বর্ন সুপৃমেসি – ১১

অধ্যায় ১১

“স্বাগতম, মি: বর্ন,” গার্ডগুলোকে হাত নেড়ে পাশে সরতে ইশারা ক’রে বললো সাদা সিল্কের সুট পরা বিশালদেহী লোকটি। “অস্ত্রটা মাটিতে রেখে দূরে সরিয়ে দিন। বুঝতেই তো পারছেন তা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই।”

ওয়েব গার্ড তিনজনের দিকে তাকালো; মাঝখানের চাইনীজটি তার অটোমেটিকের হ্যামার পিছনে টানলে ডেভিড তার অস্ত্রটি মাটিতে রেখে সামনে ঠেলে দিলো।

“আপনি আমার সাথে দেখা করতে চেয়েছিলেন?” বর্ন জিজ্ঞেস করলো। পায়ে ভর দিয়ে দাঁড়ানোর সাথে সাথে তার অস্ত্রটি কুড়িয়ে নিলো একজন গার্ড।

“হ্যাঁ, কিন্তু ঠিক এভাবে না! আমার লোকগুলো কি মরে গেছে?”

“না। তারা আহত হয়েছে, তবে বেঁচে আছে।”

“অতুলনীয়। আপনি ভেবেছিলেন আমি এখানে একা থাকবো?”

“আমাকে বলা হয়েছিলো আপনি আপনার হেডম্যান আর তিনজন গার্ড সাথে নিয়ে ঘোরেন, ছয় জনের কথা জানতাম না। তিনজনই স্বাভাবিক মনে হয়েছিলো, ছয় জন নিয়ে ঘোরাটা চোখে পড়ার মতো।”

“এই লোকগুলো সবকিছু অ্যারেঞ্জ করার জন্য অনেক আগে এসেছে, আর একবারের জন্যেও এখান থেকে বের হয় নি তারা। তো আপনি ভেবেছিলেন আপনি আমাকে ধরে নিয়ে যেতে পারবেন, তারপর আপনার স্ত্রীর বিনিময়ে আমাকে ছেড়ে দেবেন?”

“এসব ব্যাপারে সে কোনো কাজেই আসবে না, তাকে যেতে দিন। সে আপনার কোনো ক্ষতি করবে না, তাকে ছেড়ে দিন। চাইলে আমাকে মেরে ফেলুন।”

“পি.জে!” বললো ব্যাংকার, তার গার্ড দুটোকে ফ্ল্যাট থেকে বের হওয়ার নির্দেশ দিলে তারা ঝুঁকে কুর্ণিশ করে দ্রুত রুম থেকে বের হয়ে গেলো। “শুধু এই লোকটি থাকবে,” ওয়েবের দিকে ফিরে সে বললো। “আমার অত্যন্ত বিশ্বস্ত লোক, তার চেয়েও বড় কথা হচ্ছে এ ইংরেজি ভাষার একটা শব্দও বোঝে না।”

“আপনি আপনার লোকদের যথেষ্ট বিশ্বাস করেন, দেখছি!”

“আমি কাউকেই বিশ্বাস করি না,” লোকটি হাত বাড়িয়ে ডেভিডকে সামনের কাঠের চেয়ারে বসার ইঙ্গিত করলো। তার হাতে স্বর্ণের রোলেক্স ঘড়ি, ডায়ালে আবার খাঁজকাটা ডায়মন্ড বসানো, যা তার শার্টের সোনার কাফলিংয়ের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ।

“বসুন,” সে আদেশ করলো। “এই ছোট্ট কনফারেন্সের আয়োজন করতে গিয়ে আমাকে অনেক ঘাম ঝড়াতে হয়েছে, অনেক পয়সা খরচ করতে হয়েছে।”

“আপনার লোক ফোনে বলেছিলো এ ধরণের জায়গায় দামি কিছু না পরে আসতে, আমার মনে হয় আপনি আপনার লোকের কথা শোনেন না!”

“আমি এখানে একটা ঢোলা হাতাওয়ালা কাফতান পরে এসেছি, এগুলো লুকোনোর জন্য সেটাই যথেষ্ট ছিলো।”

“আপনিই তো ইয়াও মিঙ্গ?” ওয়েব বললো।

“হ্যাঁ, এই নামটা আমি ব্যবহার করেছি। একজন বহুরূপীর অনেক ধরণের পরিচয় থাকে। আপনার তা বোঝা উচিত, আপনি নিজেও তো একজন বহুরূপী, মিঃ বর্ন।”

“আমি আপনার স্ত্রীকে মারি নি, আর তার মাঝে যে লোকটি ছিলো তাকেও না।”

“আমি তা জানি, মিঃ ওয়েব…”

“আপনি জানেন?” ডেভিড চেয়ার থেকে উঠে দাঁড়ালে গার্ডটি এক পা এগিয়ে এসে অস্ত্রটা তার দিকে তাক্ করলো।

“আপনি বসুন তো,” বললো ব্যাংকার। “আমার এই বিশ্বস্ত বন্ধুকে গুলি চালাতে বাধ্য করবেন না, সেটা আমার বা আপনার কারোর জন্যেই সুখকর হবে না!”

“আপনি জানেন আমি কিছুই করি নি, তা সত্ত্বেও আপনি আমাদের এতোবড় ক্ষতি করছেন!”

“বসে পড়ুন, প্লিজ।”

“আমার জবাব চাই,” চেয়ারে বসে বললো ওয়েব।

“কারণ আপনিই আসল জেসন বর্ন। একটা কাজে আপনাকে এখানে আনা হয়েছে, আপনার স্ত্রীকে বন্দী করা হয়েছে আর তিনি আমাদের হাতে ততোক্ষণ বন্দী থাকবেন যতোক্ষণ না আপনি আমাদের কথা মতো কাজ করছেন।”

“আমি তার সাথে বলেছি।”

“আমি জানি আপনি বলেছেন। আমিই অনুমতি দিয়েছিলাম।”

“তার কথা শুনে তাকে স্বাভাবিক মনে হয় নি, সে অত্যন্ত শক্ত প্রকৃতির মেয়ে, সে সহজে ভেঙে পড়ে না। তাকে নিশ্চয়ই কিছু করা হয়েছে! তাকে কি ড্রাগস্ দেয়া হচ্ছে?”

“একদমই না।”

“সে কি আহত হয়েছে?”

“মানসিকভাবে হতে পারে। কিন্তু অন্য কোনোভাবে তাকে আঘাত করা হয় নি। তবে তাকে আঘাত করা হবে, মেরেও ফেলা হবে, যদি আপনি আমাদের কথা না শোনেন। আপনাকে কি বোঝাতে পেরেছি?”

“তাহলে আপনিও বাঁচবেন না!”

“আসল বর্ন জেগে উঠেছে। খুব ভালো। আমিও তাই চাই।”

“কাজটা কি?”

“আপনার নাম ব্যবহার ক’রে কেউ আমাকে তাড়া ক’রে বেড়াচ্ছে,” বলতে শুরু করলো তাইপান, তার কণ্ঠস্বরে একটা কঠিন ভাব। “সে শুধু আমার স্ত্রীকে মেরেই ক্ষান্ত হয় নি, বরং সম্ভাব্য সবদিক দিয়েই আমাকে আক্রমণ ক’রে চলেছে। এই সন্ত্রাসী হলো নতুন জেসন বর্ন! সে আমার লোকদেরকে মারছে, অঢেল টাকার শিপমেন্টগুলো বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, অন্য তাইপানদের হুমকি দিচ্ছে যাতে তারা আমার সাথে ব্যবসা করা বন্ধ ক’রে দেয়। হংকং, ম্যাকাও আর গভীর সমুদ্রে আমার যে সব শত্রু আছে তারাই তাকে কি দিয়ে এই কাজগুলো করাচ্ছে!”

“আপনার দেখছি অনেক শত্ৰু।”

“কারণ আমার লক্ষ্যও অনেক বড়।”

“আমাকে ঠিক কি করতে হবে খুলে বলুন। আমার স্ত্রী এখনও বেঁচে আছে আর আমি তাকে সম্পূর্ণ সুস্থভাবে ফেরত চাই। যদি তার কোনো রকম ক্ষতি হয়, তাহলে আপনি এবং আপনার এইসব পাণ্ডা আমার বিপক্ষে দাঁড়ানোর সুযোগই পাবে না।”

“হুমকি দেয়ার মতো জায়গায় আপনি নেই, মি: ওয়েব।”

“ওয়েব নেই,” সম্মতি জানালো এশিয়া ও ইউরোপের এক সময়কার সবচেয়ে দুর্ধর্ষ লোকটি, কিন্তু বৰ্ন আছে।”

প্রাচ্যদেশীয় লোকটি জেসনের দিকে কঠোর চোখে তাকালো কিন্তু বর্নের চার্নির সামনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। “আপনার উগ্রতা আপনার ঔদ্ধত্যের সাথে বেশ মানানসই। আপনাকে কি করতে হবে তাই জানতে চাচ্ছেন তো? একদম পরিস্কার।” তাইপানের চেয়ারের হাতল শক্ত ক’রে চেপে ধরে জোরে একটি বাড়ি বসালো। হঠাৎই উত্তেজিত হয়ে উঠলো সে। “আমি আমার শত্রুদের বিরুদ্ধে প্রমাণ চাই!” সে চেঁচিয়ে বললো। “আর তা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সেই প্রতারক জেসন বর্নকে এখানে ধরে আনা। আপনাকে সেই প্রতারককে ধরে আনতে হবে যে আপনার নাম ভাঙিয়ে খাচ্ছে! আমি তাকে সামনাসামনি দেখতে চাই, তাকে বোঝাতে চাই মৃত্যুভয় কি জিনিস। তাকে আমি তিলে তিলে মারতে থাকবো যদি না সে আমাকে সবকিছু খুলে বলে। তাকে আমার সামনে চাই, জেসন বর্ন!”

লোকটি হেসে জোরে জোরে শ্বাস টানলো, তারপর শান্তভাবে বলতে শুরু করলো। “শুধুমাত্র তারপরই আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন।”

ওয়েব তাইপানের দিকে তাকালো। “আপনার কি ক’রে মনে হলো কাজটা আমি করতে পারবো?”

“আপনিই আসল বর্ন, আপনার চেয়ে ভালো শিকার ধরতে আর কে পারে। সে আপনাকে নিয়ে স্টাডি করেছে! আপনার পদ্ধতিগুলো, আপনার কৌশলগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। কিন্তু যতোই পর্যবেক্ষণ করুক না কেন, সে আপনাকে ছাড়িয়ে যেতে পারে নি। আপনিই তাকে খুঁজে বের করতে পারেন! আপনি আপনার নিজের তৈরি জালে তাকে জড়িয়ে ফেলুন!”

“মুখে বলা খুবই সহজ…”

“আপনাকে আমরা সাহায্য করবো। কিছু নাম আর তথ্য আপনাকে দেয়া হবে। আমি নিশ্চিত এরা এই নতুন জেসন বর্নের সাথে জড়িত।”

“এটা কি ম্যাকাও’র সেই ঘটনাকে কেন্দ্র ক’রে?”

“কখনই না! লিজবোয়া হোটেলে যা ঘটেছিলো তা আমি সবার আড়ালে রাখতে চাই। আমি চাই না সেটা নিয়ে কোনো টানাহেঁচড়া হোক। এতে আমার নাম জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।”

“আমার মনে হয় আপনি একটু আগে প্রমাণ চাইছিলেন—”

“হ্যাঁ, আর সেটা তখনই সম্ভব হবে যখন আপনি সেই নকল বর্নকে এখানে ধরে আনবেন,” চেঁচিয়ে বললো তাইপান।

“কিন্তু কাজটা মাঝখান থেকে শুরু না হলে, কোত্থেকে হবে”

“এখানে, কাউলুনে। সিম শা সুই’র ক্যাবারের পেছনের একটি ঘরে পাঁচজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের মধ্যে একজন ছিলো আমার মতোই তাইপান এক ব্যাংকার। আর তিনজন এতো প্রভাবশালী ব্যক্তি যে, গভর্নমেন্ট তাদের মৃত্যুর খবর গোপন করার সিদ্ধান্ত নেয়। এমনকি আমিও তাদের পরিচয় জানতে পারি নি।”

“আর পঞ্চম ব্যক্তিটি কে ছিলো,” জানতে চাইলো বর্ন।

“সে আমার হয়ে কাজ করতো। আমার হয়ে ওই মিটিংয়ে গিয়েছিলো। যদি তার জায়গায় আমি যেতাম তাহলে আপনার মিতা আমাকেও হত্যা করতো। আপনাকে এখান থেকে কাজ শুরু করতে হবে, এই সূত্র ধরেই এগোতে হবে, কাউলুনের সিম শা সুই। আমি আপনাকে দু’জন মৃত ব্যক্তির নাম দেবো আর এমন অনেক লোকের পরিচয় দেবো যারা আমার বর্তমান শত্রু। জলদি কাজে নেমে পড়ুন। লোকটিকে খুঁজে বের করুন যে আপনার নাম ব্যবহার ক’রে খুন করছে, তাকে আমার কাছে ধরে নিয়ে আসুন। আর একটি শেষ কথা, মিঃ বর্ন। যদি আপনি ভুল করেও আমার পরিচয় বের করার চেষ্টা করেন তো আমার নির্দেশ হবে খুবই স্পষ্ট, আর তার প্রতিপালন হবে সূক্ষ্ম এবং দ্রুত। সহজ কথায় আপনার স্ত্রী মারা যাবে।”

“তাহলে আপনিও বাঁচবেন না। নামগুলো দিন।”

“সেগুলো এই কাগজে আছে,” সিল্কের পকেটে হাত ঢুকিয়ে বললো লোকটি। “এটা একটা পাবলিক স্টেনোগ্রাফার মান্দারিন ভাষায় টাইপ করেছে। কোনো নির্দিষ্ট টাইপ রাইটারকে ট্রেস করতে গেলে আপনি বোকামি করবেন।”

“আমি সময় নষ্ট করি না,” কাগজটি হাতে নিয়ে বললো বর্ন। “হংকংয়ে কমপক্ষে ২০ মিলিয়ন টাইপ রাইটার রয়েছে।”

“কিন্তু আমার মতো লম্বা চওড়া তাইপান খুব বেশি নেই, তাই না?”

“কথাটা মাথায় থাকবে।”

“জানি, তা থাকবে।”

“আমি আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে?”

“আপনাকে করতে হবে না। কখনই না! এই মিটিংটার কথাও ভুলে যাবেন।”

“তাহলে এই মিটিংটা হলোই বা কেন? এসবের মানে কি? পুরো ব্যাপারটা যদি ধাপ্পা হয়? আর আমি যদি সেই জাল বর্নকে ধরি, তাকে কোথায় নিয়ে আসবো? ওয়াল্ড সিটির এই সিঁড়িগুলোর কাছে?”

“আইডিয়াটা খারাপ না। তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে এখানে ফেলে রাখলে কেউ দেখবেও না।”

“আমাকে জীবন বাজি রেখে এই কাজ করতে হবে। আর তার যথার্থ মূল্যায়ন দরকার। আপনার কথার গ্যারান্টি কি?”

“গ্যারান্টি কিভাবে দিতে হবে?”

“প্রথমত, আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাই, এটা নিশ্চিত করতে যে, তার কোনো ক্ষতি করা হয় নি। আর দ্বিতীয়ত আমি তাকে দেখতে চাই রাস্তার একপাশ থেকে অপর পাশে যাচ্ছে, নিজ পায়ে, সম্পূর্ণ একা

“এটা কি জেসন বর্নের দাবি?”

“তারই দাবি।”

“বেশ। আমরা এখানে হংকংয়ে উন্নত টেকনোলজির ইন্ডাস্ট্রি গড়ে তুলেছি, আপনার দেশের ইলেকট্রনিক্স ব্যবসার সাথে জড়িত কাউকে জিজ্ঞেস করলেই সেটা বলতে পারবে। ওই কাগজটার নীচে একটা ফোন নাম্বার দেয়া আছে। যখন আপনি ওই প্রতারককে আমাদের হাতে তুলে দেয়ার জন্য প্রস্তুত হবেন শুধুমাত্র তখনই ওই নাম্বারে ফোন করবেন আর ‘স্বর্পরাণী’ কথাটি বলবেন কয়েকবার

“মেডুসা,” ফিফিস্ ক’রে বললো জেসন বর্ন। “উড়ন্ত।”“

তাইপান ভুরু কুঁচকালো, তার অভিব্যক্তি ভাবলেশহীন। “আসলে আমি ওই বাজারের মহিলার কথা বলছিলাম

“না, ঠিক আছে। বলে যান।”

“যা বলছিলাম, শব্দটা বেশ কয়েকবার বলতে থাকবেন, যতোক্ষণ পর্যন্ত না একটা গৃক শব্দ শুনতে পাবেন। যাই হোক। ফোনটা শুধু তখনই করবেন যখন সেই প্রতারক আপনার হাতে থাকবে, আর ককে মিনিটের মধ্যে তাকে আমাদের হাতে হস্তান্তর করা যাবে। যদি এমনি এমনি আপনি বা অন্য কেউ এই নাম্বার আর কোড ওয়ার্ড ব্যবহার করেন তাহলে আমি ধরে নেবো লাইনটা ট্রেস্ করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার স্ত্রীকে মেরে ফেলা হবে। একজন শ্বেতাঙ্গ মহিলার লাশ সাগরের পানিতে ফেলে দেয়া হবে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি?”

ঢোক গিললো ওয়েব, নিজের ভেতরের ভয়কে ঢেকে বরফ শীতল কণ্ঠে কথা বলতে শুরু করলো বর্ন। “আপনার শর্ত বুঝতে পেরেছি। এবার আমারটা বুঝে নিন। আমি যখন ওই নাম্বারে ফোন করবো তখনই যেনো আমার স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পাই, কয়েক মিনিটের মধ্যে নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই শুনতে চাই। আর যদি না শুনি, তাহলে যে-ই ঐ লাইনে থাকুক না কেন, সে নকল জেসন বর্নের মাথা গুলি ক’রে উড়িয়ে দেয়ার শব্দ শুনতে পাবে। আমি শুধু তিরিশ সেকেন্ড সময় দেবো।”

“আপনার শর্তটা বুঝলাম, সেটা মেনে চলা হবে। আমার মনে হয় এই কনফারেন্স এখানেই শেষ করা প্রয়োজন, মি: বর্ন।”

“আমি আমার অস্ত্রটি ফেরত চাই, যে দু’জন গার্ড বাইরে গেছে তাদের একজন সেটা নিয়ে গেছে।

“আপনি যাওয়ার সময় আপনাকে সে দিয়ে দেবে। তাকে সেই নির্দেশই দেয়া আছে।”

.

হংকংয়ের পাহাড়ি এলাকার ওপরে, ভিক্টোরিয়া পিক নামের জায়গাটিতে গড়ে উঠেছে উচ্চবিত্তদের আবাসস্থল। এখানে দেখা যায় প্রতিটি বাড়ির সাথে বাগান, আর রাস্তার পাশে সাজানো গোলাপের সারি। ধনী ব্যক্তিরা তাদের বাড়ির বারান্দা আর ছাদ থেকে দূরের হার্বারের দৃশ্য উপভোগ করে। বাড়িগুলোও আবার গোছানো আর সুবিন্যস্তভাবে সারি বেধে তৈরি করা হয়েছে। এরই মাঝে একটি বাড়ি আছে যা অন্য বাড়িগুলোর থেকে আলাদা। না, এর আকার আভিজাত্য বা সৌন্দর্যের জন্য নয়, বরং বাড়ির গেটে আর দেয়ালের পাশে ইউনিফর্ম পরা সশস্ত্র টহলদার লোকগুলোই একে অন্য বাড়িগুলো থেকে আলাদা করছে। এই টহলদার লোকগুলো আমেরিকান মেরিন।

এই জায়গাটি আমেরিকান কনসুলেট লিজ নিয়েছে। উদ্দেশ্য আমেরিকান গভর্নমেন্টের লোক বা কোনো আমেরিকান শিল্পপতি ব্যবসায়িক প্রয়োজনে আসলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে তার কাজে সহায়তা করা। কনসুলেট এতোটুকুই জানে। কিন্তু আসলে এটি গোপন সব অপারেশন পরিচালনার জন্য হংকংয়ে তাদের হেডকোয়ার্টার। বিষয়টা এতোটাই গোপনীয় যে, এমনকি প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টারও এ ব্যাপারে সামান্যই জানেন। ভিক্টোরিয়া পিকের এই সম্পত্তিটি লিজ নেয়ার প্রকৃত উদ্দেশ্য প্রকাশ হয়ে গেলে বহিবিশ্বে এবং সুদূর প্রাচ্যে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনার প্রচুর।

একটি ছোটো সিডান গাড়ি গেটটির সামনে এসে থামলে সাথে সাথেই গাড়িটির ওপরে শক্তিশালী ফ্লাড লাইটের আলো জ্বালানো হলো। তীব্র আলোয় ড্রাইভারের চোখ বন্ধ হয়ে আসছে, সে হাত দিয়ে তার চোখ ঢাকার চেষ্টা করলো। দু’জন মেরিন গার্ড এগিয়ে এসে গাড়িটির দু’পাশে দাঁড়ালো, তাদের অস্ত্র নীচু করা।

“এতোদিনে তো গাড়িটি চিনে ফেলা উচিত ছিলো তোমাদের,” বললো সাদা সিল্কের সুট পরা বিশালদেহী চাইনীজটি। জানালা দিয়ে চোখ কুঁচকে তাকিয়ে আছে সে।

“আমরা গাড়িটা ঠিকই চিনে ফেলেছি, মেজর লিন,” জবাব দিল বাম দিকে দাঁড়ানো ল্যান্স কর্পোরাল। “শুধু নিশ্চিত হচ্ছি ভেতরের ড্রাইভারটিও ঠিক আছে কি না।”

“আমাকে তুলে আছাড় মারতে পারে এমন সাধ্য কার আছে?” ঠাট্টার সুরে বললো বিশালদেহী মেজর।

“ম্যান মাউন্টেন ডিন, স্যার,” জবাব দিলো ডান দিকে দাঁড়ানো মেরিনটি।

“ওহ্, মনে পড়েছে। সেই আমেরিকান রেসলার।”

“আমার দাদু প্রায়ই তার কথা বলতো।”

“ধন্যবাদ তোমাকে। কিন্তু তোমার উচিত ছিলো বাবার আমলের কারো নাম বলা, ও লোকটা বড্ড বুড়ো হয়ে গেছে। এবার আমি কি ভেতরে যেতে পারি?”

“আমরা এখনই লাইটটা নিভিয়ে গেট খুলছি, মেজর,” বললো প্রথম মেরিনটি।

বাড়ির ভেতরে যেটা আগে লাইব্রেরি ছিলো সেটাকেই অফিসে পরিণত করা হয়েছে। সেখানে একটা ডেস্কের পেছনে বসে এডওয়ার্ড নিউইঙ্গটন ম্যাকঅ্যালিস্টার অতি মনোযোগ সহকারে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেখছে। ল্যাম্পের আলোয় মার্জিনের বাইরে সে নোট বসাচ্ছে। ইন্টারকমটি বেজে ওঠায় তার মনঃ সংযোগে বিঘ্ন ঘটলো। ফোনের দিকে হাত বাড়ালো সে।

“হ্যাঁ?” সে ওপাশের কথাটা শুনে জবাব দিলো। “তাকে ভেতরে আসতে দিন।”

ম্যাকঅ্যালিস্টার রিসিভারটি রেখে দিয়ে হাতে পেন্সিল নিয়ে আবার কাগজগুলো দেখতে শুরু করলো। প্রতিটি কাগজের ওপরে, ঠিক একই জায়গায় একটি কথা লেখা : অত্যন্ত গোপনীয়। পি. আ. সি। আভ্যন্তরীন। শেঙ্গ চোউ ইয়াঙ্গ।

দরজা খুলে গেলে বৃটিশ ইন্টেলিজেন্সের এমআই-সিক্স’র হংকং স্পেশাল ব্রাঞ্চের বিশালদেহী মেজর লিন ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলো। তার মুখে মুচকি হাসি। ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকিয়ে আছে সে।

“আমাকে দুটো মিনিট সময় দাও,” বললো ম্যাকঅ্যালিস্টার। “তাড়াহুড়োর কিছু নেই,” হাত থেকে রোলেক্স ঘড়ি আর কাফলিং খুলে জিনিসগুলো টেবিলের ওপর রেখে আস্তে ক’রে বললো মেজর। “এগুলো ফেরত দিতে খারাপ লাগছে। আমার উপস্থিতিতে জিনিসগুলো বিশেষ মাত্রা যোগ করতো। কিন্তু সুটের দামটা তোমাকেই দিতে হবে, এডওয়ার্ড।”

“নিশ্চয়ই,” সম্মতি জানালো আন্ডারসেক্রেটারি, অন্যমনস্কভাবে। মেজর লিন ডেস্কের সামনের কালো লেদারের চেয়ারটায় ব’সে প্রায় এক মিনিট চুপ ক’রে থাকলো। কিন্তু চুপ ক’রে থাকাটা তার স্বভাবের বাইরে। “আমি কি কোনো সাহায্য করতে পারি, এডওয়ার্ড? যে ফাইলগুলো তুমি দেখছো সেগুলো কি আমাদের কাজটার সাথে সম্পর্কিত? সেগুলো কি আমাকে খুলে বলা যায়?”

“দুঃখিত লিন। এগুলো তেমন কিছু নয় যেমনটা তুমি ভাবছো।”

“দেরিতে হলেও এক সময় তোমাকে সবকিছু খুলে বলতে হবে। তুমি যেমনটা চেয়েছিলে আমরা সেভাবেই পরিস্থিতি সৃষ্টি করেছি।”

“আমি ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ীই হয়েছে।”

জেসন বর্ন তার পদ্ধতিতেই এগিয়েছিলো, এখন তোমাকে একজন হাত ভাঙা গার্ড আর দু’জন গার্ডের কাঁধের সমস্যার মেডিকেল ফি দিতে হবে। চতুর্থজন তো এতোই লজ্জিত যে কিছু বলতেই চাচ্ছে না।”

“বর্ন তার কাজে অত্যন্ত পারদর্শী।”

“সে একজন জ্বলজ্যান্ত মারণাস্ত্র, এডওয়ার্ড।”

“কিন্তু আমি ধরে নিচ্ছি তুমি তাকে ভালোভাবে সামলেছো।”

“প্রতিটি মুহূর্তেই আমার মনে হচ্ছিলো সে ঘরটা বোমা মেরে উড়িয়ে দিতে পারে। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। লোকটা একটা পিশাচ। কিন্তু তাকে ম্যাকাও থেকে দূরে রাখতে বলা হয়েছে কেন? এটা তার কাজে অদ্ভুত প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।”

“সে সব কাজ এখান থেকেই করতে পারবে, ম্যাকাও’তে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। খুনগুলোও সব এখানে হয়েছে। ওই নকল বর্নের ক্লায়েন্টরা ও নিশ্চয়ই এখানেই আছে, ম্যাকাও’তে নয়।”

“এটা কোনো জবাব হলো না।”

“আচ্ছা, জিনিসটাকে তাহলে অন্য দৃষ্টিতে দেখো। আর এর চেয়ে বেশি কিছু তোমাকে আমি বলতেও পারবো না। তুমি তো জানোই তাইপানের স্বল্পবয়সী স্ত্রী আর তার প্রেমিকের খুনের ঘটনাটি পুরোটাই আমাদের বানানো গল্প। এটাকে তুমি কি দৃষ্টিতে দেখছো?”

“অসাধারণ একটি চাল। প্রতিশোধের আগুন এমন একটা জিনিস যাকে কেন্দ্ৰ ক’রে অনেক অবাস্তব জিনিসও বাস্তবে রূপ দেয়া যায়। ‘চোখের বদলে চোখ, ‘ পুরো ঘটনাটা তুলে ধরতে এটুকুই যথেষ্ট।”

“তোমার কি মনে হয়, ওয়েব যদি জানতে পারে এর পুরোটাই মিথ্যা তবে সে করবে?”

“সে জানতে পারবে না। তুমিই তাকে বলেছো ঘটনাটা ধামাচাপা দেয়া হয়েছিলো।”

“তুমি ওর ক্ষমতাকে খাটো করে দেখছো। একবার ম্যাকাও’তে গেলে সে বের করেই ছাড়বে এই তাইপান আসলে কে। সে প্রত্যেকটি বেয়ারা আর পরিচারিকাকে প্রশ্ন করবে, ঘুষের লোভ দেখাবে নাহলে মারার হুমকি দেবে। সে লিজবোয়া হোটেলের প্রতিটি কর্মচারীকে ওই এলাকার প্রায় সব পুলিশকে ঘাটাবে, যতোক্ষণ না জানতে পারবে পুরো ঘটনাটিই মিথ্যা।”

“কিন্তু তার স্ত্রী আমাদের হাতে বন্দী, আর সেটা তো মিথ্যা নয়। সে আমাদের কথা মতো চলতে বাধ্য

“ঠিক, কিন্তু সমস্যাটা সেখানে না। সে যদি ম্যাকাও’তে গিয়ে ঘটনা ঘটাতে থাকে তাহলে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে পড়বে, সে সত্যি কথাটা জেনে যাবে। তার হাতে প্রমাণ এসে যাবে যে, সে তার গভর্নমেন্টের দ্বারা প্রতারিত হয়েছে।”

“কিভাবে?”

“কারণ এই মিথ্যা বানোয়াট গল্পটি তাকে স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসার বলেছে। আর সেই অফিসারটি হলাম আমি। তাই আমি চাই ম্যাকাও’র ইমিগ্রেশন কাউন্টারে সব সময় একজন লোক নজর রাখুক। এমন লোকদের ভাড়া করো যাদের ওপর আস্থা রাখা যায়। তাদের শুধু ওয়েবের ফটো দেবে কিন্তু কোনো তথ্য দেবে না। বলবে তাকে দেখরা সাথে সাথে যেনো তোমাকে ফোন ক’রে জানিয়ে দেয়া হয়।”

“এটা করা কোনো ব্যাপার না। আর আমার মনে হয় না সে কোনো ঝুঁকি নেবে। সে জানে সে বেকায়দায় পড়েছে। একটা ভুল চাল চাললেই তার স্ত্রী মরবে। সে এরকম কোনো ঝুঁকি নিতে পারে না।”

“আর আমরাও কোনো চান্স নিতে পারি না। সত্যি কথা বলতে কি, সে যদি ম্যাকাও’র দিকে যায় তাহলে আমরা বড় বিপদে পড়ে যাবো। সে হয়ে উঠতে পারে আমাদের জন্যে বিরাট একটা বোঝা।”

“তখন কি তাকে খতম ক’রে দেয়া হবে?” মেজর সরাসরি জানতে চাইলো।

“এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না।”

“আমার মনে হয় না ও সেদিকে যাবে। আমি তাকে যথেষ্ট প্রভাবিত করেছি। আমি চেয়ারে বাড়ি মেরে চেঁচিয়ে বলেছি, ‘আপনার স্ত্রী মারা পড়বে।’ আর সে আমার কথা বিশ্বাস করেছে। আমার আসলে অপেরা’তে প্রশিক্ষণ নেয়া উচিত ছিলো।”

“তুমি বেশ ভালো কাজ করেছো।”

“এটা আকিম তামিরোফের অভিনয়ের পর্যায়ে পড়ে।”

“কে?”

“কিছু না, বাদ দাও! আমি শুনেছিলাম সাদা লোকেরা বলে চীনাদের বুদ্ধি কম, ওদের সব কথা বলা ঠিক না। এ কারণেই কি পুরো ঘটনাটা আমাকে খুলে বলা যাচ্ছে না?”

“গুড লর্ড, ব্যাপারটা তা নয়!”

“আমি এখনও জানি না আমাদের আসল উদ্দেশ্য কি! আমরা একটা লোককে নিয়ন্ত্রণে আনলাম যে একজন খুনিকে ধরে আনবে। সেই খুনি আবার তাকেই নকল করছে। কিন্তু শুধুমাত্র এর জন্য লোকটির স্ত্রীকে কিডন্যাপ করা, আমাদেরকে এর মধ্যে জড়িয়ে ভয়ংকর এই খেলা শুরু করাটা আমার কাছে ধাঁধালো ঠেকছে। লন্ডন থেকেও বলা হচ্ছে ‘নির্দেশ মেনে চলো, নিজের মুখ বন্ধ রাখো।’ আমি মনে করি, আমাদেরকে বিষয়টা আরো পরিষ্কার ক’রে বলা উচিত। কারণ না জেনেশুনে স্পেশাল ব্রাঞ্চ এতো বড় দায়িত্ব কাঁধে নিতে পারে না।”

“এই মুহূর্তে দায়িত্ব সম্পূর্ণ আমাদের, আর সব সিদ্ধান্তও আমরা নিচ্ছি। লন্ডনের এতে সম্মতি আছে। বিষয়টা ফাঁস করার মতো সময় এখনও আসে নি। লন্ডনও তাই মনে করে।” ম্যাকঅ্যালিস্টার সামনে ঝুঁকে কথাগুলো বললো।

“যাই হোক। আমি জানি তুমি একজন বৃলিয়ান্ট অ্যানালিস্ট। আশা করি তুমি যা করছো বুঝে শুনেই করছো।”

“ধন্যবাদ তোমাকে।”

“তুমি যেমনটা চেয়েছিলে তা আজ রাতেই করা হয়েছে। খুব শিগগিরই জানতে পারবে তোমার পুনরুজ্জীবিত শিকারীর শিকার করার ক্ষমতা আগের মতোই আছে নাকি ফুরিয়ে গেছে। বর্নের বিপজ্জনক যাত্রা আজ থেকেই শুরু হচ্ছে।”

“তার মানে তাকে নামগুলো দেয়া হয়েছে?”

“হংকং ম্যাকাও’র আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক নামগুলো। এরা উপর মহলের হয়ে সবগুলো ডিল আর কনট্যাক্টদের সাথে যোগাযোগ করে। এরাই সবকিছু নিয়ন্ত্রণ করে। এ অঞ্চলের কেউ যদি সেই নকল বর্ন সম্পর্কে কিছু তথ্য দিতে পারে, তা হলে এরাই সেটা দিতে পারবে।”

“বেশ, তাহলে এখন আমাদের দ্বিতীয় ধাপ শুরু করতে হবে,” বললো ম্যাকঅ্যালিস্টার তার ঘড়ির দিকে তাকিয়ে। “আরে এতোটা সময় পার হয়ে গেছে আমি বুঝতেই পারি নি। এমনিতেই তোমার আজকে অনেক খাটুনি গেছে। ঘড়ি আর কাফলিং আজ রাতে ফেরত না দিলেই তো পারতে।”

“সেটা জানতাম।”

“তাহলে আসলে কেন?”

“যদিও তোমার ওপর চাপ সৃষ্টি করতে চাই না, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। এমন একটা সমস্যা যা আমরা আগে ভেবে দেখি নি।”

“সেটা কি?”

“মহিলাটি মনে হয় অসুস্থ। আর ফোনে কথা বলার সময় তার স্বামী সেটা আঁচ করতে পেরেছে। প্রথম থেকেই সে একদমই খাওয়া দাওয়া করছিলো না।”

“তুমি কি বলতে চাইছো সে গুরুতর অসুস্থ?”

“সেই সম্ভাবনাকেও বাতিল ক’রে দেয়া যায় না, ডাক্তার তা বাতিল করতে পারে নি।”

“ডাক্তার?”

“আমি তোমাকে বিরক্ত করতে চাই নি। কয়েকদিন আগে আমি আমাদের একজন মেডিকেল স্টাফকে ডাকি চিন্তা কোর না, সে সম্পূর্ণ বিশ্বস্ত ডাক্তারের ধারণা তার সমস্যা মানসিক চাপ বা ডিপ্রেশান থেকে হয়েছে। এমনকি ভাইরাস থেকেও হতে পারে, তাই তাকে অ্যান্টিবায়োটিক আর ট্র্যাঙ্কুইলাইজার দেয়া হয়। কিন্তু এতে তার কোনো উন্নতি হয় নি। উল্টো অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে আবোল-তাবোল বকতে শুরু করে। মহিলাটি আর আগের মতো নেই, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি।”

“বুঝতে পারছি,” বললো আন্ডারসেক্রেটারি, তার চোখের পাতা দ্রুত পড়ছে, তার মুখ হা হয়ে আছে। “আমরা কি করতে পারি?”

“ডাক্তার বলছে তাকে এখনই হাসপাতালে ভর্তি করানো দরকার, টেস্ট করানোর জন্য।

“কিন্তু সেটা সম্ভব না, একেবারেই সম্ভব না।”

চাইনীজ ইন্টেলিজেন্স অফিসারটি উঠে ধীরে ধীরে ডেস্কের দিকে এগোলো। “এডওয়ার্ড,” সে শান্তভাবে বলতে শুরু করলো, “আমি জানি না এই অপারেশনের মূল উদ্দেশ্য কি, কিন্তু ছোটোখাটো উদ্দেশ্যগুলোকে এক করে আমি সামান্য ধারণা করতে পারি। আর একটা জিনিস ভেবে আমি সত্যিই ভয় পাচ্ছি, তাই তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি ডেভিড ওয়েবের কি হবে যদি তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে যায়? জেসন বর্নেরই বা কি হবে যদি মহিলাটি মারা যায়?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *