বর্ন সুপৃমেসি – ৭

অধ্যায় ৭

ব্ল্যাক কফি ককলিনের মাতলামো কিছুটা কমিয়ে আনলো, কিন্তু ততোটা না যতোটা ডেভিড আশা করেছিলো। সাবেক জেসন বর্ন তার অতীতের সবচেয়ে ভয়ংকর শত্রুর প্রতিভাকে যে সম্মান করতো তা তাকে জানালো। তারা ভোর চারটা পর্যন্ত কথা বললো, যতোটা সম্ভব চেষ্টা করলো একটা অস্পষ্ট পরিকল্পনাকে বাস্তবিক রূপ দিতে। অ্যালকোহলের নেশা ছুটে যাওয়ার সাথে সাথে ককলিনও কার্যকর রূপে ফিরে এসে ডেভিডের অস্পষ্ট ধারণাকে একটা ফ্রেমের ভেতর বসানোর চেষ্টা করলো।

“তুমি এমন একটা সংকট আমার সামনে তুলে ধরেছো যার সমাপ্তি ঘটেছে মেরির অপহরণের মাধ্যমে। তারপর সেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসলে এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু যেমনটা তুমি বলেছো, আমাদেরকে খুব দ্রুত কাজ করতে হবে, যাতে তারা কিছু বুঝে ওঠার আগেই একটা বড় ধাক্কা খায়।”

“প্রথমে যা সত্যি সত্যি ঘটেছে তা নিয়ে চিন্তা করো। আমি এখানে এসেছিলাম তোমাকে মারার ভয় দেখাতে। ম্যাকঅ্যালিস্টারের আগমন থেকে শুরু ক’রে বাবককের সেই কথা যে, আমাকে মারতে সে একটা ঘাতক দল পাঠাবে, আর ফোনে সেই হুমকি যে, মেডুসা নিয়ে বাড়াবাড়ি করলে তারা আমাকে উন্মাদ প্রমাণ করবে, এই সবকিছুই আমার অভিযোগের ভেতরে পড়ে, সবকিছুই একটা জালের মতো জোড়া লাগানো মনে হচ্ছে। এর কোনোটাই অস্বীকারও করা যাবে না। এগুলো সত্যিই ঘটেছে আর তাই আমি মেডুসাকে ফাঁস করার হুমকি দিয়েছিলাম।”

“কিন্তু তারপরই ওরা তোমাকে নিয়ে মিথ্যা গল্প ফাঁদতে শুরু করে, হুমকি দেয়া শুরু করে। নিশ্চয়ই ওরাও একটা সমস্যার মুখোমুখি হয়েছে।”

“যেমন?”

“আমি এখনও জানি না। আমাদেরকে এ নিয়ে আরো ভাবতে হবে। সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু একটা ঘটেছে, এমন কিছু যা মূল পরিকল্পনাকারীদেরকে বেকায়দায় ফেলে দিয়েছে, তারা যেই হোক না কেন—প্রতিটি ঘটনাই আমার মধ্যে এই অনুভূতি জাগাচ্ছে যে, তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তারা প্রথমে ম্যাকঅ্যালিস্টারকে পাঠায় মূল পরিকল্পনার অংশ হিসেবে, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এখন তা অস্বীকার করছে। আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে তাদের মধ্যে থেকে কেউ না কেউ যোগাযোগের চেষ্টা করবে আবার।”

“তাহলে, তোমার নোটবুক বের করো,” জোর দিয়ে বললো ডেভিড। “এমন পাঁচ ছয়জনের কাছে পৌঁছানোর চেষ্টা করো যারা সম্ভাব্য এর পেছনে থাকতে পারে।”

“তা করতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লাগতে পারে,” অসম্মতির ভঙ্গিতে বললো সি.আই.এ’র অফিসার। “তাদের আশেপাশে এখন অনেক বাধা থাকবে, আমাকে তা ডিঙিয়ে যেতে হবে। আমাদের কাছে অতো সময় নেই, তোমার হাতেও তো সময় নেই।”

“সময় থাকতেই হবে! এখনই কাজে নেমে পড়ো।”

“আরো ভালো উপায় আছে,” পাল্টা জবাব দিলো ককলিন। “পানোভই তোমাকে সেটা দিয়েছে।”

“মো?”

“হ্যাঁ। স্টেটের লগগুলো, অফিসিয়াল লগ, তোমার রেকর্ড।”

“লগ…?” বিষয়টা ওয়েবের মাথায় ছিলো না। কিন্তু ককলিন ভোলে নি। “সেগুলো কিভাবে কাজে আসবে?”

“ওখান থেকেই ওরা তোমার ওপর নতুন ফাইল বানানো শুরু করে। আমি ইন্টারনাল সিকিউরিটির কাছে ভিন্ন আরেকটি গল্প নিয়ে যাবো, এমন কিছু বানিয়ে বলবো যা ওদেরকে আমার সাথে যোগাযোগ করতে বাধ্য করবে। এতে কাজ হবে… কিন্তু ঠিক কি বানিয়ে বলবো আগে সেটা ঠিক করে নিতে হবে।”

“অ্যালেক্স, তুমি কিছুক্ষণ আগে ‘নিয়ন্ত্রণের বাইরে’ শব্দটি ব্যবহার করেছিলে। কেননা আমরা ওটারই সদ্ব্যবহার এখানে করি। তারা বলছে আমি মানসিক ভারসাম্যহীন একজন সিজোফ্রেনিক রোগি, আমি কল্পনায় বাস করি, মাঝে মাঝে সত্যি বলি, মাঝে মাঝে বলি মিথ্যা। সত্য-মিথ্যার পার্থক্যও আমি বুঝতে পারি না।”

“ওরা তো তাই বলছে,” বললো ককলিন। “ওদের কেউ কেউ হয়তো এটা বিশ্বাসও করে। তাতে কি?”

“আমরা ওদের কথাগুলোই কাজে লাগাচ্ছি না কেন? আমরা বলবো মেরি পালিয়ে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছে, আমি তার সাথেই দেখা করতে যাচ্ছি।”

অ্যালেক্স অবাক হয়ে শুনলো, তার চোখ বড় বড় হয়ে গেছে, চোখ থেকে ঘুমের রেশ কেটে গেছে এখন।

“অসাধারণ” আস্তে ক’রে বললো সে। “হায় ঈশ্বর, এটা তো আসলেই অসাধারণ। তাদের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হবে তা ঝড়ের বেগে ছড়িয়ে পড়বে। যে কোনো অপারেশনে খালি দু’থেকে তিনজন লোক এতো গভীরের খবর জেনে থাকে। বাকিদেরকে অন্ধকারে রাখা হয়। আর এটাতো এক ধরণের অফিসিয়াল কিডন্যাপিং। মূল পরিকল্পনাকারীরা হয়তো ভয় পেয়ে নিজেদেরকে বাঁচানোর সব চেষ্টাই করবে। খুব ভালো, মি: বৰ্ন।”

“শোনো,” সে বলতে থাকলো। “আমরা দু’জনেই ক্লান্ত। আর আমরা এও জানি আমরা কোন্ দিকে এগোচ্ছি, এখন কয়েক ঘণ্টা ঘুমিয়ে নেয়া যাক, সকাল হলেই আমরা কাজে নেমে পড়বো। তুমি, আমি দু’জনেই বহু বছর আগেই শিখেছি যে একদম না ঘুমানোর চেয়ে হাল্কা ঘুমিয়ে কাজে নামা ভালো।”

“তুমি কি হোটেলে ফেরত যাবে?” জানতে চাইলো ককলিন।

“মাথা খারাপ, এখন গিয়ে কাজ নেই,” জবাব দিলো ডেভিড।

“আমাকে শুধু একটা চাদর জোগাড় ক’রে দাও, আমি এই বারের সামনেই থাকছি।”

ককলিন সোফা থেকে উঠে একটা আলমারির দিকে গেলো চাদর নিতে। তাক থেকে একটা বালিশ আর একটা চাদর হাতে নিয়ে ককলিন ঘুরে দাঁড়ালো।

“তুমি ঘুমাও, সোফটা বড় আছে। আমি কিছু খেতে চাচ্ছি। আমাকে আরো কিছুক্ষণ ভাবতে হবে।”

“তোমার ঘুমানো দরকার।”

“আমি পরে পুষিয়ে নেবো। এখন খাওয়াটা সেরে নেই।”

.

আলেক্সান্ডার ককলিন স্টেট ডিপার্টমেন্টের চারতলার করিডোর দিয়ে হেটে চলেছে। তার খোড়ানোর সমস্যাকে সে সম্পূর্ণ অগ্রাহ্য করছে, তার মনের ভেতর জেগে ওঠা নব্য দৃঢ়তা তার পায়ের পীড়াকে পাত্তাই দিচ্ছে না। সে জানে তার ভেতরে কি হচ্ছে তার সামনে এমন একটি কাজ আছে যা সে খুব ভালোভাবে করতে চায়, সম্ভব হলে অসাধারণভাবে, যদিও শব্দটা তার ক্ষেত্রে অনেক দিন খাটে নি। হে ইশ্বর, জীবন কি অদ্ভুত! এক বছর আগে সে জেসন বর্নকে ধ্বংস করার জন্যে উদগ্রীব ছিলো, আর আজ হঠাৎ ক’রে সে ডেভিড ওয়েবকে সাহায্য করতে মরিয়া হয়ে উঠেছে—কারণ জেসন বর্নকে হত্যার উদ্দেশ্যে যে সকল আক্রমণ হয়েছিলো তার সবই গড়ে উঠেছিলো তার ভুল সিদ্ধান্তের ওপর ভিত্তি ক’রে। হয়তো এই কাজটা তাকে তার আগের সম্মান ফিরিয়ে দেবে। হয়তো সকল গ্লানি থেকে মুক্তি দেবে তাকে। কিন্তু এর পেছনে যে ঝুঁকি আছে তা তাকে নিতেই হবে।

তার মনে হচ্ছে আজ তাকে ভালো দেখাচ্ছে। ইচ্ছে করেই বসন্তের শীতল হাওয়া গায়ে লাগিয়ে প্রয়োজনের চেয়ে বেশি পথ সে হেটে এসেছে। তার শরীরের রঙ অনেকটা ফিরে এসেছে যা অনেক বছর ধরেই দেখা যায় নি। এরপর ক্লিন শেভ করা মুখ আর পিনস্ট্রাইপ সুট পরার কারণে গতরাতে ওয়েব যে ককলিনকে দেখেছে তার সাথে সামান্যই মিল পাওয়া যাচ্ছে আজ। বাকিটা তার অভিনয়ের উপর নির্ভর করবে, সে নিজেও সেটা জানে। ধীরে ধীরে সে স্টেট ডিপার্টমেন্টের ইন্টারনাল সিকিউরিটি চিফের দরজার দিকে এগোলো।

আরুষ্ঠানিকতা সারতে অল্প কিছু সময় নষ্ট হলো। এরপর মুখোমুখি হলো গম্ভীর আর কড়া মেজাজের আর্মি জি-২’র সাবেক বৃগেডিয়ার, ইন্টারনাল সিকিউরিটি চিফের। অ্যালেক্স তার প্রথম কথাগুলো দিয়েই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করলো।

“আমি এখানে কোনো অভ্যন্তরীণ কূটনৈতিক মিশন নিয়ে আসি নি, জেনারেল সাহেব, আপনি তো জেনারেল, তাই না?”

“হ্যাঁ, আমাকে এখনও ওই নামেই ডাকা হয়।”

“আমি কূটনীতির তোয়াক্কা করি না, আপনি আমার কথা বুঝতে পারছেন?”

“আপনাকে আমার ভালো লাগছে না। হ্যা, আমি আপনার কথা বুঝতে পারছি।”

“তাতে আমার কিছু যায় আসে না,” ককলিন বলতে থাকলো। “যে বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ তা হলো ডেভিড ওয়েব নামের একটি লোক।”

“তার আবার কি হলো?”

“কি হলো? তার নাম আপনি এই প্রথম শুনেই চিনে ফেললেন, আশ্চর্য! ভেতরে ভেতরে কি ঘটছে, বলুন তো জেনারেল?”

“তা জানা আপনার আওতায় পড়ে না।”

“আমি জবাব চাই, করপোরাল। এই অফিসে আপনাকে সেজন্যেই রাখা হয়েছে।”

“নিজের সীমার মধ্যে থাকুন, ককলিন। আপনি যখন আপনার এমারজেন্সি লাইন দিয়ে আমাকে ফোন করেন আমি সেটা তেমনভাবে গায়ে লাগাই নি। কারণ আপনি একজন পাড় মাতাল, উচ্ছন্নে যাওয়া ব্যক্তি, সে বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। আপনার জগৎ জোড়া খ্যাতিকে আজকাল সামান্য লোকেই পরোয়া করে। আমি একটা ভালো উপদেশ দিচ্ছি, মন দিয়ে শুনুন। আপনার যা বলবার তা এক মিনিটের মধ্যে বলে এখান থেকে ফুটুন। না হলে আপনাকে আমি ছুড়ে ফেলে দেবো, আর জানালা দিয়ে ফেলবো নাকি সিঁড়ি দিয়ে ফেলবো তা আপনিই ঠিক ক’রে নেবেন।”

ককলিন হিসেব করেই রেখেছিলো যে, উত্তেজিত জেনারেল তার মাতলামো নিয়ে মন্তব্য করতে পারে, মনে মনে সেও এরকমটি চাইছিলো। সে জেনারেলের চোখের দিকে তাকালো, শীতল অথচ বিনীতকণ্ঠে বলতে লাগলো। “জেনারেল, আপনি আমার বিরুদ্ধে যে ব্যক্তিগত মন্তব্য করলেন তা আমি এক কথায় জবাব দেবো, তার আগে বলে নেই, আপনি যা বললেন তা অন্যদের কানেও পৌছুতে পারে। আর আমি জানি কথাটা কার মুখ দিয়ে বেরিয়েছে, সময় হলে এজন্সিও তা জানবে।” ককলিন থামলো, তার চোখ পরিস্কার, যেনো জেনারেলের মস্তিষ্ক ভেদ ক’রে ঢুকতে চেষ্টা করছে। “আমরা প্রায় সময়ই কর্তব্যের খাতিরে নিজেদের মেন ভাবমূর্তি তৈরি করি যার ভেতরের কারণ আমরা প্রকাশ করার ক্ষমতা রাখি না। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলছি?”

“ঠিক আছে, ঠিক আছে। হয়তো আমার ওসব মন্তব্য করা ঠিক হয় নি, কিন্তু আমি আপনাকে বলছি, আপনারই একজন ডেপুটি ডিরেক্টর আমাকে আপনার মাতলামির কথা বলেছিলো।”

“আমি তার নামও জানতে চাই না, জেনারেল, কারণ তাতে সে আমার হাসির পত্রে পরিণত হবে। আপনার অবগতির জন্যে জানাচ্ছি, আমি মদ খাই না। যাকগে, ডেভিড ওয়েবের কথায় ফেরা যাক,” তীক্ষ্ণ কণ্ঠে ককলিন বললো।

“সমস্যাটা কোথায়?”

“সমস্যাটা আমার জীবর নিয়ে, সোলজার। ভেতরে ভেতরে কিছু একটা ঘটছে, আমি সেটাই জানতে চাই! ঐ কুত্তার বাচ্চা গতরাতে আমার অ্যাপার্টমেন্টে ঢুকে আমাকে হত্যা করার হুমকি দিয়ে গেছে। সে আপনাদের বেশ কয়েকজন লোকের উপর—যেমন হ্যারি বাবকক, স্যামুয়েল টিজডেল, উইলিয়াম ল্যানিয়ার —এদের ওপর অভিযোগ এনেছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি এরা আপনাদের কভার্ট ডিভিশনে আছে, এখনও প্র্যাকটিস করে যাচ্ছে। এরা আসলে কি করেছে? একজন নাকি তাকে হুমকিও দিয়েছে যে, আপনারা তাকে মারার জন্য একটা ঘাতক দল পাঠাবেন! এসব কি ধরনের কথা? আরেকজন তাকে বলেছে হাসপাতালে ফিরে যেতে, সেটাই তার আসল জায়গা। তার হাতে কিছু গোপন তথ্য আছে যা আমাদের কেউই চায় না ফাঁস হোক। কিন্তু সে এখন সেগুলো ফাঁস করার হুমকি দিচ্ছে, কারণ আপনাদের মতো ইডিয়েটরা কোথাও কোনো গোলমাল পাকিয়েছেন! সে দাবি করছে তার কাছে প্রমাণ আছে, সবকিছুই আপনাদের সাজানো, সবকিছুর জন্যেই আপনারা দায়ি!”

“কি প্রমাণ?” হতভম্ব জেনারেল প্রশ্ন করলো।

“সে তার স্ত্রীর সাথে কথা বলেছে,” একঘেয়ে কণ্ঠে বললো ককলিন।

“তো?”

“তার স্ত্রীকে দু’জন লোক অজ্ঞান ক’রে তাদের বাড়ি থেকে একটি প্রাইভেট জেটে করে তুলে নিয়ে গেছে। তাকে পশ্চিম উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে।”

“আপনি বলতে চাইছেন তাকে কিডন্যাপ করা হয়েছে?”

“ঠিক তাই। আর যে কথাটা আপনার গিলতে কষ্ট হবে তা হলো তার স্ত্রী ওই লোক দুটোকে পাইলটের সাথে কথা বলতে শুনে ফেলেছে, আর এই পুরো নোংরা বিষয়টা যে, স্টেট ডিপার্টমেন্টের সাথে কোনো না কোনোভাবে জড়িত তা বুঝে গেছে। কোনো অজানা কারণে সে ‘ম্যাকঅ্যালিস্টার’ নামটি উচ্চারণ করেছিলো। আপনার অবগতির জন্য জানাচ্ছি, ইনি সুদূর প্রাচ্যে দায়িত্ব পালনরত আপনাদের অন্যতম একজন আন্ডার সেক্রেটারি।”

“অসম্ভব।”

“কতোটা অসম্ভব তা আপনি পরে বুঝবেন। আরো ভালো খবর হচ্ছে তার স্ত্রী সানফ্রানসিসকোতে রিফুয়েলিংয়ের সময় পালিয়ে গেছে। ঠিক তারপরই সে ওয়েবের সাথে মেইন-এ যোগাযোগ করেছে। সঙ্গে সঙ্গেই ওয়েব তার সাথে দেখা করার জন্যে রওনা হয়ে গেছে, ঈশ্বরই জানেন সে কোথায় যাচ্ছে! এখন আপনারা আত্মপক্ষ সমর্থনের জন্য ভালো জবাব তৈরি ক’রে রাখুন, তা না হলে কোনো রকম কিডন্যাপিং হয় নি সেটা বোঝানোর জন্যে তাকে পাগল এবং নিজের স্ত্রীকে হত্যা করেছে এমন অভিযোগে অভিযুক্ত করতে হবে। আমি অবশ্য আশা করি আপনারা সেটা করতে পারবেন।”

“আমি লগের রেকর্ড পড়েছি,” চিৎকার করে বললো ইন্টারনাল সিকিউরিটির চিফ। “আমাকে সেটা পড়তে হয়েছে, কারণ গতকাল রাতেও একজন ফোন ক’রে ওয়েবের ব্যাগারে খোঁজ নিয়েছে। জানতে চাইবেন না তিনি কে, কারণ আমি সেটা বলতে পারবো না।”

“এসব হচ্ছেটা কি?” সামনে ঝুঁকে তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইলো ককলিন।

“সে বদ্ধ পাগল। আর কি বলতে পারি? সে নিজে নিজে গল্প বানায় আর সেসব বিশ্বাস করতে শুরু করে!”

“কিন্তু গভর্নমেন্ট ডাক্তারেরা কখনও তা বলে নি,” শীতল কণ্ঠে বললো ককলিন। “আমি এ বিষয়ে কিছু খবর জানি।”

“আমি কিচ্ছু জানি!”

“আপনার জানার কথাও নয়,” বললো অ্যালেক্স। “কিন্তু ট্রেডস্টোন অপারেশনের একজন জীবিত সদস্য হওয়ার অধিকারে আমি চাই আপনি তাদের কারো সাথে যোগাযোগ করুন, যে আমাকে সঠিক তথ্য দিয়ে আমার উত্তেজিত মস্তি স্ককে শান্ত করতে পারবে।”

ককলিন একটা ছোটো নোটবুক আর বলপেন বের ক’রে একটা নাম্বার লিখে কাগজটা ছিড়ে টেবিলের ওপর রাখলো। এটা একটা বিশেষ নাম্বার। এর মাধ্যমে ফোন কল ট্রেস করা যায় না। “আজকে এটা তিনটা থেকে বারোটার মধ্যে ব্যবহার করা হবে, অন্য সময়ে হবে না। এই সময়ের মধ্যে কাউকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। আমি জানতে চাই না লোকটা কে বা কিভাবে আপনি কাজটা করবেন। শুধু মনে রাখবেন, আমার জবাব চাই—আমদেরকে জবাবটা জানতেই হবে!”

“আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন!”

“বেশ তো, তা পড়লামই। কিন্তু যেমনটা চাচ্ছি তা না হলে আপনাদের ভালো সময়ও বেশিক্ষণ টিকে থাকবে না, কারণ আপনারা আপনাদের সীমা অতিক্রম করে ফেলেছেন।”

.

ডেভিড কিছুটা নিশ্চিত বোধ করছিলো, যদিও তার অনেক কাজ বাকি আছে। ককলিন ল্যাঙ্গলে’র উদ্দেশ্যে রওনা দিলে সেও হোটেলে ফিরে আসে। সে তার কাজগুলোর একটা তালিকা তৈরি করে ফেললো। প্রথম দিকে গৌণ, আর শেষের দিকে মুখ্য কাজগুলো। কিন্তু সে তাতে মন বসাতে পারলো না, সে অ্যালেক্সর ব্যাপারেও ভাবতে পারছে না। কতো কিছুই না ঘটতে পারে সেদিকে। কিন্তু সে একটা ফোন ক’রে খোঁজও নিতে পারছে না। ককলিন অত্যন্ত ধূর্ত, সবার চেয়ে সেরা। এই প্রাক্তন কৌশলপ্রণয়নকারী প্রতিটি ক্রিয়া-প্রতিক্রিয়া খুঁটিয়ে দেখেছে। তার প্রথম অনুমান ছিলো, চিফ ইন্টারনাল সিকিউরিটির সাথে তার যোগাযোগের কয়েক মিনিটের মধ্যেই বিষয়টা অনেকের কানে পৌঁছে যাবে, তারপর দুটো ফোনকে বিশেষ নজরদারিতে রাখা হবে। দুটো ফোনই তার নিজের। একটি তার অ্যাপার্টমেন্টের আর অন্যটি ল্যাঙ্গলে’র অফিসের। এ কারণে সে আর অফিসে গেলো না, সিদ্ধান্ত নিলো হংকংয়ের ফ্লাইটের ৩০ মিনিট আগে ডেভিডের সাথে এয়ারপোর্টেই দেখা করবে।

“তুমি মনে করছো তোমাকে এ পর্যন্ত কেউ অনুসরণ করে নি?” ওয়েবকে সে বলেছিলো। “আমি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত নই। তারা তোমাকে নজরদারী করছে।”

“তুমি কি ইংরেজি অথবা মান্দারিনে কথা বলবে? আমি ওটা সামলাতে পারবো, কিন্তু তোমার এই সব ঘোড়ার বিষ্ঠাকে নয়।”

“তোমার বিছানার নীচে তারা হয়তো কোনো মাইক্রোফোন রেখে দিতে পারে। অবশ্য আমার মনে হচ্ছে না তোমার অজান্তে সেটা তারা করতে পারবে।” ডালেস এয়ারপোর্টের লাউঞ্জে দেখা করার আগে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হবে না। ওয়েব ওয়ামিঙ্গ এভিনিউর একটি লাগেজ স্টোরের ক্যাশিয়ার কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। সে তার সুটকেস বাদ দিয়ে একটা একটা বড়সড় ফ্লাইট ব্যাগ কিনেছে। নিজের পরিচয়কে যতোটা সম্ভব আড়াল করা প্রয়োজন ব’লে ইকোনমি ক্লাসের টিকিট কিনেছে ডেভিড। অপরদিকে সে জানে যেখানেই যাক না কেন তাকে অনেক কিছু কিনতে আর জন্যে দরকার প্রচুর অর্থের। তাই তার পরবর্তী গন্তব্য হলো ফরটিস্থ স্টটের একটি ব্যাংক।

ডেভিড যখন তার স্মৃতি হারিয়ে ফেলে গভর্নমেন্ট ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন ছিলো, মেরি তখন সবার অগোচরে দ্রুত জুরিখের গেইমেনশা ব্যাংক এবং প্যারিসের জেসন বর্নের সব টাকা উঠিয়ে ফেলে, তারপর কেইমান আইল্যান্ডে মেরির পরিচিত এক কানাডিয়ান ব্যাংকারের মাধ্যমে তাদের একটি একটি গোপন অ্যাকাউন্ট তৈরি করে সব টাকা সেখানে জমা করা হয়।

কোথাও ঘুরতে যাওয়া, অথবা গাড়ি কিংবা বাড়ি কেনার জন্যে যখনই বাড়তি টাকার দরকার হতো, ডেভিড আর মেরি তাদের কেইমান আইল্যান্ডের ব্যাংকারকে ফোন করলে ইলেক্ট্রনিক পদ্ধতিতে তাদের টাকা ইউরোপ, আমেরিকা, প্যাসিফিক আইল্যান্ড, অথবা সুদূর প্রাচ্যের পাঁচ ডজন অ্যাকাউন্টের যেখানে দরকার সেখানে টাকাগুলো পাঠিয়ে দিতো।

ওয়ামিঙ্গ এভিনিউর একটি পে-ফোন থেকে সে তার ব্যাংকারকে ফোন করলে তার হঠাৎ এতো বিপুল অঙ্কের টাকার জরুরি প্রয়োজন শুনে বন্ধু ব্যাংকার কিছুটা অবাক হয়ে গেলো। এই বিশাল ফান্ডটি সে হংকংয়ে দ্রুত পাঠানোর ব্যবস্থা করতে বললো। পে-ফোন থেকে কলটি করতে তার খরচ হলো আট ডলার, আর তা দিয়ে সে আধ মিলিয়ন ডলারের ব্যবস্থা ক’রে ফেললো।

ওয়েব ফরটিস্থ স্ট্রটের কাঁচের দরজাটা দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকলো। ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে বিরক্তিকর বিশটি মিনিট কাটিয়ে ওয়েব অবশেষে ৫০০০০ ডলার নিয়ে বের হয়ে এলো, যার মধ্যে চল্লিশটি ৫০০ ডলারের নোট আর বাকি টাকা বিভিন্ন নোটে মেশানো।

তারপর একটা ক্যাব ডেকে উত্তর পশ্চিম দিকের ডি.সি অ্যাপার্টমেন্টগুলোর উদ্দেশ্যে রওনা হলো, সেখানে এমন একজন লোক থাকে যাকে সে জেসন বর্ন হওয়ার সময় থেকে চেনে, এমন একজন, যে কিনা ট্রেডস্টোন সেভেনি-ওয়ান’র জন্যে অসাধারণ সব কাজ করেছিলো। লোকটি রূপালি চুলের একজন কৃষ্ণাঙ্গ, যে আসলে একজন ট্যাক্সি ড্রাইভার ছিলো। সেটা অবশ্য অনেক বছর আগের কথা, আর তারপর এই ড্রাইভার হঠাৎ করেই তার সুপ্ত প্রতিভার পরিচয় পেয়ে যায়। সহজ কথায় সে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আর ফটোযুক্ত আইডি কার্ড পরিবর্তন বা জাল করার ক্ষেত্রে একজন জিনিয়াস। ডেভিড তাকে ভুলেই গিয়েছিলো কিন্তু মো’র সম্মোহন চিকিৎসার মাধ্যমে ‘ক্যাকটাস’ নামটা তার মাথায় আসে। পরে মো’ই তাকে ভার্জিনিয়াতে নিয়ে আসে ডেভিডের স্মৃতিকে একটু চাঙ্গা করতে। অস্বাভাবিক শোনালেও সে পানোভের কাছে প্রতি সপ্তাহে ডেভিডের সাথে দেখা করার অনুমতি চেয়েছিলো।

“কেন, ক্যাটটাস?” জানতে চেয়ে ছিলো মো পানোভ।

“সে খুব কঠিন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, স্যার। আমি তার চোখ দেখেই তা বুঝেছি। তার কিছু একটা হারিয়ে গেছে, কিছু একটা তার জীবনকে অসম্পূর্ণ ক’রে রেখেছে। কিন্তু তাসত্ত্বেও সে একজন ভালো মানুষ। আমি তার সাথে কথা বলতে চাই। আমি তাকে পছন্দ করি, স্যার,” সে বলেছিলো।

ওয়েব ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারকে অনুরোধ করলো তার জন্য অপেক্ষা করতে, কিন্তু ড্রাইভার রাজি হলো না। ডেভিড খুচরো টাকাগুলো টিপ্‌স হিসেবে দিয়ে পুরনো বাড়িটার পাথর বিছানো পথ ধরে এগিয়ে গেলো। বাড়িটা দেখে মেইনে তাদের নিজেদের বাড়িটার কথা মনে পড়ে গেলো তার। দরজার পাশে রাখা বেল চাপলো ডেভিড।

দরজা খুলে ক্যাকটাস চোখ কুঁচকে তাকে দেখে ঠিক সেভাবেই স্বাগত জানালো যেভাবে বহু বছর আগে সে জানাতো। “তোমার কথা আমার খুব মনে পড়ে। আমাকে ফোন করো নি কেন?”

“তোমার নাম্বার লিস্টে নেই, ক্যাকটাস।”

“রাখা উচিত ছিলো।”

তারা বেশ কিছুক্ষণ ক্যাকটাসের রান্নাঘরে গল্প করলো, আর তার মধ্যেই এই ফটোগ্রাফার উপলব্ধি করতে পারলো ডেভিডের খুব তাড়া আছে। লোকটা ডেভিডকে তার স্টুডিও’র ভেতর নিয়ে গিয়ে ওয়েবের তিনটি পাসপোর্ট একটি ল্যাম্পের নীচে রেখে ভালোভাবে পর্যবেক্ষণ করে ডেভিডকে তার ক্যামেরার সামনে বসতে বললো।

“বেশ, আমরা চুলগুলোকে হালকা ধূসর করতে পারি, কিন্তু সোনালী ধাঁচের হবে না, যেমনটা তোমার প্যারিসে ছিলো। ধূসর রঙটি লাইটিং বদলিয়ে কিছুটা হেরফের করা যাবে, একই ছবি কিছুটা পরিবর্তন ক’রে ব্যবহারও করা যাবে। চেহারাটা যেমন আছে তেমনই রাখতে চাচ্ছি, ভুরু জোড়া আমি দেখছি।”

“আর চোখ?” জানতে চাইলো ডেভিড।

“ওসব রঙ বেরঙের কনট্যাক্ট লেন্সের সময় এখন নেই। এখন সাধারণ গ্লাসেরই জায়গা মতো প্রিজম করা থাকে :- নীল চোখ, বাদামী চোখ, স্প্যানিশ আরামাদার মতো কালো চোখ, যেমনটা চাও তেমনটাই দেওয়া যাবে।”

“তিনটাই চাই,” বললো ওয়েব।

“ওগুলো খুবই দামি, ডেভিড, আর তোমাকে নগদে সেটা কিনতে হবে।”

“আমার সাথে নগদ টাকা আছে।”

“তাহলে তো সমস্যা নেই।”

“আচ্ছা, তাহলে বাকি থাকছে চুল। এটার কি হবে?”

“রাস্তার ওপাশে। আমারই এক সহকারী, সে একটা বিউটি শপ চালায়। খুব ভালো কাজ করে। চলো, তোমাকে নিয়ে যাই।”

প্রায় এক ঘণ্টা পরে হেয়ার ড্রায়ারের নীচ থেকে ডেভিড মাথা তুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। বিউটি শপটির মালিক ধূসর চুলের কৃষ্ণাঙ্গ মহিলাও তার পাশে দাঁড়িয়ে আছে।

“এটা যেনো আপনিই, কিন্তু আগের আপনি নন,” বললো সে। “সত্যিই বেশ ভালো কাজ করেছি, আমাকে বলতেই হচ্ছে সেটা।”

কাজটা আসলেই ভালো হয়েছে, নিজের দিকে তাকিয়ে ভাবলো ডেভিড। চুলগুলো অনেক হালকা রঙের হয়ে গেছে কিন্তু গায়ের রঙের সাথে বেশ মানিয়ে নিয়েছে। হালকা রঙের পাশাপাশি তার মধ্যে একটা ক্যাজুয়াল ভাব ফুটে উঠেছে। সবমিলিয়ে ওয়েব এমন একজনের দিকে তাকিয়ে আছে যার সাথে আগের ওয়েবের মিল আছে ঠিকই কিন্তু সেআর এখন ঠিক আগের ওয়েব নেই।

“মানলাম,” বললো, ডেভিড। “ভালো কাজ করেছেন। কতো দিতে হবে?”

“তিনশো ডলার,” জবাব দিলো মহিলা। “অবশ্যই, তার মধ্যে আপনার পাঁচ প্যাকেট ঘরে বানানো মুখ ধোয়ার পাউডার আর এ ব্যাপারে মুখ বন্ধ রাখার দামটাও ধরা হয়েছে। প্রথমটি কয়েক মাস টিকে থাকবে, কিন্তু পরেরটি আজীবন।”

“ধন্যবাদ,” ডেভিড তার পকেট থেকে চামড়ার মানি ব্যাগটা বের করে নোটগুলো গুণে তার হাতে দিলো। “ক্যাকটাস বলেছিলো কাজ শেষ হলে আপনি তাকে ফোন করবেন।”

“তার আর দরকার হবে না, সে সময় মেনে চলে। সে পার্লারেই আছে।”

“পার্লার?”

“ওহ্, ঐযে হলওয়ে’তে ফ্লোর ল্যাম্প আর সোফা বসিয়ে বানানো হলো। আমার সেটা এতো ভালো লাগে যে, ওটাকে পার্লার বলি। শুনতে ভালো শোনায়, তাই না?”

ফটোসেশন খুব দ্রুত এগোতে থাকলো, মাঝে শুধু ক্যাকটাস তার ভ্রু জোড়া ব্রাশ চালিয়ে বদলে দিলো একটু, আর কয়েকবার তাকে পরিবর্তন করতে হলো শার্ট এবং জ্যাকেট। এরপর একবার টরটয়েজশেল এবং আরেকবার স্টিল রিমের চোখগুলোকে পালাক্রমে নীল আর বাদামী ক’রে তুললো। তারপর এই স্পেশালিস্ট ছবিগুলোকে জায়গা মতো বসিয়ে বড় একটি ম্যাগানিফাইং গ্লাসের নীচে রেখে অত্যন্ত দক্ষতার সাথে স্টেট ডিপার্টমেন্টের পাঞ্চারগুলো তুলে ফেললো। কাজ শেষে পাসপোর্ট তিনটি দেখানো হলো ডেভিডের সন্তুষ্টির জন্যে।

“কোনো কাস্টমসের বাপের সাধ্য নেই যে, এটা ধরতে পারে,” বেশ আত্মবিশ্বাসের সাথে বললো ক্যাকটাস। “এগুলো আগের চেয়েও বেশি আসল দেখাচ্ছে। আমি এর মধ্যে একটু পুরনো ভাবও এনে দিয়েছি।”

“অসাধারণ কাজ, বন্ধু। এটা আগের চেয়েও পুরনো দেখাচ্ছে। তোমাকে আমি কি দিতে পারি?”

“ওহ্, কি বলবো তোমাকে। কাজটা এতো ছোটো ছিলো…”

“বলো কতো দেবো, ক্যাকটাস?”

“খুশি হয়ে যা দাও। আমি তো জানি না তোমার আয়রোজগার কেমন যাচ্ছে, তাই…”

“আমার ভালোই যাচ্ছে, ধন্যবাদ তোমাকে। আমাকে একটা ক্যাব ডেকে দিতে পারবে?”

“তাতে অনেক সময় লাগবে, আর বেশিরভাগ সময় পাওয়াও যায় না। আমার নাতি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যেখানে যেতে চাও সে ড্রাইভ ক’রে তোমাকে সেখানেই নামিয়ে দেবে। আর আমার নাতিটাও হয়েছে ঠিক আমার মতো, কোনো প্রশ্ন করে না। আমি জানি তোমার তাড়া আছে, আমি বুঝতে পারছি। চলো, তোমাকে রদজা পর্যন্ত পৌঁছ দেই।”

“ধন্যবাদ। আমি কাউন্টারে টাকাগুলো রেখে যাচ্ছি।”

“ঠিক আছে।”

ওয়েব পকেট থেকে মানিব্যাগ বের করে ৫০০ ডলার গুণে স্টুডিও’র কাউন্টারে রেখে দিলো। প্রতিটি পাসপোর্টের জন্য যদি হাজার ডলার চার্জ করা হতো তাহলেও খুব বেশি হতো না, কিন্তু এর চেয়ে বেশি দিতে গেলে তার পুরনো বন্ধুর আত্মসম্মানে লাগতে পারে।

হোটেল থেকে বেশ কিছুটা পথ দূরে থাকতেই সে গাড়ি থেকে ব্যস্ত রাস্তায় নেমে পড়লো, যাতে ক্যাকটাসের নাতি তার আসল ঠিকানাটা জানতে না পারে। হোটেলের রুমে ফিরে ডেভিড তার ফাইনাল লিস্ট করতে বসে গেলো, এতে অবশ্য নতুন ক’রে কিছুই লেখার নেই, সবই তার মনে আছে। তাকে কিছু কাপড় বেছে ফ্লাইট ব্যাগে ভরতে হবে, বাকিগুলো সে রেখে যাবে। মেইন থেকে রাগের মাথায় আনা অস্ত্র দুটো বিভিন্ন অঙশে খুলে কয়েল দিয়ে প্যাক করতে হবে, তারপর সেগুলো সুটকেসে তুলে রাখবে। অস্ত্র নিয়ে সিকিউরিটি গেট পার করা যা-তা ব্যাপার নয়। তারা টের পেয়ে যাবে, ধরে ফেলবে তাকে। ঘরটা পরিস্কার করে সব কিছু ড্রেনে ফেলে দিতে হবে। হংকং থেকেই প্রয়োজন মতো অস্ত্র কিনে নেবে সে, ওখান থেকে অস্ত্র কেনাটা খুব একটা কঠিন কাজ হবে না। তাকে সবশেষে আরো একটি কাজ করতে হবে, আর কাজটা তার জন্য কঠিন, কষ্টদায়কও বটে। সুস্থির হয়ে ব’সে আবার প্রথম থেকে ঘটনাটা মনে করতে হবে, ভাবতে হবে তাকে। ম্যাকঅ্যালিস্টার মেইনে আসার পর থেকে যা যা কথা হয়েছিলো, সবকিছু। বিশেষ ক’রে মেরির কথাগুলো। কথাগুলোর ভেতর কোনো অন্তর্নিহিত অর্থ আছে, যা সে বুঝতে পারে নি। ঘড়ির দিকে তাকালো। ৩টা ৩৭ বাজে, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তাকে সময় আটকে রাখতে হবে। ওহ্ ঈশ্বর। মেরি, কোথায় তুমি?

.

ককলিন ৯নং স্টুটের পুরনো বারের ভেতরে বসে আছে। সে এই বারের একজন নিয়মিত খদ্দের, কারণ সে জানে তার প্রফেশনাল জগতের কেউ এদিকে পা বাড়াবে না। তাছাড়া বারটিও মালিকও তাকে সহজভাবে গ্রহণ করে। বারটির দেয়ালের পাশের পুরনো ফোন বুথে অ্যালেক্স কল রিসিভ করলেও তার কিছু যায় আসে না। এই বুথটিই অ্যালেক্সের বিশেষ ফোন, যেখান থেকে কল ট্রেস করা সম্ভব হয় না। ফোনটি বেজে উঠলো।

ককল্লিন হেটে পুরনো বুথটির ভেতরে ঢুকে দরজা বন্ধ ক’রে দিয়ে রিসিভারটি তুললো। “হ্যাঁ?” সে বললো।

“এটা কি ট্রেডস্টোন?” অদ্ভুতস্বরে একটি পুরুষ কণ্ঠ প্রশ্ন করলো।

“আমি ওটাতে কাজ করেছি। আপনিও ছিলেন নাকি?”

“না, আমি ছিলাম না। কিন্তু ফাইলটা দেখার অনুমতি আমাকে দেয়া হয়েছে, পুরো ঝামেলাটা দেখার অনুমতিও আমার আছে।”

সেই কণ্ঠস্বর! ভাবলো অ্যালেক্স। যেমনটি ওয়েব বর্ণনা করেছিলো? মধ্য আটলান্টিক ধাঁচের, বৃটিশ উচ্চারণ ভঙ্গি। এটা সেই একই লোক। তাদের ফাঁদটা কাজ করতে শুরু করেছে। কিছু দূর অগ্রসরও হতে পেরেছে। ওদের কেউ ভয় পেয়েছে নিশ্চয়।

“তাহলে আমি নিশ্চিত আপনি জানেন যে, আমি এ বিষয়ে সব খবরই জানি। ব্যক্তি, নাম, তারিখ, ঘটনা, ব্যাক-আপ, এমনকি গতরাতে ওয়েব যে গল্প শুনিয়েছে তাও জানি।”

“আমি ধারণা করছি যদি খুব খারাপ কিছু ঘটে তাহলে আপনার দিক থেকে এ ব্যাপারে সিনেটের সাবকমিটি কিংবা কংগ্রেসের কাছে রিপোর্ট যাবে, ঠিক তো?”

“আমরা একে অপরের সমস্যা ভালো বুঝতে পারছি

“আপনার অবসর নেয়ার সময় হয়েছে। আপনি প্রচুর মদ পান করেন।”

“সব সময় না। তাছাড়া আমার বয়স এবং যোগ্যতার একজন লোকের মদ পান করার পেছনে অনেক কারণই থাকতে পারে।”

“এগুলো বাদ দিন। কাজের কথায় আসা যাক।”

“তার আগে আপনি আসলেই ব্যাপারটার সাথে জড়িত কিনা তা নিশ্চিত করা প্রয়োজন। আপনি এ বিষয়ে কতোটা জানেন তা দেখতে হবে, শুধু ট্রেডস্টোন নাম বললে যথেষ্ট গ্রহণযোগ্য হচ্ছে না।”

“ঠিক আছে। ব্যাপারটা মেডুসা সংক্রান্ত।”

“কাছাকাছি। কিন্তু তরপরেও যথেষ্ট হলো না।”

“বেশ। জেসন বর্নের সৃষ্টি। সন্ন্যাসি।”

“আরেকটু এগোতে হবে।”

“ফান্ডের টাকা লোপাট হয়ে যাওয়া, যা আর কখনও পুণরুদ্ধার করা সম্ভব হয় নি। প্রায় পাঁচ মিলিয়নের কাছাকাছি ছিলো। জুরিখ, প্যারিস এবং পশ্চিমের কিছু ঘটনাকে কেন্দ্র করে এটা ঘটেছে।”

“এ ধরণের গুজব ছড়িয়ে ছিলো, অনেকেই তা শুনেছে। আমার আরো সুনির্দিষ্ট তথ্যের প্রয়োজন।”

“দিচ্ছি, দিচ্ছি। জেসন বর্নকে হত্যার পরিকল্পনা। তারিখটা ছিলো মে মাসের তেইশ তারিখ, স্থান তাম কুয়ান…আবার ওই একই তারিখে, চার বছর পর নিউইয়র্কে আরেকবার চেষ্টা করা হয়। একাত্তরতম স্টুটে।”

ককলিন তার চোখ বন্ধ করে গভীর একটা নিঃশ্বাস নিলো। “ঠিক আছে,” সে আস্তে ক’রে বললো। “এতেই চলবে।”

“আমি আমার নাম বলতে পারবো না।”

“তাহলে আপনি ঠিক কি বলতে পারবেন?”

“শুধু দুটো শব্দ : পিছু হটেন।”

“আপনি ভাবছেন আমি তা মেনে নেবো?”

“মানতেই হবে,” স্পষ্ট ভাষায় বললো লোকটি। “বর্ন যেখানে যাচ্ছে সেখানে তার প্রয়োজন আছে।”

“বর্ন?” প্রশ্ন করলো অ্যালেক্স।”

“হ্যাঁ, জেসন বর্ন। তাকে সাধারণ পদ্ধতিতে রিক্রুট করা সম্ভব নয়। আমরা দু’জনেই সেটা জানি।”

“আর তাই তার স্ত্রীকে অপহরণ করা হয়েছে। আপনারা পশুরও অধম!”

“তার স্ত্রীর কোনো ক্ষতি হবে না।”

“আপনি সেটার নিশ্চয়তা দিতে পারেন না! আপনার তো কোনো নিয়ন্ত্ৰণ নেই। তারা আপনাকে থার্ড পার্টি হিসেবে ব্যবহার করছে। আমি এসব কাজ বেশ ভালোভাবেই বুঝি। আর যতোটা বুঝতে পারছি আপনি আসল লোকগুলোকে চেনেনও না, তাদের সাথে কোনোভাবে যোগাযোগও করতে পারেন না। কারণ যদি তাই পারতেন, তাহলে তাদেরকে ফোন ক’রে বিষয়টা নিশ্চিত করতেন, আমাকে আর ফোন করতেন না”

সম্ভ্রান্ত কণ্ঠস্বরটি কিছুক্ষণ চুপ ক’রে থাকলো। “তার মানে আমরা দু’জনেই মিথ্যার আশ্রয় নিয়েছি, তাই না মি: ককলিন? মহিলাটি পালাতে পারে নি, আর ওয়েবকেও সে ফোন করে নি। আপনি ভালোই চাল চেলেছেন, আমিও ভালো জবাব দিয়েছি। কিন্তু এতে কারো কোনো লাভ হলো না।”

“আপনি গভীর জলের মাছ।”

“আপনি আমার জায়গায় আগে কাজে করেছেন, মি: ককলিন, আপনার তো এসব ভালোই জানা উচিত। ডেভিড ওয়েবের কথায় ফেরা যাক…তার ব্যাপারে কি বলতে চান?”

“আপনি তাদেরকে হারিয়ে ফেলেছেন, তাই না?” আস্তে ক’রে বললো সে। “আপনারা তার স্ত্রীকেও হারিয়ে ফেলেছেন?”

“আট চল্লিশ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না,” বললো কণ্ঠস্বরটি।

“কিন্তু আপনি আপনার ওপরওয়ালদের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন। আপনি আপনার আশেপাশের সহযোগীদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু তাদের কাউকেই খুঁজে পাচ্ছেন না। ওহ্, ঈশ্বর, আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন! তার মানে, সত্যিই এটা লাগামের বাইরে চলে গেছে! কেউ আপনাদের পরিকল্পনায় হস্তক্ষেপ করেছে, আর আপনাদের কোনো ধারণাই নেই সেই লোকটা কে। সে আপনাদের বেকুব বানিয়ে আপনাদের পুরো খেলাটাই কব্জা ক’রে ফেলেছে!”

“আমাদের সিকিউরিটি সব দিকে ছড়ানো আছে,” তার ওপর আনা অভিযোগকে অগ্রাহ্য ক’রে বললো লোকটি, “সবচেয়ে সেরা লোকগুলো এ কাজটি সামলাচ্ছে।”

“তার মধ্যে কি ম্যাকঅ্যালিস্টারও পড়ে? হংকংয়ের লোকটি?”

“আপনি তা জানেন?

“জানি।”

“ম্যাকঅ্যালিস্টার বোকার হদ্দ, কিন্তু তার কাজে সে পারদর্শী। হ্যা, সেও আছে এর মধ্যে। আমরা কোনো কিছু নিয়ে চিন্তিত নই। পরিস্থিতি খুব শিগগিরই আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে।”

“কি নিয়ন্ত্রণে আসবে?” রেগেমেগে অ্যালেক্স জানতে চাইলো। “আপনাদের বেহাত হয়ে যাওয়া মাল? আপনাদের কৌশল বাতিল হয়ে গেছে! অন্য কেউ এটার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সে কেন আপনাদেরকে সেই মালটা ফেরত দিতে যাবে? আপনারা তো ওয়েবের বউকে খুন করেছেন, মি: নাম না জানা ভদ্রলোক! আপনারা কি করছেন, অ্যাঁ?”

“আমরা শুধু বর্নকে ওই জায়গায় চাই,” নম্রকণ্ঠে জবব দিলো লোকটি। “আর যতোদূর আমরা জানি, পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নি। পৃথিবীর ওদিকটার সাথে ঘন ঘন যোগাযোগ বজায় রাখটা একটু ঝামেলার, এই আর কি।”

“শান্ত্বনার বাণী! আর সবাই যেমনটা দিয়ে থাকে।”

“যাই হোক, মি: ককলিন…আপনি ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এবার আমিই প্রশ্নটা করছি যথেষ্ট আগ্রহের সাথে। এ বিষয়ে তো আপনার যথেষ্ট সুখ্যাতি রয়েছে।”

“ছিলো, এখন আর নেই।”

“খ্যাতি এতো সহজে কেড়ে নেয়া যায় না, হয়তো আগে-পিছে কথা লাগিয়ে কিছুটা বিতর্কিত করা যায় মাত্র।”

“আপনি অপ্রয়োজনীয় মতামতের জন্য সময় নষ্ট করছেন।

“না, বরং আমি ঠিক কাজটিই করছি। তারা বলে আপনি সবার সেরা ছিলেন। বলুন, ঘটনাটা আপনি কেমন বুঝছেন?”

অ্যালেক্স তার মাথা দোলালো, তারপর বলতে শুরু করলো। “যেমনটা আমি আগেই বলেছি, কেউ আপনাদের পরিকল্পনার কথা জেনে ফেলে মাঝখান দিয়ে এসে সব নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।”

“ঈশ্বরের দোহাই, এমনটা কেউ করতে যাবে কেন?”

“কারণ সে যেই হোক না কেন, আপনাদের থেকে তারই বেশি প্রয়োজন জেসন বর্নকে।” কথাটা বলেই অ্যালেক্স ফোনটি রেখে দিলো।

.

ঠিক ৬টা ২৮ মিনিটে ককলিন ডালেস এয়ারপোর্টের লাউঞ্জে পা রাখলো। সে ওয়েবের হোটেলের বাইরে একটা ট্যাক্সিতে অপেক্ষা ক’রে তাকে আনুসরণ ক’রে এখানে এসেছে। ওয়েবকে একটা অন্ধকার বুথের দিকে দেখতে পেলো সে।

“তুমিই তো, তাই না?” বললো অ্যালেক্স। “তোমার সোনালী চুলের স্টাইলটাই ভালো ছিলো।”

“ওটা প্যারিসে কাজে দিয়েছিলো। তুমি কি জানতে পেরেছো, অ্যালেক্স?”

“আমি অন্ধকার গর্তে কিছু ইঁদুরের বাচ্চা খুঁজে পেয়েছি যারা সেই গর্ত থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু পারছে না। কারণ তারা জানে না সূর্যের আলো অনুসরণ করলে হয়তো তারা পথ খুঁজে পেতে পারে!”

“সূর্যের আলো অনেক সময় চোখে ধাঁধা লাগিয়ে দেয়। হেয়ালি রাখো, ককলিন। আর কয়েক মিনিটের মধ্যেই আমার ফ্লাইট।”

“সংক্ষেপে, তারা তোমাকে কাউলুনে একটা কাজে লাগানোর জন্যে পরিকল্পনা করেছে। অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই”

“গুগুলো বাদ দিয়ে বলো,” বললো ডেভিড। “কিন্তু তারা কেন এরকম পরিকল্পনা করছে?”

“লোকটা বলেছে তোমাকে নাকি তাদের খুব প্রয়োজন। ঠিক তোমাকে না ওয়েব, তাদের দরকার বর্নকে।”

“কিন্তু তারা তো বলেছিলো বর্ন ইতিমধ্যেই সেখানে চলে গেছে। তোমাকে তো ম্যাকঅ্যালিস্টারের কথা বলেছি। লোকটা কি সে বিষয়টা পরিস্কার করেছে?”

“না, সে এতো কিছু বলতে রাজি হয় নি। কিন্তু সে আমাকে অন্য কিছু কথা বলেছে, ডেভিড। আর তোমারও সেটা জানা দরকার। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারীদের সাথে যোগাযোগ করতে পারছে না, কারণ সে জানে না তারা কারা। তারা মেরিকে হারিয়ে ফেলেছে, যদিও ভাবছে সমস্যাটা স্বল্পমেয়াদী। অন্য একজন তোমাকে ওখানে চাচ্ছে, সে-ই মেরিকে ধরে নিয়ে গেছে।”

ওয়েব দু’হাতে মুখ ঢেকে ফেললে কিছুক্ষণ পরেই তার বন্ধ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। “আমি ওকে খুব ভালোবাসি, অ্যালেক্স। খুব বেশি ভালোবাসি!”

“চুপ করো,” নির্দেশের স্বরে বললো ককলিন। “তুমি গতরাতেই আমাকে শিখিয়েছো যে, আমারো একটা মন আছে। যদি তাও না থাকে, তো একটা দেহ তো আছেই। তোমার তো দুটোই আছে। সেগুলো কাজে লাগাও।”

“কিভাবে?”

“ওরা তোমাকে যেমনটা চাচ্ছে তেমনটা হও! জেসন বর্ন হয়ে ওঠো।”

“ওটা অনেক দিন আগের কথা…”

“তুমি এখনও পারবে। যেমনটা ওরা চাইছে তোমাকে সেভাবেই খেলতে হবে এখন।”

“তাছাড়া আর উপায় কি।”

লাউডস্পিকারে হংকংয়ের ফ্লাইট ২৬-এর যাত্রিদের প্রতি আহ্বান ভেসে এলো।

.

ধূসর চুলের হাভিল্যান্ড ফোনটা রেখে চেয়ারে হেলান দিয়ে ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। স্টেটের আন্ডারসেক্রেটারি বুক কেসের সামনে রাখা একটা গ্লোবের পাশে দাঁড়িয়ে আছে। তার আঙুল গ্লোবে চীনের দক্ষিণ অংশের ওপর রাখা, কিন্তু তার চোখ অ্যাম্বাসেডরের ওপর আঁটকে আছে।

“কাজ হয়েছে,” বললো কূটনৈতিক ভদ্রলোক। “সে প্লেনে চড়ে কাউলুনের উদ্দেশ্যে রওনা দিয়েছে।”

“জঘন্য,” জবাব দিলো ম্যাকঅ্যালিস্টার।

“আমি জানি আপনি কাজটাকে ঘৃণার চোখে দেখছেন। কিন্তু এর ভালো দিকগুলো ভেবে দেখুন। আমাদের কাজ শেষ, আমরা এখন স্বাধীন। পরে যা ঘটবে তার জন্য আমরা আর দায়ি থাকবো না।”

“তারা একদল অজ্ঞাত লোকের দ্বারা চালিত হয়েছে, আর সেই অজ্ঞাত লোকগুলো হচ্ছি আমরা।”

“ঈশ্বরের দোহাই, আমি এখনও বলবো, কাজটা জঘন্য হয়েছে।”

“যদি আমরা ব্যর্থ হই তাহলে তার দায়টা কি আপনার ঈশ্বর নেবে? আমরা নিজেদের ইচ্ছা দ্বারাই চালিত হই, মি: আন্ডারসেক্রেটারি! কেউ কাউকে চালিত করতে পারে না। তাছাড়া বৃহত্তর স্বার্থের জন্যে কিছু ত্যাগ তো করতেই হয়।”

“আমরা বৃহত্তর স্বার্থের নামে একজন সাধারণ মানুষকে দুঃস্বপ্নের ভিড়ে তাড়িয়ে বেড়াচ্ছি। তিলে তিলে তাকে শেষ করে ফেলছি। তা করার অধিকার কি আমাদের আছে?”

“আমাদের আর কোনো উপায় ছিলো না। সে যা করতে পারে তা আর কেউ করতে পারে না— যদি তাকে যথাযথ কোনো কারণ দেয়া হয়।”

ম্যাকঅ্যালিস্টার গ্লোবটি ঘুরিয়ে দিয়ে হেটে ডেস্কের কাছে চলে এলো। “হয়তো কথাটা আমার বলা উচিত হবে না, কিন্তু আমাকে বলতেই হচ্ছে,” রেমন্ড হাভিলান্ডের সামনে দাঁড়িয়ে বললো ম্যাকঅ্যালিস্টার। “আপনার মতো বিবেকহীন লোক আমি আর দেখি নি।”

“মি: আন্ডারসেক্রেটারি, আমি যে কোনো সীমা লঙ্ঘন করেই হোক আর যে কোনো পন্থা অনুসরণ করেই হোক, এ পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাবোই। তার জন্যে যদি একজন ডেভিড ওয়েবের জীবনের ঝুঁকিও নিতে হয়, আমি তাতে রাজি আছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *