অধ্যায় ১৭
ক্যাথরিন স্টেপলস্ আর তার ডিনার গেস্ট জন নেলসন একটি অভিজাত ব্যয়বহুল রেস্তোঁরায় বসে আছে। ক্যাথরিন মেপে মেপে ড্রিংক করছে কিন্তু তার গেস্ট এরই মধ্যে বেশ কয়েক পেগ ভদকা মারটিনি সাবাড় ক’রে দিয়েছে।
“আমার সাথে নিশ্চয়ই টাংকি মারতে এখানে নিয়ে আসো নি। এতো ব্যয়বহুল রেঁস্তোরা আমার সামর্থ্যের বাইরে,” টলতে টলতে বললো নেলসন।
“এটা আমারও সামর্থ্যের মধ্যে পড়ে না, কিন্তু অটোয়ার সামর্থ্যের মধ্যে পড়ে। আর অটোয়া তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছে।”
বত্রিশ বছর বয়সি জন নেলসন আমেরিকান সহ-রাষ্ট্রদূত। ক্যাথরিন স্টেপলস্ একবার তাকে বড় একটা কেলেঙ্কারীর হাত থেকে রক্ষা করেছিলো। কতোগুলো অশ্লীল ছবি স্টেপসের হাতে এসেছিলো যেগুলো প্রকাশ হলে জন নেলসনের চারিত্রিক সাধুতা প্রশ্নবিদ্ধ হতো। তার ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে যেতো, আর অ্যাম্বাসি থেকেও তাকে বের ক’রে দেয়া হতো নির্ঘাত। নেলসন এজন্যে ক্যাথরিনের কাছে কৃতজ্ঞ, আর সেটা সবসময় মুখে স্বীকার করতেও দ্বিধা করে না।
“কি হয়েছে, ক্যাথরিন? আমি কেন এতো গুরুত্বপূর্ণ হয়ে গেলাম?”
“কারণ তোমার সাহায্য দরকার আমার।”
“খালি বলে দেখো। আমার পক্ষে যা যা সম্ভব আমি সব করবো
“মেরি সেন্ট জ্যাক…ওয়েব,” নামটি বলেই ক্যাথরিন সহ-রাষ্ট্রদূতের মুখ যাচাই করতে লাগলো। কিন্তু তার মুখে তেমন কোনো ভাবান্তর দেখা গেলো না।
“এই নাম আগে শুনেছি ব’লে তো মনে হয় না,” বললো নেলসন।
“ঠিক আছে, তাহলে রেমন্ড হাভিলান্ড!”
“ওহ্, ব্যাপারটা তাহলে এতোদূর গড়িয়েছে,” চোখ বড় বড় ক’রে বললো নেলসন। “তার এখানে আসার উদ্দেশ্য নিয়ে আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলছে। সে এখনও একবারও কনসুলেটে আসে নি, আমাদের বকেও ফোন করে নি। কিন্তু হাভিলান্ডের মতো লোক এমনি এমনি ঘুরতে আসতে পারে না। নিশ্চয় সে কিছু একটা লুকাচ্ছে।”
“তার মানে এখানে তার আসার উদ্দেশ্য তোমরাও জানো না?”
“না, জানি না। কিন্তু আমি শুধু এটুকু জানি, সে কোনো হোটেলে ওঠে নি।”
“তার কিছু ধনী বন্ধু আছে—”
“আমি জানি তার ধনী বন্ধু আছে, কিন্তু সে তাদের ওখানেও ওঠে নি।”
“ওহ্?”
“আমাদের কনসুলেট বেশ কয়েক বছর আগে ভিক্টোরিয়া পিক-এ একটা হাউজ লিজ নেয়। হাভিলান্ড হাওয়াই থেকে একটা বিশেষ হেলিকপ্টারে ক’রে সরাসরি সেখানে যায়। তার আসার খবর আমাদের কাছেও গোপন রাখা হয়েছিলো। এমনকি কনসুলেটের উচ্চপদস্থ কর্মকর্তারাও তার ব্যাপারে কিছু জানতো না। কিন্তু ভিক্টোরিয়া পিক-এর দু’জন মেরিন গার্ডের বোকামির কারণে খবরটা ফাঁস হয়ে যায়।”
“বোকা মেরিন,” বললো স্টেপলস্।
“কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভিক্টোরিয়া পিক-এর ওই হাউজটি লিজ নেয়া হয়েছে আমেরিকান গভর্নমেন্টের কর্মকর্তা বা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি যারা এখানে ব্যবসা করতে আসে তাদের নিরাপত্তা আর থাকার ব্যবস্থা নিশ্চিত করার জন্যে।”
“যত্তোসব! হাভিলান্ড আবার ব্যবসা করতে শুরু করলো কবে থেকে!”
“সেটাই তো সবচেয়ে রহস্যজনক!”
“তার মানে সে ভিক্টোরিয়া পিক-এ আছে এবং সেখানে ব’সে নতুন কোনো পরিকল্পনা আঁটছে।”
“তো এই মেরি সেন জ্যাক ওয়েব এ ব্যাপারটার সাথে জড়িত কিভাবে? আমাকে কি খুলে বলা যাবে?”
“এখনও সময় হয় নি,” ক্যাথরিন তার গ্লাস থেকে এক চুমুক হুইস্কি খেলো। “শোনো জনি, একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। তোমাকে একটা ছোট্ট চাল চালতে হবে, এরফলে তাদের যে ভাবভঙ্গি প্রকাশ হবে তাতেই আমি সব বুঝে নেবো। আমাকে শুধু এটা জানতে হবে যে, হাভিলান্ডের এখানে আসার উদ্দেশ্যের সাথে ডেভিড ওয়েব আর মেরি সেন জ্যাক কোনোভাবে সম্পর্কিত কি না।”
“আমাকে একটু ভাবতে দেও,” নেলসন তার মারটিনি হাতে নিলো কিন্তু তাতে চুমুক না দিয়েই নামিয়ে রাখলো।
“যদি আমি তাদেরকে এটা বলি যে অপরিচিত একজন মহিলার কাছ থেকে আমি ফোন পেয়েছিলাম?”
“যেমন?”
“আমি বলবো একজন কানাডিয়ান মহিলা তার হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে ফোন করেছে!”
“সে তোমাকে ফোন করবে কেন? ফোন করলে কনসুলেটের হেডকে করবে। এসব সরকারী ব্যাপারে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে।”
“কনসুলেটের হেড অফিসে ছিলো না, শুধু আমি ছিলাম।”
“কিন্তু তোমার পদবী ঠিক তার পরেই আসে না, তাই কখনও সে তোমাকে ফোন করবে না।”
“তাও ঠিক, আর যে কেউ কল রেকর্ড চেক্ করলেই বুঝে ফেলবে আমি মিথ্যে বলেছিলাম।”
স্টেপলস্ সামনে ঝুঁকে আস্তে ক’রে কথা বলতে শুরু করলো। “আরো একটি উপায় আছে। কিন্তু তোমাকে একটু বেশি মিথ্যে বলতে হবে, তবে কেউ ধরতেও পারবে না যে, তুমি মিথ্যে বলেছো।”
“সেটা কি?”
“তুমি বলবে কনসুলেটের অফিস ছেড়ে যাবার সময় গার্ডেন রোডে একজন মহিলা তোমাকে থামায়। সে বেশি কথা বলে নি, কিন্তু তাও তোমার সন্দেহ হয়। সে কনসুলেটের ভেতরে ঢুকতেও ভয় পাচ্ছিলো। মহিলা তার হারিয়ে যাওয়া আমেরিকান স্বামীকে খুঁজছে। শুরু করবে তার দৈহিক বর্ণনা দিয়ে।” আন্ডারসেক্রেটারির ডেস্কের সামনে বসে আছে। লিন ওয়েনজু তার নোটবুক থেকে একটি লেখা পড়ছে আর ম্যাকঅ্যালিস্টার তা মনোযোগ দিয়ে শুনছে।
“সামান্য কিছু পার্থক্য দেখা দিয়েছে, কিন্তু সেগুলো নিমিষেই গড়ে তোলা সম্ভব। চুল ঝুটি করা, হ্যাট দিয়ে মাথা ঢাকা, কোনো মেক-আপ ছিলো না, ফ্ল্যাট স্যান্ডেল পরে উচ্চতা কমানোর চেষ্টা—আমি নিশ্চিত ইনিই সেই মহিলা।”
“আর সে ডিরেক্টরি চেক্ করার পর বলেছে তার দূর সম্পর্কের কাজিনের নাম সেখানে নেই! সে বলেছে তার কাজিনের ভালো নাম মনে করতে পারছে না। রিসেপশনিস্টের বর্ণনা অনুযায়ী তার আচরণ ছিলো অদ্ভুত আর খামখেয়ালী।”
“সে কোনো একজনের নাম চিনতে পেরেছিলো,” বললো ম্যাকঅ্যালিস্টার। “যদি তাই হয়, তাহলে সে তার সাথে দেখা করলো না কেন?”
“সে হয়তো আশংকা করেছিলো কনসুলেটে অফিসিয়ালি দেখা করলে আমরা তার খবর পেয়ে যেতে পারি। সেই ঝুঁকি নেয় নি সে।”
“আমার তা মনে হয় না, এডওয়ার্ড। সে এখনও নিশ্চিতভাবে জানে না তাকে কারা কিডন্যাপ করেছিলো। আমরা তো তার সাথে নাটক করছিলাম। তার কোনো ধারণাই নেই, গভর্নমেন্ট এর পেছনে আছে।”
“ঠিক তাই, তার কোনো ধারণা নেই। সে কোনো ব্যাপারেই নিশ্চিত নয়, আর তাই প্রতিটি পদক্ষেপই সে অত্যন্ত সাবধানতার সাথে নেবে। সে জানে যেকোনো ব্যক্তিই তার শত্রু হতে পারে।”
“আচ্ছা, অ্যাম্বাসেডর এখন কোথায়?
“কানাডিয়ান হাই কমিশনার সাথে তার গোপন বৈঠক চলছে।”
“তিনি কি সবকিছু খুলে বলবেন?”
“না, তিনি কানাডিয়ান হাইকমিশনকে কোনো কিছু না জানতে চেয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করবেন। আর হাভিলান্ডকে ফিরিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব হবে না ব’লে আমি বিশ্বাস করি।”
হঠাৎ ফোনটি বেজে উঠলে ম্যাকঅ্যালিস্টার সেটা রিসিভ করলো। “হ্যালো?… না তিনি এখানে নেই। কে বলছেন?… হ্যা, অবশ্যই, আমি তাকে জানাবো।” আন্ডারসেক্রেটারি হাত দিয়ে ফোনের স্পিকারটি ঢেকে মেজরের দিকে তাকালো। “আমাদের কনসুল জেনারেল।”
“নিশ্চয়ই কিছু হয়েছে,” চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললো লিন।
“হ্যালো, মি: লুইস, আমি ম্যাকঅ্যালিস্টার বলছি। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাইছিলাম, স্যার। কনসুলেট আমাদেরকে সবদিক থেকেই যথেষ্ট সাহায্য ক’রে আসছে।
হঠাৎ ক’রে দরজা খুলে গেলে হাভিলান্ড ভেতরে ঢুকলো।
“আমেরিকান কনসুল জেনারেল ফোন করছে, মি: অ্যাম্বাসেডর,” বললো লিন। “মনে হয় সে আপনাকেই চাইছে।”
“তার জঘন্য পার্টি অ্যাটেন্ড করার মতো সময় আমার নেই!”
“এক মিনিট, মিঃ লুইস। অ্যাম্বাসেডর এইমাত্র এসেছেন। আপনি তার সাথে কথা বলুন,” ম্যাকঅ্যালিস্টার ফোনটি হাভিলান্ডের দিকে এগিয়ে দিলো।
“হ্যাঁ জনাথন, বলো কি হয়েছে?” অ্যাম্বাসেডর চুপচাপভাবে দাঁড়িয়ে শুনতে লাগলো, তার দৃষ্টি জানালার বাইরে বাগানের দিকে স্থির। শেষমেষ সে মুখ ঘুরালো। “ধন্যবাদ জনাথন, তুমি ঠিক কাজটিই করেছো। আর কাউকে এ ব্যাপারে কিছু বলো না, আমি দেখছি কি করা যায়।” হাভিলান্ড ফোনের রিসিভার নামিয়ে রেখে এক এক ক’রে ম্যাকঅ্যালিস্টার এবং লিনের দিকে তাকালো।
“আমরা প্রথম সূত্রটা পেয়েছি। তবে যেমনটা সন্দেহ করেছিলাম তেমনটা হয় নি। সূত্রটা এসেছে আমেরিকান কনসুলেট থেকে, কানাডিয়ান কনসুলেট থেকে নয়।”
“এটা অস্বাভাবিক,” বললো ম্যাকঅ্যালিস্টার। “এটা প্যারিসের সেই রাস্তার প্রতীক হতে পারে না, তার প্রিয় গাছ, মেপল পাতা—কানাডিয়ান কনসুলেটের প্রতীক, আমেরিকান কনসুলেটের নয়।”
“এই থিওরির ওপর ভিত্তি ক’রে কি আমরা এই নতুন তথ্যকে অবজ্ঞা করবো?”
“অবশ্যই না। ঘটনাটা কি?”
“নেলসন নামের একজন সহ-রাষ্ট্রদূতকে গার্ডেন রোডে একজন কানাডিয়ান মহিলা পথরোধ করেছে। সে নাকি তার স্বামীকে খুঁজছে। এই নেলসন তাকে সাহায্য করতে চায়, তাকে পুলিশের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু মহিলা রাজি হয় নি। সে পুলিশের কাছে যেতে চায় নি, এমনকি নেলসনের অফিসেও যেতে রাজি হয় নি।”
“সে কি বলেছে সে কেন পুলিশের কাছে যেতে চাইছে না,” প্রশ্ন করোল লিন। “সে বলেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার। নেলসনের বর্ণনা অনুযায়ী মহিলাটি লম্বা, মাথায় হ্যাট পরা, আর তার নাম মেরি ওয়েব। তার ধারণা তার স্বামী তাকে কনসুলেটে খুঁজতে আসতে পারে।”
“সে মোটেও আমেরিকান কনসুলেটের কথা বলে নি,” প্রতিবাদ করলো ম্যাকঅ্যালিস্টার। “তার প্রতিটি কথাই কিন্তু কানাডিয়ান কনসুলেটের দিকে ইঙ্গিত করছিলো!
“তুমি এতো বাধা দিচ্ছো কেন?” প্রশ্ন করলো হাভিলান্ড। “আমি তোমার ওপর রাগ করছি না, শুধু জানতে চাইছি এর পেছনে ব্যাপারটা কি?”
“বুঝতে পারছি না। কোথাও একটা সমস্যা আছে। তার ওপর আবার মেজর প্রমাণ এনেছে যে, সে কানাডিয়ান কনসুলেটেও গিয়েছিলো।”
“ওহ্?” অ্যাম্বাসেডর স্পেশাল ব্রাঞ্চের লোকটির দিকে তাকালে লিন তার নোটবুকে লেখা পুরো তথ্যটি হাভিলান্ডকে আবার পড়ে শোনালো।
“ম্যাকঅ্যালিস্টার, এই হচ্ছে তোমার জবাব,” দৃঢ়কণ্ঠে বললো হাভিলান্ড। “সে প্রথমে কানাডিয়ান কনসুলেটে গিয়ে নিশ্চিত হয় যে, তার স্বামী সেখানে যায় নি। তাই সে আমেরিকান কনসুলেটে যায়। কেমন?”
“আর সেখানে গিয়ে সে তার পরিচয় বিলিয়ে বেড়াবে যখন কিনা সারা হংকং তার পেছনে লেগে আছে?”
“মিথ্যে পরিচয় দিলে তার স্বামী তাকে খুঁজে পাবে কি ক’রে?”
“মি: অ্যাম্বাসেডর,” বাকি দু’জনকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো লিন। “আমি যতোদূর জানি আমাদের কনসুল জেনারেলকে এ বিষয়ে কিছু জানানো হয় নি। সে এই কেসটার সাথে কোনোভাবেই জড়িত নয়।”
“ঠিক ধরেছো, মেজর।
“তাহলে সে কেন আপনাকে ফোন ক’রে এই তথ্যগুলো দিলো?”
এক মুহূর্তের জন্যে হাভিলান্ডের চেহারায় সংশয় দেখা গেলো। তার মাথায় দ্রুত নানা চিন্তা ঘুরছে। শেষে অন্যমনস্কতা কাটিয়ে অ্যাম্বাসেডর তার চিরাচরিত কর্তৃত্বময় ভঙ্গিতে কথা বলতে শুরু করলো।
“এডওয়ার্ড, লুইসকে এখনই ফোন করো। তাকে বলো ওই নেলসনকে লাইনে পাঠাতে। তুমি তাকে খুঁটিয়ে পরীক্ষা করো। আমি আরেকটা লাইনে তোমাদের মধ্যকার কথা শুনবো।”
“তাহলে আপনি মানছেন, কোথাও একটা সমস্যা আছে,” বললো আন্ডারসেক্রেটারি।
“হ্যাঁ,” লিনের দিকে তাকিয়ে জবাব দিলো হাভিলান্ড। “আমার নজরে না পড়লেও মেজর জিনিসটা ঠিকই ধরেছে। লুইস কেন আমাকে ফোন ক’রে এটা জানালো সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, এই নেলসন কেন লুইসকে গিয়ে পুরো ঘটনাটা খুলে বললো। হংকংয়ে প্রতিদিনই শতশত মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। আর একজন বিরক্তিকর মহিলা এসে যদি বলে তার স্বামী হারিয়ে গেছে, তার ওপর সে যদি আবার পুলিশের কাছে যেতে রাজি না হয়, তাহলে কি করণীয় থাকে? সাধারণত এমন কিছু ঘটলে আমরা পাত্তাই দেই না। এটা নেলসনের মতো কর্মকর্তার মনোযোগ কাড়ার মতো বিষয় নয়, কিন্তু ভাসত্ত্বেও সে লুইসকে ঘটনাটা জানালো কেন তা আমাদের ভেবে দেখতে হবে!”
“অবশ্যই। কিন্তু ওদিকের খবর কি, কানাডিয়ান কমিশনের সাথে আপনার মিটিং ঠিকঠাক হয়েছে তো? তারা কি আমাদেরকে সহযোগিতা করবে?”
“দুটি বাক্যে তোমাকে জবাব দিচ্ছি। এক, কোনো কিছুই ঠিকঠাকভাবে বলে নি। দুই, ইচ্ছা না থাকলেও তারা সহযোগিতা করতে বাধ্য। ওরা শীঘ্রই আমাকে ওই সব লোকদের লিস্ট দেবে যারা কোনো না কোনো সময় মেরি সেন জ্যাকের সাথে কাজ করেছে”
নেলসন ফোনের রিসিভারটি রাখলো। তার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে। সে সন্তুষ্ট কারণ সবকিছু ভালোভাবে সামাল দিতে পেরেছে। ম্যাকঅ্যালিস্টারের প্রশ্ন তাকে বেকায়দায় ফেলতে পারে নি।
“আপনি কনসুল জেনারেলকে বিষয়টি জানানোর প্রয়োজন মনে করলেন কেন?” প্রশ্ন করেছিলো ম্যাকঅ্যালিস্টার।
“আমার মনে হয়েছিলো স্বাভাবিকের বাইরে কিছু একটা ঘটেছে, আর কনসুলেটের সেটা জানা প্রয়োজন। এখন দেখছি আপনি ফোন ক’রে খোঁজ নিচ্ছেন, তার মানে আমি ঠিক সন্দেহই করেছিলাম।”
“কিন্তু মহিলাটি পুলিশের কাছে যেতে অস্বীকার করেছে, এমনকি কনসুলেটের ভেতরে যেতেও রাজি হয় নি।”
“যেমনটা আমি বললাম, স্বাভাবিকের বাইরে, স্যার। তাকে খুবই নার্ভাস দেখাচ্ছিলো, কিন্তু তাকে আমার কাছে ফালতু ব’লে মনে হয় নি।”
“তাই নাকি। আপনি ঠিকই ধরেছেন মি: নেলসন। যদিও এটা আপনার কাজ না, তবু বলে রাখি, ওই মহিলাকে খুঁজে বের করতেই হবে। আর এ ব্যাপারে যদি আপনি কোনো সাহায্য করেন তো আপনিই লাভবান হবেন।”
“আমি সাহায্য করতে পারলে কৃতজ্ঞ হবো, স্যার। যদি সে আবার আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে তার দেখা করার ব্যবস্থা করাবো।”
“আমরা আপনার ফোনের জন্যে অপেক্ষা করবো।”
ক্যাথরিনকে এখনই জানানো দরকার। কিন্তু অফিস থেকে তাকে ফোন করা যাবে না। নিশ্চয় এখন তার ফোন ট্রেস্ করা হচ্ছে। ক্যাথরিন যে তাকে কি ঝামেলাতেই ফেললো কে জানে? কিন্তু তাকে সাহায্য না ক’রে উপায়ও ছিলো না। হয়তো ক্যাথরিনের কাছে এখনও সেই অশ্লীল ছবিগুলোর নেগেটিভ আছে। হয়তো সে সাহায্য না করলে ক্যাথরিন তাকে বাধ্য করতো। নেলসন তার অফিস থেকে বের হয়ে এলো। সে ক্যাথরিনের কথা ভাবছে। তার দেখা সবচেয়ে শক্ত সমর্থ মানুষদের মধ্যে ক্যাথরিন অন্যতম। কিন্তু এই ক্যাথরিনের মুখে সে রাতে ডিনারের সময় ভয়ের ছাপ দেখেছিলো নেলসন। ঈশ্বরই জানে, কতো বড় বিপদ আসতে যাচ্ছে তার সামনে।
.
“সে প্রশ্নগুলো ভালোভাবে পাশ কাটিয়ে গেছে?” দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললো হাভিলান্ড। তার পেছনে বিশালদেহী মেজর লিন।
“হ্যাঁ, তার মানে সে আগে থেকেই এর জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলো। তোমার কি মনে হয়, মেজর?”
“সে কারো হয়ে কাজ করছে অথবা করতে বাধ্য হচ্ছে।”
“তাকে ফোন করা উচিত হয় নি,” ডেস্কের পেছনে ব’সে মৃদুকণ্ঠে বললো ম্যাকঅ্যালিস্টার।
“উচিত ছিলো তাকে না জানিয়ে তার ওপর নজর রাখা। এখন সে সাবধান হয়ে যেতে পারে।”
“তাকে ফোন করতেই হতো। অন্তত তাকে পরীক্ষা করার জন্য তাকে ফোন করতেই হতো।”
“তোমার উচিত ছিলো একটু ভিন্নভাবে কথা বলা। হয়তো তুমি আরেকটু আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বললে কাজ হতো,” ম্যাকঅ্যালিস্টারের দিকে তাকিয়ে বললো লিন।
“না, তাতে সে ঘাবড়ে যেতো। তাকে কোনো রকম ভয় পাইয়ে দেয়া ঠিক হতো না। সে অন্য কারোর জন্য ইনফরমেশন বের করেছে, আর খুব শীঘ্রই তার সাথে যোগাযোগ করবে। আমাদেরকে এখন এটা বের করতে হবে সে কার হয়ে কাজ করছে।”
“আমাকে একটা দিন সময় দিন,” বললো এমআই-সিক্স’র লিন। “হয়তো আমি বের করতে পারবো।”
“না,” বলল গোপন অপারেশনে অভিজ্ঞ কূটনৈতিক। “তোমাকে আজ রাত আটটা পর্যন্ত সময় দিলাম। এর বেশি সময় আমরা নষ্ট করতে পারবো না। যা যা সম্ভব সব চেষ্টা ক’রে দেখো, লিন।”
“আর আটটার পরে, মি: অ্যাম্বাসেডর, এর মধ্যে কিছু না হলে তখন কি করবেন?”
“তখন, আমরা আমাদের ধূর্ত আর বিচক্ষণ সহ-রাষ্ট্রদূতকে তুলে নিয়ে আসবো, অবশ্যই গোপনে। যে করেই হোক, ওই মহিলাকে খুঁজে বের করতেই হবে। মনে রেখো, রাত আটটা।”
.
“ক্যাথরিন, জন বলছি,” অ্যালবার্ট রোডের একটা পে-ফোন থেকে বললো নেলসন।
“আহ্, কতোদিন পরে তোমার গলা শুনলাম,” দ্রুত জবাব দিলো ক্যাথরিন। “তুমি ফোন করাতে খুব খুশি হয়েছি। ইদানিং আমার খুব ব্যস্ত সময় কাটছে, তবুও চলো কোথাও একদিন লাঞ্চ করি। তোমার অনেক কথা শোনার আছে। আচ্ছা, আগে একটা কথা বলো। আমি যা সন্দেহ করেছিলাম সেটা কি ঠিক?”
“ক্যাথরিন, জল্দি দেখা করো।”
“একটু আভাস দেয়া যায় না এখন?”
“তুমি কি এখন ফ্রি আছো?”
“একটু পরে আমার একটা মিটিং আছে।”
“তাহলে পাঁচটার দিকে। ওয়ানচাইতে মাঙ্কি টু নামে একটা ক্যাফে আছে।”
“আমি চিনি। আমি পৌঁছে যাবো।”
.
লিন ওয়েনজু সব জায়গায় লোক লাগিয়েছে। গোপন ক্যামেরা, টেলিফোনে আঁড়িপাতা, ইলেক্ট্রনিক সার্ভিলেন্স, যা যা সম্ভব সে সব করেছে। ওই কনসুলেটের প্রতিটি লোকের ওপর তাকে নজর রাখতে হবে। টেলিফোন বেজে উঠলে লিন রিসিভ করলো।
“হ্যাঁ?”
“আমাদের সাবজেক্ট ট্যাক্সিতে ক’রে ওয়ানচাই-এর একটি ক্যাফে’তে এসেছে। নাম মাঙ্কি টূ। আমি তার পেছন পেছন এসেছি। সে আমার সামনেই আছে।”
“জায়গাটায় খুব ভিড় হয়ে থাকে,” বললো মেজর। “তার সাথে কি কেউ দেখা করতে এসেছে?”
“না, কিন্তু সে দু’জনের জন্যে একটি টেবিল বুক করেছে।”
“যতোদ্রুত সম্ভব আমি ওখানে আসছি। তাকে হাতছাড়া কোরো না। আমি ওয়্যারলেসে’র মাধ্যমে তোমার সাথে যোগাযোগ করবো। তোমাকে সাত নম্বর গাড়ি দেয়া হয়েছিলো, তাই না?”
“জ্বি স্যার, সাত নম্বর…একটু রাখুন! একজন মহিলা তার টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে।”
“মহিলাকে তুমি চিনতে পারছো?”
“না। এখানে খুব অন্ধকার।”
“ওয়েটারকে কিছু বখশিস দাও। বলো ওদের সার্ভিস একটু বিলম্ব করতে। কয়েক মিনিট দেরি করিয়ে দিলেই চলবে।”
“ক্যাথরিন, আমি তোমার কাছে ঋণী আর আমি সত্যিই তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আগে তোমাকে পুরো ব্যাপারটা খুলে বলতে হবে।”
“তাদের মধ্যে একটা কানেকশান আছে, তাই না? হাভিলান্ড আর মেরি সেন জ্যাকের মধ্যে।”
“আমি তা বলতে পারি না, কারণ হাভিলান্ডের সাথে আমার কথা হয় নি। হয়েছে অন্য একজনের সাথে। দেখো, আমি তোমার কাছে ঋণী আর আমি জানি ওই ছবিগুলো তুমি কখনও আমার বিরুদ্ধে ব্যবহার করবে না—”
“আমার হাতে যে ক’টা ছবি ছিলো তা আমি তোমাকে দিয়ে দিয়েছি। আর নেগেটিভগুলো পুড়িয়ে ফেলা হয়েছিলো।
“তুমি আমাকে সত্যিই বাঁচিয়েছিলে। হায় ঈশ্বর, ওটা একটা বারো বছরের বাচ্চা ছিলো।”
“তোমার তখন হুঁশ ছিলো না। তোমাকে কোনো ধরনের ড্রাগ্স দেয়া হয়েছিলো। অতীতকে টেনে এনে কোনো লাভ নেই। যা হয়েছে তা হয়েছে। আমি শুধু জানতে চাইছি হাভিলান্ড এবং মেরির মধ্যে কোনো কানেকশান আছে কি নেই? আমি বিশ্বাস করি জবাবটা তুমি জানো, কিন্তু বলছো না। এটা বলা কি এতোই কঠিন?”
“কারণ, আমি সেটা তোমাকে বলতে পারি না। আর যদি আমি তোমাকে বলি তাহলে হাভিলান্ডকেও সেটা জানানো উচিত যে, আমি তোমাকে বলেছি।”
“তুমি আমাকে একটা ঘণ্টা সময় দাও।”
“কেন?”
“কারণ আমার মনে হয় তোমার কিছু ছবি আমার অফিসের ভল্টে এখনও জমা আছে,” মিথ্যা বললো ক্যাথরিন স্টেপলস্।
নেলসন তার চেয়ারে হেলিয়ে পড়লো। “ওহ্ ঈশ্বর! আমার সাথেই কেন এমন হয়!”
ক্যাথরিন নেলসনকে বোঝাতে চেষ্টা করলো যে, সে যা কিছু করছে সব তার দেশের জন্য, নিজের জন্য নয়। মেরি সেন্ট জ্যাক একজন কানাডার নাগরিক এবং তার বন্ধু। তার জীবন সে কতোগুলো আমেরিকান বানচোতের হাতে নষ্ট হতে দিতে পারে না। আর তাই নেলসন নিজে থেকে সাহায্য না করলে ক্যাথরিন তাকে সাহায্য করতে বাধ্য করাবে।
অনেকক্ষণ আগে অর্ডার দেয়া ড্রিংক নিয়ে হাজির হলো ওয়েটার। ক্যাথরিন ধন্যবাদ দেয়ার জন্য ওয়েটারের দিকে তাকাতেই তার নজর পড়লো টেলিফোন বুথের একটি লোকের ওপর। লোকটি ফোনে কথা বলছে আর তাদের দিকে বারবার তাকাচ্ছে। ক্যাথরিন চোখ সরিয়ে নিলো।
“তো জনি, তোমার জবাব কি হবে? কানেকশান আছে, কি নেই?”
“আছে,” গ্লাসের দিকে হাত বাড়িয়ে ফিফিস্ ক’রে বললো নেলসন। “ভিক্টোরিয়া পিক-এর হাউজেই সে আছে?”
“হ্যাঁ।”
“তোমার কার সাথে কথা হয়েছে?”
“ম্যাকঅ্যালিস্টারের সাথে। আন্ডারসেক্রেটারি ম্যাকঅ্যালিস্টার।”
“হায় ঈশ্বর!”
বাইরের করিডোরে প্রচণ্ড ভিড়। ক্যাথরিন আঁড়চোখে সেদিকে তাকালো। বিশালদেহী একজন লোক ভেতরে ঢুকে দেয়ালের টেলিফোন বুথটার দিকে এগিয়ে যাচ্ছে। সারা হংকংয়ে এমন বিশালদেহের অধিকারী লোক একজনই আছে। আর তিনি হলেন লিন ওয়েনজু এমআই-সিক্স স্পেশাল ব্রাঞ্চ!
“তুমি কিছু ভুল করো নি, জনি,” চেয়ার থেকে উঠতে উঠতে বললো স্টেপলস্। “আমি একটু লেডিস রুমে যাচ্ছি, বাকি কথা এসে শুনবো।”
ক্যাথরিন ওয়েনজুর পিছন দিয়েই লেডিস রুমে গেলো। সেখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে দু’জন মহিলার সাথে বেরিয়ে এলো সে। ভিড়ে নিজেকে আড়াল ক’রে মাঙ্কি টু’র কিচেনের ভেতর দিয়ে ক্যাফের পেছন দরজা দিয়ে বেরিয়ে আসলো। একটা গলির ভেতর দিয়ে দৌড়ে গুচেস্টার রোডে এসে বাম দিকে মোড় নিয়ে ছুটতে লাগলো সে। একটা ফোন বুথ দেখে ক্যাথরিন থামলো। তারপর কয়েন ঢুকিয়ে ডায়াল করলো একটা নাম্বারে।
“হ্যালো?”
“মেরি, এখনই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাও! বিল্ডিং থেকে নেমে একটা রাস্তা পার হয়ে ডানে গেলেই গ্যারেজটা দেখতে পাবে। সেখানে আমার গাড়ি আছে। গ্যারেজটার বাইরে ওপরে একটা বড় সাইনবোর্ড আছে, তাতে সিঙ্গ নামটা লাল রঙে লেখা। যতো দ্রুত সম্ভব সেখানে যাও! আমি ওখানেই তোমার সাথে দেখা করবো।” একটা ট্যাক্সি থামিয়ে উঠে পড়লো ক্যাথরিন।
.
“মহিলার নাম স্টেপলস্, ক্যাথরিন স্টেপলস্,” মাঙ্কি টু ক্যাফের টেলিফোন বুথ থেকে আশেপাশের প্রচণ্ড কোলাহলের শব্দকে ছাপিয়ে দেয়ার জন্য জোড়ালো কণ্ঠে বললো লিন ওয়েনজু। “কম্পিউটারে কনসুলেট ডিস্কটা ঢুকিয়ে সার্চ করো। জলদি! আমি এখনই তার বাসার ঠিকানাটা চাই।”
মেজরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, সে তার প্রত্যাশিত তথ্য পেতেই সাথে সাথে আরেকটি অর্ডার ইসু করলো। “যদি আমাদের টিমের কোনো গাড়ি ওই এলাকার কাছে থাকে তাহলে তাকে এখনই সেদিকে যেতে বলো। আর কেউ না থাকলে এখনই কাউকে পাঠাও,” লিন একটু থামলো। তারপর আবার বলতে শুরু করলো, এবার কিছুটা আস্তে। “একজন কানাডিয়ান মহিলা যদি তাদের নজরে পড়ে তাহলে তাকে উঠিয়ে নিতে বলো।”
মেরি ভয় না পেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। পরিস্থিতি ভয়াবহ আর সময় একদম কম। তার ওপর সে কেবলই গোসল ক’রে উঠেছে, আর গায়ে ক্যাথরিন স্টেপসের ঢোলা গাউন। নিজের কাপড় সে কিছুক্ষণ আগে ধুয়ে সেগুলো একটা চেয়ারে শুকোতে দিয়েছে। সে ভেবে পাচ্ছে না হঠাৎ কি এমন হয়েছে? নিশ্চয় ভয়াবহ কিছু না হলে ক্যাথরিন ওভাবে নির্দেশের সুরে কথা বলতো না। সে কখনও ওভাবে কথা বলে না।
মেরি কাপড় পরে নিলো। তার ভিজে জামাগুলো তার গায়ের সাথে লেপ্টে আছে। হেয়ার পিন দিয়ে চুলগুলো আঁটকে নিয়ে ঝুটি করে সবশেষে তার হ্যাটটা পরে নিলো।
লিফটের জন্য অপেক্ষা না করে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো মেরি। বিল্ডিং থেকে বের হয়েই সে দ্বিধায় পড়লো। ক্যাথরিন কি ডানে যেতে বলেছিলো না বায়ে! গ্যারেজটা কোন্ দিকে! সে মনে করার চেষ্টা করলো। মানুষের প্রথম অনুমানটিই সাধারণত ঠিক হয়, নির্ভুল হয়। কারণ মস্তিষ্কে তথ্যগুলো অনেকটা কম্পিউটারের ডাটা ব্যাংকের মতো ক্রমানুসারে সাজানো থাকে, মানুষের মস্তিষ্ক তথ্যগুলোকে সেভাবেই পড়ে। বর্ন বলেছিলো। ডান দিকে! হ্যা, এটাই তার মাথায় প্রথমে এসেছিলো। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। ক্যাথরিন নিশ্চয় ডান দিকের কথাই বলেছিলো। সে দৌড়াতে শুরু করলে তার স্যান্ডেল খুলে পড়ে গেলো। ওটা আবার পরার জন্য একটু থামলো সে। ঠিক তখনই, বোটানিক্যাল গার্ডেনের গেট দিয়ে একটা গাড়ি বাইরের রাস্তা থেকে দ্রুতগতিতে ছুটে এসে সশব্দে ব্রেক কষে তার পাশেই থামলো। সঙ্গে সঙ্গে এক লোক বেরিয়ে এসে এগোতে লাগলো তার দিকে।
