যদি মানসিক চাপ দূর করার কোনো স্পষ্ট পন্থা থেকে থাকে, তাহলে তা দ্রুত অনুসরণ করা উচিত,’ সে সবসময় এ কথাই বলে।”

“তাহলে তাই করো।”

ওয়েব হাসতে থাকলো। “হয়তো আমি করবো, হয়তো না, কিন্তু মো যদি জানে আমি তার কথা মতো চলছি না তাহলে এখানে সাঁই করে উড়ে এসে আমার মাথার সব মগজ বের ক’রে ফেলবে।”

“যদি সে না বের করে তো আমি তোমার সব মগজ বের করবো।”

“নি সি নুহাইজি,” চেয়ার থেকে উঠে পেপার নেপকিন দিয়ে হাত মুছে স্ত্রীর দিকে এগিয়ে বললো ডেভিড।

“এর মানেটা বুঝিয়ে বলবেন কি, আমার জটিলমনা স্বামী এবং সাতাশিতম প্রেমিক?”

“দুষ্টু দেবী। সহজ ভাষায় অনুবাদ করলে এর মানে দাঁড়ায় তুমি একটা পিচ্চি মেয়ে—অবশ্য ততোটা পিচ্চিও নও—–আমি এখনও বিছানায় গেলে পাঁচবারের মধ্যে তিনবারই তোমাকে কুপোকাত করতে পারবো।”

“এতো কিছু ওই একটা বাক্যে ছিলো?”

“আমরা বেশি কথায় সময় নষ্ট করি না, অল্পতেই কাজ সারি…এখন আমাকে যেতে হবে। আজকের ক্লাস সিয়ামের দ্বিতীয় রামকে কেন্দ্র ক’রে আর ঊনবিংশ শতাব্দীর শুরুতে মালয় রাজ্যগুলোর ওপর তার দাবি দাওয়াকে নিয়ে। বিষয়টা বিরক্তিকর কিন্তু গুরুত্বপূর্ণ। সবজচেয়ে বাজে দিকটি হলো বার্মা থেকে একজন স্টুডেন্ট এসেছে, যাকে দেখে মনে হয় এ বিষয়ে সে আমার থেকে বেশি জানে।”

“সিয়াম?” তাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো মেরি। “তার মানে থাইল্যান্ড।”

“হ্যাঁ। ওটাই এখন থাইল্যান্ড

“তোমার স্ত্রী, সন্তান তো ওখানেই…তোমার কষ্ট লাগে, তাই না?”

সে মেরির চোখে চোখ রেখে তাকে আদর করলো। “আমি অতোটা কষ্ট পাই না, কারণ ঘটনাগুলো আমার স্পষ্টভাবে মনেই পড়ে না। মাঝে মাঝে ঈশ্বরকে বলি যেনো ওগুলো আর কখনও মনে না পড়ে।”

“আমি ঠিক ওভাবে বিষয়টা দেখি না। আমি চাই তুমি তাদেরকে নিয়ে ভাবো, তাদের কথা শোনো, তাদেরকে অনুভব করো। আরো চাই তুমি জানো যে, আমি ওদেরকে ভালোবাসি।”

“ঈশ্বরকে ধন্যবাদ!” সে মেরিকে জড়িয়ে ধরলো। শরীর দুটো যে উষ্ণতার সৃষ্টি করলো তা যেনো একান্তই তাদের নিজস্ব।

দ্বিতীয়বারও লাইনটি ব্যস্ত পাওয়ায় ওয়েব ফোনটি সরিয়ে আবার ডব্লিউ.এফ. ভেলা’র সিয়াম আন্ডার রামা দি থার্ড বইটি পড়তে লাগলো এটা দেখার জন্যে যে, তার নতুন বার্মিজ স্টুডেন্ট পেনাঙ্গ দ্বীপকে কেন্দ্র করে দ্বিতীয় রামের সাথে কেডাহ্’র সুলতানের যে সংঘর্ষের কথা বলেছে তা সত্যি কি না। এ হলো কোনো শিক্ষকের জন্যে সবচাইতে বিব্রতকর মুহূর্ত। কিপলিংয়ের কবিতার মৌলমেন প্যাগোডা প্রতিস্থাপিত হয়েছে বেশি বুদ্ধির একজন পোস্টগ্র্যাজুয়েট ছাত্র, নিজের শিক্ষকদের উপর যার কোনো শ্রদ্ধাভাব দেখা যায় না। এই বিষয়টি কিপলিংই ভালো বুঝতেন, তুড়ি মেরে উড়িয়ে দিতে পারতেন তিনি।

দরজায় কয়েকবার মৃদু টোকা পড়লে ডেভিড কিছু বলার আগেই দরজা খুলে এক লোক ঢুকে পড়লো। লোকটা তার গার্ডদেরই একজন, যে গতকাল সন্ধ্যায় খেলার র‍্যালি’র ভিড়ে হইচইয়ের সময় তার সাথে কথা বলেছিলো।

“হ্যালো, প্রফেসর?”

“হ্যালো। জিম, তাই না?”

“না, আয়ি জনি। এতে অবশ্য কিছু যায় আসে না। আমাদের নাম মনে রাখা আপনার কাজ না।”

“কোনো সমস্যা?”

“ঠিক তার উল্টো, স্যার। আমি এসেছি আমাদের সবার পক্ষ থেকে আপনাকে বিদায় জানাতে। সবকিছু ঠিক আছে, আপনিও স্বাভাবিক হয়ে গেছেন। আমাদের আদেশ দেয়া হয়েছে বি-ওয়ান-এল’এ রিপোর্ট করতে।”

“কোথায় করতে?”

“বোকার মতো শোনায়, তাই না? হেড কোয়ার্টারে ফিরে যাওয়ার পরিবর্তে তারা বলে বি-ওয়ান-এল’এর কথা, যাতে কেউ বুঝতে না পারে।”

“আমিও বুঝতে পারি নি।”

“বেজ-ওয়ান-ল্যাঙ্গলি। আমরা ছয়জনই সি.আই.এ’র সদস্য, আমার মনে হয় আপনি সেটা জানেন।”

“তোমরা চলে যাচ্ছো, সবাই একসাথে?”

“এটাই জানাতে এসেছিলাম।”

“কিন্তু আমি ভেবেছিলাম…ভেবেছিলাম এখানে একটা সংকট তৈরি হয়েছে।”

“সবকিছু একদম ঠিক আছে।”

“কেউ আমাকে কিছু জানায় নি। ম্যাকঅ্যালিস্টারও আমাকে কিছু বলে নি।”

“দুঃখিত, তাকে তো চিনলাম না। আমাদেরকে শুধু আদেশ করা হয়েছে চলে যাওয়ার জন্যে।”

“তোমরা এখানে এসে কোনো উপযুক্ত কারণ না দেখিয়ে এভাবে চলে যেতে পারো না! আমাকে বলা হয়েছিলো আমি কারোর টার্গেটে আছি! বলা হয়েছিলো হংকংয়ের কেউ আমাকে মারতে চাচ্ছে?”

“আসলে, আমি ঠিক জানি না, আপনাকে এসব বলা হয়েছিলো নাকি আপনি নিজেই নিজেকে এসব বলছেন, কিন্তু আমি এটা জানি যে, নিউপোর্ট নিউজ-এ বড় একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা বুঝে নিয়ে আমাদেরকে এখনই কাজে নেমে পড়তে হবে।”

“বড় সমস্যা? আমার তাহলে কি হবে?”

“বেশি ক’রে বিশ্রাম করুন, প্রফেসর। আমাদের বলা হয়েছে আপনার অনেক বিশ্রামের প্রয়োজন।” সি.আই.এ’র লোকটি নির্বিকারভাবে বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে চলে গেলো।

আসলে আমি ঠিক জানি না, আপনাকে এসব বলা হয়েছিলো নাকি আপনি নিজেই নিজেকে এটা বলেছেন…আপনার কেমন লাগছে প্রফেসর? আমাদেরকে এই উৎসবমুখর পরিবেশে পেয়ে নিশ্চয়ই আগের চেয়ে ভালো বোধ করছেন?

প্যারেড?… ধাঁধা!

ম্যাকঅ্যালিস্টারের নাম্বারটা কোথায়? কোথায় ছিলো সেটা? তার কাছে নাম্বারটির দুটো কপি ছিলো, একটি বাসায় আর একটি তার ডেস্কের ড্রয়ারে, না, তার ওয়ালেটে! সে খুঁজে পেলো। ডায়াল করলো নাম্বারটি। ভয়ে আর ক্ষোভে তার শরীর এখন কাঁপছে।

“মি: ম্যাকঅ্যালিস্টারের অফিস,” একটি মেয়ে জবাব দিলো।

“আমি ভেবেছিলাম এটা তার ব্যক্তিগত লাইন। আমাকে তাই বলা হয়েছিলো।”

“মি: ম্যাকঅ্যালিস্টার ওয়াশিংটনের বাইরে গিয়েছেন, স্যার। এরকম পরিস্থিতিতে কল রিসিভ করা আর সেগুলো নোট করার দায়িত্ব আমাদের দেয়া হয়।”

“কল নোট করা? তিনি কোথায় গেছেন?”

“আমি জানি না, স্যার। তবে তিনি দু’একদিন পরপরই ফোন করেন। তাকে কি আপনার নাম বলবো?”

“তাতে খুব একটা কাজ হবে না! আমার নাম ওয়েব। জেসন ওয়েব…না না, ডেভিড ওয়েব। আমার তার সাথে জরুরি কথা বলা দরকার, এক্ষুণি!”

“আমি আপনাকে আর্জেন্ট কলের দায়িত্বে থাকা ডিপার্টমেন্টে কানেক্ট করে দিচ্ছি!”

ওয়েব সজোরে ফোনটি রেখে দিলো। তার কাছে ম্যাকঅ্যালিস্টারের বাসার নাম্বার আছে, সেই নাম্বারে ডায়াল করলো এবার।

“হ্যালো?” আরেকজন মহিলার কণ্ঠ শোনা গেলো।

“মি: ম্যাকঅ্যালিস্টারকে একটু দেয়া যাবে?”

“দুঃখিত, তিনি এখানে নেই। আপনি চাইলে আপনার নাম এবং ফোন নাম্বার আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি তাকে দিয়ে দেবো।”

“কখন দেবেন?”

“হয়তো তিনি আগামীকাল অথবা পরশু ফোন করবেন, তখন দিয়ে দেবো। তিনি এভাবেই ফোন ক’রে থাকেন।”

“মিসেস ম্যাকঅ্যালিস্টার, আপনাকে তার সাথে যোগাযোগের নাম্বারটা এক্ষুণি আমাকে দিতে হবে। আমি অনুমান করছি আপনিই মিসেস ম্যাকঅ্যালিস্টার।”

“তাইতো হওয়া উচিত। আঠারো বছর ধরে একসাথে আছি। আপনি কে বলছেন?”

“ওয়েব। ডেভিড ওয়েব।”

“ওহ্, আপনি! এডওয়ার্ড সহজে তার অফিসিয়াল ব্যাপার নিয়ে আমার সাথে কথা বলে না, আপনার ব্যাপারটাও আমাকে খুলে বলে নি, কিন্তু এটুকু বলেছে যে, আপনি ও আপনার স্ত্রী খুবই ভালো মানুষ। ওদিকে আমার বড় ছেলে, যে কিনা মাধ্যমিকে পড়ছে, আপনি যে ইউনিভার্সিটিতে পড়ান, ওখানে পড়তে খুবই আগ্রহী 1 এখন তো ও ফাইনাল ইয়ারে, ওর মার্কস্ একটু কমেছে, আর দক্ষতা টেস্টে তার মার্কস খুব বেশি না হলেও সে জীবনকে খুবই ইতিবাচক দৃষ্টিতে দেখে, আমি নিশ্চিত আমাদের সে…”

“মিসেস ম্যাকঅ্যালিস্টার,” ওয়েব বাধা দিলো। “আমাকে আপনার স্বামীর সাথে কথা বলতে হবে! এক্ষুণি!”

“ওহ্, আমি সত্যিই দুঃখিত, কিন্তু আমার মনে হয় না এখন সেটা সম্ভব হবে। তিনি এখন সুদূর প্রাচ্যে, আর তাছাড়া তার নাম্বারও আমার কাছে নেই। ইমারজেন্সি সিচুয়েশনে আমরা সব সময় স্টেট ডিপার্টমেন্টে ফোন করি।”

ডেভিড ফোনটা রেখে দিলো। মেরিকে ফোন ক’রে সতর্ক ক’রে দিতে হবে। লাইন তো এতোক্ষণে ফূ হয়ে যাওয়ার কথা, প্রায় একঘণ্টা ধরে সে এটাকে ব্যস্ত পাচ্ছে। এমন কেউ নেই যার সাথে তার স্ত্রী ঘণ্টার পর ঘণ্ট ফোনে কথা বলতে পারে। এমনকি তার বাবা-মা বা দুই ভাই যারা কানাডায় থাকে তাদের সাথেও মেরি এতোক্ষণ কথা বলে না। তারা একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে, কিন্তু মেরি এক জায়গায় পড়ে থাকার মতো মেয়ে না। সে তার বাবা-মায়ের মতো ঘরকুনো স্বভাবের নয়, আর যদিও সে তার ভাইদেরকে ভালোবাসে তারপরও তারা কখনই বন্ধুর মতো খোলামেলা কথা বলে না। সে অর্থনীতির উচ্চশিক্ষার মাধ্যমে অন্য একটি জগৎ খুঁজে পেয়েছে। তারপর ডক্টরেট ডিগ্‌ অর্জন এবং কানাডিয়ান গভর্নমেন্টের হয়ে কাজ করার মাধ্যমে নিজের জীবনটাই পাল্টে ফেলেছে। আর শেষমেশ, একজন আমেরিকানকে বিয়ে করেছে সে।

লাইনটা এখনও ব্যস্ত! ওহ্, মেরি!

ওয়েব যেনো জমে যাচ্ছে। তার যারা শরীর যেনো একখণ্ড বরফে পরিণত হয়েছে। শরীর যেনো আর নড়ছে না, কিন্তু তারপরেও সে উঠে এক দৌড়ে নিজের ছোট্ট অফিস থেকে বেরিয়ে করিডোরে এসে পৌঁছালো। এভাবে দৌড়ে যাওয়ার সময় তিনজন স্টুডেন্ট আর একজন কলিগের সাথে ধাক্কা খেলো, দু’জন ছিটকে দেয়ালের দিকে সরে যেতে পারলেও অপরজন পড়ে গেলো তার নীচে।

বাড়ির কাছে আসতেই জোরে গাড়ির ব্রেক কষলো। গাড়িটা সশব্দে থামতেই সিট থেকে উঠে দৌড়ে দরজার কাছে পৌঁছাতেই সে থমকে দাঁড়ালো, তার দৃষ্টি সজাগ, তার দম বন্ধ হয়ে আসছে। দরজা খোলা, তারই একপাশে লাল হাতের ছাপ। রক্ত!

ওয়েব দৌড়ে ভেতরে ঢুকলো। তার সামনে যা কিছু এলো ছুড়ে সরিয়ে দিলে ফার্নিচার, ল্যাম্প ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেলো। গ্রাউন্ড ফ্লোরে খুঁজতে থাকলো সে। সিঁড়ি দিয়ে উপরে উঠলো। তার হাত দুটো গ্রানাইটের মতো মনে হচ্ছে, তার প্রতিটি নার্ভ সুক্ষ্মতম শব্দ শোনার জন্য সজাগ হয়ে আছে, দরজার সেই লাল দাগ তার খুনি প্রকৃতিকে জাগিয়ে তুলেছে। এই কয়েক মুহূর্তে সে আবার সেই গুপ্তঘাতক। যে-ই উপরে থাকুক না কেন, যদি তার স্ত্রীর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সে তাকে ছাড়বে না।

হামাগুঁড়ি দিয়ে এগিয়ে বেডরুমের দরজায় ধাক্কা দিলে দরজাটা সজোরে খুলে বিকট একটা শব্দের সৃষ্টি করলো। তার কাছে কোনো অস্ত্র নেই। কিন্তু একটি সিগারেট লাইটার আছে। সে তার ট্রাউজারের পকেট থেকে ক্লাস নোটগুলো বের করে দলা পাকিয়ে লাইটারের নীচে ধরলে ধপ্ ক’রে আগুন ধরে গেলো তাতে। আগুনের গোলাটি বেডরুমের ভেতরে ছুড়ে দিয়ে দেয়ালের দিকে পিঠ ক’রে উঠে দাঁড়ালো সে। এরপর তার চোখ গেলো অন্য দরজা দুটির দিকে। এক এক ক’রে দুটোতেই সে সজোরে লাথি মেরে খুললো, আবছা অন্ধকারে নিজেকে কভার ক,লো।

কিছুই নেই। দুটো ঘরই ফাঁকা। ঘরে কেউ থাকলে বেডরুমেই থাকতো। ওদিকে বিছানায় আগুন ধরে গেছে। আগুন ক্রমাগত সিলিংয়ের দিকে এগোচ্ছে। হাতে খুব বেশি সময় নেই।

দৌড়ে এগিয়ে বিছানার তোষক গোল ক’রে পাকাতে শুরু করলো, তারপর মঝেতে ফেলে দিলো সেটা। আগুন নিভে ছাইয়ে রূপ নিলো। ডেভিড ভাবলো তার কাঁধ আগুনের তাপে পুড়ে গেলেও সে তার শত্রুকে মোকাবেলা করতে পারতো। হায় জিশু, সে আবারো জেসন বর্ন হয়ে গেছে!

ঘরে কেউ নেই। মেরি নেই। আগুনের শিখাগুলো পা দিয়ে মাড়িয়ে নিভিয়ে দিলো সে। টেবিল ল্যাম্পটি সোজা ক’রে এবার জ্বালালো।

“মেরি! মেরি!’

ঠিক তখনই বিছানার এককোণে বালিশের ওপর একটি চিরকুট দেখতে পেলো সে:

স্ত্রীর বদলে স্ত্রী, জেসন বর্ন। সে আঘাত পেয়েছে, তবে বেঁচে আছে, আমারটা তো মরেই গেছে। আশা করি তুমি জানো কিভাবে আমাকে এবং তোমার স্ত্রীকে খুঁজে পাবে। হয়তো আমরা এ নিয়ে লেনদেন করতে পারি, কারণ আমারও অনেক শত্রু আছে। যদি আমার কথা ভালো না লাগে, তাহলে আরেকটি মেয়ের মৃত্যুতে কীইবা এসে যায়?

ওয়েব চিৎকার দিয়ে বালিশের ওপর লুটিয়ে পড়লো। চেষ্টা করলো বালিশ দিয়ে নিজের আর্তনাদ আর চিৎকারটা চাপা দেয়ার। তারপর সোজা হয়ে বসে উপরে সিলিংয়ের দিকে তাকালো। নিষ্ঠুর অসহায় আর অদ্ভুত এক অনুভূতি চারদিক থেকে তার ওপর চেপে আসছে। ভুলে যাওয়া স্মৃতি তার মনে পড়তে লাগলো, সেইসব স্মৃতি যেগুলো সে কখন মারিস পানোডকেও বলে নি। কতোগুলো শরীর তার ছুরির আঘাতে লুটিয়ে পড়ছে, তার বন্দুকের সামনে অসাড় হয়ে পড়ছে, এগুলো কোনো কল্পনাপ্রসূত খুন নয়, সত্যিকারের হত্যাকাণ্ড। এই ঘটনাগুলোই তাকে এমন কিছুতে পরিণত করেছিলো যা সে কখনই ছিলো না। সেই বিশেষ ইমেজটি সে-ই তৈরি করেছিলো, যা মোটেও ঠিক ছিলো না। কিন্তু তাকে সেটা করতেই হতো। বাঁচতে হতো এরই মাঝে

এখন সে নিজের ভেতরের দুটো মানুষকেই চেনে। একজনকে সে সবসময় মনে রাখবে, কারণ সে সবসময় তার মতো হতে চেয়েছিলো। কিন্তু অপরজন মাঝে মাঝে বেরিয়ে আসে হয়, এই অপরজনকে সে ঘৃণা করে।

উঠে দাঁড়ালো জেসন বর্ন। লক করা একটি ড্রয়ার আছে যে আলমারিতে সেটার দিকে গেলো। উপরে টেপ দিয়ে আঁটকানো চাবিটা খুলে লকারে ঢুকিয়ে ড্রয়ারটি খুললো। ড্রয়ারের ভেতরে আছে বিভিন্ন অংশ খোলা দুটো অটোমেটিক অস্ত্র আর চারটি চিকন তারের স্প্রিং। এগুলো সে তার হাতের তালুতে খুব সহজেই লুকিয়ে রাখতে পারতো। আরেকটা বাক্সে আছে তিনটি বৈধ পাসপোর্ট—তিনটি ভিন্ন নামে—আর ছয়টি এক্সপ্লোসিভ চার্জ যা দিয়ে এই বাড়িটি উড়িয়ে দেয়া যেতে পারে। ডেভিড ওয়েবকে এখন তার স্ত্রীকে খুঁজে পেতেই হবে। তা না হলে সে আবারও জেসন বর্ন নামের সন্ত্রাসীতে পরিণত হবে, এমন এক সন্ত্রাসী যা কোনো মানুষ তার দুঃস্বপ্নেও ভাবতে পারে না। সে আর কিছুই পরোয়া করে না—অনেক কিছুই তার কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। আর সহ্য করা যায় না!

বর্ন অস্ত্রের প্রতিটি অংশ জোড়া লাগিয়ে দ্বিতীয় অটোমেটিকটির ভেতর ম্যাগাজিন ঢুকালো। সবকিছু তৈরি। সে এখন প্রস্তত। আগে একটা ফাঁদ পাতবে তারপর শিকার করা শুরু করবে। মেরিকে সে খুঁজে বের করবেই। জীবিত অথবা মৃত। আর যদি মেরি মারা যায়, তাহলে সে শুধু খুন করবে। শুধুই খুন। যে-ই এই কাজ করে থাকুক না কেন, তার কাছে থেকে সে রেহাই পাবে না। জেসন বর্নের কাছ থেকে কোনো রকম নিস্তার পাওয়া যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *