বর্ন সুপৃমেসি – ২৭

অধ্যায় ২৭

“এই. মহিলা আমাদের শত্রুদের বাহক হিসেবে কাজ করে। এর নিবেদিত স্বামী যখন আমাদের হয়ে দক্ষিণের কাজ সামলাতে ব্যস্ত তখন এই চরিত্রহীনা আমাদের শত্রুদের সঙ্গে বিছানায় রাত কাটায়। আমাদের গোপন সব তথ্য ফাঁস করে। যাকে আমরা বিশ্বাস ক’রে আমাদের দলে নিয়েছিলাম, সে এখন একটা সামান্য বেশ্যা ছাড়া আর কিছু না,” বলে চললো সেই বিশিষ্ট বক্তা। তার মুখ দিয়ে যেনো ধর্মবাণী ঝরছে আর মন দিয়ে শয়তানের বিষ।

“এই বেশ্যা তার শরীর আমাদের শত্রুদের কাছে বিলিয়ে দিয়েছে! সে শুধু আমাদেরকেই নয়, তার স্বামীকেও ঠকিয়েছে!”

সবকিছুই সাজানো, ভাবলো বর্ন। যেসব ব্যক্তি কোনো না কোনো সময় তার আক্রোশের কারণ হয়েছিলো তারাই আজকে মিথ্যে অপরাধে শাস্তি পেতে যাচ্ছে।

হঠাৎ দর্শকদের মধ্য থেকে ‘বেশ্যা’ আর ‘বিশ্বাসঘাতক’ শব্দ দুটো প্রতিধ্বনিত হতে লাগলে বক্তা তাদের দিকে হাত উঠিয়ে থামার ইঙ্গিত করতেই তৎক্ষনাৎ সবাই চুপ হয়ে গেলো।

“এর প্রেমিক সিন হুয়া এজেন্সির একজন জার্নালিস্ট, যে আমাদের বিরুদ্ধে কথা বলে। সেই পাপিষ্ঠ পশুটাকে ঘণ্টাখানেক আগে মাথায় গুলি মেরে শেষ ক’রে দেয়া হয়েছে। আমি এই বেশ্যার স্বামীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, কারণ আমি তাকে সম্মান করি। সেও বলেছে, আমাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য যা যা করণীয় আমি যেনো তাই করি

“আইয়া!!” মহিলা প্রচণ্ড জোর খাটিয়ে তার মুখের শক্ত বাধন খুলে ফেলেছে। “মিথ্যুক!” সে চিৎকার ক’রে বললো। “পাষণ্ড খুনি! তুই একটা ভালো মানুষকে হত্যা করেছিস। আমি কারো সাথে বিশ্বাসঘাতকতা করি নি। বিশ্বাসঘাতকতা তুই ক’রে আসছিস! আমি এয়ারপোর্টেই ছিলাম না, তুই সেটা ভালো করেই জানিস! আমি কোনো বিদেশীকে দেখি নি। এই পশ্চিমা শত্রুদের ব্যাপারে আমি কিছুই জানি না। তাহলে আমি বিশ্বাসঘাতকতা কিভাবে করলাম!”

“নিজের শরীর বিলিয়ে তোমার বুকের প্রলোভন দেখিয়ে ওই লোকটাকে আমাদের বিরুদ্ধে নিয়ে গিয়ে। আমাদের সাথে শত্রুতা করতে বাধ্য করে।”

“তুই উন্মাদ! তুই মিথ্যা বলছিস, কারণ তুই জানিস আমি তোর সব গোপন কথা জানি। তুই প্রথমে আমার স্বামীকে দক্ষিণে পাঠাস, তারপর রাতে আমার কাছে আসতে শুরু করিস। প্রথমে লোভ দেখাস, তাতে কাজ না হলে হুমকি দিতে শুরু করিস। পরে আমি তোর সাথে শুতে বাধ্য হই। আর সেই সময়ই তোর সব গোপন কথা জানতে শুরু করি

“বেহায়া নারী, আমি তোর কাছে গিয়েছিলাম তোকে সত্যের পথ দেখাতে। তোর কাছে অনুরোধ করেছিলাম তোর ওই পাপী প্রেমিককে পরিত্যাগ ক’রে স্বামীর কাছে ফিরে যেতে! অনুরোধ করেছিলাম মুক্তির পথ বেছে নিতে।”

“তোর মতো আমার স্বামীও হাজারটা মেয়ের সাথে শোয়, আমার পরোয়াও করে না! সে আমাকে প্রতিদিন পেটায়। আর তুই বলিস এটা ওর অধিকার, কারণ সে আসল চায়নার গর্বিত সন্তান! আসল চায়নার স্বাধীনতার নামে তুই আমাদের সবাইকে তোর দাস বানাতে চাস।” মহিলাটি এবার দর্শকদের দিকে ঘুরলো। “তোমরা এর কথা বিশ্বাস কোরো না। এর প্রতিটা প্রতিশ্রুতিই মিথ্যা। এই লোকটা তোমাদেরকেও ব্যবহার করছে। একে এসব করার সুযোগ দিও না! তোমরা এই মিথ্যুকের হাত থেকে আমাকে বাঁচাও!”

“বেশ্যা! বিশ্বাসঘাতক!” তলোয়ারটি সপাৎ ক’রে মহিলার গলার মধ্যে দিয়ে চলে গেলে তার মাথাটা ডান দিকে ছিটকে পড়লো, আর শরীরটি বাম দিকে। মাটিতে যেনো রক্তের নদী বয়ে যাচ্ছে। পাষণ্ড বক্তা ক্ষোভে মৃতদেহটি অনবরত কুপিয়েই চলেছে। কিন্তু দর্শকরা সবাই চুপ। তাদের মৌনতা নজর কাড়ার মতো। কসাইটা থামলো, সে তার ছন্দ হারিয়ে ফেলেছে। ধীরে ধীরে আবার তার পিতৃসুলভ কৰ্তৃত্বময় মহিমায় ফিরে আসলো।

“আমাদের পূর্বপুরুষদের আত্মা যেনো তাকে আত্মশুদ্ধির পথ দেখিয়ে দেয়!” সে চেঁচিয়ে এক এক ক’রে দর্শকদের দিকে তাকালো। “ক্ষোভের বশবর্তী হয়ে তাকে হত্যা করি নি, বরং তাকে মুক্তির পথ দেখানোর জন্যই এটা করতে বাধ্য হয়েছি। আমি জানি, মৃত্যুর মধ্য দিয়েই সে ক্ষমা আর শান্তি খুঁজে পাবে!

গার্ড দু’জন এসে মহিলার লাশ নিয়ে যেতেই বক্তা এবার অপর মহিলাটির দিকে ফিরলো। মহিলা বললে ভুল হবে। মেয়েটির বয়স বড়জোর আঠারো। মিষ্টি চেহারা, চোখ বেয়ে ঝরঝর ক’রে পানি পড়ছে, মুখ বাধা থাকা সত্ত্বেও কিছুক্ষণ আগের বীভৎস দৃশ্য দেখে অনবরত বমি ক’রে চলেছে। তাকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসা হলো।

“তোমার কষ্ট দেখে আমিও ব্যথিত হচ্ছি, মা,” বক্তা আবার তার পিতৃসুলভ ভঙ্গিতে কথা বলতে শুরু করলো। “আমরা সবসময়ই চেষ্টা করেছি তোমার দোষগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে। বিশেষ ক’রে তোমার এই অল্পবয়সে এতো বড় কাজের দায়িত্ব নেয়াকে আমরা খাটো ক’রে দেখতে পারি না। তোমাকে এমন কাজের দায়িত্ব দেয়া হয়েছিলো যার মানে বোঝার মতো বয়সও তোমার হয় নি। আর যৌবনের এই উঠতি সময়ে মানুষ ভুল করেই থাকে। তোমাকে হংকংয়ের দুটো পুরুষের সাথে ঘুরতে দেখা গেছে—যারা আমাদের শত্রু। তারা তোমাকে অনেক উপহার দিয়েছে, চেষ্টা করেছে তোমার মন জয় করার। বিনিময়ে তুমি তাদেরকে কি দিয়েছো?”

মেয়েটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, সে অনবরত মাথা নাড়িয়ে সব অভিযোগ অস্বীকার করলো।

“তাকে গুয়াংকেসের একটা ক্যাফেতে একজন পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখা গেছে!” দর্শকদের মধ্য থেকে একজন অভিযোগকারী বললো।

“লোকটা বৃটিশদের পোষা কুত্তা,” যোগ করলো আরেকজন।

“এ বয়সে এমনটি হতেই পারে,” লোক দুটোর দিকে তাকিয়ে বললো বক্তা। “কিন্তু এমন সম্ভাবনাময় তরুণীর জন্য আমাদের হৃদয়ে ক্ষমার স্থান আছে।”

“তাকে তিয়ান আন মেনের গেটেও দেখা গেছে…!”

“আমি নিজে খোঁজ নিয়ে জেনেছি, সে তিয়ান আন মেনে ছিলো না!” হাতের তলোয়ার উঁচিয়ে চেঁচিয়ে উঠলো লোকটি। “তোমার ইনফরমেশন ভুল। এখন শুধু এ মেয়েটিই পারে সত্যি কথাটা বলতে।” লোকটি মেয়েটির দিকে ঘুরলো। “মা! তুমি কি আমাদের শত্রুদের হয়ে কাজ করেছো?”

মেয়েটি সারা শরীর কাঁপিয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করতে লাগলো।

“আমি তোমার পিতার মতো, তোমার অপরাধ আমি ক্ষমা করলাম। কিন্তু তোমার বেহায়াপনা আমরা বরদাস্ত করতে পারি না। তুমি বড় গোলমেলে হয়ে চলাচল করো। আর তা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তোমার মঙ্গলের জন্যই তোমাকে আমাদেরই এক সদস্যের তত্ত্বাবধানে থাকতে হবে।”

তরুণীটিকে একজন মোটা মধ্যবয়সী কুৎসিত লোক ধরে নিয়ে গেলো। তার চাীর লোলুপ দৃষ্টিই বলে দিচ্ছে সে মেয়েটিকে প্রয়োজনের চেয়েও বেশি মাত্রায় দেখাশোনা করবে। জেসন বুঝতে পারলো কি হচ্ছে। এ ধরণের অল্পবয়সী সুন্দরী মেয়েদের চাহিদা এদের দলের সদস্যদের মধ্যে ব্যাপক। মেয়েটিকে ওরা যেমনভাবে ইচ্ছা ব্যবহার করবে। তারপর একসময় ওর প্রয়োজন ফুরিয়ে গেলে ওকেও মেরে ফেলা হবে।

তিনজন চাইনীজ বন্দীর মধ্যে দু’জনকে একসাথে বিচারের জন্য সামনে নিয়ে আসা হলো এবার। লোক দুটো আপন ভাই। নারকোটিকসের ব্যবসার সাথে জড়িত। কিন্তু সেটাই তাদের অপরাধ নয়। তাদের অপরাধ মুনাফার একটা বড় অংশ তারা নিজেরা আত্মসাৎ করেছে। দলের সদস্যদেরকে ভাগ দেয় নি। কিন্তু মৃত্যুদণ্ড দেয়ার জন্য এ অপরাধই যথেষ্ট নয়। তাই তাদেরকেও পশ্চিমাদের সাথে মিলে ষড়যন্ত্র করার অভিযোগে ফাঁসানো হলো। শাস্তি হিসেবে এক ভাইকে মৃত্যুদণ্ড আর আরেক ভাইকে জীবিত রাখা হলো লুকানো সম্পদ বের ক’রে আনার জন্য। একবার টাকাগুলো হাতে পেলে এই বন্দীটিও আর বাঁচবে না, ভাবলো জেসন।

নাহ্, এই পৈশাচিক খেলা দেখে আর সময় নষ্ট করা যাবে না। বর্ন দ্রুত তার শিকারী ছুড়ি দিয়ে সামনের লতাপাতা পরিস্কার ক’রে গাছগুলোর ভেতর দিয়ে এগিয়ে যেতে লাগলো। প্রথমে ঝোঁপ, তারপর সারি সারি গাছ আর সবশেষে লম্বা ঘাসগুলোর মধ্যে যেখানে এসে দাঁড়ালো সে, সেখান থেকে কমান্ডোর দূরত্ব মাত্র বিশ ফিট। ধীরে ধীরে কমান্ডোর কাছে এগোতে হবে। তবে প্রথমে দাঁজুকে একটা সিগনাল দেয়া দরকার। ইকোর জানা দরকার যে, সে এখানে আছে।

মশাল দিয়ে ঘেরা বৃত্তের মাঝখানে এখন শুধু দু’জন বন্দী ব’সে আছে, ইকো আর একজন চীনা লোক। দু’জনেই এতো ছটফট করছে যে, গার্ডদুটো তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। বর্ন হাটু গেঁড়ে, নিঃশব্দে আরো কিছুটা সামনে এগিয়ে গেলো। দাঁজুর সাথে এখন তার দূরত্ব আট ফিটের বেশি না। মাটিতে শুয়ে পড়ে পাশেই পড়ে থাকা একটা পাতলা খড়ি তুলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো সে। দর্শকেরা পরবর্তী তামাশা দেখার জন্য একযোগে চিৎকার করছে। ঠিক তখনই পাতলা কাঠিটা নীচুভাবে সামনে নিক্ষেপ করলো বর্ন। কাঠিটা ঠিক দাঁজুর পায়ের কাছে এসে পড়লে দাঁজু দু’বার তার মাথা দোলালো। সে ডেল্টার উপস্থিতি টের পেয়েছে। কিন্তু বর্নকে অবাক ক’রে দিয়ে ফ্রেঞ্চম্যান একটা অদ্ভুত আচরণ শুরু করলো। ইকো বার দু’য়েক মাথা ডানে-বামে নাড়ালো। এদিকে একজন গার্ড এসে টানতে শুরু করলো ইকোকে। এবার ইকোর বিচারের পালা! দাঁজু মৃদুভাবে আবারো মাথা দু’দিকে দোলালো। তারপর উঠে দাঁড়িয়ে সামনে গিয়ে গিয়ে পাষণ্ড কসাইটার দিকে তাকালো কটমট চোখে।

চোখ বন্ধ ক’রে ফেললো বর্ন। এতোক্ষণ পরে সে ইকোর সিগনালের মানে বুঝতে পেরেছে। ইকো জীবনের আশা ছেড়ে দিয়েছে। আহত ইকোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়া অসম্ভব। সে চাইছে বর্ন তাকে ভুলে গিয়ে কমান্ডোকে ধাওয়া করুক। ইকো বুঝতে পেরেছে, সে এখন বর্নের ওপর বোঝা ছাড়া আর কিছু না। বর্ন তার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে পারে না। বর্নকে মেরির কথা ভাবতে হবে, কমান্ডোকে ধরতে হবে। বর্ন চোখ খুললো। এই কসাইটা ইকোকেও মারবে! বর্নও ঠিক করলো, কমান্ডোকে ধরার পাশাপাশি একটা বোনাস কাজ করবে সে। এই পাষণ্ডটাকে এখানেই খতম করতে হবে।

সেই বিশিষ্ট বক্তা সিল্কের কাপড় দিয়ে আবার তলোয়ারটি মুছে নিয়ে দাঁজুর পাশের বন্দীটিকে ইশারা করলো।

বর্নকে চমকে দিয়ে চীনা বন্দীটি উঠে দাঁড়িয়ে নিজে থেকেই খুব সহজে তার হাতের বাধনটা খুলে ফেললো। মুখ থেকে কাপড়ের বাধনটা সরিয়েই সে কসাইটার কাছে গিয়ে দর্শকদের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করলো।

“লোকটা ভালো চাইনীজ বলতে পারে, কিন্তু কিছুই খুলে বলে না। এখানে ট্রাকে ক’রে আসার আগে আমাদের দু’জনেরই মুখ খোলা ছিলো, কথা বলার যথেষ্ট সুযোগ ছিলো। কিন্তু সে কিছুই বলে নি। তার কাছ থেকে আমি একটা কথাও বের করতে পারি নি। লোকটা সাহসী এবং বুদ্ধিমান। আর আমি নিশ্চিত, সে অনেক কিছুই জানে যা আমাদেরকে খুলে বলছে না।”

“টঙ্গ কু, লঙ্গ কু!” দর্শকরা হিংস্রভাবে চেঁচিয়ে উঠলো, তারা আরো নির্যাতন দেখতে চায়।

“লোকটা বয়স্ক এবং দুর্বল। একে পিটিয়ে কথা বের করা যাবে না। মার দিলে এ অচেতন হয়ে যাবে, যেমনটা গত কয়েক ঘণ্টায় হয়েছে,” বললো নকল বন্দীটি। “আর তাই আমি একটি ভিন্ন সিদ্ধান্তে এসেছি। যদি আমাদের নেতা অনুমতি দেন তো বলতে পারি।”

“যদি তোমার সিদ্ধান্ত সাফল্য আনতে পারে, তাহলে স্বাগতম,” বললো বক্তা।

“তার ইনফরমেশনের বদলে আমরা তাকে মুক্ত ক’রে দেবার প্রস্তাব দিতে পারি। সে যদি রাজি হয়, তাহলে আমাদের লোকের মাধ্যমে পরের ফ্লাইটেই তাকে কাই টাকে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমি নিজে তাকে ইমিগ্রেশন কাউন্টার পার ক’রে দেবো, তার যাত্রা হবে সম্পূর্ণ নিরাপদ। আমি জানি উনি আমাদের বিশ্বাস করেন না। আর তাই, তিনি চাইলে এয়ারপোর্টে পৌঁছে হাতে টিকিট নেবার পরেও ইনফরমেশনগুলো বলতে পারেন। এর চেয়ে বড় বিশ্বস্ততা কি দেখানো সম্ভব? এয়ারপোর্টে আমাদের শত্রুদের লোকেরা টহল দেয়। তিনি কোনো বিপদ আঁচ করলে শুধু একটু চিৎকার দিলেই সাহায্য পাবেন।”

বক্তা নকল বন্দীটির কথা গভীর মনোযোগ দিয়ে শুনে গাছের পাশে দাঁড়ানো কমান্ডোর দিকে ফিরে স্পষ্ট ইংরেজিতে কথা বলতে শুরু করলো।

“আমরা ঠিক করেছি এই তুচ্ছ বন্দীকে ছেড়ে দেবো, যদি সে ঠিক ঠিক বলে দেয় তার কমরেড এখন কোথায় আছে। তুমি কি এতে রাজি?”

“এই ফ্রেঞ্চম্যান তোমাদের মিথ্যা বলবে!” সামনে এক পা এগিয়ে গিয়ে বললো কমান্ডো।

“কেন?” প্রশ্ন করলো বক্তা। “তাকে তার জীবন ফিরিয়ে দেয়া হবে, স্বাধীনতা ফিরিয়ে দেয়া হবে। নিজের জীবনের চাইতে কোনো অপারেশন, কোনো কমরেডের ইনফরমেশন গুরুত্বপূর্ণ হতে পারে না!”

“আমার মনে হয় না কাজটা ঠিক হবে,” মাথা নাড়লো ইংলিশম্যান। “আমার মতামত চাইছিলেন তো! আমার এতে মত নেই, ব্যস্। আপনার যা ইচ্ছা করুন।”

“চলুন, এবার যাকে আমরা ক্ষমা প্রদর্শন করতে চাচ্ছি তার মতামত নেয়া যাক,” বক্তা দর্শকদের দিকে ফিরে আবার মানদারিনে বলতে শুরু করলে কমান্ডো পিছিয়ে গিয়ে গাছে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো। দাঁজুকে ধরে সামনে নিয়ে আসা হলো এখন। “তার হাতের বাধন খুলে দাও, সে কোথাও পালিয়ে যাবে না। মুখ থেকেও বাধন খুলে দাও। তাকে কথা বলার সুযোগ দাও। তাকে জানতে দাও আমরা কতোটা উদার হতে পারি।”

বাধন খোলার সাথে সাথে দাঁজু হাত দিয়ে তার চোয়ালের দু’পাশ মেসেজ করলে বক্তা তার দিকে তাকালো।

“আমি চাই সব কথা ইংরেজিতে হোক। যা কথা হবে তা আমাদের মাঝেই থাকা ভালো।”

“যা কথা হবে সবাই শুনবে এবং বুঝবে। আর একটা কথা, আমি প্রথমেই স্পষ্ট ক’রে দিতে চাই। আমি কখনও কোনো পাগলের সাথে চুক্তিতে যাই নি, আর যাবোও না,” বললো দাঁজু।

“তুমি এখনও তোমার জীবন ফিরে পেতে পারো,” বললো বক্তা।

“কতোক্ষণের জন্য?” ঠাট্টার সুরে বললো দাঁজু।

“কম ক’রে হলেও আজ রাতটা বাঁচবে। বাকিটা তোমার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।

“তাই বুঝি! তাহলে এবার বলি, আমি তোমাদের একটা কথাও বিশ্বাস করি নি। এয়ারপোর্টে নিয়ে হাতে টিকিট দিয়ে দিলেই যে, আমি প্রাণে বাঁচবো তার গ্যারান্টি কি? গত সন্ধ্যার কাই টাকের মতো তো আর সবসময় এয়ারপোর্টে অতো বুলেটপ্রুফ সিকিউরিটি থাকে না। টার্মিনালের ভেতরে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বা ছুরি হাতে একজন লোকই আমাকে মারার জন্য যথেষ্ট হবে। আর তোমার ওই অপরিপক্ক বন্দী অভিনেতার মধ্যে বিশ্বস্ততার কোনো আভাস আমি দেখি নি। প্রথম থেকেই তার আচরণে আমার সন্দেহ হয়। তার চালচলন আর কথাবার্তায় আমি নিশ্চিত হয়ে যাই সে তোমাদেরই একজন। তোমার মতো, সেও একটা বড় গাধা!”

“আমার মতো?”

“হ্যাঁ। যদিও তোমার কথা শুনে বোঝা যায় তুমি শিক্ষিত। সম্ভবত বৃটেনের কোনো জায়গা থেকে পড়াশোনা করেছো, তাই না?”

“লন্ডন স্কুল অব ইকোনোমিক্স,” জবাব দিলো শেঙ্গ চোউ ইয়াঙ্গ, চুপ থাকতে পারলো না সে।

“বেশ! কিন্তু তাসত্ত্বেও তোমাকে দেখেই বোঝা যায় তুমি একটা ক্লাউন। একটা গবেট!”

“এ কথা বলার আস্পর্ধা তোমাকে কে দিলো?”

“কাই সাই জুয়ান,” ইকো দর্শকদের দিকে ফিরে বললো। “শেনজিঙ্গ বিঙ্গ!” হাসতে হাসতে বললো সে। দর্শকদের বলতে লাগলো এমন তারছেড়া বাঁদর সে তার পুরো জীবনেও দেখে নি

“চুপ করো!” চেঁচিয়ে উঠলো শেঙ্গ।

“কেন?” বোকার মতো হাসতে লাগলো ইকো। “তুমি তোমার পাগলের প্রলাপ বকে এই লোকগুলোর মাথা খেয়েছো! এদেরকে স্বপ্ন দেখিয়েছো লোহাকে সোনা বানাবে। প্রস্রাবকে মদ! আরো কতো কি! কিন্তু যে সোনা আর মদ যোগাড় হবে তার পুরোটাই তো তুমি সাবাড় করবে। এদের ভাগ্যে কিছু জুটবে কি?”

“আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি,” ইংরেজিতে চেঁচিয়ে উঠলো শেঙ্গ।

“দেখেছো!” উল্লাসের সাথে চেঁচিয়ে উঠলো ইকো। “সে আমার সাথে তোমাদের ভাষায় কথা বলতে চায় না। সে নিজেকে লুকাতে চায়, সে ভয় পায় তার গোমর ফাঁস হয়ে যাবে বলে,” মানদারিনে বলে চললো ইকো। “এই চিকনা লোকটার মধ্যে তোমরা এমন কি দেখলে যে, একে তোমাদের নেতা বানিয়েছো। দেখো, তলোয়ারটাই ওর চেয়ে বড় মনে হয়। তার ওপর ওই বেলুনের মতো মাথার ওপর একটা খ্যাতমাাা টুপি পরেছে। সে মেয়েদের শরীরে নিজের তলোয়ারটা ঢুকায় না কেন? তার কি ঢোকানোর মতো সোনা নেই—”

“যথেষ্ট হয়েছে!” শেঙ্গ তার তলোয়ার তুলে ধরলো। “হয় ইনফরমেশন দেবে না হলে মরবে—”  

“ইনফরমেশন দেওয়ার মতো কিছু ঘটেই নি। শুধু আমার সঙ্গীকে শেষ একটা কথা বলার দরকার ছিলো। যদি সে এখানে থাকতো তাহলে আমি তাকে বলতাম সবার আগে তোমাকে চ্যাংদোলা ক’রে ছাদ থেকে ছুড়ে ফেলতে!”

ইকো তার শেষ নিগনালটা পাঠিয়েছে! বর্নকে দ্রুত কিছু একটা করতে হবে! জলদি! জেসন তার অস্ত্রটা প্রস্তুত ক’রে সামনে হামাগুঁড়ি দিয়ে এগোতে লাগলো। সামনে একটা বড় পাথরের চাঁই পেলো সে। নিজেকে আড়াল করার জন্য এটা যথেষ্ট। বর্ন তার ঘড়ির রেডিয়াম ডায়ালটা দেখলো। প্রতিটি সেকেন্ডের হিসেব সে রাখছে। কারণ পার্কিংলটে গাড়ির ভেতরে সে মোমবাতি আর চাইনীজ পটকার সময় বেধে দিয়ে এসেছে। তার হিসেবমতো বিস্ফোরণের শব্দ শোনা যাবে।

“তুমি তোমার শেষ সুযোগটা নষ্ট করলে,” তলোয়ার উঁচিয়ে মাটির দিকে তাকিয়ে বললো শেঙ্গ।

“হারামজাদা…” দাঁজু সবাইকে চমকে দিয়ে শেঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়লো। শেঙ্গের মুখে থুতু ছিটিয়ে তাকে খামচাতে শুরু করলো সে। এক ঝটকায় শেঙ্গ নিজেকে ছাড়িয়ে নিয়ে দু’পা পিছিয়ে তার তলোয়ার দিয়ে ইকোর গলায় কোপ মারলে ফ্রেঞ্চম্যানের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেলো। ইকো আর নেই!

ঠিক তখনই বর্নের খেলা শুরু হলো! আতশবাজির কান ফাঁটানো শব্দে কেঁপে উঠলো পুরো জায়গাটা। দর্শকেরা কেউ মাটিতে হুমড়ি খেয়ে পড়লো, বাকিরা গাছপালা আর ঝোঁপঝাড়ের পেছনে দৌড়ে গিয়ে গা বাঁচালো। প্রাণের ভয়ে তারা চিৎকার করছে। কমান্ডো হাটু গেঁড়ে বসে গাছের পেছনে চলে যাচ্ছে। তার হাতের অস্ত্রটা প্রস্তুত। বর্ন তার অস্ত্রটিতে সাইলেন্সার লাগিয়ে নিয়ে কমান্ডোর দিকে আড়াআড়িভাবে দাঁড়িয়ে লম্বা লম্বা কয়েকটা পদক্ষেপ নিয়ে এগিয়ে গিয়ে নিশানা ক’রে গুলি করলো। জেসনের অব্যর্থ টিপ কমান্ডোর হাত থেকে অস্ত্রটাকে ছিটকে ফেলে দিলো। নকল জেসন বর্নের বুড়ো আঙুলের গোড়া থেকে গলগল ক’রে রক্ত পড়ছে। গুপ্তঘাতক পাশে তাকাতেই বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেলো; সে মুখ হা ক’রে তাকিয়ে রইলো বর্নের দিকে।

“ওদিকে ঘোরো!” অস্ত্রের ব্যারেল দিয়ে কমান্ডোকে গুতো মেরে আদেশ করলো বর্ন। “গাছের ডালটা দু’হাত দিয়ে শক্ত ক’রে ধরে থাকো, নড়েছো তো মরেছো!”

কোথায় গেলো সেই কসাইটা! ইকোর জন্য এতোটুকু তো করতেই হবে! বর্ন চারদিকে দেখতে লাগলো। ভীতসন্ত্রস্ত লোকগুলো যেদিক থেকে আতশবাজির শব্দ আসছে সেদিকেই লক্ষ্যহীনভাবে গুলি ছুড়ে চলেছে। কমান্ডোর ডান হাত আর পা একটু নড়ে উঠতেই বর্ন গাছের গায়ে পর পর দুটি গুলি করলো। গুলি দুটো কমান্ডোর চোখের পাশ দিয়ে ঢুকে গেলো গাছ ফুঁটো ক’রে।

“ও চেষ্টাটা দ্বিতীয় বার কোরো না!” কথাটা বলতেই বর্নের চোখ সেই পাষণ্ডটার ওপর পড়লো। লোকটা চারদিকে মাথা ঘুরিয়ে দেখতে দেখতে তার নিষ্ঠুর রঙ্গমঞ্চ থেকে নামছে। দু’জনের চোখাচুখি হতেই তার দিকে লক্ষ্য করে গুলি ছুড়লো বর্ন, কিন্তু শেঙ্গ সাথে সাথে তার পাশের গার্ডটিকে টেনে তার সামনে এনে গা বাঁচালো। বর্নের অব্যর্থ লক্ষ্যে প্রাণ হারালো গার্ড। আবারো গুলি ছুড়লো বর্ন কিন্তু কোনো লাভ হলো না। শেঙ্গ এখনও মৃতদেহটি জড়িয়ে ধরে আছে। তাকে ঘায়েল করা এখন সম্ভব হবে না। এই পাষণ্ডের মরার সময় এখনও হয় নি।

দুঃখিত, ইকো। তোমার হত্যাকারীকে আমি উপযুক্ত শাস্তি দিতে পারলাম না।

“চলো! তুমি আমার সাথে আসছো,” কমান্ডোর গলা ধরে বর্ন তাকে ঠেলতে লাগলো, গাছপালার ভেতর দিয়ে যে পথে সে এসেছিলো সেদিকে।

দ্বিতীয় দফা বিস্ফোরনের শব্দ শুরু হলো। আবারো আতশবাজি। দ্রুত একটানা বিস্ফোরণের শব্দে লোকগুলো আবারো চিৎকার করতে শুরু করেছে, গুলি ছুড়তে শুরু করেছে তারা। শেঙ্গ চেট্টি ইয়াঙ্গ মাটিতে শুয়ে থেকেই চিৎকার ক’রে উঠলো, তার লোকগুলোকে দু’দিকে যাবার নির্দেশ দিলো। যেদিক থেকে বিস্ফোরণের শব্দ আসছিলো সেদিকে একদল এবং যেদিকে সে বর্নকে দেখেছে সেদিকে আরেক দলকে যাবার নির্দেশ দিলো সে।

বর্ন তার বন্দীকে নিয়ে দ্রুত এগোচ্ছে। তার অস্ত্র এক মুহূর্তের জন্যেও কমান্ডোর দিক থেকে সরছে না। আর কমান্ডোও তার পেছনের ব্যক্তির মুখ থেকে বের হওয়া প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে। ডানে বললে ডানে, বামে বললে বামে আর ঝুঁকতে বললে ঝুঁকছে সে। ওদিকে শেষদফা আতশবাজির বিস্ফোরণ শুরু হলো। এবারের গুলোর মাত্রা আগের দু’বারের চেয়েও বেশি তীব্র আর দীর্ঘস্থায়ী। ছুটতে ছুটতে কমান্ডো হঠাৎ হোষ্ট খেয়ে পড়ে যাবার ভান করলো। বর্ন জানতো তার জন্য প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান, আর কমান্ডো তাকে ইচ্ছে করে দেরি করিয়ে দিচ্ছে। সে কমান্ডোর চুল ধরে টেনে তুললো।

“জলদি!” গুপ্তঘাতককে সামনে ধাক্কা মেরে বললো বর্ন। “আর মনে রেখো। এমন কোনো চাল নেই যা তুমি শিখেছো অথচ আমি শিখি নি! ভুল পথে পা বাড়ালে দুটো গুলি তোমার মাথায় ঢুকবে!”

ছুটতে ছুটতে বর্ন তার পকেট থেকে গুলি ভরা নতুন শেল বের করলো। প্রায় ফাঁকা হয়ে যাওয়া শেলটা অটোমেটিক থেকে বের ক’রে নতুন শেলটা লোড করে নিলো সে। হঠাৎ গুলি করার শব্দ শুনতেই কমান্ডো দ্রুত তার মাথা ঘোরালো। কিন্তু ততোক্ষণে অনেক দেরি গেছে। বর্ন কমান্ডোর কানের পাশে দিয়ে গুলি ছুড়েছে। “আমি তোমাকে আগেও সাবধান করেছি,” বললো বর্ন, জোরে জোরে শ্বাস টানতে টানতে।

“হায় ঈশ্বর! তুমি তো দেখছি উন্মাদ!” কানের লতি ধরে আর্তনাদ ক’রে উঠলো গুপ্তঘাতক।

“তোমার শরীরে ততোক্ষণ প্রাণ থাকবে, যতোক্ষণ তুমি ছুটবে…আরো জোরে!” আদেশ করলো বর্ন।

“কিন্তু কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না!”

“পথ তৈরি করাই আছে। আমি এই ঝোঁপগুলো পরিস্কার করেই ঢুকেছি। সেদিকে চলতে থাকো যেদিকে কোনো বাঁধা লাগবে না। বাকি নির্দেশ আমি দিচ্ছি।”

বর্ন তার অস্ত্র দিয়ে কমান্ডোর মেরুদণ্ডে অনবরত গুতা মারতে লাগলো। জলদি, আরো জলদি! আতশবাজির বিস্ফোরণের শব্দ এখন থেমে গেছে। পুরো আক্রমণটাই যে একটা ধাপ্পা ছিলো সেটা জানতে শেঙ্গের লোকেদের বেশি সময় লাগবে না। তাকে দ্রুত এই পক্ষীশালা থেকে বের হতে হবে। আকাশে আবছা আলোর আভা দেখতে পেলো সে। ফ্লাড লাইট দুটো আর বেশি দূরে নেই। বড়জোর আধমাইল! জেসন কমান্ডোর দু’পায়ের ফাঁকে গুলি ছুড়লো।

“আরো জোরে দৌড়াও!” আবার নির্দেশ করলো বর্ন।

“আর পারছি না! আমার দম শেষ!”

“দম ভরে নাও, নাহলে পস্তাতে হবে।

তাদের দু’জন থেকে কিছুটা পেছনে, শেঙ্গের মঞ্চে লোকজন চেঁচামেচি করছে। শেঙ্গ এই অদৃশ্য হামলাকারীর পেছনে ধাওয়া করতে সবাইকে নির্দেশ দিলো। তারা ইতিমধ্যেই আতশবাজির পোড়া অংশ খুঁজে পেয়েছে, বুঝতে পেরেছে কোন্‌দিক দিয়ে বর্নকে ধাওয়া করতে হবে।

“তোমার মাথায় যদি কোনো বাজে ফন্দি এসে থাকে তাহলে সেটা ভুলে যাও, মেজর!” রুঢ়ভাবে বললো বর্ন।

“মেজর?” বিস্মিত কমান্ডো দৌড়াতে দৌড়াতে প্রশ্ন করলো।

“শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ব্যাপারে সবাই আমার জানা। আর যতোটা জেনেছি তোমাকে ততোটাই ঘৃণা করেছি! তোমার চোখের সামনে ওরা দাঁজুকে শুয়োরের মতো জবাই করলো, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুঁকে গেলে!

“সে নিজেই তো মরতে চাইছিলো! আমার আর কি করার ছিলো! তাছাড়া সেও তো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলো!”

“দৌড়াতে থাকো। থামলে তোমাকে এখানেই পুতে ফেলবো। অবশ্য তার আগে তোমার বিচি দুটো কেটে রাখবো!”

“তুমি আমাকে এমনিও মারবে, ওমনিও মারবে। আমার আর কোনো পথ খোলা নেই।”

“হয়তো না। হয়তো তোমার জীবন বাঁচাতেই আমি এসেছি। একটু চিন্তা ক’রে দেখো, মারতে চাইলে তোমাকে আমি কতো আগেই মারতে পারতাম!” তারা দ্রুত দৌড়ে চলছে। অন্ধকার পথ পার হয়ে ফ্লাড লাইটের আলোয় এসে পৌঁছালো তারা। সবুজ গেটটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছে তারা।

“পার্কিংলট!” চেঁচিয়ে উঠলো বর্ন। “একদম ডান দিকের কোণায় যেতে থাকো!” বর্ন থামলো। “দাড়াও!” বর্ন তার পকেট থেকে পেনলাইটটা বের ক’রে জ্বালালো। তারপর পরপর পাঁচবার গুলি ছুড়লো ফ্লাড লাইট দুটোকে লক্ষ্য ক’রে। ফ্লাডলাইট দুটো বিস্ফোরিত হতেই গেটের চারপাশটা অন্ধকার হয়ে গেলো। পেনলাইটের আলোয় সে তারের বেড়াজালের দিকে এগোনোর নির্দেশ দিলো গুপ্তঘাতককে।

“এবার হাটু গেঁড়ে বসো, ওই কাটা তারের ফাঁক দিয়ে বের হও। কিন্তু ওদিকে গিয়ে উঠে দাঁড়াবে না, চুপচাপ ব’সে থাকবে। এদিকেও তাকাবে না!”

কমান্ডোকে যা করতে হলো সে তাই করলো। একইভাবে হাটু গেঁড়ে তারই তৈরি করা তারের বেড়াটির ফাঁক দিয়ে বের হয়ে এলো বর্ন।

“হ্যাঁ, হয়েছে। এবার উঠে দাঁড়াও, সোজা হাটতে শুরু করো। হাত দুটো যেনো পেছনে থাকে। আমার লাইট তোমার ওপরে আছে। যদি হাত দুটো নড়তে দেখি তো বিপদে পড়বে!”

তারা গেট পার হয়ে সেই অন্ধকার রাস্তায় নেমে এলো। তাদের পেছনে ধেয়ে আসা সার্চ পার্টির চেঁচামেচি এখন পরিস্কার শোনা যাচ্ছে।

“জলদি! রাস্তার ওপারে, দৌড়াও,” বললো বর্ন। প্রায় মিনিট তিনেক দৌড়ানোর পর তাকে থামার নির্দেশ দিলো সে।

“ওই যে, গাছের ভাঙা ডালপালা জড়ো হয়ে আছে। দেখতে পাচ্ছো?”

“কোথায়?” হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করলো গুপ্তঘাতক।

“আমার পেনলাইটের আলো যেখানে পড়েছে। ওলো সরাও। এখনই!”

কমান্ডো ডালপালাগুলো সরানো শুরু করলে কালো সাংহাই সিডানটা বের হয়ে আসতেই বর্ন এবার তার পূর্বপরিকল্পিত পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হলো।

“গাড়ির ভেতরে একটা ব্যাগ রাখা আছে, ওটা বের করো!” কমান্ডোকে নির্দেশ দিলো সে।

কমান্ডো সুবোধ বালকের মতো গাড়ির দরজা খুলে ব্যাগটা বের করলো। তারপর ঘুরে জেসনের দিকে কয়েক পা এগিয়ে এসে ব্যাগটা তাকে দেয়ার জন্য তুলে ধরে সেটা দেয়ার পরিবর্তে ব্যাগ দিয়ে জেসনের অস্ত্রটিতে বাড়ি মারার চেষ্টা করলো, তারপর জেসনের পেনলাইটে বাড়ি মেরে সে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো জেসনের ওপর। কিন্তু বর্ন এরজন্য প্রথম থেকেই প্রস্তুত ছিলো। কমান্ডো ঝাঁপাতেই সে কয়েক পা পিছিয়ে গিয়ে আবার তার দিকে অস্ত্র তাক্ করলো।

“আমি তোমাকে অনেকবার সাবধান করেছি, কিন্তু তোমার কানে তা ঢুকছে না। আবার তোমাকে বাঁচিয়ে রাখাও আমার জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমাকে প্রাণে না মেরে ছোট্ট একটা বুলেট সার্জারি করবো, কেমন?” বর্ন তার অস্ত্রের ব্যারেলটি কমান্ডোর বাহুর ওপরে ধরে টুগার চাপলো।

“হায় জিশু!” একটা পিনের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে গুপ্তঘাতকের বাহু দিয়ে গলগল ক’রে রক্ত পড়তে লাগলো।

“চিন্তা কোরো না, হাড় ভাঙে নি,” বললো ডেল্টা। “শুধু একটু মাংস ক্ষতিগ্ৰস্ত হয়েছে। তোমার ভাগ্য ভালো, আমার মতো দয়ালু লোকের পাল্লায় পড়েছো। ব্যাগে কিছু গজ়্, টেপ আর অ্যান্টিবায়োটিক রাখা আছে। ওগুলো জলদি কাজে লাগাও। কারণ গাড়িটা তোমাকেই ড্রাইভ করতে হবে!”

শেঙ্ক চোউ ইয়াঙ্গের বারো জন লোক গেটের কাছে ছুটে এসেছে। তাদের মধ্যে শুধু চার জনের হাতে ফ্ল্যাশলাইট। গেটে চেইন লাগানো, ফ্লাডলাইট নষ্ট, টেলিফোনের লাইন কাটা আর সবগুলো গাড়ির টায়ার ফুটো। নিজেদের অদক্ষতা আর বোকামীর জন্য তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করলো। শেঙ্গ চোউ ইয়াঙ্গও সেখানে উপস্থিত হলো। কিন্তু ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

বর্ন আর তার বন্দী অনেক দূর চলে গেছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *