বর্ন সুপৃমেসি – ৩৪

অধ্যায় ৩৪

মরিস পানোভের তত্ত্বাবধানে হেডকোয়ার্টারের একজন টেকিনিশিয়ান ছবিটা তুললো। কাজটা সারা হলো সাদা কনফারেন্স টেবিলের ওপরে। রক্ত লেগে থাকা একটা সাদা কাপড়ে ওয়েবের দেহ ঢাকা, মুখ রক্তাক্ত, আর চোখ দুটো খোলা।

“যতোদ্রুত সম্ভব ছবিগুলোর প্রিন্ট নিয়ে আসো,” টেকনিশিয়ানকে নির্দেশ দিলো ককলিন।

“বিশ মিনিট,” বললো টেকনিশিয়ান, সে দরজা দিয়ে বের হতেই ম্যাক অ্যালিস্টার রুমে প্রবেশ করলো।

“খবর কি?” টেবিলের উপরে উঠে বসে ডেভিড বললো। মেরি একটা গরম, ভেজা তোয়ালে দিয়ে তার মুখ মুছে দিচ্ছে।

“কনসুলেট থেকে মিডিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে,” শান্তকণ্ঠে বললো আন্ডারসেক্রেটারি। “কনসুলেট তাদেরকে বলেছে আর এক-দেড় ঘণ্টার মধ্যে বিবৃতি দেয়া হবে। আমি তাদেরকে সব নির্দেশনা দিয়ে দিয়েছি। তাদেরকে আমার নামও ব্যবহার করতে বলেছি। ওরা বিবৃতিটা তৈরি করছে। মিডিয়াতে বলার আগে ওরা সেটা একবার আমাদের পড়ে শোনাবে।”

“লিনের কি অবস্থা?” প্রশ্ন করলো অ্যালেক্স।

“ডাক্তার খবর পাঠিয়েছে। তার অবস্থা এখনও ক্রিটিক্যাল, কিন্তু হাল ছাড়ার কিছু নেই।”

“রাস্তার বাইরে যে সাংবাদিকেরা অপেক্ষা করছে, তাদের কি হবে,” বললো হাভিলান্ড। “এখন না হোক, কিছুক্ষণ পরে তো তাদের ঢুকতে দিতেই হবে। যতো দেরি হবে ততো তারা সন্দেহ করবে। ভাববে আসল ঘটনা ধামাচাপা দেয়া হয়েছে।”

“ও ব্যাপারটা আমি ইতিমধ্যে সামলেছি,” বললো ম্যাকঅ্যালিস্টার। “আমি গুজব রটিয়েছি যে, বেশ কিছু বিস্ফোরণ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো বিস্ফোরিত হয় নি। পুলিশ খুব সাবধানে সেগুলো সরাচ্ছে। তাই সময় লাগছে। এ ধরণের পরিস্থিতিতে সাংবাদিকেরাও ধৈর্য ধরতে অভ্যস্ত।”

জেসন বর্ন ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকালো। “আমাকে এখান থেকে যেতে হবে,” বললো সে। “আমাকে জলদি ম্যাকও’তে যেতে হবে।”

“ডেভিড এমন কোরো না!” মেরি তার স্বামীর সামনে এসে দাঁড়ালো।

“আমিও চাই নি এমন হোক,” টেবিল থেকে নেমে বললো ওয়েব। নরভাবে বলতে লাগলো সে, “কিন্তু পরিস্থিতিই এমনটা করছে। আমাকে জায়গামতো থাকতে হবে। খবরের কাগজে কিছু ছাপার আগেই শেঙ্গের সাথে আমার যোগাযোগ করতে হবে। তাকে বিশ্বাস করাতে হবে যে, আমিই সেই ভাড়াটে গুপ্তঘাতক। অন্য কেউ তাকে ইনফরমেশন দেয়ার আগেই তার সাথে আমাকে যোগাযোগ করতে হবে।”

“আপনি তাকে বলবেনটা কি?” প্রশ্ন করলো অ্যাম্বাসেডর, তার কণ্ঠস্বরেই বোঝা যাচ্ছে, এই গোপন অপারেশন থেকে ক্রমশ তার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়াটা মোটেই পছন্দ করছে না সে।

“অর্ধ সত্য! অর্ধ মিথ্যা! ঠিক যেমনটা আপনারা আমাকে বলেছিলেন,” বললো বর্ন।

“হেঁয়ালি ছাড়ুন, মি: ওয়েব,” বললো হাভিলান্ড। “এটা সত্যি যে, আমরা আপনার কাছে ঋণী কিন্তু তাই বলে—”  

“এই ঋণ আপনারা কখনও পরিশোধ করতে পারবেন না!” হাভিলান্ডের মুখের ওপর বলে বসলো জেসন বর্ন।

“আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি। কিন্তু তাই ব’লে আপনাকে আমি এমন কোনো কাজ করতে দিতে পারি না যাতে পাঁচ মিলিয়ন লোকের জীবন বিপন্ন হয় বা আমেরিকার স্বার্থে আঘাত লাগে।”

“ঠিক আছে, মি: অ্যাম্বাসেডর, শুনুন তাহলে,” বললো বর্ন। “আপনারা আমাকে এই কাজে ঢুকিয়েছেন ঠিকই কিন্তু ট্রেডস্টোন সেভেনটি-ওয়ানের একটা নীতি হয়তো আপনাদের মাথায় ছিলো না! সেটা হলো ঘাতক দিয়ে ঘাতক ধরা!”

“ওই নীতিটা আমরা ভুলি নি, বরং ওই একটা কাজই আমরা সফলভাবে করেছি,” একটু অবাক হয়ে বললো কূটনীতিক।

“কিন্তু ভুল পথে,” রুক্ষ্মভাবে বললো বর্ন। “শেঙ্গকে বের ক’রে আনার আরো ভালো একটা উপায় ছিলো। এতে আমার দরকার পড়তো না। না দরকার পড়তো আমার স্ত্রীর। কিন্তু সেটা আপনাদের চোখেই পড়ে নি। আপনাদের মোটা মাথায় সহজ বুদ্ধি ধরে না যে।”

“এমন কোনো উপায় ছিলো যেটা আমার চোখে পড়ে নি, মি: ওয়েব?”

“ষড়যন্ত্রকারী দিয়ে ষড়যন্ত্রকারী ধরা…যদিও সেটার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আপনারা আগে সব খুলে বললে আমি এটাই সুপারিশ করতাম।”

“বিষয়টা বুঝিয়ে না বলা পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে পারছি না।”

“অর্ধ সত্য, অর্ধ মিথ্যা—আপনাদেরই পদ্ধতি। শেঙ্গের কাছে একজন বার্তা বাহককে পাঠানো হতো, বয়স্ক আর বোকা বোকা ধরণের কাউকে, ধরুন লোকটাকে কোনো আগুন্তুক টেলিফোনে কিছু ইনফরমেশন দিয়ে শেঙ্গের কাছে তা পৌঁছানোর জন্য টাকা দিয়েছে। আগুন্তুক কে তা বের করার কোনো উপায় নেই। আমাদের বয়স্ক বাহক ইনফরমেশনটা শেঙ্গের কাছে পৌঁছে দিলো। ধরা যাক, আমাদের আগুন্তুক. হলো হংকংয়ের এমন কোনো ব্যক্তি, শেঙ্গের ষড়যন্ত্র ব্যর্থ হলে যার কোটি কোটি টাকা গচ্চা যাবে। সে শেঙ্গকে জানালো যে, তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যেতে পারে, বা তার শত্রুদের হাতে বড় কোনো প্রমাণ আছে। সে শেঙ্গকে ব্যক্তিগতভাবে দেখা করতে বললো। মিটিং ঠিক হবে। দেখা না করার ঝুঁকি শেঙ্গ নিতে পারতো না। অতঃপর সে মিটিংয়ে মানে ফাঁদে পা দিতো। ব্যস্!” বর্ন ম্যাক অ্যালিস্টারের দিকে চাইলো। “বাকিটা তো বা হাতের খেলা।”

“প্ল্যানটা ভালোই,” বললো অ্যাম্বাসেডর। “শুধু ছোট্ট একটা খুঁত রয়ে গেছে। হংকংয়ে অমন ষড়যন্ত্রকারী আমরা কোথায় পাবো যার স্বার্থ শেঙ্গের স্বার্থের সাথে জড়িত। যার কথায় শেঙ্গ দেখা করতে আসবে?”

জেসন বর্ন বয়স্ক কূটনীতিকের চেহারাটা ভালো করে দেখে নিলো।

“তাকে আপনারাই তৈরি করবেন। অর্ধ মিথ্যা!”

.

হাভিলান্ড আর অ্যালেক্স ককলিন সাদা কনফারেন্স রুমে ব’সে আছে। তারা দু’জন ছাড়া ভেতরে আর কেউ নেই।

ম্যাকঅ্যালিস্টার আর মরিস পানোভ গেছে আন্ডারসেক্রেটারির অফিসে। আলাদা আলাদা টেলিফোনে তারা খোঁজ-খবর নিচ্ছে, মিডিয়াতে খবর তাদের পরিকল্পনা অনুযায়ী ছড়াচ্ছে কি না সেটা দেখছে তারা। ডেভিড ওয়েব তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। পরবর্তী যাত্রা শুরুর আগপর্যন্ত তাকে বিরক্ত করা নিষেধ। তাদেরকে ওপরের তলার একটা রুম দেয়া হয়েছে। ম্যাকঅ্যালিস্টারের হিসেব অনুযায়ী আর পনোরো মিনিটের মধ্যেই তাদের যাত্রা শুরু হবে। একটা গাড়ি এসে জেসন বর্ন আর আন্ডারসেক্রেটারিকে কাই টাক এয়ারপোর্টে নিয়ে যাবে। একটা মেডিকেল হেলিকপ্টার তাদেরকে ম্যাকাও’তে নিয়ে যাবে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ব্যাপারটা কিয়াঙ্গ ইয়ু হাসপাতালের নাম ব্যবহার ক’রে এড়িয়ে যাওয়া হবে।

“এটা কখনই কাজে দিতো না,” বললো হাভিলান্ড।

“কি কাজে দিতো না?” প্রশ্ন করলো ককলিন। “ওয়েব আপনাকে যা বলেছে?”

“শেঙ্গ এমন কারোর সাথে দেখা করতে রাজি হতো না যাকে সে চেনে না।”

“সেটা নির্ভর করতো পরিকল্পনাটা আপনারা কিভাবে পরিবেশন করতেন তার উপর। ইনফরমেশনগুলো যদি সত্যিই স্পর্শকাতর হতো এবং সেগুলো যদি শেঙ্গের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা যেতো তাহলে সে না এসে পারতো না।

“অনেক কিছুই হতে পারতো, একটি সামান্য ভুল থেকে আরো বড় বিপদ আসতে পারতো।”

“কিন্তু বর্তমান পরিকল্পনাতে এর মধ্যে আপনার নিজে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।”

“কিভাবে?”

“খেলা এখনও শেষ হয় নি। ধরুন, যদি ডেল্টা ব্যর্থ হয়, তাহলে ওরা ওকে ধরে নিয়ে যাবে। কেমিক্যাল ব্যবহার ক’রে সব তথ্য বের ক’রে নেবে। আপনার নামের সাথে সাথে আপনি যা যা বলেছেন তার সবই ওরা জেনে যাবে –”

“ওয়েবের ইতিহাস, তার রেকর্ডের বড় একটা অংশ জুড়ে মানসিক অসুস্থতার রিপোর্ট আছে। সবাই জানবে সে একজন সিজোফ্রেনিক রোগি। এতে ইউনাইটেড স্টেটসের গভর্নমেন্টের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ মিলবে না।”

“হায় হায়! ওয়েব ধরা খেলেও আপনি সবকিছুর উর্ধ্বে থেকে যাবেন। এ কারণেই আপনি তাকে সব কথা সত্যি সত্যি বলেছেন।”

“আমি তাকে সত্যি বলেছি কারণ এবার মিথ্যা বললে টের পেয়ে যেতো

ককলিন হাভিলান্ডের কথায় কান না দিয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো। “আসলে আপনি চাইছেন শেঙ্গ না মরে ওয়েব ধরা পড়ুক। ওয়েবের কথা থেকে শেঙ্গ বুঝতে পারবে আমরা তার ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছি। ওদিকে এই পাগলের প্রলাপ থেকে অন্যেরাও সাবধান হয়ে যাবে শেঙ্গের ষড়যন্ত্র সম্পর্কে। তারা ভারবে পাগলের প্রলাপ মিথ্যে হলেও সত্যি হতে আর কতোক্ষণ! শেঙ্গের ষড়যন্ত্র সম্পূর্ণরূপে ভেস্তে না গেলেও বিলম্বিত হতে বাধ্য।”

“অনেকটা সেরকমই,” বললো হাভিলান্ড। “একদিক দিয়ে না হলেও আরেক দিক দিয়ে আমরা সফল হবোই।”

“কিন্তু ওয়েব! তার কি হবে? সে তো মারা যাবে!”

“কিছু পেতে হলে, কিছু তো হারাতেই হয়, মি: ককলিন!”

“তাহলে তার বদলে অন্য কাউকে পাঠান। তার কাছ থেকে কোডগুলো জেনে নিয়ে অন্য কাউকে পাঠান। ওয়েব ক্লান্ত, পরিশ্রান্ত, ওর জায়গায় নতুন কাউকে পাঠালে কাজটা ভালো করতে পারবে।”

“ক্লান্তই হোক, আর পরিশ্রান্তই হোক, ওয়েবের চেয়ে ভালোভাবে একাজ আর কেউ করতে পারবে না। সে এ কাজের জন্য আদর্শ!”

“আপনি তাকে দু’মুখো একটা ফাঁদে ফেলছেন! অন্তত তাকে বলে দিন আপনার মতলবটা কি! তাকে সাবধান ক’রে দিন!”

“সেটা সম্ভব নয়! আমার জায়গায় আপনি থাকলেও তা করতেন না!”

“ধরে নিন, সে সফল হলো না। মারা গেলো! তাহলে?”

“ম্যাকঅ্যালিস্টার তার সাথে যাচ্ছে। সে ওয়েবের কাছ থেকে কোডগুলো জেনে নেবে! ওয়েব নিজেও এতে রাজি হয়েছে। যদি খারাপ কিছু ঘটে তাহলে পরবর্তীতে আমরা এই কোডগুলো ব্যবহার ক’রে অন্য কাউকে পাঠাতে পারবো। হয়তো ওয়েবের ষড়যন্ত্রকারী দিয়ে ষড়যন্ত্রকারী ধরার থিওরিটাই কাজে লাগাবো। ওয়েব বলেছিলো এর জন্য অনেক দেরি হয়ে গেছে। কিন্তু এমনও হতে পারে সে ভুল হিসাব করেছে, থিওরিটা এখনও ব্যবহারের যোগ্য!”

“কিন্তু আপনি একটা কথা এড়িয়ে যাচ্ছেন,” উত্তেজিতভাবে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললো ককলিন। “আপনি নিজেই বলেছিলেন থিওরিটাতে খুঁত আছে।”

“তাই বলেছিলাম নাকি?”

“আমি আপনাকে এবার কোনো সুযোগ দেবো না। ওই লোকটাকে আপনারা অনেক জ্বালিয়েছেন, এবার আর তা হতে দেবো না। অন্যপথ থাকা সত্ত্বেও যে, আপনি তাকে ওই বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন সে কথা আমি তাকে বলবো। তাকে পুরো সত্যিটা খুলে বলবো।”

ককলিন দরজা খুলতেই লম্বা এক মেরিন সেনার মাতামুখি হলো। লোকটা দরজা আঁটকে রেখেছে, তার হাতে একটা রাইফেল।

“আমার পথ ছাড়ো,” বললো অ্যালেক্স।

“দুঃখিত স্যার! সেটা সম্ভব নয়!” গম্ভীরভাবে বললো মেরিন গার্ডটি।

ককলিন কূটনীতিকের দিকে ফিরে তাকালে হাভিলান্ড মুচকি হাসলো। “এখানে নিয়মকানুন মেনে চলাই ভালো,” শান্তকণ্ঠে বললো সে।

“আমি ভেবেছিলাম এরা সবাই হাওয়াই’তে রওনা দিয়ে দিয়েছে।”

“যাদেরকে আগে দেখেছিলেন তাদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে। এরা কনসুলেটের বিশেষ নিরাপত্তা কর্মী। এখন এখানেই ডিউটি করছে।”

“আমি ওয়েবের সাথে দেখা করতে চাই!”

“আপনি দেখা করতে পারবেন না। সে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাচ্ছে।”

“আপনি নিজেকে ভাবেন কি?” চেচিয়ে উঠলো ককলিন।

“আমি নিজেকে রেমন্ড অলিভার হাভিলান্ড বলে ভাবি। আমি আমেরিকার সবেধন নীলমনি অ্যাম্বাসেডর। আমার সিদ্ধান্তসমূহ সংকটকালীন সময় অক্ষরে অক্ষরে পালন করাই বিধান। এক্ষেত্রে কোনো তর্ক গ্রহণযোগ্য নয়। আর এটা মারাত্মক সংকটের সময়। সামলে চলুন, অ্যালেক্স!”

তারা দু’জন একে অপরকে জড়িয়ে ধরে আছে। মেরি জানে এখন ডেভিড শুধু আংশিকভাবে উপস্থিত। বাকিটা অংশ জুড়ে আছে জেসন বর্ন।

“কেন, ডেভিড? কেন?”

“আমি তোমাকে আগেই বলেছি। কাজটা শুধু আমিই পারি। আমাকেই করতে হবে।”

“এটা কোনো জবাব হলো না, ডার্লিং।”

“ঠিক আছে। তাহলে বলতে পারো এটা আমাদের জন্য করছি।”

“আমাদের জন্য?”

“হ্যাঁ। কারণ আমি চাই না ওই বীভৎস দৃশ্যগুলো বাকি জীবন আমার কাছে ফিরে আসতে থাকুক। আমাকে মনে করিয়ে দিক কিভাবে আমি আমার কতর্ব্য থেকে পালিয়ে এসেছিলাম। আমি ও ধরণের যন্ত্রণা নিয়ে বাঁচতে চাই না।”

“ও ধরণের যন্ত্রণায় আমিও তোমাকে দেখতে পারবো না।”

“তোমার ভয় পাওয়ার কিছু নেই। এবার আমি শুধু চাল চালবো, মাঠে নামবো না।”

“তার মানে?”

“আমি চাই শেঙ্গ মরুক। তার বাঁচার কোনো অধিকার নেই। তাকে মরতেই—”  

“তোমার এতো মহান হবার দরকার নেই,” ওয়েবকে থামিয়ে দিয়ে বললো মেরি। “যা করার ওরা করবে। তুমি এর থেকে দূরে থাকো। নিরাপদে থাকো।”

“তুমি আমার কথা শুনছো না। আমি সেখানে ছিলাম। আমি তাকে দেখেছি। সে হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো, বা তার চেয়েও খারাপ। তাকে মরতেই হবে।”

“তুমি বিশ্বাস করো এই একটি লোককে মারলে ওই বীভৎস দৃশ্যগুলো আর ফিরে আসবে না?”

“কিছুটা হলেও কমে আসবেই। কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। আমি জানি আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ইকোর জন্য। আমি জানি সে আমার জন্য তার জীবন ত্যাগ করেছে। আমারও বিবেক আছে। আমার মধ্যে অপরাধবোধ কাজ করে যখন আমি ভাবি ইকো মারা গেছে অথচ আমি বেঁচে আছি। আমাকে এই কাজটা করতেই হবে, কারণ শুধু আমিই এটা করতে পারি।”

“তার মানে তুমি তোমার মত বদলাবে না?”

“না, কারণ আমি এই কাজটার জন্য পুরোপুরি প্রস্তুত।”

“তুমি বললে তুমি শুধু চাল চালবে, মাঠে নামবে না?”

“অন্য কোনোভাবে করতে গেলে ঝুঁকি বাড়বে, আমি তা নিতে পারি না। আমি ফিরে আসতে চাই, কারণ আমি আপনার সাথে একটা লম্বা জীবন কাটাতে চাই, ম্যাডাম।”

“নিশ্চয়তা কি? মাঠে কাজ করবে কে?”

“ওই মাগিটা, যে আমাদেরকে এই বিপদের মধ্যে টেনে এনেছে।”

“হাভিলান্ড!”

“হ্যাঁ, মাগির দালালটা। ম্যাকঅ্যালিস্টার হচ্ছে মাগি আর সবসময় মাগিই ছিলো। লোকটা ভদ্রতার মুখোশ পরে থাকে, কিন্তু তার দালাল একবার আদেশ করলে সব ভদ্রতা নিমিষেই হারিয়ে যায়।”

“কিন্তু সে কিভাবে করবে?”

“কতো মহিলা আর পুরুষ আছে যাদেরকে ভালো দাম দিলে মানুষ খুন করতে রাজি হয়। মাগি এডওয়ার্ড বলেছিলো, ও সূদূর প্রাচ্যে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে বেশ কয়েক বছর কাজ করেছে, অনেক শত্রু তৈরি করেছে। তাহলে সে নিশ্চয় তাদের অনেককেই চেনে যারা টাকার জন্য এ কাজ করতে রাজি হবে। আমাদের মাগি আর তার দালাল এই কাজটাই করবে। আমিই ফাঁদটা পাতবো কিন্তু অন্য কেউ মারার কাজটা করবে। আমি শুধু দূর থেকে দেখবো আর নিশ্চিত করবো ইকোকে যে কসাইটা মেরেছিলো সে যেনো বাঁচার সুযোগ না পায়।”

“এখন কে কথা বলছে?” প্রশ্ন করলো মেরি। “ডেভিড না জেসন?”

কিছুক্ষণের নীরবতা নেমে এলো। “বর্ন,” জবাব দিলো সে। “ফিরে না আসা পর্যন্ত আমি বর্নই থাকবো।”

হাল্কা টোকার শব্দ শোনা গেলো দরজায়। “মি: ওয়েব। আমি ম্যাক অ্যালিস্টার। আমাদের যাওয়ার সময় হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *