বর্ন সুপৃমেসি – ১৮

অধ্যায় ১৮

আর কিছুই করার নেই। গাড়িটা তার পথ অবরোধ ক’রে ফেলেছে। মেরি প্রথমে আর্তনাদ করলো, তারপর শুরু করলো চিৎকার করতে। চাইনীজ এজেন্টটি তার দিকে এগোতে থাকলে সে অনবরত চিৎকার ক’রে যেতে লাগলো। মেরি লোকটিকে দেখেই সব বুঝে ফেলেছে। সেই একই ধরণের পোশাক, গভর্নমেন্ট অফিসিয়াল। তার গলা ফাটানো চিৎকার রাস্তার লোকদের নজর কাড়লো। অনেকেই উৎসুক দৃষ্টিতে দেখতে থাকলো কি হচ্ছে, আবার কেউ কেউ ডাকতে গেলো পুলিশ।

“প্লিজ, মিসেস?” ওরিয়েন্টাল এজেন্টটি মিনতি ক’রে বললো। “আপনার কোনো ক্ষতি হবে না। আপনি আমার সাথে গাড়িতে উঠুন। আপনার নিজের প্রটেকশানের জন্যই বলছি।”

“আমাকে বাঁচাও,” বিস্মিত পথচারীদের দিকে চেঁচিয়ে বললো মেরি। “এই লোকটা চোর, সে আমার পার্স কেড়ে নিয়েছে, আমার টাকা ছিনিয়ে নিয়েছে, এখন আমার জুয়েলারিগুলোও নিতে চাইছে!”

“এই যে বন্ধু, এদিকে দেখো!” মধ্যবয়সী এক ইংরেজ সামনে এগিয়ে এসে কথাগুলো বললো। “আমি একজনকে এরই মধ্যে পুলিশ ডাকতে পাঠিয়েছি। কিন্তু যতোক্ষণ না তারা আসছে, আমি নিজেই চাবকে তোমার পিঠের ছাল তুলে ফেলবো!”

“প্লিজ স্যার,” স্পেশাল ব্রাঞ্চের লোকটি শান্তভাবে বললো। “এটা হাই অথোরিটির ব্যাপার, আমি তাদের হয়েই আজ করছি। আপনাকে আমার আইডেনন্টিটি কার্ড দেখাচ্ছি, তাহলেই সব বুঝতে পারবেন।

“শান্ত হও, বাবা,” শক্তসামর্থ এক লোক সামনে ছুটে এসে অস্ট্রেলিয়ান বাচনভঙ্গীতে বললো। সে বয়স্ক বৃটিশ লোকটিকে পাশে সরিয়ে দিলো। “এই ধরণের লম্পটকে শিক্ষা দিতে আরেকটু কমবয়সী লোকের দরকার। ওর গা থেকে হাত সরিয়ে নাও, লম্পট কোথাকার!”

“প্লিজ স্যার, আপনারা আমাকে ভুল বুঝছেন। এই মহিলা ভয়াবহ বিপদের মধ্যে আছে, অথোরটি তাকে জিজ্ঞেসাবাদ করতে চায়।”

“তাহলে তুমি ইউনিফর্ম পরো নি কেন?”

“আমি আপনাদেরকে আমার আইডেন্টিটি কার্ড দেখাচ্ছি।”

“একঘণ্টা আগে আমাকে গার্ডেন রোডে আক্রমণ করার আগেও সে একই কথা বলেছিলো,” চেঁচিয়ে বললো মেরি। “ওখানেও লোকজন আমাকে সাহায্য করতে চেয়েছিলো! লোকটা সেখানেও সবাইকে মিথ্যা বলেছে! তার পরই আমার পার্স চুরি করেছে সে! এখন আমাকে ফলো করতে করতে এখানেও এসে গেছে!” মেরি জানতো তার কোনো কথাই অর্থবহ হচ্ছে না। কিন্তু চেষ্টা করতে থাকলো যতোটা সম্ভব বিভ্রান্তি সৃষ্টি করতে। জেসন তাকে এটা শিখিয়েছিলো।

“এরপর আর আমি কোনো সুযোগ দেবো না, বাবা!” অস্ট্রেলিয়ান লোকটা আরো এক পা এগিয়ে এসে বললো। “তোমার নোংরা হাত এখনই ওর গা থেকে সরিয়ে নাও, বলছি!”

“প্লিজ স্যার, আমি তা করতে পারি না। অন্য অফিসিয়ালরাও আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে।”

“ওহ্, তাই বুঝি? তোমরা লম্পটরা দল বেধে ঘোরো নাকি? বেশ, তোমার সাথীরা আসার পর তোমার করুণ বিধ্বস্ত অবস্থা দেখতে পাবে তাহলে!”

অস্ট্রেলিয়ান লোকটি চীনাটির কাঁধ ধরে টানতে গেলে সঙ্গে সঙ্গে চীনাটি তার ডান পায়ের বুটের সুঁচালো ডগা দিয়ে লোকটার তলপেটে সজোরে লাথি বসালো। প্রচণ্ড ব্যথায় হাটুতে ভর দিয়ে নীচে ব’সে পড়লো লোকটি।

“আমি অনুরোধ করছি, আপনি এ ব্যাপারে আর নাক গলাবেন না, স্যার!”

“নাক গলালে করবি কি তুই, কুত্তার বাচ্চা?”

রাগে উপচে পড়া অস্ট্রেলিয়ান লোকটি স্পেশাল ব্রাঞ্চের লোকটির ওপর ঝাপিয়ে পড়ে দমাদম হাত চালাতে শুরু করলো। তামাশা দেখার জন্য চারদিকে উৎসুক দর্শকের ভিড় জমে গেছে। অনেকে চেঁচিয়ে বাবা দিচ্ছে। হৈচৈয়ের শব্দ ছাপিয়ে একটি অ্যাম্বুলেন্স আর তার সাথে দুটি গাড়ি ছুটে আসার শব্দ পাওয়া গেলো এবার। গাড়ি তিনটি জটলা পাকা মানুষের ভিড়ের পাশে এসে সশব্দে ব্রেক কষে থামলো।

সুযোগের সদ্ব্যবহার করলো মেরি। ভিড়ের মধ্য থেকে আস্তে ক’রে কেটে পড়ে ছুটতে লাগলো সে। তার স্যান্ডেল দুটো মাটিতে পড়ে গেলে আলগা হয়ে যাওয়া, শক্ত আর ধারালো ইটের টুকরোগুলোর কারণে দৌড়াতে বেশ কষ্ট হলো। কিন্তু সেই ব্যথার দিকে মনোযোগ দেয়ার সময় নেই তার। তাকে এখন ছুটতে হবে, পালাতে হবে এখান থেকে, যতোদ্রুত সম্ভব। ঠিক তখনই গুরুগম্ভীর কণ্ঠস্বরটি শুনতে পেলো সে, আর তার সামনে বিশালদেহী সেই চীনা লোকটি যাকে সবাই মেজর বলে ডাকে তার চেহারা ভেসে উঠলো।

“মিসেস ওয়েব, মিসেস ওয়েব, প্লিজ থামুন! আমরা আপনার কোনো ক্ষতি করবো না। আপনাকে সব কথা খুলে বলা হবে! ঈশ্বরের দোহাই, থামুন!”

সবকথা খুলে বলা হবে! ভাবলো মেরি। আরো যতোসব বানোয়াট গল্প বলা হবে আর কি! হঠাৎ সেই জটলা পাকা লোকগুলো তার দিকেই ছুটে আসছে। ওরা করছেটা কি! তারপর ওরা ছুটতে ছুটতে একসময় মেরিকেও ছাড়িয়ে গেলো, বেশির ভাগই পুরুষ, কিন্তু সবাই পুরুষ নয়। তারপর সে বুঝতে পারলো আসলে কি হয়েছে। তারা সবাই ভয় পেয়ে দিকন্দিকহীনভাবে ছুটতে শুরু করেছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। মেরি ঘুরে দাঁড়ালো। ভিড়ের মধ্যে ঢুকে নিজেকে একটু আড়াল করে আবার সেদিকেই দিয়ে যেতে লাগলো সেখানে সে ধরা খেয়েছিলো। সে সতর্কভাবে দেখলো মেজর লোকগুলোর সাথে বিপরীত দিকে ছুটে যাচ্ছে, তার সাথে আরো একজন গভর্নমেন্ট অফিসিয়াল। মেরি দৌড়ে বোটানিক্যাল গার্ডেনের চওড়া প্রবেশপথের দিকে এগিয়ে গিয়ে সেখানে একটা গাছের আড়ালে দাঁড়ালো। মিঙ্গ পার্কিং গ্যারেজটা সরাসরি তার চোখের সামনে। মেজর গ্যারেজটা পার হয়ে সামনে চলে যাচ্ছে আর আশেপাশের গলিগুলোতে উঁকিঝুঁকি মারছে।

মিঙ্গের সামনে একটা ট্যাক্সি এসে থামতেই তার ভেতর থেকে ড্রাইভার বের হয়ে গ্যারেজের গ্লাস বুথের ভেতরে বসা কারো সাথে কথা বললো। ড্রাইভার ঝুঁকে লোকটিকে ধন্যবাদ জানিয়ে নিজের ক্যাবে ফিরে গিয়ে তার প্যাসেঞ্জারের সাথে কথা বলছে। তার প্যাসেঞ্জার খুব সতর্কভাবে ক্যাবের দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো।

ক্যাথরিন!

সে অত্যন্ত দ্রুত পায়ে গ্লাস বুথের লোকটির কাছে গিয়ে ড্রাইভারের কাছ থেকে শোনা খবরটির সত্যতা যাচাই করছে। হঠাৎ ক’রে ওয়েনজুর আবির্ভাব ঘটলো। সে আর তার একজন সহযোগী মিঙ্গের পাশে পার্ক করা তাদের অ্যাম্বুলেন্সের কাছে ফিরে আসছে এখন। আর বাকি সহযোগীরা মেরিকে খুঁজতে সামনে এগিয়ে যাচ্ছে। ওয়েনজু গ্যারেজের দিকে এগোতে লাগলো। সে তো ক্যাথরিনকে দেখে ফেলবে!

মেরি টের পেলো খুব বাজে কিছু একটা ঘটতে যাচ্ছে, আর এটা ঘটতে দেয়া যায় না।

“কার্লোস!” চিৎকার করে বললো মেরি, সে জানতো এ নামটা তাদের মনোযোগ এদিকে টানতে বাধ্য করবে। “ডেল্টা!”

হতভম্ব মেজর ঘুরে তাকাতেই মেরি দৌড়ে বোটানিক্যাল গার্ডেনের ভেতরে ঢুকে পড়লো। সে জানতো ‘কার্লোস’ নামটা যাদুর মতো কাজ করবে। কেইন কার্লোসের জন্য আর কার্লোস কেইনের হাতেই মরবে…এ রকম‍ই কিছু একটা সংকেত ওরা ব্যবহার করতো! ওরা আবার ডেভিডকে ব্যবহার করছে! ওরা ইউনাইটেড স্টেটসের সরকারী লোকজন! অমানুষ! ওরা এতোটা নীচে নামতে পারে মেরি কখনও কল্পনাও করে নি। এখন ডেভিডকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। ডেভিড ওর জীবনের ঝুঁকি নিয়ে এই বানচোতগুলোর ফরমায়েশ খাটতে যাচ্ছে। কিন্তু ডেভিডকে ফিরে পেতে হলে ক্যাথরিন স্টেপসের সাহায্য লাগবে। একমাত্র সে-ই তাকে সাহায্য করতে পারে।

একসারি ঝোঁপের ভেতরে গুটিশুটি মেরে লুকালো সে। মেজর লিন তার পেছন পেছন বোটানিক্যাল গার্ডেনের গেট দিয়ে ঢুকলো। বিশালদেহী লোকটা একটু থেমে চোখ কুঁচকে চারদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার একজন সহকারীকে চেঁচিয়ে ডাকলো। লোকটি বাড়ন্ত ট্রাফিকের জন্য রাস্তার এপারে আসতে হিমশিম খাচ্ছে। রাস্তার মাঝখানে পার্ক করা দুটো গাড়ি আর একটি অ্যাম্বুলেন্সই এই ট্রাফিক জ্যামের কারণ। মেজর সেদিকে তাকিয়ে ঘাবড়ে গেলো। ঝামেলার মূল কারণ কি চিহ্নিত করতে পারলো সে।

“ওই গাধা দুটোকে গাড়িগুলো সরাতে বলো,” গর্জন ক’রে উঠলো মেজর। “তারপর জলদি এখানে আসতে বলো…না! একজনকে আলবানি রোডে যে গেটটা আছে সেখানে যেতে বলো, আর বাকিদের এখানে আসতে বলো! জলদি!”

সন্ধ্যা নেমে আসছে আর তার সাথে রাস্তার পথচারীর সংখ্যাও বেড়ে চলেছে। ক্লান্তদেহে লোকজন অফিস থেকে ফিরছে। কেউ টাই খুলে হাতে নিয়েছে তো কারো শার্টের বোতাম খোলা, মহিলারা তাদের হাইহিল জুতো ব্যাগে ভরে তার জায়গায় ফ্ল্যাট স্যান্ডেল পরেছে। গার্ডেনের পাশে বাচ্চাদের ছুটোছুটি আর হাসি ঠাট্টার শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু মেজর গেট থেকে এক পা-ও নড়ছে না। মেরি ঢোক গিললো; তার ভেতর ভয় বেড়েই চলেছে। অ্যাম্বুলেন্স আর বাকি গাড়ি দুটোকে সরিয়ে ফেলা হলে ট্রাফিক কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো।

ঢাস্ ক’রে একটা অ্যাকসিডেন্টের শব্দ হলো এবার। অ্যাম্বুলেন্সটির পাশ দিয়ে যাবার সময় একটি গাড়ি তার সামনের গাড়িটির পেছনে আঘাত করেছে। মেজর আর নিজেকে সামলাতে পারলো না। অ্যাকসিডেন্টটা তার অ্যাম্বুলেন্সের পাশে হওয়ায় তাকে দেখতে যেতে হলো, নিশ্চিত করতে হলো এতে তার ড্রাইভারের কোনো দোষ আছে কি না। সুযোগ নিজে থেকেই দেখা দেয়…আর সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয়। এই তো সেই সুযোগ!

মেরি দৌড়ে ঝোঁপগুলোর একদম শেষ মাথায় পৌঁছে গেলো। সেখান দিয়ে চারজনের একটি দল গেটের দিকে যাচ্ছে, মেরি তাদের ভেতর ঢুকে পড়লো। হাটতে হাটতে সে এক নজরে ডান দিকে তাকাতেই ভয় পেয়ে গেলো, কারণ মেজর কিছু একটা আঁচ করতে পেরেছে, হয়তো তাকে দেখেই ফেলেছে। মেজর থেমে অনিশ্চিত ভঙ্গিতে কিছু একটা ভেবেই দ্রুত গেটের দিকে ফিরে আসতে শুরু করলো।

রাস্তায় একটা গাড়ি থেকে অনবরত হর্ন বাজছে। ছোট্ট একটা জাপানিজ গাড়ি। তার জানালা দিয়ে কেউ হাত নাড়ছে। ক্যাথরিন! ওটা ক্যাথরিনের গাড়ি! মেরি দৌড়ে গাড়িটার দিকে এগিয়ে গেলো।

“উঠে পড়ো!” চেঁচিয়ে বললো স্টেপলস্। “লোকটা আমাকে দেখে ফেলেছে!”

“জলদি।”

মেরি সামনের সিটে বসতেই ক্যাথরিন তার গাড়িটা বিদ্যুৎবেগে ঘুরিয়ে নিয়ে সোজা ছুটতে শুরু করলো। মেইন রোড থেকে গাড়িটা নামিয়ে একটা সাইড রোড ধরে এগোলো। ওদের চোখে পড়লো রাস্তার পাশের থামের ওপরে একটা সাইনবোর্ডের দিকে। তাতে লাল রঙা তীরচিহ্ন দিয়ে ডান দিকে ইঙ্গিত করা হয়েছে। ওপরে লেখা সেন্ট্রাল বিজনেস ডিক্ট। স্টেপলস্ ডান দিকে মোড় নিলো।

“ক্যাথরিন!” উত্তেজিতভাবে বললো মেরি। “সে আমাকে দেখে ফেলেছে!”

“তার চেয়েও খারাপ ব্যাপার,” রাস্তার দিকে চোখ রেখেই বললো স্টেপলস্। “সে এই গাড়িটাও দেখে ফেলেছে।”

“একটু টু ডোর সবুজ রঙের মিটসুবিশি!” হাতের ওয়্যারলেসে চেঁচিয়ে বললো ওয়েনজু। “লাইসেন্স নাম্বার হচ্ছে এ.ও.আর ফাইভ-থ্-ফাইভ-জিরো…না, জিরো না হয়ে সিক্সও হতে পারে, আমি নিশ্চিত না। পুলিশের এমারজেন্সি টেলিফোন ব্যবহার ক’রে সব জায়গায় মেসেজ পাঠিয়ে দাও! গাড়ির ড্রাইভার এবং প্যাসেঞ্জারকে ধরা মাত্রই কাস্টডিতে নিয়ে আসতে বলো; কোনো কারণ দর্শানোর দরকার নেই। বলো এটা হাই অথোরিটির ব্যাপার, আর এখন কোনো ব্যাখ্যা দেয়া হবে না। জলদি!”

.

আইস হউজ স্টুটের একটা পার্কিং গ্যারেজের দিকে স্টেপলস্ গাড়িটা ঘোরালো। রাস্তা থেকে কিছুটা দূরে টাঙানো মানদারিন হোটেলের উজ্জ্বল লাল সাইনবোর্ডটি চোখে পড়ছে।

“আমাদেরকে একটা গাড়ি ভাড়া করতে হবে।” নিজের গাড়ি পার্ক করার টিকেট হাতে নিতে নিতে বললো স্টেপলস্। “এই গাড়িটার কথা এতোক্ষণে সবাই জেনে ফেলেছে। এটাকে এখানেই পার্ক ক’রে রেখে যাবো। সামনের হোটেলটার কয়জনকে আমি চিনি। ওরা এ ব্যাপারে সাহায্য করতে পারবে।”

তারা দু’জন মানদারিন হোটেলের প্রধান ফটক ব্যবহারনা ক’রে পাশের ছোটো একটা দরজা দিয়ে ঢুকলো। “ওই ডান দিকে একটা লেডিস রুম আছে, তুমি ওদিকে যাও, আমি আসছি,” ক্যাথরিন কথাটা বলেই মানদারিনের লবিতে থাকা কানাডিয়ান ডেস্কের কাছে গেলো। লি টেঙ্গের সাথে চোখাচোখি হলো তার। ক্যাথরিন এই লি টেঙ্গের কাছে অসংখ্যবার কানাডিয়ান কাস্টমার পাঠিয়েছে। সে আশা করছে লি টেঙ্গ তাকে গাড়ি ভাড়া ক’রে দিতে সাহায্য করবে। কিন্তু তাদের সম্পর্কটা শুধু ব্যবসায়িক লাভ-ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই। কারণ ক্যাথরিনের অজান্তে লি টেঙ্গ প্রায়ই তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে।

“প্লিজ, মিসেস ক্যাথরিন? আপনি এদিকে আসুন।”

“কি হয়েছে?” টেঙ্গের সাথে ডেস্ক থেকে কিছুটা দূরে এসে প্রশ্ন করলো ক্যাথরিন।

“কিছুক্ষণ আগে ওপরে অফিসে এটার চারটা কপি পাঠানো হয়েছে, আমি শুধু তিনটা সরাতে পেরেছি,” লি টেঙ্গ তার পকেট থেকে কতোগুলো কম্পিউটার প্রিন্ট করা পেপার বের করলো।

এমারজেন্সি গভর্নমেন্ট কন্ট্রোল। মিসেস ক্যাথরিন স্টেপলস্ নামে একজন কানাডিয়ান মহিলা একটি গাড়ি ভাড়া করতে আসতে পারে। তার বয়স সাতান্ন, চুল কিছুটা পাকা, মাঝারি উচ্চতা ও হালকা গড়ন। তার সকল কাজে দেরি করিয়ে দিন এবং পুলিশের সাথে যোগাযোগ করুন।

“এখানে থেকে গাড়ি ভাড়া করা নিরাপদ হবে না,” বললো টেঙ্গ। “আমি একজন ড্রাইভার আর গাড়ি আপনাকে দিচ্ছি, সে আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে।”

“আপনি কি জানতে চান সবাই কেন আমার পেছন লেগেছে?”

“তার কোনো দরকার নেই, কারণ গভর্নমেন্ট যাই বলুক না কেন, আমি জানি আপনি একজন ভালো মানুষ

“আমি সত্যিই আপনার কাছে কৃতজ্ঞ!”

“আপনার সাথে ক্যাশ কতো আছে?”

“আমি বেশি ক্যাশ নিয়ে ঘুরতে অভ্যস্ত নই। ক্রেডিট কার্ড আছে। সেটা দিয়ে পে করলে চলবে তো?”

“আমার জন্য বলছি না। ক্রেডিট কার্ড এখন আর ব্যবহার করবেন না, ওটা দিয়ে আপনাকে ট্রেস করতে পারবে,” পকেট থেকে বেশ কিছু টাকা ক্যাথরিনের দিকে বাড়িয়ে দিয়ে বললো টেঙ্গ।

“আমি পালিয়ে যাচ্ছি না, টেঙ্গ, আমি আবার আসবো,” টাকাগুলো নিয়ে বললো ক্যাথরিন। তার চোখেমুখে কেবলই বিস্ময়।

“সারাটা রাত তোমরা করেছো কি, খালি ঘুরে বেড়িয়েছো!” উত্তেজিত কণ্ঠে বললো হাভিলান্ড। “সে তার গাড়ি পার্ক ক’রে রেখে গেছে, কোনো না কোনো সময় তা ফেরত নিতে আসবে, এই আশায় সারা রাত কাটিয়ে দিয়েছো! তোমাদের দিয়ে কিছু হবে না। শোনো, আগামীকাল বিকাল ৪টার সময় একটা কানাডিয়ান- আমেরিকান স্ট্রাটেজি কনফারেন্স আছে। সে ওটা অ্যাটেন্ড করবেই! চারদিকে পাহাড়া বসাও! সে আসলেই তাকে আমার কাছে ঘাড় ধরে নিয়ে আসবে!”

“সে দাবি করতে পারে তার সাথে হয়রানিমূলক আচরণ করা হচ্ছে। তাছাড়া ওখান থেকে তাকে ধরলে আন্তর্জাতিক কূটনীতিক আইন ভঙ্গ করা হবে”

“আরে রাখো তোমার আইন! একটা সেকেন্ডও বরবাদ করার সময় নেই। তাকে সোজা এখানে ধরে আনবে, ব্যস।”

.

দু’জন প্রহরীর প্রহরায় উত্তপ্ত ক্যাথরিন স্টেপলস্ ভিক্টোরিয়া পিক-এর সেই বাড়িটির একটা রুমের সামনে এসে দাঁড়ালো। ওয়েনজু দরজা খুললে স্টেপলস্ প্রথমবারের মতো মুখোমুখি হলো অ্যাম্বাসেডর রেমন্ড হাভিলান্ড এবং আন্ডারসেক্রেটারি এডওয়ার্ড ম্যাকঅ্যালিস্টারের। সময় বেলা ১১টা ৩৫, বাইরের বাগান থেকে রোদেলা আলো জানালা দিয়ে এসে ঘরটিকে ঝলমলে করে তুলেছে।

“এবার কিন্তু আপনি সীমা ছাড়িয়ে গেলেন, হাভিলান্ড,” বললো ক্যাথরিন, তার কণ্ঠে শীতলতা আর কঠোরতার সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ ঘটেছে।

“আমার সীমা এতো সীমিত নয়, মিসেস স্টেপলস্। আপনি আমার গভর্নমেন্টের কাজে বাধা সৃষ্টি করছেন।”

“আপনার কাছে কোনো প্রমাণ নেই, না আছে কোনো ছবি, না আছে কোনো ভিডিও টেপ।”

“আমাকে প্রমাণ করতে হবে না, গতকাল সন্ধ্যা সাতটার সময় আমেরিকান কনসুলেটের একজন তরুণ সদস্য নিজে এখানে এসে সব বলে গেছে। আপনার জারিজুরি সব ফাঁস হয়ে গেছে।”

“ছেলেটা বোকা। কিন্তু তাকে আমি দোষ দেই না! দোষ সব আপনাদের আপনারা যা করেছেন তা ক্ষমার অযোগ্য,” ক্যাথরিন স্টেটের আন্ডারসেক্রেটারির দিকে তাকালো। “আর আপনি নিশ্চয়ই সেই মিথ্যুক ম্যাকঅ্যালিস্টার!”

“আপনার পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ, মিসেস।” বললো ম্যাকঅ্যালিস্টার।

“আপনাদের মতো আদর্শহীন লোক ক্ষমতার জোরে সবকিছু করতে পারে। কিন্তু সাধারণ মানুষগুলোর বিধাতা হওয়ার অধিকার আপনাদের কে দিয়েছে? কোন্ অধিকারে আপনারা দুটো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? তাইপান আর তার মৃত স্ত্রীর বদলা, অ্যাহ!” ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো ক্যাথরিন। “অন্যের স্ত্রীকে তুলে আনার জন্য এর চেয়ে ভালো কিছু মাথায় এলো না আপনার?” তাচ্ছিল্যের স্বরে বললো সে। “স্পষ্ট ক’রে বলছি, কানে ঢুকিয়ে নিন। আমি তাকে আমার গভর্নমেন্টের প্রকেটশানের আন্ডারে কনসুলেটে নিয়ে আসবো। আপনি আর আপনার গুণ্ডাগুলো একজন কানাডিয়ান নাগরিকের জীবন বিপন্ন করেছিলেন তা প্রমাণ করবো। জবাবদিহি করার জন্য তৈরি থাকুন।”

“মাই ডিয়ার লেডি!” চেঁচিয়ে উঠলো অ্যাম্বাসেডর, অনেকটা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে। “যতো খুশি হুমকি দিতে চান, দিন, কিন্তু আপনাকে আমার কথা শুনতে হবে। আর সবকিছু শোনার পরও যদি আপনি আমার বিরুদ্ধে যুদ্ধে নামতে চান, তাহলে আপনাকে স্বাগত জানাবো।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *